মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
৩০ ভাদ্র ১৪৩৩

সাগরে লঘুচাপ,ঘূর্ণিঝড় হবে কি না জানা যাবে আগামীকাল

প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩ ২১:৩৮

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এটি আগামীকাল বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ও হতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না তা স্পষ্ট হবে আগামীকাল। এটি বাংলাদেশের দিকে আসবে কি না তাও এখনো নিশ্চিত নয়। বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের দেয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর এলাকায় আছে লঘুচাপটি। এটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, সুস্পষ্ট লঘুচাপটি আজ নিম্নচাপে রূপ নিতে পারে। এটি ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মিগজাউম’। এটি মিয়ানমারের দেয়া নাম। আরব সাগর ও বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের নাম দেয় বিশ্ব আবহাওয়া সংস্থার ঘূর্ণিঝড় সংক্রান্ত আঞ্চলিক সংস্থা এসকাপ। এ অঞ্চলের ১৩টি দেশের দেয়া নামের তালিকা থেকে পর্যায়ক্রমে নতুন ঘূর্ণিঝড়ের নাম ঠিক করা হয়।

বজলুর রশীদ আরো বলেন, এ ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে আসবে কি না, তা বলা যাচ্ছে না। মনে করা হচ্ছে, এটি ভারতের অন্ধ্র প্রদেশের দিকে আসতে পারে। আবার বাংলাদেশের দিকে আসার আশঙ্কাও আছে কিছুটা। বিষয়টি এখনো নিশ্চিত নয়।


নির্বাচিত

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো হাঁটু প্রতিস্থাপন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগে সোমবার প্রথমবারের মতো হাঁটু প্রতিস্থাপন অপারেশন সম্পন্ন হয়েছে। রোগীর নাম বিবিজান (৬০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

চিকিৎসকরা জানান, বিবিজান দীর্ঘদিন ধরে অস্টিও আর্থ্রাইটিস রোগে ভুগছিলেন। তার হাঁটু ক্ষয়ের মাত্রা খুব তীব্র ছিল। এরকম হাঁটু অনেকটা জ্যাম হয়ে যায়, বেঁকে যায় এবং তীব্র ব্যাথা থাকে। এই পর্যায়ে গেলে হাঁটু প্রতিস্থাপন করতে হয়।

এই অপারেশনে অংশ নেন রামেক হাসপাতালের অর্থোপেডিক্স সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আলমগীর হোসেন, ডা. মনোয়ার তারিক সাবু, ডা. সফিকুল ইসলাম, ডা. সাইদ আহমেদ, ডা. মাতিউল ইসলাম, ডা. সালেহীনসহ আরও কয়েকজন চিকিৎসক।

প্রফেসর ডা. আলমগীর হোসেন জানান, এই অপারেশনের ফলে রোগীর হাঁটু আগের মতো স্বাভাবিক হয়ে যাবে এবং তিনি স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। শুধু নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে।

তিনি আরও জানান, এখন থেকে সরকারি হাসপাতালে এই অপারেশনের ধারা চলমান থাকবে। এর ফলে উত্তরবঙ্গের মানুষ ভীষণ উপকৃত হবে এবং ঢাকা বা বিদেশ যাওয়ার কষ্ট লাঘব হবে।

ডা. মনোয়ার তারিক সাবু জানান, ঢাকায় এই অপারেশন অনেক হয়। তবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এটাই প্রথম। হাসপাতালে অপারেশন করতে দুই ঘণ্টা সময় লেগেছে। ছয়জনের টিম মিলে এই অপারেশন করা হয়েছে। দেশে বিদেশে প্রশিক্ষণ নেওয়ার পর চিকিৎসকরা এই অপারেশন করেছেন।

তিনি আরও বলেন, এখন থেকে নিয়মিত এই অপারেশন করা হবে। অপারেশনের পর রোগী সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক আছেন।


নির্বাচিত

আর্থিক খাত ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ টাকার একটি কারিগরি সহায়তা প্রকল্প নেওয়া হয়েছে।

আর্থিক খাতের নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার আধুনিকায়ন এবং চলমান ব্যাংক সংস্কারে সহায়তা দেওয়াই এ প্রকল্পের মূল লক্ষ্য।

‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২’ (এফএসএসপি-২) নামের প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ সচিবালয়ে একনেকের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একনেকের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এতে সভাপতিত্ব করবেন। সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে বাংলাদেশ ব্যাংক পাঁচ বছর মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত প্রকল্পটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ১ হাজার ২৬১ কোটি ৫৪ লাখ টাকা বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে বৈদেশিক অর্থায়ন হিসেবে আসবে। বাকি ১৪ কোটি ৭৬ লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আর্থিক খাতের ‘সেফটি নেট’ বা নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের সক্ষমতা বাড়ানো এবং চলমান ব্যাংক খাতের সংস্কার কার্যক্রমে সহায়তা দেওয়ার লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রকল্পের আওতায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) অবকাঠামো ও তদারকি সক্ষমতা আধুনিকায়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, আইসিটি অবকাঠামোসংক্রান্ত ক্রয়প্রক্রিয়া শক্তিশালী করা এবং প্রয়োজনীয় পরামর্শক সেবা নেওয়া হবে।

এছাড়া আমানত বিমা ট্রাস্ট ফান্ডের (ডিআইটিএফ) আর্থিক সক্ষমতা বাড়ানো, অর্থ পরিশোধের সময় কমানো এবং ব্যাংক রেজল্যুশন ও পুনর্গঠন কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তা করা হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা বাড়ানোও প্রকল্পের অন্যতম লক্ষ্য।

প্রকল্প নথিতে বলা হয়েছে, ব্যাংকিং ব্যবস্থার আধুনিকায়ন, বৈশ্বিক প্রতিযোগিতা বৃদ্ধি এবং দেশের অভ্যন্তরে আর্থিক সেবার চাহিদা বাড়ায় বাংলাদেশের আর্থিক খাতে দ্রুত পরিবর্তন ঘটছে। তবে উচ্চ খেলাপি ঋণ, সুশাসনের দুর্বলতা, পুরোনো আইসিটি ব্যবস্থা এবং প্রযুক্তিগত সক্ষমতার সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ।

নথিতে আরও বলা হয়েছে, আর্থিক খাতের তদারকিতে ব্যবহৃত আইসিটি অবকাঠামোর দুর্বলতা এবং সমন্বিত তথ্য ব্যবস্থাপনা ব্যবস্থার অভাবের কারণে সাইবার হামলা ও আন্তঃসীমান্ত আর্থিকসহ উদীয়মান ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা আমানতকারীদের আস্থা এবং দেশের আর্থিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার ওপরও প্রভাব ফেলছে।

বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ব্যাংক আগে যে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট বাস্তবায়ন করেছিল, তার ধারাবাহিকতায় এফএসএসপি-২ নেওয়া হয়েছে। নতুন প্রকল্পের মাধ্যমে আর্থিক খাতে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।

প্রকল্পটির তিনটি প্রধান উপাদান রয়েছে। এগুলো হলো—তদারকি সক্ষমতা ও ব্যবস্থার উন্নয়ন, আর্থিক খাতের নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করা এবং ব্যাংক রেজল্যুশন ও পুনর্গঠনে সহায়তা এবং প্রকল্প বাস্তবায়নে সহায়তা প্রদান।

এর দ্বিতীয় উপাদানের আওতায় আর্থিক খাতের নিরাপত্তাব্যবস্থা, ব্যাংক রেজল্যুশন ও পুনর্গঠন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সংস্কারকে গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রযুক্তি আধুনিকায়নে প্রকল্পের বড় একটি অংশ ব্যয় হবে। প্রস্তাবিত ব্যয়ের মধ্যে আইসিটি সরঞ্জাম কেনায় ৭১১ কোটি ৭২ লাখ টাকা, কম্পিউটার সফটওয়্যারে ৩৫৫ কোটি ৩৬ লাখ টাকা এবং ডেটাবেজে ৭ কোটি ৬৪ লাখ টাকা রাখা হয়েছে। এ ছাড়া অন্যান্য আইসিটি ও অফিস সরঞ্জাম কেনার জন্যও অর্থ বরাদ্দ থাকবে।

পরিকল্পনা কমিশন প্রকল্পটি একনেকের অনুমোদনের জন্য সুপারিশ করেছে। কমিশনের মতে, এটি আর্থিক খাতের নিরাপত্তাব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং, ব্যাংক সংস্কার, ব্যাংক রেজল্যুশন ও পুনর্গঠন কার্যক্রম শক্তিশালী করবে। এর ফলে শেষ পর্যন্ত ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতা আরও জোরদার হবে।

প্রকল্প প্রস্তাবটি ২০২৫ সালের অক্টোবরে পরিকল্পনা কমিশনে জমা পড়ে। এরপর একই বছরের ২৩ নভেম্বর বিশেষ প্রকল্প মূল্যায়ন কমিটির (এসপিইসি) সভা অনুষ্ঠিত হয়। পরবর্তী সময়ে সংশোধিত টিএপিপি চলতি বছরের মে মাসে পরবর্তী প্রক্রিয়ার জন্য পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়।


নির্বাচিত

সংকট মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শ চাইলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি খাতের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধানের পথে এগিয়ে যেতে বিশেষজ্ঞদের পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

সোমবার সকালে রাজধানীর নভোথিয়েটার অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি উৎসের উদ্ভাবন’ বিষয়ক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

দেশে চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সবাইকে সচেতনভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, বৈশ্বিক সংকটের মধ্যে দেশের আর্থসামাজিক বাস্তবতায় সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। আলোচনা সভায় জ্বালানি বিশেষজ্ঞরা নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা তুলে ধরেন। বিশেষ করে সোলার সিস্টেমের ব্যবহার বাড়ানোর পাশাপাশি পরিবেশগত ক্ষতি কমাতে বিভিন্ন কার্যকর পরামর্শ দেন তারা।

বিশেষজ্ঞরা বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে পরিবেশের ওপর এর প্রভাব বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তারা।


নির্বাচিত

ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও অনিয়ম-লুটপাট হয়েছে: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও অনিয়ম-লুটপাট হয়েছে। এ খাতের গ্রাহকরাও তাদের কষ্টের টাকা ফেরত পাচ্ছেন না। তবে টাকা ফেরত দিতে কোম্পানিগুলোকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের ৫৭ শতাংশ বিমার দাবি এখনো অপরিশোধিত রয়েছে। দাবি পরিশোধ না করে বিমা কোম্পানিগুলো তাদের নিজেদের সম্পদ বাড়িয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পরিশোধ করেতে তাদের সময় বেঁধে দেয়া হচ্ছে। এর মধ্যে দাবি পরিশোধ করতে না পারলে কোম্পানির সম্পত্তি বিক্রি করে জনগণের টাকা দেয়া হবে। এ কার্যক্রম অব্যাহত রাখা গেলে গ্রাহকের আস্থা ফিরে আসবে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী।

এখন ঝুঁকিভিত্তিক তদারকি করা হবে জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সব কোম্পানিকে অটোমেশনের আওতায় আসতে হবে। সকল লেনদেন হবে অনলাইনে। সেজন্য সকল বিমা ও নিয়ন্ত্রক সংস্থাকে এক ছাতার নিচে নিয়ে আসা হবে।


নির্বাচিত

ভুয়া পরোয়ানায় গ্রেপ্তারের আগে যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ভুয়া পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার ও হয়রানি বন্ধে পুলিশকে সেন্ট্রাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম থেকে পরোয়ানার সত্যতা যাচাই করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সে সঙ্গে পুলিশের আইজিকে এই মর্মে সার্কুলার ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ মাওলা সোহেলের বেঞ্চ শুনানি শেষে রুল নিষ্পত্তি করে এ রায় দেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা রিটের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ৩০ জানুয়ারি রুল জারি করেছিলেন হাইকোর্ট। ওই রুল নিষ্পত্তি করে এ রায় দেওয়া হয়। রায়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশনা দেওয়া হয়েছে নিম্ন আদালতের সব বিচারকের কাছে এই নির্দেশনা পাঠাতে। যাতে যেকোনো নালিশি মামলা করার সময় বাদী ও আইনজীবীর পরিচয় নিশ্চিত করার জন্য আইনজীবীর প্রফেশনাল কার্ড এবং বাদীর এনআইডির কপি মামলার সঙ্গে সংযুক্ত করে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

হাইকোর্ট রায়ে বলেন, ‘যেকোনো নাগরিককে গ্রেপ্তার করতে হলে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করতে হবে। ভুয়া পরোয়ানার মাধ্যমে গ্রেপ্তার হলে একজন নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার লঙ্ঘন হয়। আদালতের মাধ্যমে মানুষ যাতে হয়রানি না হয়, তাই কোনো মামলা দায়ের ও গ্রেপ্তারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন অত্যন্ত প্রয়োজন। নতুবা নাগরিকের যে ক্ষতি হয়, তা পূরণ করা সম্ভব হয় না।’

শুনানিতে এইচআরপিবির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন।

পরে মনজিল মোরসেদ জানান, গুলশানের বাসিন্দা আরিফ নিয়াজীকে ২০১২ সালে তার গুলশানের বাসা থেকে ভুয়া পরোয়ানা দেখিয়ে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জানতে পারেন, তার বিরুদ্ধে ভুয়া মামলা ও পরোয়ানা হয়েছে। যে আদালতে তাকে উপস্থাপন করা হয়, ওই আদালতের নির্দেশে তদন্ত কমিটি হলে সেখানেও প্রমাণিত হয় ভুয়া মামলায় পরোয়ানা ইস্যুর বিষয়টি। গণমাধ্যমে এ সংক্রান্ত আরও প্রতিবেদন প্রকাশিত হলে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিট করে।


নির্বাচিত

জিন্নাহর ছবি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ঢাবি প্রশাসন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

অনুমোদন ছাড়া স্মৃতিস্তম্ভ নির্মাণ, সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শন এবং শিক্ষকদের মূল্যায়নের জন্য পৃথক ওয়েবসাইট চালুসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাম্প্রতিক কয়েকটি কর্মকাণ্ড নিয়ে কড়া আপত্তি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এসব পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন, বিধি-বিধান, একাডেমিক নীতিমালা এবং প্রশাসনিক কাঠামোর সঙ্গে স্পষ্টতই অসামঞ্জস্যপূর্ণ ও সাংঘর্ষিক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন উল্লেখ করে, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্ডার, ১৯৭৩-এর ২৪(এ) অনুচ্ছেদ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সম্পত্তির তদারকি ও নিয়ন্ত্রণের পূর্ণ এখতিয়ার সিন্ডিকেটের ওপর ন্যস্ত এবং অর্ডিন্যান্স অনুযায়ী ছাত্র সংসদকে উপাচার্যের নির্দেশনায় পরিচালিত হতে হয়। জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে প্রশাসন ইতোমধ্যেই গত ৫ আগস্ট শহীদ পরিবারের উপস্থিতিতে মল চত্বরে আনুষ্ঠানিকভাবে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। অথচ ডাকসু কোনো ধরনের সিন্ডিকেট বা উপাচার্যের অনুমোদন ছাড়াই কলাভবনের পশ্চিম পাশ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘নির্ভীক জুলাই’ নামে দুটি পৃথক স্মৃতিস্তম্ভ স্থাপন করেছে, যা প্রচলিত আইন অনুযায়ী তাদের এখতিয়ারবহির্ভূত।

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ এবং তৎকালীন ছাত্রসংঘ নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে জানানো হয়, বায়ান্নর ভাষা আন্দোলন এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক চেতনার পরিপন্থী কোনো ব্যক্তির ছবি প্রদর্শন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মর্যাদা ক্ষুণ্ণকারী এমন কর্মকাণ্ডে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

অনুমোদনহীনভাবে ডাকসুর পক্ষ থেকে শিক্ষকদের মূল্যায়নের জন্য ওয়েবসাইট চালুর উদ্যোগকেও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক মূল্যায়নের জন্য সর্বোচ্চ পর্যায়ে অনুমোদিত নিজস্ব ‘টিচিং ইভালুয়েশন’ নীতিমালা বিদ্যমান রয়েছে, যার বাইরে পৃথক কোনো ব্যবস্থার সুযোগ নেই। এছাড়া ডাকসুর খোলা ওই ওয়েবসাইটে শিক্ষকদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়েছে, যা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম নষ্টের শামিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো অবস্থাতেই সমান্তরাল বা ‘দ্বৈত প্রশাসন’ কায়েম করার সুযোগ নেই বলে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ডাকসু একটি গুরুত্বপূর্ণ ছাত্রপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হলেও এর যাবতীয় কার্যক্রম বিদ্যমান আইন ও প্রশাসনিক কাঠামোর ভেতরে থেকেই পরিচালিত হতে হবে। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের মর্যাদা রক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা বজায় রাখতে কোনো ধরনের আপস করা হবে না এবং প্রশাসনিক কর্তৃত্ব অমান্য করে সমান্তরাল কাঠামো তৈরির চেষ্টা হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


নির্বাচিত

শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময় করেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

শিল্পে গ্যাসের সরবরাহ কাল থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সহযোগিতা চেয়েছেন।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে অস্থিতিশীলতা সৃষ্টি থেকে বিরত থেকে সরকারের মেয়াদে এসব পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ করে দেওয়ার আহ্বান জানান।

আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী নেতা ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিন ঘণ্টার এই আলোচনায় তারা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

তিনি আরও জানান, সভায় ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি উপস্থাপনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধানমন্ত্রী দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটকে ‘উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সংকট ছয় মাস বা এক বছরের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে সরকার সমস্যা চিহ্নিত করে পরিকল্পনা তৈরি করেছে এবং এখন সেগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

তারেক রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে সরকার একটি নির্দিষ্ট সময়সীমা ধরে কাজ করছে। পরিকল্পনা বাস্তবায়ন হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি সামগ্রিক অর্থনীতিও উপকৃত হবে।

বর্তমান গ্যাস সংকটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে শিল্পকারখানাসহ বিভিন্ন খাতে। তবে দুর্ঘটনাজনিত সমস্যাটি এরই মধ্যে সমাধান করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা আশা করছি, আগামীকাল সন্ধ্যা থেকে গ্যাসের সরবরাহ এক থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে।’ ঘাটতি মোকাবিলায় তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, জিটুজি ভিত্তিতে গত এক মাসে আরেকটি টার্মিনাল স্থাপনের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়েছে। দ্রুতই কাজ শুরু হবে।

সরকার আগামী ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে পারবে বলেও আশা প্রকাশ করেন তারেক রহমান। বিদ্যুৎখাতের সমস্যাও দীর্ঘদিনের বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর সমস্যাগুলো পর্যালোচনা করেছে, সংশ্লিষ্টদের নিয়ে বসেছে এবং সেগুলো সমাধানে পরিকল্পনা তৈরি করেছে। এখন তা বাস্তবায়নের কাজ চলছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, যেকোনো কিছু পরিকল্পনা এবং সেটি বাস্তবায়ন করতে সময় লাগে। জ্বালানি ও বিদ্যুতের এই সমস্যা উত্তরাধিকারসূত্রে পাওয়া। চাইলেই ছয় মাস বা এক বছরের মধ্যে এর সমাধান করা সম্ভব নয়।

সরকার কোন কাজ কখন শেষ করতে চায়, তার একটি সম্ভাব্য সময়সীমাও সভায় ব্যবসায়ী নেতাদের সামনে তুলে ধরা হয়। বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাস্তবায়নের ক্ষেত্রে সময় কিছুটা এদিক-সেদিক হতে পারে। তবে সরকারের সামনে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও সময়সীমা রয়েছে।

ব্যবসায়ী সম্প্রদায়ের সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা ও শিল্পখাত ক্ষতিগ্রস্ত হলে তার সামগ্রিক প্রভাব দেশের অর্থনীতির ওপর পড়ে। ফলে জ্বালানি ও বিদ্যুৎ সমস্যার সমাধান শুধু ব্যবসায়ীদের স্বার্থের বিষয় নয়; এটি দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে সম্পর্কিত।

তিনি আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর যে লক্ষ্য নেওয়া হয়েছে, তা অর্জন করতে হলে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত জ্বালানি এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্য সামনে রেখেই সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে।

হতাশ হওয়ার কারণ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সমস্যার ব্যাপ্তি ও জটিলতা সম্পর্কে ব্যবসায়ী সম্প্রদায় আগে থেকেই অবগত। সরকার সমস্যাগুলো আড়াল না করে খোলামেলাভাবে তুলে ধরেছে। একই সঙ্গে কীভাবে সেগুলোর সমাধান করতে চায়, সেটিও জানিয়েছে। তিনি বলেন, আপনাদের জানাতে চাই যে আমরা এটা নিয়ে কাজ করছি। সে জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই।

সরকারের পরিকল্পনা যৌক্তিক মনে হলে তা বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এগুলো বাস্তবায়ন হলে শুধু ব্যবসায়ী সম্প্রদায় নয়, পুরো দেশ ও জাতি উপকৃত হবে।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হলে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও আশঙ্কার প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জনগণই সময়মতো ঠিক করবে কাকে সরকার পরিচালনার দায়িত্ব দেবে। তবে যে সময় যে সরকার দায়িত্বে থাকে, তাকে তার পরিকল্পিত কাজগুলো সম্পন্ন করার সুযোগ দেওয়া উচিত।

আলোচনায় গণমাধ্যমকর্মী ও মিডিয়া ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানোর কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, সরকারের উদ্দেশ্য ও পরিকল্পনা গণমাধ্যমের কাছে পরিষ্কারভাবে তুলে ধরা প্রয়োজন। তা না হলে বিচ্ছিন্ন তথ্য থেকে বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি হতে পারে। গণমাধ্যম সরকারের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা পেলে তা দেশবাসীর কাছে সঠিকভাবে তুলে ধরতে পারবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বড় কোনো কাজ সফলভাবে করতে একটি কার্যকর দল প্রয়োজন। সরকারের সংশ্লিষ্ট সবাই একসঙ্গে কাজ করছেন, যাতে পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনা যায়। ব্যবসায়ী ও গণমাধ্যমের প্রতিনিধিদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সহযোগিতা করবেন, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি।’

সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, শিক্ষা, প্রবাসী কল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং জ্বালানি সচিব মো. জিয়াউল হক।

ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কামাল, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আমিরুল হক, বাংলাদেশ এগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আনাম প্রমুখ।

এ ছাড়াও দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ হোসেন আলমগীর পাভেল, ইংরেজি দৈনিক ওয়াদার সম্পাদক শফিকুল আলম, সাংবাদিক আশরাফ কায়সার, মোস্তাফা ফিরোজ, আব্দুন নূর তুষার, আকবর হোসেন, শাহেদ আলম, রেজাউল করিম রনি, আজিজুর রহমান রিপন, তরিকুল ইসলাম সৌরভ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহরিন ইসলাম খান উপস্থিত ছিলেন। সূত্র: বাসস


নির্বাচিত

শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৬:৪০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা বৃদ্ধি ও দু’দেশের মধ্যকার ব্যবসা ও বিনিয়োগ আরও জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বঙ্গভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলমের স্বাক্ষর করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতকালে সারাহ কুক রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের পক্ষ থেকে একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন।

রাষ্ট্রপতি শুভেচ্ছা ও অভিনন্দনপত্রের জন্য রাজা তৃতীয় চার্লসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ব্রিটিশ হাইকমিশনারের মাধ্যমে রাজার প্রতি শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।

এ সময় তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ, কমনওয়েলথ-এর শিক্ষাবৃত্তি বৃদ্ধি, দেশের মানবসম্পদ উন্নয়ন এবং শিক্ষা ও প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা ব্রিটেন ও বাংলাদেশের মধ্যকার বন্ধন জোরদার ও উন্নয়নে অনেক অবদান রাখছেন। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি কমনওয়েলথের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কমনওয়েলথভুক্ত দেশগুলোর উন্নয়ন ও অভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যুক্তরাজ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রপতি আরও বলেন, একটি অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এ ধারাকে আরও শক্তিশালী করতে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনপ্রতিনিধিদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন ।

এ সময় ওয়েস্টমিনিস্টার পদ্ধতির গণতন্ত্র চর্চায় যুক্তরাজ্যের সুদীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি দুই দেশের সংসদ সদস্যদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন।

এ সময় হাইকমিশনার জানান, তৈরি পোশাকসহ বাংলাদেশের প্রায় ৯৯.৯৯ শতাংশ পণ্য এলডিসি থেকে উত্তরণের পর আরো তিন বছর যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত অবাধ প্রবেশাধিকার সুবিধা পাবে। রাষ্ট্রপতি এ সুবিধাকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে উল্লেখ করেন।

ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে ডিজিটাল ক্লাইমেট ডাটা বিনিময়ের উদ্যোগের বিষয়েও রাষ্ট্রপতিকে অবহিত করেন। দুই দেশের মধ্যে আবহাওয়া ও জলবায়ু-সংক্রান্ত তথ্য বিনিময়ের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস আরও নির্ভুল করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

সাক্ষাতকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, প্রেস সচিব, ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস


নির্বাচিত

বিগত বছরের তুলনায় এবার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা কম: এলজিআরডি মন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিগত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা তুলনামূলকভাবে কম হলেও আগামী দিনগুলোতে প্রাণহানি শূন্যে নামিয়ে আনতে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিশ্বব্যাংকের সহায়তায় আয়োজিত ‘ডেঙ্গু প্রতিরোধে কৌশলগত কর্মপরিকল্পনা’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।

কর্মশালায় স্থানীয় সরকারমন্ত্রী উল্লেখ করেন, ডেঙ্গুর প্রকোপ অতীতের মতো এবারও বিদ্যমান থাকলেও সার্বিক মৃত্যুর হার পূর্ববর্তী বছরগুলোর চেয়ে কম রয়েছে। তবে এতে আত্মতুষ্টির সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, এডিস মশার বিস্তার রোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্থানীয় সরকার বিভাগ নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ডেঙ্গুর ঝুঁকি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তর, সিটি করপোরেশন ও অংশীজনদের নিজ নিজ অবস্থান থেকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।

জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণকে সরকারের মূল লক্ষ্য হিসেবে আখ্যায়িত করে ড. আবদুল মঈন খান জানান, সরকারপ্রধান নিজেও সার্বক্ষণিকভাবে দেশের ডেঙ্গু পরিস্থিতির দিকে গভীর নজর রাখছেন। যেকোনো জাতীয় দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রীয় সংস্থার পাশাপাশি সাধারণ নাগরিকদের দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সুনির্দিষ্ট কৌশলগত কর্মপরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়িত হলে ডেঙ্গু সংক্রমণ সফলভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।


নির্বাচিত

ডোপ টেস্ট ‘পজিটিভ’ হওয়ায় পুলিশ সুপার নিজাম উদ্দিন সাময়িক বরখাস্ত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সামরিক প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়ার সময় ডোপ টেস্ট ‘পজিটিভ’ হওয়ায় পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (টিআর) আ ফ ম নিজাম উদ্দিনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী রাষ্ট্রপতির আদেশক্রমে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। সরকারি ওই আদেশে গত ৩১ আগস্ট থেকে তাঁর এই বরখাস্ত কার্যকর করার কথা উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এই পুলিশ কর্মকর্তা গত ৮ জানুয়ারি থেকে মিরপুর সেনানিবাসে অবস্থিত ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-২০২৬ কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নিচ্ছিলেন। কোর্স চলাকালে গত ৭ জুন তিনি হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে চিকিৎসকদের নির্দেশনায় আনুষঙ্গিক শারীরিক পরীক্ষার অংশ হিসেবে তাঁর ডোপ টেস্ট করা হলে প্রস্রাবের নমুনায় বেনজোডায়াজেপিন (বিজেডও) ও অ্যামফিটামিন/মেথঅ্যামফিটামিন 'পজিটিভ পাওয়া যায়, যা শৃঙ্খলা বিধিমালার স্পষ্ট লঙ্ঘন।

প্রশিক্ষণরত একজন কর্মকর্তার এমন মাদক সংশ্লিষ্টতাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) মোতাবেক ‘অসদাচরণ’ হিসেবে গণ্য করা হয়েছে। ফলশ্রুতিতে উক্ত বিধিমালার ১২(১) অনুযায়ী তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি বিধি মোতাবেক নিয়মিত খোরপোষ ভাতা প্রাপ্য হবেন এবং জনস্বার্থে এ শাস্তিমূলক সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।


নির্বাচিত

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ভোলা প্রতিনিধি

আন্তর্জাতিক অর্থনৈতিক জোট ব্রিকসের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যথাযথ কূটনৈতিক মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। সোমবার সকালে ভোলা সার্কিট হাউসে জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ এখনও এই জোটের পূর্ণ সদস্য নয় এবং অংশীদার রাষ্ট্র হওয়ার বিষয়টি আলোচনায় থাকলেও ব্রিকসে যোগদানের বিষয়ে সরকারের সার্বিক নীতিগত অবস্থান এখনও স্পষ্ট নয়।

প্রতিবেশী ভারতের সঙ্গে বিদ্যমান সম্পর্ক প্রসঙ্গে স্পিকার স্পষ্ট করেন যে, গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের নাগরিকদের মধ্যে ভারতের প্রতি গভীর রিজার্ভেশন বা অসন্তোষ তৈরি হয়েছে। তবে এই প্রেক্ষাপটেও বাংলাদেশ প্রতিবেশী দেশটির সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার পক্ষপাতী। তিনি জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক কোনো আধিপত্যের ভিত্তিতে নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা এবং সমমর্যাদার নীতির ওপর প্রতিষ্ঠিত হতে হবে।

রাষ্ট্রীয় সংস্কার ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অগ্রগতি নিয়ে স্পিকার জানান, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে সংস্কারের নানা দিক নিয়ে আলাপ-আলোচনা চলমান রয়েছে। সরকার ও বিরোধী দল যদি এই সংস্কার প্রক্রিয়া নিয়ে একটি দৃঢ় ঐকমত্যে পৌঁছাতে পারে, তবে সংসদের আসন্ন অধিবেশনেই প্রয়োজনীয় আইন পাস এবং সংবিধান সংশোধনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া সম্ভব হবে। এই পরিবর্তনের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষ দীর্ঘদিনের দুঃশাসন ও বঞ্চনা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


নির্বাচিত

মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো একদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার পুণ্যভূমি সিলেটে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্ধারিত সফরসূচি অনুসারে, সিলেটে পৌঁছে রাষ্ট্রপ্রধান প্রথমেই হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত সম্পন্ন করবেন। পরবর্তীতে বিকেলের অধিবেশনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি।

রাষ্ট্রপতির এই প্রথম আগমনকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যার আনুষ্ঠানিক কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। পুরো নগরীর প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করার পাশাপাশি চলাচলের পথ ও পারিপার্শ্বিক এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করে সুসজ্জিত করা হয়েছে।

এদিকে রাষ্ট্রপতির সফরকে ঘিরে বিভাগীয় নগরীটিতে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তুলেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থল, চলাচলের রুট এবং আশপাশের সংবেদনশীল অঞ্চলগুলোতে বিশেষ নজরদারি বৃদ্ধি করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ সমন্বয়ে এই কড়া নিরাপত্তা তদারকি পরিচালিত হচ্ছে।


নির্বাচিত

ঘরেই নিরাপত্তাহীন নারী, স্বামীর নির্যাতনে ছয় বছরে মৃত্যু ১,২৭৪

# ৯৯৯-এ দিনে প্রায় ৭০ অভিযোগ
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সংসার যেখানে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, অনেক নারীর জন্য সেই ঘরই হয়ে উঠছে সবচেয়ে বড় আতঙ্কের জায়গা। মারধর, হুমকি, যৌতুকের চাপ, অর্থনৈতিক নিয়ন্ত্রণ কিংবা দীর্ঘদিনের মানসিক নির্যাতন—নানা রূপে চলতে থাকা সহিংসতার শেষ পরিণতি কখনো কখনো হচ্ছে মৃত্যু। আর মৃত্যুর আগেও অনেক ক্ষেত্রে নির্যাতনের সংকেত থাকলেও তা থামানো যাচ্ছে না।

সাম্প্রতিক কয়েকটি ঘটনা আবারও সামনে এনেছে ঘরের ভেতরের এই সহিংসতার ভয়াবহতা। রাজধানীর খিলক্ষেতে মুক্তা ইসলামের মৃত্যুর আগে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, স্বামীর নির্যাতনের পর তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে গাইবান্ধার তরুণী আল মাইদা আক্তার মৃত্যুর কিছুদিন আগে আহত মুখের ছবি স্বজনকে পাঠিয়ে স্বামীর মারধরের কথা জানিয়েছিলেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ধরনের ঘটনা যে বিচ্ছিন্ন নয়, তার প্রমাণ মিলছে বিভিন্ন পরিসংখ্যানে। আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনা সংকলন অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত স্বামীর হাতে অন্তত ১ হাজার ২৭৪ নারী নিহত হয়েছেন। এর মধ্যে ২০২০ সালে ২৪০, ২০২১ সালে ২২৪, ২০২২ সালে ২০৬, ২০২৩ সালে ২০৭, ২০২৪ সালে ১৮০ এবং ২০২৫ সালে ২১৭ নারী নিহত হন।

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আরও ১০৮ নারী স্বামীর হাতে নিহত হয়েছেন বলে আসকের হিসাবে উল্লেখ করা হয়েছে। ফলে ২০২০ সালের শুরু থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১ হাজার ৩৮২।

তবে এই হিসাব কেবল সংবাদমাধ্যমে প্রকাশিত ঘটনার ওপর নির্ভরশীল। ফলে অপ্রকাশিত বা স্থানীয় পর্যায়ে থেকে যাওয়া বহু ঘটনা এতে যুক্ত হয়নি। বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

নারী নির্যাতনের চিত্র পাওয়া যাচ্ছে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর তথ্যেও। চলতি বছরের প্রথম আট মাসে নারী নির্যাতনের অভিযোগে ২৭ হাজার ৯১১টি কল এসেছে। এর মধ্যে ১৭ হাজার ১৯৬টি অভিযোগ ছিল স্বামীর হাতে নির্যাতনের বিষয়ে। অর্থাৎ মোট অভিযোগের প্রায় ৬২ শতাংশই এসেছে স্বামীর বিরুদ্ধে।

হিসাব করলে প্রতিদিন গড়ে প্রায় ৭০টি অভিযোগ এসেছে স্বামীর নির্যাতন নিয়ে। গত বছর এই হার ছিল প্রায় ৫৮ শতাংশ। অর্থাৎ অভিযোগের অনুপাতে স্বামীর হাতে নির্যাতনের বিষয়টি আরও বেশি সামনে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ‘নারীর প্রতি সহিংসতা জরিপ ২০২৪’-এর তথ্য বলছে, দেশের প্রায় ৭০ শতাংশ নারী জীবনে অন্তত একবার স্বামী বা জীবনসঙ্গীর হাতে শারীরিক, যৌন, মানসিক বা অর্থনৈতিক সহিংসতা কিংবা নিয়ন্ত্রণমূলক আচরণের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আগের ১২ মাসেও এমন অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৪১ শতাংশ নারী।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম বলেন, পারিবারিক সহিংসতার শুরুটা অনেক সময় ছোটখাটো মতবিরোধ, নিয়ন্ত্রণ কিংবা মানসিক চাপ থেকে হলেও ধীরে ধীরে তা গুরুতর নির্যাতনে রূপ নিতে পারে। দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে করতে অনেক নারী যখন সাহায্য চান, তখন পরিস্থিতি অনেকটাই জটিল হয়ে যায়।

তার মতে, শুধু নির্যাতনের পর আশ্রয় দেওয়াই যথেষ্ট নয়। নারীর নিরাপত্তা, আর্থিক সক্ষমতা ও দীর্ঘমেয়াদি সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে পারিবারিক সহিংসতাকে ব্যক্তিগত বিষয় হিসেবে না দেখে অপরাধ হিসেবে গুরুত্ব দিতে হবে।

বিশেষজ্ঞদের মতে, পারিবারিক সহিংসতার বড় বাধা হলো এটিকে অনেক সময় ব্যক্তিগত বা পারিবারিক বিষয় হিসেবে দেখা। নির্যাতনের শিকার নারীকে সন্তান, সামাজিক মর্যাদা ও সংসারের কথা বিবেচনা করে সম্পর্ক টিকিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। এতে নির্যাতনকারী আরও সুযোগ পেয়ে যায় এবং ভুক্তভোগী নারী ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়েন।

পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট ‘আমরাই পারি’র প্রধান নির্বাহী জিনাত আরা হক মনে করেন, কেবল আইন পরিবর্তন যথেষ্ট নয়। সামাজিক ও আচরণগত পরিবর্তনের পাশাপাশি বিচারব্যবস্থার দুর্বলতা কাটিয়ে পারিবারিক সহিংসতার বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর অবস্থান নিতে হবে।

মুক্তা, মাইদা কিংবা সাম্প্রতিক আরো বিভিন্ন ঘটনায় একটি বিষয় স্পষ্ট—চূড়ান্ত বিপর্যয়ের আগে অনেক সময় নির্যাতনের আলামত প্রকাশ পায়। কখনো ভিডিও, কখনো আহত অবস্থার ছবি, কখনো স্বজনের কাছে সাহায্যের আকুতি হয়ে সেই সংকেত সামনে আসে। তবু প্রশ্ন থেকে যায়, সেই সংকেত কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে?

কারণ পারিবারিক সহিংসতা ঠেকানোর লড়াই শুধু হত্যার পর শুরু হলে চলবে না। একজন নারী প্রথমবার নির্যাতনের শিকার হওয়ার পরই যদি নিরাপদ আশ্রয়, আইনি সহায়তা এবং কার্যকর রাষ্ট্রীয় সুরক্ষা পান, তাহলে অনেক মৃত্যুই হয়তো ঠেকানো সম্ভব। ঘরকে নিরাপদ করতে তাই প্রয়োজন নীরবতা ভাঙা, অভিযোগকে গুরুত্ব দেওয়া এবং নির্যাতনের প্রথম পর্যায়েই কার্যকর ব্যবস্থা নেওয়া।


নির্বাচিত

banner close