শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
১২ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনকে অস্থিতিশীল করতে একটি পক্ষ সক্রিয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৩ ২২:২৮

নির্বাচনকে অস্থিতিশীল করার জন্য সব সময়ই একটি পক্ষ সক্রিয় থাকে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, সেসব যেন না হয়, এ জন্যই নির্বাচন কমিশন থেকে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে।

বুধবার শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি আয়োজিত বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৫২ বছর পূর্তি শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘প্রতিনিয়তই নিরাপত্তা বাহিনী শীর্ষ সন্ত্রাসীদের আটক করছে। আমরা সব সময়ই তাদের চিহ্নিত করে আসছি। এটি একটি চলমান প্রক্রিয়া। এদের বেশির ভাগই এখন জেলখানায়, না হয় দেশত্যাগ করছে। বিদেশে যারা আত্মগোপনে আছে তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করছি। ইতোমধ্যে কয়েকজনকে আনাও হয়েছে।’

সীমান্তে অস্থিরতা কমছে জানিয়ে তিনি বলেন, ‘সীমান্তে হত্যার সংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। এ নিয়ে মন্ত্রী পর্যায়েও মিটিং হচ্ছে। আমরা চেষ্টা করছি সীমান্তে নন লিথ্যাল অস্ত্র ব্যবহার করার।’

নির্বাচন উপলক্ষে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধের বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করেছে। তারা প্রশাসনিক পর্যায়ে কিছু পরিবর্তনের কথা বলেছে। নিরাপত্তা বাহিনী সব সময়ই অবৈধ অস্ত্র উদ্ধারের কাজে রয়েছে। যাদের কাছে অস্ত্র রয়েছে, তাদের চিহ্নিত করা হচ্ছে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণব কুমার ভার্মা। আরও উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুন অর রশিদ, মুক্তিযুদ্ধ গবেষক সাজ্জাদ আলী জহির, এশিয়াটিক সোসাইটির সভাপতি বজলুর রহমানসহ অন্যরা।


নির্বাচিত

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপডেটেড ২৬ নভেম্বর, ২০২৬ ২০:৩৯
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বিদেশগামী কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামির এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় একটি দিন। আজ ১১২ জন যাচ্ছেন। আমরা প্রায় ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠাতে সক্ষম হচ্ছি। অনেক দিন ধরে এই কার্যক্রম বন্ধ ছিল। মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও দেশটিতে বাংলাদেশের শ্রমবাজার চালু করা সম্ভব হয়েছে। এ জন্য মালয়েশিয়া সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে সরকারপ্রধান বলেন, কর্মীদের আরও দক্ষ করে বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা যেমন উপকৃত হবেন, তেমনি দেশেরও লাভ হবে। এ লক্ষ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কাজ করতে গেলে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সরকার এ বিষয়ে কাজ শুরু করেছে। আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে। ভাষা জানা থাকলে কর্মীদের কাজ করতে অনেক সুবিধা হবে।

মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সুস্থভাবে সেখানে পৌঁছে ভালোভাবে কাজ করবেন। সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে চলবেন। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

তারেক রহমান বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে। একজন কর্মীর কাজ ও আচরণ দেখে সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশকে মূল্যায়ন করবে। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে তাদের দেখে অন্য বাংলাদেশি কর্মীদের নিয়োগ দিতেও বিদেশি প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে।

তিনি বলেন, ‘আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, ওই দেশের আইনকানুন ও ঐতিহ্য মেনে চলবেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।’

প্রধানমন্ত্রী কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন। একই সঙ্গে এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জানান। পরে রেমিটেন্ট যোদ্ধাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক দেবর্ষি মজুমদার, মহাব্যবস্থাপক নভিন্দর মুরুগিয়া, অংশীদার সারাভানাকুমার কানেসান এবং মালয়েশিয়ার সেরাম্বি সুরিয়ার আঞ্চলিক নিয়োগ পরিচালক আবদুল জলিলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ আড়াই বছর পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর এ কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মীদের নির্বাচন করা হয়েছে।

নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসা সুবিধাও দেওয়া হবে। কর্মীদের অভিবাসন সংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করছে নিয়োগকারী প্রতিষ্ঠান।

এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।

উল্লেখ্য, চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করা এবং আরও বেশি কর্মী নিয়োগের আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।


নির্বাচিত

২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম পেতে যাচ্ছেন সরকারি সম্মানী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

এই অর্থবছরে দেশের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের জন্য সুসংবাদ দিতে যাচ্ছে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।। ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের জন্য সরকারি সম্মানীর আওতায় আনা হবে বলে জানা যায়। এরই মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকি সুবিধাভোগীদেরও এ কর্মসূচির আওতায় আনার চেষ্টা চলছে।

পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরে দেশের সব মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এ সুবিধার আওতায় আনা হবে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ঢাকার সাভারের আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস আয়োজিত দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সরকারের ৩১ দফা প্রতিশ্রুতির কথা উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘যে যে ধর্মেরই হোক না কেন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ বা উপাধ্যক্ষ তাদের সম্মানিত করলে জাতি সঠিক পথ পাবে। এই বিশ্বাস থেকেই সরকার কাজ করছে।’

তিনি জানান, যাদের তথ্য এখনো অন্তর্ভুক্ত হয়নি, তারাও জুলাই মাস থেকে বকেয়াসহ সম্মাননা পাবেন। ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের স্বাবলম্বী করা, কৃষক কার্ড, উন্নত স্বাস্থ্যনীতি, আনন্দমুখর শিক্ষাব্যবস্থা, ২৫ কোটি বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টিসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। তবে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হলেই হবে না, মানুষকে হক ও বাতিলের পার্থক্যও বোঝাতে হবে। ধর্মীয় পথপ্রদর্শকেরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মাদ্রাসা শিক্ষাবোর্ডের সমন্বয় ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার জন্য ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি ‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর আদলে মাদ্রাসা শিক্ষাবোর্ডগুলোর সমন্বয় ও স্বীকৃতির বিষয়টি আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি মাদ্রাসাশিক্ষার্থীদের বিসিএসসহ সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে তা দেওয়া হবে।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ ড. আওয়াদ বিন সাবতী আল-আনাযী, আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহহাব সাঈদানী এবং অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের আমির শাইখ আসগর আলী আলাফী মাদানীসহ অন্যরা।


নির্বাচিত

বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার

* সব জেলার ১৮-৩৫ বছর বয়সিরা সুযোগ পাচ্ছে
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সি তরুণ-তরুণীরা অংশ নিতে পারবেন। আগামী ১ ডিসেম্বর থেকে প্রশিক্ষণের ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে তরুণদের এআই প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে সহায়তা করার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমান বিশ্বে শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, সরকারি সেবা ও তথ্যপ্রযুক্তিসহ প্রায় সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ছে।

তথ্য বিশ্লেষণ, কনটেন্ট তৈরি, ছবি ও ভিডিও সম্পাদনা, অনুবাদ, গবেষণা, সফটওয়্যার উন্নয়ন ও বিভিন্ন দাপ্তরিক কাজে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে তরুণদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতেই সরকারের এ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। দেশের সকল জেলাকে অন্তর্ভুক্ত করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা থাকায় রাজধানী ও বড় শহরের বাইরে থাকা তরুণ-তরুণীরাও এ প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষার্থী, চাকরিপ্রত্যাশী, ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী তরুণ ও উদ্যোক্তা হতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য এ উদ্যোগ নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। সরকারের এ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, প্রশিক্ষণটি বিনামূল্যে দেওয়ার পরিকল্পনা। ফলে অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে যারা বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ ব্যয় করে এআই প্রশিক্ষণ নিতে পারেন না, তারাও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’— শীর্ষক প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এটি এই প্রকল্পের তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ। এর আগে একই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন বাসসকে বলেন, ‘দেশের বিপুলসংখ্যক তরুণকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তোলার লক্ষ্য নিয়ে এ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সি আগ্রহী তরুণ-তরুণীরা নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এতে অংশ নিতে পারবেন। তিনি বলেন, দেশের ৬৪ জেলায় প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। আমরা চাই, প্রশিক্ষণার্থীরা এআই প্রযুক্তির ব্যবহারিক জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের ১২ নভেম্বরের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এ প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি কমপক্ষে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আবেদনকারীদের কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন। বাছাইয়ের ক্ষেত্রে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে মৌলিক জ্ঞান ও ইংরেজিতে দক্ষতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের পর আবেদন গ্রহণ করা হবে না। আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে।

আবেদনকারীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। সূচি অনুযায়ী, ২৮ নভেম্বর লিখিত ও ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা ৩০ নভেম্বর প্রকাশের পরিকল্পনা রয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও ফলাফল সংশ্লিষ্ট প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানানো হবে। প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে। শুধু প্রশিক্ষণ ফি মওকুফই নয়, অংশগ্রহণকারীদের জন্য যাতায়াত ভাতা ও খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা দেওয়া হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষ করা অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে।

প্রশিক্ষণটি আগামী পহেলা ডিসেম্বর শুরু হয়ে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলার কথা রয়েছে। মোট ৫০ দিনের এ কোর্সে ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অর্থাৎ এটি স্বল্পমেয়াদি হলেও নির্দিষ্ট সময় ধরে নিয়মিত ক্লাস ও অনুশীলনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের এআই বিষয়ে মৌলিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করবে।

জানতে চাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের এআই (অও) প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আতিকুর রহমান বাসসকে বলেন, এই প্রশিক্ষণে শুধু তাত্ত্বিক জ্ঞানই দেওয়া হবে না, বরং এর পাশাপাশি ব্যবহারিক শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, প্রশিক্ষণার্থীরা বিভিন্ন এআই টুলের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন কাজ সম্পর্কে ধারণা পাবেন। মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে-কলমে দক্ষতা তৈরির পরিকল্পনা রয়েছে।

আতিকুর রহমান আরও বলেন, প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারেন, এমনভাবে পাঠ্যক্রম সাজানো হয়েছে। দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হয়েছে। ঢাকা ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে প্রশিক্ষণ পরিচালনার দায়িত্ব পেয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। রাজশাহী ও রংপুর বিভাগে দায়িত্ব পালন করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগ। বরিশাল ও খুলনা বিভাগে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে সার্ভিস ইঞ্জিনস লিমিটেডের যৌথ উদ্যোগ প্রশিক্ষণ পরিচালনা করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এআই প্রযুক্তিতে প্রাথমিক দক্ষতা অর্জনের সুযোগ তরুণদের প্রচলিত শিক্ষার পাশাপাশি নতুন ধরনের কর্মদক্ষতা গড়ে তুলতে সহায়তা করতে পারে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, কনটেন্ট তৈরি, গ্রাফিক ডিজাইন, তথ্য বিশ্লেষণ কিংবা প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হতে চান, তাদের জন্য এ প্রশিক্ষণ কার্যকর হতে পারে।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন টুল ব্যবহার করে অল্প সময়ে বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ, প্রতিবেদন তৈরি, ভাষান্তর, উপস্থাপনা প্রস্তুত, ছবি ও ভিডিও সম্পাদনা ও বিভিন্ন সৃজনশীল কাজ করা সম্ভব হচ্ছে। ফলে চাকরির বাজারেও এআই ব্যবহারের দক্ষতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। শুধু তথ্যপ্রযুক্তি খাত নয়, ব্যাংকিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, গণমাধ্যম, বিপণন ও প্রশাসনিক কাজেও এ প্রযুক্তির ব্যবহার বাড়ছে।

এ পরিস্থিতিতে তরুণদের এআই সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার পাশাপাশি বাস্তব কাজের ক্ষেত্রে প্রযুক্তিটি কীভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়ে দক্ষ করে তোলা গুরুত্বপূর্ণ। তবে এআই টুল পরিচালনার দক্ষতার পাশাপাশি তথ্য যাচাই, বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, নৈতিকতা ও প্রযুক্তির সীমাবদ্ধতা সম্পর্কে সচেতনতাও প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বাসসকে বলেন, ‘বর্তমান সময়ে প্রায় সব পেশাতেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার বাড়ছে। তাই তরুণদের এ প্রযুক্তিতে দক্ষ করে তোলার সরকারি উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।

তিনি বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তরুণরা এআই টুলের ব্যবহারিক প্রয়োগ, সমস্যা সমাধান, তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তিনির্ভর কাজের বিষয়ে ধারণা পাবেন। পাশাপাশি প্রোগ্রামিংয়ের প্রাথমিক জ্ঞান, বিশ্লেষণী চিন্তা এবং এআই প্রযুক্তির নৈতিক ব্যবহার সম্পর্কে দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

আব্দুর রাজ্জাক আরও বলেন, যথাযথ প্রশিক্ষণ ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে তরুণেরা এ জ্ঞান কাজে লাগিয়ে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, জেলা পর্যায়ের তরুণদের জন্য প্রশিক্ষণ-পরবর্তী কর্মসংস্থান, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজের সুযোগ, উদ্যোক্তা উন্নয়ন ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকলে এ উদ্যোগের সুফল আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে নারীদের অংশগ্রহণ বাড়ানো ও প্রত্যন্ত এলাকার আগ্রহী তরুণদের প্রশিক্ষণে যুক্ত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

যুব উন্নয়ন অধিদপ্তরের এ প্রকল্পের মূল লক্ষ্য তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে দক্ষ করে তোলা এবং তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। দেশের ৬৪ জেলায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার ফলে প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ রাজধানীকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়েও সম্প্রসারিত হচ্ছে।

আগ্রহী প্রার্থীরা প্রশিক্ষণসংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানতে যুব উন্নয়ন অধিদপ্তরের নির্ধারিত ওয়েবসাইট www.dzdaiproject.com/apply ভিজিট করতে পারবেন।

আবেদন করার শেষ সময় ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নির্বাচিত

হাম ও উপসর্গে আরো ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১১০৯ জন

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

হাম উপসর্গে মৃত্যুর মিছিলে যোগ হলো আরো ৮ জন। সারাদেশে গত ২৪ ঘণ্টায় এই মৃত্যুর সংখ্যাসহ গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৭১ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ জন। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ জন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আট শিশুর মধ্যে এক শিশু নিশ্চিত হামে ও সাত শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে এক হাজার ১০৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে সিলেট বিভাগে তিনজন, রংপুর বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন মারা গেছে। নিশ্চিত হামে ঢাকা বিভাগে এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১০২ শিশু হাম শনাক্ত হয়েছে।

এ নিয়ে চলতি বছরে ২৬ হাজার ৪৭৬ শিশুর হাম শনাক্ত হলো। এক হাজার সাত শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬১ হাজার ৫৩৫।


নির্বাচিত

ডিসেম্বর ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নজরদারিতে সন্দেহভাজন পুলিশ সদস্যরা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর মাসে কোনো ধরনের নাশকতা যেন না হয় সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা পর্যন্ত বাড়তি নজরদারির পাশাপাশি পুলিশের অভ্যন্তরেও সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করা হচ্ছে। ইতোমধ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে।

আটক ও গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান, পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা।

তিনি জানান, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামারুম মুনিরা বলেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নিষিদ্ধ সংগঠনের ঘোষিত রাজনৈতিক কর্মসূচি করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

তিনি আরো বলেন, শুধু বাইরের হুমকি নয়, বাহিনীর ভেতরে সন্দেহভাজন সদস্যদের কর্মকাণ্ডও পর্যবেক্ষণ করা হচ্ছে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়ে জানা গেছে, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গত ১৪ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ তথ্য সরবরাহের অভিযোগ রয়েছে।

অন্যদিকে, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গত ২৪ নভেম্বর গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। তবে রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া গত বুধবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে আটক করে ডিবি।

তারা হলেন ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান। আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তার রিকুইজিশন ছিল।

অন্যদিকে, রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়। তাকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ডিসেম্বরজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাঠপর্যায়ের সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।


নির্বাচিত

এদেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ও প্রত্যাবর্তন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে তিনি এই অবস্থানের কথা জানান। এ সময় তিনি আরও বলেন, আমরা গণতান্ত্রিক আচরণ করবো। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবো। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবো। এ দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন হবে না। এই প্রতিজ্ঞা আমাদের আছে, এ দেশের জনগণের আছে।

বক্তব্যে অতীতে গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বারবার যখন স্বৈরাতন্ত্রের আগমন হয়েছে প্রত্যেকবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এরেকবার আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মধ্য দিয়ে দেশের প্রায় অবরুদ্ধ গণতন্ত্র, যে স্বাধীনতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হতে চলেছিল সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে, অবরুদ্ধ গণতন্ত্রকে, পরাধীনতার শৃঙ্খলাবদ্ধ হতে যাওয়া স্বাধীনতাকে মুক্ত করেছিলেন। এটা আমাদের ইতিহাস।


নির্বাচিত

বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম শক্তি হয়ে উঠবে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

অদূর ভবিষ্যতে দেশের প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একটি স্বনির্ভর প্রাণিসম্পদ খাত গড়ে তোলার লক্ষ্যে সরকার খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি ও পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তার উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি। অনুষ্ঠানে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে মোট ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘প্রাণিসম্পদ পদক’ তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে অর্থনীতি ও খামারিদের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে সক্ষম হলে স্বনির্ভর অর্থনীতি গড়া কঠিন কোনো বিষয় নয়। এজন্য প্রয়োজন কেবল সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা। সরকার খাতটিকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, গবাদিপশুর রোগপ্রতিরোধ ও চিকিৎসাসেবা প্রান্তিক খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে চেষ্টা করছে। প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি খামারিদের প্রাণিসম্পদ খাতের ‘মূল চালিকাশক্তি’ হিসেবে অভিহিত করে সরকারপ্রধান বলেন, খামার সম্প্রসারণে সরকার খামারিদের সব ধরনের নীতিগত ও কারিগরি সহায়তা দেবে।

এ ছাড়া মেধাবী প্রজন্ম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী আরও বলেন, পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি মেধাসমৃদ্ধ জাতি গঠনে সরকার কাজ করছে। আর মেধাসমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত হলো পর্যাপ্ত প্রাণিজ আমিষ।


নির্বাচিত

বাংলাদেশের স্পিকারের সম্মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সম্মানে ইসলামাবাদে নৈশভোজের আয়োজন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত ওই নৈশভোজে সফররত বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এর আগে বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস (সংসদ ভবন) পরিদর্শন করেন। প্রতিনিধিদলটি সেখানে পৌঁছালে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্যবৃন্দ এবং জাতীয় পরিষদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। পরিদর্শনের সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ও বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের উপস্থিতিতে পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে একটি ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা (হিমচাঁপা) গাছের চারা রোপণ করেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় দল ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করে। স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, নিলোফার চৌধুরী এবং জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। আগামী ২৯ নভেম্বর প্রতিনিধিদলটির দেশে ফিরে আসার কথা রয়েছে।

বিষয়:

নির্বাচিত

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। ছবি: পিএমও
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানিয়েছেন।

তিনি জানান, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর এবারের জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করেছে।

এ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।

আজ থেকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে। সূত্র: বাসস


নির্বাচিত

মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, আলোচনার অপেক্ষায় ঢাকা

* প্রস্তুতি বাংলাদেশের, অপেক্ষা ভারতের * বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত, পানির নিশ্চয়তা চায় বাংলাদেশ * শুষ্ক মৌসুমে ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্তির দাবি
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিশেষ প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। অথচ চুক্তির মেয়াদ শেষ হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা বা গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ।

ঢাকা নতুন চুক্তির বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ভারতের সঙ্গে আলোচনার অপেক্ষায় থাকলেও দিল্লির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক আলোচনার সময়সূচি জানানো হয়নি। বাংলাদেশের অবস্থান, কেবল বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়; বরং জাতীয় স্বার্থ সুরক্ষায় পানির প্রবাহ নিশ্চিত করে একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর সমঝোতায় পৌঁছানো।

এদিকে গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে। তবে বৈঠকে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়নি। কারণ, চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনা যৌথ কমিটির দায়িত্ব হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।

যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির বলেছেন, ‘গঙ্গা পানিবণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। আমরা আশা করি, যৌথ কমিটির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চুক্তির বাস্তবায়ন আরও কার্যকর হবে।’

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। ১৯৯৭ সাল থেকে ধারাবাহিকভাবে পানিপ্রবাহ ও পানিবণ্টনের তথ্য পর্যালোচনা করে বার্ষিক প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনার দাবি: নতুন চুক্তিতে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার শুষ্ক মৌসুমে পানির প্রবাহের নিশ্চয়তা। এ বিষয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানিবণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার।’ ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী জানান, এ লক্ষ্যে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।

১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। ফলে নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশের প্রাপ্য পানি নিশ্চিত করার বিষয়টি নতুন চুক্তিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বর্তমান চুক্তিতে জানুয়ারি থেকে মে পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর পানিবণ্টনের ব্যবস্থা রয়েছে। প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি ভারত পায়। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিনের মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।

প্রস্তুতি বাংলাদেশের, অপেক্ষা ভারতের: চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এতে পানিসম্পদ, পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞরা রয়েছেন।

গত জুনে বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। তবে ভারতের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি পাওয়া যায়নি।

অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, ‘গঙ্গার পানিবণ্টন বাংলাদেশের জন্য শুধু পানিসম্পদের বিষয় নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত রাখে, এমন একটি চুক্তি চায় সরকার।’

অন্যদিকে নতুন চুক্তি নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও আলোচনায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গের কাছে ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ, নৌচলাচল ও বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহার পানীয় জল ও শিল্পের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী।

চুক্তি না হলে বাড়বে অনিশ্চয়তা: চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে। দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়নের সুযোগ থাকলেও স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার কোনো বিধান নেই। ফলে দুই দেশের সম্মতি ছাড়া চুক্তি নবায়ন সম্ভব নয়।

মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কোনো সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। গঙ্গার পানি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিপ্রবাহ কমে গেলে এ অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া এবং নদীর নাব্যতা সংকটের আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, ‘গঙ্গার পানিবণ্টন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা। শুধু দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও চুক্তিতে স্পষ্ট থাকতে হবে। গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।’

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানিবণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এ কারণে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের পানি কূটনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।

বিশেষজ্ঞদের মতে, নতুন চুক্তিতে পানির হিস্যা নির্ধারণের পাশাপাশি শুষ্ক মৌসুমে প্রবাহের নিশ্চয়তা, নিয়মিত তথ্য বিনিময়, পানির সংকট মোকাবিলা এবং বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহ ব্যবস্থাপনার বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে এসব বিষয়ে সমঝোতায় পৌঁছানোই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ।


নির্বাচিত

আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্র’ গড়ে তুলেছে বৃহৎ ডেভেলপারদের একাংশ: টিআইবি

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক ছত্রছায়া, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনিক নেটওয়ার্কের মাধ্যমে বৃহৎ ডেভেলপারদের একাংশ শক্তিশালী ‘মাফিয়াতন্ত্র’ গড়ে তুলেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই চক্রটি আবাসন খাতের নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রক কাঠামোকে জিম্মি করে ফেলেছে।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীতে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গবেষণায় দেখা গেছে, রাজনৈতিক, প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং রিয়েল এস্টেট কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি। একটি আবাসন প্রকল্প বাস্তবায়নে একরপ্রতি ১৬ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়মবহির্ভূত অর্থ (স্পিড মানি) লেনদেন হয়। সেই হিসাবে ২৫ একরের একটি প্রকল্পে ৪ কোটি ১২ লাখ থেকে ৯ কোটি ৩৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ বা অনানুষ্ঠানিক ব্যয় হয়, যা বাজেটে ‘বিবিধ খরচ’ হিসেবে দেখানো হয়।

অন্যদিকে, প্লট হস্তান্তরে বিলম্ব, একতরফা বরাদ্দ বাতিল ও টাকা ফেরত না দেওয়ার পাশাপাশি উন্নয়ন ও ইউটিলিটি চার্জ বাবদ ক্রেতাদের প্রতি কাঠায় মূল দামের বাইরেও প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ দিতে হয়।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানির ইতিবাচক অবদান রয়েছে এবং জিডিপিতেও তারা উল্লেখযোগ্য অবদান রাখছেন। তবে এ খাতে হয়রানি, দুর্নীতি, অনিয়ম ও জমি দখলের বিষয়গুলোও অস্বীকার করার সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘অপশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারকেই মূল অনুঘটক হতে হবে। প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে হবে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।’

গবেষণায় উঠে এসেছে, পরিচালনা পর্ষদে প্রভাবশালী রাজনীতিবিদ বা তাদের স্বজনদের রেখে এবং রাজনৈতিক দলগুলোকে অর্থায়ন করে ডেভেলপাররা নীতিগত সুবিধা আদায় করে। এই প্রভাব খাটিয়ে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ১৫৮ বার সংশোধন করা হয়। ২০২২ সালে নতুন ড্যাপ প্রণয়নের এক বছরের মধ্যেও দুইবার বড় সংশোধনী এনে জলাভূমি ও বন্যাপ্রবাহ অঞ্চলকে আবাসন এলাকায় রূপান্তর করা হয়েছে।

এ ছাড়া অনুমোদন ছাড়াই কৃষিজমি, খাসজমি, সরকারি ও নবাব এস্টেটের জমি এবং নদীসংলগ্ন জমি দখল করা হচ্ছে। এসব অনিয়ম নিয়ে প্রতিবেদন করতে গেলে সাংবাদিকদের হুমকি, হেনস্তা কিংবা অর্থ ও প্লটের প্রলোভন দেখানোর অভিযোগও রয়েছে।

আইনি ও তদারকি দুর্বলতার বিষয়ে টিআইবি জানায়, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(৭) ধারায় নিবন্ধন নবায়নে পূর্ববর্তী প্রতারণা বিবেচনার বাধ্যবাধকতা না থাকায় অসাধু প্রতিষ্ঠানগুলো পার পেয়ে যাচ্ছে। পাশাপাশি রাজউক, পরিবেশ অধিদপ্তর ও ওয়াসার মতো সংস্থাগুলোর জনবল সংকটে তদারকি ব্যাহত হচ্ছে।

সংকট উত্তরণে ১৩ দফা সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে ‘আন্তঃসংস্থা সমন্বয় প্ল্যাটফর্ম’ গঠন, গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তিতে ‘স্বাধীন অভিযোগ নিষ্পত্তি বোর্ড’ তৈরি, রিয়েল এস্টেট আইন সংশোধন, কোম্পানিগুলোর বার্ষিক অডিট প্রকাশ বাধ্যতামূলক করা এবং জমি ও প্লট কেনাবেচার সব লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পন্ন করা।

সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির সাবেক রিসার্চ ফেলো অতনু দাস।


নির্বাচিত

রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ রাশিয়ার বাজারে নিজেদের পণ্যের জন্য আরও বেশি প্রবেশাধিকার চেয়েছে এবং রাশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে (ইকোনমিক জোন) বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানিয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ আহ্বান জানান।

হুমায়ুন কবির বাংলাদেশে রাশিয়ার গম ও সার সরবরাহের কথা উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বিস্তৃত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন, দুই দেশ শিগগিরই তাদের অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তি বা নথিপত্রগুলো চূড়ান্ত করবে।

উভয় পক্ষ দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা যার মধ্যে স্কলারশিপ ও একাডেমিক বিনিময় অন্তর্ভুক্ত সেসব ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছে।

হুমায়ুন কবির ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত খোজিন বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে আগ্রহী।


নির্বাচিত

শিশু চিকিৎসায় চালু হচ্ছে পাঁচ বিশেষায়িত হাসপাতাল

* ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে  হাসপাতালগুলো একযোগে চালুর প্রস্তুতি * ২০০ শয্যার প্রতিটি হাসপাতালে থাকবে আইসিইউ * সৃষ্টি হয়েছে ১ হাজার ৪৪০ পদ
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিশেষ প্রতিবেদক

দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় ২০০ শয্যার হাসপাতালগুলো একযোগে চালু করার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।

নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন অব্যবহৃত ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরশীলতাও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পাঁচটি হাসপাতালের জন্য এরই মধ্যে ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদ পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসক পদ ১০টি। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ২০টি এবং অ্যানেসথেসিয়া বিভাগে ২০টি পদ রাখা হয়েছে।

হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে থাকবে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সেবার পরিধি বাড়ানোর সুযোগ। বড় পরিসরের আইসিইউ ইউনিটসহ আধুনিক চিকিৎসাসুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে। হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অব্যবহৃত হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলেন। প্রধানমন্ত্রীর ওই নির্দেশনার পরই হাসপাতালগুলো চালুর উদ্যোগে গতি আসে।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।

হাসপাতালগুলো চালুর প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জামও পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ ২০০ শয্যার শিশু হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি।

পাঁচটি হাসপাতাল চালু হলে দেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে। বিশেষ করে জটিল ও সংকটাপন্ন শিশুদের চিকিৎসায় বিভাগীয় পর্যায়ে সক্ষমতা বাড়বে। এতে একদিকে যেমন রাজধানীর বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমবে, অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোও নিজ নিজ অঞ্চলের কাছাকাছি উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।


নির্বাচিত

banner close