শনিবার, ২১ নভেম্বর ২০২৬
৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থিতা ফিরে পেতে আপিল: ইসিতে শুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৩ ১১:৩২

আসন্ন জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের প্রার্থিতা ফিরে পেতে করা আপিলের শুনানি শুরু হয়েছে নির্বাচন কমিশনে (ইসি)।

রোববার সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে এ শুনানি শুরু হয়। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন ১১০ জন করে প্রার্থীর আপিল শুনানি হবে। শুনানি শেষে সাথে রায় প্রকাশ করা হবে। রায়ে প্রার্থীর সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের ১০টি অঞ্চলে রিটার্নিং অফিসার কর্তৃক ৭৩১ জন প্রার্থী বাতিল হওয়ার প্রেক্ষিতে ৫৬১ জন প্রার্থী ইসিতে আপিল আবেদন করে। এর মধ্য ১৭০ জন বাতিল হওয়া প্রার্থী মনোনয়ন ফিরে পেতে আবেদন করেননি।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন উপস্থিত থাকবেন। প্রার্থীর পক্ষে তার আইনজীবী ও প্রার্থী শশরীরে তার তার প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে উপস্থিত থাকবেন।

এবারের সংসদ নির্বাচনে ২৯টি দল ও স্বতন্ত্র মিলিয়ে দুই হাজার ৭১২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।


নির্বাচিত

ঢাকায় এসেছে ভারতীয় প্রতিনিধিদল

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে এসেছে চার সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল। ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে তারা ঢাকায় এসেছে। শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় প্রতিনিধিদলটি বাংলাদেশে আসে। ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। গতকাল ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত যৌথ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত

গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। তবে ঢাকা সফররত ভারতীয় এই প্রতিনিধিদলের চুক্তির বর্তমান মেয়াদের বাইরে তা বাড়ানোর বিষয়ে আলোচনা করার কোনো এখতিয়ার নেই।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুক্তিটি নবায়ন করা হবে নাকি অন্তর্র্বতীকালীন সময়ের জন্য এর মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের ওপরই বর্তায়। এদিকে বাংলাদেশ জানিয়েছে, তারা বিদ্যমান চুক্তিটি সরাসরি নবায়ন করার পরিবর্তে ভারতের সঙ্গে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে চায়। নতুন এই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মতো সুনির্দিষ্ট ধারা অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।


নির্বাচিত

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান এবং সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাস্তবতায় সেই দেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ ও বদ্ধপরিকর। শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত হওয়া গৌরবের বিষয়; তবে একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন আরও বড় বিষয়, যা এক জীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না এবং সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন; ফলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।

লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায় উল্লেখ করে তিনি বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।

নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেও গর্বিত এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন—এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে; এরই অংশ হিসেবে মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল, যা ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা ক্লান্ত হয়ে পড়লেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো জ্বলজ্বল করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জীবন্ত কিংবদন্তিদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা প্রশংসনীয়। ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে সরকারের দৃঢ়প্রতিজ্ঞ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সম্মান এবং সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।


নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান; এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রীর পর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধানেরা।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও অভিযান জোরদার হয়েছিল। দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে, দিবসটি উপলক্ষে শনিবার বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের পাশাপাশি বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।


নির্বাচিত

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে তাঁরা এ শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে এদিন ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি আরম্ভ হয়। শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী।


নির্বাচিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সাতটি জেলা ও ঢাকা মহানগরীতে সর্বমোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার। শনিবার (২১ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোতায়েনকৃত এই বাহিনীর মধ্যে গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন এবং ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন বিজিবি সদস্য রয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, কক্সবাজারে ৬ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে; পাশাপাশি মোতায়েনের জন্য ৪ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট থাকবেন তাঁরা।

এ ছাড়া মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের উদ্দেশ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে; এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিষয়:

নির্বাচিত

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সকালে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান।

অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সূত্র: বাসস


নির্বাচিত

সশস্ত্র বাহিনী দিবস আজ

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আজ সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার দিবসটি উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।

১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া, তিন বাহিনী প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সাথে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদেরকে সংবর্ধনা প্রদান করবেন। এ সময় প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দিবসটি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ সন্ধ্যা ৬টায় ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সংবর্ধনায় সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় দূতাবাসগুলোর কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস বা ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো আজ দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটসমূহে নোঙরকৃত অবস্থায় রাখা হবে।

শুক্রবার (২০ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করবে।

বাংলাদেশ বেতার আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। অনুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেলসমূহে পরবর্তীতে পর্যায়ক্রমে সম্প্রচারিত হবে।

দিবসটি উপলক্ষে আজ শনিবারের বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এ ছাড়া সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


নির্বাচিত

জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন এটাই জাতির প্রত্যাশা।’ আজ শনিবার ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ দিনে আমি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’

তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের আজকের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। সশস্ত্র বাহিনীর এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।’

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের এই গৌরবময় দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা, পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত এই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাহিনীর সম্প্রসারণ, প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।’

তিনি বলেন, ‘সেই প্রয়াসের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে-‘সবার আগে বাংলাদেশ নীতি’।”

রাষ্ট্রপতি বলেন, ‘সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে। আমি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’


নির্বাচিত

সশস্ত্র বাহিনী দিবস শনিবার, সেনাকুঞ্জে সংবর্ধনা

ফাইল ছবি
আপডেটেড ২০ নভেম্বর, ২০২৬ ২২:০৭
নিজস্ব প্রতিবেদক

আগামীকাল শনিবার (২১ নভেম্বর) যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হবে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

দিবসটির কর্মসূচি শুরু হবে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এ ছাড়া তিন বাহিনীর প্রধানেরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় তাঁদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এদিন বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকেরা উপস্থিত থাকবেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরাও অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।

দিবসটি উপলক্ষে ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো আগামীকাল বেলা ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটে নোঙর করে রাখা হবে।

সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরতে আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে সম্প্রচার করা হবে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। পাশাপাশি সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


নির্বাচিত

চায়ের উৎপাদন ধরে রাখতে নতুন সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবির গবেষণা

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাকৃবি প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও খরার ঝুঁকি বাংলাদেশের কৃষি উৎপাদনের জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এর প্রভাব পড়ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল চায়ের ওপরও। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব দেখা দিলে চা গাছের নতুন কুঁড়ি গজানো, পাতার বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হয়।

এমতাবস্থায় খরাপ্রবণ পরিবেশে টিকে থাকতে সক্ষম চায়ের জিনোটাইপ শনাক্ত করে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পরিচালক ড. ইসমাইল হোসেনসহ একদল গবেষক। গবেষণাটি বিটিআরআই’র উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষকদের পাশাপাশি বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের একাধিক গবেষকের যৌথ সহযোগিতায় পরিচালিত হয়েছে।

তাদের গবেষণায় পাঁচটি চায়ের জিনোটাইপ ও একটি প্রচলিত জাতের মধ্যে তুলনামূলক মূল্যায়ন করে বি/৮/৯৩ নামের একটি জিনোটাইপকে সবচেয়ে খরা সহনশীল হিসেবে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি এমজেড/৩৯ জিনোটাইপটি মাঠপর্যায়ের পরিস্থিতিতে ভালো অভিযোজনক্ষমতার পরিচয় দিয়েছে।

‘স্ক্রিনিং অফ বাংলাদেশ টি (ক্যামেলিয়া সিনেনসিস (এল.) কুন্টজে) জিনোটাইপস ফর ড্রাউট টলারেন্স’ শীর্ষক গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা আটলান্টিস প্রেস থেকে প্রকাশিত ‘প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল টি সিম্পোজিয়াম’ গ্রন্থে প্রকাশিত হয়েছে। গবেষণাটির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের চা উৎপাদন অঞ্চলে খরার প্রভাব মোকাবিলায় সম্ভাবনাময় জিনোটাইপ চিহ্নিত করা এবং ভবিষ্যৎ জাত উন্নয়ন কার্যক্রমের জন্য বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করা।

বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও গ্রামীণ জীবিকায় চা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় চা চাষ সম্প্রসারিত হয়েছে। এ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বিপুলসংখ্যক শ্রমিক, ক্ষুদ্র চাষি ও ব্যবসায়ী। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৯৪ দশমিক ৯১ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় বেশি হলেও ২০২৩ সালের রেকর্ড উৎপাদনের চেয়ে কম। তবে উৎপাদন ব্যয়, আবহাওয়ার অনিশ্চয়তা, সেচসংকট ও আন্তর্জাতিক প্রতিযোগিতা শিল্পটির জন্য বড় চ্যালেঞ্জ।

চা একটি বহুবর্ষজীবী অর্থকরী উদ্ভিদ, যার কচি পাতা ও কুঁড়ি থেকে বাজারজাতযোগ্য চা তৈরি হয়। তাই গাছের স্বাভাবিক বৃদ্ধি ও পাতা উৎপাদনে পর্যাপ্ত পানি অপরিহার্য। পানির ঘাটতিতে শিকড়ের পানি শোষণ ও সালোকসংশ্লেষণ ব্যাহত হয়। ফলে গাছের বৃদ্ধি ও কচি পাতার উৎপাদন কমে যায়। দীর্ঘস্থায়ী খরায় বিশেষ করে নতুন চারাগাছ বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাভাবিক উৎপাদনে ফিরতে সময় লাগে। এ কারণে চা শিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও উৎপাদনশীলতা বজায় রাখতে খরাসহিষ্ণু জিনোটাইপ নির্বাচন গুরুত্বপূর্ণ।

গবেষণাপদ্ধতি সম্পর্কে অধ্যাপক ড. আশরাফুজ্জামান বলেন, ‘গবেষণায় এ/১৭/৭, এমজেড/৩৯, এসএইচ/৯/৬৫, বি/৮/৯৩ এবং এ/৮/৮ জিনোটাইপের পাশাপাশি তুলনার জন্য প্রচলিত বিটি-২ চায়ের জাতও অন্তর্ভুক্ত করা হয়। নার্সারি ও মাঠপর্যায়ে মাটির আর্দ্রতা ৩৬, ৩০, ২৪ ও ১৮ শতাংশে রেখে বিভিন্ন মাত্রার খরার প্রভাব পরীক্ষা করা হয়। এ সময় গাছের উচ্চতা, শিকড়ের দৈর্ঘ্য, আয়তন ও বিস্তার, শুষ্ক পদার্থের পরিমাণ, পাতার আপেক্ষিক পানির পরিমাণ, প্রোলিন, মোট পলিফেনল ও রিডিউসিং সুগারের পরিবর্তন বিশ্লেষণ করা হয়। প্রোলিন কোষের পানির ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখতে পারে এবং শিকড়ের বিস্তার মাটির গভীর থেকে পানি সংগ্রহের সক্ষমতার সঙ্গে সম্পর্কিত। এসব বৈশিষ্ট্য একসঙ্গে বিশ্লেষণ করে আমরা জিনোটাইপগুলোর খরাসহিষ্ণুতা ও অভিযোজনক্ষমতার পার্থক্য নির্ণয় করেছি।’

গবেষণাটির ফলাফল সম্পর্কে তিনি বলেন, ‘গবেষণায় বি/৮/৯৩ জিনোটাইপটি সবচেয়ে বেশি খরাসহিষ্ণু এবং এ/৮/৮ সবচেয়ে সংবেদনশীল হিসেবে চিহ্নিত হয়েছে। এমজেড/৩৯ মাঠপর্যায়ে বিস্তৃত অভিযোজনক্ষমতা দেখিয়েছে। অন্যদিকে বিটি-২, এসএইচ/৯/৬৫ ও এ/১৭/৭ মধ্যম মাত্রার খরাসহিষ্ণু হিসেবে শনাক্ত করা হয়েছে। মাঠপর্যায়ের পরীক্ষায় বি/৮/৯৩ জিনোটাইপের গড় উচ্চতা ছিল ৬৭ দশমিক ৫ সেন্টিমিটার, প্রতি গাছে গড়ে ৭ দশমিক ৬০টি শাখা এবং সবুজ পাতার ওজন ৯ দশমিক ২ গ্রাম। এতে মোট পলিফেনলের পরিমাণ ছিল ৮৯ দশমিক ৮১ পিপিএম এবং ক্যাটেচিন ২৩ দশমিক ০৭ পিপিএম, যা চায়ের গুণগত বৈশিষ্ট্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ। গবেষণাটির ফলাফল চা গাছের জিনগত বৈচিত্র্য ও খরাসহিষ্ণু জাত নির্বাচনের সম্ভাবনা তুলে ধরেছে। তবে বাণিজ্যিক সম্ভাবনা নির্ধারণে মাঠপর্যায়ের উৎপাদন, পাতা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণের মান এবং বিভিন্ন অঞ্চলের জলবায়ুর সঙ্গে এর অভিযোজন যাচাই করা প্রয়োজন।’

খরাসহিষ্ণুতা একাধিক জিন, শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও পরিবেশের ওপর নির্ভরশীল হওয়ায় একটি পরীক্ষার ভিত্তিতে কোনো জিনোটাইপকে সর্বত্র উপযোগী বলা যায় না। এজন্য বিভিন্ন মৌসুম, মাটি ও পানিস্বল্পতার পরিবেশে পরীক্ষা এবং বংশগত স্থায়িত্ব, পাতা উৎপাদন, চায়ের স্বাদ, গুণগত মান ও রোগ-পোকা প্রতিরোধক্ষমতা মূল্যায়ন জরুরি।

বাকৃবি ও বিটিআরআই’র যৌথ গবেষণাটি ভবিষ্যৎ জাত উন্নয়নের সম্ভাবনা তৈরি করেছে। গবেষণার ফলাফলকে বাস্তবে রূপ দিতে কয়েকটি ধাপ অনুসরণ করা প্রয়োজন।

ড. আশরাফুজ্জামান বলেন, ‘প্রথমত, বি/৮/৯৩ ও এমজেড/৩৯-সহ সম্ভাবনাময় জিনোটাইপগুলোকে দেশের প্রধান চা উৎপাদন অঞ্চলে একাধিক মৌসুমে পরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত, স্বাভাবিক ও খরাপ্রবণ পরিবেশে প্রতি একক জমিতে সবুজ পাতা ও প্রক্রিয়াজাত চায়ের ফলন তুলনা করতে হবে। তৃতীয়ত, চায়ের স্বাদ, সুবাস, রং, পলিফেনল ও ক্যাটেচিনের মতো গুণগত বৈশিষ্ট্য যাচাই করতে হবে। চতুর্থত, চারা উৎপাদনের ব্যয়, সেচের প্রয়োজন, পরিচর্যার খরচ এবং কৃষকের সম্ভাব্য আয় বিশ্লেষণ করতে হবে।’


নির্বাচিত

‘২১ নভেম্বর’ সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়

ফাইল ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আগামীকাল শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’। দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘২১ নভেম্বর’ আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। ‘বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত।’শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় এবং ঐতিহাসিক ঘটনা।

তারেক রহমান বলেন, ‘২১ নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনীর ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়।

১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধের চরম মুহূর্তে সেনা, নৌ ও বিমানবাহিনীর অকুতোভয় সদস্যরা সম্মিলিতভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণের সূচনা করেন। মুক্তিবাহিনী, আধাসামরিক বাহিনীর সদস্যগণ ও দেশপ্রেমিক জনতা কাঁধে কাঁধ মিলিয়ে এই সমন্বিত আক্রমণে অংশ নেন। মুক্তিযুদ্ধে রণাঙ্গনের লড়াই নতুন মাত্রা লাভ করে।’

সশস্ত্র বাহিনীর ইতিহাসেও এটি একটি গুরুত্বপূর্ণ দিন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফলে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সব সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

প্রধানমন্ত্রী বলেন, নির্ভীক সাহসিকতা, শৌর্য, সংকল্পবদ্ধ শৃঙ্খলা দিয়ে তৈরি জাতির এক গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী। ‘৭১-এর রণাঙ্গনে এই বাহিনীর অসীম সাহসী ভূমিকা ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর দেশপ্রেমিক সদস্যগণ অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে চলেছে।

তারেক রহমান বলেন, বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি বাড়িয়েছে।

শান্তিরক্ষায় বিশ্ব দরবারে বাংলাদেশের ভূমিকাকে শক্তিশালী ও প্রশংসনীয় করেছে। আমি আশা করি ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে। দেশের সব প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকের সময় সশস্ত্র বাহিনীর বলিষ্ঠ ভূমিকা এই বাহিনীকে জাতির আস্থার প্রতীকে পরিণত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে একটি সুশৃঙ্খল, ক্ষিপ্র ও সদা তৎপর এক আধুনিক বাহিনীতে পরিণত করেছিলেন। সশস্ত্র

বাহিনীকে সুশিক্ষিত ও পেশাদার বাহিনীতে পরিণত করেন। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসনামলেও সশস্ত্র বাহিনীর আরো আধুনিকায়ন অব্যাহত থাকে। উন্নত বিশ্বের সঙ্গে সংগতি রেখে সশস্ত্র বাহিনীকে একটি প্রযুক্তিনির্ভর, গতিশীল ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান সরকার বিস্তারিত পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়ন করে চলেছে।

সশস্ত্র বাহিনী একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গৌরব ও শৌর্য-বীর্যের প্রতীক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বাংলাদেশের স্বার্থবিরোধী শক্তি সশস্ত্র বাহিনীর ইমেজ ভূলুণ্ঠিত করতে বিভিন্ন সময়ে অপচেষ্টা চালিয়েছে। তবে দেশপ্রেমিক নেতৃত্ব এবং জনগণের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সাফল্য যাত্রা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধই নয় ২০২৪ সালে ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা দেশ এবং জনগণের পক্ষে ইতিবাচক ভূমিকা রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও সততা, দক্ষতা ও কর্মক্ষমতার জন্য সশস্ত্র বাহিনীর সদস্যরা বিশ্বব্যাপী প্রশংসিত। শান্তিরক্ষী প্রেরণে অন্যতম শীর্ষ দেশ হিসেবে বাংলাদেশের এই স্বীকৃতি জাতির জন্য গৌরবের এবং এর মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সবশেষে আমি মুক্তিযুদ্ধে নিজের জীবনদানকারী বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ ও বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফসহ দেশমাতৃকার স্বার্থে প্রাণোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সব বীর সন্তানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

প্রধানমন্ত্রী বলেন, আমি ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করছি। সশস্ত্র বাহিনীর সব সদস্য ও তাদের পরিবারবর্গের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করছি।


নির্বাচিত

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে এগিয়েছে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

জাতিসংঘের ‘ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬’-এ তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশ দুই অঙ্কের র‍্যাঙ্কিংয়ের তালিকায় প্রবেশ করল। সর্বশেষ ২০২৪ সালের জরিপে বাংলাদেশ ১০০তম অবস্থানে ছিল। শুক্রবার (২০ নভেম্বর) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, এবার দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ইজিডিআই স্কোর (০ দশমিক ৬৮৯৩) অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে ‘উচ্চ ইজিডিআই’ (হাই ইজিডিআই) শ্রেণিতে নিজেদের অবস্থান ধরে রেখেছে দেশ।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বরাতে প্রতিবেদনে আরও জানানো হয়, সূচকটির দুটি উপাদানেও বাংলাদেশ সর্বকালের সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। এর মধ্যে ‘অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই)’ স্কোর দাঁড়িয়েছে ০ দশমিক ৮১ এবং ‘টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স (টিআইআই)’ স্কোর হয়েছে ০ দশমিক ৬৯।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (ইউএন ডেসা) প্রতি দুই বছর অন্তর এই জরিপ প্রতিবেদন প্রকাশ করে। ‘জাতিসংঘ ই-গভর্নমেন্ট জরিপ ২০২৬’-এর ফলাফল অনুযায়ী, এই র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।

সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো দেশের ই-গভর্নমেন্ট ব্যবহারের প্রস্তুতি, সক্ষমতা ও অগ্রগতি নির্দেশ করে ইজিডিআই সূচক। অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স এই তিনটি সূচকের সমন্বিত গড় হিসাব করে এটি নির্ণয় করা হয়।

এবারের জরিপে বিশ্বব্যাপী গড় ইজিডিআই স্কোর ৪ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ২০২৪ সালে বৈশ্বিক গড় স্কোর ছিল ০ দশমিক ৬৩৮২, যা ২০২৬ সালে দাঁড়িয়েছে ০ দশমিক ৬৬৭৫-এ। বাংলাদেশের অর্জিত ০ দশমিক ৬৮৯৩ স্কোর এই বৈশ্বিক গড়ের চেয়েও বেশি।

মূল্যায়ন করা ১৯৪টি দেশের মধ্যে বর্তমানে ১৫১টি দেশ ‘উচ্চ’ অথবা ‘অতি উচ্চ’ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত হয়েছে। ২০২৪ সালের প্রতিবেদনে এই সংখ্যা ছিল ১৩৮টি।

সূত্র: বাসস


নির্বাচিত

প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বাসস

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর।

এ সময় প্রধানমন্ত্রীও তাদের হাতে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী উপহার দেন।

আজ শুক্রবার বনানীর নৌবাহিনী কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের সঙ্গে কিছু সময় কাটান।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।

তিনি জানান, এ সময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কে কোন খেলা পছন্দ করে, তা জানতে চান।

শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক আলাপচারিতার একপর্যায়ে প্রধানমন্ত্রী তাদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দেন।

এ সময় শিশুরা প্রধানমন্ত্রীকে তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে শিশু-কিশোরদের এ আনন্দঘন মুহূর্তটি উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।


নির্বাচিত

banner close