হিলি স্থলবন্দর বাজারে জিরার দাম কেজিতে ৪০০ টাকা কমেছে। ১ হাজার ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া জিরা বর্তমানে ৭২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দিনাজপুর হিলি স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ হারুন জানান, চলতি বছর ফেব্রুয়ারি মাসে সরকার মসলা আমদানির অনুমতি দেওয়ায়, মসলা ব্যবসায়ীরা ভারত থেকে জিরা আমদানির কারণে দাম কমে গেছে।
তিনি জানান, চলতি বছর ভারতে জিরার ফলন ভালো এবং আমদানি বেশি হওয়ায় দাম কমে গেছে। গত দুই মাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজি প্রতি ৪০০ টাকা।
সোমবার সকালে হিলি স্থলবন্দর বাজার ঘুরে জানা যায়, গতবছর ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি হিসেবে প্রতি কেজি জিরা বিক্রি হয়েছে। ভারতে জিরার ফলন কম এবং আমদানি কমের অজুহাতে দাম বাড়তে থাকে। সর্বশেষ বিক্রি হচ্ছিল ১ হাজার ১২০ টাকা কেজি দরে।
হিলি স্থলবন্দর বাজারে ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, গত দু’দিন থেকে ভারতীয় আমদানিকৃত কাকা জিরা ৭২০ টাকা, বাবা জিরা ৭২০ টাকা, মধু জিরা ৭২০ টাকা, অমরিত জিরা ৭২০ টাকা, সোনা জিরা ৭৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৭৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে, দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা। মসলা কিনতে আসা আব্দুল খালেক বলেন, এক বছর ধরে জিরার দাম আকাশছোঁয়া। ১০০ গ্রাম জিরা ৪০ টাকা দিয়ে কিনেছিলাম। সেই জিরা কিনতে হয়েছিল ১০০ টাকায়। বর্তমানে দাম অনেকটা কমে গেছে।
হিলি মসলা বাজারের ব্যবসায়ী সামসুল ইসলাম বলেন, গতবছর ভারতে জিরার ফলন কম এবং আমদানি কম হওয়ার কারণে জিরার দাম অতিরিক্ত বেড়ে গিয়েছিল। পবিত্র রমজান মাসকে উপলক্ষ করে হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগ ও ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় বর্তমানে ভারত থেকে নতুন জিরা আমদানি হচ্ছে। তাই দাম কেজিতে প্রায় ৪০০ টাকা কমে গেছে। ৭১০ টাকা কেজি দরে কিনে ৭২০ টাকায় বিক্রি করছি। আশা করছি, আগামীতে জিরার দাম আরও কমবে।
হিলি স্থলবন্দর কাস্টমস বিভাগের যুগ্ম-কমিশনার মোহাম্মদ বায়জিদ হোসেন সোমবার দুপুরে মোবাইল ফোনে বলেন, আগামী রমজান মাসের বাজার দর নিয়ন্ত্রণের প্রক্রিয়ায় মসলার বাজার দর জনসাধারণ ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ব্যবসায়ী ও কাস্টমস বিভাগ যৌথ প্রচেষ্টা চালিয়ে জিরার মূল্যসহ অন্যান্য মসলার বাজারদর নিয়ন্ত্রণের চেষ্টা সফলভাবে চালিয়ে যাচ্ছি। আশা করছি এই সফলতা অর্জিত হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১০ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার বিপিএম-সেবা স্বাক্ষরিত দুই পৃথক আদেশে এসব পদায়ন করা হয়। তবে শনিবার (১৪ মার্চ) ডিএমপি থেকে এ তথ্য জানানো হয়।
ডিএমপি হেডকোয়ার্টার্সের এক আদেশে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-লালবাগ বিভাগ) এনায়েত কবীর সোয়েবকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-মিরপুর বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
অপরদিকে সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-ওয়ারী বিভাগ) এম এম সবুজ রানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তরা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে।
ডিএমপি হেডকোয়ার্টার্সের আরেক আদেশে সহকারী পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) আরিফুল ইসলাম সরকারকে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক-মতিঝিল বিভাগের (ট্রাফিক-রামপুরা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ) ইমরানুল ইসলামকে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সবুজবাগ জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-সবুজবাগ জোন) তৌফিক আহমেদকে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) জান্নাতুল ফেরদৌসকে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-সবুজবাগ জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (ইকুইপমেন্ট-লজিস্টিক বিভাগ) মো. সাইদুর রহমান শেখকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (তেজগাঁও শিল্পাঞ্চল জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
অপরদিকে, সহকারী পুলিশ কমিশনার (পিওএম-পূর্ব বিভাগ) শুভ্র দেবকে ট্রাফিক-রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ধানমন্ডি জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
সহকারী-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) হাসান রাশেদ পরাগকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরা পশ্চিম) হিসেবে পদায়ন করা হয়েছে।
সহকারী-পুলিশ কমিশনার (ট্রাফিক-রামপুরা জোন) এ কে এম নছরুত হাসানকে ট্রাফিক-ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-ডেমরা জোন) হিসেবে পদায়ন করা হয়েছে।
দেশের আরও পাঁচটি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি কর্পোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো’।
এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, রাজশাহী সিটিতে মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটিতে মো, রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটিতে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটিতে মো. ইউসুফ মোল্লা।
প্রজ্ঞাপনে জানানো হয়, নিয়োগ পাওয়া প্রশাসকগণ স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪' এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে।
আজ শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
কমিটির সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে আরও অংশগ্রহণ করেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির।
জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং ৩০ এপ্রিল অধিবেশন শেষ হবে বলে সিদ্ধান্ত হয় বৈঠকে। এ ছাড়া প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে
অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১-এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ২৭টি এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত-প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
শনিবার (১৪ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি জানান, আগামীকাল সংসদের অধিবেশন শেষে তা ২৮ মার্চ পর্যন্ত মুলতবি থাকবে। এরপর ২৯ মার্চ থেকে পুনরায় অধিবেশন শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
বৈঠকে প্রথম অধিবেশনে কী কী বিষয় উত্থাপন করা হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সংস্কার সংক্রান্ত বিষয়ে সংসদে সিদ্ধান্ত হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে দুপুর সাড়ে ১২টায় বৈঠক শুরু হয়। এতে প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাসহ কমিটির অন্যান্য সদস্যরা অংশ নেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার মো. আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার তার জামিনের কাগজ কারাগারে পৌঁছায়।
পরে যাচাই-বাছাই শেষে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে।
এ সময়ে তাঁর স্ত্রীসহ স্বজনেরা কারাগারে উপস্থিত ছিলেন।
খুব অল্প সময়ের মধ্যে বন্ধ পাটকল চালু হবে বলেছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম।
তিনি বলেন, পাট আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও জীবনের সঙ্গে মিশে আছে। একসময় সোনালী আঁশের মাধ্যমে বাংলাদেশের পরিচিতি ছিল। আজকে এটা প্রায় অনেকটা পিছিয়ে গেছে। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতেই ছিল বন্ধ পাটকল মিল আবার চালু করা হবে। সেই প্রতিশ্রুতিতে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই খাতে বৈচিত্র্য এনে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইন্সটিটিউট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা জানেন আমাদের সরকারের বয়স খুবই কম তবুও আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করছি যাতে খুব অল্প সময়ের মধ্যে এগুলো দৃশ্যমান হয়। পাশাপাশি পাট ও পাটের বীজের উৎপাদন বৃদ্ধি করা, বন্ধ মিল কারখানা গুলো চালু করা, কর্মসংস্থান সৃষ্টি করার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছি।
২০০১ সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্লাস্টিককে নিষিদ্ধ করেছিলেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এর ধারাবাহিকতায় আমরা আবার মানুষকে প্লাস্টিকের বিরুদ্ধে জনমত গড়ে তুলে আমরা এই চট ও পাটের দ্রব্যাদি ব্যবহারের জন্য উদ্বুদ্ধ করব। ইতোমধ্যে আত্ম মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন অফিসে পাটপণ্যের ব্যবহার বাড়াতে আমরা উদ্যোগী হচ্ছি। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যেসব জায়গায় পাট ও চটের ব্যবহার করা যায় সেগুলো নিশ্চিত করা হবে।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, গণপূর্ত বিভাগ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী মো.শহীদুল ইসলাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচীব মাসুদ রানা পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লবসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বর্তমান সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে।
প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলায় খাল খননের মাধ্যমে ‘দেশব্যাপী নদী-নালা-খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচির উদ্বোধন করবেন।
একইসঙ্গে আরও ৫৩টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন।
এ কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে; কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে। একইসঙ্গে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরতা হ্রাস পাবে; যার ফলে খরা, বন্যা ও জলাবদ্ধতা হ্রাসে সহায়ক হবে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখা থেকে এক পত্রের মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শনিবার (১৪ মার্চ) সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। নিউইয়র্ক যাওয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে সংক্ষিপ্ত যাত্রা বিরতি করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গনমাধ্যমকে জানান, নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কে অবস্থানকালে ড. খলিলুর রহমান কয়েকটি বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন। সাধারণ পরিষদের সভাপতিত্ব পাওয়ার দৌড়ে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এসব বৈঠক অনুষ্ঠিত হবে।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের কূটনীতিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আরও জোরালো করার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে।
ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের মাসিক সম্মানি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানি ভাতা দেওয়ার ঘোষণা আগেই দিয়েছিল বিএনপি।
ঘোষণা অনুযায়ী, প্রতিটি মসজিদে মাসিক ভাতা ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার টাকা করে পাবেন।
প্রতিটি মন্দিরের জন্য ৮ হাজার টাকা দেওয়া হবে। যা থেকে পুরোহিত ৫ হাজার এবং সেবাইত ৩ হাজার টাকা পাবেন। প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য ৮ হাজার টাকা দেওয়া হবে। যার মধ্যে বিহার অধ্যক্ষ ৫ হাজার এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা পাবেন।
এ ছাড়া প্রতি চার্চের জন্য ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। যারমধ্যে পালক/যাজক ৫ হাজার ও সহকারী পালক/যাজক ৩ হাজার টাকা পাবেন।
মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে বৈশ্বিক পরিস্থিতিতে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে জ্বালানি তেল, গ্যাস, সার, পরিবহন ব্যয় ও বৈদেশিক মুদ্রার ওপর। এই ঝুঁকি মোকাবিলায় জ্বালানি নিরাপত্তা, খাদ্য ও কৃষি উপকরণ সরবরাহ, বিদ্যুৎ উৎপাদন এবং বাজার স্থিতিশীলতার ওপর জোর দিচ্ছে বিএনপি সরকার। সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার, ব্যবসায়ীদের আস্থা অর্জন এবং সুশাসন প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধিতে ‘ফার্মারস কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন, সার্কুলার অর্থনীতির মাধ্যমে বর্জ্যকে জ্বালানিতে রূপান্তর, তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা পুনরায় চালুর উদ্যোগ এবং দুর্নীতি রোধ ও বাজার স্থিতিশীল রাখার কার্যকর পদক্ষেপ। এছাড়া গণতান্ত্রিক অর্থনীতি প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সম্প্রতি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট সংকটের বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ কারণেই সরকার উদ্যোগ নিয়েছে অর্থনীতিকে স্থিতিশীল রাখতে উৎপাদন সচল রাখা এবং মানুষের জীবনযাত্রায় অপ্রয়োজনীয় কষ্ট বাড়তে না দেওয়া।
তিনি বলেন, আমরা দ্রুত উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছি, যার কাজ হলো যুদ্ধ পরিস্থিতির সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় একটি কার্যকর ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রস্তুত করা। কমিটিতে অর্থ, জ্বালানি, বাণিজ্য, স্বরাষ্ট্র, প্রবাসী কল্যাণ, খাদ্য ও স্থানীয় সরকারের মতো সব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়কে যুক্ত করা হয়েছে, যাতে সমন্বিত এবং বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও তা বাস্তবায়ন করা সম্ভব হয়।
তিনি বলেন, আমাদের প্রস্তুতি কয়েকটি স্তরে এগোচ্ছে। প্রথমত, জ্বালানি তেল, এলএনজি ও সারের মজুত, আমদানি ও সরবরাহ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দ্বিতীয়ত, বিকল্প উৎস থেকে সরবরাহ নিশ্চিত করার জন্যও কাজ চলছে। তৃতীয়ত, প্রয়োজন হলে বিদ্যুৎ, কৃষি ও জরুরি খাতকে অগ্রাধিকার দিয়ে জ্বালানি বণ্টনের ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আমরা প্যানিক রেসপন্স নয়, প্ল্যানড রেসপন্সের পথে হাঁটছি।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ। বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পরদিন থেকেই রমজান মাস শুরু হয়েছে। প্রস্তুতির জন্য খুব বেশি সময় না থাকলেও দেশে যে পরিমাণ খাদ্যপণ্যের সরবরাহ মজুত আছে, তা দিয়ে বাজারমূল্য স্থিতিশীল রাখা সম্ভব, শঙ্কার কোনো কারণ নেই।
খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, ২০২৬ সালের পৃথিবীতে টিকে থাকতে হলে আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অর্জন করতে হবে। বৈশ্বিক পরিসরে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিতে আগামী পাঁচ বছরের প্রতিটি দিন, প্রতিটি ঘণ্টা আমরা পরিকল্পরা বাস্তবায়নের জন্য কাজ করব।
দেশের রপ্তানি পরিস্থিতি নিয়েও কথা বলেন খন্দকার আবদুল মুক্তাদীর। তার মতে, চার-পাঁচ মাস ধরে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক ধারায় আছে, যার প্রভাব বাজারে পড়েছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে রপ্তানি খাতে বৈচিত্র্য আনার বিকল্প নেই। আগামী দিনে বিষয়গুলো মোকাবিলা করাই সরকারের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
এদিকে অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির কঠিন একসময়ে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরে নানা চড়াই-উত্রাইয়ে নিজেকে ‘শাণিত’ করা তারেক রহমান এমন একসময় বাংলাদেশকে সাজানোর ক্ষমতা পেয়েছেন, যখন ব্যাংক খাত লুটপাটে পথহারা। দেশ চলছে ধারদেনায়।
অর্থনীতি বিশ্লেষক ও ফিন্যানশিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদ বলেন, একটি রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে, বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকারের প্রথম এবং প্রধান কাজ ভেঙে পড়া অর্থনৈতিক কাঠামোকে মেরামত করা। দীর্ঘদিনের লুণ্ঠনমূলক অর্থনীতি আর সুশাসনের অভাব বিনিয়োগকারীদের মনে যে গভীর আস্থাহীনতা তৈরি করেছে, তা দূর করাই প্রধান চ্যালেঞ্জ।
অর্থনীতি বিশ্লেষক মামুন রশীদ আরো বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধারকে অগ্রাধিকার দিয়ে একটি ‘ক্র্যাশ প্রোগ্রাম’ হাতে নিতে হবে। সবার আগে ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো এবং খেলাপি ঋণের সংস্কৃতি বন্ধ করতে কঠোর পদক্ষেপ প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন নিশ্চিত করে একটি শক্তিশালী ও গতিশীল মুদ্রানীতি প্রণয়ন করতে হবে, যা কেবল কাগজ-কলমে নয়, বাস্তবে মূল্যস্ফীতি কমিয়ে সাধারণ মানুষের মনে স্বস্তি ফেরাবে। হুন্ডি বন্ধ করে বৈধ পথে রেমিট্যান্স আনা এবং রপ্তানি বহুমুখীকরণে বিশেষ প্রণোদনা দিতে হবে। অর্থনৈতিক পুনরুদ্ধারে সবচেয়ে বেশি জোর দিতে হবে বেকারত্ব, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, বৈদেশিক মুদ্রার তারল্য আর ব্যবসায়ের পরিবেশ তৈরিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নিট পোশাক রপ্তানি খাতের উদ্যোক্তা ও বিকেএমইএর সাবেক প্রেসিডেন্ট ফজলুল হক বলেন, ‘আমরা ব্যবসায়ীরা নির্বাচনের আগে তারেক রহমানকে আমাদের সমস্যার কথা জানিয়েছিলাম। বিশেষ করে আইন-শৃঙ্খলার উন্নতি করা, জনজীবন-ব্যবসায় মব কালচার নিয়ন্ত্রণ করা, ব্যাংক খাত পুনর্গঠন, সুদের হার কমানো, জ্বালানি সরবরাহ বাড়ানো, সুশাসন নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে তিনি খুবই আন্তরিক।
মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সেখানে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সরকারি এক তথ্যবিবরণীতে এ কথা বলা হয়েছে।
তথ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এ বিবরণীতে বলা হয়, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
এতে আরও বলা হয়, ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আঘাত হেনেছে আচমকা বজ্রসহ বৃষ্টি। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আচমকা বজ্রসহ বৃষ্টিতে ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যার পর শুরু হওয়া এই ঝড় ও তীব্র শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে জনজীবন।
রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, মগবাজারসহ বিভিন্ন এলাকায় বড় বড় আকারের শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। এঝড়ে অনেক এলাকায় গাছপালা ভেঙে পড়ার উপক্রম হয়।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে প্রথম দিন রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শনিবার (১৪ মার্চ) দ্বিতীয় দিনেও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এদিকে আচমকা এ ঝড়ে ঠাকুরগাঁওয়ে এক স্কুল ছাত্রের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়া নেত্রকোনায় বজ্রপাতে ২ জন নিহত হয়েছেন।
নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সংসদে ওয়াকআউট প্রচলিত রীতি; তবে সেখানে স্লোগান দেওয়া ঠিক নয়, এটি রেওয়াজের বাইরে। শুক্রবার (১৩ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বলেছেন তিনি।
স্পিকার বলেন, ‘সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। তবু তারা মোটামুটি শৃঙ্খলাবদ্ধ ছিল। তবে সংসদে স্লোগান দেয়া ঠিক না, এটা সংসদের রেওয়াজের বাইরে।’
জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
স্পিকার বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত প্রকৃত এ সরকার মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার বাস্তবায়ন ও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধ রাষ্ট্র গঠন করবে বলে আমি বিশ্বাস করি এবং সংসদ হবে তার কেন্দ্রবিন্দু।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি জাতীয় সংসদে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য দল থেকে পদত্যাগ করেছি। বিরোধী দল সংসদে যথেষ্ট সুযোগ পাবে। স্বৈরাচার হটানোর আন্দোলনে আমরা একই সাথে ছিলাম। তাদের প্রতি আমাদের যথেষ্ট সহনশীলতা রয়েছে। সংসদ পরিচালনায় আমার ভূমিকা হচ্ছে ক্রিকেট খেলায় আম্পায়ারের মতো নিরপেক্ষ অবস্থান।’
তিনি আরও বলেন, ‘জাতীয় স্মৃতিসৌধ একটি পবিত্রতম স্থান যা বাংলাদেশের স্বাধীনতার ধারক ও বাহক। এখানে শ্রদ্ধা নিবেদন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান বোধ করছি ও অনুপ্রাণিত হয়েছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি।’
তিনি বলেন, ‘আমি নিজেও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অধীনে রণাঙ্গনে যুদ্ধ করার সৌভাগ্য হয়েছে। যুদ্ধে আমি আহত হয়েছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি গত ১৭ বছর বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী, ছাত্র, অভিভাবকসহ নানা শ্রেণিপেশার মানুষ যারা মাফিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করে স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে গিয়ে শহীদ হয়েছেন।’
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।