২৫ ফেব্রুয়ারি দেশের ইতিহাসের এক কালো দিন। ১৫ বছর আগে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সাবেক বিডিআর ও বর্তমান বিজিবি সদর দপ্তরে ঘটে মর্মান্তিক ও নৃশংস এক হত্যাযজ্ঞ।
এদিন সকালে পিলখানা সদর দপ্তরের দরবার হলে সকাল ৯টা ২৭ মিনিটে একদল বিদ্রোহী বিডিআর সৈনিক অস্ত্র হাতে ঢুকে পড়ে চলমান বার্ষিক দরবারে। বিদ্রোহী বিডিআর সৈনিকরা তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের বুকে অস্ত্র তাক করে। কিছু বুঝে উঠার আগেই শুরু হয় গোলাগুলি। ঘটে ইতিহাসের ঘৃণ্যতম নারকীয় হত্যাযজ্ঞ।
সেদিন বিদ্রোহী বিডিআর জওয়ানরা ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করে। প্রতিবছরের মতো এবারও বিডিআর বিদ্রোহের এই দিনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজিবির (বর্ডার গার্ড বাংলাদেশ) পক্ষ থেকে সকালে বিজিবি সদর দপ্তর, বিভিন্ন রিজিয়ন, সেক্টর ও ইউনিটগুলোতে বাদ ফজর পবিত্র কোরআন খতম, বিজিবির সব মসজিদ এবং বিওপিতে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদের ব্যবস্থা করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ হবে।
সেদিন পিলখানায় যা ঘটেছিল: প্রত্যক্ষদর্শীর বর্ণনা, মামলার তদন্ত ও বিচারের পর্যবেক্ষণে উঠে এসেছে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানার নৃশংস ঘটনাগুলো। সেদিন বিদ্রোহী জওয়ানরা ঊর্ধ্বতন সেনা কর্মকতাদের হত্যা করার পর জিম্মি করেছিল তাদের পরিবারের সদস্যদের। পুরো পিলখানাজুড়ে সৃষ্টি হয়েছিল ভীতিকর বীভৎস পরিস্থিতি। বিজিবি সদর দপ্তর পিলখানায় সেদিন বিদ্রোহী বিডিআর সৈনিকরা যে নারকীয় তাণ্ডব চালিয়েছিল, পৃথিবীর ইতিহাসে কোনো বিদ্রোহে এমন ঘটনা ঘটেনি। এমনকি বিশ্বযুদ্ধের সময়ও এক দিনে এত সেনা কর্মকতা নিহত হয়নি।
দেশ-বিদেশে আলোচিত এই পিলখানা হত্যাকাণ্ডের মামলার রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালত বলেছেন, ওই ঘটনা ছিল রাষ্ট্রের স্থিতিশীলতা ও অর্থনৈতিক-সামাজিক নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্র। শুধু তাই নয়, ষড়যন্ত্রের মাধ্যমে একটি দক্ষ, প্রশিক্ষিত বাহিনীকে ধ্বংসেরও চেষ্টা। বিডিআর জওয়ানরা দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়াসহ স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর প্রত্যক্ষ হুমকির বহিঃপ্রকাশ ঘটিয়ে যে কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি করেছে, সেই কলঙ্কের চিহ্ন তাদের বহুকাল বহন করতে হবে।
সংশ্লিষ্টরা জানান, সেদিন সকাল ৯টার পরপরই তৎকালীন বিডিআর সদর দপ্তরে গোলাগুলির শব্দ শোনা যেতে থাকে। সবাই ভেবেছিল এসব চলমান বিডিআর সপ্তাহের কোনো কর্মসূচির ঘটনা। কিছুক্ষণ পর জানা যায়, বিডিআর জওয়ানরা পিলখার নিয়ন্ত্রণ নিয়েছে। শুধু তাই নয়, বিদ্রোহী জওয়ানরা ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের হত্যা করছে। বিদ্রোহের প্রথম দিন দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচর বেড়িবাঁধের কাছে একটি ম্যানহোলের মুখে দুই সেনা কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ পওয়া যায়। বোঝা যায়, পিলখানার ভেতরে হত্যাকাণ্ড ঘটছে। এতে সারা দেশে শোরগোল পড়ে যায়। চায়ের দোকান থেকে সর্বত্র চলতে থাকে আলোচনা-সমালোচনা।
বিদ্রোহের এই ঘটনার পর সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন। এদিকে পিলখানার চারদিক ঘিরে ভারী অস্ত্র নিয়ে অবস্থান নেয় সেনাবাহিনী। এরই মধ্যে পিলখানার পর সারা দেশ থেকে আসতে থাকে বিভিন্ন জেলায় বিডিআর দপ্তরের বিদ্রোহের খবর। বিদ্রোহের মধ্যেই একপর্যায়ে সরকারের পক্ষ থেকে বিদ্রোহীদের সঙ্গে আলোচনায় বসা হয়। এই আলোচনায় নেতৃত্ব দেন তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, হুইপ মীর্জা আজম ও সংসদ সদস্য ফজলে নূর তাপস। পরে ওইদিন বিকেলে বিদ্রোহীরা তাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করে। এরপর রাতে পিলখানার প্রধান ফটকের পাশে একটি রেস্তোরাঁয় আলোচনায় বসেন তৎকালীন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন। পরে গভীর রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ কয়েকজন পিলখানার ভেতরে প্রবেশ করেন। তার কাছে অস্ত্র সমর্পণ করে বিদ্রোহী বিডিআর সদস্যরা। পরে বিদ্রোহীদের হাতে জিম্মি হওয়া কয়েকজন সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে বের হয়ে আসেন সাহারা খাতুন।
জানা যায়, বিদ্রোহীদের একটি অংশ আত্মসমর্পণ করলেও পরদিন পর্যন্ত আরেক অংশের হাতে পিলখানার নিয়ন্ত্রণ ছিল। একপর্যায়ে পরদিন সকাল থেকে পিলখানা থেকে বিদ্রোহী বিডিআর সদস্যরা পলিয়ে যাওয়া শুরু করে। পরে পুলিশ ও সেনাবাহিনী পিলখানার নিয়ন্ত্রণ নেয়। ৩০-৩৪ ঘণ্টার তাণ্ডবের পর বিদ্রোহ শেষ হলেও পিলখানায় তখন একের পর এক আবিষ্কার হতে থাকে গণকবর। এতে সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতি।
বিদ্রোহী জওয়ানরা ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করে গণকবর দিয়ে রাখে। এই গণকবর থেকে উদ্ধার করা হয় তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রীসহ অর্ধশতাধিক সেনা কর্মকর্তার ক্ষতবিক্ষত মরদেহ। রক্তাক্ত সেই বিদ্রোহের পর দেশের সীমান্ত রক্ষাকারী এই বাহিনীর নাম পরিবর্তন করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) করা হয়। পরিবর্তন করা হয় তাদের পোশাকও।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই সফরের ফলে দুই বন্ধুপ্রতিম দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হয়েছে।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর বিদেশ সফর উপলক্ষে স্থানীয় সরকার মন্ত্রী ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন এবং বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে প্রস্তাবটি কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতা পুনঃপ্রতিষ্ঠার পর নতুন সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করেছে। একই সঙ্গে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করেছে।
তিনি জানান, সফরকালে বিশেষ করে চীনের সঙ্গে ১৭টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে মালয়েশিয়া ও চীন বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে, যা এ ইস্যুতে সরকারের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।
স্থানীয় সরকার মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরের আগে বা পরে জনসমাগমনির্ভর সংবর্ধনার প্রচলিত সংস্কৃতি পরিহার করে রাষ্ট্র পরিচালনায় সংযম, দায়িত্বশীলতা ও জনবান্ধব রাজনৈতিক চর্চার একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এই উদ্যোগ দেশের রাজনৈতিক সংস্কৃতিকে আরও ইতিবাচক ও আধুনিক ধারায় এগিয়ে নিতে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন।
মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে অর্জিত সমঝোতা ও সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বৈদেশিক বিনিয়োগ, আঞ্চলিক সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
মালয়েশিয়া ও চীন সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে নিজের প্রথম বিদেশ সফর অত্যন্ত সফলতার সঙ্গে সমাপ্ত করেছেন প্রধানমন্ত্রী। স্বদেশে ফিরেই পরদিনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
আজ শনিবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে শায়িত পিতা-মাতার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সেখানে পবিত্র ফাতেহা পাঠ করেন এবং মোনাজাতের মাধ্যমে মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন। ওই সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এর আগে শুক্রবার (২৬ জুন) রাত ৮টা নাগাদ প্রধানমন্ত্রী ও তার সফরকারী দলকে বহনকারী বিশেষ বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রীকে পুষ্পস্তবকে বরণ করে নেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য যে, জাতীয় সংসদের চলমান অধিবেশনে যোগদানের প্রাক্কালে পূর্বনির্ধারিত সূচির বাইরে গিয়েই শেরেবাংলা নগরের মাজার কমপ্লেক্সে পিতা-মাতার সমাধি জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মালয়েশিয়া ও চীন ভ্রমণে ‘অভূতপূর্ব সাফল্যের’ স্বাক্ষর রাখায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে জাতীয় সংসদে একটি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। আজ শনিবার প্রাতঃকালীন অধিবেশনে সর্বসম্মত সম্মতিক্রমে এই প্রস্তাবটি পাস করা হয়। গত ২১ থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া ও গণচীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সংসদীয় সভার প্রারম্ভে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন। প্রস্তাবটির ওপর সংক্ষিপ্ত পর্যালোচনার পর স্পিকার সেটি ভোটে দিলে বিরোধী দলসহ সকল সদস্য সমর্থন জানান, ফলে এটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্তব্য করেন যে, ‘প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে। এ সফরের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়ন আরও সুদৃঢ় হবে।’ তিনি আরও উল্লেখ করেন যে, ‘অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের পক্ষে এই সফর ছিল অত্যন্ত বলিষ্ঠ পদক্ষেপ। সফরে দেশের নিরাপত্তা প্রশ্নে বিশ্ববাসীরও দৃষ্টি আকর্ষিত হয়েছে। ১৯৭১ সালে জাতি ত্যাগ ও তিতিক্ষার বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে, এরপর বহু কঠিন সময় অতিক্রম করতে হয়েছে। অতীতে এমন সরকারও ছিল যারা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি।’ সংসদ প্রধানের এই সফল রাষ্ট্রীয় সফরের কারণে দেশবাসী নতুন করে স্বপ্ন দেখছেন এবং ‘বর্তমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর এই সফরের ফলে দেশবাসী আশান্বিত হয়েছেন এবং সাধারণ মানুষও সফরটি সফলভাবে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছেন।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে ব্যক্ত করেন যে, ‘এ সফরটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। সফলতার সঙ্গে প্রধানমন্ত্রী অনেকগুলো চুক্তি সম্পন্ন করেছেন। চীন ও মালয়েশিয়ার সঙ্গে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।’ পূর্ববর্তী শাসনের সমালোচনা করে তিনি জানান যে, ‘ফ্যাসিবাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে যাওয়ার সময় ও দেশে ফিরে সংবর্ধনা নিতেন’ তবে তারেক রহমান এই সংস্কৃতি রদ করেছেন। মির্জা ফখরুল আরও বলেন, ‘তারেক রহমান এই চর্চা বন্ধ করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন, কোনো ধরণের সংবর্ধনা দেওয়া যাবে না।’ এই সফরে চীনের সঙ্গে ১৭টি এমওইউ হয়েছে। চীনের রাষ্ট্রপতি সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া ও গণচীনের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তারা তাদের ভূমিকা অক্ষুণ্ণ রাখবেন।’
আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন প্রধানমন্ত্রী শুরু করেছেন। উনি যাওয়া বা আসার সময় বিমানবন্দরে হাজার লোকের সংবর্ধনা নেননি। সফর ছিল বাংলাদেশের পররাষ্ট্রনীতির উপর ভিত্তি করে। প্রতিটি দেশের সম্পর্ক হবে পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থ, কারও হস্তক্ষেপ নয় এবং নিজস্ব সার্বভৌমত্বের ভিত্তিতে। প্রধানমন্ত্রীর সফর তা করেছেন।’ মালয়েশিয়া ও চীনের সাথে দ্বিপাক্ষিক নানাবিধ স্বার্থের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটা আগামীর বাংলাদেশের রাজনীতি শুধু নয়, বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে, পররাষ্ট্রনীতি কেমন হবে, তা নিশ্চিত করেছে।’
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, ‘দেশটা সবার। আমরা সবাই স্বাধীন পররাষ্ট্রনীতির কথা বলে থাকি। এক্ষেত্রে বিরোধী দল হিসেবে আমাদের যেটুকু করণীয়, সরকারকে আশ্বস্ত করছি, সহযোগিতা করব। যে দুই দেশে সফর হয়েছে, তারা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু।’ দেশের বাণিজ্য পরিস্থিতি নিয়ে জামায়াতে ইসলামীর আমির মন্তব্য করেন যে, ‘বাংলাদেশ একটি আমদানিনির্ভর দেশ। আমাদের রপ্তানির চেয়ে আমদানি অনেক বেশি। রপ্তানি বৃদ্ধিতে সংক্ষিপ্ত, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। আশা করি, প্রধানমন্ত্রী তার সফরে এ বিষয়গুলোতে আলোচনা করেছেন। স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে, বিদেশের সঙ্গে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে তা এই সংসদে নিয়ে আসা উচিত। সমঝোতা স্বারক বা চুক্তি যাই হোক সেটা হবে দুই দেশের স্বার্থের ভিত্তিতে। আমরা কাউকে ক্ষতিগ্রস্ত করতে চাই না। আমরাও ক্ষতিগ্রস্ত হতে চাই না। সরকার যেনো সংসদকে এড়িয়ে কিছুই না করে।’
আলোচনার সমাপ্তিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ধন্যবাদ প্রস্তাবটি পুনরায় কণ্ঠভোটে দিলে সেখানে বলা হয়, ‘সংসদের অভিমত এই যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের ২১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছে।’ কণ্ঠভোটে প্রস্তাবটি সর্বসম্মতভাবে গৃহীত হয়।
ছয় দিনের এই গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সফর শেষে গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধিদল। সেখানে তাকে অভ্যর্থনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় সফরে চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও সার্বিক উন্নয়নে যৌথভাবে কাজ করার ব্যাপারে চীনের শীর্ষ নেতৃত্ব সম্পূর্ণ ঐকমত্য পোষণ করেছে বলেও তিনি নিশ্চিত করেন।
শুক্রবার (২৬ জুন) রাতে মালয়েশিয়া ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের ব্রিফিংকালে মাহদী আমিন এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। এ সময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, সুজন মাহমুদ, শাহাদাৎ স্বাধীন এবং সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক খান উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপদেষ্টা মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর এই মালয়েশিয়া ও চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে অত্যন্ত ইতিবাচক অগ্রগতি অর্জিত হয়েছে। সফরে মালয়েশিয়া ও চীনের সঙ্গে বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থ এবং দ্বিপক্ষীয় বাণিজ্যের কীভাবে সর্বোচ্চ উন্নয়ন করা যায়, সেই সমস্ত বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ ও সুনির্দিষ্ট আলোচনা হয়েছে। বিশেষ করে চীনের রাষ্ট্রপতির পক্ষ থেকে দেওয়া করিডরের প্রস্তাবের বিষয়টি বাংলাদেশ অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছে, যা আগামী দিনে এ দেশীয় ব্যবসা-বাণিজ্য ও বিদেশি বিনিয়োগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মাইলফলক হিসেবে কাজ করবে।
এর আগে গত ২১ জুন রাষ্ট্রীয় সফরের প্রথম ধাপে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পূর্বনির্ধারিত বিভিন্ন দ্বিপক্ষীয় কর্মসূচিতে অংশগ্রহণের পরদিনই অর্থাৎ ২২ জুন বিকেল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন।
চীন সফরকালে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে এক বিশেষ দ্বিপক্ষীয় সাক্ষাৎসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেন। সফরের শেষ ভাগে শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ে চীনের রাষ্ট্রপতির সঙ্গে শীর্ষ বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী।
এরপর বাংলাদেশ সময় বিকেল ৩টায় বেইজিং বিমানবন্দর থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইটটি রাত পৌনে ৮টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক বিদেশ সফর।
দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া ও চীন সফর শেষে রাজধানী ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলকে বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সরকারের মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশে ফিরেছেন। এর আগে বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল সোয়া ৫টায় তাঁরা ঢাকার উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করেন।
উল্লেখ্য, গত ২১ জুন রাষ্ট্রীয় সফরের প্রথম ধাপে মালয়েশিয়ায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণের পরদিনই অর্থাৎ ২২ জুন বিকাল ৫টায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হন।
চীন সফরকালে দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠকসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেন তিনি।
সফরের শেষ অংশে শুক্রবার (২৬ জুন) সকালে বেইজিংয়ে চীনের মহামান্য রাষ্ট্রপতির সঙ্গেও শীর্ষ বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে গত ১৭ ফেব্রুয়ারি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর, যা দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি। শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের ঐ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে মন্ত্রী জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যাবতীয় নথিপত্র ইতিমধ্যেই পাঠানো হয়েছে।
বেনজীর আহমেদের বর্তমান অবস্থা ও প্রত্যর্পণ প্রক্রিয়া সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের দূতাবাস সেসব ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় নাই। আশা করি খুব শিগগিরই জানানো হবে।’
সাবেক এই পুলিশ প্রধানকে ফিরিয়ে আনার অগ্রগতি নিয়ে মন্ত্রী আরও জানান, দুবাই থেকে মেইলে তার গ্রেপ্তারের খবর আসার পর তারা ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে বলেছিল। তবে সরকার মাত্র তিন দিনের মধ্যেই সকল নথিপত্র সেখানে পাঠিয়ে দিয়েছে। উল্লেখ্য, গত ১৪ জুন জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম জানিয়েছিলেন যে, র্যাবের সাবেক এই মহাপরিচালক দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন।
বেনজীর আহমেদ অন্য কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করছেন কি না এবং এতে তাকে ফিরিয়ে আনা কঠিন হবে কি না—এমন প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এখনো ইউএই সরকারের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি সে ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতে আছে। অন্য কোনো সংবাদ আমরা জানি না।’ বিভিন্ন গণমাধ্যমে তার পাসপোর্ট নিয়ে নানা গুঞ্জন থাকলেও সরকার বর্তমানে ইউএই কর্তৃপক্ষের পরবর্তী বার্তার জন্য অপেক্ষা করছে। বর্তমানে তিনি দুবাইয়ের ফেডারেল পুলিশের জিম্মায় রয়েছেন বলেই জানা গেছে।
মালয়েশিয়া ও চীনে ছয় দিনের ঐতিহাসিক রাষ্ট্রীয় সফর সফলভাবে সম্পন্ন করে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বেইজিং ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘চায়না সাউদার্ন’-এর একটি বিশেষ ফ্লাইটে ঢাকার পথে যাত্রা শুরু করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে উষ্ণ বিদায় জানান চীনের প্রেসিডেন্টের বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ং। বাংলাদেশের সরকারপ্রধানকে বিদায় জানাতে বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা ও বিশেষ প্রটোকল প্রদান করা হয়। প্রধানমন্ত্রী অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে সফরসঙ্গীদের নিয়ে বিমানে আরোহণ করেন।
প্রধানমন্ত্রীর এই সফরের শুরু হয়েছিল গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফরের মধ্য দিয়ে। সেখানে দুই দিন অবস্থানের পর গত সোমবার তিনি চীনের দালিয়ানে পৌঁছান এবং বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) উচ্চপর্যায়ের সম্মেলনে অংশগ্রহণ করেন। দালিয়ান থেকে গত বুধবার তিনি বুলেট ট্রেনে করে রাজধানী বেইজিংয়ে আসেন। বেইজিং সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়াও তিনি ন্যাশনাল পিপলস কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং বেইজিংয়ে আয়োজিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’ শীর্ষক এক বিনিয়োগ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন।
সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক সৃষ্টি করেছে। বেইজিংয়ে সই হওয়া ১৩টি সমঝোতা স্মারক বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। আজ রাতেই প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
চীনের রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি বিশেষ অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের আলোচনা শেষে বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের এই নতুন দিগন্তকে বাংলাদেশের অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক হিসেবে বর্ণনা করেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন আলোচনার প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে বলেন, ‘আজকে কানেক্টিভিটি নিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিস্তারিত কথা হয়েছে। বৈঠকে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি ইকোনোমিক করিডোর তৈরির প্রস্তাব এসেছে। এই ইকোনোমিক করিডোরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের অর্থনীতির ব্যাপ্তি বাড়ানো, ট্রানজেকশন বাড়ানো এবং মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশনকে আরো এনহ্যান্স করা।’ করিডোর ছাড়াও বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধিতে চীন বিশেষ বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে একটি শক্তিশালী রিজিওনাল হাব বা আঞ্চলিক কেন্দ্রে রূপান্তর করতে এবং মোংলা পোর্টকে আরও বেশি আধুনিক ও সেবাধর্মী করার লক্ষ্যে বেইজিং কারিগরি ও অবকাঠামোগত সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে।
বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বা 'পিপল টু পিপল কানেক্ট' বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষা, সংস্কৃতি, গণমাধ্যম এবং প্রযুক্তির ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ম্যান্ডারিন ভাষাকে তৃতীয় ভাষা হিসেবে অগ্রাধিকার দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে চীন শিক্ষক ও অবকাঠামো দিয়ে সহযোগিতা করবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নেও চীন তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা বাংলাদেশের সাথে শেয়ার করতে আগ্রহী বলে জানানো হয়েছে।
স্বাস্থ্য খাতের আধুনিকায়নে দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে যাচ্ছে। বেইজিংয়ের পক্ষ থেকে বাংলাদেশে রোবোটিক সার্জারিসহ উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা এবং আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশিদের জন্য চিকিৎসার প্রয়োজনে চীন ভ্রমণের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট নিরসনে চীনের ভূমিকা নিয়ে মাহদী আমিন জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বেইজিং যেকোনো ধরনের সংলাপ ও সহযোগিতায় প্রস্তুত রয়েছে।
পররাষ্ট্র ও প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রথমবারের মতো একটি গুরুত্বপূর্ণ সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, যার ফলে আগামী দিনগুলোতে উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত সংলাপের আয়োজন করা হবে। একই সাথে বৈশ্বিক জোট ব্রিকসে (BRICS) বাংলাদেশের অন্তর্ভুক্ত হওয়ার আকাঙ্ক্ষাকে চীন স্বাগত জানিয়েছে। প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে দেশটির টেকসই উন্নয়নে দীর্ঘমেয়াদী সহযোগিতার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এই উচ্চপর্যায়ের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে এবং গুমের সঙ্গে জড়িত দায়ীদের বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘International Day in Support of Victims of Torture-2026’ উপলক্ষে ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ বিষয়ক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালু করা হবে। বিষয়টি চলতি বাজেটেই অন্তর্ভুক্ত করার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে।
তিনি বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান থাকবে। সকল লড়াই-সংগ্রামে সরকার আপনাদের পাশে থাকবে।
সংলাপে বিগত শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। স্বজন হারানোর বেদনাময় স্মৃতিচারণ ও আহাজারিতে মিলনায়তনের পরিবেশ আবেগঘন হয়ে ওঠে।
অনুষ্ঠানে উপস্থিত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন কান্নার সময় নয়, এখন সময় অধিকার আদায়ের, এখন সময় ন্যায়বিচার পাওয়ার। তিনি মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের আশাবাদ ব্যক্ত করেন।
সংলাপে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর মোঃ আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
এই আয়োজনে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং ন্যায়বিচার নিশ্চিত করার বিষয়ে তাঁদের প্রত্যাশা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
মালয়েশিয়া ও চীনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সফল রাষ্ট্রীয় সফর শেষে আজ শুক্রবার রাতে সরাসরি বেইজিং থেকে ঢাকা পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে কোনো প্রকার শোডাউন, রাজনৈতিক মিছিল কিংবা গণজমায়েত না করার জন্য দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং সড়কপথে সাধারণ মানুষের চলাচল সুশৃঙ্খল রাখতে এই বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন যে, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীর মাধ্যমে এই নির্দেশনার কথা সকল স্তরের নেতাকর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর এই দ্বিমুখী সফর বাংলাদেশের কূটনীতি ও অর্থনীতিতে বড় ধরনের সাফল্যের বার্তা নিয়ে এসেছে। বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে ফলপ্রসূ দ্বিপক্ষীয় বৈঠক শেষে দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আগে তাঁর মালয়েশিয়া সফরেও দুই দেশের মধ্যে তিনটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। এই সফরগুলোর মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৬ জুন) এক শোকবার্তায় বাংলাদেশের সরকারপ্রধান এই মর্মন্তুদ ঘটনায় নিজের ব্যথার কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে বহু মানুষের মর্মান্তিক প্রাণহানি এবং ব্যাপক ধ্বংসযজ্ঞে আমরা গভীরভাবে শোকাহত।’
শোকবার্তায় প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ‘যেসব পরিবার তাদের প্রিয়জনদের হারিয়েছেন, তাদের প্রতি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি গভীর সমবেদনা জানাই। আহত প্রত্যেকের দ্রুত সুস্থতা কামনা এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি।’ দুর্যোগের এই ক্রান্তিকালে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছে উল্লেখ করে তিনি ভেনেজুয়েলা সরকারের দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা ও সাফল্য কামনা করেন।
এদিকে ভেনেজুয়েলায় সংঘটিত এই প্রাকৃতিক বিপর্যয়ে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। বুধবার সন্ধ্যায় পর পর দুটি শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজধানী কারাকাসসহ পার্শ্ববর্তী এলাকাগুলো। রিখটার স্কেলে কম্পন দুটির মাত্রা ছিল যথাক্রমে ৭ দশমিক ১ এবং সাড়ে ৭। সবশেষ তথ্য অনুযায়ী, এই ঘটনায় এখন পর্যন্ত ২৩৫ জনের প্রাণহানি নিশ্চিত হওয়া গেছে। ভেনেজুয়েলার স্বাস্থ্যমন্ত্রী কারলোস আলভ্যারাডো জানিয়েছেন যে, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া অনেক মানুষকে বাঁচানো সম্ভব হয়নি। রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দুঃখজনকভাবে অন্তত ২৩৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যারা হয় আগেই মারা গিয়েছিলেন, নয়তো হাসপাতালে আনার পথেই প্রাণ হারিয়েছেন।’ ভয়াবহ এই দুর্যোগের পর কারাকাসের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন।
দেশের মাদক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে সরকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের আত্মরক্ষায় আধুনিক অস্ত্র প্রদানের পাশাপাশি তাদের ক্ষমতা বৃদ্ধির জন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের আধুনিক অস্ত্র দেওয়া হচ্ছে। এজন্য আগামী দুই এক দিনের মধ্যে আইন সংশোধন হবে। আইন সংশোধন হলে তারা আধুনিক অস্ত্র হিসেবে নাইন এমএম অস্ত্র পাবেন।” শুধু অস্ত্র নয়, তাদের কাজের পরিধি ও দক্ষতা বাড়াতে হাজতখানা ও প্রশিক্ষিত কুকুরও সরবরাহ করা হবে। এছাড়া দেশের প্রতিটি জেলায় উন্নত মাদক পরীক্ষার ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সময়ে সিনথেটিক ও সেমি সিনথেটিক মাদকের ব্যাপক বিস্তারের ফলে বিপুল সংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদক চক্রগুলো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করলেও আমাদের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় অস্ত্র না থাকায় পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হয়ে পড়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার আইনের ভিত্তিগুলো আরও শক্তভাবে দাঁড় করাতে বদ্ধপরিকর। পুরনো আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হচ্ছে এবং সাইবার আইনগুলোও আরও কঠোর করা হচ্ছে।
মাদক মামলার জট প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “ঢাকায় মাদকের ৮০ হাজার মামলা হয়েছে। সেগুলো এখনো চলছে।” তিনি সমাজের বিভিন্ন স্তরে নারী, শিশু ও কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষের মাদকে আসক্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। মাদক নির্মূলে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে থাকার আহ্বান জানানোর পাশাপাশি তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার জন্য বিশেষ বার্তা দেন তিনি।
চীনের রাজধানী বেইজিংয়ের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ চীনের স্থানীয় সময় সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
তিনি বলেন, এই সফরের উদ্দেশ্য হলো বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার করা। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, উন্নয়ন প্রকল্প এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
চীনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে দেশটির ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজি একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দেশটির বীরদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের বিপ্লবী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ জুন মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শুরু করেন। পরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস ২০২৬-এ অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিন বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের পর বুধবার বিকেলে বেইজিং পৌঁছান।
বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনাসহ উষ্ণ অভ্যর্থনা জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে সই হয়।
একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে বেইজিংয়ের দিয়াওইউতাই রাষ্ট্রীয় অতিথিশালায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া চীনের পানি সম্পদমন্ত্রী লি গোয়িং প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সফরকালে প্রধানমন্ত্রী ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক একটি বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেন, যা যৌথভাবে আয়োজন করে চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। তিনি চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিংয়ের সঙ্গেও দলীয় পর্যায়ে বৈঠক করেন।
চীনে অবস্থানকালে বিভিন্ন বৃহৎ শিল্পগোষ্ঠীর শীর্ষ নির্বাহী, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ এবং দেশের উন্নয়নযাত্রায় আরও কার্যকর অবদান রাখার বিষয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা আজ বিকেল ৫টায় বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
সূত্র : বাসস