ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী চিন্তাভাবনা ও নির্দেশনায় বাংলাদেশের জাতীয় পতাকা নির্মাণ ও উত্তোলন করা হয়।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ‘পতাকা উত্তোলন দিবস’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
মুক্তিসংগ্রামের ঐতিহাসিক ঘটনাপ্রবাহে এ জাতীয় পতাকা উত্তোলন অন্যতম উল্লেখযোগ্য অধ্যায় অ্যাখ্যায়িত করে উপাচার্য বলেন, এই পতাকা কখন, কোথায়, কীভাবে নির্মাণ ও উত্তোলন করা হবে তা বঙ্গবন্ধু আগেই নির্ধারণ করে রেখেছিলেন।
অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, ‘জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের মৃত্যু পরোয়ানা রচিত হয়েছিল। বঙ্গবন্ধু একজন দূরদর্শী নেতা ছিলেন এবং এই মহান নেতা আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ধাপে ধাপে আমাদের স্বাধীনতার দিকে নিয়ে গেছেন।’
উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাস তরুণ প্রজন্মকে জানতে হবে এবং জানাতে হবে। এসব ইতিহাস সঠিকভাবে জানলে তরুণ প্রজন্ম কখনো স্বাধীনতাবিরোধী অপশক্তি দ্বারা বিভ্রান্ত হবে না।
সভাপতির ভাষণে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ পতাকা উত্তোলনের পটভূমি তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে পতাকা উত্তোলন দিবসের তাৎপর্য অপরিসীম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ, ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ দেশ ও জাতির গৌরবগাথা ইতিহাস, ঐতিহ্য, অর্জন এবং বিভিন্ন দিবসের তাৎপর্য সম্পর্কে তরুণ প্রজন্মকে জানতে হবে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার পতাকা উত্তোলন দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘২ মার্চ পতাকা উত্তোলনের মাধ্যমেই বিশ্বকে বাংলাদেশ নামক রাষ্ট্রের অস্তিত্ব জানান দেওয়া হয়েছিল। আমাদের মুক্তিসংগ্রামের যে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে পতাকা উত্তোলন করা হয়েছিল তার নির্দেশনা ও নেতৃত্বে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ১৯৭১ সালের ২ মার্চ পতাকা উত্তোলনের ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরে বলেন, মহান মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস ও অজর্ন প্রজন্য পরম্পরায় বহন করে নিতে হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ সভায় সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সমন্বয়ক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। অনুষ্ঠান সঞ্চালন করেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।
ওই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে অন্তত দুটি ট্যাংকারে হামলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও ওই দুই ট্যাংকার আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালী দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হেনেছে। শনিবার (২১ নভেম্বর) ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) ট্যাংকারটিতে আঘাতের তথ্য নিশ্চিত করেছে।
পরে খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল পূর্বে অন্য একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানার তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা। তবে দুটি ঘটনায় একই জাহাজের কথা বলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।
ইউকেএমটিও বলেছে, উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে সেখানে পরিবেশগত কোনো সংকট তৈরি হয়েছে কি না, সেটিও জানা যায়নি। ইউকেএমটিও বলেছে, শুক্রবার খাসাবের কাছে একটি ট্যাংকারে একই ধরনের হামলার পর এসব ঘটনা ঘটছে। শুক্রবারের হামলার ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়।
খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান জলপথটি বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পর থেকেই এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।
হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান
আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত শুক্রবার দিবাগত রাতে ড্রোনটি নামানো হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি। আইআরজিসির বিবৃতিতের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হরমুজে মোট ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে এমকিউ-৯ ড্রোনটি আটকে দিয়ে ধ্বংস ও ভূপাতিত করা হয়েছে।
এমকিউ-৯ ড্রোন বা মার্কিন সমরাস্ত্র নির্মাণ কোম্পানি জেনারেল অ্যাটমিকস নির্মিত একটি অত্যাধুনিক, দীর্ঘপাল্লার ও চালকবিহীন সামরিক আকাশযান (ইউএভি)। এটির পুরো নাম জেনারেল অ্যাটমিক্স এমকিউ-৯ রিপার ড্রোন।
নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলায় দক্ষতার জন্য এই ড্রোন মার্কিন সমরাস্ত্র ভাণ্ডারের বেশ গুরুত্বপূর্ণ সম্পদ।
যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা শেষ হওয়ার পরও যারা অবস্থান করবে তাদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা আসতে পারে। শুধু তাই নয়, দ্রুত তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াও করবে তারা এমনটি জানিয়ে সতর্কবার্তা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।
শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়। পোস্টে দূতাবাস জানায়, আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে। এর আগে গত ৯ নভেম্বর মার্কিন ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে আবেদনকারীদের নতুন করে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।
দূতাবাসের ফেসবুক পেজে ওই সতর্কতা জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে তিনি আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। দূতাবাসের বার্তায় ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দেশে ডেঙ্গুর প্রভাব কোনোভাবেই কমছে না। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন, আবার মারাও যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ জনে। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারর্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮২ জন, ঢাকা মহানগরে ৩৬২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, বরিশাল বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সিলেট বিভাগে নতুন কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হননি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৫৭৪ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ২৬১ জনের। বিভাগটিতে ঢাকা মহানগরে ২২৭ জন এবং মহানগরের বাইরে ৩৪ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।
বেকারত্ব দুর করতে এবং ঢাকার বাইরে গ্রামাঞ্চলে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার বায়োগ্যাস পলি গড়ে তোলার উদ্যেগ নিয়েছে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব প্ল্যান্টের মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আয় করতে পারবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।
শনিবার (২১ নভেম্বর) সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস একটি কার্যকর সমাধান হতে পারে। এ জন্য প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা হবে। প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য নির্দিষ্ট কিছু পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রি আমিনুল হক।
তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে অগ্রগতির প্রতিবেদন নেওয়া হবে। কর্মদক্ষতার ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যুব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ও গতি বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভা হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।
সভায় আরও বেশি বেকার যুবককে প্রশিক্ষণের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে আলোচনা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এতে অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে দুইদিনে ৯০০ মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ২০৩টি গাড়ি রেকার ও ২৮২টি গাড়ি ডাম্পিংও করা হয়েছে এর মধ্যে। গত বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমটি এই অভিযান পরিচালনা করে। সঠিক কাগজপত্রসহ নানান অনিয়মের কারণে মামলা করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিকের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে উত্তরা বিভাগে। এ বিভাগে ৩৬০টি মামলা করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ১৮৬টি, গুলশান বিভাগে ৯৮টি, মিরপুর বিভাগে ৮৩টি, তেজগাঁও বিভাগে ৪৭টি, রমনা বিভাগে ৪৬টি, মতিঝিল বিভাগে ৪৯টি এবং লালবাগ বিভাগে ৩১টি মামলা করা হয়েছে। বিভাগভিত্তিক অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এর মধ্যে উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ১৪১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৫টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করেছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কর্মচারীদের সর্বনিম্ন মজুরি হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। নতুন কাঠামো অনুযায়ী, প্রতি বছর ৫ শতাংশ হারে মজুরি বাড়ানো হবে।
গত সপ্তাহে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে এ খাতের শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ ছয় বছর পর নতুন মজুরিকাঠামো পেলেন তারা। নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৭ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ১১ হাজার ৯০০ টাকা হয়েছে। কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার ৫২৫ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
ছয় গ্রেডে শ্রমিকদের মজুরি
নতুন মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৬ হাজার, বাড়িভাড়া ৩ হাজার, চিকিৎসা ভাতা ১ হাজার, যাতায়াত ভাতা ৬০০ এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা। সব গ্রেডের শ্রমিক চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ সমান ২ হাজার ৯০০ টাকা পাবেন।
পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক মজুরি হবে ২৩ হাজার ২৫৫ টাকা।
কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা
কর্মচারীদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ এবং বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। এ ছাড়া চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ তারা পাবেন ২ হাজার ৯০০ টাকা। তৃতীয় গ্রেডের কর্মচারীদের মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষানবিশ শ্রমিকদের মাসিক মজুরি হবে ১০ হাজার টাকা। তাদের শিক্ষানবিশকাল তিন মাস। তবে প্রয়োজনে মালিকপক্ষ এ সময় বাড়াতে পারবে।
মজুরি নিয়ে শ্রমিকদের অসন্তোষ
জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে এ খাতের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়। কয়েক দফা বৈঠকের পর গত আগস্টে বোর্ড নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে। আলোচনায় শ্রমিকপক্ষ প্রথমে সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল ৮ হাজার টাকা।
দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানা রয়েছে। এসব কারখানায় দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। নতুন মজুরিকাঠামোয় তাদের আয় বাড়লেও বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরাও ভালো নেই। সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। শ্রমিকপক্ষ শুরুতে সাড়ে ১২ হাজার টাকার প্রস্তাব না দিয়ে তুলনামূলক কম মজুরির প্রস্তাব করেছিল কেন, জানতে চাইলে তিনি বলেন, তখন দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে কম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছিল।
বাংলাদেশে এসেছে চার সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল। ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে তারা ঢাকায় এসেছে। শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় প্রতিনিধিদলটি বাংলাদেশে আসে। ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। গতকাল ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত যৌথ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। তবে ঢাকা সফররত ভারতীয় এই প্রতিনিধিদলের চুক্তির বর্তমান মেয়াদের বাইরে তা বাড়ানোর বিষয়ে আলোচনা করার কোনো এখতিয়ার নেই।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুক্তিটি নবায়ন করা হবে নাকি অন্তর্র্বতীকালীন সময়ের জন্য এর মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের ওপরই বর্তায়। এদিকে বাংলাদেশ জানিয়েছে, তারা বিদ্যমান চুক্তিটি সরাসরি নবায়ন করার পরিবর্তে ভারতের সঙ্গে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে চায়। নতুন এই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মতো সুনির্দিষ্ট ধারা অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান এবং সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাস্তবতায় সেই দেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ ও বদ্ধপরিকর। শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত হওয়া গৌরবের বিষয়; তবে একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন আরও বড় বিষয়, যা এক জীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না এবং সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন; ফলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।
লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায় উল্লেখ করে তিনি বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।
নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেও গর্বিত এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন—এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে; এরই অংশ হিসেবে মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল, যা ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত।
বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা ক্লান্ত হয়ে পড়লেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো জ্বলজ্বল করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জীবন্ত কিংবদন্তিদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা প্রশংসনীয়। ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে সরকারের দৃঢ়প্রতিজ্ঞ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সম্মান এবং সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান; এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রীর পর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধানেরা।
প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও অভিযান জোরদার হয়েছিল। দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে, দিবসটি উপলক্ষে শনিবার বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের পাশাপাশি বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে তাঁরা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে এদিন ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি আরম্ভ হয়। শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সাতটি জেলা ও ঢাকা মহানগরীতে সর্বমোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার। শনিবার (২১ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোতায়েনকৃত এই বাহিনীর মধ্যে গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন এবং ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন বিজিবি সদস্য রয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, কক্সবাজারে ৬ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে; পাশাপাশি মোতায়েনের জন্য ৪ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট থাকবেন তাঁরা।
এ ছাড়া মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের উদ্দেশ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে; এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকালে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান।
অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সূত্র: বাসস
আজ সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার দিবসটি উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া, তিন বাহিনী প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সাথে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদেরকে সংবর্ধনা প্রদান করবেন। এ সময় প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ সন্ধ্যা ৬টায় ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সংবর্ধনায় সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় দূতাবাসগুলোর কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস বা ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো আজ দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটসমূহে নোঙরকৃত অবস্থায় রাখা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করবে।
বাংলাদেশ বেতার আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। অনুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেলসমূহে পরবর্তীতে পর্যায়ক্রমে সম্প্রচারিত হবে।
দিবসটি উপলক্ষে আজ শনিবারের বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এ ছাড়া সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।