শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

রাতে গরম বাড়তে পারে

দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪ ১৪:১৪

সারাদেশে আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে রংপুর ও নীলফামারি জেলসহ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আজ দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানায়। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ।

আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বিরাজমান তাপ প্রবাহের পরিস্থিতি আগামীকালও অব্যাহত থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এই সময়ে বিরাজমান তাপ প্রবাহের পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। উত্তরপূর্বাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়েছে, এই সময়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াচিত্রের সংক্ষিপ্তসারে জানানো হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেতুলিয়ায় ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৬ মিনিটে।


নির্বাচিত

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আপডেটেড ১৪ নভেম্বর, ২০২৬ ২১:৪৫
নিজস্ব প্রতিবেদক

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুরে তার হার্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।

তিনি বলেন, শনিবার (১৪ নভেম্বর) সকালে হঠাৎ হৃদ্‌যন্ত্রে সমস্যা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে তিনি অফিস করবেন।

কন্টিনেন্টাল হাসপাতালের কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. ফজলে রাব্বি খান বলেন, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।


নির্বাচিত

সাতদিন ধরে ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: এমপি মিতু

ছবি: সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গত সাতদিন ধরে সরাসরি ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মাহমুদা মিতু।

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন।

মাহমুদা মিতু বলেন, ‘গত সাতদিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি। এর আগেও পেয়েছি। অথচ এসব বললেও হয়তো নুসরাতের ঘটনার মতোই বিষয়টিকে লঘু করার চেষ্টা হবে। হাদি বলে গেছে, যতক্ষণ পর্যন্ত আমাদের ঘাড়ে-মাথায় গুলি না লাগবে, ততক্ষণ কারও গায়ে লাগবে না!’

তিনি লেখেন, ‘গতকাল সংসদে প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম, একপর্যায়ে মেজাজও হারিয়েছি। শত শত শহীদের রক্ত, আহতদের ত্যাগ, হান্নান মাসউদের মতো জুলাইয়ের সমন্বয়ক এবং নাহিদ ইসলামের মতো এক দফার ঘোষকের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ তাদের সঙ্গে যুক্তিতে না পেরে সংসদেই তুই-তুকারি, ‘বেয়াদব’ বলে অপমান করা হচ্ছে! কথায় না পারলেই বেয়াদব আখ্যা দেওয়া হয়।’

মিতু আরও লেখেন, ‘হান্নানকে যখন বারবার ‘বস, বস’, ‘বেয়াদব’ বলা হচ্ছিল, তখন চিৎকার করে বলছিলাম হত্যার হুমকি, বাড়িতে আগুন তো আমাদের দেওয়া হয়। আঁতাত করে চলা লোকজন কী করে বুঝবে, বাবা-মা, সন্তান এবং নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে বুকের ভেতর কতটা সাহস লাগে!’


নির্বাচিত

নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনবে সরকার, সরবরাহ ফেব্রুয়ারিতে

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

নারী যাত্রীদের জন্য সুখবর নিয়ে আসছে বাংলাদেশ সরকার। যাতায়াতে সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০টি বৈদ্যুতিক বাস কিনতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে চার্জিং স্টেশন স্থাপন ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তান্তরের আশা করছে সরকার।

বিআরটিসির চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর গণমাধ্যমকে জানান, বাস কেনার দায়িত্ব দেওয়া হয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজকে। প্রতিষ্ঠানটি চীনের কয়েকটি বাস সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছে। আগামী ১৮ নভেম্বর দরপত্র আহ্বান এবং ২২ নভেম্বর বাস কেনার চূড়ান্ত আদেশ দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হবে।

প্রচলিত উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাসগুলো কেনা হচ্ছে। এর আগে গত ৬ আগস্ট ২০০টি বৈদ্যুতিক বাস কেনা এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে ৮০০ কোটি টাকার প্রকল্পে নীতিগত অনুমোদন দেয় সরকার। দুই ধাপে বাস্তবায়িতব্য এ প্রকল্পের প্রথম ধাপে নারীদের জন্য ১০০টি বাস কেনা হচ্ছে। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নারীদের জন্য চালু হওয়া পিংক বাসসেবায় যাত্রীসংকট দেখা দিয়েছে। গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ার ১৩টি পথে ১৪টি বাস নিয়ে পরীক্ষামূলকভাবে এ সেবা চালু হয়। নারী চালক ও সহকারীদের মাধ্যমে পরিচালিত এসব বাসে প্রতিদিন সাধারণত সকালে ও বিকেলে দুটি করে যাত্রা হয়। তবে অনেক সময় আসন খালি থাকে।

বিআরটিসির চেয়ারম্যান বলেন, ‘নারী যাত্রীদের সঙ্গে অনেক সময় স্বামী, ভাই বা সন্তান থাকেন। কিন্তু শুধু নারীদের জন্য বাস নির্ধারিত হওয়ায় পুরুষ সহযাত্রীরা উঠতে পারেন না। এ কারণে যাত্রী সংখ্যা কম হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ১৬ বছর বয়স পর্যন্ত বা সর্বোচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পুরুষ সহযাত্রীদের বাসে চলাচলের অনুমতি চেয়ে সড়ক পরিবহন বিভাগে প্রস্তাব পাঠিয়েছে বিআরটিসি।

এ ছাড়া নারীদের জন্য নির্ধারিত বাসের কিছু আসন পুরুষ যাত্রীদের জন্য রাখার প্রস্তাবও এসেছে। এসব বিষয়ে জনমত জানতে সামাজিক জরিপের পরিকল্পনা করছে সংস্থাটি। নতুন ১০০টি বৈদ্যুতিক বাস যুক্ত হলে রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য বিভাগেও নারীদের জন্য বিশেষ বাসসেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বিআরটিসির।’


নির্বাচিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে হবে আন্তর্জাতিক মানের হাসপাতাল-মেডিকেল কলেজ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক মানের হাসপাতাল, মেডিকেল কলেজ, নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে চায় জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে এতসব সুযোগ-সুবিধা দিতে সহায়তার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। যদি সুযোগটা পেয়েই যায় তবে জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিকেল সিটি’ প্রতিষ্ঠার পরিকল্পনা করবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এটি চূড়ান্ত রূপ নিতে কাজ করছে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নিউইয়র্কের ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে গত বুধবার (১১ নভেম্বর) এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর. মজুমদার। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বুধবারের সেই বৈঠকে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের চিকিৎসাসেবা, আধুনিক প্রযুক্তি ও চিকিৎসাশিক্ষার অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন উদ্যোগ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়। প্রস্তাবিত মেডিকেল সিটিতে উন্নত চিকিৎসাসেবার পাশাপাশি চিকিৎসক ও দক্ষ নার্স তৈরির ব্যবস্থা থাকবে। আধুনিক মেডিকেল শিক্ষা ও নার্সিং প্রশিক্ষণের সুযোগও রাখা হবে। একটি সমন্বিত স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রকল্পটি গড়ে তোলার প্রাথমিক পরিকল্পনা তুলে ধরেন ড. মুজিবুর আর. মজুমদার। বৈঠকের আগে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

এ সময় তিনি হাসপাতালের চিকিৎসা অবকাঠামো, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা নেন।

প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ ও ড. মুজিবুর আর. মজুমদার। প্রকল্পের পরিকল্পনা প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপস্থাপন এবং বাস্তবায়নে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন পাওয়ার বিষয়েও আলোচনা করেন তারা। ড. মুজিবুর আর. মজুমদার যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এএসএএএল’র সভাপতি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মোহাম্মদ করিম চৌধুরী। এ ছাড়া যুক্তরাষ্ট্র বিএনপির নেতা এবং নিউইয়র্ক সিটি ও স্টেটের স্বাস্থ্য খাতে কর্মরত অ্যাকাউন্ট্যান্ট ও ট্যাক্স কনসালট্যান্ট মোতাহার হোসেন উপস্থিত ছিলেন।


নির্বাচিত

শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার: আইনমন্ত্রী

হাসিনাকে দেশে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারত সরকারের
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার যাবতীয় আইনি প্রস্তুতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চূড়ান্ত করা হয়েছে এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার দায় এখন ভারতের ওপর রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে সরকারের এ অবস্থানের কথা জানান তিনি।

আইনমন্ত্রী উল্লেখ করেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রদত্ত রায়ের বিরুদ্ধে শেখ হাসিনার আইনি আপিল করার কোনো সুযোগ অবশিষ্ট নেই। তিনি স্মরণ করিয়ে দেন যে, তাঁর পিতা শেখ মুজিবুর রহমানের শাসনামলেই এই কঠোর বিধানসংবলিত আইনটি প্রণয়ন করা হয়েছিল। এর পাশাপাশি চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন জেলা পর্যায়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনাগুলোর আনুষ্ঠানিক তদন্ত কার্যক্রম খুব দ্রুত শুরু হতে যাচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

রাজনৈতিক দল হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ায় সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবে। এছাড়া দেশের সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোর সেবা সহজীকরণ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, সাধারণ নাগরিকদের যেকোনো প্রকার ভোগান্তি ও প্রশাসনিক হয়রানি থেকে মুক্ত রাখা হবে এবং এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো ছাড় না দিয়ে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:

নির্বাচিত

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা রক্ষায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিরাপত্তা সুদৃঢ় করতে কৌশলগত এলাকাগুলোতে মোট ৩৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

দেশের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলগুলোর অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সার্বিক নিরাপত্তা সুদৃঢ় করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের কৌশলগত এলাকাগুলোতে মোট ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো প্রকার অপ্রীতিকর বা অস্থিতিশীল পরিস্থিতি তাৎক্ষণিকভাবে প্রতিহত করতে বিজিবি সদস্যরা মাঠে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

বিজিবি সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া, সাভার, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া এলাকার শিল্পাঞ্চলে বিজিবি সদস্যদের সতর্ক উপস্থিতি রয়েছে। একইভাবে নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ প্রতিটি সংবেদনশীল কারখানাবহুল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জনসংযোগ কর্মকর্তা জানান, স্থানীয় বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখে বিজিবি সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলগুলোর সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে নজরদারিতে রাখতে আধুনিক প্রযুক্তির সমন্বিত প্রয়োগ নিশ্চিত করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে ড্রোন, টহল সদস্যদের বডি-ওর্ন ক্যামেরা এবং উন্নত ডিভাইসের মাধ্যমে সংগৃহীত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে মাঠপর্যায়ের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে।

বিষয়:

নির্বাচিত

জলবায়ু সহনশীলতা বাড়াতে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ

জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

উপকূলীয় অঞ্চলের জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সহনশীলতা বাড়াতে ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) থেকে তিন কোটি মার্কিন ডলারের অর্থায়ন পেতে যাচ্ছে বাংলাদেশ।

প্রাথমিকভাবে এ অর্থায়নের জন্য বিবেচিত পাঁচটি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। এ অর্থ উপকূলীয় অবকাঠামো শক্তিশালী করা এবং জলবায়ু বান্ধব কৃষি কার্যক্রম সম্প্রসারণে ব্যয় করা হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ বাংলাদেশ প্রতিনিধিদলের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

স্থানীয় সময় বিকেল ৩টায় সম্মেলনের ব্লু জোনের জোন ডি-৩-এর সংবাদ সম্মেলনের রুম-১-এ এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এর আয়োজন করে।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মানসুরা আক্তার এবং অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। অথচ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততা বৃদ্ধি ও তাপপ্রবাহ দেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি, অবকাঠামো ও উন্নয়ন অর্জনকে হুমকির মুখে ফেলছে।

তিনি বলেন, বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) ২০২৬ সালের হালনাগাদ তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বৈশ্বিক গড় তাপমাত্রা প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।

পরিবেশমন্ত্রী বলেন, সীমিত সম্পদ ও সক্ষমতা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উচ্চাভিলাষী পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশের তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রচলিত কার্যক্রম অব্যাহত থাকার পরিস্থিতির তুলনায় নিজস্ব সক্ষমতায় ৬ দশমিক ৩৯ শতাংশ এবং আন্তর্জাতিক সহায়তা সাপেক্ষে অতিরিক্ত ১৩ দশমিক ৯২ শতাংশ গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ লক্ষ্য অর্জনে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন, বৃক্ষরোপণ, খাল পুনরুদ্ধার, আগাম সতর্কীকরণ ব্যবস্থা শক্তিশালী করা এবং স্থানীয় জনগোষ্ঠীনির্ভর অভিযোজন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জলবায়ু অর্থায়নের বিষয়ে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত অর্থায়ন নিশ্চিত করা জরুরি। স্বল্পোন্নত দেশগুলোর জোট ২০৩৫ সালের আগেই অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়িয়ে বছরে ১২০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার দাবি জানিয়েছে। বাংলাদেশ এ দাবির প্রতি সমর্থন জানায়।

তিনি আরও বলেন, গ্রিন ক্লাইমেট ফান্ড, গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ড থেকে অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করতে হবে। জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সরাসরি ও অনুদানভিত্তিক অর্থায়নের সুযোগ বাড়ানো প্রয়োজন।

অভিযোজন কার্যক্রম প্রসঙ্গে আবদুল আউয়াল মিন্টু বলেন, জলবায়ু অভিযোজনকে শুধু পরিকল্পনার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে। জাতীয় অভিযোজন পরিকল্পনার বাস্তবায়ন ত্বরান্বিত করার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীনির্ভর উদ্যোগ সম্প্রসারণ করতে হবে। এ জন্য আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা অপরিহার্য।

জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলা প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, বর্তমান বাস্তবতা। ক্ষয়ক্ষতি মোকাবিলায় গঠিত ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজে জমা পড়া প্রকল্প প্রস্তাবের তুলনায় বিদ্যমান অর্থ অপর্যাপ্ত। এ অবস্থায় তহবিলে উন্নত দেশগুলোর অবদান বাড়ানো, অর্থপ্রাপ্তির প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত অর্থ ছাড় নিশ্চিত করতে হবে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি অর্থনীতি বহির্ভূত ক্ষতি মোকাবিলায়ও কার্যকর সহায়তা প্রয়োজন।

বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে প্রশমন কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেন পরিবেশমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ ২০২৬ সালের পরও প্রশমন কর্মসূচি অব্যাহত রেখে ২০৩০ সাল পর্যন্ত কার্যকর করার পক্ষে। এ জন্য উন্নয়নশীল দেশগুলোকে পর্যাপ্ত অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির সহায়তা দিতে হবে।

জ্বালানি ও অর্থনৈতিক ব্যবস্থার ন্যায্য রূপান্তরের বিষয়ে তিনি বলেন, জলবায়ুবান্ধব অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে শ্রমিক, কৃষক, নারী, তরুণ, অনানুষ্ঠানিক খাতের কর্মী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বার্থ সুরক্ষিত রাখতে হবে। শোভন কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা এবং পরিচ্ছন্ন প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

কপ-৩১ সম্মেলনের আলোচনার অগ্রগতি তুলে ধরে আবদুল আউয়াল মিন্টু বলেন, প্রথম চার দিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এগোলেও বেশ কিছু বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জোট, জি-৭৭ ও চীন এবং অন্যান্য সহযোগী দেশের সঙ্গে সমন্বয় করে উচ্চাভিলাষী, ন্যায়সংগত ও ভারসাম্যপূর্ণ ফলাফল অর্জনে কাজ করছে।

তিনি আশা প্রকাশ করেন, সম্মেলনে জলবায়ু অর্থায়ন বৃদ্ধি, অভিযোজন কার্যক্রম বাস্তবায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিল শক্তিশালীকরণ, প্রশমন কর্মসূচি অব্যাহত রাখা, প্রযুক্তি হস্তান্তর এবং ন্যায্য রূপান্তরের বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত আসবে।


নির্বাচিত

সংরক্ষিত আসনের পরিবর্তে নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দেওয়া উচিত: স্পিকার

ছবি: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সংরক্ষিত নারী আসনের পরিবর্তে সরাসরি ভোটের মাধ্যমে ১০০টি আসনে নারীদের নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে স্পিকার বলেন, নারীদের প্রকৃত রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে তাদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। নারীরা কোনোভাবেই পিছিয়ে নেই উল্লেখ করে তিনি জাতীয় সংসদে ১০০টি আসনে নারীদের সরাসরি ভোটে নির্বাচিত হওয়ার ব্যবস্থা করার আহ্বান জানান।

নারীশিক্ষার অগ্রযাত্রায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, তিনি মেয়েদের এসএসসি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় মেয়েদের স্নাতক (বিএ) পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়ার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলেও তিনি জানান।

বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে স্পিকার বলেন, মহান মুক্তিযুদ্ধের প্রথম সচিবালয় ছিল এই বিদ্যালয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে এ প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মানুষের শিকড়ের টান অপ্রতিরোধ্য। এই বিদ্যালয় থেকে অনেক কৃতী শিক্ষার্থী বের হয়েছেন। বিদ্যালয় তাদের অনেক কিছু দিয়েছে, এবার প্রাক্তনদেরও কিছু দেওয়ার পালা। এ সময় অর্থাভাবে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে পারছে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। নিজের স্কুলজীবনের স্মৃতিচারণা করে বরিশাল জিলা স্কুলের এই প্রাক্তন ছাত্র বলেন, স্কুলজীবনের স্মৃতি কেউ ভুলতে পারে না।


নির্বাচিত

বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা, প্রকাশ হবে স্মারকগ্রন্থ

ছবি: সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘নাগরিক স্মরণসভা’র আয়োজন করা হচ্ছে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই স্মরণসভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মরহুমা খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দেশের বিশিষ্ট রাজনীতিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট নাগরিকরা এতে অংশ নেবেন। শুক্রবার (১৩ নভেম্বর) নাগরিক সমাজের পক্ষে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে রাখতে খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব, দেশ ও জাতির প্রতি অবদান এবং তার জীবনের নানা অজানা অধ্যায় নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিক, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।

স্মারকগ্রন্থে লেখার নির্ধারিত বিষয়ের মধ্যে রয়েছে খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব, আপসহীন গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন, পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম, নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন, সংসদীয় রাজনীতির ইতিহাসে তার অবদান, অর্থনৈতিক দর্শন, নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, সংবাদপত্রের স্বাধীনতা, প্রত্যক্ষ স্মৃতিচারণ ও অজানা অধ্যায়, সরকার পরিচালনা ও সুশাসন, অন্তিম সময়ে খালেদা জিয়া এবং তার নান্দনিকতা, ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা।

প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। লেখকদের ৩০ নভেম্বরের মধ্যে ই-মেইলে ([email protected]) লেখা পাঠাতে অনুরোধ করা হয়েছে। স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় কেবল নির্বাচিত লেখকদের লেখাই প্রকাশ করা হবে। এছাড়া খালেদা জিয়ার কর্মময়, সংগ্রামী ও ঘটনাবহুল রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তার অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রামাণ্যচিত্র ও স্মারকগ্রন্থ খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, তার রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তার অবদানকে প্রামাণ্যভাবে তুলে ধরার একটি প্রয়াস। সেই সঙ্গে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মূল্যবান ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলে প্রত্যাশা আয়োজকদের।


নির্বাচিত

৩৫ হাজার নাগরিকের এনআইডি লক, সমাধানে নতুন সফটওয়্যার তৈরি করছে ইসি

* উপজেলা পর্যায়ে সমাধানে নতুন সফটওয়্যার
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জটিলতায় চরম ভোগান্তিতে পড়েছেন দেশের প্রায় ৩৫ হাজার নাগরিক। নির্বাচন কমিশনের (ইসি) সার্ভারে বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক কারণে এসব নাগরিকের এনআইডি লক হয়ে রয়েছে। ফলে সিম কার্ড কেনা, ব্যাংক হিসাব খোলা, জমি নিবন্ধন ও পাসপোর্ট নবায়নের মতো গুরুত্বপূর্ণ সেবা নিতে সমস্যায় পড়ছেন তারা। এ পরিস্থিতি থেকে নাগরিকদের মুক্তি দিতে নতুন সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এটি চালু হলে উপজেলা পর্যায় থেকেই এনআইডি-সংক্রান্ত জটিলতার সমাধান করা সম্ভব হবে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এসব তথ্য জানান।

যেসব কারণে লক হচ্ছে এনআইডি: নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রায় ৩৫ হাজার লক হওয়া এনআইডির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দ্বৈত ভোটার হিসেবে শনাক্ত হওয়া ব্যক্তিদের পরিচয়পত্র। কেউ ভুলবশত কিংবা ইচ্ছাকৃতভাবে একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধিত হলে পরিচয় যাচাইয়ের অংশ হিসেবে সংশ্লিষ্ট এনআইডি লক করা হচ্ছে।

এ ছাড়া আঙুলের ছাপের মান কম থাকা, অন্য ব্যক্তির আঙুলের ছাপের সঙ্গে মিল পাওয়া এবং বায়োমেট্রিক তথ্যের অসংগতির কারণেও এনআইডি লক হচ্ছে। আদালতের নির্দেশ, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চলমান মামলা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আবেদনের পরিপ্রেক্ষিতেও কিছু পরিচয়পত্র লক করা হয়েছে।

দ্বৈত পরিচয়পত্রের ক্ষেত্রে একটি বাতিল: কর্মকর্তারা জানান, একাধিকবার ভোটার হিসেবে নিবন্ধিত ব্যক্তিদের তথ্য যাচাই-বাছাই করে একটি এনআইডি বহাল রাখা হচ্ছে। সাধারণত প্রথমবার ইস্যু করা পরিচয়পত্রটি সচল রেখে পরবর্তী সময়ে নেওয়া পরিচয়পত্রটি বাতিল করা হয়। তবে প্রতিটি ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির তথ্য ও নিবন্ধনের ইতিহাস পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

উপজেলা পর্যায়ে সমাধানে নতুন সফটওয়্যার: এনআইডি-সংক্রান্ত জটিলতা নিরসনে নতুন সফটওয়্যার তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, সফটওয়্যারটি প্রস্তুত হলে উপজেলা পর্যায় থেকেই এসব সমস্যার সমাধান করা সম্ভব হবে। বর্তমানে যেসব নাগরিক এ সমস্যা নিয়ে নির্বাচন কমিশনে যোগাযোগ করছেন, তাদের এনআইডি যাচাই করে আনলক করে দেওয়া হচ্ছে।

তবে নতুন সফটওয়্যার তৈরির কাজ কবে শেষ হবে এবং উপজেলা পর্যায়ে কবে থেকে এ সেবা চালু হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানায়নি কমিশন।

কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ভোগান্তি: বর্তমানে লক হওয়া এনআইডি সচল করতে ভুক্তভোগীদের ঢাকার নির্বাচন ভবনে যোগাযোগ করতে হচ্ছে। এতে ঢাকার বাইরের নাগরিকদের বাড়তি সময় ও অর্থ ব্যয় করে কেন্দ্রীয় কার্যালয়ে আসতে হচ্ছে। অনেক ক্ষেত্রে জরুরি নাগরিক সেবা গ্রহণও আটকে থাকছে।

কবে থেকে এসব এনআইডি লক রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিপুলসংখ্যক পরিচয়পত্রের কারণে প্রতিটির লক হওয়ার সময় আলাদাভাবে নির্ধারণ করা কঠিন বলে জানিয়েছেন তারা।

নতুন সফটওয়্যার চালু হলে উপজেলা পর্যায়ে এনআইডি-সংক্রান্ত সেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এতে নাগরিকদের কেন্দ্রীয় কার্যালয়নির্ভরতা কমবে এবং পরিচয়পত্রের জটিলতা নিরসনে সময় ও ভোগান্তি কমবে বলে আশা করছে নির্বাচন কমিশন। তবে সফটওয়্যার চালুর নির্দিষ্ট সময়সীমা এবং ৩৫ হাজার এনআইডি সচল করার পূর্ণাঙ্গ সময়সূচি এখনো জানানো হয়নি।


নির্বাচিত

চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা

ফাইল ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলওয়ে করিডরে একটি পাইলট প্রকল্প বাস্তবায়নের পর সরকার প্রস্তাবিত বৈদ্যুতিক ট্রেন নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করছে। দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে এটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম আধুনিক বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডর হিসেবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ নির্বাচন করা হয়।

এর মাধ্যমে দেশের ব্যস্ততম রেলওয়ে করিডর ঢাকা-চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সংযোগ স্থাপিত হবে। এতে যাত্রীসেবার মানোন্নয়ন, পণ্য পরিবহনে গতি বৃদ্ধি এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে বলে জানান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম।

প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আর আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট সরকার বহন করবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। আর ২০২৮ সালের মাঝামাঝি সময় থেকে বড় ধরনের নির্মাণকাজ দ্রুত এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। পাইলট প্রকল্পের আওতায় রেলপথটিতে চলাচলের জন্য ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন আমদানি করা হবে। এসব ট্রেনের উভয় প্রান্তেই চালকের কক্ষ থাকবে। ফলে ট্রেনের দিক পরিবর্তনের জন্য আলাদাভাবে ঘোরানোর প্রয়োজন হবে না এবং নিয়মিত বিরতিতে ট্রেন চলাচল সম্ভব হবে।

রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রেলপথ রাজধানীকে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যুক্ত করেছে।

তিনি বলেন, এ রেলপথে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমানো সম্ভব হবে।

বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৬০ হাজার থেকে ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়, যা মোট কনটেইনার পরিবহনের প্রায় তিন শতাংশ। ধীরাশ্রম ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের লক্ষ্য রেলপথে বছরে কনটেইনার পরিবহনের পরিমাণ ৪ লাখ ৫০ হাজার টিইইউতে উন্নীত করা। এতে রেলপথে পণ্য পরিবহনের সুযোগ আরো বাড়বে।

রেলওয়ের পরিকল্পনা সেলের সিপিও বলেন, বৈদ্যুতিক ট্রেন সেবা সম্প্রসারণের পরিকল্পনার পাশাপাশি আধুনিক পণ্য ব্যবস্থাপনা সুবিধা গড়ে তোলা হলে বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক সক্ষমতা আরো শক্তিশালী হবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে এ সেবা সম্প্রসারণের উপযোগী পরিবেশ তৈরিতে বাংলাদেশ রেলওয়ে বেশ কয়েকটি উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে।

রফিকুল ইসলাম জানান, ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। অন্যদিকে, টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। তিনি বলেন, জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার কাজে সহায়তা করবে।

এদিকে টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনগুলোকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তর করা হচ্ছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, সরকার বর্তমানে ঘণ্টায় প্রায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিবর্তে সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর ওপর গুরুত্ব দিচ্ছে। রফিকুল ইসলাম বলেন, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক ১ লাখ ৫০ হাজার কোটি থেকে ২ লাখ ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। এ ছাড়া জমি অধিগ্রহণ এবং দেশের ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

এ পরিস্থিতিতে অবকাঠামো নির্মাণের ব্যয় ও জমির প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে রেল যোগাযোগ আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর পরিকল্পনাকে তুলনামূলকভাবে বাস্তবসম্মত উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।

বৈদ্যুতিক ট্রেন চালু হলে কার্বন নিঃসরণ ও বায়ুদূষণ কমার পাশাপাশি জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে বলেও আশা করা হচ্ছে। রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশ রেলওয়ে নতুন প্রকল্পগুলোর পরিবেশগত সুফল এবং কার্বন নিঃসরণ কমানোর সম্ভাবনা মূল্যায়ন করছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রকল্প থেকে কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও রয়েছে।


নির্বাচিত

কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার-ভিডিপি, ঐতিহাসিক দ্বিমুকুট জয়

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কুস্তি ম্যাটের লড়াইয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দিল না বাংলাদেশ আনসার ও ভিডিপি। শক্তির প্রদর্শনী আর কৌশলের নিপুণ মিশেলে ৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দলগত চ্যাম্পিয়ন হয়ে ঐতিহাসিক দ্বিমুকুট জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে ১০ থেকে ১২ নভেম্বর রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে বসেছিল দেশসেরাদের এই আসর।

পুরুষ বিভাগে ৮৪ জন কুস্তিগীরের ১০টি ওজন শ্রেণির লড়াইয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে তারা। এই বিভাগে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে শিরোপা নিশ্চিত করে আনসার-ভিডিপি। নারী বিভাগেও ৫৭ জন কুস্তিগীরের লড়াইয়ে অপ্রতিরোধ্য ছিলেন আনসারের মেয়েরা। ১০টি ওজন শ্রেণিতে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন তারা। সবমিলিয়ে ১৪১ জন কুস্তিগীরের এই আসরে ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ২০টি পদক নিয়ে কুস্তি অঙ্গনে নিজেদের একক আধিপত্য বজায় রাখলো বাংলাদেশ আনসার ও ভিডিপি।

এই অভাবনীয় সাফল্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়। গত দুই বছরের বেশি সময়ে খেলোয়াড়দের উন্নত অনুশীলন সুবিধাসহ সুযোগ-সুবিধা বৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি নিজ দপ্তরে ডেকে সরাসরি অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। মহাপরিচালকের এই নিবিড় তত্ত্বাবধান ও দিকনির্দেশনাই ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আনসার-ভিডিপি ক্রীড়াদল আগামীতেও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাহিনী ও দেশের সুনাম বয়ে আনবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।


নির্বাচিত

এবার ডিজিটাল পদ্ধতিতে টিসিবির ডিলার নিয়োগ

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহি ও আবেদনকারীদের ভোগান্তি কমাতে ডিজিটাল পদ্ধতি চালু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামী পবিত্র রমজানের আগেই নতুন ডিলার নিয়োগের পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে এই সংস্থাটির।

টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ গণমাধ্যমকে বলেন, আগে ডিলার নিয়োগের আবেদন ম্যানুয়ালি গ্রহণ করা হলেও এখন থেকে ঘরে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহীরা। পাশাপাশি আবেদনের অগ্রগতিও অনলাইনে জানতে পারবেন তারা।

তিনি বলেন, বিভিন্ন এলাকায় নতুন ডিলার নিয়োগের কার্যক্রম চলছে। একইসঙ্গে আবেদনকারীদের তথ্য মাঠপর্যায়ে যাচাই-বাছাই করা হচ্ছে। নতুন পদ্ধতিতে অনলাইনে জমা দেওয়া আবেদন সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হচ্ছে। জেলা প্রশাসনের মাধ্যমে আবেদনকারীদের দেওয়া তথ্য যাচাই এবং মাঠপর্যায়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের প্রতিবেদন পরবর্তী মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়।

ডিলার নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে তিন সদস্যের একটি মূল্যায়ন কমিটি কাজ করছে। এ কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রয়েছেন। জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে কমিটি ডিলার নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

টিসিবির চেয়ারম্যান বলেন, সংশ্লিষ্ট জেলা প্রশাসন থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার ওপর নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে। সব জেলার প্রতিবেদন এখনো পাওয়া যায়নি। এ কারণে প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময় লাগছে। তিনি আরো বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ডিলারের অন্তত ৫০ শতাংশ নিয়োগ সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। বাকি নিয়োগও আগামী রমজানের আগেই শেষ করতে চায় টিসিবি। ২০২৬ সালে যেসব ডিলারের লাইসেন্স নবায়নের কথা ছিল, তাদের নবায়নের সময়সীমা তিন মাস বাড়ানোর পর নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়। টিসিবির বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং ডিলার নির্বাচনে তদারকি জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।

আগের পদ্ধতিতে ডিলার নিয়োগের আবেদন ও সংশ্লিষ্ট কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হতো। নতুন ডিজিটাল ব্যবস্থায় অনলাইনে আবেদন গ্রহণের পর জেলা প্রশাসনের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য যাচাই করা হচ্ছে। পরে মূল্যায়ন কমিটি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে। টিসিবি মনে করছে, অনলাইন আবেদন, জেলা পর্যায়ে তথ্য যাচাই এবং কমিটির মাধ্যমে মূল্যায়নের সমন্বয়ে নতুন পদ্ধতিতে ডিলার নিয়োগ আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। একইসঙ্গে রমজানের আগে পণ্য বিতরণ কার্যক্রমের প্রস্তুতি জোরদার করা সম্ভব হবে।


নির্বাচিত

banner close