আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দুই দেশের মধ্যকার সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা করতে চলতি মাসের মাঝামাঝি সময় ঢাকায় আসবেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র-সচিব খুরশেদ আলমের সঙ্গে বৈঠক করেন। সেখানে লুর ঢাকা সফরের বিষয়ে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
সূত্রটি বলছে, আগামী ১৪ থেকে ১৬ মে ঢাকা সফর করতে পারেন লু। তিনি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় আসবেন।
সূত্রটি আরও জানায়, গত মাসে ডোনাল্ড লু ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে তার ঢাকা সফরের আগ্রহের কথা জানান। চলতি মাসের শুরুর দিকেও লুর ঢাকা সফর নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল। তবে ঠিক কবে নাগাদ লুর সফর হবে, তা চূড়ান্ত ছিল না।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পাঁচটি প্রধান ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের চলমান অংশীদারিত্বের ব্যাপ্তি আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ডোনান্ড লুর সফরে সম্পর্ক বিস্তৃত করার বার্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর চারবার বাংলাদেশ সফর করেছেন লু। গত বছরের জুলাইতে তিনি সবশেষ বাংলাদেশ সফর করেন। তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) তার ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করে সবাইকে ভুয়া সংবাদ থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
এ ধরনের কোনো ঘটনার সঙ্গে বাস্তবতার মিল নেই বলে জানানো হয়েছে এক সতর্কবার্তায়। এতে বলা হয়, ফজলুর রহমানের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডে প্রচারিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।
সতর্কবার্তায় আরও বলা হয়, যাচাই না করে কেউ যেন কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার না করেন। বিভ্রান্তি এড়াতে ফজলুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ ও এএমআই টিভির পেজ অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এতে সবাইকে সত্য তথ্য প্রচার এবং মিথ্যা তথ্য ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান বলেছেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে কমিশন।
দুদকের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে রোববার (২২ নভেম্বর) দুদকের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় কমিশনার (তদন্ত) ড. জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অর্থ পাচার হয়েছে। যার মধ্যে প্রতিবছর ১৬ বিলিয়ন পাচার হয়েছে ইনভয়েস, ওভার ভয়েসের মাধ্যমে।
তিনি বলেন, বড় বড় দুর্নীতিগুলো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। যারা বড় বড় দুর্নীতি করেছে তাদের সংখ্যা বেশি নয়। বর্তমান কমিশন এসকল বড় বড় দুর্নীতির অনুসন্ধান, মামলা এবং তদন্তের বিষয়ে কমিশন বেশি গুরুত্ব দিয়েছে। তিনি দুদককে আশা জাগানিয়া প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তৃতায় কমিশনার (অনুসন্ধান) ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতি নয়, বরং প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে দুর্বল করে দিয়েছে। এদেশের প্রায় ৯৫ প্রায় শতাংশ মানিলন্ডারিং হয় ক্লিয়ারিং হাউজের মাধ্যমে। আর এটি হয়ে থাকে কর্পোরেট হাউজ এবং ব্যাংকের মাধ্যমে। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা নিজেরা দুর্নীতিমুক্ত থাকবেন। আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।
কমিশনের সচিব মো. সাইদুর রহমান খান এর সভাপতিত্বে আলোচনা সভায় কমিশনের সকল মহাপরিচালক, সকল পরিচালক এবং উপপরিচালকগণ অংশগ্রহন করেন।
সভাপতির বক্তৃতায় দুদক সচিব বলেন, বর্তমান কমিশন মাত্র তিন মাসের মধ্যে দুদকের নতুন অর্গানোগ্রাম তৈরি করেছে, এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি করেছে এবং নতুন গ্রেডেশন তালিকা তৈরি করেছে। কর্মকর্তাদের জন্য দেশে বিদেশে কোয়ালিটি সম্পন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করছে। এতে করে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত এবং দুর্নীতি প্রতিরোধের কাজের মান বাড়বে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মহাপরিচালক (প্রতিরোধ) মোঃ নাজমুল আলম, মহাপরিচালক মোরশেদ আলম, সম্পদ ব্যবস্থপনা ইউনিট এর পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, দুদকের খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. ফজলুল হক এবং ঢাকা-১ এর মো. আতিকুল আলম বক্তৃতা করেন। এর আগে কমিশনের চেয়ারম্যান কমিশনারদ্বয় এবং সচিবকে নিয়ে দুদকের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে করে চলতি বছর এ পর্যন্ত মোট প্রাণহানি দাঁড়ালো ৫১৮ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ৫১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে চট্টগ্রাম বিভাগে ডেঙ্গুতে একজন মারা গেছেন। পাশাপাশি এই সময়ে রংপুর বিভাগেও একজনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগেই সবচেয়ে বেশি ডেঙ্গুরোগী (৭৫৫ জন) হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ১৭৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৫০ জন, বরিশাল বিভাগে ১৬৭ জন, রাজশাহী বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭৬ জন, রংপুর বিভাগে ৬৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৬১ জন মারা গেছেন। সব মিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৫১৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ২৬১ জন মারা গেছেন। এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৯ জন এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়তে চান যেখানে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের প্রতি মানুষের ভালোবাসাই প্রধান পরিচয় হবে বলে মন্তব্য করেছেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাঃ জুবাইদা রহমান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার গঠিত সরকার এমন একটি বাংলাদেশ চান, যেখানে মানবিকতা ও মানুষের জন্য মানুষ—এই চেতনাই প্রধান হবে। আজ আপনাদের বিপদে আমরা পাশে আছি। ভবিষ্যতেও যেকোনো বিপদে আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।’
রোববার (২২ নভেম্বর) রাজধানীর কড়াইল বিটিসিএল কলোনিতে আগুনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন হয়ে পড়াদের মধ্যে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য তারেক রহমানের পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান সাতটি ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৯ বছর বয়সি শাহরিয়ার রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট। ডা. জুবাইদা রহমান বলেন, ‘শাহরিয়ারের সামনে ছিল উজ্জ্বল ভবিষ্যৎ। কিন্তু অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় তাকে হারাতে হয়েছে।’ তিনি শাহরিয়ার রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।’ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে মিজানুর রহমান, মরশেদা খাতুন, নাজমিন বেগম, কোহিনুর বেগম ও মরশেদা বেগমের নাম উল্লেখ করে তাদের প্রতি সমবেদনা জানান তিনি। বক্তব্যের শেষ পর্যায়ে শাহরিয়ার রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপস্থিত সবাইকে এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।
গত ১৫ নভেম্বর ভোরে কড়াইলে লাগা আগুনে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়। এ সময় আগুনে অন্তত সাত-আটটি বসতঘর ও একটি দোকান পুড়ে যায়। বস্তির টিঅ্যান্ডটি কলোনির পশ্চিমপাড়ায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। এরপরই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘর পুনর্নির্মাণ ও পুনর্বাসনের উদ্যোগ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে গৃহহীন বাসিন্দাদের পুনরায় তাদের ঘরে ওঠার জন্য চাবি হস্তান্তর করেন বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।
মৎস্যসম্পদ কাজে লাগিয়ে উৎপাদন বাড়ানো এবং রপ্তানি বৃদ্ধিতে গুরুত্ব দিতে বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, ‘এ খাতের বিদ্যমান সমস্যা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নিতে হবে।’ রোববার (২২ নভেম্বর) মৎস্য ভবনে ওয়ার্ল্ড ফিশারিজ ডে-২০২৬ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, ‘মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে। এক সময় তৈরি পোশাক খাতের পর মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য।
এ খাতের সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন প্রত্যাশিত অগ্রগতি হচ্ছে না, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।’ মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ করতে হবে। নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ার কারণে মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে।’ শিল্পকারখানার বর্জ্য পরিশোধন নিশ্চিত করা এবং নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পানিপ্রবাহ ও জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্র নদী-মোহনায় নাব্যতা ফিরিয়ে আনতেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। নদী ও খালের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা গেলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে।’
তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নের যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে।’ মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে মৎস্য খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে।’
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মামুন চৌধুরী, নৌবাহিনী প্রতিনিধি, কোস্ট গার্ড প্রতিনিধি, উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ মৎস্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি কর্মচারী হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরের উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে দেশের ইতিহাসে আরও একটি সরকারি মেডিকেল কলেজের নাম যুক্ত হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে অল্প কিছুদিনের মধ্যে এটির আত্মপ্রকাশ হবে। এ বছর থেকেই শিক্ষার্থী ভর্তির চিন্তা রয়েছে। তবে কলেজের কার্যক্রম কোথায় চলবে, তা এখনো ঠিক হয়নি। হাসপাতাল ভবনের দুটি তলায় শুরু হতে পারে কার্যক্রম। সারাদেশে সরকারি মেডিকেল কলেজ ৩৬টি। দীর্ঘদিন ধরেই এসব কলেজে শিক্ষকসংকট চলছে। শিক্ষকের মোট পদের প্রায় ৪৫ শতাংশই শূন্য। অর্থাৎ অনুমোদিত শিক্ষক পদের অর্ধেকের কিছু বেশি পূরণ হয়েছে। নিজস্ব হাসপাতাল নেই ১২টি মেডিকেল কলেজের।
এই অবস্থায় রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে মেডিকেল কলেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ৫০০ শয্যার এই হাসপাতালে চিকিৎসার সুযোগ পান সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান। শিক্ষা কার্যক্রমের জন্য হাসপাতাল ভবনের দুটি তলা খালি করা হতে পারে। পাশের কোনো ভবন ভাড়া নেওয়ার কথাও ভাবা হচ্ছে। প্রথম বছর ৫০টি আসন নিয়ে যাত্রা শুরু হতে পারে। শিগগিরই কলেজের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি কমিটি।
সরকারি কর্মচারী হাসপাতালের অতিরিক্ত মহাপরিচালক রুহুল আমিন বলেন, ‘দেশে ১৫ লাখ সরকারি কর্মচারী আছেন। তাদের স্বাস্থ্যসেবা আরও ভালোভাবে পরিচালনার জন্য এই উদ্যোগ নিয়েছি। ঝিলমিল প্রকল্পে আমরা জমি কিনছি। সেখানে স্থায়ী ক্যাম্পাস তৈরির জন্য দ্রুত ব্যবস্থা নিচ্ছি। আপাতত দুই-তিন বছর এখানেই ক্লাস চলবে। বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার নীতিমালা থাকলেও সরকারি মেডিকেল কলেজের জন্য এমন নীতিমালা নেই। ফলে কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই বেশ কয়েকটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। নানা সংকট নিয়ে চলছে সেগুলো। একই প্রক্রিয়ায় চালু হতে যাচ্ছে আরও একটি মেডিকেল কলেজ।’
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, ‘সেখানে তো কালকেই মেডিকেল কলেজ চালু হয়ে যাচ্ছে না। প্রস্তুতি নিয়েই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে আমাদের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনা চলছে। ঢাকায় একটি ভালো হাসপাতাল আছে। সেখানে মেডিকেল কলেজ হলে সুবিধা হতে পারে, এমনটা অনেকেই ভেবেছেন। আমরা হয়তো সেই প্রক্রিয়ার মধ্যেই আছি। ধাপে ধাপে কাজ হবে। এ নিয়ে চিন্তার কিছু নেই। সরকারি কর্মচারী হাসপাতালে প্রতিদিন ৩ হাজারের বেশি রোগী আসেন। পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এখানে একটি মেডিকেল কলেজ চালু করা যেতে পারে। তবে প্রস্তুতি নিয়ে প্রশ্ন ওঠায় উদ্যোগটি সমালোচনার মুখে পড়েছে।’
যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) মহাসচিব স্টিফেন টুইগের গত ২০ নভেম্বর (শুক্রবার) একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের সঙ্গে সিপিএ-এর চলমান ও ভবিষ্যৎ সহযোগিতা সম্প্রসারণ, সংসদীয় কার্যক্রমের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ জোরদারের বিষয়ে আলোচনা হয়।
চীফ হুইপ বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, সংসদীয় কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সংসদীয় সংস্থাগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অক্ষুণ্ণ রেখে বিশ্বের বিভিন্ন দেশের সংসদের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় বাংলাদেশ জাতীয় সংসদ।
বৈঠকে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়ার উৎকর্ষ সাধন এবং সংসদ সদস্যদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সিপিএ মহাসচিব স্টিফেন টুইগ বাংলাদেশের জাতীয় সংসদের সঙ্গে সংস্থাটির সহযোগিতা অব্যাহত রাখা এবং সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে উভয় পক্ষ ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সংসদীয় পরিমণ্ডলে বাংলাদেশের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
টানা দরপতনের ধারায় এক দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিপ্রতি আরও ৬ হাজার ১৮২ টাকা হ্রাস পেয়েছে। এর ফলে এক বছর পর প্রথমবারের মতো সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ টাকার নিচে নেমে এল। শনিবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) পক্ষ থেকে নতুন এই দরের ঘোষণা দেওয়া হয়, যা রোববার থেকে কার্যকরের কথা জানানো হয়েছে। সব মিলিয়ে গত দুই সপ্তাহে নয় দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ৩৪ হাজার ৭০০ টাকা কমেছে।
নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম বিক্রি হবে ১৬ হাজার ৭১৫ টাকায়; সে হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরির দাম পড়বে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। পাশাপাশি অন্যান্য মানের স্বর্ণের দরও কমানো হয়েছে, যার মধ্যে ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্বর্ণের বাজারে এই দরপতনের কারণ সম্পর্কে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন গণমাধ্যমকে বলেন, আন্তর্জাতিক বাজারে দর কমার কারণে দেশের বাজারে সমন্বয় করা হচ্ছে। তিনি বলেন, “বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক বাজার নিম্মমুখী। মাঝে-মধ্যে ঊর্ধ্বমুখী হলেও বেশিরভাগ সময়ই কমেছে। আমরা হিসাব করে দেখেছি, গত এক বছরে বিশ্ববাজারে প্রতি আউন্স গোল্ডের দাম ২ হাজার ডলারের বেশি কমেছে। সেই ধারাবাহিকতায় দেশের বাজারেও কমেছে।”
বাজুসের পরিসংখ্যানে দেখা যায়, এর আগে চার দিনে তিন দফায় মোট ১২ হাজার ৭২ টাকা বৃদ্ধির পর গত ৫ নভেম্বর ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায় পৌঁছেছিল। তবে ঠিক পরদিনই ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয় এবং এরপর থেকে টানা সাত দফায় দাম নামতে থাকে। এর মধ্যে শনিবার রাতের ঘোষণার আগের দিন শুক্রবার একবারেই ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমানো হয়েছিল, যাতে ভরি নেমে আসে ২ লাখ ১ হাজার ১৬৬ টাকায়।
সংগঠনটির তথ্য পর্যালোচনায় আরও জানা যায়, ২০২৫ সালের ৬ অক্টোবর প্রথমবারের মতো দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিপ্রতি ২ লাখ টাকার মাইলফলক অতিক্রম করে। ওই মাসের ২৯ তারিখে একবার তা ২ লাখ টাকার নিচে নামলেও পরবর্তী সময়ে ওই সীমার বেশি দরেই লেনদেন হচ্ছিল। এ ছাড়া আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড ২ লাখ ৮৬ হাজার ১ টাকায় উঠেছিল, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দর। এরপর থেকে বাড়া-কমার মধ্য দিয়ে চলতে থাকা দেশের স্বর্ণের বাজার চলতি নভেম্বর থেকে ধারাবাহিকভাবে কমে দুই লাখ টাকার নিচে নেমে এসেছে।
অন্যদিকে, বিশ্ববাজারেও মূল্যবান এই ধাতুর দরপতন অব্যাহত রয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের সবশেষ প্রতিবেদনে জানানো হয়েছে। রয়টার্সের তথ্যমতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে। সুদের হার নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থানের ইঙ্গিত ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট শেয়ারের দরপতনের প্রভাবেই স্বর্ণের বাজারে এ নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৩টা ২৫ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ শতাংশ কমে ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে নেমে আসে; যদিও দিনের আগের লেনদেনে তা ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে দাঁড়িয়েছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন। চলতি সপ্তাহে এ পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম ৯ দশমিক ৪ শতাংশ কমেছে, যা গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর সর্বাধিক সাপ্তাহিক দরপতন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, ‘পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার জাতীয় এসএমই নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।’
রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রপ্তানি প্রবেশদ্বার (এক্সপোর্টিং গেট) হিসেবে প্রতিষ্ঠা করা হবে এ নীতিমালার মূল লক্ষ্য।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি-বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।’
সরকার আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলে আগামী চার বছরে দেশে ২৫ হাজারেরও বেশি নতুন উদ্যোক্তা সৃষ্টি করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উৎপাদন ও বিকাশের কোনো বিকল্প নেই। এ কারণে এসএমই খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।
তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান অপরিসীম। দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জার্মানি ও ইতালিসহ বিশ্বের অনেক দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে।
কর্মসংস্থান ও জিডিপিতে এ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বজুড়ে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ। বাংলাদেশকেও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর করতে এসএমই খাতের উৎপাদন ও সম্প্রসারণে গুরুত্ব দিতে হবে।
মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যা এ খাতের বিকাশের পথে বড় প্রতিবন্ধকতা বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এসব সমস্যা দূর করতে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকার ইতোমধ্যে এসব প্রতিবন্ধকতা দূর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।
তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পসহ নতুন নতুন খাতের পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশের সময় এসেছে।
ইতালির শিল্প ক্লাস্টারভিত্তিক উৎপাদনব্যবস্থার উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশটির বিভিন্ন অঞ্চল বিশেষায়িত পণ্য উৎপাদনের জন্য পরিচিত। কোনো কোনো এলাকায় চামড়াজাত পণ্য ও জুতা, আবার কোথাও সিরামিক টাইলস উৎপাদন হয়। এভাবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমন্বয়ে দেশটি বিশ্ববাজারে শক্তিশালী অবস্থান তৈরি করেছে।
প্রধানমন্ত্রী বলেন, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, এসব পণ্যের আধুনিক নকশা, গুণগত মান ও যথাযথ প্যাকেজিং নিশ্চিত করে আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে হবে। এ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকেও সরকার আন্তরিকভাবে সহযোগিতা করবে।
বিদেশের আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্রগুলোতে বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলার আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন কিংবা প্যারিসের মতো শহরে সরকারি উদ্যোগে এ ধরনের মেলার আয়োজন করা যেতে পারে। এতে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন।
সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের পাটজাত পণ্যসহ বিভিন্ন শিল্পপণ্য প্রদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, সেখানে বিদেশি ক্রেতারা বাংলাদেশের পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন এবং অনেকেই পণ্যের অর্ডার দিতে চেয়েছেন। কিন্তু অর্ডার গ্রহণের প্রয়োজনীয় প্রস্তুতি না থাকায় সে সুযোগ পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের পাশাপাশি উদ্যোক্তাদের এমনভাবে প্রস্তুত করতে হবে, যাতে বিদেশি ক্রেতারা তাৎক্ষণিকভাবে অর্ডার দিতে পারেন এবং প্রয়োজনীয় ব্যাংকিং ও লেনদেনের ব্যবস্থা সেখানেই থাকে।
আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ, জিআই, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা এবং দেশি-বিদেশি ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নারী উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতা অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এবারের এসএমই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তারা বুটিক ও পোশাকশিল্প, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পণ্য বাজারজাত করছেন।
তিনি বলেন, নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক ও পণ্য বিতরণের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণের চিন্তাভাবনা করছে।
তরুণ ও নতুন উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বছরের পর বছর চাকরির পেছনে সময় ব্যয় না করে এসএমই খাতের মাধ্যমে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া প্রয়োজন। আজ যারা পুরস্কৃত হয়েছেন, তাদের জীবনসংগ্রাম ও সাফল্য নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। এছাড়া এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তা, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এসএমই পণ্য মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।
এর আগে বেলা ১১ টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করেন।
মেলার অংশ হিসেবে সাতটি ক্যাটাগরি ও একটি বিশেষ ক্যাটাগরিতে মোট আটজন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই বিজনেস, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।
পরে পুরস্কারপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর সঙ্গে গ্রুপ ফটোসেশনে অংশ নেন। সূত্র: বাসস
সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ ও সামুদ্রিক অপরাধ প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদোর সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এ কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে অফশোর প্যাট্রল ভেসেল (OPV) হিসেবে ব্যবহৃত এই জাহাজগুলো বঙ্গোপসাগরে আমাদের নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে।
বৈঠকে দুই দেশের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট রাখার পাশাপাশি সমুদ্রসীমায় নিরাপত্তা ও প্রাতিষ্ঠানিক সামর্থ্য বাড়াতে উভয় দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে বিশদ মতবিনিময় হয়। এতে বাংলাদেশ কোস্ট গার্ডের গভীর সমুদ্রে টহল দেওয়ার সক্ষমতা আরও সম্প্রসারিত করতে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে জিটুজি (G2G) প্রক্রিয়ায় অফশোর এবং কোস্টাল প্যাট্রল ভেসেল সংগ্রহে গুরুত্ব দেওয়া হয়; যেখানে স্বচ্ছতা ও প্রতিযোগিতামূলক নীতি অনুসরণের ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদুপরি, উভয় দেশের কোস্ট গার্ডের প্রাতিষ্ঠানিক বন্ধন দৃঢ় করতে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও আলোচনা ফলপ্রসূ হয়।
সাক্ষাতে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্ট বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাগত দক্ষতার ব্যাপক প্রশংসা করেন এবং জলদস্যুতা প্রতিরোধে নিজ বাহিনীর অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে উভয় পক্ষ নিয়মিত যৌথ মহড়া, সেমিনার এবং পেশাদার বিনিময় কর্মসূচি পরিচালনার মাধ্যমে নিজেদের মধ্যে আন্তঃকার্যক্ষমতা বাড়ানোর বিষয়ে সম্মত হন।
সাক্ষাৎকালে মন্ত্রী বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড সম্প্রতি দেশি ও ৭টি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (BWO) এবং মানবপাচার প্রতিরোধ (AHT) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে। আগামী বছর এই কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হবে।
ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খানসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালির প্রতিনিধিদলের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।
গঙ্গা ও পদ্মার পানি বণ্টন সংক্রান্ত উপাত্ত আদান-প্রদানের লক্ষ্যে আজ ঢাকায় আলোচনায় বসছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। আগামী ১২ ডিসেম্বর চলমান গঙ্গা পানি বণ্টন চুক্তির সময়সীমা ফুরিয়ে এলেও এই বৈঠকের আলোচ্যসূচিতে চুক্তি নবায়ন কিংবা নতুন কোনো চুক্তি সম্পাদনের বিষয় অন্তর্ভুক্ত করা হয়নি। তবে বিদ্যমান চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পানি প্রাপ্তির নিশ্চয়তা সংক্রান্ত শর্ত সংযুক্ত করার প্রত্যাশা করছে ঢাকা।
এর পূর্বে গত ২২ মে কলকাতায় গঙ্গার পানি বণ্টন বিষয়ক তথ্য বিনিময়ের সর্বশেষ সভাটি অনুষ্ঠিত হয়েছিল। বর্তমান চুক্তির মেয়াদ অনুযায়ী, ঢাকায় আজকের এই আলোচনাকে এ পর্যায়ের সমাপনী বৈঠক হিসেবে গণ্য করা হচ্ছে।
তথ্যমতে, ১৯৭৭ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেখানে শুষ্ক মৌসুমে বাংলাদেশকে ৩৪ হাজার ৫০০ কিউসেক পানি দেওয়ার কথা ছিল। পরবর্তীতে ১৯৯৬ সালে দুই দেশের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানি বণ্টন চুক্তি সম্পাদিত হয়, যার মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। ওই চুক্তির শর্তানুযায়ী, প্রতি বছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত ১০ দিন পরপর উভয় দেশের ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার কথা। কিন্তু শুষ্ক মৌসুমে উজানে পানি সরিয়ে নেওয়ার ফলে দেশের মধ্য ও দক্ষিণাঞ্চলের পদ্মা নদীতে তীব্র জলসংকট তৈরি হয়। প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গার ওপর ভারতের তৈরি ২৯টি বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পের প্রভাবেই মূলত এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
চুক্তির মেয়াদ ফুরোনোর পূর্বে দুই দেশের মধ্যকার রাজনৈতিক দূরত্ব এই আলোচনায় প্রভাব বিস্তার করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ দেওয়ান বলেন, আগামী দুই বছরেও যদি কোনো চুক্তি না হয়, তাহলে অচলাবস্থার প্রভাব বাংলাদেশের ওপরই বেশি পড়বে। পানি না থাকলে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগও কার্যকর হবে না। তাই জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকারকে আলোচনায় এগিয়ে আসার এবং সংকট সমাধানের পথ অনুসন্ধান করার পরামর্শ দিয়েছেন তিনি।
যৌথ নদী কমিশনের সদস্য আনোয়ার কাদির জানান, গঙ্গা চুক্তি নিয়ে তিনটি বৈঠক হয়ে থাকে। গত রোববার তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। তার ভাষ্য, এসব বৈঠক নিয়মিত কার্যক্রমের অংশ। তবে চুক্তির মেয়াদ সমাপ্ত হওয়ার আগে নবায়নের ব্যাপারে কোনো অগ্রগতি সাধিত হবে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, খুব শিগগিরই এ সংলাপ কার্যক্রম শুরু হতে পারে। মূলত কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গড়ে তুলতে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে পৃথক মতবিনিময় বা সংলাপ আয়োজনের প্রক্রিয়া চলছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে সংলাপে কোন কোন রাজনৈতিক দল আমন্ত্রণ পাবে এবং আলোচনার সুনির্দিষ্ট বিষয়বস্তু কী হবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি বলে সরকার ও বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এদিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। জামায়াতে ইসলামী ও এনসিপির দলীয় সূত্র জানায়, গত ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাওয়া নাহিদ ইসলাম রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন। অন্যদিকে গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে যাওয়া শফিকুর রহমান সেখান থেকে মালয়েশিয়ায় যাবেন এবং আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
শীর্ষ এই দুই নেতার দেশে ফেরার পর সংলাপ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই প্রক্রিয়াটি আরম্ভ হতে পারে বলে জানা গেছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় ইতোমধ্যেই সংলাপ আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে আগামীকাল এনসিপির সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সংলাপের সূচনা হতে পারে।
সংলাপের এ উদ্যোগ প্রসঙ্গে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন গতকাল বলেন, ‘এনসিপি প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে ইতিবাচকভাবে দেখছে। তবে সেই ঐক্যের যেন ধারাবাহিকতা থাকে, সেটি আমাদের চাওয়া। ফ্যাসিবাদের বিরুদ্ধে একটা ন্যাচারাল অ্যালায়েন্স দেশে আছে। এখন যে নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে, এর অর্থ সেই ঐক্যে কোথাও না কোথাও নিশ্চয়ই চিড় ধরেছে। সেটির কারণ অনুসন্ধান করতে হবে। আর ঐক্যের ভিত্তিমূলও থাকা জরুরি।’
বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সংসদের সমাপনী বক্তৃতায় ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আসার যে আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী, এই সংলাপের উদ্যোগকে তারই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে। মূলত জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়েই এ সংলাপের আয়োজন করা হচ্ছে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো নিরসনে সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সম্পৃক্ততা ছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
দেশের অর্থনীতিতে এ খাতের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের বিকল্প নেই। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য হাতে নিয়েছে সরকার।’ এসএমই খাতের বিকাশে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার স্থাপন করা হবে বলেও তিনি ঘোষণা দেন। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
মূল বক্তব্যের আগে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ প্রাপ্ত আটজন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কার হিসেবে তাঁদের নগদ অর্থ, ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা—এই ক্যাটাগরিগুলোতে পুরস্কার দেওয়া হয়।
এবারের মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশই নারী উদ্যোক্তাদের। প্রদর্শনীতে পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের বিভিন্ন প্রতিষ্ঠান থাকছে।