ঢাকায় কোনো কাঁচা বস্তি, অস্বাস্থ্যকর পরিবেশ থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সুন্দর পরিবেশে সবাই বসবাস করবে। সেই ব্যবস্থা করে দেবো। এই পদক্ষেপও আমরা নিয়েছি। মানুষের কল্যাণে কাজ করা, এটাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করি।’
পুড়ে যাওয়া বঙ্গবাজারের স্থানে ১০তলা বঙ্গবাজার পাইকারি মার্কেট, শাহবাগে হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু উদ্যানের আধুনিকায়নসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে আজ শনিবার সকালে এসব কথা বলেন তিনি।
সরকারপ্রধান বলেন, ‘আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য ফ্ল্যাট করে দিচ্ছি। বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যেরকম ভাড়া সেরকম ভাড়াই দেবে। কিন্তু তারা ফ্ল্যাটে থাকবে। শুধু বড়লোকেরাই ফ্ল্যাটে থাকবে সেটা হতে পারে না, আমাদের রিকশাওয়ালা থেকে শুরু করে দিন মজুররাও ফ্ল্যাটে থাকবে। স্বল্প ভাড়া, কেউ যদি প্রতিদিন ভাড়া দিতে চায়, সেই ব্যবস্থা আছে। কেউ যদি সাত দিনের ভাড়া দিতে চায়, সে ব্যবস্থা আছে। কেউ মাসের ভাড়া দিতে চাইলে সে ব্যবস্থাও হবে। আমরা ইতিমধ্যে ৩০০ পরিবার তুলেছি।’
পরিবেশ রক্ষার গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যাদের এক টুকরো জমি আছে তারা একটা ফুলের গাছ, একটা ফলের গাছ হলেও লাগান। যাদের গ্রামের বাড়ি আছে সেখানে যেন অনাবাদি জমি না থাকে সেই দিকে দৃষ্টি দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এতে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা-৮ আসনের এমপি আ ফ ম বাহাউদ্দিন নাছিম। স্বাগত বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিম।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন বিজিবিসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে এই ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মোতায়েন হওয়া বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছেন। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে; যেখানে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদর দপ্তর আরও জানিয়েছে, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বাহিনীটি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে বিজিবি বদ্ধপরিকর।
সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপ’-এ এই প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন, মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে যাবেন প্রধানমন্ত্রী এবং মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন এদিন স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হতে যাচ্ছে; যাতে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে। উপ-প্রেস সচিব আরও জানান, সফরকালে প্রধানমন্ত্রী তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়ার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলন স্থল ঘুরে দেখবেন এবং সেখানে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
ভারতে দুই বছরের বেশি সময় নির্বাসনে থাকার পর আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রথমবারের মতো সুনির্দিষ্ট তারিখ জানিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। মুখপাত্রের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এখন তাকে দিল্লি থেকে ঢাকায় ফিরিয়ে আনার জন্য একইভাবে উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন তিনি।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘এ ধরনের পরিস্থিতিতে সংবিধান লঙ্ঘন করে তাকে নির্বাসনে পাঠানো হয়েছে। তাই ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার বাংলাদেশে প্রত্যাবর্তন নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’
চলতি মাসের শুরুতে নতুন পাসপোর্টসহ প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের উদ্যোগ নেওয়ার পরই শেখ হাসিনার দেশে ফেরার এ পরিকল্পনা সামনে এল; এর আগে ক্ষমতাচ্যুত হয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার কয়েক মাসের মধ্যে তাঁর আগের পাসপোর্ট বাতিল করা হয়েছিল। তবে তাঁর নতুন এই আহ্বানের বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও সরকারের একজন মুখপাত্র সাড়া দেননি। যদিও এর আগে রোববার রয়টার্সকে বাংলাদেশের এক মন্ত্রী জানিয়েছিলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে এবং তাঁকে দেশে ফেরাতে ভারত থেকে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে দুই দেশের সরকারের মধ্যে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন; ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে সংঘটিত আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার দায়ে তাঁকে এ সাজা দেওয়া হয়। তবে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই আন্দোলন ও সংশ্লিষ্ট সহিংসতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রাণঘাতী সেই অভ্যুত্থানের মুখেই ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। বর্তমানে বাংলাদেশে তাঁর রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে; এমন প্রেক্ষাপটে দেশে ফেরার তারিখ ঘোষণার পাশাপাশি নতুন পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র সংগ্রহের উদ্যোগকে ঘিরে রাজনৈতিক ও আইনি উত্তেজনা আরও বাড়তে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব উঠছে জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) হাতে। এ জন্য কোম্পানিটির সঙ্গে ১৫ বছর মেয়াদি এক কনসেশন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তি অনুযায়ী, জাপানি কোম্পানির কাছ থেকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার পাবে সরকার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। পাশাপাশি যাত্রী ও কার্গো পরিবহন থেকে অর্জিত রাজস্বের ভাগও পাবে সরকার।
সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রস্তাবটি সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, থার্ড টার্মিনাল নির্মাণের পর এর পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করে আর্থিক প্রস্তাব জমা দেয় জাপানি কোম্পানিটি। ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ প্রস্তাবটি যাচাই-বাছাই করে দর-কষাকষি সম্পন্ন করে। পরে প্রস্তাবিত কনসেশন চুক্তি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মাধ্যমে ভেটিং করা হয়। ভেটিংয়ের পর অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের মতামত নিয়ে চুক্তিটি চূড়ান্ত করা হয়।
চুক্তির শর্ত অনুযায়ী, টার্মিনাল-৩ পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন পিরিয়ড হবে ১৫ বছর। এজন্য জাপানি কোম্পানিকে অগ্রিম ৮১ লাখ মার্কিন ডলার দিতে হবে। চুক্তিতে যাত্রী ও কার্গো পরিবহন থেকে রাজস্ব ভাগাভাগির শর্তও রাখা হয়েছে। যাত্রী পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা যাত্রীপ্রতি ২ দশমিক ১ মার্কিন ডলার এবং কার্গো পরিবহনের ক্ষেত্রে মোট রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি মেট্রিক টনে ১১ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এছাড়া, এমবারকেশন ফি বাবদ ১২ দশমিক ৫ মার্কিন ডলারের বিষয়টি চুক্তিতে উল্লেখ রয়েছে। বর্তমানে স্থানীয় মুদ্রায় ৫০০ টাকা নেওয়া হয় এই খাতে। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ক্ষেত্রেও চুক্তিতে শর্ত রাখা হয়েছে। এতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত সম্পন্ন করবে। প্রকল্প হস্তান্তরের তারিখ থেকে ১৪ মাসের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের পূর্ণাঙ্গ পরিচালন কার্যক্রম চালু করতে হবে বলেও শর্ত রাখা হচ্ছে চুক্তিতে।
এদিকে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধন হতে যাচ্ছে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আগামী ১৬ ডিসেম্বর প্রথমে চারটি ফ্লাইট দিয়ে থার্ড টার্মিনালের কার্যক্রম শুরু হবে। আস্তে আস্তে ফ্লাইট বাড়তে থাকবে। বিমান বাংলাদেশ, সিঙ্গাপুর এয়ারলাইন্সসহ অন্য ফ্লাইট দিয়ে এটি শুরু হবে।
এর আগে আগামী ৩০ নভেম্বরের মধ্যে চুক্তি সই হবে বলেও জানান তিনি।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে তার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এ মন্তব্য করেছেন তিনি। গত রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে আনার (প্রত্যর্পণ) চেষ্টা করছে। ২০২৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বাংলাদেশ আশা করছে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নয়াদিল্লি তাকে ফেরত দেবে।
শামা ওবায়েদ বলেন, ‘তিনি (হাসিনা) বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে কারাগারে পাঠানো হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ তিনি আরো বলেন, ‘আমরা চাই ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক। এরপর আইন নিজস্ব গতিতে চলবে। তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। তবে এপ্রিল মাসে মন্ত্রণালয় জানিয়েছিল যে, হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ তারা খতিয়ে দেখছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান ঘটার পর ওই বছরের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। এ ছাড়া তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সেই অস্থিরতার সময় প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়েছিলেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেছেন শেখ হাসিনা। তবে সরকার তার এসব আবেদন প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে তার সমর্থকেরাও রাজপথে সক্রিয় হয়েছেন। চলতি মাসে আওয়ামী লীগ তার দেশে ফেরার দাবিতে ধারাবাহিক বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করে। এর ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচি পালন করে দলটি। গত ১০ দিনে দেশের অন্তত ২৮টি জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন। এসব সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ দলের টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেছেন শামা ওবায়েদ। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করেছেন।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কোনো উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ। তবে এ সম্পর্কের ক্ষেত্রে দেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না। শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করতে চায়, সেই সিদ্ধান্ত ভারতকেই নিতে হবে।’
দেশে নতুন করে এইচআইভি শনাক্ত ব্যক্তিদের মধ্যে শিক্ষার্থীর হার পাঁচ বছরের ব্যবধানে দ্বিগুণের বেশি বেড়েছে। ২০২১ সালে নতুন শনাক্তদের ৭ দশমিক ১৩ শতাংশ শিক্ষার্থী থাকলেও ২০২৫ সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৭ শতাংশে।
গত বছর দেশে নতুন করে এইচআইভি শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৯১ জন। তাদের মধ্যে ৩২১ জন শিক্ষার্থী। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নতুন শনাক্ত ১ হাজার ৪৩৮ জনের মধ্যে শিক্ষার্থী ছিলেন ২২৩ জন বা ১৫ দশমিক ৫০ শতাংশ। ২০২৩ সালে ১ হাজার ২৭৬ জনের মধ্যে ১৮৫ জন (১৪ দশমিক ৫০ শতাংশ) এবং ২০২২ সালে ৯৪৭ জনের মধ্যে ৪২ জন (৪ দশমিক ৪৩ শতাংশ) শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালের পর থেকে শিক্ষার্থীদের মধ্যে শনাক্তের হার ধারাবাহিকভাবে বেড়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতার ঘাটতি ও অনিরাপদ সম্পর্কের কারণে শিক্ষার্থীদের মধ্যে সংক্রমণ বাড়ছে। প্রতিরোধমূলক প্রচার, পরীক্ষার সুযোগ সম্প্রসারণ এবং আক্রান্তদের চিকিৎসার আওতায় আনার পাশাপাশি সামাজিক বৈষম্য দূর করা জরুরি।
রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, বিদেশি তহবিল কমে যাওয়ায় এইচআইভি বিষয়ে সচেতনতামূলক প্রচারণায় ভাটা পড়েছে। স্কুল ও ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিজস্ব অর্থায়ন ও সক্ষমতা বাড়াতে হবে। জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের তথ্য বলছে, ১৯৮৯ সালে দেশে প্রথম এইডস রোগী শনাক্ত হওয়ার পর থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৪ হাজার ৩১৩। গত বছর এইডসে আক্রান্ত ২১৯ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ হাজার ৬৬৬ জনের। গত বছর নতুন শনাক্তদের ২১ দশমিক ৫ শতাংশের বয়স ছিল ২০ থেকে ২৪ বছর। ১৫ থেকে ১৯ বছর বয়সি ছিলেন ৪ দশমিক ৮৭ শতাংশ। সবচেয়ে বেশি ৬২ দশমিক ৬১ শতাংশের বয়স ছিল ২৫ থেকে ৪৯ বছর।
বিভাগটির প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালে দেশে এইচআইভি নিয়ে বসবাসকারী মানুষের সংখ্যা ছিল ১৭ হাজার ৪৮০। তাদের মধ্যে শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮ হাজার ৫৭৯ জন অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল বিভাগের পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, বেশি মানুষকে স্ক্রিনিং করায় শনাক্তের সংখ্যা বাড়ছে। তবে অভিবাসী ও যৌনকর্মীদের মধ্যে সংক্রমণ কমেছে।
বিভাগটির এক উপস্থাপনায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় সীমিত প্রবেশাধিকার এবং মাত্র ২৩টি জেলায় পরীক্ষার সুবিধা থাকা এইচআইভি মোকাবিলার বড় চ্যালেঞ্জ। এ ছাড়া সচেতনতার ঘাটতি, সমন্বয়হীনতা ও আক্রান্ত ব্যক্তিদের প্রতি সামাজিক বৈষম্যও প্রতিবন্ধকতা তৈরি করছে।
উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মন্ত্রী বলেন, এ অর্থ দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনধারা ও জীবনপদ্ধতি টেকসই (সাসটেইনেবল) করা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপদ থেকে তারা কীভাবে রক্ষা পেতে পারে, সে লক্ষ্যে ব্যয় করা হবে।
সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব বিষয় আলোচনা হয়।
সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ. মার্টিন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল ।
এ সময় বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের পর মন্ত্রী বলেন, ঢাকা শহরের জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ মোকাবিলা এবং নগরকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তোলার বিষয়ে নতুন একটি প্রকল্পের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, বস্তিবাসীর জীবনমান উন্নয়নে মডেল প্রকল্প হিসেবে ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি বা দুটি বস্তিকে— যেমন কড়াইল, ভাসানটেক বা এ ধরনের কয়েকটি এলাকাকে— মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আগামী এক-দুই বছরের মধ্যে মডেল প্রকল্প তৈরি করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক উদ্যোগ নেওয়া সম্ভব হবে। বিশ্বব্যাংক এ ক্ষেত্রে সহায়তা দিতে সম্মত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিশ্বব্যাংক আমাদের দেশকে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে আসছে। সবচেয়ে কম সুদে অর্থ সহায়তা দেওয়ার কারণে বিশ্বব্যাংককে বরাবরই প্রাধান্য দেওয়া হয়।
বিশ্বব্যাংক প্রতিনিধি পেসমে বলেন, ঢাকাকে আরও বাসযোগ্য করার লক্ষ্যে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় কী কী করা সম্ভব, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রী তাদের পরিকল্পনা জানিয়েছেন ।
আলোচনার ভিত্তিতে নতুন পাইলট কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাংক সহায়তা দেবে বলে জানান তিনি। শহরের বিশেষ চ্যালেঞ্জিং এলাকাগুলোর উন্নয়ন কীভাবে করা সম্ভব, তা যাচাইয়ের একটি মডেল হিসেবে এই পাইলট কর্মসূচিতে কাজ করবে বিশ্বব্যাংক।
তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের সহায়তার বিষয় এবং ভৌত অবকাঠামো ও জীবিকার পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে কথা হয়েছে। বর্তমান কর্মসূচির পাশাপাশি ভবিষ্যতের কৌশল নির্ধারণেও এটি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নয়ন সঙ্গীদের সঙ্গে সমন্বয় করে ছোট পরিসরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কাজ শুরু করে কীভাবে শহরের বাসিন্দাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সকালে প্রায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছিল কেন্দ্রটি।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের একটি সূত্র জানায়, দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে। এ সময় উৎপাদনব্যবস্থা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি পরীক্ষা চালানো হবে। এর আগে গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুরের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। প্রথম দফায় প্রায় সাড়ে আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড থেকে কেন্দ্রটির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ওই পরীক্ষায় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছিল কেন্দ্রটি। প্রথম দফার পরীক্ষায় উৎপাদন শুরুর ২৯ মিনিটের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৩৫০ মেগাওয়াটে পৌঁছায়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন ৩০০ মেগাওয়াটে নামিয়ে আনা হয়। পর্যায়ক্রমে তা বাড়িয়ে ৩৭৫ মেগাওয়াট করা হয়। প্রাথমিক পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় পরবর্তী ধাপের কারিগরি পরীক্ষা শুরু করেছে কর্তৃপক্ষ।
কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানান, গ্রিডে যুক্ত করার আগে জেনারেটর ও জাতীয় গ্রিডের ভোল্টেজ, কম্পাঙ্কসহ অন্যান্য বৈদ্যুতিক বৈশিষ্ট্যের সামঞ্জস্য নিশ্চিত করা হয়। এরপর উৎপাদন বাড়িয়ে কেন্দ্রের যন্ত্রপাতি ও নিয়ন্ত্রণব্যবস্থার স্থিতিশীলতা পরীক্ষা করা হয়।
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় সৃষ্ট রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার সদস্যের একটি প্রতিনিধিদল। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সংলাপ শেষে শেখ হাসিনার রায় বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলটির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন; এর আগে রোববার সন্ধ্যায় যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন নাহিদ ইসলাম। বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও শ্রম উপদেষ্টা মাহ্দী আমিন এবং সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুও উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এনসিপির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংক ২০০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মন্ত্রী বলেন, এ অর্থ দেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনধারা ও জীবনপদ্ধতি টেকসই (সাসটেইনেবল) করা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপদ থেকে তারা কীভাবে রক্ষা পেতে পারে, সে লক্ষ্যে ব্যয় করা হবে।
আজ সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিসে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এসব বিষয় আলোচনা হয়।
সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ও ভুটানের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে, নগর উন্নয়ন, সহনশীলতা ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের প্র্যাকটিস ম্যানেজার আবেদালরাজাক এফ. খলিল, বাংলাদেশ ও ভুটানের কার্যক্রমবিষয়ক ব্যবস্থাপক ড. গেইল এইচ. মার্টিন, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনাবিষয়ক জ্যেষ্ঠ বিশেষজ্ঞ ভেরোনিক মেরি মরিন ফ্লোয়াসাক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প পরিচালক আল আমিন ফয়সাল ।
এ সময় বাংলাদেশের সার্বিক উন্নয়ন ও চলমান বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের পর মন্ত্রী বলেন, ঢাকা শহরের জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ মোকাবিলা এবং নগরকে আরও বাসযোগ্য ও মানুষের জন্য আরামদায়ক করে তোলার বিষয়ে নতুন একটি প্রকল্পের বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
তিনি বলেন, বস্তিবাসীর জীবনমান উন্নয়নে মডেল প্রকল্প হিসেবে ঢাকা শহরের নিম্ন আয়ের মানুষ ও বস্তিবাসীদের জীবনমান উন্নয়নের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে একটি বা দুটি বস্তিকে— যেমন কড়াইল, ভাসানটেক বা এ ধরনের কয়েকটি এলাকাকে— মডেল হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, আগামী এক-দুই বছরের মধ্যে মডেল প্রকল্প তৈরি করে দরিদ্র ও খেটে খাওয়া মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক উদ্যোগ নেওয়া সম্ভব হবে। বিশ্বব্যাংক এ ক্ষেত্রে সহায়তা দিতে সম্মত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বিশ্বব্যাংক আমাদের দেশকে বিপুল পরিমাণ সহায়তা দিয়ে আসছে। সবচেয়ে কম সুদে অর্থ সহায়তা দেওয়ার কারণে বিশ্বব্যাংককে বরাবরই প্রাধান্য দেওয়া হয়।
বিশ্বব্যাংক প্রতিনিধি পেসমে বলেন, ঢাকাকে আরও বাসযোগ্য করার লক্ষ্যে পাইলট কর্মসূচিতে সহায়তা দেবে বিশ্বব্যাংক। ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় কী কী করা সম্ভব, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রী তাদের পরিকল্পনা জানিয়েছেন ।
আলোচনার ভিত্তিতে নতুন পাইলট কর্মসূচির মাধ্যমে বিশ্বব্যাংক সহায়তা দেবে বলে জানান তিনি। শহরের বিশেষ চ্যালেঞ্জিং এলাকাগুলোর উন্নয়ন কীভাবে করা সম্ভব, তা যাচাইয়ের একটি মডেল হিসেবে এই পাইলট কর্মসূচিতে কাজ করবে বিশ্বব্যাংক।
তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের সহায়তার বিষয় এবং ভৌত অবকাঠামো ও জীবিকার পাশাপাশি স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে কীভাবে সহায়তা করা যায় তা নিয়ে কথা হয়েছে। বর্তমান কর্মসূচির পাশাপাশি ভবিষ্যতের কৌশল নির্ধারণেও এটি গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, পরিবহনসহ বিভিন্ন খাতে উন্নয়ন সঙ্গীদের সঙ্গে সমন্বয় করে ছোট পরিসরে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে কাজ শুরু করে কীভাবে শহরের বাসিন্দাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা যায়, সে বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।
দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে গ্রিডে বিদ্যুৎ সরবরাহের এই পরীক্ষামূলক প্রক্রিয়া অব্যাহত রাখা হলেও কেন্দ্রটি এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না; মূলত কারিগরি পরীক্ষা-নিরীক্ষার স্বার্থেই গ্রিডে বিদ্যুৎ দেওয়া শুরু হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন গণমাধ্যমকে বলেন, দ্বিতীয়বারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হলো আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে। এবার ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এ পর্যায়ে ৩০০-৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।
এর পূর্বে গত মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে প্রথমবার রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ সরবরাহ শুরু করে পরবর্তীতে তা ৩০০ মেগাওয়াটে নামানো হয়েছিল এবং টানা ৮ ঘণ্টা ৩৪ মিনিট চলার পর সরবরাহ বন্ধ করা হয়। বিদ্যুৎকেন্দ্র সূত্র জানায়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ধাপে ধাপে বৃদ্ধির পরীক্ষামূলক পর্যায় শুরু হয় সেদিন থেকেই। নকশাগত ও নিয়ন্ত্রক শর্ত মেনে সরবরাহ শুরুর পর কেন্দ্রটির পারমাণবিক চুল্লিপাত্র, টারবাইন, জেনারেটর এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থাসহ গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালন ব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করা হবে; যে কারণে পরবর্তীতে বিভিন্ন কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে, যেমনটি আগের দফাতেও কিছু পরীক্ষা সম্পন্ন হয়েছিল। এ ছাড়া এসব পরীক্ষার প্রয়োজনে বিভিন্ন সময়ে প্রথম ইউনিটটি সাময়িকভাবে বন্ধ রাখা ও সরবরাহ কমানো-বাড়ানো হতে পারে, ফলে পরীক্ষামূলক পর্বে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না—যদিও পুরো সময়জুড়েই গ্রিডে সরবরাহকৃত বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা। এই সাময়িক বন্ধ ও সরবরাহ ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে গ্রিড পরিচালনাকারী কোম্পানি পিজিসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও পরিস্থিতি নজরদারি করবেন।
কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা পর্যায়ক্রমে শতভাগ উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। এ লক্ষ্যে পরীক্ষার ফলাফলের প্রতিবেদন বায়েরার কাছে দাখিল করবে রূপপুর কর্তৃপক্ষ এবং তাদের অনুমোদন মিললে সক্ষমতা বাড়ানোর কার্যক্রমের পাশাপাশি গ্রিডে পরীক্ষামূলক সরবরাহ অব্যাহত থাকবে; তবে সক্ষমতা শতভাগে নিতে কয়েক মাস সময় লাগতে পারে। রাশিয়ার ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর স্থায়ীভাবে পূর্ণ ক্ষমতায় প্রথম ইউনিট থেকে বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, গ্রিডে বিদ্যুৎ পৌঁছানোর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হিসেবে স্থান পেলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে পুরোদমে সরবরাহ শুরু হলেই এর আনুষ্ঠানিক স্বীকৃতি মিলবে। এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পরপরই পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর কেন্দ্র এবং পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকায় নাম লেখায় বাংলাদেশ।
দেশের ইতিহাসে সর্ববৃহৎ একক প্রকল্প হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি বাস্তবায়ন করছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন পরমাণু শক্তি কমিশন; আর কমিশনের অধীনে পরিচালনার দায়িত্ব পালন করছে সরকারি কোম্পানি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। এখানে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ করছে রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট। প্রকল্পটির মেয়াদ মূলত ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত থাকলেও দুই দফায় তা বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুসারে মেয়াদ বাড়লে প্রকল্পের খরচ বাড়ানোর সুযোগ না থাকলেও ডলারের দাম বেড়ে যাওয়ায় ২৬ হাজার কোটি টাকা ব্যয় বেড়েছে; ফলে রূপপুর বিদ্যুৎকেন্দ্রে মোট খরচ দাঁড়াবে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।
বড় ধরনের সম্প্রসারণ ও আধুনিকায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষা জোরদার এবং নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃষ্টি, ৫ হাজার ৮৩০টি যানবাহন ক্রয়, পুরোনো পুলিশ স্থাপনা পুনর্নির্মাণ এবং একটি বিশেষায়িত সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনা নিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয় সুত্র জানিয়েছে, দীর্ঘদিনের জনবল সংকট, অভিযান পরিচালনার সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত ঘাটতি মেটাতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। এটি ২০৩০-৩১ অর্থবছর পর্যন্ত সরকারের বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়ন এজেন্ডার অংশ। ১৭ কোটির বেশি মানুষের নিরাপত্তার চাহিদা মেটাতে বর্তমান পুলিশ বাহিনী হিমশিম খাচ্ছে। এমন প্রেক্ষাপটে জনবল বৃদ্ধি, গতিশীলতা আনা, আধুনিক তদন্ত সুবিধা এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর বড় উদ্যোগের ইঙ্গিত দিচ্ছে এই প্রস্তাবিত পদক্ষেপগুলো।
সম্প্রসারণ পরিকল্পনার মূল কেন্দ্রে রয়েছে বাংলাদেশ পুলিশে রাজস্ব খাতে ২৪ হাজার ৬৭৭টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব।
সরকারি এক অগ্রগতি প্রতিবেদনের হিসাবে দেখা গেছে, এশিয়ার প্রতিবেশী দেশগুলোর পুলিশ জনসংখ্যা অনুপাতের ভিত্তিতে হিসাব করা চাহিদার তুলনায় বাহিনীতে ১ লাখ ৩৫ হাজার ৩৭৪ জন জনবলের ঘাটতি রয়েছে।
বাংলাদেশ পুলিশের বর্তমান অনুমোদিত জনবল ২ লাখ ১৮ হাজার ৭৪৯ জন। এর মধ্যে ২ লাখ ৭ হাজার ৯৩৮ জন পুলিশ সদস্য এবং ১০ হাজার ৮০৯ জন নন-পুলিশ কর্মচারী রয়েছেন। তুলনামূলক মূল্যায়নে দেখা গেছে, বাহিনীতে প্রায় ৩ লাখ ৫৪ হাজার ১২৩ জন জনবল প্রয়োজন।
প্রস্তাবিত নিয়োগের মধ্যে রয়েছে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার উপ-পরিদর্শক (এসআই), ৪০০ সার্জেন্ট এবং ৪৫০ জন সহকারী পুলিশ সুপার (এএসপি)। এছাড়া থানা, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও অপারেশনাল ক্যাম্পসহ মাঠপর্যায়ের ইউনিটগুলোর জন্য আরও ১ হাজার ৯৪৩টি পদের প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের মাধ্যমে প্রস্তাবগুলো প্রক্রিয়াকরণ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক গাজী জসিম উদ্দিন বাসসকে বলেন, জননিরাপত্তার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বর্তমান জনবল যথেষ্ট নয়। মালয়েশিয়ায় ১:২৯৭ এবং থাইল্যান্ডে ১:৩১৩ পুলিশ জনসংখ্যা অনুপাতের উদাহরণ টেনে তিনি বাংলাদেশের পুলিশিং সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
জনবল বৃদ্ধির পাশাপাশি সরকার পরিবহন ও অভিযান পরিচালনার যানবাহনের তীব্র সংকট কাটাতেও পদক্ষেপ নিচ্ছে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির জানিয়েছেন, অনুমোদিত সাংগঠনিক চাহিদা মেটাতে বাহিনীর প্রায় ২ হাজার ৫০০টি অতিরিক্ত যানবাহন প্রয়োজন। বিদ্যমান অনেক যানবাহনের বয়স ৮ থেকে ২০ বছর হওয়ায় অভিযান পরিচালনার সক্ষমতা ব্যাহত হচ্ছে।
এই ঘাটতি পূরণে সরকার প্রায় ৬ হাজার ৬০৮ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে দুটি প্রকল্পের আওতায় ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ নিয়েছে।
এর মধ্যে ৪ হাজার ৩২৮ কোটি টাকা ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।
চলতি মাসের ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এই প্রস্তাবগুলো অনুমোদন দেয়।
যানবাহনের বহর বাড়লে টহল জোরদার, জরুরি সাড়াদান, অপরাধ তদন্ত এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের অভিযান পরিচালনা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
অবকাঠামোগত সংস্কারের আওতায় সারা দেশের শত শত পুরনো ও জরাজীর্ণ পুলিশ স্থাপনায় নজর দেওয়া হবে।
প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণের একটি প্রস্তাব পুনর্মূল্যায়ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পৃথক আরেকটি প্রস্তাবে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা এবং হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের কথা বলা হয়েছে।
এছাড়া পুলিশ সদস্যদের আবাসন ও দাপ্তরিক কাজের পরিবেশ উন্নত করতে ব্যারাকসহ আধুনিক থানা ভবন নির্মাণের বৃহত্তর কর্মসূচিও বাস্তবায়ন করছে সরকার।
অপরাধ ক্রমশ ডিজিটাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ায় প্রযুক্তি সংশ্লিষ্ট অপরাধ তদন্তে পুলিশের সক্ষমতা বাড়ানোর প্রস্তুতিও নিচ্ছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর আগে একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি স্বতন্ত্র সাইবার পুলিশ ইউনিট গঠনের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন।
প্রস্তাবিত এই বিশেষায়িত ইউনিটে প্রকৌশল, তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা পেশাজীবীদের যুক্ত করা হবে। তারা অনলাইন প্রতারণা, হ্যাকিং, পরিচয় চুরি, ডিজিটাল অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশ এবং প্রযুক্তিনির্ভর অন্যান্য অপরাধের তদন্ত করবেন।
এই উদ্যোগের ফলে ডিজিটাল ফরেনসিক সক্ষমতা বাড়বে এবং ক্রমবর্ধমান জটিল সাইবার হুমকি মোকাবিলায় পুলিশের সাড়াদান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
আধুনিকায়ন এজেন্ডায় প্রযুক্তিনির্ভর পুলিশিংও বিশেষ গুরুত্ব পাচ্ছে।
অভিযান পরিচালনার সমন্বয় ও দক্ষতা বাড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং নির্বাচিত আঞ্চলিক পুলিশ ইউনিটগুলোতে স্মার্ট পুলিশিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে।
যাত্রীসেবা ও নিরাপত্তা ব্যবস্থাপনায় গুরুত্ব দিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধা জোরদার করার পরিকল্পনাও করছে সরকার।
একইসঙ্গে শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের মতো বিশেষায়িত ইউনিটগুলোর ক্রমবর্ধমান দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত জনবল, আধুনিক সরঞ্জাম, পেশাদার প্রশিক্ষণ ও লজিস্টিক সহায়তা দেওয়ার কথা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ নেতৃত্ব কমিউনিটি এনগেজমেন্ট বা জনসম্পৃক্ততার ওপরও জোর দিচ্ছে।
প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে এই অপারেশনাল উদ্যোগগুলোর পাশাপাশি বদলি, পদায়ন ও পদোন্নতি সংক্রান্ত প্রশাসনিক সংস্কারও চালানো হচ্ছে।
পুলিশের এই আধুনিকায়ন উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নয়টি বিভাগ ও সংস্থার বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা উন্নয়ন কর্মসূচির অংশ।
বর্তমানে সরকারের ২৫টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে এবং ২০৩০-৩১ সালের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব করা হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে, যার মধ্যে ১৭টি অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্প রয়েছে।
চলমান এই প্রকল্পগুলোর জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে।
তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ব্যয় হয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকা, যা উচ্চাভিলাষী উন্নয়ন পরিকল্পনাগুলো সময়মতো বাস্তবায়নের চ্যালেঞ্জকেই তুলে ধরে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাসসকে বলেন, অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি, পুরনো অবকাঠামোর আধুনিকায়ন, নজরদারি প্রযুক্তি চালু এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণের লক্ষ্যেই এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে।
বিচ্ছিন্ন প্রকল্প কমানো, একই ধরনের বিনিয়োগের পুনরাবৃত্তি এড়ানো এবং বাস্তবায়নের দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশনও একটি সমন্বিত ও কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে।
সামগ্রিক এই উন্নয়ন এজেন্ডা সরকারের ২০২৬-২০৩১ পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো এবং বৃহত্তর অভ্যন্তরীণ নিরাপত্তা অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রস্তাবিত সম্প্রসারণ, যানবাহন ক্রয় এবং অবকাঠামো পুনর্নির্মাণ বাংলাদেশ পুলিশকে উল্লেখযোগ্যভাবে বদলে দিতে পারলেও বিদ্যমান জনবল ঘাটতির যে বিশালতা তাতে শুধু পরিকল্পিত এই নিয়োগ দিয়ে কাক্সিক্ষত চাহিদা পূরণ হবে না।
এই সংস্কারের সাফল্য শেষ পর্যন্ত নির্ভর করবে সময়মতো প্রকল্প বাস্তবায়ন, স্বচ্ছ ক্রয় প্রক্রিয়া, পেশাদার প্রশিক্ষণ এবং নতুন সংগৃহীত সরঞ্জামের টেকসই রক্ষণাবেক্ষণের ওপর।
সরকারের বৃহত্তর লক্ষ্য হলো ২০৩০-৩১ সালের মধ্যে আরও সক্ষম, প্রযুক্তিসমৃদ্ধ, পেশাদার প্রশিক্ষণপ্রাপ্ত এবং নাগরিকবান্ধব একটি পুলিশ বাহিনী গড়ে তোলা। যারা প্রচলিত অপরাধ, সাইবার হুমকি এবং জননিরাপত্তার নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় আরও ভালোভাবে প্রস্তুত থাকবে। সূত্র: বাসস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
রোববার রাত ১টার দিকে এনসিপির একটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। এই সাক্ষাতে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ উপস্থিত থাকবেন।
এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে দেওয়া এক বার্তায় এনসিপি জানায়, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এই আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে গ্রহণ করেছে দলটি। পাশাপাশি, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।