ষড়ঋতুর দেশ বাংলাদেশ। ঋতুচক্রের বৈচিত্র্য অনুযায়ী প্রতি দুই মাস পর পর ঋতুর পরিবর্তন হয়। এই নিয়মেই আষাঢ় ও শ্রাবণ দুই মাস বর্ষাকাল। সে হিসেবে আজ বর্ষাকালের প্রথম দিন- পহেলা আষাঢ়। আর বর্ষা ঋতুর প্রধান অনুষঙ্গ হচ্ছে বৃষ্টি। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতায় বর্ষাকে বরণ করেছেন এভাবে: ‘আবার এসেছে আষাঢ় আকাশ ছেয়ে, আসে বৃষ্টির সুবাস বাতাস বেয়ে’।
গ্রীষ্মের তীব্র তাপপ্রবাহের পরে আষাঢ়-শ্রাবণের অঝোর বারিধারা প্রকৃতিতে অনেকটা স্বস্তি বয়ে আনে। বৃষ্টির জলে অবগাহন করে মানব মনে, বিশেষ করে তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীদের মাঝে প্রাণের সঞ্চার ঘটে এবং আবেগ, অনুভূতি ও অফুরন্ত আনন্দের শিহরণ জাগে। মেঘের তর্জন-গর্জন, গুড়ুম গুড়ুম বজ্রধ্বনি, টিনের চালে রিমঝিম রিমঝিম বৃষ্টি পতনের শব্দ মানুষের মনকে যেন ছন্দময় করে তোলে। মেঘ আর রোদের খেলায় বর্ষায় বাংলার প্রকৃতিতে এক চমৎকার নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি হয়!
এ সময় বাংলাদেশের নদ-নদী, খাল-বিল, পুকুর-ডোবাসহ অন্যান্য জলাশয় পানিতে টইটুম্বর হয়ে যায়। অথৈ জলে পরিপূর্ণ নদীর উথাল-পাথাল ঢেউয়ের মাঝে পালতোলা নৌকা চালানোর সময় মাঝিরা গলাছেড়ে মায়াবী সুরে গাইতে থাকে আবহমান বাংলার ভাওয়াইয়া-ভাটিয়ালি গান। যে গানের মধ্য দিয়ে তাদের জীবনের যত সুখ-দুঃখ, হাসি-কান্না, বিরহ-বেদনার কথা ধ্বনিত হয়।
বর্ষার জলে পানকৌড়ির ডুবসাঁতারের লুকোচুরি খেলা, পুকুরপাড়ের ঝোপঝাড়ে লেজ দুলিয়ে ডাহুক পাখির তিড়িং-বিড়িং করে হেঁটে চলা, কুয়ার জলে অবিরাম কোলা ব্যাঙ ডাকার ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ, পেখম মেলে ময়ূরের মনোমুগ্ধকর নৃত্য যে কাউকেই বিমোহিত ও বিমুগ্ধ করে।
বর্ষা আর কদম ফুল যেন একে অপরের পরিপূরক। মনে হয় যেন কত শত ভালোবাসার অনুরাগে গাছে গাছে ফুটে উঠেছে কোমল-নরম তুলতুলে কদম ফুল। এ ছাড়াও এ সময় গ্রামবাংলার বিল-ঝিলে ফোটে কত না শাপলা-শালুক আর রঙিন পদ্ম ফুল।
বর্ষা আর বৃষ্টি কবিমনকে ভাবের আবেগে উদ্বেলিত ও রোমাঞ্চিত করে। কেননা, বর্ষা হচ্ছে সবচেয়ে আবেগময়, কাব্যময় ও প্রেমময় ঋতু। বিশ্বের প্রায় সকল কালের, সকল যুগের, সকল ভাষার কবির কবিতায় নানাভাবে বর্ষা বা বৃষ্টির বন্দনা করা হয়েছে। বাংলা সাহিত্যেও অন্য যেকোনো ঋতুর চেয়ে বর্ষার প্রভাব সবচেয়ে বেশি। বাংলা গল্প, উপন্যাস, নাটক, কবিতা, গান ও চিত্রশিল্পে বর্ষার রূপ-মাধুর্য ও সৌন্দর্য নানাভাবে বর্ণিত হয়েছে। এমনকি গ্রামবাংলার রমণীদের নকশিকাঁথার ফোঁড়ে ফোঁড়ে বর্ষার অনিন্দ্যসুন্দর ও অপরূপ রূপের চিত্র ফুটে ওঠে।
তবে বর্ষাকে নিয়ে যত সাহিত্য রচিত হয়েছে, তার অধিকাংশেরই মূল উপজীব্য হচ্ছে বিরহগাথা। বর্ষার বাদলধারার সঙ্গে আহত হৃদয়ের বোবাকান্না যেন ঝরে পড়ে বেদনাশ্রু হয়ে। আর তাই বর্ষাকে বিরহের কালও বলা হয়ে থাকে।
বাংলা সাহিত্যের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে স্বভাব কবি গোবিন্দচন্দ্র দাস, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, পল্লীকবি জসীম উদ্দীন এবং রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশসহ প্রায় সব কবিই বর্ষা দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা। তাই তার কবিতা ও গানে বর্ষাকে উপস্থাপন করেছেন নানা আঙ্গিকে। অসংখ্য গান-কবিতায় মানবজীবনে বর্ষার চিরায়ত প্রভাবকে গভীর ব্যঞ্জনায় তুলে ধরেছেন। ‘এমন দিনে তারে বলা যায়/ এমন ঘনঘোর বরিষায়’ কিংবা ‘গগনে গরজে মেঘ, ঘন বরষা, কূলে একা বসে আছি, নাহি ভরসা’ অথবা ‘নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে/ ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে’- এসব কবিতায় তিনি বর্ষাকে চিত্রিত করেছেন আবেগ আর অনুভূতির মাধুর্য দিয়ে।
এ ছাড়াও ‘বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান/আমি দিতে এসেছি শ্রাবণের গান’- কবিগুরু এমনিভাবে গানে গানে বর্ষাকে অভিবাদন জানিয়েছেন। তার ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’ ছড়াটি পড়ে মনের অজান্তেই সবাই ফেলা আসা মধুর দুরন্তপনার শৈশবে ফিরে যায়।
‘বর্ষা বিদায়’ কবিতায় কাজী নজরুল ইসলাম লিখেছেন: ‘ওগো বাদলের পরী/ ব্যথা ক’রে বুক উঠিবে না কভু সেথা কাহারেও স্মরি?’ তিনি আরও গেয়েছেন: ‘বর্ষা ঋতু এলো এলো বিজয়ীর সাজে/ বাজে গুরু গুরু আনন্দ-ডমরু অম্বর মাঝে/(বাঁকা) বিদ্যুৎ তরবারি ঘন ঘন চমকায়।’
মাইকেল মধুসূদন দত্ত ‘বর্ষাকাল’ কবিতায় লিখেছেন: ‘গভীর গর্জন করে সদা জলধর/ উথলিল নদ-নদী ধরনীর উপর/ রমণী রমন লয়ে, সুখে কেলি করে/ দানবাদি দেব, যক্ষ সুখিত অন্দরে।’
বর্ষা বা বৃষ্টির সঙ্গে বিরহবিধুর মানবমনের আকুলতা ও অনুরাগের গভীরতার সম্মিলন ঘটিয়ে রচিত… ‘এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন/ কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ’, ‘এমনি বর্ষা ছিল সেদিন/ শিয়রে প্রদীপ ছিল মলিন/ মনে কি পড়ে প্রিয়’, ‘ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁইয়ো না/ আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না’, ‘আষাঢ় শ্রাবণ মানে না তো মন/ ঝর ঝর ঝর ঝর ঝরেছে/ তোমাকে আমার মনে পড়েছে’ কিংবা ‘আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায় অশ্রুভরা দুটি চোখ’… গানগুলো সংগীতপিপাসু মানুষের মুখে মুখে প্রতিনিয়তই ধ্বনিত হয়।
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদও বর্ষাকে নিয়ে কয়েকটি গান রচনা করেছেন। তার লেখা: ‘যদি মন কাঁদে তুমি চলে এসো এই বরষায়’ গানটিতে আবেগ, ভালোবাসা ও হৃদয়ের গভীর আকুলতা অনবদ্যভাবে তুলে ধরেছেন।
আষাঢ়ের প্রথম দিনটিকে প্রাচীন যুগের কবি কালিদাস অমর করে রেখেছেন তার অমর সৃষ্টি ‘মেঘদূতম’ কাব্যটির মাধ্যমে। সংস্কৃত ভাষায় রচিত মেঘদূত কাব্যের মূল সুর বিরহের। রামগিরি পাহাড়ে নির্বাসিত এক অভিশপ্ত যক্ষের প্রিয়াবিরহ এই কাব্যের মূল উপজীব্য।
মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাবিষয়ক প্রস্তুতিমূলক আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে স্মৃতিসৌধ এবং এর প্রবেশপথগুলোতে পর্যাপ্তসংখ্যক সিসি ও আইপি ক্যামেরা স্থাপনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
সভার সিদ্ধান্ত অনুসারে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ ছাড়া স্মৃতিসৌধ এলাকায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত রাখা হবে।
বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।
যানজট এড়াতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানেরা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো ধরনের কার্যক্রম প্রচার করা যাবে না। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠকে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, যাঁরা আগুন সন্ত্রাস করছে এবং গণহত্যা করে যিনি পালিয়ে গেছেন, তাঁদের সংবাদ প্রচার বিষয়টিকে জনগণ ভালোভাবে নেবে না।
সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। কখনো কোনো সংবাদ প্রচারের জন্য সরকারের পক্ষ থেকে যেমন চাপ দেওয়া হয়নি, তেমনি কোনো এজেন্সিও কোনো সংবাদ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেনি বলে উল্লেখ করেন তিনি।
বিগত সময়ের প্রসঙ্গ টেনে ইয়াসের খান চৌধুরী আরও জানান, বিগত ১৭ বছরে বহু গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাংবাদিককে গুম ও তুলে নেওয়ার ঘটনা ঘটেছে; তবে বর্তমান সরকার সে ধরনের কোনো কিছু করবে না। তবুও ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে অনলাইন মাধ্যমগুলো যে ভূমিকা পালন করেছে, সরকার সব সময় তেমন ভূমিকারই প্রত্যাশা করে।
দেশের প্রশাসনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নিকারের সভায় এই অনুমোদনের পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদিত হয়।
সভার সিদ্ধান্ত অনুসারে, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার অধীন কোনাখালী ইউনিয়নের বটতলীতে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। একই সঙ্গে বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে ভাগ করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ওই উপজেলার ‘পাগলা’ থানার নাম পাল্টে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। নতুন থানা প্রতিষ্ঠা ও থানার নাম পরিবর্তনের এসব প্রস্তাবের উদ্যোগী মন্ত্রণালয় হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদিকে, নিকারের বৈঠকে বগুড়া জেলার মোকামতলা উপজেলার অধীনে ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার অধীনে ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন লাভ করেছে।
এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার বদলে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তর সংক্রান্ত এই প্রস্তাবগুলোর উদ্যোগী বিভাগ ছিল স্থানীয় সরকার বিভাগ।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
রোববার দিবাগত রাত ১ টায় ইকে ৫৮৫ ফ্লাইটযোগে তারা যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন—জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ।
এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর।
১৬ থেকে ২০ নভেম্বর এ সফরে যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠেয় বিভিন্ন কর্মসূচিতে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস
পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; তবে সকালেই ‘অনিবার্য’ কারণে সভাটি স্থগিতের বিষয়টি জানানো হয়। শিগগিরই মজুরি বোর্ড সভার নতুন তারিখ নির্ধারণ করবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বোর্ডের স্থায়ী সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁকে ছাড়া বৈঠক করতে চাইছে না বোর্ড। আজকের এই সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের বেতন কাঠামোর প্রস্তাব পেশ করার কথা ছিল।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকেই আন্দোলন চালিয়ে আসছিলেন পোশাকশিল্পের শ্রমিকেরা। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব উত্থাপন করেন। অন্যদিকে, শিল্পের সক্ষমতা বিবেচনায় রেখেই নিজেদের প্রস্তাবনা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছিলেন উদ্যোক্তারা।
প্রসঙ্গত, পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা তার পরের মাস থেকে কার্যকর হয়; সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বর মাসেই শেষ হতে যাচ্ছে। ২০২৩ সালে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে ৫৬ শতাংশ বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছিল।
দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার (১৫ নভেম্বর) কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাংলাদেশ সরকারের এই আগ্রহের কথা তুলে ধরা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি নিয়োগের মতো ক্ষেত্রগুলোতে বিদ্যমান অব্যবহৃত সুযোগগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন খাতে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে কাতারের সঙ্গে শ্রম সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও মর্যাদার কথা স্বীকার করে কাতারের অর্থনীতিতে তাদের অবদানের প্রশংসা করেন।
উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত বিনিময় করেন এবং বর্ধিত অর্থনৈতিক অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন।
বৈঠককালে রাষ্ট্রদূত আল কাহতানি দোহায় অনুষ্ঠেয় একটি আসন্ন সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফির পক্ষ থেকে দেওয়া একটি আমন্ত্রণপত্র হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।
এ ছাড়া দুই পক্ষ দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুতে ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি এই সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় কাতারের অব্যাহত সম্পৃক্ততা ও সহায়তা কামনা করেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশ ও কাতারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
একসময় সফল টিকাদান কর্মসূচির মাধ্যমে নিয়ন্ত্রণে এসেছিল হাম। কিন্তু সেই অর্জন ধরে রাখা যায়নি। টিকাদানের ধারাবাহিকতায় ঘাটতি, টিকার সরবরাহ সংকট এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনার দুর্বলতায় আবারও ভয়াবহ রূপে ফিরেছে অত্যন্ত সংক্রামক এই রোগ। বাংলাদেশে পরিস্থিতি এখন বিশেষভাবে উদ্বেগজনক। এদিকে দেশে হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১৪। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ২০৯ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নতুন করে ১ হাজার ৪১৪ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে পরীক্ষায় ১৫৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬০ এবং পরীক্ষায় নিশ্চিত রোগীর সংখ্যা ২৫ হাজার ২৬৯।
বিশ্বজুড়ে সংক্রমণ বৃদ্ধির কারণ: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর পর্যন্ত দেশটিতে ৫ হাজার ৪১২ জনের হাম শনাক্ত হয়েছে। ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ২৮৯। আক্রান্তদের ৯৬ শতাংশই টিকা নেননি অথবা তাদের টিকা নেওয়ার তথ্য পাওয়া যায়নি।
প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের (পাহো) হিসাবে, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত আমেরিকা অঞ্চলের ১৭টি দেশ ও অঞ্চলে ৫৭ হাজার ৬৬৬ জনের হাম শনাক্ত হয়েছে। ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশেও নতুন করে প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ অনুযায়ী, হাম নিয়ন্ত্রণে রাখতে একটি জনগোষ্ঠীর অন্তত ৯৫ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দিতে হবে। অথচ ২০২৫ সালে বিশ্বে মাত্র ৮৪ শতাংশ শিশু প্রথম ডোজ এবং ৭৭ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়েছে। ফলে বিপুলসংখ্যক শিশু সুরক্ষার বাইরে রয়েছে।
কোভিড-১৯ মহামারির সময় নিয়মিত টিকাদান ব্যাহত হওয়া, স্বাস্থ্যকর্মীর সংকট এবং পরবর্তী সময়ে বাদ পড়া শিশুদের কর্মসূচিতে ফিরিয়ে আনতে না পারা পরিস্থিতিকে জটিল করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে অতিরঞ্জিত প্রচারণাও অভিভাবকদের অনীহা বাড়িয়েছে।
বাংলাদেশের টিকাদান ব্যবস্থায় কোথায় ঘাটতি: যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের সাময়িকী ‘ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস’-এ ২০২৬ সালের নভেম্বরে প্রকাশিত এক গবেষণায় বাংলাদেশের প্রাদুর্ভাবের পেছনে কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের গবেষকদের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪-২৫ সালে এমআর টিকার মজুত শেষ হয়ে যাওয়া, নিয়মিত টিকাদানে ঘাটতি এবং দেশব্যাপী সম্পূরক টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় অনেক শিশু সুরক্ষার বাইরে চলে যায়।
গবেষণায় বলা হয়েছে, টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণে পুরোনো জনসংখ্যার হিসাব ব্যবহার করায় প্রকৃত ঘাটতি আড়ালে থেকে গেছে। ফলে সরকারি হিসাবে টিকাদানের হার সন্তোষজনক মনে হলেও বাস্তবে অনেক শিশু টিকা পায়নি।
এদিকে টিকা কেনা ও বিতরণে বিলম্ব, অনিয়ম এবং প্রশাসনিক ব্যর্থতার অভিযোগ তদন্তে সরকার তিন সদস্যের কমিশন গঠন করেছে। ৮ আগস্ট ২০২৪ থেকে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের দায়িত্ব ও দায়দায়িত্ব নির্ধারণ করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ রয়েছে। তবে তদন্তের পাশাপাশি ভবিষ্যতে টিকার সরবরাহ যাতে প্রশাসনিক পরিবর্তনের কারণে ব্যাহত না হয়, সে জন্য স্থায়ী ব্যবস্থা প্রয়োজন।
মৃত্যুর ঝুঁকি বাড়াচ্ছে চিকিৎসাসেবার সীমাবদ্ধতা: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেনের মতে, টিকাদানের ঘাটতি সংক্রমণ বাড়ালেও মৃত্যুহার বৃদ্ধির অন্যতম কারণ চিকিৎসাব্যবস্থার অতিমাত্রায় কেন্দ্রীভূত কাঠামো। কমিউনিটি পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদার এবং আক্রান্তদের যথাযথ আইসোলেশনের ব্যবস্থা করা গেলে অনেক মৃত্যু এড়ানো সম্ভব হতো।
তিনি হামের প্রাদুর্ভাবকে জনস্বাস্থ্যের জরুরি পরিস্থিতি হিসেবে বিবেচনা করে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় অর্থায়ন বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
হামে আক্রান্ত শিশুদের নিউমোনিয়া, ডায়রিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা দেখা দিতে পারে। অপুষ্টিতে ভোগা শিশুদের ঝুঁকি বেশি। তাই দ্রুত রোগ শনাক্তকরণ, চিকিৎসা এবং প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করাও জরুরি।
রোগ নজরদারিতে দুর্বলতা: আইসিডিডিআরবির সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ডা. মো. মোস্তাফিজুর রহমান মনে করেন, হামের বর্তমান পরিস্থিতির পেছনে রোগ প্রতিরোধক্ষমতার ঘাটতি, নজরদারির দুর্বলতা ও ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতা কাজ করছে।
তার মতে, বাংলাদেশে প্রথম ডোজের ক্ষেত্রে অগ্রগতি থাকলেও দ্বিতীয় ডোজের ঘাটতিতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী তৈরি হয়েছে।
কোভিড-১৯ মহামারির সময় ১৯টি হাসপাতালের নেটওয়ার্ক ব্যবহার করে বিভিন্ন ভাইরাসের ধরন শনাক্ত ও পর্যবেক্ষণ করা হলেও হামের ক্ষেত্রে পর্যাপ্ত জিনোটাইপনির্ভর নজরদারি গড়ে ওঠেনি। ফলে ভাইরাসের বিস্তার ও সংক্রমণের উৎস শনাক্ত করা কঠিন হচ্ছে।
তিনি প্রতিটি প্রাদুর্ভাবের নমুনার জিনোম সিকোয়েন্সিং, টিকার পর্যাপ্ত মজুত এবং টিকাবঞ্চিত শিশুদের নির্ভুল তালিকা তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন।
জরুরি কর্মসূচির পাশাপাশি দীর্ঘমেয়াদি প্রস্তুতি: বাংলাদেশে সাধারণত শিশুদের নয় ও ১৫ মাস বয়সে এমআর টিকা দেওয়া হয়। তবে নয় মাসের কম বয়সি শিশুদের আক্রান্ত হওয়ার তথ্য বিবেচনায় সরকার ছয় মাস বয়স থেকেই টিকাদানের কর্মসূচি গ্রহণ করেছে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী টিকাদানের বয়স ও অতিরিক্ত ডোজের প্রয়োজন নির্ধারণ করা জরুরি। মায়ের বুকের দুধ শিশুর রোগ প্রতিরোধে সহায়ক হলেও এটি টিকার বিকল্প নয়।
ডব্লিউএইচওর হিসাবে, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত হামের টিকা প্রায় ৫ কোটি ৯০ লাখ মানুষের প্রাণ বাঁচিয়েছে। অথচ ২০২৪ সালেই বিশ্বে হামে প্রায় ৯৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে, যাদের অধিকাংশই পাঁচ বছরের কম বয়সি শিশু।
বাংলাদেশে এখন প্রয়োজন নিয়মিত টিকাদানের ধারাবাহিকতা, পর্যাপ্ত টিকার মজুত, নির্ভুল জনসংখ্যাভিত্তিক পরিকল্পনা এবং মাঠপর্যায়ে টিকাদানকর্মীর সংকট দূর করা। পাশাপাশি বস্তি, ঘনবসতিপূর্ণ এলাকা, প্রত্যন্ত অঞ্চল ও সীমান্তবর্তী জনপদে বিশেষ নজর দিতে হবে। হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণ, দ্রুত চিকিৎসা এবং ভিটামিন ‘এ’ কর্মসূচিও কার্যকর করতে হবে।
যুক্তরাষ্ট্রের মতো উন্নত স্বাস্থ্যব্যবস্থার দেশেও হামের প্রত্যাবর্তন প্রমাণ করেছে, অতীতের সাফল্য ভবিষ্যতের নিরাপত্তার নিশ্চয়তা নয়। জরুরি টিকাদান সাময়িকভাবে প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে, কিন্তু স্থায়ী সমাধানের জন্য নিয়মিত টিকাদান, নিরবচ্ছিন্ন সরবরাহ, কার্যকর রোগ নজরদারি ও শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। কারণ, হামের বিরুদ্ধে প্রকৃত সাফল্য নির্ভর করে কোনো শিশু যেন টিকার আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করার সক্ষমতার ওপর।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে চীনের গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি বিনিয়োগসংক্রান্ত তথ্য, নীতিমালা ও সরকারি সেবা সরাসরি পৌঁছে দেওয়া সহজ হবে। বিশেষ করে চীনা উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন এবং তাদের বিনিয়োগ পরিকল্পনাকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার ক্ষেত্রে কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার আওতায় নেওয়া এ উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের বাইরে সরাসরি বিনিয়োগ সহায়তা দেওয়ার নতুন অধ্যায় শুরু হলো। এত দিন বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক সম্মেলন ও বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করার চেষ্টা চললেও এবার গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাজারেই স্থায়ী যোগাযোগকেন্দ্র স্থাপন করা হয়েছে। ফলে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে প্রকল্প উন্নয়ন ও সরকারি অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় আরও সমন্বিত সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গুয়াংজুর নতুন কার্যালয় চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের স্থানীয় যোগাযোগকেন্দ্র হিসেবে কাজ করবে। এখান থেকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, প্রয়োজনীয় বিধিবিধান এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে তথ্য ও পরামর্শ দেওয়া হবে।
চীনের বাজারে সরাসরি বিনিয়োগ তৎপরতা: গুয়াংজু কার্যালয় পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ চীনা পেশাজীবীকে। চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট ইয়াং ওয়েনচুয়াং কার্যালয়টির কার্যক্রম পরিচালনা করবেন।
মে ঝৌয়ের চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি বাংলাদেশে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ইয়াং ওয়েনচুয়াং দুই দেশের ব্যবসায়িক সহযোগিতায় ১০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। তিনি চীনের একজন আইনজীবী এবং বিনিয়োগসংক্রান্ত বিধিবিধান ও বাণিজ্যিক আলোচনায় অভিজ্ঞ।
ঢাকায় ইনভেস্ট বাংলাদেশের চায়না ডেস্কের সঙ্গে সমন্বয় করে গুয়াংজু কার্যালয় বিনিয়োগকারীদের প্রাথমিক অনুসন্ধান, প্রকল্প পরিকল্পনা, উন্নয়ন এবং সরকারি অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় সহায়তা করবে। ফলে চীনা উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে তথ্যের ঘাটতি ও যোগাযোগের জটিলতা কমানোর সুযোগ তৈরি হবে।
চীনা বিনিয়োগের বড় সম্ভাবনা: চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। তবে বাণিজ্যের পাশাপাশি উৎপাদন, প্রযুক্তি ও শিল্প খাতে চীনা বিনিয়োগ বাড়ানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৈশ্বিক উৎপাদনব্যবস্থায় পরিবর্তন এবং বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের নতুন উৎপাদনকেন্দ্র খোঁজার প্রবণতা বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। দেশটি থেকে এসেছে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার, যা ওই বছরের মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ। এ তালিকায় প্রথম অবস্থানে ছিল নেদারল্যান্ডস।
চীনা বিনিয়োগকারীদের আগ্রহের সম্ভাব্য খাতগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র, ইলেকট্রনিকস, নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, চিকিৎসা সরঞ্জাম, তথ্যপ্রযুক্তি এবং শিল্প উৎপাদন। এসব খাতে বিনিয়োগ বাড়লে শুধু মূলধনই আসবে না, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, রপ্তানি সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিরও সুযোগ তৈরি হবে।
গুয়াংজুতে কার্যালয় চালুর উদ্যোগকে সরকারের বৃহত্তর বিনিয়োগ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গত ১৬ মার্চ ২০২৬ স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ১৮০ দিনের একটি সমন্বিত কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। এতে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহজীকরণ এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিকে অগ্রাধিকার দেওয়া হয়।
কর্মপরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বিনিয়োগসংক্রান্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম একীভূত করা। এর ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত হয়ে ইনভেস্ট বাংলাদেশ যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এ নতুন সংস্থা বিনিয়োগ উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যক্রম একটি প্রতিষ্ঠানের আওতায় এনেছে।
গুয়াংজুতে প্রথম প্রতিনিধি কার্যালয় চালুর মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশলগত অবস্থান তৈরি করল বাংলাদেশ। এত দিন বিভিন্ন দেশে রোডশো, ব্যবসায়িক ফোরাম ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে দেশের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এবার গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাজারে সরাসরি উপস্থিতি নিশ্চিত হওয়ায় সেই প্রচেষ্টাকে আরও ধারাবাহিক করার সুযোগ তৈরি হলো।
ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, গুয়াংজু কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। চীনের বাজারে কার্যক্রমের অভিজ্ঞতা পরবর্তী সম্প্রসারণের ভিত্তি হিসেবে বিবেচিত হবে।
মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডারে কাঁটা তারের বেড়া নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে তিনি এ কথা বলেন। কমিটির সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ কিংবা দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।
বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুট চিহ্নিত করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশ নেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তু, অন্তর্বাসে মাখানো স্বর্ণপেস্ট, পোশাকে সেলাই করা স্বর্ণ কিংবা রান্নার সরঞ্জামের ভেতরে লুকানো বার—বিমানবন্দরে স্বর্ণ পাচারের কৌশল বদলাচ্ছে প্রতিনিয়ত। গত এক মাসে ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক অভিযানে ২০ কেজির বেশি স্বর্ণ ও স্বর্ণসদৃশ বস্তু জব্দ হয়েছে। এসব চালানের আনুমানিক বাজারমূল্য ৩৭ কোটি ৫০ লাখ ৫৯ হাজার টাকা। কিন্তু এত অভিযান ও উদ্ধারের পরও পাচারচক্রের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় নিরাপত্তাব্যবস্থা ও তদন্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এক মাসে পাঁচ দফা বড় চালান জব্দ: সবশেষ রোববার (১৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত হাসান মিয়ার কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর মধ্যে ৯০০ গ্রাম ছিল পায়ুপথে এবং ১০০ গ্রাম অন্তর্বাসে মাখানো অবস্থায়।
এর আগে ১৩ নভেম্বর তিনটি পৃথক অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণবারসহ বিভিন্ন পণ্য জব্দ করে কাস্টমস গোয়েন্দারা। এসবের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।
২ নভেম্বর শাহজালাল বিমানবন্দরে পৃথক দুটি ঘটনায় ছয়টি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়। ওজন ছিল প্রায় ২ কেজি ৭৩০ গ্রাম। এর মধ্যে তিনটি এক যাত্রীর কাছ থেকে এবং বাকি তিনটি বোর্ডিং ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
২৮ অক্টোবর দুবাই থেকে আসা দুই চীনা নাগরিকের জিনসের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা অবস্থায় ১২ কেজি ৬০০ গ্রাম স্বর্ণপেস্ট উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল। প্রাথমিক পরীক্ষায় এতে ২৪ ক্যারেট স্বর্ণের উপস্থিতি পাওয়া যায়। চালানটির আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি টাকা।
১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরে মালদ্বীপ ফেরত দুই যাত্রীর কাছ থেকে ২ কেজি ৭৩৪ গ্রাম স্বর্ণপেস্ট উদ্ধার করা হয়। একই দিন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ফ্রাইপ্যান ও সবজি কাটার গ্রেটারের ভেতরে লুকানো ৪৬৬ গ্রাম স্বর্ণবার এবং ১০০ গ্রাম অলংকার জব্দ করা হয়।
প্রযুক্তির নজরদারিও এড়ানোর চেষ্টা: শাহজালাল বিমানবন্দরে সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা, উন্নত স্ক্যানার ও স্বর্ণ শনাক্তকরণ যন্ত্র রয়েছে। নজরদারিতে রয়েছেন বিভিন্ন সংস্থার অর্ধশতাধিক কর্মকর্তা। এরপরও পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে।
যাত্রীদের পাশাপাশি বিমানবন্দরের অভ্যন্তরীণ কর্মীদেরও বাহক হিসেবে ব্যবহার করছে চক্রটি। গত ৪ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি ওজনের ৮০টি স্বর্ণবার উদ্ধারের ঘটনা এর প্রমাণ।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, অনেক ক্ষেত্রে বাহক ও মূল হোতাদের মধ্যে সরাসরি যোগাযোগ থাকে না। সংকেত বা নির্দিষ্ট পরিচয়ের মাধ্যমে চালান পৌঁছে দেওয়া হয়। ফলে বাহক আটক হলেও অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
উদ্ধার বাড়লেও অজানা মূল হোতারা: ঢাকা বিমানবন্দরে ২০২৪ সালে ২৬ কেজি, ২০২৫ সালে প্রায় ৮৭ কেজি এবং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬০ কেজি স্বর্ণ জব্দ হয়েছে। ধারাবাহিক এই উদ্ধার পাচারচক্রের বিস্তৃত নেটওয়ার্কের ইঙ্গিত দিলেও মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করার অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে।
কাস্টমসের নিয়ম অনুযায়ী, জব্দ করা স্বর্ণ নথিভুক্ত করে নিরাপদে সংরক্ষণ করা হয়। পরে তা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়। গত ৭ অক্টোবর ২১ কেজি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার তথ্যও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মামলার বিচার শেষে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণ বাজেয়াপ্ত হতে পারে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিলামে বিক্রি হলে অর্থ জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে।
বিশেষজ্ঞদের মতে, শুধু স্বর্ণ উদ্ধারের পরিমাণ দিয়ে পাচারবিরোধী অভিযানের সাফল্য মূল্যায়ন করা যথেষ্ট নয়। কতটি চক্র শনাক্ত হয়েছে, কতজন মূল হোতা গ্রেপ্তার হয়েছেন এবং কতটি মামলার নিষ্পত্তি হয়েছে, সেসব তথ্যও গুরুত্বপূর্ণ।
এ জন্য কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়, যাত্রী ও কার্গোতে ঝুঁকিভিত্তিক নজরদারি এবং বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে হবে। পাশাপাশি প্রতিটি চালানের অর্থের উৎস, বিদেশি সরবরাহকারী ও দেশীয় গ্রহীতাদের শনাক্ত করা জরুরি। কারণ, বাহক আটক করেই তদন্ত শেষ হলে পাচারের মূল নেটওয়ার্ক অক্ষত থেকে যাওয়ার আশঙ্কা থেকেই যায়।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ সময়ে মোট ব্যয় হয়েছে ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা। তবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এডিপির বরাদ্দ থেকে কোনো অর্থই ব্যয় করতে পারেনি। বিপরীতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এডিপির মোট আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। এই অর্থ ব্যয়ের লক্ষ্যে ১ হাজার ১৭২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৯৮৬টি বিনিয়োগ প্রকল্প, ২৩টি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প, ১০৯টি কারিগরি সহায়তা প্রকল্প এবং নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য ৫৩টি প্রকল্প।
প্রতিবেদনে দেখা যায়, অর্থবছরের প্রথম চার মাসে এডিপির বিপরীতে ব্যয় হয়েছে মোট বরাদ্দের মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। বিগত কয়েক অর্থবছরের একই সময়ের তুলনায় এ হার উল্লেখযোগ্যভাবে কম। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে তা ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অন্যদিকে, ২০২৩-২৪ ও ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ১১ দশমিক ৬৪ ও ১২ দশমিক ৬৪ শতাংশ।
ব্যয়ের দিক থেকে প্রথম চার মাসে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। চলতি অর্থবছরে বিভাগের ২০১টি প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে জুলাই-অক্টোবর সময়ে ব্যয় হয়েছে ৬ হাজার ৯২০ কোটি ৪৩ লাখ টাকা। ফলে এ সময়ে বিভাগের বরাদ্দের ২০ দশমিক ৭৪ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
তবে বড় অঙ্কের বরাদ্দ থাকা বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের অগ্রগতি সন্তোষজনক নয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ২৯ হাজার ৮৪১ কোটি ৭ লাখ টাকা। এর বিপরীতে প্রথম চার মাসে ব্যয় হয়েছে ১ হাজার ৮৯৮ কোটি ১৮ লাখ টাকা, যা মোট বরাদ্দের ৬ দশমিক ৩৬ শতাংশ।
একই সময়ে বিদ্যুৎ বিভাগের ১৮ হাজার ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৪৯ কোটি ৫৮ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৭ হাজার ৭৪ কোটি টাকা বরাদ্দ থেকে খরচ হয়েছে ১ হাজার ৭৯১ কোটি ৩৯ লাখ টাকা।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ টাকা। অথচ প্রথম চার মাসে এ মন্ত্রণালয় ব্যয় করতে পেরেছে মাত্র ৫১৬ কোটি ৬৫ লাখ টাকা। অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৭ হাজার ৪৮১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৮৯৩ কোটি ৫৮ লাখ টাকা।
স্বাস্থ্য খাতের দুটি বিভাগেও এডিপি বাস্তবায়নের হার বেশ কম। স্বাস্থ্য সেবা বিভাগের জন্য বরাদ্দ করা ৬ হাজার ১৪ কোটি ৪৭ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছে মাত্র ২৩৭ কোটি ২ লাখ টাকা। আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৫ হাজার ৪৯৯ কোটি ১২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ১৫৮ কোটি ২৮ লাখ টাকা। এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ থাকা ৫ হাজার ৩৪৩ কোটি ৪২ লাখ টাকার মধ্যে জুলাই-অক্টোবর সময়ে ব্যয় হয়েছে মাত্র ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা।
এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাবেন। তাদের মধ্যে ১ হাজার জন জুলাই যোদ্ধা থাকবেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য বলেন মন্ত্রী।
তিনি জানান, চলতি মাসের শেষ দিকেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে। দেশটিতে যেতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সোমবার মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। আর নির্বাচিত এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে দেশটিতে কর্মসংস্থানের জন্য পাঠানো হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই ১০ হাজার কর্মী পাঠানো হবে। এরপর ধাপে ধাপে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ দেয়া হবে।
সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি অভিবাসন ব্যয় না নিতে এবং কোনো ধরনের প্রতারণা বা সিন্ডিকেট না করতে এরইমধ্যে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়।
বাংলাদেশের সরকারি ঋণ মাত্র দুই বছরে বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা। একই সঙ্গে বাড়ছে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ। এমন পরিস্থিতিতে ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি এবং বিকল্প অর্থায়নের উৎস অনুসন্ধানে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচি ও অর্থায়ন কাঠামো নিয়েও আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছে সরকার। রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই দিন সম্মেলন উপলক্ষে প্রকাশিত প্রেস ব্রিফিং নোটে দেশের সরকারি ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের চাপ এবং ভবিষ্যৎ অর্থায়ন পরিকল্পনার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।
দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪ লাখ কোটি টাকা: প্রেস ব্রিফিং নোট অনুযায়ী, ২০২২ সালের ৩০ জুন বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়। অর্থাৎ মাত্র দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা। ২০২৪ সালের জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩৬ শতাংশ।
এদিকে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০৪ বিলিয়ন ডলার। ২০০৯ সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।
ঋণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুদ পরিশোধের ব্যয়ও। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে সাড়ে তিন গুণ। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধ করতে হয়েছে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।
আগামী দিনগুলোতে এই চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হতে পারে ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে তা বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
আইএমএফের সঙ্গে নতুন ঋণ কাঠামো নিয়ে আলোচনা: আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দুই পক্ষের দুটি ওয়ার্কিং গ্রুপ এ বিষয়ে কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে আলোচনা শেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছে সরকার।
তিনি বলেন, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং পাঁচ বছর মেয়াদি উন্নয়ন কর্মসূচির সঙ্গে আইএমএফসহ অন্যান্য উন্নয়ন সহযোগীর অর্থায়ন ও সংস্কার কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করাই মূল লক্ষ্য।
আগের ঋণ কর্মসূচির কিছু শর্ত নিয়ে মতপার্থক্যের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তৎকালীন অনির্বাচিত সরকারের সময়ে আইএমএফের সঙ্গে নেওয়া কর্মসূচিতে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো একটি নির্বাচিত সরকারের পক্ষে একইভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেক সংস্কার ধারাবাহিকতা ও সুনির্দিষ্ট ক্রম বজায় রেখে করতে হবে।
তিনি বলেন, রাতারাতি সংস্কার করতে গেলে এমন সিদ্ধান্ত নিতে হতে পারে, যার ভোগান্তি জনগণকে পোহাতে হবে। এতে অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই দেশের বাস্তবতা ও জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে চায় সরকার।
অর্থমন্ত্রী আরও জানান, আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার কোনো আলোচনা হয়নি। বরং মতপার্থক্যপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই পক্ষ কাজ করছে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকা এবং অন্য উন্নয়ন সহযোগীর কর্মসূচির সঙ্গেও সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে।
ইউরোবন্ড, সুকুক ও বিকল্প অর্থায়নের পরিকল্পনা; সরকারের অর্থায়ন পরিকল্পনা শুধু আইএমএফের ঋণের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। বিশ্বব্যাংক, এডিবি, ইসলামী উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীর কাছ থেকে অর্থায়ন পাওয়ার উদ্যোগ রয়েছে।
পাশাপাশি আন্তর্জাতিক বন্ডবাজার থেকে অর্থ সংগ্রহের বিকল্পও বিবেচনা করছে সরকার। এ লক্ষ্যে ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো নতুন অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহের পাশাপাশি দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ঋণের অর্থ কোন খাতে এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার। অর্থনৈতিকভাবে লাভজনক ও উৎপাদনশীল প্রকল্পে ঋণের অর্থ বিনিয়োগ এবং প্রকল্পের যথাযথ যাচাই নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
অর্থ বিভাগ ও এডিবির যৌথ আয়োজনে কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনা, ঋণের ঝুঁকি কমানো, আন্তর্জাতিক বন্ডবাজার থেকে অর্থ সংগ্রহ এবং বিকল্প অর্থায়নের উৎস অনুসন্ধান নিয়ে আলোচনা হচ্ছে। এতে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
সব মিলিয়ে সরকারি ঋণের ক্রমবর্ধমান পরিমাণ, সুদ পরিশোধের চাপ এবং সীমিত রাজস্ব আয়ের বাস্তবতায় বাংলাদেশের জন্য টেকসই ঋণ ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ। ঋণের পরিমাণ বাড়ানোর পাশাপাশি সেই অর্থের কার্যকর ব্যবহার, রাজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফল নিশ্চিত করতে পারাই হবে সরকারের নতুন অর্থায়ন কৌশলের প্রধান পরীক্ষা।