বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩

ঢামেকে ২ কারাবন্দির মৃত্যু

ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ২৩ জুন, ২০২৪ ১৮:০৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া কয়েদিরা হলেন শাহ আলম হাওলাদার (৬০) ও হাজতি মো. হান্নান (৪০)। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ শাহবাগ থানায় আজ রোববার পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছে।

কারা সূত্রের তথ্য থেকে জানা যায়, বরগুনা জেলার বেতাগী উপজেলার বিবি চিনি মৃত এছহাক হাওলাদারের ছেলে শাহ আলম। তার বন্দি নম্বর (কয়েদি -৪৯৯৩/এ)। তিনি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন। বন্দি অবস্থায় তিনি প্রথমে বরগুনা কারাগারে ছিলেন। পরে সেখান থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সেখান থেকে তাকে অসুস্থতার কারণে গত ১০ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন বিভাগে আজ সকাল ৭টায় তিনি মারা যান।

অন্যদিকে মাদক মামলায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন মো. হান্নান। অসুস্থতার কারণে ওই দিনই তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয় এবং সেখান থেকে কারা কর্তৃপক্ষের নির্দেশে শনিবার (২২ জুন) রাত ৮টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টা ১০ মিনিটে মেডিসিন বিভাগে মারা যান। তার বন্দি নম্বর (হাজতি নম্বর- ২৪৪৯৮/২৪)। কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার মৃত সামসু মিয়ার ছেলে হান্নান। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া।


নির্বাচিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়।বাংলাদেশ ভ্রমণ গাইড

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, আজকের একনেক সভায় অনুমোদনের জন্য ১২টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে চারটি সম্পূর্ণ নতুন এবং বাকি আটটি সংশোধিত প্রকল্প। সংশোধিত প্রকল্পগুলোর ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নিয়েও সভায় বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হচ্ছে।

সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও মন্ত্রীবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত রয়েছেন। সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য ও মোট ব্যয়ের পরিমাণ নিয়ে ব্রিফিং করার কথা রয়েছে।


নির্বাচিত

মেধাবী ছাত্রীদের বাইসাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ২৫ নভেম্বর, ২০২৬ ১৫:০৪
নিজস্ব প্রতিবেদক

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার পর তিনি বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজন মাহমুদ জানান, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলগুলোর নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছিল; মূলত ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত এসব বাইসাইকেলের গুণগত মান এবং ব্যবহারিক দিক নিজে যাচাই করে দেখাই ছিল তাঁর বাইসাইকেল চালানোর উদ্দেশ্য।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মাঝে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হলে তিনি সেগুলো চালিয়ে দেখেন। এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে, যেখানে প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নির্বাচিত

রাষ্ট্রদূতের পদ থেকে তিন সেনা কর্মকর্তা প্রত্যাহার

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার; তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। প্রত্যাহারকৃত তিন কর্মকর্তা হলেন—মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম। মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ওই তিন সেনা কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে তাদের দায়িত্ব পালনের অবসান ঘটল। এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদানের জন্য এই তিন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।


নির্বাচিত

গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ।

চুক্তির মেয়াদ শেষ হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনার কোনো সময়সূচি জানানো হয়নি। অন্যদিকে, বাংলাদেশ নতুন চুক্তির বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ভারতের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে।

এদিকে, গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে উপস্থাপন করা হবে। তবে বৈঠকে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। কারণ, চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্ব যৌথ কমিটির হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার রয়েছে দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।

যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির জানিয়েছেন, বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে।

জানতে চাইলে ড. মো. আনোয়ার কাদির বাসসকে বলেন, ‘গঙ্গা পানি বণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। আমরা আশা করি, যৌথ কমিটির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চুক্তির বাস্তবায়ন আরও কার্যকর হবে।’

১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। ১৯৯৭ সাল থেকে এ কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিবছর পানিপ্রবাহ ও পানি বণ্টনের তথ্য পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

বাংলাদেশের অবস্থান হচ্ছে, কেবল বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং জাতীয় স্বার্থ সুরক্ষিত করে নতুন বা সংশোধিত চুক্তি করা। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলেও বাংলাদেশ যাতে নির্ধারিত পরিমাণ পানি পায়, সে নিশ্চয়তা নতুন চুক্তিতে রাখতে চায় সরকার।

এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাসসকে বলেন, বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার। আমরা ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। দুই দেশের আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে বলে আশা করি।

তিনি জানান, এ লক্ষ্যে তিনি ভারতের পানিসম্পদ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।

১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। নতুন চুক্তিতে এ ধরনের ব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির হিস্যা সুরক্ষিত করতে চায় সরকার।

বর্তমান চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানির প্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। ফারাক্কায় পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিন মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।

গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এতে পানিসম্পদ, পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞরা রয়েছেন।

বাংলাদেশ গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন বাংলাদেশের জন্য শুধু পানিসম্পদের বিষয় নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। আমরা এমন একটি চুক্তি চাই, যাতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হয় এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকে।

এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা নতুন চুক্তি নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পশ্চিমবঙ্গের কাছে ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ, নৌচলাচল ও বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহার পানীয় জল ও শিল্পের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী।

চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে এবং দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে। অর্থাৎ, চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ার কোনো সুযোগ নেই। দুই দেশের সম্মতি ছাড়া নবায়ন সম্ভব নয়।

চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কারণ, গঙ্গার পানির ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্য অনেকাংশে নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে গেলে এ অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া এবং নদীর নাব্যতা সংকটের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানির সম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা। শুধু দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও চুক্তিতে স্পষ্ট থাকতে হবে। গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ফলে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন চুক্তিতে শুধু পানির হিস্যা নির্ধারণ নয়, বরং প্রবাহের নিশ্চয়তা, তথ্য বিনিময়, শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা এবং বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহের ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলোও গুরুত্ব পাওয়া প্রয়োজন। বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করা। সূত্র: বাসস


নির্বাচিত

জননিরাপত্তায় বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোতায়েনকৃত সদস্যদের মধ্যে গোপালগঞ্জে সর্বোচ্চ ৫৬ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন এবং গাজীপুরে ১৮ প্লাটুন দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, চট্টগ্রামে ৩ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন এবং কক্সবাজারে ১ প্লাটুন বিজিবি সদস্য অবস্থান নিয়েছেন। পাশাপাশি যেকোনো মুহূর্তে মোতায়েনের জন্য আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে দায়িত্ব পালন করছেন। জেলাগুলোর শিল্পাঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা এবং টহল জোরালো করা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে এমন কর্মকাণ্ড প্রতিহত করতে কাজ করে যাচ্ছে বাহিনীটি।

মাঠপর্যায়ের সার্বিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের উদ্দেশ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে আধুনিক প্রযুক্তির সাহায্যে নিরবচ্ছিন্ন নজরদারি চালানো হচ্ছে। এর আওতায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক মনিটর করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে কাজ করছে বিজিবি। নাগরিকদের জানমালের সুরক্ষা দেওয়া, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন জীবনযাত্রা নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় সব সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণে বাহিনীটি দৃঢ়প্রতিজ্ঞ।

বিষয়:

নির্বাচিত

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, শ্রমিকদের ন্যূনতম মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা।

দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর মঙ্গলবার দিবাগত রাতে নিম্নতম মজুরি বোর্ডের বৈঠকে ভোটাভুটির মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত করা হয়।

বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, দীর্ঘ বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা সর্বশেষ প্রস্তাবে ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা নির্ধারণের দাবি জানান। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেন।

তিনি বলেন, শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। এর মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি চূড়ান্ত হয়।

উল্লেখ্য, বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩৬ শতাংশ বাড়বে। সূত্র: বাসস


নির্বাচিত

প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফিরতে হবে শেখ হাসিনাকে: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আপডেটেড ২৫ নভেম্বর, ২০২৬ ০০:৩৫
নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরতে হলে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই ফিরতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া রায় কার্যকরের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। এক হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লালগালিচা সংবর্ধনা দিয়ে, ফুলের পাপড়ি ছিটিয়ে দেশে ফিরিয়ে আনার স্বপ্ন যারা দেখছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা কার্যকর করা হবে। বাংলাদেশের আইনকে সবাইকে শ্রদ্ধা করতে হবে। একইভাবে সব দেশের আইনকে সংশ্লিষ্ট দেশগুলোর শ্রদ্ধা করা উচিত।

ময়মনসিংহের সাংবাদিকদের মধ্যে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ময়মনসিংহের উন্নয়ন ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাইকে ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে। বৃহত্তর স্বার্থে সবাইকে অন্তর্ভুক্ত করে একটি বৃহৎ সাংবাদিক পরিবার গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ বিভাগের অবকাঠামোগত উন্নয়নে তিন হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণের কথা জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিভিন্ন প্রশাসনিক ও পরিকল্পনাগত ধাপ অতিক্রম করতে হয়। ইতোমধ্যে পরিকল্পনা টিমের পর্যায়ে প্রাথমিক ধাপ অতিক্রম করা সম্ভব হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ময়মনসিংহ বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে।

সাংবাদিকদের কল্যাণে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সাংবাদিকদের আর্থিক অসচ্ছলতা ও অসুস্থতাসহ বিভিন্ন সংকটে সহায়তা দেয়া হয়। এ খাতে অনুদানের পরিমাণ ৬ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের মূল লক্ষ্য সাধারণ মানুষের জীবনমানের উন্নয়ন।

ঢাকা শহরের যানজট পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আগে যেখানে যানবাহনের গতি ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার ছিল, বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে পৌঁছেছে। যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্বয়ংক্রিয় ক্যামেরা ও ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে।

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যেন আর ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার সমুন্নত রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন, ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, নেত্রকোনা সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি রফিক মুহাম্মদ, টাঙ্গাইল জেলা সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাংবাদিক লুৎফুল বারী হামিম, দৈনিক আজকের খবরের সম্পাদক মোশারফ হোসেন, মোহনা টেলিভিশনের হেড অব নিউজ রাশেদুল হক, সাংবাদিক বাদল সরকার, সৌরভ জাহাঙ্গীর, সিরাজুল ইসলাম, সামছুর রহমান শামস ও দেলোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব গোলাম কিবরিয়া।


নির্বাচিত

শুল্ক কমালো এনবিআর, দাম কমবে খেজুর-আপেল-কমলার

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

খেজুর, কমলা ও আপেলের আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন রমজানে দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমদানি-নির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এনবিআর জানায়, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক বিদ্যমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে খেজুরে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমেছে। একইভাবে আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের ফলে আপেল ও কমলায় মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। নতুন এই শুল্কহার অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে এনবিআর।

এনবিআরের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে তা সামান্য কমে ২ লাখ ৫৮ হাজার টন হয়। ২০২২-২৩ অর্থবছরে আমদানি উল্লেখযোগ্য হারে কমে দাঁড়ায় ১ লাখ ৮৩ হাজার টনে। ২০২৩-২৪ অর্থবছরে তা আরও কমে ১ লাখ ৭০ হাজার টন হয়। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি ছিল ১ লাখ ৬২ হাজার টন, যা এই সময়ের মধ্যে সর্বনিম্ন। তবে ২০২৫-২৬ অর্থবছরে আপেল আমদানি আবার কিছুটা বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়। অন্যদিকে গত ছয় অর্থবছরে কমলার আমদানি ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হয়েছিল। ২০২১-২২ অর্থবছরে তা কমে ২ লাখ ৯৫ হাজার টন হয়। ২০২২-২৩ অর্থবছরে আমদানি আরও কমে দাঁড়ায় ২ লাখ ২০ হাজার টনে এবং ২০২৩-২৪ অর্থবছরে নামে ১ লাখ ৭৩ হাজার টনে। এরপর ২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ ৬৯ হাজার টন এবং সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা সর্বনিম্ন ১ লাখ ৫৪ হাজার টনে নেমে আসে।


নির্বাচিত

ডাক পাচ্ছে জাতীয় পার্টি, বাদ পড়ছে ১৪ দলের শরিকেরা

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। ২৯ নভেম্বর থেকে এ সংলাপ শুরু হবে। ২৯, ৩০ নভেম্বর এবং আগামী ১ ডিসেম্বর নির্বাচন ভবনে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর কাছে প্রয়োজনীয় সহযোগিতা চাওয়া হবে। অংশীজনদের সঙ্গে আলোচনার পাশাপাশি নির্বাচনের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাদা বৈঠক হবে।

ইসি সূত্র জানায়, ৩ দিনে ৫৫টি নিবন্ধিত রাজনৈতিক দলকে সংলাপে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে ইসিতে নিবন্ধিত দল আছে ৫৯টি। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তাই দলটিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এর বাইরে ইসিতে নিবন্ধিত দলগুলোর মধ্যে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তরিকত ফেডারেশন ও সাম্যবাদী দলকেও আমন্ত্রণ জানানো হচ্ছে না। তবে একাদশ ও দ্বাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।

গত ১২ অক্টোবর নিজেদের বৈঠকে নির্বাচন কমিশন দলগুলোর সঙ্গে সংলাপসহ ইউপি ভোটের সার্বিক বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছিল। এবারের ইউপি নির্বাচন হচ্ছে পাঁচ ধাপে। তফসিল ঘোষণা করা না হলেও পাঁচ ধাপের ভোটের তারিখ এবং কোন ধাপে কোন কোন ইউপির নির্বাচন হবে, সে তালিকা ইতোমধ্যে প্রকাশ করেছে ইসি।

এবারের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন হবে নির্দলীয় প্রতীকে। আগামী ২১ জানুয়ারি হবে প্রথম ধাপের ভোট। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।


নির্বাচিত

মালিকদের প্রস্তাব ১৫,৭০০, ২২ হাজারে শ্রমিকরা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিশেষ প্রতিবেদক

তৈরি পোশাক খাতের নতুন মজুরি কাঠামো নিয়ে মালিক ও শ্রমিক দুই পক্ষের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। তবে সর্বশেষ প্রস্তাব অনুযায়ী, শ্রমিকদের জন্য মালিকপক্ষ ন্যূনতম ১৫ হাজার ৭০০ টাকা মজুরি প্রস্তাব করেছে। বিপরীতে শ্রমিকপক্ষ প্রস্তাব করেছে ২২ হাজার টাকা। মঙ্গলবার (২৪ নভেম্বর) আলোচনার ফাঁকে ব্রিফিংয়ে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী এ তথ্য জানান। বৈঠকের বিরতিতে বিকাল সাড়ে ৪টায় আজাদ সুবহানী বলেন, নিম্নতম চতুর্থ গ্রেডে মালিক পক্ষের ১৫ হাজার টাকা প্রস্তাব ছিল। দ্বিতীয় প্রস্তাবে মালিক পক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৫০০ টাকা বলেছিল। সব শেষ প্রস্তাব এসেছে চতুর্থ গ্রেডে নিম্নতম মজুরি ১৫ হাজার ৭০০ টাকা।

এর আগে, গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ও শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেয় শ্রমিকপক্ষ। বর্তমানে পোশাকশ্রমিকদের নিম্নতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ২টায় শুরু হওয়া মজুরি বোর্ডের ৪র্থ সভা বিকাল ৪টা পর্যন্ত চলে। সভায় মালিকপক্ষের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হলেও ঐকমত্যে পৌঁছাতে না পারায় বৈঠক অব্যাহত রাখার সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন নিরপেক্ষ সদস্য মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার, শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য আনোয়ার হোসাইন এবং মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আসিফ আইয়ুব।

সভা শেষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, সভায় মালিকপক্ষ তাদের সংশোধিত প্রস্তাব জমা দিয়েছে। এ নিয়ে আলোচনা চলছে। তবে মালিকপক্ষের প্রস্তাব শ্রমিকপক্ষের কাছে গ্রহণযোগ্য হয়নি। একইভাবে শ্রমিকপক্ষের প্রস্তাবও মালিকপক্ষ গ্রহণ করেনি। ফলে দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে একটি সমন্বিত প্রস্তাব তৈরির বিষয়ে আলোচনা চলছে।

মালিকপক্ষের মজুরি প্রস্তাব: ধাপে ধাপে বেতন বাড়ানোর উদ্যোগমজুরি নির্ধারণ বৈঠকে মালিকপক্ষ বিভিন্ন ধাপে প্রস্তাব দিয়ে ২০২৩ সালের বিদ্যমান কাঠামোর তুলনায় মজুরি বাড়ানোর রূপরেখা তুলে ধরেছে।

মালিকপক্ষের প্রস্তাব

সভায় মালিকপক্ষের প্রথম প্রস্তাবে গ্রেড-১ এ ১৭ হাজার ৮৫০ টাকা, গ্রেড-২ এ ১৬ হাজার ৯৫০ টাকা, গ্রেড-৩ এ ১৬ হাজার ১১০ টাকা এবং গ্রেড-৪ এ ১৫ হাজার টাকা প্রস্তাব করা হয়। এতে পূর্বের গ্রেডের তুলনায় ২০২৩ সালের মজুরির চেয়ে ১ নম্বর গ্রেডে ২ হাজার ৮১৫ টাকা, ২ নম্বর গ্রেডে ২ হাজার ৬৭৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ২ হাজার ৫৬০ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ২ হাজার ৫০০ টাকা বৃদ্ধি পায়।

পরবর্তী ধাপে মালিকপক্ষের দ্বিতীয় প্রস্তাবে প্রথম প্রস্তাবের সঙ্গে ১ ও ২ নম্বর গ্রেডে ৩০০ টাকা করে এবং ৩ ও ৪ নম্বর গ্রেডে ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব রাখা হয়, এর ফলে গ্রেড অনুযায়ী প্রস্তাবিত অঙ্ক দাঁড়ায় ১৮ হাজার ১৫০ টাকা, ১৭ হাজার ২৫০ টাকা, ১৬ হাজার ৬৫০ টাকা এবং ১৫ হাজার ৫০০ টাকা।

এরপর তৃতীয় প্রস্তাবে দ্বিতীয় প্রস্তাবের তুলনায় ১ নম্বর গ্রেডে ৬৭৮ টাকা, ২ নম্বর গ্রেডে ৬৩৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ৩৪৬ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ২০০ টাকা বাড়িয়ে চূড়ান্ত পর্যায়ের প্রস্তাব তুলে ধরা হয়, যেখানে গ্রেড-১ থেকে গ্রেড-৪ পর্যন্ত প্রস্তাবিত পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ১৮ হাজার ৮২৮ টাকা, ১৭ হাজার ৮৮৭ টাকা, ১৬ হাজার ৯৯৬ টাকা এবং ১৫ হাজার ৭০০ টাকা।

শ্রমিকপক্ষের প্রস্তাব

সভায় মজুরি নির্ধারণ সংক্রান্ত আলোচনায় শ্রমিকপক্ষ শুরুতে উচ্চতর মজুরির দাবি জানালেও পরবর্তী ধাপগুলোতে প্রস্তাব সমন্বয় করে নতুন অঙ্ক তুলে ধরা হয়।

শ্রমিকপক্ষের প্রথম প্রস্তাবে গ্রেড-১ এ ৪৮ হাজার টাকা, গ্রেড-২ এ ৪৩ হাজার টাকা, গ্রেড-৩ এ ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ৩২ হাজার টাকা দাবি করা হয়। এ পর্যায়ে ২০২৩ সালের মজুরির চেয়ে ১ নম্বর গ্রেডে ৩২ হাজার ৯৬২ টাকা, ২ নম্বর গ্রেডে ২৮ হাজার ৭২৭ টাকা, ৩ নম্বর গ্রেডে ২৪ হাজার ৪৫০ টাকা এবং ৪ নম্বর গ্রেডে ১৯ হাজার ৫০০ টাকা বেশি প্রস্তাব করা হয়েছিল।

আলোচনার দ্বিতীয় ধাপে শ্রমিকপক্ষ ১, ২ ও ৩ নম্বর গ্রেড থেকে ৮ হাজার টাকা এবং ৪ নম্বর গ্রেড থেকে ৭ হাজার টাকা কমিয়ে নতুন প্রস্তাব দেয়। এতে দ্বিতীয় প্রস্তাবে গ্রেড-১ এ ৪০ হাজার টাকা, গ্রেড-২ এ ৩৫ হাজার টাকা, গ্রেড-৩ এ ৩০ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ২৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।

পরবর্তীতে তৃতীয় প্রস্তাবে শ্রমিকপক্ষ ১ ও ২ নম্বর গ্রেড থেকে ৫ হাজার টাকা এবং ৩ ও ৪ নম্বর গ্রেড থেকে ৩ হাজার টাকা কমিয়ে প্রস্তাব দেয়। এর ফলে সর্বশেষ প্রস্তাবে গ্রেড-১ এ ৩৫ হাজার টাকা, গ্রেড-২ এ ৩০ হাজার টাকা, গ্রেড-৩ এ ২৭ হাজার টাকা এবং গ্রেড-৪ এ ২২ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।


নির্বাচিত

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে কথা বলেন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

প্রধানমন্ত্রী বলেন, আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

তিনি বলেন, এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।

এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পানিসম্পদমন্ত্রী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।


নির্বাচিত

ঢাকা-রিয়াদের বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ঢাকা-রিয়াদ রুটের নিয়মিত ফ্লাইট স্থগিত মেয়াদ আরো বাড়িয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর (বাংলাদেশ সময়) পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে। জানা যায়, সম্প্রতি সৌদি আরবে বোমা হামলার কারণে ফ্লাইট স্থগিত মেয়াদ বাড়িয়েছে এয়ারলাইন্স। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত থাকলেও সৌদি আরবগামী অন্যান্য রুটে বিমানের ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে। পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখা হয়েছে। এসব রুটের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। এ পরিস্থিতিতে রিয়াদগামী যাত্রীদের ভোগান্তি কমাতে বিকল্প ব্যবস্থা রেখেছে বিমান। আসন খালি থাকা সাপেক্ষে রিয়াদগামী যাত্রীরা বাংলাদেশ থেকে জেদ্দা, দাম্মাম ও মদিনা রুট ব্যবহার করে সৌদি আরবে যাতায়াতের সুযোগ পাবেন।

ঢাকা-রিয়াদ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার বিষয়ে যথাসময়ে পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


নির্বাচিত

কর্ণফুলী পেপার মিলস, আগের অবস্থানে ফেরাতে বিনিয়োগ খুঁজছে সরকার

ফাইল ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ২৪ নভেম্বর, ২০২৬ ২০:১৯
নিজস্ব প্রতিবেদক

একসময় সরকারি চাহিদার প্রায় ৭০ শতাংশ কাগজ সরবরাহ করত রাষ্ট্রায়ত্ত একমাত্র কাগজকল ‘কর্ণফুলী পেপার মিলস লিমিটেড’। দেড় দশক আগেও ২০ হাজার মেট্রিক টন কাগজ উৎপাদনকারী মিলের বর্তমান উৎপাদন নেমেছে মাত্র ৩ হাজার টনে। পুরোনো যন্ত্রপাতি, কারিগরি ত্রুটি, কাঁচামালের অভাব, গ্যাসের মূল্যবৃদ্ধি, দক্ষ জনবলের ঘাটতিসহ নানামুখী সংকটে ধুঁকতে ধুঁকতে মৃতপ্রায় কাগজকলটির উৎপাদন কমেছে প্রায় ৮৭ শতাংশ। অর্থনৈতিক আয়ুষ্কাল পেরিয়ে যাওয়া কারখানাটিতে এখন কেবল একটি মেশিন দিয়ে উৎপাদন চালু রাখা হয়েছে। এই অবস্থায় দেশের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার।

কেপিএম এলাকায় একটি ইন্টিগ্রেটেড পাল্প অ্যান্ড পেপার মিলসহ আরও ৬টি কেমিক্যাল প্ল্যান্ট বসাতে চায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। ইতোমধ্যে পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে এর সম্ভাব্যতা যাচাই শেষ হয়েছে। নতুন প্রকল্পের আওতায় নিজস্ব পাল্প উৎপাদন, কাঁচামালের স্থানীয় উৎস তৈরি, কেমিক্যাল উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে কারখানাটির পুরোনো সক্ষমতা ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। ২৫ থেকে ৩০ হাজার কোটি টাকা ব্যয়ের এই উদ্যোগ বাস্তবায়ন হলে বছরে ১ লাখ মেট্রিক টন কাগজ উৎপাদন সম্ভব হবে। এতে কাগজ শিল্পে কেপিএমের হারানো গৌরব ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন প্রকল্প প্রস্তাবটি ইতোমধ্যে শিল্প মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়। পরিকল্পনা কমিশন সেটি পরীক্ষা-নিরীক্ষার পর কেপিএম কর্তৃপক্ষকে জানিয়েছে, প্রকল্পটি বাস্তবায়নে সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারী খুঁজছে। বিনিয়োগ পাওয়া না গেলে সরকারি অর্থায়নে ক্রমান্বয়ে তা বাস্তবায়ন করা হবে। এ বছরের অক্টোবরে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা কেপিএম পরিদর্শন করে রুগ্ন রাষ্ট্রায়ত্ত শিল্পগুলো পুনরুজ্জীবনে বিদেশি বিনিয়োগ, বিএমআর, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) ও সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থার সম্ভাবনার কথা জানান।

কেপিএম’র উৎপাদন বিভাগীয় প্রধান মো. মঈদুল ইসলামের স্বাক্ষরিত তথ্য অনুযায়ী, ২০১১-১২ অর্থবছরে ২৫ হাজার মেট্রিক টন উৎপাদন লক্ষ্যমাত্রার বিপরীতে মিলটিতে কাগজ উৎপাদন হয়েছিল ২০ হাজার ১২৩ দশমিক ৪৪ টন। ২০১২-১৩ সালে ২২ হাজার টনের লক্ষ্যমাত্রায় উৎপাদন হয় ১৩ হাজার ৭৭৫ টন, ২০১৩-১৪ সালে ২২ হাজার টনের লক্ষ্যমাত্রার বিপরীতে ১৩ হাজার ৯৯ টন; ২০১৪-১৫ সালে ২০ হাজার টনের বিপরীতে ১২ হাজার ৬৭১ টন এবং ২০১৫-১৬ সালে ১৫ হাজারের বিপরীতে ১০ হাজার ৫৮১ টন কাগজ উৎপাদিত হয়। ২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা কমিয়ে ৮ হাজার টন করা হয়; উৎপাদন হয় ৬ হাজার টন। ২০১৭-১৮ সালে একই লক্ষ্যমাত্রায় উৎপাদন নেমে আসে ৩ হাজার টনে। ২০১৮-১৯ সালে ৫ হাজার টন, ২০১৯-২০ সালে ৬ হাজার টন এবং ২০২০-২১ সালে ৬ হাজার টন উৎপাদিত হয়।

২০২১-২২ সালে ৮ হাজার টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয় ২ হাজার টন, ২০২২-২৩ সালে ৩ হাজার টন লক্ষ্যমাত্রায় উৎপাদন দাঁড়ায় ১ হাজার ৫৪২ দশমিক ০২ টনে। ২০২৩-২৪ সালে আড়াই হাজার টন লক্ষ্যমাত্রার বিপরীতে উৎপাদন হয় ২ হাজার ৫১০ দশমিক ৫২ টন। ২০২৪-২৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার টন।

অর্থাৎ ২০১১-১২ সালের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে উৎপাদন কমেছে প্রায় ৮৭ শতাংশ। একই সময়ে উৎপাদন লক্ষ্যমাত্রা ২৫ হাজার থেকে নেমে এসেছে মাত্র আড়াই হাজার টনে। সংশ্লিষ্টরা বলছেন, দেড় দশক ধরে রাষ্ট্রায়ত্ত কারখানাটির ধারাবাহিকভাবে উৎপাদন কমেছে। কিন্তু সেই সময়ে ক্ষমতায় থাকা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার দেশীয় প্রতিষ্ঠানটি ঘিরে কোনো আধুনিকায়ন পরিকল্পনা গ্রহণ করেনি।

বিসিআইসি জানায়, ১৯৫৩ সালে তৎকালীন পাকিস্তান শিল্প উন্নয়ন করপোরেশন ৫০১ একর জমিতে কেপিএম প্রতিষ্ঠা করে। এর মধ্যে ৬৮ একর কারখানা এবং ৪৩৩ একর আবাসিক এলাকা। বার্ষিক ৩০ হাজার মেট্রিক টন উৎপাদনক্ষমতা নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি একসময় দেশের সরকারি কাগজের চাহিদার প্রায় ৭০ শতাংশ সরবরাহ করত। তখন বাঁশ ও পাল্পউড থেকে নিজস্ব ব্যবস্থাপনায় মণ্ড তৈরি করে কাগজ উৎপাদন হতো। ক্রিমলেইড, রাইটিং, ব্রাউন, অফসেট, টাইপরাইটিং, অ্যাজুরলেইডসহ ৩৩ ধরনের কাগজ এবং ১০ ধরনের প্যাকেজিং পণ্য তৈরি করত মিলটি। বর্তমানে উৎপাদন সীমিত চার-পাঁচ ধরনের কাগজে।

কেপিএম সূত্র জানায়, গত আট বছর ধরে নিজস্ব পাল্প মিলটি বন্ধ হয়ে আছে। ফলে আমদানি করা পাল্প ও দেশীয় অকেজো কাগজ দিয়ে এখন উৎপাদন চালাতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বেড়েছে। বর্তমানে প্রতি টন কাগজ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়, তবে প্রতি টনে ৩৫-৪০ হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে। এতে বছরে লোকসানের পরিমাণ প্রায় ২৮-৩০ কোটি টাকা। মিলটির অনুমোদিত জনবলের পরিমাণ ২ হাজার ৩৭৬ জন, এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮৮ জন। পাশাপাশি ঠিকাদারের মাধ্যমে কাজ করছেন ২৫০ জন অস্থায়ী শ্রমিক। কেপিএম’র কর্মকর্তারা বলছেন, উৎপাদন ব্যয়ের বড় অংশজুড়ে রয়েছে গ্যাসের মূল্য। সার কারখানাগুলো প্রতি ঘনফুট গ্যাস ১৬ টাকায় পেলেও কেপিএমকে দিতে হচ্ছে ৩০ থেকে সাড়ে ৩১ টাকা। দৈনিক ২৫-৩০ টন কাগজ উৎপাদনে প্রায় ১৩ লাখ টাকার গ্যাস প্রয়োজন হয়। সার কারখানার মতো কেপিএমও গ্যাস ভর্তুকি পেলে উৎপাদন ব্যয় অনেকাংশে কমানো সম্ভব।

তারা জানান, গ্যাসের দামের পাশাপাশি পানি সংকটও উৎপাদন কমার একটি কারণ। মিলের পানি সরবরাহব্যবস্থা নিয়ে অভ্যন্তরীণ নিরীক্ষায়ও সমস্যা উঠে এসেছে। কর্ণফুলী নদীতে ভাটার সময় পানির স্তর নেমে গেলে ওয়াসা পাম্প হাউস থেকে প্রয়োজনীয় পানি সংগ্রহে বিঘ্ন ঘটে। এ কারণে অনেক সময় উৎপাদন বন্ধ রাখতে হয়। এই অবস্থায় বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের একমাত্র কাগজকলটিকে ঘিরে নতুন ভাবনা শুরু হয়। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ইন্টিগ্রেটেড পাল্প অ্যান্ড পেপার মিল, বনায়ন, পেপারভিত্তিক কেমিক্যাল প্ল্যান্ট, সোডা অ্যাশ, সোডিয়াম সালফেট, বেসিক কেমিক্যাল এবং সিনথেটিক পলিয়েস্টার ফাইবার প্ল্যান্ট স্থাপন। এ ছাড়া কস্টিক সোডা, ক্লোরিন, হাইড্রোজেন পার-অক্সাইড, টাইটানিয়াম ডাই-অক্সাইডসহ বিভিন্ন রাসায়নিক উৎপাদনের পরিকল্পনাও রয়েছে।

এ প্রসঙ্গে কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহীদ উল্লাহ বাসসকে বলেন, “নানামুখী সংকটের কারণে ধারাবাহিকভাবে মিলটির উৎপাদন কমেছে। তবে আশার কথা, সরকারের উদ্যোগের ফলে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ের সাতটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব বিসিআইসির মাধ্যমে শিল্প মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি যাচাই-বাছাই করে ‘সবুজ পাতা’ভুক্ত হয়েছে। নতুন প্রকল্প বাস্তবায়ন হলে বছরে ১ লাখ টন কাগজ উৎপাদন সম্ভব হবে।”

তিনি বলেন, ‘কর্ণফুলী পেপার মিল দেশের ইতিহাস-ঐতিহ্যের অংশ। এটি পুরোদমে চালু হলে এলাকার আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে। এই মিলটি কেবলই একটি কারখানা নয়, এটি এ অঞ্চলের জনগোষ্ঠীর সামাজিক সম্প্রীতিরও অংশ।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠাকাল থেকেই এ অঞ্চলের বিভিন্ন জনগোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়টি এই মিলের সঙ্গে জড়িত। কেপিএমকে টিকিয়ে রাখতে তাই নতুনভাবে চিন্তা করা দরকার।’


নির্বাচিত

banner close