যুবসমাজকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত লেখাপড়া, খেলাধুলা, সংস্কৃতি চর্চার পাশাপাশি সমাজের বিভিন্ন অসংগতি, কুসংস্কার ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ বুধবার (২৬ জুন) ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪’ উপলক্ষে গতকাল মঙ্গলবার দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, ‘উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার বিকল্প নেই।’
রাষ্ট্রপতি মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও জাতিসংঘ ঘোষিত মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
রাষ্ট্রপ্রধান বলেন, ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি বৈশ্বিক সমস্যা যা মানব সম্প্রদায়ের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ। মাদক উৎপাদনকারী দেশ না হওয়া সত্ত্বেও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ মাদকের ভয়ংকর ঝুঁকির মধ্যে রয়েছে।’
তিনি বলেন, বাংলার তরুণ ও যুব সমাজের রয়েছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, প্রতিবাদ ও মহান মুক্তিযুদ্ধে অগ্রগণ্য ভূমিকা পালনের গৌরবোজ্জ্বল ইতিহাস। নিত্যনতুন মাদকের আবির্ভাব ও অপব্যবহার বৃদ্ধির ফলে এই তারুণ্যের অগ্রযাত্রা আজ বাধাগ্রস্ত হচ্ছে।
রাষ্ট্রপতি বলেন, ‘দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে বাঁচাতে পরিবারসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। ছোট থেকেই সন্তানদের সৎসঙ্গ ও সুপরামর্শ দিয়ে সচেতন করতে হবে। এ পরিপ্রেক্ষিতে জাতিসংঘ ঘোষিত দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘দি এভিডেন্স ইজ ক্লিয়ার: ইনভেস্ট ইন প্রিভেনশন’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রধানমন্ত্রী ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কার্যকর প্রয়োগে সমাজের সর্বস্তরের জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতকরণ এবং মাদক অপব্যবহারের কুফল সম্পর্কে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বহুমাত্রিক নিরোধ কার্যক্রম বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে অধিকতর কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
রাষ্ট্রপতি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস, ২০২৪ উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।
বেকারত্ব দুর করতে এবং ঢাকার বাইরে গ্রামাঞ্চলে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার বায়োগ্যাস পলি গড়ে তোলার উদ্যেগ নিয়েছে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব প্ল্যান্টের মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আয় করতে পারবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।
শনিবার (২১ নভেম্বর) সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস একটি কার্যকর সমাধান হতে পারে। এ জন্য প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা হবে। প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য নির্দিষ্ট কিছু পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রি আমিনুল হক।
তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে অগ্রগতির প্রতিবেদন নেওয়া হবে। কর্মদক্ষতার ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, যুব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ও গতি বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভা হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।
সভায় আরও বেশি বেকার যুবককে প্রশিক্ষণের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে আলোচনা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এতে অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে দুইদিনে ৯০০ মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ২০৩টি গাড়ি রেকার ও ২৮২টি গাড়ি ডাম্পিংও করা হয়েছে এর মধ্যে। গত বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমটি এই অভিযান পরিচালনা করে। সঠিক কাগজপত্রসহ নানান অনিয়মের কারণে মামলা করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিকের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে উত্তরা বিভাগে। এ বিভাগে ৩৬০টি মামলা করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ১৮৬টি, গুলশান বিভাগে ৯৮টি, মিরপুর বিভাগে ৮৩টি, তেজগাঁও বিভাগে ৪৭টি, রমনা বিভাগে ৪৬টি, মতিঝিল বিভাগে ৪৯টি এবং লালবাগ বিভাগে ৩১টি মামলা করা হয়েছে। বিভাগভিত্তিক অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এর মধ্যে উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ১৪১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৫টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করেছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কর্মচারীদের সর্বনিম্ন মজুরি হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। নতুন কাঠামো অনুযায়ী, প্রতি বছর ৫ শতাংশ হারে মজুরি বাড়ানো হবে।
গত সপ্তাহে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে এ খাতের শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ ছয় বছর পর নতুন মজুরিকাঠামো পেলেন তারা। নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৭ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ১১ হাজার ৯০০ টাকা হয়েছে। কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার ৫২৫ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।
ছয় গ্রেডে শ্রমিকদের মজুরি
নতুন মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৬ হাজার, বাড়িভাড়া ৩ হাজার, চিকিৎসা ভাতা ১ হাজার, যাতায়াত ভাতা ৬০০ এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা। সব গ্রেডের শ্রমিক চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ সমান ২ হাজার ৯০০ টাকা পাবেন।
পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক মজুরি হবে ২৩ হাজার ২৫৫ টাকা।
কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা
কর্মচারীদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ এবং বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। এ ছাড়া চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ তারা পাবেন ২ হাজার ৯০০ টাকা। তৃতীয় গ্রেডের কর্মচারীদের মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শিক্ষানবিশ শ্রমিকদের মাসিক মজুরি হবে ১০ হাজার টাকা। তাদের শিক্ষানবিশকাল তিন মাস। তবে প্রয়োজনে মালিকপক্ষ এ সময় বাড়াতে পারবে।
মজুরি নিয়ে শ্রমিকদের অসন্তোষ
জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে এ খাতের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়। কয়েক দফা বৈঠকের পর গত আগস্টে বোর্ড নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে। আলোচনায় শ্রমিকপক্ষ প্রথমে সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল ৮ হাজার টাকা।
দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানা রয়েছে। এসব কারখানায় দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। নতুন মজুরিকাঠামোয় তাদের আয় বাড়লেও বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরাও ভালো নেই। সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। শ্রমিকপক্ষ শুরুতে সাড়ে ১২ হাজার টাকার প্রস্তাব না দিয়ে তুলনামূলক কম মজুরির প্রস্তাব করেছিল কেন, জানতে চাইলে তিনি বলেন, তখন দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে কম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছিল।
বাংলাদেশে এসেছে চার সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল। ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে তারা ঢাকায় এসেছে। শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।
প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় প্রতিনিধিদলটি বাংলাদেশে আসে। ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। গতকাল ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত যৌথ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত
গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। তবে ঢাকা সফররত ভারতীয় এই প্রতিনিধিদলের চুক্তির বর্তমান মেয়াদের বাইরে তা বাড়ানোর বিষয়ে আলোচনা করার কোনো এখতিয়ার নেই।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুক্তিটি নবায়ন করা হবে নাকি অন্তর্র্বতীকালীন সময়ের জন্য এর মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের ওপরই বর্তায়। এদিকে বাংলাদেশ জানিয়েছে, তারা বিদ্যমান চুক্তিটি সরাসরি নবায়ন করার পরিবর্তে ভারতের সঙ্গে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে চায়। নতুন এই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মতো সুনির্দিষ্ট ধারা অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান এবং সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাস্তবতায় সেই দেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ ও বদ্ধপরিকর। শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত হওয়া গৌরবের বিষয়; তবে একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন আরও বড় বিষয়, যা এক জীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না এবং সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন; ফলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।
লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায় উল্লেখ করে তিনি বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।
নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেও গর্বিত এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন—এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে; এরই অংশ হিসেবে মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল, যা ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত।
বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা ক্লান্ত হয়ে পড়লেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো জ্বলজ্বল করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জীবন্ত কিংবদন্তিদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা প্রশংসনীয়। ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে সরকারের দৃঢ়প্রতিজ্ঞ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সম্মান এবং সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান; এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রীর পর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধানেরা।
প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও অভিযান জোরদার হয়েছিল। দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে।
এদিকে, দিবসটি উপলক্ষে শনিবার বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের পাশাপাশি বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহিদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে তাঁরা এ শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে এদিন ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি আরম্ভ হয়। শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সাতটি জেলা ও ঢাকা মহানগরীতে সর্বমোট ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার। শনিবার (২১ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মোতায়েনকৃত এই বাহিনীর মধ্যে গোপালগঞ্জে ২৯ প্লাটুন, ঢাকা জেলায় ১৮ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন এবং ঢাকা মহানগরীতে ৫ প্লাটুন বিজিবি সদস্য রয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, কক্সবাজারে ৬ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং ময়মনসিংহে ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে; পাশাপাশি মোতায়েনের জন্য ৪ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।
মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট থাকবেন তাঁরা।
এ ছাড়া মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের উদ্দেশ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে; এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার সকালে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান।
অনুষ্ঠানে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সূত্র: বাসস
আজ সশস্ত্র বাহিনী দিবস। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ শনিবার দিবসটি উদযাপিত হবে। দেশের সব সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এ ছাড়া, তিন বাহিনী প্রধানরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সাথে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
‘সশস্ত্র বাহিনী দিবস ২০২৬’ উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদেরকে সংবর্ধনা প্রদান করবেন। এ সময় প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ সন্ধ্যা ৬টায় ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ সংবর্ধনায় সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় দূতাবাসগুলোর কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস বা ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো আজ দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটসমূহে নোঙরকৃত অবস্থায় রাখা হবে।
শুক্রবার (২০ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করবে।
বাংলাদেশ বেতার আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। অনুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেলসমূহে পরবর্তীতে পর্যায়ক্রমে সম্প্রচারিত হবে।
দিবসটি উপলক্ষে আজ শনিবারের বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এ ছাড়া সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি বিশ্বাস করি, দেশপ্রেম, সুশৃঙ্খলা, সততা, পেশাদারিত্ব ও জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি। তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন এটাই জাতির প্রত্যাশা।’ আজ শনিবার ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে আমি বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এ দিনে আমি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সাতজন বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর সকল বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের আজকের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক ও সম্মিলিত অভিযান শুরু করে, যা মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়কে ত্বরান্বিত করে। সশস্ত্র বাহিনীর এই ঐক্য, বীরত্ব ও দেশপ্রেম আজও আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে।’
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকের এই গৌরবময় দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে, যার নেতৃত্ব, দূরদর্শিতা ও উদ্যোগ স্বাধীন বাংলাদেশের উন্নত সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা, পেশাদারিত্ব সুদৃঢ় করেছিল। সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সূচিত এই অগ্রযাত্রাকে বহুদূর এগিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি বাহিনীর সম্প্রসারণ, প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।’
তিনি বলেন, ‘সেই প্রয়াসের ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি দক্ষ, সুশৃঙ্খল ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে উঠেছে। বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ, শক্তিশালী ও আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। পরিবর্তিত বৈশ্বিক হুমকি ও ভূরাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দেশের প্রতিরক্ষা পরিকল্পনা প্রণয়ন ও প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধি ও জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে নেওয়া হয়েছে-‘সবার আগে বাংলাদেশ নীতি’।”
রাষ্ট্রপতি বলেন, ‘সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করছে। আমি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য এবং বাহিনীর সকল সদস্য এবং তাদের পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।’
আগামীকাল শনিবার (২১ নভেম্বর) যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্যাপিত হবে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।
দিবসটির কর্মসূচি শুরু হবে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমানবাহিনীর ঘাঁটির মসজিদগুলোতে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে। মোনাজাতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উন্নতি ও অগ্রগতি এবং মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।
১৯৭১ সালের মহান স্বাধীনতাযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীকাল সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এ ছাড়া তিন বাহিনীর প্রধানেরা সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেবেন। এ সময় তাঁদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এদিন বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিকেরা উপস্থিত থাকবেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীরাও অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
দিবসটি উপলক্ষে ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস ও ঘাঁটিতে বিভিন্ন কর্মসূচি ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এ ছাড়া ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজগুলো আগামীকাল বেলা ২টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটে নোঙর করে রাখা হবে।
সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরতে আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। বাংলাদেশ বেতার আগামীকাল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠানটি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতেও পর্যায়ক্রমে সম্প্রচার করা হবে।
দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। পাশাপাশি সশস্ত্র বাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত বৃষ্টিপাত, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ ও খরার ঝুঁকি বাংলাদেশের কৃষি উৎপাদনের জন্য ক্রমেই বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। এর প্রভাব পড়ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল চায়ের ওপরও। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের চা-বাগানগুলোতে পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাব দেখা দিলে চা গাছের নতুন কুঁড়ি গজানো, পাতার বৃদ্ধি ও উৎপাদন ব্যাহত হয়।
এমতাবস্থায় খরাপ্রবণ পরিবেশে টিকে থাকতে সক্ষম চায়ের জিনোটাইপ শনাক্ত করে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) পরিচালক ড. ইসমাইল হোসেনসহ একদল গবেষক। গবেষণাটি বিটিআরআই’র উদ্ভিদবিজ্ঞান বিভাগের গবেষকদের পাশাপাশি বাকৃবির ফসল উদ্ভিদবিজ্ঞান বিভাগের একাধিক গবেষকের যৌথ সহযোগিতায় পরিচালিত হয়েছে।
তাদের গবেষণায় পাঁচটি চায়ের জিনোটাইপ ও একটি প্রচলিত জাতের মধ্যে তুলনামূলক মূল্যায়ন করে বি/৮/৯৩ নামের একটি জিনোটাইপকে সবচেয়ে খরা সহনশীল হিসেবে শনাক্ত করা হয়েছে। পাশাপাশি এমজেড/৩৯ জিনোটাইপটি মাঠপর্যায়ের পরিস্থিতিতে ভালো অভিযোজনক্ষমতার পরিচয় দিয়েছে।
‘স্ক্রিনিং অফ বাংলাদেশ টি (ক্যামেলিয়া সিনেনসিস (এল.) কুন্টজে) জিনোটাইপস ফর ড্রাউট টলারেন্স’ শীর্ষক গবেষণাপত্রটি সম্প্রতি আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা আটলান্টিস প্রেস থেকে প্রকাশিত ‘প্রসিডিংস অফ দ্য ইন্টারন্যাশনাল টি সিম্পোজিয়াম’ গ্রন্থে প্রকাশিত হয়েছে। গবেষণাটির মূল লক্ষ্য ছিল বাংলাদেশের চা উৎপাদন অঞ্চলে খরার প্রভাব মোকাবিলায় সম্ভাবনাময় জিনোটাইপ চিহ্নিত করা এবং ভবিষ্যৎ জাত উন্নয়ন কার্যক্রমের জন্য বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করা।
বাংলাদেশের অর্থনীতি, কর্মসংস্থান ও গ্রামীণ জীবিকায় চা শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চলের পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় চা চাষ সম্প্রসারিত হয়েছে। এ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন বিপুলসংখ্যক শ্রমিক, ক্ষুদ্র চাষি ও ব্যবসায়ী। বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে প্রায় ৯৪ দশমিক ৯১ মিলিয়ন কেজি চা উৎপাদিত হয়েছে, যা ২০২৪ সালের তুলনায় বেশি হলেও ২০২৩ সালের রেকর্ড উৎপাদনের চেয়ে কম। তবে উৎপাদন ব্যয়, আবহাওয়ার অনিশ্চয়তা, সেচসংকট ও আন্তর্জাতিক প্রতিযোগিতা শিল্পটির জন্য বড় চ্যালেঞ্জ।
চা একটি বহুবর্ষজীবী অর্থকরী উদ্ভিদ, যার কচি পাতা ও কুঁড়ি থেকে বাজারজাতযোগ্য চা তৈরি হয়। তাই গাছের স্বাভাবিক বৃদ্ধি ও পাতা উৎপাদনে পর্যাপ্ত পানি অপরিহার্য। পানির ঘাটতিতে শিকড়ের পানি শোষণ ও সালোকসংশ্লেষণ ব্যাহত হয়। ফলে গাছের বৃদ্ধি ও কচি পাতার উৎপাদন কমে যায়। দীর্ঘস্থায়ী খরায় বিশেষ করে নতুন চারাগাছ বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাভাবিক উৎপাদনে ফিরতে সময় লাগে। এ কারণে চা শিল্পের দীর্ঘমেয়াদি স্থায়িত্ব ও উৎপাদনশীলতা বজায় রাখতে খরাসহিষ্ণু জিনোটাইপ নির্বাচন গুরুত্বপূর্ণ।
গবেষণাপদ্ধতি সম্পর্কে অধ্যাপক ড. আশরাফুজ্জামান বলেন, ‘গবেষণায় এ/১৭/৭, এমজেড/৩৯, এসএইচ/৯/৬৫, বি/৮/৯৩ এবং এ/৮/৮ জিনোটাইপের পাশাপাশি তুলনার জন্য প্রচলিত বিটি-২ চায়ের জাতও অন্তর্ভুক্ত করা হয়। নার্সারি ও মাঠপর্যায়ে মাটির আর্দ্রতা ৩৬, ৩০, ২৪ ও ১৮ শতাংশে রেখে বিভিন্ন মাত্রার খরার প্রভাব পরীক্ষা করা হয়। এ সময় গাছের উচ্চতা, শিকড়ের দৈর্ঘ্য, আয়তন ও বিস্তার, শুষ্ক পদার্থের পরিমাণ, পাতার আপেক্ষিক পানির পরিমাণ, প্রোলিন, মোট পলিফেনল ও রিডিউসিং সুগারের পরিবর্তন বিশ্লেষণ করা হয়। প্রোলিন কোষের পানির ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখতে পারে এবং শিকড়ের বিস্তার মাটির গভীর থেকে পানি সংগ্রহের সক্ষমতার সঙ্গে সম্পর্কিত। এসব বৈশিষ্ট্য একসঙ্গে বিশ্লেষণ করে আমরা জিনোটাইপগুলোর খরাসহিষ্ণুতা ও অভিযোজনক্ষমতার পার্থক্য নির্ণয় করেছি।’
গবেষণাটির ফলাফল সম্পর্কে তিনি বলেন, ‘গবেষণায় বি/৮/৯৩ জিনোটাইপটি সবচেয়ে বেশি খরাসহিষ্ণু এবং এ/৮/৮ সবচেয়ে সংবেদনশীল হিসেবে চিহ্নিত হয়েছে। এমজেড/৩৯ মাঠপর্যায়ে বিস্তৃত অভিযোজনক্ষমতা দেখিয়েছে। অন্যদিকে বিটি-২, এসএইচ/৯/৬৫ ও এ/১৭/৭ মধ্যম মাত্রার খরাসহিষ্ণু হিসেবে শনাক্ত করা হয়েছে। মাঠপর্যায়ের পরীক্ষায় বি/৮/৯৩ জিনোটাইপের গড় উচ্চতা ছিল ৬৭ দশমিক ৫ সেন্টিমিটার, প্রতি গাছে গড়ে ৭ দশমিক ৬০টি শাখা এবং সবুজ পাতার ওজন ৯ দশমিক ২ গ্রাম। এতে মোট পলিফেনলের পরিমাণ ছিল ৮৯ দশমিক ৮১ পিপিএম এবং ক্যাটেচিন ২৩ দশমিক ০৭ পিপিএম, যা চায়ের গুণগত বৈশিষ্ট্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ। গবেষণাটির ফলাফল চা গাছের জিনগত বৈচিত্র্য ও খরাসহিষ্ণু জাত নির্বাচনের সম্ভাবনা তুলে ধরেছে। তবে বাণিজ্যিক সম্ভাবনা নির্ধারণে মাঠপর্যায়ের উৎপাদন, পাতা সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণের মান এবং বিভিন্ন অঞ্চলের জলবায়ুর সঙ্গে এর অভিযোজন যাচাই করা প্রয়োজন।’
খরাসহিষ্ণুতা একাধিক জিন, শারীরবৃত্তীয় প্রক্রিয়া ও পরিবেশের ওপর নির্ভরশীল হওয়ায় একটি পরীক্ষার ভিত্তিতে কোনো জিনোটাইপকে সর্বত্র উপযোগী বলা যায় না। এজন্য বিভিন্ন মৌসুম, মাটি ও পানিস্বল্পতার পরিবেশে পরীক্ষা এবং বংশগত স্থায়িত্ব, পাতা উৎপাদন, চায়ের স্বাদ, গুণগত মান ও রোগ-পোকা প্রতিরোধক্ষমতা মূল্যায়ন জরুরি।
বাকৃবি ও বিটিআরআই’র যৌথ গবেষণাটি ভবিষ্যৎ জাত উন্নয়নের সম্ভাবনা তৈরি করেছে। গবেষণার ফলাফলকে বাস্তবে রূপ দিতে কয়েকটি ধাপ অনুসরণ করা প্রয়োজন।
ড. আশরাফুজ্জামান বলেন, ‘প্রথমত, বি/৮/৯৩ ও এমজেড/৩৯-সহ সম্ভাবনাময় জিনোটাইপগুলোকে দেশের প্রধান চা উৎপাদন অঞ্চলে একাধিক মৌসুমে পরীক্ষা করতে হবে। দ্বিতীয়ত, স্বাভাবিক ও খরাপ্রবণ পরিবেশে প্রতি একক জমিতে সবুজ পাতা ও প্রক্রিয়াজাত চায়ের ফলন তুলনা করতে হবে। তৃতীয়ত, চায়ের স্বাদ, সুবাস, রং, পলিফেনল ও ক্যাটেচিনের মতো গুণগত বৈশিষ্ট্য যাচাই করতে হবে। চতুর্থত, চারা উৎপাদনের ব্যয়, সেচের প্রয়োজন, পরিচর্যার খরচ এবং কৃষকের সম্ভাব্য আয় বিশ্লেষণ করতে হবে।’