বুধবার, ১১ নভেম্বর ২০২৬
২৭ কার্তিক ১৪৩৩

বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি: সংগৃহীত
প্রকাশিত
প্রকাশিত : ৮ জুলাই, ২০২৪ ১৯:০০

চার দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের নিয়ে বেইজিংয়ের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় বিকেল ৬টার দিকে অবতরণ করে।

এর আগে আজ সকাল ১১টা ৫মিনিটের দিকে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। প্রধানমন্ত্রীর এ সফর দু’দেশের মধ্যকার সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্ব’ থেকে ‘কৌশলগত বিস্তৃত সহযোগিতা অংশীদারিত্বে’ উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।

৮ থেকে ১১ জুলাই বেইজিংয়ে অবস্থানকালে প্রধানমন্ত্রী ১০ জুলাই চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করবেন।

আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের এই দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০টি থেকে ২২টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘এই সফরকালে অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি ও দু’দেশের জনগণের মধ্যে যোগাযোগের সমঝোতা স্মারকগুলো সই হওয়ার সম্ভাবনা রয়েছে।’

ড. হাছান বলেন, সফরকালে দুই দেশের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনেরও ঘোষণা করা হবে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৬ সালের অক্টোবরে বাংলাদেশ সফরে এসেছিলেন। সে সময় উভয় দেশ কৌশলগত অংশীদারিত্বে পৌঁছেছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৯ সালের জুলাই মাসে বেইজিং সফর করেছিলেন। এর আগেও তিনি বিভিন্ন সময়ে চীন সফর করেছেন।

দুই দেশ আগামী বছর কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করবে। গত ২১ থেকে ২২ জুন তার সর্বশেষ ভারত সফরের ১৫ দিনের মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই চীন সফর।

শেখ হাসিনার চীন সফরের দ্বিতীয় দিনে ৯ জুলাই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) প্রেসিডেন্ট জিন লিকুন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবস্থানস্থলের সভাকক্ষে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধানমন্ত্রী চীনের বেইজিংয়ের সাংগ্রি-লা সার্কেলে চীনের ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের সুযোগ-সুবিধা বিষয়ক বিশ্ব সম্মেলনে যোগ দেবেন।

বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী ও কনসাল্টেটিভ পার্টির প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী পরে তিয়েনানমেন স্কয়ারে পিপলস হিরোদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন।

সন্ধ্যায় তিনি বেইজিংয়ে বাংলাদেশ হাউসে প্রধানমন্ত্রীর সম্মানে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। ১০ জুলাই বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের স্টেট কাউন্সিলের প্রিমিয়ার লি কিয়াংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক গ্রেট হল অব দ্য পিপলে অনুষ্ঠিত হবে।

এ সময় তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারকসহ (এমওইউ) বেশ কিছু নথিতে সই করা হবে। পরে তিনি একই স্থানে চীনের স্টেট কাউন্সিলের প্রধানমন্ত্রী আয়োজিত মধ্যাহ্ন ভোজসভায় যোগ দিবেন। একই দিন বিকেলে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন।

চীন সফর শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (বিজি১৭০৪) বেইজিং সময় আগামী ১১ জুলাই বেলা ১১টায় দেশের উদ্দেশে রওনা হবেন।

ফ্লাইটটি একই দিন বাংলাদেশ সময় দুপুর ২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।


নির্বাচিত

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ

জলবায়ু মোকাবিলা ও স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় তুরস্কের
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির বিস্তার এবং টেকসই পণ্য উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথ অংশীদারত্ব জোরদারে গভীর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে প্রতিকূল আবহাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক জনপদের নারীদের যে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, তা নিরসনে অভিজ্ঞতা বিনিময় এবং সুনির্দিষ্ট সহযোগিতার উদ্দেশ্যে ঢাকায় একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর ইচ্ছা ব্যক্ত করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে দেশটির ফার্স্ট লেডি ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন এমিনে এরদোয়ানের মধ্যকার এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৈঠকে জলবায়ু পরিবর্তনের বহুমুখী সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগ এবং নারী ও শিশুদের ওপর পরিবেশ বিপর্যয়ের প্রভাবের বিষয়টি বিশদভাবে আলোচিত হয়। দুর্যোগের সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের দৃঢ় সহনশীলতার ভূয়সী প্রশংসা করেন তুর্কি ফার্স্ট লেডি। তিনি বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরশক্তি সম্প্রসারণ এবং ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত সামগ্রীর বৈশ্বিক প্রসারে তুরস্কের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় ডা. জুবাইদা রহমান জলবায়ু পরিবর্তনের শিকার নারীদের সামাজিক ও শারীরিক সমস্যার বাস্তবতা তুলে ধরার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সরকারের গৃহীত দেশব্যাপী বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে তুরস্কের ফার্স্ট লেডিকে বিস্তারিত অবহিত করেন।

আলোচনায় রোহিঙ্গা সংকট নিরসনের প্রসঙ্গটিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। ২০১৭ সালে সংকটের শুরুর দিকে এমিনে এরদোয়ানের কক্সবাজার শরণার্থী শিবির পরিদর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তুরস্ক দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। বৈঠকে উভয় পক্ষ একমত পোষণ করে যে, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র স্থায়ী সমাধান। তবে প্রত্যাবাসন চূড়ান্ত হওয়ার আগপর্যন্ত আশ্রিত এই জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা ও মানবিক সুরক্ষা নিশ্চিত করতে তুরস্কের সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।

উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে তুরস্কের নিজস্ব প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন এমিনে এরদোয়ান, যারা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকের সমাপ্তিতে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন এমিনে এরদোয়ান এবং সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয়:

নির্বাচিত

মোটরসাইকেলের ম্যানুয়াল নম্বরপ্লেট নিয়ে নতুন নির্দেশনা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মোটরসাইকেলের সম্মুখভাগে সনাতন বা ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। পূর্বে এ সংক্রান্ত নিয়ম কার্যকরে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর প্রাতিষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের পেছনের অংশের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শন করা বাধ্যতামূলক। এই আইনি বিধান বাস্তবায়নে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে মোটরসাইকেল মালিকদের নিজস্ব অর্থায়নে ও ব্যবস্থাপনায় দ্রুত নম্বরপ্লেট স্থাপনের তাগিদ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে দ্বিচক্রযানের ধরনভেদে নম্বরপ্লেটের সুনির্দিষ্ট আকার ও পরিমাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে। স্কুটার জাতীয় মোটরসাইকেলের জন্য ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে, যার মধ্যে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে ন্যূনতম ২০ মিলিমিটার। অন্যদিকে স্কুটার ব্যতীত প্রচলিত অন্যান্য সব মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্দিষ্ট করা হয়েছে এবং এ ক্ষেত্রেও অক্ষরের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার বজায় রাখতে হবে।

প্লেট তৈরির উপাদান ও ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে কর্তৃপক্ষ। নির্দেশনানুযায়ী, ম্যানুয়াল নম্বরপ্লেটটি আবশ্যিকভাবে অ্যালুমিনিয়াম অথবা স্টেইনলেস স্টিল দিয়ে প্রস্তুত করতে হবে এবং এর সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা বর্ণমালায় নিবন্ধন নম্বর লিখতে হবে। প্লেটের ওপর কোনো প্রকার অতিরিক্ত নকশা, অলংকরণ বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরটি একটিমাত্র আনুভূমিক লাইনে স্পষ্টভাবে প্রদর্শন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।

বিষয়:

নির্বাচিত

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আহবান জানিয়েছেন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন শুরুর প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা মানবিক সংকটের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তুরস্কের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মাঠপর্যায়ে মানবিক সহায়তা দেওয়ায় তুরস্ককে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে জাতিসংঘ এবং ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) তুরস্কের অব্যাহত সমর্থন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ লক্ষ্যে আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং তাদের প্রত্যাবাসনের পক্ষে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

উপ-প্রেস সচিব জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, রোহিঙ্গা প্রত্যাবাসন, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে সহযোগিতা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ ছাড়া নবায়নযোগ্য জ্বালানি খাতে দুই দেশের মধ্যে অংশীদারত্ব ও বিনিয়োগের সম্ভাবনার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়।

উপ প্রেস সচিব জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাইডলাইনে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের কথা স্মরণ করেন। তিনি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী সফলভাবে কপ-৩১ সম্মেলন আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর ও বহুমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে তুরস্কের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি যৌথ বিনিয়োগের ওপর জোর দেন।

এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ আলোচনা ও যোগাযোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জ্বালানি ও খনিজ সম্পদ খাতে অংশীদারত্ব

বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং খনিজ সম্পদ খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়।প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশে তুরস্কের বিনিয়োগের উল্লেখযোগ্য সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

তিনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা ও অংশীদারত্বের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। সূত্র: বাসস


নির্বাচিত

জলবায়ু সংকটের দায় সামান্য, ঋণের বোঝায় মাশুল দিচ্ছে বাংলাদেশ

* কার্বন নিঃসরণে অবদান মাত্র ০.২৪ শতাংশ, অথচ জলবায়ু অর্থায়নের ৯২ শতাংশই ঋণ * পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর ও অভিযোজনেও বাড়ছে আর্থিক চাপ * কপ৩১ সম্মেলনে অনুদান, ঋণ মওকুফ ও জলবায়ু ন্যায়বিচারের দাবি বাংলাদেশের
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের জন্য দায় বিশ্বের অন্যতম কম দেশগুলোর একটি বাংলাদেশ। অথচ এর ভয়াবহ প্রভাব মোকাবিলা, দুর্যোগের ক্ষয়ক্ষতি সামাল দেওয়া এবং পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের জন্য দেশটিকে ক্রমেই বাড়তি ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। জলবায়ু অর্থায়নের নামে পাওয়া অর্থের বড় অংশই আসছে ঋণ হিসেবে। ফলে বৈশ্বিক জলবায়ু সংকটের দায় সামান্য হলেও এর আর্থিক মাশুল দিতে হচ্ছে বাংলাদেশকে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু সহায়তার নামে ঋণের বোঝা চাপিয়ে দেওয়া জলবায়ু ন্যায়বিচারের পরিপন্থি।

ঢাকাভিত্তিক গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের (সিআই) সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি খাতে পাওয়া জলবায়ু অর্থায়নের ৯২ শতাংশই ছিল ঋণ। এ সময়ে মোট ২ দশমিক ৫৪ বিলিয়ন ডলারের অর্থায়নের মধ্যে ২ দশমিক ৩৪ বিলিয়ন ডলার এসেছে ঋণ হিসেবে। অনুদান পাওয়া গেছে মাত্র ২০৩ মিলিয়ন ডলার, যা মোট অর্থায়নের প্রায় ৮ শতাংশ।

চেঞ্জ ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এম জাকির হোসেন খান বলেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নয়, এমন দেশগুলোকে এই সংকট মোকাবিলায় ঋণ নিতে বাধ্য করা হচ্ছে। এটা কোনো সহায়তা নয়, বরং চুক্তির শর্তে লেখা আরেকটি আঘাত।’

নবায়নযোগ্য জ্বালানিতে বড় ঘাটতি: বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের মাত্র ১ দশমিক ৫ শতাংশ আসে নবায়নযোগ্য জ্বালানি থেকে। অথচ সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট জ্বালানির ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদনের লক্ষ্য রয়েছে।

এই লক্ষ্য অর্জনে প্রয়োজন বিপুল বিনিয়োগ। জাতিসংঘে জমা দেওয়া বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) পরিকল্পনার তৃতীয় প্রশমন অংশ বাস্তবায়নে প্রয়োজন হবে ১১৬ দশমিক ১৮ বিলিয়ন ডলার। এর মধ্যে ৯০ দশমিক ২৩ বিলিয়ন ডলারের অর্থায়ন নির্ভর করছে আন্তর্জাতিক সহায়তার ওপর।

অন্যদিকে, বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনায় (২০২৩-২০৫০) জলবায়ু ঝুঁকিতে থাকা ১১টি অঞ্চলের জন্য ১১৩টি বড় উদ্যোগ চিহ্নিত করা হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে ২৩০ বিলিয়ন ডলারের বেশি প্রয়োজন হবে বলে ধারণা করা হয়েছে। এর প্রায় তিন-চতুর্থাংশ অর্থ ব্যয় করতে হবে ২০৪০ সালের মধ্যে।

পরিকল্পনার আওতায় রয়েছে উপকূলীয় পোল্ডারগুলোর সমন্বিত ব্যবস্থাপনা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও চরম আবহাওয়ার ঝুঁকি থেকে মানুষকে রক্ষায় সমুদ্রবাঁধ ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ।

জাকির হোসেন খান বলেন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের অর্থ জোগাতে বাংলাদেশকে মূলত ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। অনুদান কিংবা ঝুঁকি ভাগাভাগি করে বিনিয়োগের সুযোগ তুলনামূলকভাবে কম। ফলে জ্বালানি খাত ঋণের বোঝার অন্যতম প্রধান ক্ষেত্রে পরিণত হচ্ছে।

তিনি বলেন, ‘জ্বালানি খাতে প্রতি এক ডলার অনুদানের বিপরীতে বাংলাদেশ প্রায় নয় ডলার ঋণ পেয়েছে। অথচ জীবাশ্ম জ্বালানি আমদানির ওপর নির্ভরতা এখনো রয়ে গেছে।’

গবেষণার তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ৩৮ দশমিক ৬ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড নিঃসৃত হয়েছে। এর মধ্যে বাংলাদেশের অবদান ছিল মাত্র ১০ কোটি ৮০ লাখ টন, যা বিশ্বের মোট বার্ষিক নিঃসরণের প্রায় শূন্য দশমিক ২৪ শতাংশ। অন্যদিকে, জীবাশ্ম জ্বালানি ব্যবহার ও শিল্পকারখানা থেকে ঐতিহাসিকভাবে মোট কার্বন ডাই-অক্সাইড নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র শূন্য দশমিক ১১ শতাংশ বলে ধারণা করা হয়।

নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি মোয়াজ্জেম হোসেনও মনে করেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের অনুদানভিত্তিক সহায়তা পাওয়ার অধিকার রয়েছে।

তিনি বলেন, ‘তবে অনুদান পাওয়া না গেলে এ ধরনের প্রকল্পে যৌথ বিনিয়োগ ভালো বিকল্প হতে পারে। এতে দেশের ঋণের বোঝা বাড়বে না।’

তার মতে, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহজ শর্তে ঋণ নেওয়াও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা অব্যাহত রাখার চেয়ে ভালো।

গবেষণায় আরও বলা হয়েছে, বাংলাদেশ প্রতি বছর যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ করে, তার প্রতি টনের বিপরীতে এখন ২৯ দশমিক ৫২ ডলার ঋণ নিচ্ছে। স্বল্পোন্নত দেশগুলোর গড় ঋণের পরিমাণ ৩০ দশমিক ৪৯ ডলারের তুলনায় বাংলাদেশের এই পরিমাণ কিছুটা কম।

কপ৩১ সম্মেলনকে সামনে রেখে জলবায়ু অর্থায়নে উন্নয়নশীল দেশগুলোর অবস্থান জোরালো করার আহ্বান জানিয়েছেন জাকির হোসেন খান। তার প্রস্তাবিত দাবিগুলোর মধ্যে রয়েছে নিঃশর্ত অনুদান, জলবায়ু-সম্পর্কিত ঋণ মওকুফ, অর্থায়নের স্বচ্ছ হিসাব এবং এমন পদ্ধতিতে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ নিশ্চিত করা, যাতে দেশের সরকারি ঋণ না বাড়ে।

তিনি বলেন, ‘দেশের আয়ভিত্তিক শ্রেণিবিন্যাস নয়, জলবায়ুঝুঁকির মাত্রা বিবেচনা করে সহায়তা দেওয়া উচিত। জলবায়ু অর্থায়ন কোনো দয়া বা দাক্ষিণ্য নয়, এটি একটি বাধ্যবাধকতা।’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুও কপ৩১ সম্মেলনে বাংলাদেশের পক্ষে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন এবং জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তার দাবি তোলার কথা জানিয়েছেন।

তুরস্কের আনতালিয়ার উদ্দেশে দেশ ছাড়ার আগে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্মেলনে পর্যাপ্ত অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেবে বাংলাদেশ।


নির্বাচিত

২২ গাড়িতে আগুন, ২৮ স্থানে ককটেল বিস্ফোরণ

* চার জেলায় বাড়তি পুলিশ মোতায়েন * গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, ছয় প্লাটুন বিজিবি মোতায়েন * ৬৪ জেলার এসপিদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে দেশজুড়ে সহিংসতা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। গত সোমবার (৯ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত ২২টি যানবাহনে আগুন এবং ২৮টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় ফরিদপুরে বাসচালকের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন, বিভিন্ন স্থানে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

১১ জেলায় যানবাহনে আগুন: পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে চারটি এবং চট্টগ্রাম মহানগরে তিনটি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জ, নওগাঁ, গাজীপুর, পটুয়াখালী, ময়মনসিংহ, গাইবান্ধা, সাতক্ষীরা, বগুড়া, মানিকগঞ্জ, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ ও ফরিদপুরে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ২২টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডিএমপি সূত্র জানায়, সোমবার রাতে রাজধানীর ফার্মগেট ও পল্লবী এলাকায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়া হয়। গভীর রাতে পুরান ঢাকার সদরঘাট সড়কে দুটি মিনিট্রাকেও আগুন দেওয়া হয়।

দেশের অন্যান্য স্থানের মধ্যে ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিলে ভেতরে ঘুমিয়ে থাকা চালক কালাচাঁন শেখ (৩৪) মারা যান। গাজীপুরের হোতাপাড়ায় শ্রমিকবাহী বাস ও কাভার্ডভ্যানে, নওগাঁয় দুটি বাস, মানিকগঞ্জে একটি মিনিবাস এবং বাগেরহাটে চলন্ত কলাবোঝাই পিকআপে আগুন দেওয়া হয়। খাগড়াছড়ির গুইমারায় একটি ব্যক্তিগত জিপেও অগ্নিসংযোগ করা হয়। নেত্রকোনার মোহনগঞ্জ রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন দিলে চারটি আসনের কভার পুড়ে যায়।

ঢাকায় ১৯ স্থানে ককটেল বিস্ফোরণ: ডিএমপি সূত্র জানায়, সোমবার বিকেল থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীর ১৯টি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এসব ঘটনায় অন্তত ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার বাইরে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, শরীয়তপুর, কক্সবাজার ও রংপুরেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। অন্যদিকে সাভারের অধরচন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান ফটকের সামনে একটি পরিত্যক্ত ব্যাগে তিনটি ককটেল পাওয়া যায়। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করে।

গোপালগঞ্জে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন: ধর্মঘট ঘিরে সবচেয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় গোপালগঞ্জে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে শহরের বাসস্ট্যান্ড, বিসিক ব্রিজ, লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় পুলিশের একটি গাড়িসহ একাধিক যানবাহনে আগুন দেওয়া হয়। সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি দোকান ভাঙচুর করা হয়। কাশিয়ানী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা। টুঙ্গিপাড়ার পাটগাতী এলাকায় যুবদলের কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার ও কাঠ জ্বালিয়ে অবরোধ করায় শতাধিক যানবাহন আটকা পড়ে।

এ পরিস্থিতিতে গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে অবরোধ: রাজশাহীর তানোরের আজিজপুর বাজারে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয় এবং খুলনার বটিয়াঘাটার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। খাগড়াছড়ির গুইমারায়ও বিএনপির একটি ওয়ার্ড কার্যালয় পুড়ে গেছে। এসব ঘটনায় বিএনপির পক্ষ থেকে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ করা হলেও পুলিশ তদন্তের কথা জানিয়েছে।

রাজশাহীতে যুবদল নেতা মোহাম্মদ সাঈদুল ইসলামের চেম্বারের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর একটি বিস্ফোরিত হয়েছে, অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া মৌলভীবাজারের রাজনগরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও গাছ ফেলে যান চলাচলে বাধা দেওয়া হয়। ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ ও ককটেল বিস্ফোরণ ঘটে। চট্টগ্রামের আনোয়ারা, পাবনার বেড়া এবং বরগুনার বিভিন্ন এলাকাতেও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে তালা: বরগুনা, কক্সবাজার, নেত্রকোনা, রাঙামাটি, পাবনা, ঠাকুরগাঁওসহ বিভিন্ন জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তালা লাগানোর ঘটনা ঘটেছে। কক্সবাজারের চকরিয়ায় ইউএনও কার্যালয়সহ ছয়টি স্থানে তালা লাগিয়ে ব্যানার টাঙানো হয়। নেত্রকোনায় অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার পাশাপাশি চল্লিশা এলাকায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলার ঘটনা ঘটে।

বরগুনায় সরকারি জিলা স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাঙামাটিতে জেলা জজ আদালত ও সরকারি কার্যালয়ের ফটকে তালা দেওয়া হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটেও তালা লাগানো হয়েছিল। পরে পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তায় বিভিন্ন স্থানের তালা খুলে প্রতিষ্ঠানগুলো সচল করা হয়।

গ্রেপ্তার অভিযান ও আইজিপির নির্দেশনা: নাশকতার ঘটনায় বিভিন্ন জেলায় গ্রেপ্তার অভিযান চালিয়েছে পুলিশ।

কুমিল্লায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজারে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় ছয়জন, নেত্রকোনায় রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলা ও নাশকতার ঘটনায় তিনজন এবং রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতেও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা দেওয়ার অভিযোগে একজনকে আটক করা হয়।

এদিকে দেশের চলমান নাশকতা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে অনলাইনে বৈঠক করেন আইজিপি আলী হোসেন ফকির। বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার ও রেঞ্জের ডিআইজিরাও অংশ নেন। নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার, টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেন তিনি। বিশেষ করে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বাড়তি সতর্কতা অবলম্বন এবং অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে আইজিপি প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের ওপর গুরুত্ব দেন। নিরীহ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সুপারদের সতর্ক করেন। সংশ্লিষ্ট জেলা পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, আইজিপি তাঁদের ‘কোয়ালিটি অ্যারেস্ট’ বা প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সহকারী মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগসহ নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে অপরাধীদের পরিকল্পিত তৎপরতা রয়েছে। এসব ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, ঝুঁকিপূর্ণ এলাকায় টহল ও চেকপোস্ট জোরদার, সিসিটিভি ও সাইবার মনিটরিং এবং গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু ঘটনার পর ব্যবস্থা নয়, নাশকতার আগেই তথ্য সংগ্রহ, ঝুঁকি নিরূপণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জননিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে পুলিশি টহল ও নজরদারি অব্যাহত থাকবে।


নির্বাচিত

সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা

ফাইল ছবি
আপডেটেড ১১ নভেম্বর, ২০২৬ ০১:১১
নিজস্ব প্রতিবেদক 

দেশের সরকারি দপ্তরগুলোতে কর্মকর্তা-কর্মচারীর ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে। এসব শূন্যপদ পূরণে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে সরকার। দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানানো হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের এক লিখিত প্রশ্নের জবাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে মো. আব্দুল বারী এ তথ্য তুলে ধরেন।

সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চান, দেশের মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি দপ্তরগুলোতে বর্তমানে কতটি পদ শূন্য রয়েছে এবং এসব পদ পূরণে সরকারের সময়ভিত্তিক পরিকল্পনা কী।

জবাবে জানানো হয়, ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবলসংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিসটিকস অব পাবলিক সার্ভেন্টস ২০২৫’ অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরে মোট ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।

এ বিপুলসংখ্যক শূন্যপদ পূরণে সরকার ইতোমধ্যে ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জবাবে আরও বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের নিয়োগ কার্যক্রমের সর্বশেষ অবস্থা এবং শূন্যপদের বিপরীতে নিয়োগসংক্রান্ত তথ্য চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।

পাশাপাশি দ্রুততম সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং শূন্যপদ পূরণে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিভিন্ন সরকারি দপ্তরের দীর্ঘদিনের জনবলসংকট কমার পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


নির্বাচিত

সরকারি ব্যয়ে সংকোচনে গাড়ি কেনা ও ভবন নির্মাণ বন্ধের নির্দেশ, পরিপত্র জারি

গ্রাফিক্স ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারি ব্যয়ে লাগাম টানতে কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। ব্যয় সংকোচনের নীতি অনুসরণের অংশ হিসেবে নতুন সব ধরনের গাড়ি কেনা, সরকারি অর্থে বিদেশে প্রশিক্ষণ বা সেমিনারে অংশ নেওয়া এবং নতুন ভবন নির্মাণ সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পের সংখ্যা কাটছাঁট করে কেবল অগ্রাধিকারপ্রাপ্ত ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে অর্থায়ন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে সোমবার (৯ নভেম্বর) একটি পরিপত্র জারির মাধ্যমে সংশোধিত বাজেট প্রণয়নের এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে মূল বাজেটের ব্যয়ের সীমা ছাড়িয়ে অতিরিক্ত প্রস্তাব না দেওয়ার আদেশ এবং আগামী ২৬ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় পুনর্বিন্যাসসহ সংশোধিত প্রস্তাব জমা দিতে সব মন্ত্রণালয়কে বলা হয়েছে।

পরিপত্র অনুযায়ী চলতি অর্থবছরে বরাদ্দ করা অর্থ ব্যবহার করে সব ধরনের যানবাহন কেনা বন্ধ থাকবে। তবে ১০ বছরের পুরোনো সরকারি তালিকাভুক্ত গাড়ি প্রতিস্থাপন এবং নতুন সৃষ্ট সরকারি প্রতিষ্ঠানের কাজের স্বার্থে বাহন ক্রয়ের ক্ষেত্রে অর্থ বিভাগের পূর্বানুমতি সাপেক্ষে বৈদ্যুতিক গাড়ি কেনা যাবে। এই বাধ্যবাধকতা কেবল অ্যাম্বুলেন্স ও নিরাপত্তার কাজে ব্যবহৃত গাড়ির জন্য শিথিল করা হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য গাড়ি কেনার সুদমুক্ত ঋণ বরাদ্দ এবং পরিচালন বাজেটের অধীনে ভূমি অধিগ্রহণের বরাদ্দ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি মন্ত্রণালয়ের প্রাসঙ্গিক স্থাপনা ব্যতিরেকে সব ধরনের নতুন আবাসিক কিংবা অনাবাসিক ভবন নির্মাণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে যেসব ভবনের নির্মাণকাজ ইতোমধ্যে ৭০ শতাংশ বা তার বেশি শেষ হয়েছে, অর্থ বিভাগের অনুমোদন নিয়ে সেগুলোর কাজ সম্পন্ন করা যাবে। বিদেশে প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলনে সরকারি খরচে অংশ নেওয়ার বরাদ্দ স্থগিত থাকলেও জরুরি ক্ষেত্রে সীমিত পরিসরে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ভ্রমণের ব্যবস্থা রাখা হয়েছে। তবে সরকারি অনুষ্ঠানের আড়ম্বর কমিয়ে আনাসহ আপ্যায়ন ও সেমিনারে কৃচ্ছ্রসাধনের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিপত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কৌশলগত লক্ষ্য ও নির্বাচনী ইশতেহারের ওপর ভিত্তি করে অগ্রাধিকার নির্ধারণের তাগিদ দেওয়া হয়েছে। বৈশ্বিক ঋণনির্ভর প্রকল্প, মানবসম্পদ, কৃষি, বিদ্যুৎ, জলবায়ু মোকাবিলা এবং চলতি অর্থবছরে সমাপ্তির তালিকায় থাকা প্রকল্পগুলোকে প্রাধান্য দিয়ে ধীরগতির প্রকল্পগুলোর বরাদ্দ ছেঁটে ফেলা হবে। বেতন-ভাতা নির্ধারণের ক্ষেত্রে ২০২৬ সালের নতুন জাতীয় বেতনকাঠামো এবং শেষ কয়েক মাসের প্রকৃত ব্যয়ের প্রবণতাকে বিবেচ্য ধরা হয়েছে, যাতে সরকারি সম্পদের অপচয় রোধ করে অগ্রাধিকারযুক্ত খাতে টাকার সংস্থান নিশ্চিত করা সম্ভব হয়।


নির্বাচিত

আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) শুরু হওয়ার আগের দিন দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।


নির্বাচিত

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী

ছবি: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকেই আগুন সন্ত্রাস, গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ বারবার তাদের রাজনৈতিক চরিত্রের পরিচয় দিচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, যারা আজ অগ্নিসংযোগ করছে, এটা নতুন কিছু নয়। তাদের রাজনীতিই ধ্বংসের রাজনীতি। জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে। তারা গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, শুধু দলটির রাজনৈতিক কার্যক্রম নয়, এর অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব ধরনের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

২০২৫ সালের ১২ মে প্রকাশিত বাংলাদেশ গেজেটে এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে। তথ্য প্রতিমন্ত্রী বলেন, গেজেট অনুযায়ী আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর প্রকাশনা, গণমাধ্যম বা অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ ও সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ। তাদের কার্যক্রম যেমন নিষিদ্ধ, তাদের কার্যক্রমের প্রচারণা করাও নিষিদ্ধ। এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি। সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে ইয়াসের খান চৌধুরী বলেন, রাতের অন্ধকারে দুই-চারজন এসে কোথাও স্লোগান দিয়ে চলে যেতে পারে, কোথাও গাড়ি বা বাসে আগুন দিয়ে পালিয়ে যেতে পারে। তবে এসব ঘটনার মধ্য দিয়ে বারবার প্রমাণিত হচ্ছে, আগুন সন্ত্রাস তারাই করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ বিভিন্ন বাহিনী সন্ত্রাসী সংগঠন ও এর সদস্যদের গ্রেপ্তারে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

আওয়ামী লীগের পলাতক শীর্ষ নেতৃত্বের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘এই আগুন সন্ত্রাসের মূল হোতা, যিনি পলাতক, তাকে বাংলাদেশে এনে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এই বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।’

গণমাধ্যম নিয়ন্ত্রণ প্রসংগে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, সংগঠনটির পক্ষ থেকে বেশ কিছু দাবি ও নীতিমালা পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলো কীভাবে টিকিয়ে রাখা যায় এবং সেগুলোকে আরও আধুনিক করা যায়, সে বিষয়েও বিভিন্ন ধারণা তুলে ধরেছেন তারা। ডিজিটাল প্ল্যাটফর্মের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বিজেসি লিখিতভাবে তাদের দাবিদাওয়া সরকারের কাছে জমা দেবে। সেগুলো পর্যালোচনা ও বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে। ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই।


নির্বাচিত

বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঠেকাতে আইজিপির কঠোর নির্দেশনা

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। ফাইল ছবি
আপডেটেড ১০ নভেম্বর, ২০২৬ ২২:৩০
নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঠেকাতে সারাদেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি জোরদারের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিয়েছেন আইজিপি। এ জন্য টহল, তল্লাশি ও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৈঠকে আইজিপি পেশাদারত্বের সঙ্গে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার তাগিদ দেন। তবে অভিযানের নামে কোনোভাবেই যেন নিরপরাধ সাধারণ মানুষ হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ কর্মকর্তাদের সতর্ক করেন তিনি।

এ ছাড়া গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত শনিবার থেকে সোমবার পর্যন্ত সারাদেশের ২৭টি স্থানে ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১১টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২৯ জনকে।


নির্বাচিত

বিকল্প পথে সৌদি যেতে গুনতে হচ্ছে দিগুন খরচ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবে ইয়েমেনের একাধিক বোমা হামলার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশটির বিমানবন্দর। প্রতিদিন হাজারো ফ্লাইট উঠানামা করলেও ইয়েমেনের ক্ষেপনাস্ত্র ছোঁড়ার কারণে দেশটির বিমানবন্দর বন্ধ ঘোষণা করে। শুধু তাই নয়, সৌদি আকাশও ব্যবহার করতে দিচ্ছে না ইয়েমেন। এমন অবস্থায় ক্ষতিগ্রস্থ হচ্ছে সেখানে চাকরি করা বাংলাদেশিরা।

চাকরি বাঁচাতে কেউ খুঁজছেন বিকল্প রুট, কেউ বাধ্য হচ্ছেন বাড়তি খরচের বোঝা নিতে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভিসার মেয়াদ শেষ হওয়া এবং কর্মস্থলে ফিরতে দেরি হওয়ায় চাকরি হারানোর শঙ্কা। তবে পরিস্থিতির শিকার হয়ে দেশে আটকে পড়া প্রবাসীকর্মীর সুনির্দিষ্ট পরিসংখ্যান নেই প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কিংবা জনশক্তি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রার কাছে। ফলে কতজন কর্মী এই সংকটে পড়েছেন, তাদের আর্থিক ক্ষতির পরিমাণ কত এবং কবে নাগাদ তাঁরা কর্মস্থলে ফিরতে পারবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

গত ১০ অক্টোবর সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পর ১১ অক্টোবর থেকে বাংলাদেশ-সৌদি সরাসরি ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১০৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত যাত্রীদের ৬০ থেকে ৭০ শতাংশই প্রবাসীকর্মী। সেই হিসাবে প্রায় ১০ হাজার কর্মী ভোগান্তিতে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা মো. মাসুম বিল্লাহ গত ২ সেপ্টেম্বর ছুটিতে দেশে এসেছিলেন। আগামী ১ নভেম্বর তাঁর ভিসার মেয়াদ শেষ হবে। ১৬ অক্টোবর রিয়াদ যাওয়ার টিকিট কাটলেও পরে সেটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত তাকে জেদ্দাগামী ফ্লাইটের টিকিট নিতে হয়েছে। সেখান থেকে রিয়াদ যেতে অতিরিক্ত তিন থেকে চার হাজার টাকা খরচ হবে বলে জানান তিনি। আরেক ভুক্তভোগি টাঙ্গাইলের মো. আলমগীরের রিয়াদগামী ফ্লাইট বাতিল হওয়ায় তাকে মদিনার টিকিট দেওয়া হয়েছে। সেখান থেকে সড়কপথে দাম্মামে কর্মস্থলে যেতে হবে তাকে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার মো. আলামিন বাড়তি খরচের আশঙ্কায় আপাতত সৌদি আরবে ফেরার সিদ্ধান্ত স্থগিত রেখেছেন।

বায়রার সাবেক যুগ্ম মহাসচিব টিপু সুলতানের মতে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় দুই হাজার কর্মী যাতায়াত করেন। কয়েক দিন ধরে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় আটকে পড়া কর্মীর সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

বায়রার সদস্য শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে তথ্য সংগ্রহে মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া প্রয়োজন ছিল। ছুটিতে দেশে আসা কর্মীদের নিবন্ধন ও কেন্দ্রীয় তথ্যভান্ডার থাকলে এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের হিসাব পাওয়া সহজ হতো।

তবে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আটকে পড়া কর্মীদের তালিকা তৈরিতে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে কোনো চিঠি দেওয়া হয়নি। অন্যদিকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনির্দিষ্ট তথ্য না থাকায় মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, নিরাপত্তার উদ্বেগে সৌদি আরবে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া চুয়াডাঙ্গার রুবেল রানা টিকিটের প্রায় ৭৭ হাজার ৯৯৫ টাকা ফেরত পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন। সব মিলিয়ে ফ্লাইট সংকটে প্রবাসীকর্মীদের কর্মস্থলে ফেরা, অতিরিক্ত ব্যয় এবং টিকিটের অর্থ ফেরত পাওয়া নিয়ে বাড়ছে ভোগান্তি।


নির্বাচিত

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারির তাগিদ প্রতিমন্ত্রী টুকুর

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলার আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের সমাজব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আগে কিশোর গ্যাং বলতে কিছু ছিল না। কিন্তু বিগত ১৭ বছরে কিশোরদের অপরাধের সঙ্গে সম্পৃক্ত করা হয়েছে। এই অপরাধপ্রবণতা রোধ করতে হবে, যাতে তা আর বাড়তে না পারে।

শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করতে হবে। শিক্ষা কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শন করলে এবং প্রধান শিক্ষক ও অধ্যক্ষরা শিক্ষার্থীদের কার্যক্রম মনিটরিং করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। এ বিষয়ে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

কৃষি কর্মকর্তা-সহ সকল সরকারি কর্মকর্তাকে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ কাজের জন্য জবাবদিহি করতে হবে এবং নৈতিক দায়িত্ব পালন করতে হবে। পরবর্তী সভায় প্রত্যেক সেক্টরের কাজের অগ্রগতি ও জবাবদিহি করা হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও সরকারের কার্যক্রমের কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী অত্যন্ত উদার মানসিকতার পরিচয় দিচ্ছেন। উদারতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার দিক থেকে আমাদের কোনো কমতি নেই। বিগত সরকার সব ক্ষেত্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। সেখান থেকে রাষ্ট্রকে ঘুরে দাঁড় করাতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিকতা প্রয়োজন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন, সবাই নিয়মের মধ্যে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করুক। সবাই সহযোগিতা করলে জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করা সম্ভব হবে।

ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানা, শাম্মী আক্তার ও সানজিদা ইসলাম তুলি, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) জেলা ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।


নির্বাচিত

বাপেক্সকে শক্তিশালী করতে সরকারের বহুমুখী উদ্যোগ

* নতুন পর্ষদের অধীনে  গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১০ নভেম্বর, ২০২৬ ১৯:৩৩
​নিজস্ব প্রতিবেদক

দেশের অবিরত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে রাষ্ট্রীয় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি 'বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানী লিমিটেড' (বাপেক্স)-কে আরও শক্তিশালী ও সক্ষম করতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বাপেক্স পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

​পুনর্গঠিত পর্ষদে অন্যান্য সদস্য হিসেবে যুক্ত রয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) ড. মোঃ আকনুর রহমান, পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব এস এম মাহবুব আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী, পেট্রোবাংলার প্রাক্তন পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) মোঃ কামরুজ্জামান এবং বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হক।

​নতুন পর্ষদ দায়িত্ব নেওয়ার পর চেয়ারম্যানের গতিশীল নেতৃত্বে এ পর্যন্ত ৫টি সফল বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ আগস্ট, ২০২৬ থেকে ২৬ অক্টোবর, ২০২৬-এর মধ্যে অনুষ্ঠিত এসব সভায় প্রতিষ্ঠানটির উন্নয়ন ও কার্যক্ষমতা বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিগত ও কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে:

​প্রকল্প অনুমোদন: ১টি প্রকল্পের সংশোধিত ডিপিপি (DPP) এবং ১টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়েছে।

​সাইসমিক সার্ভে: ভূগর্ভস্থ জ্বালানি অনুসন্ধানের পরিধি প্রসারে ৪১০ লাইন কিলোমিটার ২ডি (2D) এবং ২১১০ বর্গ কিলোমিটার ৩ডি (3D) সাইসমিক সার্ভে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

​কূপ খনন ও ওয়ার্কওভার: দেশে তেল-গ্যাস উৎপাদন ত্বরান্বিত করতে দ্রুততম সময়ের মধ্যে ১৪টি কূপ খনন ও ওয়ার্কওভার (Workover) কার্যক্রম পরিচালনায় কর্মপরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে।

​আগামী ২৫ নভেম্বর, ২০২৬ তারিখে বাপেক্সের বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নবগঠিত পর্ষদের এসব দূরদর্শী ও কার্যকর পদক্ষেপের ফলে দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে বাপেক্স আরও অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।


নির্বাচিত

banner close