নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ছুটি না নিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে মাধ্যমিকের ৩৬ জন শিক্ষক-কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গৃহীত এ সিদ্ধান্তের কথা আজ শুক্রবার গণমাধ্যমকে জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ ও এপ্রিল মাসে মাধ্যমিক স্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা পূর্ব ঘোষণা ছাড়াই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্রতিষ্ঠানে এই ৩৬ জন শিক্ষককে অনুপস্থিত পাওয়া যায়।
অফিস আদেশে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তারা ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে পূর্ব ঘোষণা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শনের প্রতিবেদন (মার্চ, ২০২৪ মাসের) মাউশি অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইং থেকে মাধ্যমিক উইংয়ে পাঠানো হয়। অভিযুক্ত শিক্ষক-কর্মচারীদের পাঁচ কর্মদিবসের মধ্যে নিজ নিজ জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে, স্কুলে অনুপস্থিত থাকার স্পষ্ট কারণ উল্লেখ করতে হবে। অভিযুক্তদের তালিকা ওই অফিস আদেশে প্রকাশ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং তা পর্যালোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সরকার ভাবছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বাণিজ্য চুক্তিতে ৬০ দিনের নোটিশের মাধ্যমে তা বাতিলের সুযোগ থাকলেও সরকার আপাতত সেই পথে যাচ্ছে না। বরং আলোচনার মাধ্যমে চুক্তির বিভিন্ন শর্ত পুনর্বিবেচনা ও সংশোধনের সুযোগ কাজে লাগানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম ও বিশেষজ্ঞ মহলে চুক্তির সম্ভাব্য ঝুঁকি এবং সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হচ্ছে, যা সরকার পর্যবেক্ষণ করছে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, চুক্তি বাতিলের সিদ্ধান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক শুল্কসংক্রান্ত বিষয়ে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ কারণে সরকার চুক্তির প্রভাব, স্বাক্ষরের প্রেক্ষাপট এবং রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় রেখে ধাপে ধাপে মূল্যায়ন করবে।
তিনি আরও জানান, কিছু ক্ষেত্রে চুক্তির নির্দিষ্ট শর্ত পরিবর্তনের সুযোগ রয়েছে। সরকার এমন কিছু ধারা শনাক্ত করতে চায়, যেগুলো দেশের স্বার্থের পরিপন্থি বা ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে। প্রয়োজনে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার পরিকল্পনাও রয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, সব ধরনের আন্তর্জাতিক চুক্তির প্রকৃতি এক নয়। কিছু চুক্তি আইনগতভাবে বাধ্যতামূলক হওয়ায় সেগুলো থেকে বেরিয়ে আসা কখনো কখনো বেশি ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে সমঝোতা স্মারক বা অনুরূপ কাঠামোর চুক্তি তুলনামূলক সহজে পুনর্বিবেচনা করা সম্ভব।
তিনি বলেন, জনগণের স্বার্থের পরিপন্থি হতে পারে এমন অতীতের সব চুক্তি বা সমঝোতা মূল্যায়নের আওতায় আনবে সরকার। তবে রাষ্ট্রীয় ও কূটনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, মাদক আমাদের যুব সমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তবে পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাকে কোন ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজিজ ব্যাজ, শিল্ড প্যারেড, অস্ত্র-মাদক উদ্ধারের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।
আইজিপি বলেন, দীর্ঘ ১৭ বছরে পুলিশকে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহার করায় বাহিনীটি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে পুলিশ আবারও জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বাহিনীতে শৃঙ্খলাও ধীরে ধীরে ফিরে আসছে।
এসময় সব পুরস্কারপ্রাপ্ত সদস্যকে অভিনন্দন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, পুলিশের সব সদস্যকে দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট আজ বুধবার থেকে বিক্রি করবে রেলওয়ে। প্রতিবারের মতো এবারও পুরো কার্যক্রম চলবে অনলাইনে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, টিকিট শুধু বাংলাদেশ রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনা-বেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলো।
একই সঙ্গে রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, বুধবার বিক্রি হবে ২৩ মের টিকিট। এরপর পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হবে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকেট। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মের টিকিট বিক্রি হবে বলে মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
এবারের ঈদে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে। ঈদযাত্রার ফিরতি বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন বিক্রি হবে ৩১ মের টিকিট। এরপর পর্যায়ক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি হবে ১, ২, ৩ ও ৪ জুনের টিকিট।
আওয়ামী লীগ সরকারের শাসনামলে ‘পেটোয়া বাহিনী’ হিসেবে ব্যবহৃত হওয়া পুলিশ নিজস্ব ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মঙ্গলবার (১২ মে) পুলিশ সপ্তাহের তৃতীয় দিনে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আইজিপি বিশ্বাস করেন, গত ১৭ বছরের রাজনৈতিক ব্যবহার এবং এর ফলে সৃষ্ট জনবিচ্ছিন্নতা কাটিয়ে পুলিশ এখন একটি সুশৃঙ্খল বাহিনী হিসেবে পুনর্গঠিত হচ্ছে। আইজি’জ ব্যাজ প্রদান, শিল্ড প্যারেড এবং অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি পুলিশের বর্তমান সংস্কার ও ভবিষ্যৎ লক্ষ্যের কথা তুলে ধরেন।
আইজিপি তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, দীর্ঘ ১৭ বছর পুলিশ বাহিনীকে একটি বিশেষ রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার কারণে সাধারণ মানুষের সঙ্গে বাহিনীর দূরত্ব তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে সেই নেতিবাচক ইমেজ বা ভাবমূর্তি পুনরুদ্ধারে পুলিশ সফল হয়েছে এবং বাহিনীতে পেশাদার শৃঙ্খলা ফিরে আসছে। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী এবং এর প্রতিটি সদস্য দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চব্বিশের গণ-অভ্যুত্থানে হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পুলিশ এখন অতীতের ভুল শুধরে জনগণের আস্থার প্রতীকে পরিণত হওয়ার পথে রয়েছে।
মাদক নিয়ন্ত্রণকে দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছেন পুলিশ প্রধান। তিনি সাফ জানিয়ে দেন যে, মাদক সংক্রান্ত কোনো কর্মকাণ্ডের সঙ্গে যদি পুলিশ বাহিনীর কোনো সদস্যের সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আইজিপি বলেন, ইতোমধ্যে পুলিশের যেসব সদস্য মাদকের সঙ্গে জড়িত ছিল, তাদের আইনের আওতায় আনা হয়েছে। মাদকের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং এই শুদ্ধি অভিযান অব্যাহত থাকবে বলে তিনি তাঁর বক্তব্যে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
অনুষ্ঠানে গত বছরের মার্চ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ ৩৪১ জন পুলিশ সদস্যকে ‘আইজিপি ব্যাজ’ বা ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ পরিয়ে দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে আইজিপি আশা প্রকাশ করেন যে, এই সম্মাননা তাদের আগামী দিনে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে উৎসাহিত করবে। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করার পাশাপাশি সাম্প্রতিক অভ্যুত্থানে প্রাণ হারানো সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এই অর্জনগুলো পুলিশের পেশাদার ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে তিনি মনে করেন।
এছাড়া অনুষ্ঠানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্য অর্জনকারী ইউনিটগুলোকে পুরস্কৃত করা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে জেলা পর্যায়ে চট্টগ্রাম জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পর্যায়ে ডিবি (ডিএমপি) প্রথম স্থান অধিকার করে। অন্যদিকে মাদকদ্রব্য উদ্ধারে ময়মনসিংহ জেলা পুলিশ এবং মেট্রোপলিটন পর্যায়ে ওয়ারী বিভাগ (ডিএমপি) শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করে। শীল্ড প্যারেড প্রতিযোগিতায় যৌথ মেট্রোপলিটন দল প্রথম এবং এপিবিএন দল দ্বিতীয় স্থান অধিকার করে। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে পুলিশের কাজের মূল্যায়ন এবং আগামীর কর্মপন্থা নির্ধারণের এক শক্তিশালী বার্তা দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে। সাম্প্রতিক এমআরআই প্রতিবেদনে তার ঘাড় ও কোমরের হাড়ে বড় ধরনের সমস্যার তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১২ মে) পলকের আইনজীবী তরিকুল ইসলাম ট্রাইব্যুনালে এই প্রতিবেদনটি উপস্থাপন করেন। তিনি জানান, দুর্ঘটনার পর আদালতের আদেশে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পিজি হাসপাতালে পলকের এমআরআই সম্পন্ন করা হয় এবং সেই রিপোর্টেই এই জটিলা ধরা পড়েছে।
আইনজীবী তরিকুল ইসলাম এমআরআই প্রতিবেদনের বিস্তারিত উল্লেখ করে জানান, জুনাইদ আহমেদ পলকের কোমরের এল-২, এল-৩ ও এল-৪ অংশের হাড়ে সুনির্দিষ্ট সমস্যা শনাক্ত হয়েছে। এছাড়া তার ঘাড়ের সি-৫/৬ এবং সি-৬/৭ ডিস্কেও জটিলতা ধরা পড়েছে। প্রতিবেদনে দেখা গেছে, প্রিজনভ্যান দুর্ঘটনার প্রভাবে তার ঘাড় ও কোমরের হাড়ের স্বাভাবিক অবস্থান থেকে বিচ্যুতি ঘটেছে। এই ধরনের শারীরিক চোট সাধারণত দীর্ঘমেয়াদী ব্যথার সৃষ্টি করে এবং চলাফেরায় ব্যাপক সীমাবদ্ধতা তৈরি করে।
পলকের বর্তমান অবস্থা সম্পর্কে আইনজীবী আরও জানান যে, তিনি আগে থেকেই বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন, তবে এই দুর্ঘটনা পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে। গত শনিবার কারাগারে পলকের সঙ্গে দেখা করার অভিজ্ঞতার কথা তুলে ধরে আইনজীবী বলেন, তিনি বর্তমানে ঠিকমতো ঘাড় নাড়াতে পারছেন না। ঘাড় ও কোমরের মতো স্পর্শকাতর স্থানে গুরুতর চোট পাওয়ায় তার দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়েছে। কারাগারে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথাও ট্রাইব্যুনালকে জানানো হয়।
এমআরআই প্রতিবেদনে শারীরিক জটিলতার বিষয়টি স্পষ্টভাবে প্রমাণিত হলেও এখন পর্যন্ত পলককে প্রয়োজনীয় ও বিশেষায়িত চিকিৎসা প্রদান করা হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। তিনি বলেন, দ্রুত উন্নত চিকিৎসা শুরু না হলে তার এই শারীরিক সমস্যা আরও জটিল আকার ধারণ করতে পারে। এ অবস্থায় জুনাইদ আহমেদ পলকের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষে খুব শিগগিরই আদালতের কাছে আবেদন জানানো হবে বলে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। যথাযথ চিকিৎসার মাধ্যমে তার সুস্থতা ফিরিয়ে আনাই এখন মূল অগ্রাধিকার।
দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও বৈশ্বিক মানের করার লক্ষ্যে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনার কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘Transforming Higher Education in Bangladesh : Roadmap to Sustainable Excellence’ শীর্ষক জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর ভাষণে শিক্ষার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তনের অঙ্গীকার করে বলেন, “সরকার প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত পুরো শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও বাস্তবমুখী করে গড়ে তুলতে কাজ করছে।” উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর উৎকর্ষ সাধনে শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে তিনি মন্তব্য করেন, “শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর এলামনাইরা হলো তার মেরুদণ্ড।”
বিশ্ববিদ্যালয়গুলোর বৈশ্বিক অবস্থান নিয়ে আলোকপাত করতে গিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, “একবিংশ শতাব্দীতে শিক্ষা গবেষণা ও জ্ঞানে উৎকর্ষতা অর্জনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান এখনো প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি।” তিনি আরও বলেন, “র্যাংকিং ক্ষেত্রে সাধারণত গবেষণা প্রকাশনা এবং উদ্ভাবন এই বিষয়গুলোকে মনে হয় বেশি গুরুত্ব দেওয়া হয়। সেক্ষেত্রে আমাদের অবস্থান কোথায় এই বিষয়গুলো নিয়ে আমাদের শিক্ষাবিদদের আরও চিন্তাভাবনা করতে হবে।”
শুধুমাত্র গতানুগতিক পাঠদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনী কর্মকাণ্ডে মনোনিবেশ করার তাগিদ দিয়ে তিনি বলেন, “শুধু পুঁথিগত শিক্ষাই নয় বিশ্ববিদ্যালয় গবেষণা এবং উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে মনে হয় প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের টিকে থাকা কিছুটা হলেও কষ্টসাধ্য হবে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে সরকার অর্থ বরাদ্দ দেবে, এটিই স্বাভাবিক।” উন্নত বিশ্বের উদাহরণ টেনে তিনি জানান, “তবে, আমি যতটুকু জানি- ব্রিটেনসহ অনেক দেশই যারা বিশ্ববিদ্যালয় এলামনাইয়ের অনেকেই কিন্তু বিশ্ববিদ্যালয় কার্যক্রমকে এগিয়ে নিতে সাধারণত পৃষ্ঠপোষকতা করে থাকেন। এ জন্যই অনেকে বলে থাকেন শিক্ষার্থীরা হলো বিশ্ববিদ্যালয়ের প্রাণ আর এলামনাইরা হলো তার মেরুদণ্ড।”
সফল ও প্রতিষ্ঠিত প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বর্তমানে যারা দেশে-বিদেশে জ্ঞানে-বিজ্ঞানে অর্থবিত্তে প্রতিষ্ঠিত সেই সব এলামনাইদেরকে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণা উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য আমি উপস্থিত শিক্ষাবিদদের প্রতি বিনীত আহ্বান জানাই।” এদিন সকাল ১০টায় কর্মশালাটির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, যুক্তরাজ্য থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর এটিই প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয় সফর। কর্মশালায় পাঁচটি গুরুত্বপূর্ণ কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের সমাপনী পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামসহ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্যগণ উপস্থিত থাকবেন।
বাংলাদেশের উচ্চ শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন ও গুণগত মান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আয়োজিত এক বিশেষ কর্মশালা উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এই গুরুত্বপূর্ণ কর্মশালার সূচনা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই অনুষ্ঠানের আয়োজন করেছে।
সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী এই কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। অধ্যাপক মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। উল্লেখ্য, যুক্তরাজ্য থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর এটিই প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার ঢাকা বিশ্ববিদ্যালয় সফর। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর তিনি ক্যাম্পাসে এসে ওসমান হাদির কবর জিয়ারত করেছিলেন।
দিনব্যাপী এই কর্মশালায় পাঁচটি কারিগরি বা টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে উচ্চ শিক্ষার আধুনিকায়ন নিয়ে বিশদ আলোচনা করা হবে। অনুষ্ঠানের সমাপনী পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া এই গুরুত্বপূর্ণ সমাপনী আয়োজনে আরও অংশ নেবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান।
‘বেশি বয়সেও ত্বক হবে টানটান, দূর হবে কালচে ভাব, বাড়বে উজ্জ্বলতা’—অনলাইনে এমন চটকদার বিজ্ঞাপনের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ মরণঘাতী বিষ। নারীদের চিরন্তন সৌন্দর্য সচেতনতাকে পুঁজি করে বাজারে ছড়িয়ে পড়েছে নকল প্রসাধনীর বিশাল মায়াজাল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের যত্ন নিতে গিয়ে অবলীলায় শরীরে মাখা হচ্ছে ক্ষতিকর রাসায়নিকের প্রলেপ। দেশি-বিদেশি নামিদামি ব্র্যান্ডের মোড়কে ঢাকা এই বিষ কেবল পকেটই কাটছে না; বরং কেড়ে নিচ্ছে ত্বকের স্বাভাবিক সজীবতা, হুমকিতে জনস্বাস্থ্য।
প্রতারণার শিকার ও তিক্ত অভিজ্ঞতা: রাজধানীর রামপুরার গৃহিণী আরজু বেগম ৫৫০ টাকায় একটি ‘কোরিয়ান মিল্ক সুথিং জেল’ কিনেছিলেন ত্বকের যত্নে। সপ্তাহখানেক ব্যবহারের পর সুফলের বদলে তার পুরো মুখ ঘামাচির মতো দানায় ভরে যায়। শেষ পর্যন্ত তিনবার চিকিৎসক দেখিয়ে এবং পাঁচ হাজার টাকার ওষুধ কিনেও পুরোপুরি সেরে ওঠেননি তিনি। আরজু বেগমের আক্ষেপ, ‘আসল আমদানিকারকের স্টিকার ও মেয়াদের তারিখ দেখেই কিনেছিলাম, তবুও প্রতারিত হলাম। তবে কেবল প্রসাধনীই নয়, টুথপেস্ট থেকে শুরু করে শ্যাম্পু—সবকিছুতেই এখন ভেজালের থাবা।
নকলের হটস্পট ও উৎপাদনের নেপথ্য কাহিনী: অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর চকবাজার, লালবাগ, জিনজিরা, কেরানীগঞ্জ ও সাভার এলাকা এখন নকল প্রসাধনী তৈরির ‘হটস্পট’। পরিত্যক্ত মোড়ক ও কৌটা সংগ্রহ করে সেগুলোতে সাবান-পানি, ক্ষতিকর কেমিক্যাল আর নিম্নমানের সুগন্ধি মিশিয়ে তৈরি হচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ডের সব পণ্য। লরেল, রেভলন, গার্নিয়ার, নিভিয়া, ডাভ কিংবা ভ্যাসলিন—বাদ যাচ্ছে না কিছুই। এমনকি বিলাসবহুল পারফিউম যেমন হুগো বা ফেরারিও হুবহু নকল হচ্ছে এই ঘরোয়া কারখানাগুলোতে।
ব্যবসায়ীরা বলছেন, নকল কসমেটিকস তৈরির সঙ্গে জড়িত অসাধু চক্রের সদস্যদের শনাক্ত করার পরও অধিকাংশ ক্ষেত্রে তাদের বিরুদ্ধে কেবল নামমাত্র কয়েক হাজার টাকা জরিমানা করেই ছেড়ে দেওয়া হচ্ছে। অথচ এসব নকল প্রসাধনী মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর।
তাদের দাবি, শুধু সামান্য জরিমানা করায় এসব চক্রের সদস্যরা আবারও একই ব্যবসায় ফিরে আসে। তাই আর্থিক জরিমানার পাশাপাশি তাদের সম্পদ জব্দসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
রাজধানীর বেশ কয়েকটি মার্কেট, শপিং মল ও ফুটপাতের দোকান ঘুরে দেখা গেছে, নামিদামি বিদেশি ব্র্যান্ডের লিপস্টিক, ফাউন্ডেশন, ফেসক্রিম, পারফিউম ও স্কিন কেয়ার পণ্য হুবহু নকল করে বিক্রি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে প্যাকেট, লোগো ও ডিজাইন এতটাই মিল রয়েছে যে সাধারণ ক্রেতাদের পক্ষে আসল-নকল পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে।
দোকানগুলোতে বিশ্বমানের ব্র্যান্ড গার্নিয়ার, লরেল, রেভলন, হেড অ্যান্ড শোল্ডার, লাক্স লোশন, মাস্ক লোশন, অ্যাকুয়া মেরিন লোশন, পেনটিন, নিভিয়া লোশন, ফেড আউট ক্রিম, ডাভ সাবান, ইমপেরিয়াল সাবান, সুগন্ধির মধ্যে হুগো, ফেরারি, পয়জন, রয়েল, হ্যাভক ও কোবরা, অলিভ অয়েল, কিওকারপিন, আমলা, আফটার সেভ লোশন, জনসন, ভ্যাসলিন হেয়ার টনিক, জিলেট ফোম, প্যানটিন প্রো-ভি ও হারবাল এসেনশিয়াল লোশনের নামে ভেজাল প্রসাধনী বিক্রি হচ্ছে বেশি।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, রাজধানীর চকবাজার, পুরান ঢাকা, কেরানীগঞ্জ ও সাভার নকল প্রসাধনীর হটস্পট হিসেবে গড়ে উঠেছে। এসব এলাকায় ভাড়া করা বাসা-বাড়িতে নকল প্রসাধনী তৈরির কারখানা স্থাপন করেছে অসাধু চক্র। তৈরি পণ্য আন্তর্জাতিক ব্র্যান্ডের মোড়কে বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
অভিযানে যা মিলছে: ১০ মার্চ বিকেলে রাজধানীর মহাখালী এসকেএস টাওয়ারে জেএস ট্রেডিংসহ দুটি আমদানিকারক প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে সতর্ক করে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
আমদানি করা প্রসাধনী পণ্যের গায়ে কোনো ধরনের লেবেল না থাকায় তাদের জরিমানা করা হয়। এ সময় দুটি প্রতিষ্ঠানকে তাদের পণ্যের গায়ে বিস্তারিত তথ্যসহ লেভেল লাগানোর জন্য সময় বেঁধে দেন।
এর আগে ৩ মার্চ দুপুরে আলোচিত ব্রান্ড প্রোমোটর ফারজানা ইসলামের শোরুম থেকে বিভিন্ন আন্তর্জাতিক ব্রান্ডের নাম ও লোগো ব্যবহার করা বিপুল নকল কসমেটিকস উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব-২)। নকল কসমেটিক্স বিক্রির অভিযোগে ‘মেক ইট আপ বাই ফারজানা ইসলামের মোহাম্মদপুরে শোরুমে অভিযান চালিয়ে এসব নকল কসমেটিক্স জব্দ করে শোরুমটি সিলগালা করা হয়।
অভিযান শেষে র্যাব-২ এর অধিনায়ক খালেদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা শোরুমটিতে অভিযান চালাই। প্রাথমিক যাচাইয়ে দেখেছি, জনপ্রিয় বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম ও লোগো ব্যবহার করে নিম্নমানের পণ্য বাজারজাত করা হচ্ছিল। এসব পণ্যের কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেননি প্রতিষ্ঠানটি। তিনি বলেন, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শো-রুম সিলগালা করা হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে ১৫ এপ্রিল ঝিনাইদহ শহরের মহিলা কলেজ পাড়ায় একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করেছে র্যাব-৬।
তখন র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মহিলা কলেজ পাড়ার বকুল হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে নকল প্রসাধনী তৈরি করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা নকল ‘চায়না’ ব্র্যান্ডের পারফিউম, ফেস ক্রিম, তেলসহ বিভিন্ন প্রসাধনী পণ্য জব্দ করেন। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের লেবেল ও বোতল, প্রসাধনী তৈরির কাঁচামাল, রাসায়নিক পদার্থ এবং যন্ত্রপাতিও উদ্ধার করা হয়।
এছাড়া গত ১৯ ফেব্রুয়ারি পুরান ঢাকার বংশালের পেয়ালাওয়ালা মসজিদ সংলগ্ন ৫৮ নম্বর বাসার তৃতীয় তলায় নামবিহীন নকল কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল নকল প্রসাধনী জব্দ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এসব পণ্যের মধ্যে রয়েছে জনসন, ইমামি, সানসিল্ক, ডাভ, হেড অ্যান্ড সোল্ডারস, প্যানটিনসহ বিভিন্ন নামিদামি কোম্পানির নকল প্রসাধনী। এ সময় নামিদামি ব্রান্ডের পণ্যের খালি বোতল, লেবেল, প্রস্তুতকৃত মালামাল এবং উৎপাদনে ব্যবহৃত ক্ষতিকর কেমিক্যালসহ নিম্নমানের কাঁচামাল জব্দ করা হয়।
বাজার পরিসংখ্যান ও আইনি সীমাবদ্ধতা: বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্যমতে, দেশে প্রসাধনী পণ্যের বার্ষিক চাহিদা প্রায় ৩৪ হাজার কোটি টাকার। এর একটি বিশাল অংশ (প্রায় ২৪ হাজার কোটি টাকা) চোরাচালান ও নকল পণ্যের দখলে।
বিশেষজ্ঞদের উদ্বেগ: ক্যান্সারের ঝুঁকি ও স্থায়ী ক্ষতি: জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চর্মরোগ চিকিৎসকরা এই বিষয়টিকে ‘নীরব মহামারি’ হিসেবে দেখছেন।
চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএন হুদা বলেন, বাজারে সবচেয়ে বেশি চলছে রং ফর্সাকারী ক্রিম। মনে রাখবেন, বিশ্বে স্থায়ীভাবে রং ফর্সাকারী কোনো ক্রিম আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এসব নকল পণ্যে থাকা রাসায়নিক ত্বক পুড়িয়ে দেয়, ক্যান্সার তৈরি করে এবং স্নায়ুবিক দুর্বলতা ডেকে আনে।
জনস্বাস্থ্যবিদ ডা. লেনিন চৌধুরী বলেন, ভারী মেটাল ও সিসা মেশানো এই প্রসাধনীগুলো রক্তের সাথে মিশে কিডনি বিকল করতে পারে এবং সন্তান জন্মদানের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, আমাদের দেশে সব সময়ই নকল প্রসাধনীর ব্যবহার হয়। এসব পণ্য বেশিরভাগই কেনেন প্রান্তিক পর্যায়ের মানুষ। তারা সরল বিশ্বাসে দেশের পণ্য কিনে বিপদে পড়েন, তাদের কষ্টার্জিত টাকা দিয়ে এসব নকল পণ্য কেনেন।
তিনি আরও উল্লেখ করেন, বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পেছনে আইন প্রয়োগকারী সংস্থার কিছু লোকের সংশ্লিষ্টতা থাকতে পারে। গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিএসটিআই অভিযান করে, কিন্তু শিল্প মন্ত্রণালয় তেমন উদ্যোগ নেয় না। আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই জানে কোথায় নকল প্রসাধনী তৈরি হচ্ছে। তবুও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? নিশ্চয়ই এখানে কারও না কারও স্বার্থ জড়িত আছে।
এখনো বন্ধ হয়নি, কিন্তু ধুঁকে চলছে- এমন কারখানাগুলোর জন্য প্রণোদনা দেবে সরকার। বন্ধ কারখানা চালু করতে বাংলাদেশ ব্যাংক যে তহবিল গঠন করছে, সেই তহবিল থেকে বন্ধ হওয়ার ঝুঁকিতে থাকা কারখানাগুলো এই সুবিধা পাবে।
সোমবার (১১ মে) তৈরি পোশাক রপ্তানিকারকদের শীর্ষ দুই সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নেতারা দেখা করতে এলে এ আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিএমইএ প্রেসিডেন্ট মাহমুদ হাসান খান ও বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম।
সভায় ব্যবসায়ী নেতারা বাংলাদেশ ব্যাংকের বেশ কিছু নীতির সমালোচনা করেছেন। একই সঙ্গে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে বিভিন্ন ধরনের নীতি সহায়তা চেয়েছেন তারা।
মাহমুদ হাসান খান বলেন, ব্যবসা-বিনিয়োগ সহজ করতে কোন কোন ক্ষেত্রে নীতি সহায়তা প্রয়োজন, তা আমাদের কাছে লিখিতভাবে চেয়েছেন প্রধানমন্ত্রী। আমরা লিখিতভাবে প্রস্তাব জমা দিলে সেগুলো বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি জানান, বিজিএমইএ পরিচালনা পর্ষদের সঙ্গে আগামী ঈদুল আজহার পরে আবারও বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
মোহাম্মদ হাতেম বলেন, এক্সপোর্ট ডাইভারসিফেকশনের ওপর প্রধানমন্ত্রী জোর দিয়েছেন। এজন্য রাজশাহীতে থাকা সরকারের রেশম শিল্প-কারখানা বেসরকারিখাতে ছেড়ে দেয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মোক্তাদির, পূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন উপস্থিত ছিলেন।
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, গত রোববার (১০ মে) সকাল ৮টা থেকে সোমবার (১১ মে) সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে।
অধিদপ্তরের তথ্যমতে, উল্লেখিত একই সময়ে সারাদেশে হামের মতো উপসর্গ নিয়ে ১ হাজার ৩৪১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১১৮ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর বাংলাদেশে এখন পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হওয়া হামের সংক্রমণে অন্তত ৬৫ জন শিশুর মৃত্যু হয়েছে। এর পাশাপাশি, হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৩৫০ জন শিশুর। সব মিলিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪১৫-তে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে দেখা গেছে, গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে মোট ৬ হাজার ৯৩৭ জন রোগীর শরীরে হাম শনাক্ত করা হয়েছে।
অধিদপ্তরের সর্বশেষ হেলথ বুলেটিন অনুযায়ী, দেশব্যাপী এখন পর্যন্ত মোট ৫০ হাজার ৫০০ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত করা হয়েছে। তবে এর মধ্যে চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়ে ইতোমধ্যে হাসপাতাল ছেড়েছেন ৩১ হাজার ৯৯২ জন রোগী।
সতর্ক করার পরও স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করেননি কথিত পরকীয়া প্রেমিক। সেই ক্ষোভ থেকেই রাজধানীর তেজগাঁও এলাকায় পরকীয়া প্রেমিককে হত্যা করা হয়। প্রায় ১৩ বছর পর সেই হত্যাকাণ্ডের বিচার শেষ হলো আদালতে।
গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৯ এর বিচারক মাহমুদুল ইসলাম পরকীয়া প্রেমিক আনিস হত্যার দায়ে মো. শাহাদাৎ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় শাহাদাৎ হোসেনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম সরকার।
মামলার নথি থেকে জানা যায়, দীর্ঘদিন ধরেই শাহাদাৎ হোসেনের স্ত্রীর সঙ্গে নিহত আনিসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে একাধিকবার আনিসকে সতর্ক করেছিলেন শাহাদাৎ। স্ত্রী থেকে দূরে থাকতে এবং আর যোগাযোগ না করতে বলা হয়েছিল তাকে। কিন্তু সতর্কবার্তা উপেক্ষা করে আনিস আবারও শাহাদাতের স্ত্রীর সঙ্গে দেখা করেন। এতে ক্ষোভ আরও গভীর হয় আসামির মধ্যে। ২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকেল। তেজগাঁও থানাধীন আনোয়ারা পার্কের দক্ষিণ পাশে মা মেডিকেল স্টোরের বিপরীতে ফুটপাতে আনিসের ওপর হামলা চালানো হয়। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে ফেলে রেখে পালিয়ে যান হামলাকারী। পরে তার মৃত্যু হয়।
ঘটনার পর তেজগাঁও থানার উপপরিদর্শক মো. মাসদুল ইসলাম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ২৩ ফেব্রুয়ারি তেজগাঁও থানার উপপরিদর্শক কাজী সাহান হক শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন।
একই বছরের ২৭ মে আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৪ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল সোমবার সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে মন্ত্রী এ কথা জানান।
দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনা অনেক কমে যাবে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, পরিকল্পনা নেওয়া হয়েছে। দ্বিতীয় পদ্মা সেতুটা—তিনটি প্রস্তাবনা আছে। তার এক নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে। আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি, বলব আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি। আর ধরেন অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।’
মন্ত্রী বলেন, ঈদ যাত্রায় নৌপথেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আরিচা ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে গাড়ির ব্রেকে ত্রুটির বিষয় উঠে এসেছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে এবার ফেরিতে গাড়ি ওঠার আগে ব্যারিকেড ব্যবস্থা করা হচ্ছে, যাতে ফেরি সম্পূর্ণ খালি না হওয়া পর্যন্ত নতুন গাড়ি প্রবেশ করতে না পারে।
এ ছাড়া সদরঘাটে স্পিডবোট ও লঞ্চ চলাচলে নতুন শৃঙ্খলা আনা হয়েছে। এখন থেকে স্পিডবোটের যাত্রীরা সরাসরি লঞ্চে উঠতে পারবেন না। তাদের নির্ধারিত পন্টুন ব্যবহার করতে হবে। এ জন্য নতুন সংযোগ ব্রিজও নির্মাণ করা হয়েছে।
তিনি বলেন, দেড় কোটির বেশি মানুষের ঈদযাত্রা এবং প্রায় এক কোটি কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে এবারের ঈদ ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে ভোগান্তি ও দুর্ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বরেণ্য অভিনেতা-নাট্যকার আতাউর রহমান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। সোমবার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তার মেয়ে শর্মিষ্ঠা রহমান।
তিনি বলেন, ‘আব্বার অবস্থা আসলে খুব একটা ভালো না। তার শরীরের একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়েছে—চিকিৎসক তেমনটাই জানিয়েছেন। সবার কাছে আমার আব্বার সুস্থতার জন্য দোয়া চাই।’
গত শুক্রবার বাসায় পড়ে গিয়েছিলেন আতাউর রহমান। এরপর প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউ সুবিধা না পেলে তাকে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
জানা গেছে, ভর্তির পরই তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। ওইদিন শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। কিন্তু আবারও অবস্থার অবনতি হলে গত রোববার তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।