রোববার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রাহায়ণ ১৪৩৩
গণভবনে জার্মানীর রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে

প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার গণভবনে সাক্ষাৎ করেন জার্মানীর রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪ ১৭:১৬

দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সব মৃত্যুর ঘটনা তদন্তে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা সংস্কার আন্দোলনের সুষ্ঠু ও মানসম্মত তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে।

আজ মঙ্গলবার জার্মানীর রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব মো. নাঈমুল ইসলাম খান সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা বিচার বিভাগীয় তদন্ত কমিটির জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেব যাতে এটি যথাযথ, মানসম্পন্ন এবং উচ্চ মানসম্পন্ন হয়। এই তদন্তে সহায়তা নেয়ার বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে জাতিসংঘের (ইউএন) সঙ্গে যোগাযোগ করেছে।

জার্মানীর রাষ্ট্রদূত বলেন, যারা ধর্মীয় উগ্রবাদের সহযোগী তাদের ব্যাপারে জার্মানীর কোন সহানুভূতি নেই। তারা প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ভাষণে দৃঢ়ভাবে আশাবাদী যে একটি স্বাধীন তদন্ত হবে। এছাড়াও তার দেশ বাংলাদেশের পাশে থাকবে। বাংলাদেশের সঙ্গে জার্মানীর দীর্ঘ দিনের সম্পর্ক রয়েছে এবং তা অব্যাহত থাকবে।

তিনি জানান, বাংলাদেশে দূতাবাসের ধীরগতির ভিসা পদ্ধতিতে সদিচ্ছার অভাব নয় বরং সম্পদের সীমাবদ্ধতাকেই কারণ হিসেবে উল্লেখ করেন।
তিনি ভিসা পদ্ধতির ক্ষেত্রে এই অনিচ্ছাকৃত বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেন।

জার্মানীর রাষ্ট্রদূত আজ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি সম্মান জানানোর জন্য সরকার ঘোষিত শোক দিবসে তার শোক ব্যক্ত করেন। সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

অ্যাম্বাসেডর এ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন এই সময় উপস্থিত ছিলেন।


নির্বাচিত

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সংসদীয় কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া দেশে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি জানান।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তিনি এ কথা বলেছেন। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৈঠকে বলেন, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন।

বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুট চিহ্নিত করার বিষয়টি পর্যালোচনা করা হয়। মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি ও অভিযান জোরদার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে কমিটির সদস্য হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।

কমিটির আরেক সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ কিংবা দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।

কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে আরও অংশ নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা।


নির্বাচিত

সংসদে আমির হামজা প্রশ্ন করতে দাঁড়াতেই এমপিদের হট্টগোল

সংসদ সদস্য আমির হামজা। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা তারকা চিহ্নিত প্রশ্ন করতে সংসদে দাঁড়াতেই উত্তেজনা তৈরি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। এসময় অধিবেশনের সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

ডেপুটি স্পিকার আমির হামজাকে প্রশ্ন করতে আহ্বান জানানোর পর তিনি উঠে দাঁড়ান। এ সময় সরকার দলীয় বেশ কিছু এমপি হইচই শুরু করেন। উত্তপ্ত হয়ে সংসদের পরিবেশ। এ সময় সরকার দলীয় অনেক এমপিই আবার তাদের থামতে ইশারা করেন।

পরিস্থিতি শান্ত হলে আমির হামজা খাদ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, কুষ্টিয়া জেলার সদর উপজেলার ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনার পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা?

জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অভ্যন্তরীণ আমন ও বোরো সংগ্রহ মৌসুমে সরকার দেশব্যাপী খাদ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। সেই হিসেবে কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য দেওয়ার লক্ষ্যে বর্তমান আমন সংগ্রহ মৌসুমেও সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে।

তিনি আরও বলেন, ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে, যা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।


নির্বাচিত

স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দুটি রিং পরানো সম্পন্ন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।

এর আগে একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্‌যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে আজ তার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।

প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।


নির্বাচিত

রমজান উপলক্ষে খেজুর ও ফল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২৭তম বৈঠক অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে সরকার।

এছাড়া মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৪ জানুয়ারি হতে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত এইচএস কোড ০৮০৫১০১০ ভুক্ত অরেঞ্জ (মাল্টা) এবং এইচএস কোড ০৮০৮১০১০ ভুক্ত আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১.৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার ২৭তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রস্তাব দিয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন খসড়া অনুযায়ী ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসে বা প্রতি কর মেয়াদে দাখিলপত্র প্রদানের বাধ্যবাধকতা শিথিলপূর্বক প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশ করার বিধান প্রণয়ন করা হয়।

এই পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় পরবর্তী সময়ে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস সমাপ্তির অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র পেশের বিধান সংশোধনপূর্বক মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা-৬৪ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়।

সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি কর্তৃক ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ গত ১৪ অক্টোবর জারি করা হয়।

জারিকৃত অধ্যাদেশ জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।


নির্বাচিত

বাড়ছে ট্রেনের বগি, চালু হচ্ছে নতুন রুট

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ রেলওয়েকে ঢেলে সাজানোর জন্য নতুন নির্দেশনা দিয়েছে রেল ও সড়ক মন্ত্রণালয়। কীভাবে আয় বাড়ানো যায়, নতুন নতুন কোন রুটে ট্রেন চলাচলে লাভজনক হবে পাশাপাশি সেবার মানও বাড়ানোর জন্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। অতিরিক্ত কোচ সংযোজন, স্টেশনগুলোতে দোকান বরাদ্দ এবং কমিউটার ট্রেনের সংখ্যা ও কার্যক্রম বাড়ানোর সংযোজন করা হয়েছে। গত ২৯ অক্টোবর বাংলাদেশ রেলওয়ের মাসিক সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন সভাপতিত্ব করেন। ওইদিনের সভার কার্যবিবরণী থেকে এসব তথ্য জানা যায়।

সভায় সিদ্ধান্ত হয়, ২০২৬-২৭ অর্থবছরের আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পশ্চিমাঞ্চলের ট্রেনগুলো স্ট্যান্ডার্ড কম্পোজিশন অনুযায়ী পরিচালনার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্ক্র্যাপ বিক্রি থেকে রাজস্ব আয় বাড়াতে আহ্বান করা দরপত্র দ্রুত নিষ্পত্তি এবং আয় কমার কারণ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে। সভায় আরও সিদ্ধান্ত হয় কমিউটার, লোকাল ও মেইল ট্রেন লিজ দেওয়ার বিষয়টি দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেওয়ার জন্য। নবনির্মিত স্টেশনগুলোতে দোকান বরাদ্দের জন্য উন্মুক্ত দরপত্র আহ্বানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নারায়ণগঞ্জ লোকাল ট্রেনকে কমিউটার ট্রেনে উন্নীত করার বিষয়েও নির্দেশনা দেওয়া রয়েছে। রোববার (১৫ নভেম্বর) এ বিষয়ে একাধিক রেল কর্মকর্তার সাথে কথা বলে এসব জানা গেছে।

জয়দেবপুর কমিউটার ৩-৪ ট্রেনের গত ছয় মাসের যাত্রীসংখ্যা ও আয়ের পরিসংখ্যান পর্যালোচনা করে পরিচালনার বিষয়ে প্রস্তাব পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে ১৩৫/১৩৬ নম্বর অভিবাসী কমিউটার ট্রেনের রুট গোবরা পর্যন্ত সম্প্রসারণ করে পরিচালনার প্রস্তাব দিতে বলা হয়েছে। অন্যদিকে ৭৭৫/৭৭৬ নম্বর সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন আগের রুটে, অর্থাৎ ঈশ্বরদী থেকে পরিচালনার বিষয়ে যাচাই-বাছাই করে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ভূসম্পত্তি বিভাগকে হিসাব বিভাগের সঙ্গে আয়ের হিসাব সমন্বয় করে পরবর্তী ওয়ার্কিং মিটিংয়ে উপস্থাপন করতে বলা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, চিলমারী থেকে শাটল ট্রেনের মাধ্যমে কুড়িগ্রাম এক্সপ্রেসের সঙ্গে সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করে প্রস্তাব পাঠাতে হবে। যাত্রী চাহিদা বিবেচনায় বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের ব্যবস্থাও নিতে হবে। এ ছাড়া মোংলা-ঢাকা রুটে একজোড়া আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিতে বলা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে রেলের আয় বৃদ্ধি ও যাত্রীসেবা উন্নত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে রেল কর্তৃপক্ষ খুব শীঘ্রই রেল সংযোজনের এসব নির্দেশনা বাস্তবায়ন করবে।


নির্বাচিত

ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন প্রোগ্রামে যুক্ত হচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সরকার আইএমএফের নতুন প্রোগ্রামে যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার কক্সবাজারে অর্থ মন্ত্রণালয় ও এডিবির আয়োজনে অনুষ্ঠিত আন্তর্জাতিক ঋণ সম্মেলনের প্রথম দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

কাজের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের প্রোগ্রাম নিয়ে দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করছি তাদের কাজ জানুয়ারি বা ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে।’ একই প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, ‘এ সময়ের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। এভ্রিথিং উইল বি অন।’

পূর্ববর্তী কর্মসূচি ও বর্তমান সরকারের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শর্তের কারণে আইএমএফের প্রোগ্রাম থেকে পিছিয়ে গেছি তা নয়। আগের প্রোগ্রাম বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের যে প্রোগ্রাম হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো নির্বাচিত সরকারের জন্য সে কাজগুলো করা সম্ভব না।’

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার যৌক্তিকতা তুলে ধরে তিনি বলেন, ‘সময়ের প্রয়োজন আছে। রাতারাতি করতে গেলে এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটার জন্য জনগণকে ভুগতে হবে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।’

বৈশ্বিক প্রেক্ষাপট ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে সমন্বয়ের বিষয়ে অর্থমন্ত্রী জানান, ‘বিশ্বে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে। এটা মাথায় রেখে অর্থনৈতিক ফ্রেমওয়ার্ক অ্যালাইন করতে হবে। পঞ্চবার্ষিকী উন্নয়ন প্রোগ্রামের সঙ্গে সবাই অ্যালাইন হচ্ছে। বিশ্বব্যাংক হচ্ছে, এডিবি হয়েছে, জাইকা হচ্ছে। সব অংশীদার আমাদের প্রোগ্রামের সঙ্গে অ্যালাইন না হলে কাজগুলো আমরা করতে পারব না এবং আইএমএফও অ্যালাইন হচ্ছে।’


নির্বাচিত

বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকারী সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত অবস্থায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার, পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম অভিমুখে এগিয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের ভেতরে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা কিংবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে নিম্নচাপ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় সাগর উত্তাল হয়ে উঠেছে।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতির আলোকে জেলে ও সমুদ্রগামী নৌযান পরিচালনাকারীদের নিয়মিত সরকারি আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করতে এবং নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:

নির্বাচিত

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত, বসানো হবে রিং

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, এসব ব্লকের চিকিৎসায় তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এনজিওগ্রাম সম্পন্ন করেন। হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা নিয়ে শনিবার সকালে মন্ত্রীকে হাসপাতালে আনা হলে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একটি চিকিৎসক দল তাঁর এনজিওগ্রাম করেন।

পরিবারের একজন সদস্য জানান, হাসপাতালে ভর্তির পর এনজিওগ্রাম পরীক্ষায় স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়। পরবর্তী চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর এনজিওপ্লাস্টি করা হবে এবং এরই ধারাবাহিকতায় স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছেন।

পারিবারিক সূত্র আরও উল্লেখ করেছে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে তাঁর আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


নির্বাচিত

ভারতীয় ভিসায় নতুন নিয়ম, কমছে আবেদনের জটিলতা

পর্যটকদের জন্য বিশেষ সুবিধা
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ভিসা আবেদন প্রক্রিয়ার দীর্ঘদিনের জটিলতা দূর করে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত সরকার। সংস্কারের অংশ হিসেবে দেশটির ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টিতে এবং ৪৯টি উপশ্রেণি কমিয়ে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। এর ফলে আবেদনকারীদের তথ্য প্রদানের ঝামেলা কমার পাশাপাশি পুরো প্রক্রিয়াটি আরও সহজতর হবে বলে প্রত্যাশা করছে ভারত সরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, ভিসা আবেদনের ফরমেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরম থেকে প্রয়োজনীয় তথ্যের কলাম বা ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হ্রাস করা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় তথ্য সরবরাহের বাধ্যবাধকতা কমে আসে। নতুন এই কাঠামোতে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয়টি প্রধান ক্যাটাগরিতে ভিসা ইস্যু করবে ভারত।

নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটন ভিসায়; পূর্বের ‘ট্যুরিস্ট ভিসা’ বদলে এর নাম রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এই ভিসার আওতায় শুধু ভ্রমণই নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্প বিষয়ে স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে। ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২ নামে দুটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে একাধিকবার ভারতে প্রবেশের সুবিধাসহ ভি-১ ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন। অপরদিকে, আবেদনকারীর প্রয়োজন ও যোগ্যতা সাপেক্ষে ভি-২ ভিসার মেয়াদ এক, পাঁচ কিংবা ১০ বছর হতে পারে, যা দীর্ঘমেয়াদি পর্যটন ও পর্বতারোহণের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।

চিকিৎসাসেবা নিতে ভারতে গমনেচ্ছু বিদেশি নাগরিক এবং তাঁদের সহকারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে নতুন নিয়মে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে, যেগুলোর মেয়াদ সাধারণত এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পাশাপাশি রোগীর সঙ্গে যাওয়া স্বজন বা সহকারীদের জন্য সাধারণ চিকিৎসায় এম-২ এবং আয়ুশ চিকিৎসার ক্ষেত্রে এম-৪ ভিসা বরাদ্দ থাকছে, যা রোগী ও তাঁদের সহায়তাকারীদের বারবার নতুন করে ভিসা আবেদনের প্রয়োজনীয়তা কমাবে।

শিক্ষার্থীদের জন্যও ভিসার ধরন আলাদাভাবে নির্দিষ্ট করা হয়েছে। স্কুল পর্যায় থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার জন্য এস-১ এবং পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক ও ইন্টার্নশিপের জন্য এস-২ ভিসা দেওয়া হবে। এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা পাবেন ই-এস১ ভিসা। একাধিকবার প্রবেশের সুযোগসংবলিত এই ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদকাল পর্যন্ত হতে পারে।

ব্যবসায়িক ভিসাকেও দুটি শ্রেণিতে বিভক্ত করে বি-১ ও বি-২ চালু করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে বি-১ ভিসা প্রযোজ্য হবে; আর স্বল্পমেয়াদি ব্যবসায়িক চুক্তি, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজে দেওয়া হবে বি-২ ভিসা। একই সঙ্গে ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদন কার্যক্রম এবং তথ্যপ্রযুক্তি সহায়তা দিতে যাওয়া বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে; তাঁরা ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির অধীনে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাওয়ার সুযোগ পাবেন।

নতুন এই ভিসা কাঠামোয় কূটনীতিক, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিসা ব্যবস্থা বহাল রাখা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং আবেদনকারীদের ভোগান্তি দূর করতেই এই সংস্কার আনা হয়েছে। বর্তমানে নতুন ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে ভিসা-সংক্রান্ত প্রযুক্তিগত ও আইটি ব্যবস্থা হালনাগাদের কাজ চলমান রয়েছে।

বিষয়:

নির্বাচিত

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া আব্দুর রহিমের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

বাম পা হারানোর কারণে দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় আব্দুর রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে তার শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়।

এ অবস্থায় তার চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে তার। সূত্র: বাসস


নির্বাচিত

গ্যাসের চাহিদা মেটাতে ডিসেম্বর পর্যন্ত এলএনজি কেনা হয়েছে: জ্বালানিমন্ত্রী

ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জ্বালানি সংকটের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটানোর মতো এলএনজি কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬ এ তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। আগামী জানুয়ারি মাসের জন্যও জ্বালানি কেনার পরিকল্পনা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের সময় এফএসআরইউ-সংক্রান্ত সমস্যার কারণে দেশে গ্যাসের চাপ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। পাশাপাশি শিল্পকারখানাগুলোও ব্যাপক ভোগান্তিতে পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়। সিঙ্গাপুরের বাজার থেকে কেনা এলএনজির দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে প্রতি ইউনিট এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা ৩১ ডলারে পৌঁছায়।

বিদ্যুৎমন্ত্রী বলেন, এলএনজির দাম বেড়ে যাওয়ায় গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রায় সমান হয়ে যায়। এ কারণে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কিছু ইউনিট চালু করে পরিস্থিতি সামাল দেওয়া হয়।


নির্বাচিত

চার ফ্লাইটে আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আপাতত চার ফ্লাইট দিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড বা তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু হবে। আপাতত দুটি আগমনী ফ্লাইট ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন বলে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণ বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।

‘নির্ধারিত সময়ে টার্মিনাল-৩-এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।’

সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সচল করার কার্যক্রম অব্যাহত থাকবে।’

বৈঠকে উপস্থিত থাকা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আপাতত চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে। ফ্লাইটগুলো নিয়মিত চলবে। ধীরে-ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

‘অন্যান্য কাজও চলমান থাকবে। এরপর আগামী মার্চে টার্মিনালটি পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় টার্মিনাল চালুর লক্ষ্যে ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু করা, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।

সভায় অন্যদের মধ্যে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক) গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব।


নির্বাচিত

বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি। প্রধানমন্ত্রী তারেক রহমান
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘দ্য মুসলিম ৫০০’-এর ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ও দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

তালিকায় আছেন বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এই তালিকায় থাকছেন।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়। তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে র‍্যাঙ্কিং করা হয়। বাকি ৪৫০ জনকে র‍্যাঙ্কিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। এবারের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‍্যাঙ্কিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

সূত্র: দ্য মুসলিম ৫০০


নির্বাচিত

banner close