র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পুলিশ অধিদপ্তরে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমান।
আজ বুধবার (৭ আগস্ট) এ নিয়োগ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্যনিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এদিকে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার নিয়োগ পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসান।
অপরদিকে, গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের চুক্তি বাতিল করে নতুন আইজিপি হিসেবে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. ময়নুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
র্যাবের মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
অতিরিক্ত বল প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন দমনে সরকারের বিরুদ্ধে পুলিশকে ব্যবহারের অভিযোগ উঠে। আন্দোলন ঘিরে সহিংসতায় অনেক শিক্ষার্থী, সাধারণ মানুষ ও পুলিশ নিহত হন। সরকার পতনের পর ইতোমধ্যে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থার শীর্ষ কর্মকর্তাদেরও সরানো হচ্ছে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। অথচ চুক্তির মেয়াদ শেষ হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা বা গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ।
ঢাকা নতুন চুক্তির বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ভারতের সঙ্গে আলোচনার অপেক্ষায় থাকলেও দিল্লির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক আলোচনার সময়সূচি জানানো হয়নি। বাংলাদেশের অবস্থান, কেবল বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়; বরং জাতীয় স্বার্থ সুরক্ষায় পানির প্রবাহ নিশ্চিত করে একটি দীর্ঘমেয়াদি ও কার্যকর সমঝোতায় পৌঁছানো।
এদিকে গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে গঙ্গার পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে। তবে বৈঠকে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে আলোচনা হয়নি। কারণ, চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনা যৌথ কমিটির দায়িত্ব হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।
যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির বলেছেন, ‘গঙ্গা পানিবণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। আমরা আশা করি, যৌথ কমিটির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চুক্তির বাস্তবায়ন আরও কার্যকর হবে।’
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। ১৯৯৭ সাল থেকে ধারাবাহিকভাবে পানিপ্রবাহ ও পানিবণ্টনের তথ্য পর্যালোচনা করে বার্ষিক প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনার দাবি: নতুন চুক্তিতে বাংলাদেশের প্রধান অগ্রাধিকার শুষ্ক মৌসুমে পানির প্রবাহের নিশ্চয়তা। এ বিষয়ে পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানিবণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার।’ ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
মন্ত্রী জানান, এ লক্ষ্যে ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন তিনি।
১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। ফলে নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশের প্রাপ্য পানি নিশ্চিত করার বিষয়টি নতুন চুক্তিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বর্তমান চুক্তিতে জানুয়ারি থেকে মে পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর পানিবণ্টনের ব্যবস্থা রয়েছে। প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি ভারত পায়। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিনের মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।
প্রস্তুতি বাংলাদেশের, অপেক্ষা ভারতের: চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এতে পানিসম্পদ, পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞরা রয়েছেন।
গত জুনে বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। তবে ভারতের পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি পাওয়া যায়নি।
অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, ‘গঙ্গার পানিবণ্টন বাংলাদেশের জন্য শুধু পানিসম্পদের বিষয় নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত রাখে, এমন একটি চুক্তি চায় সরকার।’
অন্যদিকে নতুন চুক্তি নিয়ে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও আলোচনায় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পশ্চিমবঙ্গের কাছে ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ, নৌচলাচল ও বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহার পানীয় জল ও শিল্পের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী।
চুক্তি না হলে বাড়বে অনিশ্চয়তা: চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে। দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়নের সুযোগ থাকলেও স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ার কোনো বিধান নেই। ফলে দুই দেশের সম্মতি ছাড়া চুক্তি নবায়ন সম্ভব নয়।
মেয়াদ শেষ হওয়ার আগে নতুন কোনো সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। গঙ্গার পানি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিপ্রবাহ কমে গেলে এ অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া এবং নদীর নাব্যতা সংকটের আশঙ্কা রয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বলেন, ‘গঙ্গার পানিবণ্টন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা। শুধু দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও চুক্তিতে স্পষ্ট থাকতে হবে। গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।’
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানিবণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এ কারণে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের পানি কূটনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে।
বিশেষজ্ঞদের মতে, নতুন চুক্তিতে পানির হিস্যা নির্ধারণের পাশাপাশি শুষ্ক মৌসুমে প্রবাহের নিশ্চয়তা, নিয়মিত তথ্য বিনিময়, পানির সংকট মোকাবিলা এবং বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহ ব্যবস্থাপনার বিষয়গুলোও অন্তর্ভুক্ত করা প্রয়োজন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে এসব বিষয়ে সমঝোতায় পৌঁছানোই এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ।
রাজনৈতিক ছত্রছায়া, মধ্যস্বত্বভোগী ও প্রশাসনিক নেটওয়ার্কের মাধ্যমে বৃহৎ ডেভেলপারদের একাংশ শক্তিশালী ‘মাফিয়াতন্ত্র’ গড়ে তুলেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, এই চক্রটি আবাসন খাতের নীতিনির্ধারণী ও নিয়ন্ত্রক কাঠামোকে জিম্মি করে ফেলেছে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীতে ‘ঢাকা শহরে বেসরকারি আবাসন খাতে ভূমি উন্নয়নে সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গবেষণায় দেখা গেছে, রাজনৈতিক, প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং রিয়েল এস্টেট কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি। একটি আবাসন প্রকল্প বাস্তবায়নে একরপ্রতি ১৬ লাখ ৫০ হাজার থেকে ৩৭ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত নিয়মবহির্ভূত অর্থ (স্পিড মানি) লেনদেন হয়। সেই হিসাবে ২৫ একরের একটি প্রকল্পে ৪ কোটি ১২ লাখ থেকে ৯ কোটি ৩৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ বা অনানুষ্ঠানিক ব্যয় হয়, যা বাজেটে ‘বিবিধ খরচ’ হিসেবে দেখানো হয়।
অন্যদিকে, প্লট হস্তান্তরে বিলম্ব, একতরফা বরাদ্দ বাতিল ও টাকা ফেরত না দেওয়ার পাশাপাশি উন্নয়ন ও ইউটিলিটি চার্জ বাবদ ক্রেতাদের প্রতি কাঠায় মূল দামের বাইরেও প্রায় ১৪ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ দিতে হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আবাসন খাতে রিয়েল এস্টেট কোম্পানির ইতিবাচক অবদান রয়েছে এবং জিডিপিতেও তারা উল্লেখযোগ্য অবদান রাখছেন। তবে এ খাতে হয়রানি, দুর্নীতি, অনিয়ম ও জমি দখলের বিষয়গুলোও অস্বীকার করার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘অপশাসন ও দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারকেই মূল অনুঘটক হতে হবে। প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা দিতে হবে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে হবে।’
গবেষণায় উঠে এসেছে, পরিচালনা পর্ষদে প্রভাবশালী রাজনীতিবিদ বা তাদের স্বজনদের রেখে এবং রাজনৈতিক দলগুলোকে অর্থায়ন করে ডেভেলপাররা নীতিগত সুবিধা আদায় করে। এই প্রভাব খাটিয়ে ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ১৫৮ বার সংশোধন করা হয়। ২০২২ সালে নতুন ড্যাপ প্রণয়নের এক বছরের মধ্যেও দুইবার বড় সংশোধনী এনে জলাভূমি ও বন্যাপ্রবাহ অঞ্চলকে আবাসন এলাকায় রূপান্তর করা হয়েছে।
এ ছাড়া অনুমোদন ছাড়াই কৃষিজমি, খাসজমি, সরকারি ও নবাব এস্টেটের জমি এবং নদীসংলগ্ন জমি দখল করা হচ্ছে। এসব অনিয়ম নিয়ে প্রতিবেদন করতে গেলে সাংবাদিকদের হুমকি, হেনস্তা কিংবা অর্থ ও প্লটের প্রলোভন দেখানোর অভিযোগও রয়েছে।
আইনি ও তদারকি দুর্বলতার বিষয়ে টিআইবি জানায়, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৫(৭) ধারায় নিবন্ধন নবায়নে পূর্ববর্তী প্রতারণা বিবেচনার বাধ্যবাধকতা না থাকায় অসাধু প্রতিষ্ঠানগুলো পার পেয়ে যাচ্ছে। পাশাপাশি রাজউক, পরিবেশ অধিদপ্তর ও ওয়াসার মতো সংস্থাগুলোর জনবল সংকটে তদারকি ব্যাহত হচ্ছে।
সংকট উত্তরণে ১৩ দফা সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে ‘আন্তঃসংস্থা সমন্বয় প্ল্যাটফর্ম’ গঠন, গ্রাহকদের অভিযোগ নিষ্পত্তিতে ‘স্বাধীন অভিযোগ নিষ্পত্তি বোর্ড’ তৈরি, রিয়েল এস্টেট আইন সংশোধন, কোম্পানিগুলোর বার্ষিক অডিট প্রকাশ বাধ্যতামূলক করা এবং জমি ও প্লট কেনাবেচার সব লেনদেন ব্যাংকিং চ্যানেলে সম্পন্ন করা।
সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির সাবেক রিসার্চ ফেলো অতনু দাস।
দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ রাশিয়ার বাজারে নিজেদের পণ্যের জন্য আরও বেশি প্রবেশাধিকার চেয়েছে এবং রাশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে (ইকোনমিক জোন) বিনিয়োগের সুযোগ অন্বেষণের আহ্বান জানিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে এলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ আহ্বান জানান।
হুমায়ুন কবির বাংলাদেশে রাশিয়ার গম ও সার সরবরাহের কথা উল্লেখ করেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বিস্তৃত করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-রাশিয়া আন্তঃসরকার কমিশনের সাম্প্রতিক বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলোর দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন এবং আশা প্রকাশ করেন, দুই দেশ শিগগিরই তাদের অমীমাংসিত দ্বিপাক্ষিক চুক্তি বা নথিপত্রগুলো চূড়ান্ত করবে।
উভয় পক্ষ দক্ষ জনশক্তি অভিবাসন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং শিক্ষা যার মধ্যে স্কলারশিপ ও একাডেমিক বিনিময় অন্তর্ভুক্ত সেসব ক্ষেত্রে সহযোগিতা নিয়ে আলোচনা করেছে।
হুমায়ুন কবির ঢাকায় অবস্থিত রাশিয়ার দূতাবাসকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত খোজিন বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে আগ্রহী।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে দেশের পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় ২০০ শয্যার হাসপাতালগুলো একযোগে চালু করার প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে হাসপাতালগুলোর উদ্বোধন করবেন।
নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে দীর্ঘদিন অব্যবহৃত ছিল হাসপাতালগুলো। এগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীমুখী নির্ভরশীলতাও কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পাঁচটি হাসপাতালের জন্য এরই মধ্যে ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। এর মধ্যে উপপরিচালক পদ পাঁচটি, সহকারী পরিচালক পাঁচটি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি এবং আবাসিক চিকিৎসক পদ ১০টি। এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার পাঁচটি, মেডিকেল অফিসার ৩২৫টি, সহকারী ডেন্টাল সার্জন ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ২০টি এবং অ্যানেসথেসিয়া বিভাগে ২০টি পদ রাখা হয়েছে।
হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ইতোমধ্যে পাঁচ প্রতিষ্ঠানে উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে ডা. মো. বেলাল হোসেন, বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমান, রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে পদায়ন করা হয়েছে। তাদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি হাসপাতালে থাকবে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভবিষ্যতে সেবার পরিধি বাড়ানোর সুযোগ। বড় পরিসরের আইসিইউ ইউনিটসহ আধুনিক চিকিৎসাসুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি সম্প্রসারণের বিষয়টি বিবেচনায় রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো নির্মাণ করা হয়েছে। হাসপাতালগুলোর আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
গত ১০ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অব্যবহৃত হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে বলেন। প্রধানমন্ত্রীর ওই নির্দেশনার পরই হাসপাতালগুলো চালুর উদ্যোগে গতি আসে।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। এ লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে। চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়াও শেষ পর্যায়ে রয়েছে। ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।
হাসপাতালগুলো চালুর প্রস্তুতির অংশ হিসেবে প্রয়োজনীয় আধুনিক চিকিৎসা সরঞ্জামও পৌঁছে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নিউনেটাল ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টিপ্যারামিটার বা কার্ডিয়াক মনিটর এবং ফটোথেরাপি মেশিনসহ ২০০ শয্যার শিশু হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি।
পাঁচটি হাসপাতাল চালু হলে দেশের বিভিন্ন অঞ্চলের শিশুদের চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলবে। বিশেষ করে জটিল ও সংকটাপন্ন শিশুদের চিকিৎসায় বিভাগীয় পর্যায়ে সক্ষমতা বাড়বে। এতে একদিকে যেমন রাজধানীর বড় হাসপাতালগুলোর ওপর চাপ কমবে, অন্যদিকে প্রত্যন্ত অঞ্চলের পরিবারগুলোও নিজ নিজ অঞ্চলের কাছাকাছি উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবে।
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনৈতিক মানচিত্রে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে নতুন যোগাযোগ পরিকল্পনা সামনে এনেছে বাংলাদেশ। মিয়ানমার হয়ে চীনের ইউনান প্রদেশের কুনমিং অঞ্চলের সঙ্গে যুক্ত হতে একটি ত্রিদেশীয় অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে ঢাকা। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বঙ্গোপসাগর, মিয়ানমারের পশ্চিম উপকূল এবং দক্ষিণ-পশ্চিম চীনের মধ্যে নতুন বাণিজ্যিক সংযোগ তৈরি হতে পারে। এতে আঞ্চলিক বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলবে। তবে মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান অস্থিতিশীলতা এই উদ্যোগের সামনে বড় চ্যালেঞ্জ।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বুধবার (২৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আয়োজিত ‘ঢাকা ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে এ প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, ‘প্রস্তাবিত চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর কেবল একটি অবকাঠামো প্রকল্প নয়; এটি হতে পারে আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ ও কার্যকর সহযোগিতার নতুন কাঠামো।’
ইসমাইল জবিউল্লাহ বলেন, ‘এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতায় ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ একটি সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই সুবিধা কাজে লাগাতে হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নিতে হবে।’
তিনি বলেন, ‘করিডোরটির বাস্তবায়নযোগ্যতা যাচাইয়ে প্রমাণভিত্তিক মূল্যায়ন, সম্ভাব্যতা সমীক্ষা এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ধারাবাহিক আলোচনা প্রয়োজন।’ এ জন্য গবেষণা ও নীতিগত সংলাপ জোরদার করার ওপরও গুরুত্ব দেন তিনি।
কুনমিং-কিয়াকফিউ সংযোগে নতুন সম্ভাবনা: বাংলাদেশের পরিকল্পনায় মিয়ানমারের কিয়াকফিউ বন্দর বিশেষ গুরুত্ব পাচ্ছে। চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের সঙ্গে মিয়ানমারের কিয়াকফিউয়ের সংযোগ স্থাপন করা গেলে সেটিকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের সঙ্গে সামুদ্রিক পথে যুক্ত করার সুযোগ তৈরি হতে পারে।
ইসমাইল জবিউল্লাহ জানান, চট্টগ্রাম থেকে কিয়াকফিউয়ের সমুদ্রপথের দূরত্ব প্রায় ৩৬৭ কিলোমিটার। ফলে কিয়াকফিউ ও কুনমিংয়ের মধ্যে কার্যকর সড়ক ও রেল যোগাযোগ গড়ে উঠলে বাংলাদেশ, মিয়ানমার ও চীনকে যুক্ত করে একটি নতুন অর্থনৈতিক করিডোর প্রতিষ্ঠা সম্ভব।
তিনি বলেন, ‘কুনমিংয়ের সঙ্গে চিকিৎসা পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় বাড়ানো বাংলাদেশের অন্যতম লক্ষ্য। বর্তমানে কুনমিং ও কিয়াকফিউয়ের মধ্যে তেল ও গ্যাস পাইপলাইন থাকলেও পূর্ণাঙ্গ ও বাণিজ্যিকভাবে কার্যকর সড়ক-রেল নেটওয়ার্ক গড়ে ওঠেনি।’
তার মতে, চীনের রুইলি থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠা করা গেলে তা আরও সুবিধাজনক হতো। কিন্তু রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি সেই পরিকল্পনার বাস্তবায়নকে কঠিন করে তুলেছে।
রাখাইনের স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ: প্রস্তাবিত করিডোরের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর। রাখাইনে স্থিতিশীলতা ছাড়া আঞ্চলিক বাণিজ্য, নিরাপদ যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা কঠিন বলে মনে করেন ইসমাইল জবিউল্লাহ।
তিনি আশা প্রকাশ করেন, মিয়ানমারের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক ও প্রভাব কাজে লাগিয়ে বেইজিং রাখাইনসহ বৃহত্তর অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখবে।
যোগাযোগ উন্নয়নে চীনের আগ্রহ: ফোরামে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ ইউয়িন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি চীনের পূর্ণ সমর্থন রয়েছে। বাংলাদেশের নিজস্ব বাস্তবতা অনুযায়ী উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকারকেও সম্মান করে বেইজিং।’
তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের সহযোগিতার দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো বন্দর ও সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক যোগাযোগ। আন্তর্জাতিক বাজারের সঙ্গে রপ্তানিমুখী শিল্পের সংযোগ বাড়াতে বাংলাদেশের বন্দর অবকাঠামোর উন্নয়ন জরুরি।’
লিউ ইউয়িন বলেন, ‘বন্দর পরিকল্পনা, নির্মাণ, পরিচালনা ও ব্যবস্থাপনায় চীনের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশের সঙ্গে এসব ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতা জোরদারে চীন প্রস্তুত।’
তিনি আরও বলেন, ‘বঙ্গোপসাগরকেন্দ্রিক কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশ দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ-পশ্চিম চীনের মধ্যে সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর এগিয়ে নেওয়া দুই দেশের অভিন্ন বোঝাপড়ার প্রতিফলন।’
করিডোরের সম্ভাবনা ও চ্যালেঞ্জ যৌথভাবে মূল্যায়ন করে বাস্তবসম্মত প্রকল্প চিহ্নিত করার আহ্বান জানান তিনি। তার মতে, ধাপে ধাপে উপযুক্ত পরিবেশ তৈরি করা গেলে এই উদ্যোগ আঞ্চলিক উন্নয়ন ও জনগণের কল্যাণে ভূমিকা রাখতে পারবে।
ঢাকায় চীনা দূতাবাস ও সেন্টার ফর চায়না স্টাডিজের সহায়তায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্ন্যান্স যৌথভাবে ফোরামটির আয়োজন করে। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহ। অনুষ্ঠানে বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান স্বাগত বক্তব্য দেন। সাংহাই ইনস্টিটিউটস ফর ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ গবেষক ড. লিউ জংই বিশেষ বক্তব্য দেন।
গত সোমবার হাম উপসর্গে মৃত্যুর কোন খবর না থাকলেও গত মঙ্গলবার ফের ৯ জনের মৃত্যু হয়েছিল। বুধবার (২৫ নভেম্বর) এই সংখ্যা কিছুটা কমেছে। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ শিশু। তবে এই সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৫৮ শিশু। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১০৫ শিশুর। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩৬৩ শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশু নিশ্চিত হাম আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে অসুস্থ হয়েছে ১ হাজার ৩৩৮ শিশু।
এই সময়ে ১ হাজার ২৬০ শিশুকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১২৯ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৫২৮। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩৭৪ জনের। এ সময়ে মোট ২ লাখ ৩৩ হাজার ২৫৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে ২ লাখ ২৪ হাজার ২৮৭ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।
সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। এ ছাড়া পুলিশের আরও সাত কর্মকর্তাকে বিভিন্ন শাখায় বদলি করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার আমিরুল ইসলামকে সুনামগঞ্জের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে লালমনিরহাটের পুলিশ সুপার, ডিএমপির উপকমিশনার তৌহিদুল আরিফকে নড়াইলের পুলিশ সুপার, এপিবিএনের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসেরকে খুলনার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীনকে ফেনীর পুলিশ সুপার, এসআরইউ-এর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলামকে গাইবান্ধার পুলিশ সুপার এবং সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। একই আদেশে সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) আবু বসার মোহাম্মদ জাকির হোসেন ও লালমনিরহাট জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে ট্যুরিস্ট পুলিশে, খুলনার পুলিশ সুপার মো. সরকার ওমর ফারুককে পুলিশ স্টাফ কলেজে, ফেনীর পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে এপিবিএন ট্রেনিং সেন্টারে, খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, এপিবিএনের পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলকে চট্রগ্রাম মেট্রোপলিটনে ও নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে পিবিআইতে বদলি করা হয়েছে।
এদিকে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন। এর মধ্যে একটি প্রজ্ঞাপনে আটজন এবং অপরটিতে ছয়জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন দুটিতে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রথম প্রজ্ঞাপনে মুহাম্মদ সাইফুল ইসলাম অতিরিক্ত ডিআইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা পদে পদায়ন করা হয়েছে; এ.এইচ.এম. শাহাদাত হোসাইন, পিপিএম (বার): পুলিশ সুপার (টিআর পদে), পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি করে পুলিশ সুপার, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা পদে পদায়ন করা হয়েছে; মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম: পুলিশ সুপার (টিআর পদে), পুলিশ অধিদপ্তর, ঢাকা থেকে বদলি করে বিশেষ পুলিশ সুপার, সিআইডি পদে পদায়ন করা হয়েছে; মো. সজীব খান: বিশেষ পুলিশ সুপার, সিআইডি থেকে বদলি করে পুলিশ সুপার, স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া মো. মিজানুর রহমান: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি করে উপপুলিশ কমিশনার, আরএমপি, রাজশাহী পদে পদায়ন করা হয়েছে; মাকসুদা খাতুন: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি করে পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ পদে পদায়ন করা হয়েছে; মোহাম্মদ মনিরুজ্জামান, পিপিএম-সেবা: বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা থেকে বদলি করে পুলিশ সুপার, নৌপুলিশ পদে পদায়ন করা হয়েছে; মো. রবিউল ইসলাম, পিএসসি: পুলিশ সুপার, পিবিআই থেকে বদলি করে বিশেষ পুলিশ সুপার, এসবি, ঢাকা পদে পদায়ন করা হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনে মো. মোয়াজ্জেম হোসেন: ডিআইজি, এসবি, ঢাকা থেকে বদলি করে ডিআইজি, এপিবিএন পদে পদায়ন করা হয়েছে; মো. সাজ্জাদুর রহমান: পুলিশ কমিশনার (ডিআইজি), কেএমপি, খুলনা থেকে বদলি করে ডিআইজি, সিআইডি পদে পদায়ন করা হয়েছে; মো. আসফিকুজ্জামান আকতার: যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা পদে পদায়ন করা হয়েছে; মো. নাজিমুল হক: অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, চট্টগ্রাম থেকে বদলি করে কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), আরআরএফ, সিলেট পদে পদায়ন করা হয়েছে; মুনশী শাহাবুদ্দীন: যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত ডিআইজি, রেঞ্জ ডিআইজির কার্যালয়, চট্টগ্রাম পদে পদায়ন করা হয়েছে এবং মো. কামরুল ইসলাম: অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার), এসবি, ঢাকা থেকে বদলি করে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি পুলিশ সুপার), আরপিএমপি, রংপুর পদে পদায়ন করা হয়েছে।
জুলাই অভ্যুত্থানের সময় শত শত নিরীহ মানুষকে হত্যার দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। শেখ হাসিনা দেশে ফিরে এলে আদালতের রায় কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের দেশব্যাপী পরিকল্পিত অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও, ভাঙচুর, লুটপাট ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। হুইপ দুলু বলেন, ‘সরকার ও বিরোধী দলের মধ্যে মতের ভিন্নতা থাকলেও ফ্যাসিস্ট প্রতিরোধ প্রশ্নে তারা ঐক্যবদ্ধ। পতিত ফ্যাসিস্টদের দ্বারা দেশে নৈরাজ্য হতে দেওয়া হবে না।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন পরে দেশের জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন। জনগণ পাঁচ বছরের জন্য এই সরকারকে ম্যান্ডেট দিয়েছে।’ হুইপ দুলু বিগত আওয়ামী লীগ সরকারের অত্যাচার ও অন্যায়ের উল্লেখ করে বলেন, ‘পৃথিবীতে যে যতটুকু অন্যায় অবিচার করবে তাকেও ঠিক ততটুকু ফল ভোগ করতে হবে।’ বিগত আওয়ামী লীগের আমলে লাখ লাখ কোটি টাকা লুটপাট হয়েছে বলে তিনি উল্লেখ করেন। প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ডা. নাছিমা ইসলাম চৌধুরী বৃষ্টিসহ অন্যান্য নেতারা।
স্বাস্থ্যসেবা, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, বন্যা নিয়ন্ত্রণসহ বিভিন্ন খাতের উন্নয়নে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের একনেকের অষ্টম সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।
সভা শেষে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত ১০টি প্রকল্পের মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা সম্প্রসারণ ও আধুনিকায়নে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে ঢাকার আশপাশের ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬০১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প রয়েছে। অন্য প্রকল্পটির আওতায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়ন ও সম্প্রসারণে ৮ হাজার ৯৭৯ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হবে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী রয়েছে।
এছাড়া যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও সংশ্লিষ্ট ভবন নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী এবং জাতীয় গ্যাস্ট্রোএন্টারোলজি ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের চতুর্থ মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন পেয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হলো পাবনা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী।
এ ছাড়া গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে হেরিং বোন বন্ড (এইচবিবি) রাস্তা নির্মাণ প্রকল্পের চতুর্থ সংশোধনী অনুমোদন পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে।
বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাশন ও সেচ সুবিধা উন্নয়নে কক্সবাজারের পেকুয়া উপজেলায় উপকূলীয় বেড়িবাঁধ ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। পানিসম্পদ মন্ত্রণালয় প্রকল্পটি বাস্তবায়ন করবে।
এদিকে, ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাতটি প্রকল্প সম্পর্কে সভায় জানানো হয়। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমার্জেন্সি আসিস্ট্যান্স প্রজেক্ট (এফআরইএপি) এবং কেন্দ্রীয় প্যাকিং হাউসের স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তজার্তিক মানে উন্নীতকরণ প্রকল্প।
অন্য প্রকল্পগুলো হলো ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ, বাংলাদেশের অভ্যন্তরীণ মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার,বাংলাদেশ (ভিআরসি,বি) শক্তিশালীকরণ এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন।
সভায় সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা অংশ নেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক শুরু হয়।বাংলাদেশ ভ্রমণ গাইড
পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, আজকের একনেক সভায় অনুমোদনের জন্য ১২টি উন্নয়ন প্রকল্প উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে চারটি সম্পূর্ণ নতুন এবং বাকি আটটি সংশোধিত প্রকল্প। সংশোধিত প্রকল্পগুলোর ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাব নিয়েও সভায় বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হচ্ছে।
সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও মন্ত্রীবর্গ, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত রয়েছেন। সভা শেষে অনুমোদিত প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য ও মোট ব্যয়ের পরিমাণ নিয়ে ব্রিফিং করার কথা রয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর সচিবালয়ে বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, সকালে গুলশানের বাসা থেকে সচিবালয়ে আসার পর তিনি বেশ কিছুক্ষণ বাইসাইকেল চালান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজন মাহমুদ জানান, দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলগুলোর নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছিল; মূলত ছাত্রীদের জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত এসব বাইসাইকেলের গুণগত মান এবং ব্যবহারিক দিক নিজে যাচাই করে দেখাই ছিল তাঁর বাইসাইকেল চালানোর উদ্দেশ্য।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মাঝে বিতরণের জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর কাছে নিয়ে আসা হলে তিনি সেগুলো চালিয়ে দেখেন। এ উদ্যোগের আওতায় ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে, যেখানে প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে প্রত্যাহার করেছে সরকার; তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। প্রত্যাহারকৃত তিন কর্মকর্তা হলেন—মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদ, মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং মেজর জেনারেল মো. জাহাংগীর আলম। মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ওই তিন সেনা কর্মকর্তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করার মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রদূত হিসেবে তাদের দায়িত্ব পালনের অবসান ঘটল। এর আগে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ প্রদানের জন্য এই তিন কর্মকর্তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। তবে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। এমন পরিস্থিতিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ বা পানিপ্রবাহের নিশ্চয়তামূলক ধারা অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ।
চুক্তির মেয়াদ শেষ হতে তিন সপ্তাহেরও কম সময় বাকি থাকলেও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনার কোনো সময়সূচি জানানো হয়নি। অন্যদিকে, বাংলাদেশ নতুন চুক্তির বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে ভারতের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছে।
এদিকে, গত রোববার ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠকে গঙ্গার পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদনটি দুই দেশের সরকারের কাছে উপস্থাপন করা হবে। তবে বৈঠকে চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি নিয়ে কোনো আলোচনা হয়নি। কারণ, চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ ও পর্যালোচনার দায়িত্ব যৌথ কমিটির হলেও নতুন চুক্তি নিয়ে আলোচনার এখতিয়ার রয়েছে দুই দেশের সরকার ও রাজনৈতিক নেতৃত্বের।
যৌথ নদী কমিশনের সদস্য এবং বাংলাদেশের পক্ষে যৌথ কমিটির প্রধান ড. মো. আনোয়ার কাদির জানিয়েছেন, বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা দুই দেশের সরকারের কাছে পাঠানো হবে।
জানতে চাইলে ড. মো. আনোয়ার কাদির বাসসকে বলেন, ‘গঙ্গা পানি বণ্টন চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। চুক্তির সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে দুই দেশের মধ্যে নিয়মিত তথ্য বিনিময়, পানিপ্রবাহ পর্যবেক্ষণ এবং যৌথভাবে পরিস্থিতি পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। আমরা আশা করি, যৌথ কমিটির ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে চুক্তির বাস্তবায়ন আরও কার্যকর হবে।’
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা ব্যারাজ ও বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানিপ্রবাহ পর্যবেক্ষণ করে যৌথ কমিটি। ১৯৯৭ সাল থেকে এ কার্যক্রমের ধারাবাহিকতায় প্রতিবছর পানিপ্রবাহ ও পানি বণ্টনের তথ্য পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হচ্ছে।
বাংলাদেশের অবস্থান হচ্ছে, কেবল বিদ্যমান চুক্তির মেয়াদ বাড়ানো নয়, বরং জাতীয় স্বার্থ সুরক্ষিত করে নতুন বা সংশোধিত চুক্তি করা। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলেও বাংলাদেশ যাতে নির্ধারিত পরিমাণ পানি পায়, সে নিশ্চয়তা নতুন চুক্তিতে রাখতে চায় সরকার।
এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাসসকে বলেন, বাংলাদেশ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায়। এ জন্য নতুন চুক্তিতে ১৯৭৭ সালের পানি বণ্টন চুক্তির মতো গ্যারান্টি ক্লজ ফিরিয়ে আনা বাংলাদেশের অগ্রাধিকার। আমরা ভারতের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত রয়েছি। দুই দেশের আলোচনার মাধ্যমে একটি দীর্ঘমেয়াদি ও গ্রহণযোগ্য সমাধান বেরিয়ে আসবে বলে আশা করি।
তিনি জানান, এ লক্ষ্যে তিনি ভারতের পানিসম্পদ মন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আনুষ্ঠানিক আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন।
১৯৭৭ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ কমে গেলে যেকোনো ১০ দিনের মেয়াদে বাংলাদেশকে তার নির্ধারিত হিস্যার অন্তত ৮০ শতাংশ পানি দেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে ১৯৯৬ সালের চুক্তিতে এ ধরনের নিশ্চয়তামূলক ধারা রাখা হয়নি। নতুন চুক্তিতে এ ধরনের ব্যবস্থা ফিরিয়ে আনার মাধ্যমে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির হিস্যা সুরক্ষিত করতে চায় সরকার।
বর্তমান চুক্তি অনুযায়ী, জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত ফারাক্কায় গঙ্গার পানির প্রবাহের ভিত্তিতে প্রতি ১০ দিন অন্তর দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়। ফারাক্কায় পানির প্রবাহ ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান ভাগে পানি পায়। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পায় ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেক বা তার বেশি হলে ভারত পায় ৪০ হাজার কিউসেক এবং অবশিষ্ট পানি পায় বাংলাদেশ। এ ছাড়া ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত তিনটি পালাক্রমিক ১০ দিন মেয়াদে উভয় দেশ ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।
গঙ্গা চুক্তি নিয়ে আলোচনার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন। এতে পানিসম্পদ, পররাষ্ট্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং নদী বিশেষজ্ঞরা রয়েছেন।
বাংলাদেশ গত জুনে ভারতকে আনুষ্ঠানিক আলোচনার প্রস্তাব দেয়। আগস্টে ভারতের পক্ষ থেকেও একটি কারিগরি কমিটি গঠনের অনুরোধ জানানো হয়। সর্বশেষ ১৭ নভেম্বর পানিসম্পদমন্ত্রী ভারতের পানিসম্পদমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে দ্রুত আলোচনা শুরুর আহ্বান জানান। তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে এখনো নির্দিষ্ট কোনো সময়সূচি পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন বাংলাদেশের জন্য শুধু পানিসম্পদের বিষয় নয়, এটি কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। আমরা এমন একটি চুক্তি চাই, যাতে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত হয় এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত থাকে।
এদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ও আঞ্চলিক স্বার্থও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারের পানির চাহিদা নতুন চুক্তি নিয়ে আলোচনায় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পশ্চিমবঙ্গের কাছে ভাগীরথী-হুগলি নদীতে পানিপ্রবাহ, নৌচলাচল ও বন্দর সচল রাখা গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিহার পানীয় জল ও শিল্পের জন্য পর্যাপ্ত পানি নিশ্চিত করতে আগ্রহী।
চুক্তির দ্বাদশ অনুচ্ছেদ অনুযায়ী, স্বাক্ষরের পর থেকে ৩০ বছর পর্যন্ত এটি কার্যকর থাকবে এবং দুই দেশের পারস্পরিক সম্মতির ভিত্তিতে নবায়ন করা যাবে। অর্থাৎ, চুক্তির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়ার কোনো সুযোগ নেই। দুই দেশের সম্মতি ছাড়া নবায়ন সম্ভব নয়।
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন কোনো সমঝোতা না হলে আগামী শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কারণ, গঙ্গার পানির ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচ, মৎস্য, নৌপরিবহন ও পরিবেশগত ভারসাম্য অনেকাংশে নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ কমে গেলে এ অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত হওয়া এবং নদীর নাব্যতা সংকটের আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানির সম্পদ বিভাগের অধ্যাপক ড. আতাউর রহমান বাসসকে বলেন, গঙ্গার পানি বণ্টন চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ নিশ্চিত করা। শুধু দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির সূত্র থাকলেই হবে না, নদীতে পানির প্রবাহ কমে গেলে বাংলাদেশ কতটুকু পানি পাবে, সেটিও চুক্তিতে স্পষ্ট থাকতে হবে। গ্যারান্টি ক্লজ না থাকলে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা কঠিন হতে পারে।
বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদী রয়েছে ৫৪টি। এর মধ্যে গঙ্গাই একমাত্র নদী, যার পানি বণ্টনে দুই দেশের মধ্যে কার্যকর চুক্তি রয়েছে। দীর্ঘদিন ধরে তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা চললেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ফলে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদি ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে নতুন চুক্তিতে শুধু পানির হিস্যা নির্ধারণ নয়, বরং প্রবাহের নিশ্চয়তা, তথ্য বিনিময়, শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলা এবং বর্ষায় অতিরিক্ত পানিপ্রবাহের ঝুঁকি ব্যবস্থাপনার বিষয়গুলোও গুরুত্ব পাওয়া প্রয়োজন। বাংলাদেশের জন্য এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করে জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নতুন চুক্তিতে অন্তর্ভুক্ত করা। সূত্র: বাসস