সোমবার, ৯ মার্চ ২০২৬
২৫ ফাল্গুন ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনে ২০০ পোশাকশ্রমিক নিহত

দাবি গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের
ছবি: সংগৃহীত
আপডেটেড
১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৩৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:৩৩

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রায় ২০০ জন পোশাকশ্রমিক নিহত হয়েছেন বলে দাবি করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এসব শ্রমিক হত্যার বিচার, দায়ীদের শাস্তি নিশ্চিত, হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানিয়েছে সংগঠনটি আজ রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আমিরুল হক আমিন বলেন, স্বৈরাচার পতনের আন্দোলনে ৮০০ (একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে ৮৭৫ জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে) মানুষ জীবন দিয়েছেন। তাদের মধ্যে পোশাকশ্রমিক ২০০ জন। তাই এটাকে শুধুমাত্র ছাত্র গণঅভ্যুত্থান না বলে ছাত্র-শ্রমিক গণঅভ্যুত্থান হিসেবে উল্লেখ করতে চাই।

তিনি বলেন, গত ১৫ বছরের স্বৈরাচারী শাসন আমলে দেশ থেকে পাচার হয়েছে ১৫ লাখ কোটি টাকা। আর এই ১৫ বছরে দেশবাসীর ঘাড়ে চেপেছে ১৮ লাখ কোটি টাকার বিদেশি ঋণের বোঝা। এই টাকা ফেরত আনাসহ দেশের মানুষকে বিদেশি ঋণের বোঝা মুক্ত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এখনই আলাপ-আলোচনা শুরু করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি।

আমিরুল হক আমিন আরও বলেন, গত ২ সেপ্টেম্বর থেকে মজুরি বৃদ্ধি, হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বাদ দেওয়া, নিয়োগে নারী-পুরুষ বৈষম্য, অন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলত ব্যবস্থা না নেওয়াসহ বিভিন্ন দাবিতে আশুলিয়া, গাজীপুর, টঙ্গী, কালিয়াকৈর, চন্দ্রা, নরসিংদী ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে শ্রমিকরা আন্দোলন করছেন। কোথাও কোথাও কারখানা ভাঙচুর, জ্বালাও-পোড়াও ও হামলার ঘটনা ঘটেছে। আমারা দেখেছি বহিরাগতরা শিল্পাঞ্চলে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন।

এসময় তিনি অন্তর্বর্তী সরকারের কাছে কিছু দাবি তুলে ধরেন। সেগুলো হলো:

১. অবিলম্বে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ৮ সদস্যসহ সব শ্রমিক হত্যার বিচার, দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
২. নিহত শ্রমিকদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।
৩. আহত শ্রমিকদের প্রয়োজনীয় এবং উচ্চতর চিকিৎসা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
৪. গত মজুরি আন্দোলনে ২০ হাজার পোশাকশ্রমিকের নামে দায়ের করা ৪৩ মামলাসহ শ্রমিকদের নামে দায়ের হওয়া মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
৫. সব কারখানায় সাত কর্মদিবসের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে হবে।


মাসিক পাঁচ হাজার টাকা সম্মানী পাচ্ছেন ইমাম পুরোহিতরা, শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগেই

১৪ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে দেশের সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য মাসিক সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করছে সরকার। আগামী ঈদুল ফিতরের আগেই একটি পাইলট স্কিমের আওতায় এই সম্মানী প্রদান কার্যক্রম শুরু হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ মার্চ সারা দেশে ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকার প্রদত্ত মাসিক ভাতা কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

রোববার (৮ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রাথমিক পর্যায়ে পাইলট স্কিমের আওতায় দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদ (প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে ১টি করে), ৯৯০টি মন্দির (প্রতিটি উপজেলা হতে ২টি করে), ১৪৪টি বৌদ্ধ বিহার (৭২টি উপজেলা হতে ২টি করে) এবং ৩৯৬টি গির্জা (১৯৮টি উপজেলা হতে ২টি করে) নির্বাচন করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে নির্ধারিত মাসিক ভাতার পরিমাণ হলো: মসজিদ: ইমাম ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা। মন্দির: পুরোহিত ৫,০০০ টাকা এবং সেবাইত ৩,০০০ টাকা। বৌদ্ধ বিহার: বিহার অধ্যক্ষ ৫,০০০ টাকা এবং বিহার উপাধ্যক্ষ ৩,০০০ টাকা। গির্জা: যাজক ৫,০০০ টাকা এবং সহকারী যাজক ৩,০০০ টাকা।

এছাড়া প্রতি বছর ঈদুল ফিতর ও ঈদুল আযহায় ১ হাজার টাকা করে এবং দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবাইত, অধ্যক্ষ ও যাজকদের ২ হাজার টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে।

পাইলট স্কিম বাস্তবায়নে চলতি অর্থবছরে ২৭ কোটি ১৩ লক্ষ টাকা প্রয়োজন হবে। আগামী ১৫ মার্চ ২০২৬ তারিখের মধ্যে নির্বাচিত উপকারভোগীদের নিকট সোনালী ব্যাংকের মাধ্যমে এই সম্মানি পৌঁছে দেওয়া হবে।

দেশের সকল উপাসনালয়কে এই কর্মসূচির অন্তর্ভুক্ত করা হলে বার্ষিক আনুমানিক ৪,৪০০ কোটি টাকা প্রয়োজন হবে। সরকার আগামী ৪ (চার) অর্থবছরে মোট চারটি ধাপে এটি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবে। ২০২৬-২৭ অর্থবছরে ১,১০০ কোটি, ২০২৭-২৮ অর্থবছরে ২,২০০ কোটি, ২০২৮-২৯ অর্থবছরে ৩,৩০০ কোটি এবং ২০২৯-৩০ অর্থবছরে পূর্ণাঙ্গ ৪,৪০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে।

ধর্মীয় নেতৃবৃন্দের জন্য স্থায়ীভাবে মাসিক সম্মানি প্রদানের লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়নের জন্য ৬ (ছয়) সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক ও অতিরিক্ত সচিবকে (বাজেট/সংস্থা) সদস্য সচিব করে গঠিত এই কমিটিতে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকসহ অর্থ বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিদের রাখা হয়েছে।

এই কমিটির প্রধান লক্ষ্যগুলো হলো—দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, খতিব-ইমাম ও ধর্মীয় প্রধানদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা বৃদ্ধি এবং তাদের কর্মের নিরাপত্তা নিশ্চিত করতে বিধিমালা বা নীতিমালা প্রণয়ন করা।


অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া ৫ রাষ্ট্রদূতকে প্রত্যাহার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের সময়ে বিভিন্ন দেশে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের চার রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনারকে প্রত্যাহার করেছে সরকার। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত এম. মাহফুজুল হক, মো. ময়নুল ইসলাম, এম. মুশফিকুল ফজল (আনসারী) এবং মো. নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারের পর এসব রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদরদপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।


স্বচ্ছতার পরোয়া না করেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার: টিআইবি

আপডেটেড ৯ মার্চ, ২০২৬ ০০:২৬
নিজস্ব প্রতিবেদক

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনো ধরনের স্বচ্ছতার পরোয়া না করেই। সেই সরকার তথ্য কমিশনকে দেড় বছর প্রতিষ্ঠিত হতে দেয়নি, এতে অবাক হওয়ার কিছু নেই। রোববার (৮ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তথ্য কমিশন গঠন ও তথ্য অধিকার আইনের প্রয়োজনীয় সংশোধনের দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য অধিকার ফোরাম।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, হয়তোবা অন্তর্বর্তী সরকারের কোনো কিছু গোপন করার মতো ছিল। যে কারণে পুরো চর্চাটাই ছিল অন্ধকারের মধ্যে। গোপনীয়তার মধ্যে সরকারি সিদ্ধান্ত প্রণীত হতে দেখেছি আমরা।

আওয়ামী লীগ সরকারে প্রসঙ্গে টেনে তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় তথ্য কমিশনকে অকার্যকর করে রাখা হয়েছিল, আর সুযোগ থাকার পরও অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো দৃষ্টান্ত দেখাতে পারেনি।

সুশানের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, তথ্য অধিকার আইন দিয়ে যেকোনো তথ্য পাওয়া সম্ভব, যা সরকারি কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করে। তথ্যের অধিকার মানে সত্য জানার অধিকার। নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করার অধিকার কারও নাই। গত ১৬ বছরে দেশে গণতন্ত্র অনুপস্থিত ছিল। রাজনৈতিক দলকে যেন সম্পৃক্ত করা হয়, যেন আমরা তাদের হিসেব নিকেশের বিষয়ে জানতে পারি। Politics

বিলস-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, তথ্য প্রবাহ ঠিক থাকলে এই যে বাংলাদেশ থেকে এতো টাকা লুট হলো সেটা কমানো যেত। তথ্য কমিশনের ক্ষেত্রে সরকারের জবাবদিহিতা দরকার যে কাকে ওই আসনে বসাবে সেটি যেন দলীয় না হয়। আর সরকার পরিবর্তন হলে সব পরিবর্তন করতে হবে এই সংস্কৃতিও পরিবর্তন দরকার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক এবং তথ্য অধিকার ফোরামের আহ্বায়ক শাহীন আনাম, মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই)-এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান ও নাগরিক উদ্যোগ-এর প্রধান নির্বাহী জাকির হোসেনসহ আরও অনেকে।


বাংলাদেশে ভারতের ঋণ প্রকল্পের জটিলতা সমাধানের আশ্বাস প্রণয় ভার্মার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ভারতের ঋণ সহায়তায় বাংলাদেশে বাস্তবায়নাধীন বিভিন্ন বড় প্রকল্পে যে জটিলতা তৈরি হয়েছে, সেগুলো সমাধানের আশ্বাস দিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, দুই দেশের যৌথ প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে সামগ্রিকভাবে উভয় পক্ষই সন্তুষ্ট, তবে যেসব বড় প্রকল্পে সমস্যা রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা চলছে।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।

প্রণয় ভার্মা বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে তার আলোচনা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে। বৈঠকে দুই দেশের আর্থিক খাতে সহযোগিতা বাড়ানো, অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের ঋণ সহায়তা কর্মসূচির আওতায় বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, এসব প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক। বড় প্রকল্পে কিছু প্রাথমিক জটিলতা থাকলেও সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। সামগ্রিকভাবে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে দুই পক্ষই সন্তুষ্ট বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশের আর্থিক খাতের অগ্রাধিকার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে ব্যবসা সহজীকরণ, করব্যবস্থার সংস্কার এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ভারতের ডিজিটাল পাবলিক অবকাঠামোর অভিজ্ঞতার কথাও অর্থমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান প্রণয় ভার্মা। প্রযুক্তির মাধ্যমে কীভাবে আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক অংশগ্রহণ আরও বিস্তৃত করা যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে। একই সঙ্গে দুই দেশের উন্নয়ন সহযোগিতা প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।

বাণিজ্য প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। সমুদ্র, স্থল ও আকাশপথে বিদ্যমান যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর ও সহজ করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ব্যবসা সহজীকরণের জন্য বিভিন্ন প্রক্রিয়া আরও সহজ করা গেলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সহযোগিতা বাড়বে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বাড়ার পাশাপাশি ভারতের বাজারে বাংলাদেশের রপ্তানিও বাড়তে পারে। একই সঙ্গে দুই দেশের অর্থনীতিকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক পর্যায়ে আরও ঘনিষ্ঠভাবে সংযুক্ত করার বিষয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দর ব্যবহারের সম্ভাবনা নিয়েও ভবিষ্যতে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হবে বলে আশা প্রকাশ করেন প্রণয় ভার্মা। তিনি বলেন, দুই দেশের উন্নয়ন অগ্রাধিকার, নতুন ধারণা, প্রযুক্তি এবং জনগণকেন্দ্রিক সহযোগিতার ভিত্তিতে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।


সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (৮ মার্চ) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৩০ মার্চ গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর বেনজীর আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগপত্রে বলা হয়, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের প্রমাণ পাওয়া যায়।

এতে মোট ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে বৈধ আয়ের উৎস হিসেবে পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। ব্যয় বাদে নিট সঞ্চয় দাঁড়ায় ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। ফলে বেনজীর আহমেদ জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়েছে, এসব অর্থের অবৈধ উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে তিনি বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তর করেছেন।


ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

আপডেটেড ৮ মার্চ, ২০২৬ ১৯:৩৬
দৈনিক বাংলা ডেস্ক

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ। রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের একটি বিশেষ শাখার সদস্যরা বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে আটক করেন। ভারতের প্রভাবশালী বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর গ্রেপ্তারের খবরটি নিশ্চিত করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখার সদস্যরা বনগাঁও সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ফয়সালকে নিজেদের হেফাজতে নেন। ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে ছিলেন এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ধারণা করা হচ্ছে, তিনি আইনি প্রক্রিয়া থেকে বাঁচতে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আত্মগোপন করার চেষ্টা করেছিলেন।

পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ফয়সালের বিষয়ে বর্তমানে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার আইনি দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে। ওসমান হাদি হত্যাকাণ্ডের মতো একটি স্পর্শকাতর ও আলোচিত মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ায় এই মামলার তদন্তে বড় ধরণের অগ্রগতি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বর্তমানে ফয়সাল ভারতীয় পুলিশের কঠোর নজরদারিতে রয়েছেন।


তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত এখনো নেই: জ্বালানিমন্ত্রী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তাই দাম বাড়তে পারে—এমন আশঙ্কায় সাধারণ মানুষের আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার কোনো প্রয়োজন নেই। রোববার (৮ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

মন্ত্রী তাঁর বক্তব্যে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে বর্তমানে এক ধরণের অনিশ্চয়তা বিরাজ করছে। বিশেষ করে যেসব দেশ থেকে বাংলাদেশে পেট্রোলিয়াম আমদানি করা হয়, সেসব অঞ্চলে সংঘাত চলায় সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার একটি আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার আগাম সতর্ক অবস্থান নিয়েছে এবং মজুতকৃত তেলের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে সাময়িকভাবে রেশনিং পদ্ধতি চালু করা হয়েছে। তিনি স্পষ্ট করেন যে, যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা নিশ্চিত নয় বলেই এই সর্তকতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে দীর্ঘ সময় সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়।

জ্বালানি তেলের বর্তমান মজুত ও আমদানি পরিস্থিতি নিয়ে মন্ত্রী আশার বাণী শুনিয়েছেন। তিনি জানান, সাগরে থাকা জ্বালানিবাহী জাহাজগুলো ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছাতে শুরু করেছে। আজ বেলা ১১টার দিকে একটি তেলবাহী জাহাজ বন্দরে নোঙর করেছে এবং আরও একটি জাহাজ দ্রুতই ভেড়ার অপেক্ষায় রয়েছে। এসব জাহাজ থেকে সরবরাহ শুরু হলে দেশের জ্বালানি মজুত আরও শক্তিশালী হবে এবং পাম্পগুলোতে দেখা দেওয়া ভিড় কমে আসবে। তিনি আবারও জোর দিয়ে বলেন, তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা এই মুহূর্তে সরকারের নেই, তাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলা তৈরি না করতে তিনি সবার প্রতি অনুরোধ জানান।

রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানান, পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় যাতে কোনোভাবেই লোডশেডিং না হয়, সে বিষয়ে বিদ্যুৎ বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, মাত্র ২০ দিন আগে দায়িত্ব নেওয়ার সময় তাঁরা একটি অত্যন্ত ভঙ্গুর জ্বালানি খাত পেয়েছেন, যেখানে আগের সরকারের ৭৬ হাজার কোটি টাকা বকেয়া রয়ে গেছে। এত বড় ঋণের বোঝা ও প্রতিকূলতার মাঝেও বর্তমান সরকার সিস্টেমটিকে সচল রাখতে সক্ষম হয়েছে।

আলোচনা সভায় সরকারের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন মন্ত্রী। তিনি বলেন, জনগণের সচেতনতা ও সমর্থন ছাড়া কোনো সরকারের পক্ষেই এই ধরণের সংকট মোকাবিলা করা সম্ভব নয়। তাই জনগণকে সচেতনভাবে জ্বালানি ব্যবহার করার এবং কোনো ধরণের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। উত্তরাঞ্চল ছাত্র ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা আক্তার রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম আলীমসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। সব মিলিয়ে সরকারের এই বক্তব্য জ্বালানি বাজার নিয়ে চলমান অস্থিরতা কমাতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


ঢাকা ওয়াসার এমডি আব্দুস সালাম ব্যাপারী অপসারিত: ঘণ্টা না পেরুতেই অর্থ পাচারের তদন্ত শুরু করল সিআইডি

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আব্দুস সালাম ব্যাপারীকে তাঁর পদ থেকে অপসারণ করেছে সরকার। এই সিদ্ধান্তের মাত্র এক ঘণ্টার মধ্যেই তাঁর বিরুদ্ধে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৮ মার্চ) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন। ওয়াসার শীর্ষ পদে এই রদবদল এবং তাৎক্ষণিক আইনি পদক্ষেপের ফলে প্রশাসনিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আজ দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে মো. আব্দুস সালাম ব্যাপারীর অপসারণের প্রক্রিয়াটি সম্পন্ন করা হয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আগে থেকেই একটি পদত্যাগপত্র প্রস্তুত করে রাখা হয়েছিল, যাতে আজ তাঁর স্বাক্ষর নেওয়া হয়। ঢাকা ওয়াসার মতো গুরুত্বপূর্ণ একটি সেবাধর্মী প্রতিষ্ঠানের শীর্ষ নেতৃত্বে এই পরিবর্তনের বিষয়টি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী অবগত রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। মূলত প্রতিষ্ঠানের কার্যক্রমে গতিশীলতা এবং স্বচ্ছতা ফিরিয়ে আনতেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পদ থেকে অপসারণের রেশ কাটতে না কাটতেই সিআইডির পক্ষ থেকে অর্থ পাচারের অনুসন্ধানের খবরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সিআইডি সূত্রে জানানো হয়েছে, আব্দুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে বিভিন্ন দেশে অবৈধভাবে অর্থ স্থানান্তরের কিছু সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য তাদের হাতে এসেছে। এই অনুসন্ধানের মাধ্যমে তাঁর আয়ের উৎস এবং বিদেশে অর্থ পাচারের প্রকৃত চিত্র উদঘাটন করা হবে। তদন্ত কর্মকর্তারা খতিয়ে দেখছেন যে, ওয়াসার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে এই অবৈধ লেনদেনের কোনো যোগসূত্র আছে কি না।

উল্লেখ্য, বর্তমান সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানের অংশ হিসেবে বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান চলছে, এই অপসারণ তারই একটি অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে। বর্তমানে ঢাকা ওয়াসার নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য নতুন নেতৃত্ব নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে এবং সংস্থাটির অভ্যন্তরীণ শৃঙ্খলা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। সব মিলিয়ে, এক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া এই ঘটনাগুলো দেশের সেবা খাতের সুশাসন প্রতিষ্ঠায় এক শক্তিশালী বার্তা হিসেবে গণ্য হচ্ছে।


১৬ মার্চ দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: পানিসম্পদমন্ত্রী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দিনাজপুর জেলা প্রতিনিধি

সারা দেশে কৃষির উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে এক বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে দেশব্যাপী খাল খনন ও পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন প্রকল্পের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান। পরিদর্শনের সময় তাঁর সাথে ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং স্থানীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী জানান, নির্বাচিত সরকার হিসেবে জনগুরুত্বপূর্ণ ও জনদাবির প্রেক্ষিতে এই বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৬ মার্চ প্রধানমন্ত্রী স্বশরীরে উপস্থিত থেকে সাহাপাড়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে এই প্রকল্পের কাজ শুরু হবে। বিশেষ করে উত্তরের জেলাগুলোতে বর্ষা মৌসুমে যে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়, এই খাল খননের ফলে তা স্থায়ীভাবে দূর হবে। এছাড়া খালের পানি সেচ কাজে ব্যবহারের সুযোগ পাবেন কৃষকরা, যা দেশের সামগ্রিক ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। সাহাপাড়া এলাকায় খননযোগ্য এই খালটির দৈর্ঘ্য প্রায় সাড়ে ১২ কিলোমিটার।

প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও কঠোর বার্তা দিয়েছেন পানিসম্পদমন্ত্রী। তিনি বলেন, “খাল খনন প্রক্রিয়ায় কোনোভাবেই যাতে দুর্নীতির আশ্রয় বা প্রশ্রয় না দেওয়া হয়, সেদিকে সরকার তীক্ষ্ণ নজর রাখবে। সম্পূর্ণ জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই কাজগুলো অত্যন্ত দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করা হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন নদীমাতৃক বাংলাদেশের হারানো জলপথগুলো প্রাণ ফিরে পাবে, অন্যদিকে স্থানীয় কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে সরকার দেশজুড়ে এই পুনঃখনন প্রকল্পটিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। প্রধানমন্ত্রীর সরাসরি অংশগ্রহণের মধ্য দিয়ে এই কর্মসূচিটি এক জাতীয় আন্দোলনে রূপ নেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দিনাজপুরের কাহারোল থেকে শুরু হওয়া এই প্রকল্পের সফল বাস্তবায়নে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী। সব মিলিয়ে ১৬ মার্চের এই উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তরের জনপদে এখন সাজ সাজ রব বিরাজ করছে।


ঈদের ছুটির মাঝে ১৮ মার্চও নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র শব-ই-কদর ও ঈদুল ফিতরের নির্ধারিত ছুটির মাঝে থাকা ১৮ মার্চ (বুধবার) একদিনের বিশেষ সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আজ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মূলত উৎসবের মৌসুমে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ছুটির সুযোগ করে দিতেই নির্বাহী আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে পূর্বনির্ধারিত ছুটির সাথে আরও একদিন যুক্ত হয়ে দেশজুড়ে ঈদের আমেজ দীর্ঘতর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে যে, ১৯৯৬ সালের কার্যপ্রণালী বিধিমালা অনুযায়ী অর্পিত ক্ষমতা বলে জনপ্রশাসন মন্ত্রণালয় এই নির্বাহী আদেশ জারি করেছে। এই আদেশের ফলে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ওই দিন বন্ধ থাকবে। নাগরিকদের নিরবচ্ছিন্ন উৎসব উদযাপনের কথা বিবেচনায় রেখেই সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে।

তবে জনসাধারণের ভোগান্তি কমাতে এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু সেবা এই ছুটির আওতামুক্ত রাখা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠানসমূহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম এবং পরিচ্ছন্নতা সেবা প্রদানকারী কর্মীরা যথারীতি কর্মস্থলে উপস্থিত থাকবেন। এছাড়া টেলিফোন, ইন্টারনেট ও ডাক সেবার মতো গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যমগুলো সচল থাকবে এবং এসকল সেবার সাথে সংশ্লিষ্ট যানবাহনগুলো চলাচলে কোনো বাধা থাকবে না।

চিকিৎসা সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে, হাসপাতাল ও জরুরি স্বাস্থ্য সেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। সকল পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহনগুলো নিয়মিত কার্যক্রম পরিচালনা করবে। এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ওই দিন লেনদেনের জন্য খোলা থাকবে কি না, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে উচ্চ আদালত ও নিম্ন আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট থেকে পৃথক নির্দেশনা আসবে বলে জানানো হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের মধ্যে উৎসবের বাড়তি আনন্দ লক্ষ্য করা যাচ্ছে।


হাইকোর্টে ৪ মামলায় জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জুলাই আন্দোলনের সময় যুবদল কর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রায় জালিয়াতির অভিযোগে দায়ের করা পৃথক চার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার (৮ মার্চ) বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ প্রদান করেন। তবে চারটি মামলায় জামিন পেলেও এখনই তাঁর কারামুক্তি ঘটছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

আদালত ও মামলার বিবরণী থেকে জানা গেছে, সাবেক এই প্রধান বিচারপতির বিরুদ্ধে বর্তমানে বেশ কয়েকটি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে গত বছরের জুলাই মাসে যাত্রাবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যাকাণ্ডের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। বাকি তিনটি মামলা মূলত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত রায় জালিয়াতি ও পরিবর্তনের অভিযোগে শাহবাগ, ফতুল্লা এবং বন্দর থানায় দায়ের করা হয়। নিম্ন আদালতে এসব মামলায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ার পর তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

শুনানিকালে সাবেক প্রধান বিচারপতির পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসরুল হক চৌধুরী, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার সারা হোসেন এবং সাঈদ আহমেদ রাজাসহ একঝাঁক আইনজীবী। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন। আইনজীবীরা জানান, আজ চারটি মামলায় জামিন মিললেও প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অন্য একটি মামলায় তাঁর জামিন এখনও হয়নি। ফলে আইনি বাধ্যবাধকতার কারণে এখনই তিনি কারাগার থেকে বের হতে পারছেন না।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবন থেকে বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাবন্দি রয়েছেন। দেশের বিচার বিভাগের ইতিহাসে সাবেক কোনো প্রধান বিচারপতির বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এবং একাধিক মামলার ঘটনা নজিরবিহীন, যা নিয়ে দীর্ঘ দিন ধরে রাজনৈতিক ও আইনি অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আজকের এই আদেশের মাধ্যমে তিনি আংশিক আইনি স্বস্তি পেলেও চূড়ান্ত মুক্তির জন্য তাঁকে দুদকের মামলার ফয়সালার অপেক্ষায় থাকতে হচ্ছে।


'শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান

আপডেটেড ৮ মার্চ, ২০২৬ ১৩:৩০
নিজস্ব প্রতিবেদক

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের জন্য ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। খালেদা জিয়ার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তার নাতনি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ মার্চ) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ আয়োজন করা হয়।

আন্তর্জাতিক নারী দিবসের এ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্যান্য বছরের মতো এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হলো। ১. গণতন্ত্রের অগ্রযাত্রায় ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ খালেদা জিয়া, ২. অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার, ৩. শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোছা. ববিতা খাতুন, ৪. সফল জননী নুরবানু কবীর, ৫. নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবনসংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং ৬. সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী মোছা. আফরোজা ইয়াসমিন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি তার বক্তব্যে বলেন, ‘শত অত্যাচারে বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল।’

তিনি বলেন, ‘নারীদের সাহস প্রজ্ঞা ও নেতৃত্ব আমাদের এগিয়ে নিয়ে যাবে। সমতা, মর্যাদা ও ন্যায় ভিত্তিক সমাজ গড়তে নারীদের অগ্রাধিকার দিতে হবে সব ক্ষেত্রে। নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়।’

ডা. জুবাইদা রহমান বলেন, ‘বাংলাদেশ এমন দেশ হবে, যেখানে সব নারীরা নিরাপদ থাকবেন। নারী দিবস সাম্যতা, ন্যায্যতা ও ন্যায় বিচারের অঙ্গীকারের হোক।’


সোমবার ফ্যামিলি কার্ড নিয়ে সংবাদ সম্মেলন, মঙ্গলবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য পরিবারগুলো প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবেন। এই মাইলফলক উদ্যোগের বিস্তারিত জানাতে আগামীকাল সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন এই মহতি প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলবেন।

পরদিন মঙ্গলবার (১০ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর কড়াইল এলাকায় উপস্থিত হয়ে সুবিধভোগী নারীদের হাতে নিজ হাতে এই কার্ড তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে এই প্রকল্পের পাইলটিং বা পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত হকদারদের খুঁজে বের করে এই কার্ড প্রদান করা হচ্ছে। সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, এই কার্ড হবে পুরোপুরি রাজনীতিমুক্ত ও সার্বজনীন। হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত পরিবারের প্রধান হিসেবে যিনি মা বা নারী সদস্য আছেন, তিনিই এই কার্ডের সুবিধাভোগী হবেন।

সরকার এই প্রকল্পটিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গঠিত একটি বিশেষ উপকমিটির সুপারিশের ভিত্তিতেই এই পাইলটিং প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমে ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম সফল করার পর তা পর্যায়ক্রমে দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। কোনো প্রকার রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়াই স্বচ্ছতার সাথে যোগ্যদের তালিকা তৈরি করা হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মূলত দেশের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের ক্ষমতায়নের পথ প্রশস্ত করাই এই ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য। সব মিলিয়ে এই উদ্যোগটি দেশের সামাজিক সুরক্ষা খাতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করা হচ্ছে।


banner close