সুন্দরবনে ২০২৩-২৪ সালের জরিপে ১২৫টি বাঘ পাওয়া গেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, ২০২৩-২৪ সালে সুন্দরবনের জাতীয় পশু বাঘ জরিপে ১২৫টি বাঘ পাওয়া গেছে। প্রতি ১০০ বর্গকিলোমিটারে বাঘের ঘনত্ব ২.৬৪।
তিনি জানান, ২০১৮ সালের তুলনায় ২০২৪ সালে বাঘের সংখ্যা বেড়েছে ১১টি। বৃদ্ধির এ হার ৯.৬৫ শতাংশ। ২০১৫ সালের তুলনায় বৃদ্ধির হার ১৭.৯২ শতাংশ।
রিজওয়ানা জানান, ২০১৫ সালে সুন্দরবনে ১০৬টি বাঘ ছিল। আর ঘনত্ব ছিল ২.১৭। ২০১৮ সালে ১১৪টি বাঘ পাওয়া যায়। আর ঘনত্ব ছিল ২.৫৫। ২০১৮ সালে বাঘের সংখ্যা আটটি বেড়েছিল এবং বৃদ্ধির হার ছিল প্রায় ৮ শতাংশ।
তিনি আরও জানান, ২০২৩-২৪ সালের জরিপে ২১টি বাঘ শাবকের ছবি পাওয়া গেছে, তবে শাবকদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়নি। কারণ ছোট বয়সে শাবকের মৃত্যুর হার অনেক বেশি। ২০১৫ ও ২০১৮ সালে মাত্র পাঁচটি শাবকের ছবি পাওয়া গিয়েছিল।
পরিবেশ উপদেষ্টা জানান, জরিপের ছবি ও তথ্য বিশ্লেষণ করে বাঘের সংখ্যা নির্ধারণ করা হয়। এ কাজে ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের মতামতও নেয়া হয়।
ব্রিফিংয়ে জানানো হয়, জরিপটি ২০২৩ সালের জানুয়ারিতে শুরু হয়ে ২০২৪ সালের মার্চে শেষ হয়। সুন্দরবনের ৬০৫টি গ্রিডে ১ হাজার ২১০টি ক্যামেরা ৩১৮ দিন রেখে দেয়া হয়, যার মধ্যে ৩৬৮টি গ্রিডে বাঘের ছবি পাওয়া যায়।
ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ১০ লক্ষাধিক ছবি ও ভিডিও থেকে সাত হাজার ২৯৭টি বাঘের ছবি পাওয়া যায়। এত বেশিসংখ্যক বাঘের ছবি এর আগে পাওয়া যায়নি।
একদিনের সফরে উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি। এরপর সকাল ১০ টার দিকে লালমনিরহাট পৌঁছান প্রধানমন্ত্রী।
দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
নির্ধারিত সফরসূচি অনুসারে, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করার পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী; পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন। এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করার পাশাপাশি সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
পরবর্তীকালে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ অপশক্তিকে প্রতিহত করতে দলমত নির্বিশেষে সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনে তিনি এই অনুরোধ জানান।
এর আগে সরকার দলীয় নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছে বলে মন্তব্য করেন স্পিকার।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এ বিষয়ে সংসদ সদস্যদের প্রতি বিনীত অনুরোধ জানান তিনি।
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুনসন্ত্রাস রুখে দিতে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ দলটি নিজেরাই প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছে, তখন পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। গত কয়েক দিনের ঘটনায় দলটির পুরোনো চরিত্র আবারও প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দলটির পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি। বিদেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক রাখার মনোভাব স্পষ্ট হয়ে গেছে।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশের মানুষ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি। ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মত নির্বিশেষে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সংসদের ভেতরে ও বাইরে থাকা গণতান্ত্রিক দলগুলোর উদ্দেশে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ স্লোগানও স্মরণ করেন।
এর আগে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের আগুনসন্ত্রাস, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা রাজনৈতিকভাবে মোকাবিলায় সংসদ সদস্যদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংসদের অধিবেশন শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বলেন তিনি।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর না করে প্রত্যেক সংসদ সদস্যকে নিজ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের অতীত আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগে দলটির সঙ্গে প্রশাসন ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো থাকলেও তারা ক্ষমতায় টিকতে পারেনি। এখন তাদের সঙ্গে কেউ নেই।
বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেটের বাধা: সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের কারণে বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। পলাতক সরকারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া স্থগিত বা কমিয়ে দিয়েছিল।
তিনি জানান, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করা সম্ভব হয়েছে। দেশটিতে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়েও অগ্রগতি হয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাড়িচালকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।
প্রণোদনা দিয়ে বিদেশে যাওয়ার খরচ কমানোর প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অর্থের উৎস ও বাস্তবায়নপ্রক্রিয়া স্পষ্ট করা হলে সরকার বিষয়টি বিবেচনা করতে পারে। সংসদ সদস্য কামরুল হাসান অভিযোগ করেন, দালালদের প্রতারণায় অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। দেশভিত্তিক কর্মীর চাহিদা ও অভিবাসন ব্যয় প্রকাশেরও প্রস্তাব দেন তিনি।
স্বাস্থ্যসেবায় বাড়ছে হাসপাতালের শয্যা: স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে যাতে বিদেশমুখী হতে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে দেশের সব উপজেলা হাসপাতালে নতুন শয্যা সংযোজনের দরপত্র প্রক্রিয়া শুরু হবে। আগামী পাঁচ বছরে ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, সরকারি হাসপাতালে শয্যাসংকটের কারণে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে থাকতে হয়। এমন রোগীর সংখ্যা প্রায় ৪০ লাখ বলে একটি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক সংকটের মধ্যেও গত কয়েক মাসে সারাদেশে প্রায় সাড়ে তিন হাজার নতুন শয্যা যুক্ত করা হয়েছে।
ঢাকায় বসছে এআই ট্রাফিক সিগন্যাল: রাজধানীর যানজট কমাতে ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এগুলো চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে তিন মাস আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন সিগন্যাল চালু হলে ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং যানজট কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরু এবং ছুটির সময়ে বড় শহরগুলোতে যানজট তৈরি হলেও মানুষের চলাচল সহজ করতে সরকার কাজ করছে।
মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর চিন্তা: রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, কয়েকটি রুটে মেট্রোরেল চালু হয়েছে। বাকি রুটগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তুলনামূলক কম জায়গা ব্যবহার করে চলাচলের সুযোগ থাকায় মনোরেল চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাবে তা বেড়ে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরা হয়।
অ্যান্টিবায়োটিক আবিষ্কার চিকিৎসাবিজ্ঞানে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। একসময় প্রাণঘাতী হিসেবে বিবেচিত বহু সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছে এই ওষুধের কল্যাণে। কিন্তু অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহারে সেই অর্জন এখন হুমকির মুখে। মানুষের শরীরে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে বিভিন্ন ধরনের জীবাণু। ফলে একের পর এক অ্যান্টিবায়োটিক হারাচ্ছে কার্যকারিতা। এমনকি গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী ওষুধও অনেক ক্ষেত্রে জীবাণুর বিরুদ্ধে কাজ করছে না। এতে নিউমোনিয়া, মূত্রনালির সংক্রমণ ও সেপসিসের মতো রোগের চিকিৎসাও কঠিন হয়ে উঠছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের প্রকাশিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট ২০২৫-২০২৬’-এ উঠে এসেছে এমন উদ্বেগজনক চিত্র। প্রতিবেদন অনুযায়ী, এক বছরে কার্বাপেনেম-প্রতিরোধী প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুর হার ২৮ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৩৬ দশমিক ২ শতাংশ হয়েছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রোগীদের শ্বাসনালির নমুনায় কিছু জীবাণুর ক্ষেত্রে এই প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।
প্রতিবেদনে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের মোট ৫০ হাজার ৮৪৪টি নমুনা বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ১৩ হাজার ২৫১টি নমুনায় ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়। গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত মেরোপেনেমের বিরুদ্ধে প্রধান ছয় ধরনের গ্রাম-নেগেটিভ জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার মধ্যে ৩ হাজার ৮১০টিতে প্রতিরোধক্ষমতা শনাক্ত হয়েছে।
জীবাণুভেদে পরিস্থিতি আরও উদ্বেগজনক। ক্লেবসিয়েলার ক্ষেত্রে কার্বাপেনেম প্রতিরোধের হার ২৭ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছে। ই. কোলাইয়ের ক্ষেত্রে এই হার ১৪ থেকে বেড়ে ২০ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। হাসপাতালকেন্দ্রিক সংক্রমণের জন্য পরিচিত অ্যাসিনেটোব্যাক্টর ও সিউডোমোনাসের ক্ষেত্রে প্রতিরোধের হার যথাক্রমে ৫৭ দশমিক ৫ ও ৫২ দশমিক ১ শতাংশ। বিশেষ করে আইসিইউ রোগীদের শ্বাসনালির নমুনায় ক্লেবসিয়েলা ও অ্যাসিনেটোব্যাক্টরের বিরুদ্ধে কার্বাপেনেমের কার্যকারিতা ৯৫ শতাংশের বেশি ক্ষেত্রে হারানোর তথ্য পাওয়া গেছে।
সাধারণ সংক্রমণেও কার্যকারিতা কমছে: অ্যান্টিবায়োটিক প্রতিরোধের ঝুঁকি শুধু আইসিইউ বা জটিল রোগের মধ্যে সীমাবদ্ধ নেই। মূত্রনালির সংক্রমণের অন্যতম প্রধান জীবাণু ই. কোলাইয়ের বিরুদ্ধেও বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে। প্রতিবেদনে দেখা যায়, মূত্রের নমুনায় পাওয়া ই. কোলাইয়ের ৮২ দশমিক ৮ শতাংশ অ্যামোক্সিসিলিন, ৭৩ দশমিক ৫ শতাংশ সিপ্রোফ্লক্সাসিন এবং ৯২ দশমিক ২ শতাংশ সেফট্রিয়াক্সোনের বিরুদ্ধে প্রতিরোধী। নাইট্রোফিউরানটইনের বিরুদ্ধে প্রতিরোধের হারও এক বছরে ৩৩ দশমিক ৩ থেকে বেড়ে ৫০ দশমিক ১ শতাংশ হয়েছে।
রক্তের নমুনায় পাওয়া ক্লেবসিয়েলার ৫৬ শতাংশ, অ্যাসিনেটোব্যাক্টরের ৬২ দশমিক ১ শতাংশ এবং ই. কোলাইয়ের ৩৩ দশমিক ৩ শতাংশ মেরোপেনেমের বিরুদ্ধে প্রতিরোধী। এ ছাড়া এমআরএসএ সংক্রমণের হার ২০২২-২৩ সালের ৯ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২৬ দশমিক ৩ শতাংশ হয়েছে। টাইফয়েড জীবাণুর প্রায় ৫০ শতাংশ সিপ্রোফ্লক্সাসিনের বিরুদ্ধে প্রতিরোধী, আগের বছর যা ছিল ৪০ দশমিক ৩ শতাংশ।
অপব্যবহারই প্রধান কারণ: বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক গ্রহণ, ভুল মাত্রায় ওষুধ ব্যবহার, নির্ধারিত সময়ের আগে চিকিৎসা বন্ধ করা এবং প্রয়োজন না থাকলেও শক্তিশালী অ্যান্টিবায়োটিক গ্রহণের কারণে জীবাণু প্রতিরোধী হয়ে উঠছে। পাশাপাশি হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণে দুর্বলতা এবং পোলট্রি ও গবাদিপশুতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারও পরিস্থিতিকে জটিল করছে।
বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে বিশ্বজুড়ে বহু মানুষ মারা যাচ্ছে। জীবাণু প্রতিরোধী হয়ে উঠলে রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ বন্ধ করতে হবে। ফার্মেসিতে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করাও জরুরি।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারের নির্দিষ্ট মাত্রা ও মেয়াদ রয়েছে। চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তা অনুসরণ করতে হবে। যথেচ্ছ ব্যবহারের কারণে রোগীর সংক্রমণ প্রতিরোধে প্রয়োজনের সময়ও অ্যান্টিবায়োটিক কার্যকর থাকছে না।
বিশেষজ্ঞরা বলছেন, এ সংকটের প্রভাব শুধু চিকিৎসায় সীমাবদ্ধ থাকবে না। প্রতিরোধী জীবাণুর সংক্রমণে হাসপাতালে দীর্ঘদিন থাকতে হতে পারে, বাড়বে চিকিৎসার ব্যয় এবং নিবিড় পরিচর্যার প্রয়োজন। ক্যান্সারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন ও বড় অস্ত্রোপচারের মতো আধুনিক চিকিৎসাও এতে ঝুঁকির মুখে পড়তে পারে। এ পরিস্থিতিতে বিএমইউর প্রতিবেদনে হাসপাতালভিত্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের নীতিমালা প্রণয়ন, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কর্মসূচি সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে গতকাল বুধবার বিএমইউতে বিভিন্ন সচেতনতামূলক র্যালি বের করা হয়। এবারের প্রতিপাদ্য, ‘এখনই পদক্ষেপ নিন, আমাদের বর্তমানকে রক্ষা করুন, আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন’। কর্মসূচিতে চিকিৎসক, রোগী ও সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।
দেশে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ২ লাখ ৫৩ হাজার ৯৪৫টি শিক্ষক পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। দেশের ৬৪ জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪৮ হাজার ৯৯৪টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে সহকারী শিক্ষকের পদ ১০ হাজার ২৪৭টি এবং প্রধান শিক্ষকের পদ ৩৮ হাজার ৭৪৭টি। মাধ্যমিক পর্যায়ে শিক্ষক পদ শূন্য রয়েছে ৮৮ হাজার ৩৮১টি। এর মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৩ হাজার ৪৮টি এবং বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় ৮৫ হাজার ৩৩৩টি পদ শূন্য। এমন তথ্যই দিলেন শিক্ষামন্ত্রী।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান ও ইলিয়াস মোল্লার পৃথক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য দেন। মন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনুমোদিত শিক্ষক পদ রয়েছে ২৬ হাজার ৬৮১টি। এর মধ্যে ১১ হাজার ৯৮৪টি পদে শিক্ষক কর্মরত আছেন এবং ১৪ হাজার ৬৯৭টি পদ শূন্য রয়েছে। মাদ্রাসা শিক্ষায় অনুমোদিত শিক্ষক পদ রয়েছে ২ লাখ ৫০ হাজার ৩০৮টি। এর বিপরীতে বর্তমানে ১ লাখ ৪৮ হাজার ৪৩৫ জন শিক্ষক কর্মরত আছেন। ফলে শূন্য রয়েছে ১ লাখ ১ হাজার ৮৭৩টি পদ।
সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার মাধ্যমিক পর্যায়ের শূন্য শিক্ষক পদের তালিকা তৈরি করেছে এবং সরকারি কর্ম কমিশনে (পিএসসি) নিয়োগের প্রস্তাব পাঠানোর জন্য এ-সংক্রান্ত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। তিনি বলেন, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদ পূরণে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শিক্ষকসংকট নিরসনে সরকার ইতোমধ্যে ৪৫তম ও ৪৯তম বিসিএসের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেছে। ৪৬তম ও ৪৭তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়া চলমান রয়েছে।
এ ছাড়া, ৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষাও শেষ হয়েছে। চলমান নিয়োগপ্রক্রিয়া শেষ হলে শিক্ষকসংকট কমবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন মিলন।
গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে এক মাসেরও কম সময় বাকি। এমন সময়ে যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের চার সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে। তবে ২১ থেকে ২৩ নভেম্বর অনুষ্ঠেয় এই বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচিতে ১৯৯৬ সালের গঙ্গা চুক্তি নবায়নের বিষয়টি রাখা হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গঙ্গার পানি বণ্টন কার্যক্রম পর্যবেক্ষণে গঠিত যৌথ কমিটির ৯১তম বৈঠকে অংশ নেবেন দুই দেশের প্রতিনিধিরা। বৈঠকে মূলত কমিটির বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হবে।
ভারতের সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এটি যৌথ কমিটির নিয়মিত বৈঠক। চুক্তির বিধান অনুযায়ী, ভারত ও বাংলাদেশে পর্যায়ক্রমে বছরে তিনবার এ বৈঠক হওয়ার কথা। সর্বশেষ গত ২২ মে কলকাতায় বৈঠক হয়।
চুক্তির ষষ্ঠ অনুচ্ছেদ অনুযায়ী, সংগৃহীত তথ্যের ভিত্তিতে যৌথ কমিটিকে প্রতি বছর দুই দেশের সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে হয়। আর সপ্তম অনুচ্ছেদে চুক্তি বাস্তবায়ন, পানি বণ্টন পর্যবেক্ষণ এবং ফারাক্কা ব্যারাজ পরিচালনাসংক্রান্ত বিষয় তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে কমিটিকে। কোনো বিরোধ কমিটির মাধ্যমে সমাধান না হলে তা যৌথ নদী কমিশনে পাঠানোর বিধান রয়েছে।
নবায়ন নিয়ে এখনো অনিশ্চয়তা: ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার কথা। কিন্তু চুক্তি নবায়ন কিংবা নতুন চুক্তি করার বিষয়ে দুই দেশের মধ্যে এখনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছে ভারতের একটি সরকারি সূত্র।
দ্য প্রিন্টকে ওই সূত্র জানিয়েছে, চুক্তির মেয়াদ বাড়ানো হবে কি না এবং বাড়ানো হলে কী শর্তে তা করা হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি রাজনৈতিক পর্যায়ে নির্ধারণ করতে হবে।
বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী গত সেপ্টেম্বরে দ্য প্রিন্টকে দেওয়া সাক্ষাৎকারে নতুন চুক্তিতে ১৯৭৭ সালের চুক্তির ‘গ্যারান্টি ক্লজ’ অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিলেন। তাঁর মতে, শুষ্ক মৌসুমে বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা দিতে এই ধারা গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, ভারতের অভ্যন্তরেও চুক্তিটি নিয়ে আপত্তি রয়েছে। বিশেষ করে বিহারের মতো রাজ্যের পক্ষ থেকে পানি বণ্টন নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। ভারতের রাজ্যসভার সদস্য ও জনতা দল (ইউনাইটেড)-এর জাতীয় সভাপতি সঞ্জয় কুমার ঝা চলতি বছরের শুরুতে চুক্তি বাতিলের আহ্বান জানিয়েছিলেন।
যেভাবে হয় পানি বণ্টন: ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়াদিল্লিতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহের ভিত্তিতে প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ১০ দিন অন্তর দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়।
নির্ধারিত সূত্র অনুযায়ী, পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ৭০ হাজার কিউসেক বা তার কম হলে দুই দেশ সমান পানি পাবে। প্রবাহ ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেকের মধ্যে থাকলে বাংলাদেশ পাবে ৩৫ হাজার কিউসেক, বাকি পানি পাবে ভারত। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেকের বেশি হলে ভারত পাবে ৪০ হাজার কিউসেক, অবশিষ্ট পানি পাবে বাংলাদেশ। তবে ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুষ্ক মৌসুমের সংকটপূর্ণ সময়ে বিশেষ ব্যবস্থা রয়েছে। এ সময়ে পর্যায়ক্রমে তিনটি ১০ দিন মেয়াদি সময়ে উভয় দেশকে ৩৫ হাজার কিউসেক করে পানি দেওয়ার বিধান রয়েছে।
চুক্তির সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো, ফারাক্কায় পানিপ্রবাহ অস্বাভাবিকভাবে কমে গেলে বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার বাধ্যবাধকতা নেই। কোনো ১০ দিন মেয়াদি সময়ে পানিপ্রবাহ প্রতি সেকেন্ডে ৫০ হাজার কিউসেকের নিচে নেমে গেলে দুই দেশকে জরুরি ভিত্তিতে আলোচনায় বসতে হবে। ন্যায্যতা, সুবিচার ও কোনো পক্ষের ক্ষতি না করার নীতিতে সমঝোতার মাধ্যমে তখন পানি বণ্টনের সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। ফলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে নবায়ন নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় গঙ্গার পানি বণ্টনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ থামছেই না। রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ, মহাসড়ক অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ অবস্থায় সাভার, আশুলিয়া ও গাজীপুরের ২০১টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে গাজীপুরের ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বন্ধ ২০১ পোশাক কারখানা: শ্রমিক অসন্তোষের জেরে গতকাল সাভার, আশুলিয়া ও গাজীপুরের মোট ২০১টি পোশাক কারখানায় কাজ বন্ধ ছিল। এর মধ্যে সাভার ও আশুলিয়ায় ১১২টি এবং গাজীপুরে ৮৯টি কারখানা রয়েছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ার ১১২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ১৪টি কারখানা বন্ধ করা হয়েছে। আটটিতে আগে থেকেই নোটিশ দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। নতুন করে সাধারণ ছুটি দেওয়া হয়েছে ৯০টি কারখানায়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সেখানে ৮৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৫০টিতে সাধারণ ছুটি এবং ৩৯টিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, খেজুরবাগান ও সাভারের হেমায়েতপুর এলাকার অনেক কারখানা বন্ধ রয়েছে। তার ভাষ্য, ডিসেম্বরের আগেই মজুরি কাঠামো ঘোষণা করে ১ ডিসেম্বর থেকে কার্যকর করার দাবি ছিল শ্রমিকদের। নিম্নতম মজুরি বোর্ডের ১৬ নভেম্বরের সভা স্থগিত হওয়া এবং মালিকপক্ষের প্রস্তাব না দেওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
সাভারে মহাসড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ: সাভারের উলাইল এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আল মুসলিম গ্রুপের শ্রমিকেরা। সকালে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেওয়ার পর দুপুর সোয়া দুইটার দিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকেরা বেরিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন।
প্রায় আধা ঘণ্টা পর পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। বিকেল পৌনে চারটার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ এসব ব্যবস্থা নেয়।
গাজীপুরে ৩৯ কারখানা বন্ধ, পুলিশের গাড়িতে আগুন: গাজীপুরে কয়েক দিন ধরে ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলন চলছে। গতকাল সকাল সাড়ে আটটার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তারা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। শ্রমিকদের সরিয়ে দিতে সকাল সোয়া নয়টার দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকেরা হারিকেন এলাকায় অবস্থান নেন।
এদিকে সকাল সোয়া ১০টার দিকে ছয়দানা এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। শ্রমিক আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের গাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কোনাবাড়ী ফ্লাইওভারের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে।
মিরপুরে শ্রমিক-পুলিশ-বিজিবি সংঘর্ষ: রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় গতকাল দুপুর ১২টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার পর শ্রমিকেরা মিরপুর-১১ মেট্রোস্টেশন এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর-১২ নম্বরে গেলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ থেকে ১২টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান জানান, মাইকিং করে সড়ক অবরোধ না করার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু শ্রমিকেরা তা না মেনে ইটপাটকেল নিক্ষেপ করেন। সেখানে প্রায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক জড়ো হয়েছিলেন। পরে তাদের সরিয়ে দেওয়া হয়।
এর আগে সকালে কাফরুলেও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা ছড়ায়।
চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন: শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে মোট ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ায় ২০ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা কাজ করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্য ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।
নারায়ণগঞ্জে স্বাভাবিক উৎপাদন: শ্রমিক অসন্তোষের মধ্যেও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল। বুধবার সকাল থেকে জেলার প্রায় দেড় হাজার পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দর এলাকার কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত ছিল। সেখানে কোনো কারখানা বন্ধের ঘোষণা আসেনি।
শ্রমিকেরা জানান, তারা দ্রুত ন্যায্য মজুরি বাস্তবায়ন চান। মালিক, শ্রমিক ও সরকারের আলোচনার মাধ্যমে দাবি পূরণ হবে বলে তারা আশা করছেন।
৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানান, আগে যেসব শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেগুলো চিহ্নিত করে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নারায়ণগঞ্জে দেড় হাজারের বেশি পোশাক কারখানায় প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মালিক ও শ্রমিকদের আন্তরিকতার কারণে শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রয়েছে।
দেশের পানি ব্যবস্থাপনা, কৃষি উৎপাদন ও জলাবদ্ধতা নিরসনে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন এবং পুনঃখননে ৬ হাজার ৯২২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পানি নিষ্কাশন ও সেচ সুবিধা বাড়ানোর লক্ষ্য নিয়ে নেওয়া এই প্রকল্পটি এবারের অনুমোদিত উন্নয়ন উদ্যোগগুলোর মধ্যে বিশেষ গুরুত্ব বহন করছে। বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে মোট ১৬টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।
এদিকে একনেক সভা শেষে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। উন্নয়নের সুফল যেন শুধু শহরের মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং দেশের অধিকাংশ মানুষের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে চায় সরকার।
তিনি বলেন, অর্থবছরের সময়সীমার সঙ্গে সমন্বয় করতে গিয়ে কোনো কোনো প্রকল্প অনুমোদন দেওয়া হলেও বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্যতা যাচাইয়ের শর্ত পূরণ করতে হবে।
প্রকল্পের আওতায় সেতু নির্মাণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অতীতে অনেক সেতু নির্মাণের ফলে নদীর প্রশস্ততা ও স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন সেতুর নকশায় নদীর দুই তীরের মধ্যে সংযোগ নিশ্চিত করার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সরকারের নির্বাচনী অঙ্গীকারের অন্যতম লক্ষ্য হচ্ছে বৈষম্য কমিয়ে একটি সুষম ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা। শুধু শহরকেন্দ্রিক বিনিয়োগ হলে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হবেন। তাই গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে বলেও উল্লেখ করেন জোনায়েদ সাকি।
তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্পের অগ্রাধিকারে পরিবর্তন আসে। কখনো সড়ক যোগাযোগ, কখনো মেট্রোরেল, কখনো পানি ব্যবস্থাপনা আবার কখনো গ্রামীণ অবকাঠামো গুরুত্ব পায়। এবারের একনেকে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প বেশি এসেছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আগামী এক মাসে এ ধরনের প্রকল্প আরও বেশি আসতে পারে।
পানি ব্যবস্থাপনায় দেশব্যাপী উদ্যোগ: দেশের বিভিন্ন অঞ্চলে খাল, ছোট নদী ও জলাশয় ভরাট হয়ে যাওয়া এবং পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা তৈরি হয়। অন্যদিকে শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট কৃষির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এ অবস্থায় খনন ও পুনঃখননের মাধ্যমে পানি প্রবাহ সচল করা এবং সেচ সুবিধা বাড়ানোর উদ্যোগটি গুরুত্বপূর্ণ।
প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত। পরিকল্পনা অনুযায়ী, এর মাধ্যমে পানি নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে দেশব্যাপী কাজ করা হবে।
এ উদ্যোগের গুরুত্ব শুধু জলাবদ্ধতা নিরসনে সীমাবদ্ধ নয়। কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে কৃষিজমিতে সেচের পানির প্রাপ্যতা বাড়ানো, বর্ষার পানি দ্রুত নিষ্কাশন এবং স্থানীয় জলসম্পদের ব্যবহার উন্নত করার সুযোগ তৈরি হতে পারে।
সেতু নির্মাণে সবচেয়ে বড় প্রকল্প: অর্থের হিসাবে এবারের একনেক সভায় সবচেয়ে বড় প্রকল্প উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ। এতে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। ২০২৬ থেকে ২০৩১ মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়ন, বিচ্ছিন্ন জনপদের সঙ্গে সড়ক সংযোগ স্থাপন এবং পণ্য পরিবহন সহজ করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যেসব এলাকায় নদী ও খালের কারণে সরাসরি সড়ক যোগাযোগ ব্যাহত হয়, সেখানে দীর্ঘ সেতু নির্মাণ মানুষের চলাচল ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
নদীভাঙন রোধ ও রাজধানীর পানি ব্যবস্থাপনা: পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধে ৪৯১ কোটি ৮৫ লাখ টাকা এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরে সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বিভিন্ন এলাকা রক্ষায় ৯৩৮ কোটি ২৫ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে। এ ছাড়া মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণে ৫৬৭ কোটি ৪ লাখ টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রকল্প ঋণ হিসেবে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা রাখা হয়েছে।
রাজধানীর পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণেও ৯৯৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে।
গ্রামীণ অবকাঠামো ও সড়ক উন্নয়ন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকা, ফরিদপুর ও রাজবাড়ীতে ২ হাজার ৮১৭ কোটি ৭৩ লাখ টাকা এবং বৃহত্তর যশোরে ২ হাজার ১৯৯ কোটি টাকা ব্যয় অনুমোদন করা হয়েছে।
অন্যদিকে, মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীত করতে ১ হাজার ৯৩৭ কোটি ৫ লাখ টাকা এবং জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক উন্নয়নে ৪৭২ কোটি ৩৭ লাখ টাকা অনুমোদন দেওয়া হয়েছে।
সব মিলিয়ে ১৬টি প্রকল্পের মোট ব্যয় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন, যাদের মধ্যে গুরুতর আহত সোহেল ও শাহীন নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে হাসপাতাল কিংবা পুলিশের পক্ষ থেকে এখনো তাদের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলার শিকার হয়।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই সেখানে ওত পেতে থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাদের শোভাযাত্রায় অতর্কিত হামলা চালান। হামলাকারীরা নেতাকর্মীদের মারধরের পাশাপাশি বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হামলায় আহতদের মধ্যে রয়েছেন কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল (৩৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে শাহীন ও সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়।
পরে গুরুতর আহত সোহেল ও শাহীনের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে। তবে তাদের মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ বা পুলিশের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বিএনপির পক্ষ থেকে এ হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করা হলেও পুলিশি তদন্তে এখন পর্যন্ত কারও সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
দেশের বিরুদ্ধে যেকোনও ষড়যন্ত্র রুখে দিতে দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, গণতন্ত্রকামী জনগণ ফ্যাসিস্ট অপশক্তিকে মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই তাদের বিষদাঁত ভেঙে দেওয়া হবে।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
তারেক রহমান বলেন, ‘পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকে ঠেকাতে এবং দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষে সব রাজনৈতিক শক্তিকে ’২৪-এর মতো এক মঞ্চে এসে দাঁড়ানো।’
তিনি আরও বলেন, ‘এই সংসদে উপস্থিত প্রতিনিধিত্বকারী প্রত্যেকটি গণতান্ত্রিক দল এবং এই সংসদের বাইরে অন্য যেসব গণতান্ত্রিক দল আছে, সবার প্রতি আমি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’
পলাতক ফ্যাসিস্ট চক্রের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘এত মানুষ হত্যা, এত মানুষ গুম, এত নির্যাতনের পরেও তাদের চরিত্রের কোনও পরিবর্তন হয়নি। দেশে কিংবা প্রবাসে যেখানেই তারা থাকুক, তাদের একটাই চরিত্র; এরা সন্ত্রাসী।’
তিনি বলেন, ‘এই সন্ত্রাসীরা দেশে-বিদেশে পুনরায় সন্ত্রাসে লিপ্ত হয়েছে। তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, আমরা দেখেছি। দুই দিন আগে এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে তারা কীভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল, সেটিও আমরা দেখেছি। এরপর এনসিপি যখন আমেরিকায় গিয়েছিল, তখন তাদের সঙ্গে কী আচরণ করা হয়েছে, তা-ও দেখেছি। শুধু তাই নয়, ইতালিতে একজন নারী শিল্পীর ওপর তারা কীভাবে বর্বর আক্রমণ চালিয়েছিল, সেটিও দেশবাসী লক্ষ্য করেছে।’
তারেক রহমান অভিযোগ করেন, ‘সন্ত্রাসী দলের পলাতক নেত্রী তার সন্ত্রাসীদের গণতান্ত্রিক জনগণের ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গণতান্ত্রিক জনগণকে হত্যার জন্য তালিকা প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। বেপরোয়া সন্ত্রাস চালিয়ে দেশে কার্যক্রম নিষিদ্ধ এই দলটি প্রমাণ করেছে, এরা কোনও রাজনৈতিক দল নয়। এরা সন্ত্রাসী গোষ্ঠী।’
তিনি বলেন, ‘দেশে-বিদেশে একবার নয়, দুইবার নয়, বারবার তারা প্রমাণ করেছে, তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের এমন বেপরোয়া সন্ত্রাস কোনওভাবে মেনে নেওয়া যায় না।’
সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘তারা বাংলাদেশের স্বাধীনতাকামী গণতান্ত্রিক জনগণের সঙ্গে নয়, বরং সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে আগ্রহী। এর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাপ্রিয় জনগণের প্রতি তাদের মনোভাব স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেছে।’
বক্তব্যের শেষ পর্যায়ে তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করবো, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করবো, আমাদের সংসদ, এই স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করবো। বাংলাদেশকে আর কোনও তাবেদারের হাতে আমরা সঁপে দেবো না।’
তিনি আরও বলেন, ‘যাদের হাতে মানুষের গোলামির জিঞ্জির, সেই অপশক্তিকে, সেই তাবেদারি শক্তিকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ আর মাথা তুলে দাঁড়াতে দেবে না। মাথা তুলে দাঁড়ানোর আগেই এই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।’
পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ভাটারা এলাকা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
২০১৮ সালে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়ে ব্যাপকভাবে সমালোচিত হয়েছিলেন মাওলানা মুফতি রুহুল আমিন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলেও জানা যায়।
বায়তুল মোকাররমের খতিবের পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান মাওলানা মুফতি রুহুল আমিন। এর প্রায় ৬ সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ জুমার নামাজের আগে অনুসারীদের নিয়ে মসজিদে গেলে খুতবা চলাকালীন মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারী এবং উপস্থিত মুসল্লি ও অপর পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে বেশ কয়েকজন আহত হন এবং মসজিদের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হয়।
মসজিদে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনার দুই দিন পর ২২ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব পদ থেকে অপসারণ করা হয়।
দলীয় কার্যক্রম জোরদার এবং তৃণমূলের মানুষের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে বিএনপির সব সংসদ সদস্যকে নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সভাপতি তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
দুপুর আড়াইটায় শুরু হওয়া বৈঠকটি বিকাল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির সংসদীয় দলের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থান করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন তিনি।
বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়ানো এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার ও উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট মাসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে অর্থাৎ ২০২৬ সালের ১৯ অক্টোবর হিসাবে বাংলাদেশের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের মতো।
তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। এই প্রধান উৎসের একটি চালু করার উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন।
তারেক রহমান বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি, হুন্ডি প্রতিরোধ, লেনদেন সহজ করা এবং দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে। দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপন প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশে নতুন রেমিট্যান্স পাঠানোর সংযোগ যুক্ত করা সহজ হচ্ছে। প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধি পাওয়ায় ট্রান্সফার খরচ কমেছে।
তিনি আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি বাড়াতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের বিপরীতে বাংলাদেশ সরকার নগদ সহায়তা বা প্রণোদনা প্রদান করেছে। এছাড়া, কম খরচে রেমিট্যান্স পাঠানোর জন্য এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে রেমিট্যান্স পাঠানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও নিরবচ্ছিন্ন রাখতে নতুন ধারণা, প্রযুক্তি ও মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।