শনিবার, ২২ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩

শেখ হাসিনার ফ্যাসিস্ট দলের স্থান এখন বাংলাদেশ নেই

যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল টাইমসকে ড. ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪ ২০:৫০

ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য’ প্রকাশ করছে বলে অভিযোগ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘দেশের রাজনীতিতে এ দলের এখন কোনো জায়গা নেই।’

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন। বুধবার পত্রিকাটির অনলাইন সংস্করণে এই সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে।

পত্রিকাটি লিখেছে, বাংলাদেশের ‘প্রাচীনতম ও বৃহত্তম’ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার বিষয়টি সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন শান্তিতে নোবেলজয়ী ইউনূস। গত আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসন অবসানের পর ৮৪ বছর বয়সি ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, তার অন্তর্বর্তী সরকার এখনই ভারত থেকে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে না। পত্রিকাটি বলছে, সর্ববৃহৎ প্রতিবেশী দেশের (ভারত) সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক উত্তেজনা বাড়িয়ে দিতে পারে এমন চিন্তা থেকে হয়তো এ দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘স্বল্প মেয়াদে হলেও নিশ্চিতভাবেই বাংলাদেশে তার (শেখ হাসিনা) কোনো জায়গা নেই- আওয়ামী লীগের কোনো জায়গা নেই।’

তিনি আরও বলেন, ‘তারা জনগণকে নিয়ন্ত্রণ করেছে, তারা রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করেছে, তারা প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করেছে শুধু নিজেদের স্বার্থ বাড়িয়ে নিতে। একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো ফ্যাসিস্ট দলের অস্তিত্ব থাকা উচিত নয়।’

প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও মানবাধিকার সংস্থাগুলো সাম্প্রতিক নির্বাচনে কারচুপি, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং শেখ হাসিনার ১৫ বছরেরও বেশি শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের অভিযোগ তুলেছে আওয়ামী লীগের বিরুদ্ধে।

শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা এবং সাম্প্রতিক নির্বাচনগুলোয় আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ করেছেন রাজনৈতিক ভিন্নমতাবলম্বী ও মানবাধিকার সংস্থাগুলো।

ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা ৫ আগস্ট পালিয়ে ভারতে যান। এর পর থেকে বাংলাদেশিরা আওয়ামী লীগকে সাময়িকভাবে রাজনীতি থেকে স্থগিত করা উচিত, সংস্কার করা উচিত বা সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত কি না তা নিয়ে বিতর্ক করছেন।

প্রধান উপদেষ্টা ধারণা করছেন, আওয়ামী লীগ ভেঙে যেতে পারে। তবে দলটির ভাগ্য অন্তর্বর্তী সরকার দ্বারা নির্ধারিত হবে না। কারণ এটি রাজনৈতিক সরকার নয়।

এমনকি আওয়ামী লীগ ভবিষ্যতে নির্বাচনে অংশ নিতে পারবে কি না সে বিষয়ে যেকোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর ‘ঐকমত্যে’র ভিত্তিতে নেওয়া হবে বলে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

শেখ হাসিনাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর সরকার হাসিনাকে ফেরত চাইবে বলে জানিয়েছেন ড. ইউনূস। তিনি বলেন, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এ মামলার রায় ঘোষণার পর ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। আমি মনে করি না যে, রায় হওয়ার আগে এটা করার দরকার আছে।

রাজনীতিতে যোগ দেওয়া বা রাজনৈতিক দল গঠনের কোনো ইচ্ছা নেই জানিয়ে ড. ইউনূস বলেন, তার সরকার এখন পর্যন্ত নির্বাচনের রূপরেখাও চূড়ান্ত করেনি। আমাদের কাজ সবকিছু স্বাভাবিক করা এবং সংস্কার সম্পন্ন করা। নির্বাচনের সব প্রস্তুতি শেষ হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ নিয়ে আলোচনা করব।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ড. ইউনূসের সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ছাত্র-জনতার আন্দোলনে প্রায় ৮০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে, হিন্দুদের ওপর ব্যাপক নৃশংসতা নিয়ে ভারত যে অভিযোগ করছে তার কোনো সত্যতা নিশ্চিত করেনি মানবাধিকার সংস্থাগুলো।

ড. ইউনূস ফিন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার ‘কিছু ঘটনা’ ঘটেছে এবং ‘খুব অল্প সংখ্যক’ প্রাণহানি হয়েছে। তবে তাদেরকে ধর্মের ভিত্তিতে নয়, আওয়ামী লীগের অনুসারী হিসেবে টার্গেট করা হয়েছে। আগস্টে হামলার শিকার অধিকাংশ হিন্দু আওয়ামী লীগের সমর্থক ছিলেন। এটাকে ভিন্ন রূপ দেওয়া হচ্ছে।

‘আমরা প্রতিবেশী। আমাদের একে অপরের প্রয়োজন। আমাদের মধ্যে অবশ্যই সবচেয়ে ভালো সম্পর্ক থাকতে হবে, যেমনটি দুই প্রতিবেশীর থাকা উচিত,’ যোগ করেন তিনি।


নির্বাচিত

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম-এর দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এছাড়া আগামী পাঁচদিন পর দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।


নির্বাচিত

তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

তাড়াহুড়া করে নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে আলোচনায় অগ্রগতি হলে উপযুক্ত সময়ে ভারত সফর করা হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। তবে কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়। ভারত থেকে ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত আসছে। তারা স্বীকার করেছে যে বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে—বিশেষ করে ৫ আগস্টের পর পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শনিবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন হুমায়ুন কবির।

তিনি বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। তবে কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব নয়।

ভারত সফরের বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, একটু অগ্রগতি হোক। আলোচনার ভিত্তিতে এবং আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা অবশ্যই যাব, যখন সময়টা উপযুক্ত হবে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আমরা ভারতের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক চাই। কেন রাখব না? তারা আমাদের প্রতিবেশী। আমাদের একটি কার্যকর সম্পর্ক থাকা উচিত। তবে জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, শুধু ভারত নয়, কোনো দেশের সঙ্গেই আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে আপস করে আমরা কিছু করতে পারি না।

শেখ হাসিনার প্রত্যর্পণের প্রসঙ্গ তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেড় হাজার মানুষ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসী হিসেবে ভারতে গেছেন। তার বিরুদ্ধে কয়েকটি মামলায় বিচারিক প্রক্রিয়ার ফলও এসেছে। আরও অনেক মামলা বিচারাধীন।

তিনি বলেন, ভারতের সঙ্গে আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে। সুতরাং এগুলো নতুন কোনো শর্ত বা নতুন কোনো ধরনের সম্পৃক্ততার বিষয় নয়; এগুলো চলমান বিষয়।

ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাসহ অন্য অপরাধীদের ফিরিয়ে আনার বিষয়টি বাংলাদেশের মানুষের প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, আরও অপরাধী আছে, যারা পালিয়ে ভারতে আছে। এটা বাংলাদেশের মানুষের স্বাভাবিক দাবি এবং তাদের অনুভূতির বিষয়। সেই প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েই ভারতের সঙ্গে আমরা সম্পৃক্ত হতে চাই।

তিনি বলেন, ‘আমরা ভারতের সঙ্গে সম্পৃক্ত হব। আমরা একটি ইতিবাচক সম্পর্ক চাই। কিন্তু বাংলাদেশের জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই তা করতে হবে।

ভারত সফরে কোনো তাড়াহুড়া নেই জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা যদি আগামীকালও জাতীয় স্বার্থের ভিত্তিতে একটি ঐকমত্যে পৌঁছাতে পারি, তাহলে আগামী সপ্তাহে যেতে পারি, অথবা পরের সপ্তাহেও যেতে পারি। এখানে কোনো তাড়াহুড়া নেই।

প্রধানমন্ত্রী পর্যায়ের সফরের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও আলোচনা দরকার উল্লেখ করে তিনি বলেন, এখানে আলোচনা করার বিষয় আছে, প্রস্তুতি নেওয়ার বিষয় আছে। প্রধানমন্ত্রী পর্যায়ের সফর তো এমন নয় যে হুট করে গিয়ে হয়ে গেল। এটা কোনো খেলার বিষয় নয়।

তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধানের বৈঠকের আগে কিছু প্রস্তুতি ও ভিত্তি তৈরি করতে হবে। আমরা সেটিই করছি। ভারতের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত পাওয়া যাচ্ছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, সেখান থেকেও ইতিবাচক মনোভাব ও সদিচ্ছার ইঙ্গিত আসছে।

বাংলাদেশের মানুষের অনুভূতির বিষয়টি ভারতও স্বীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, আপনারা দেখছেন, ভারত থেকেও এ বিষয়ে বক্তব্য আসছে। তারা স্বীকার করেছে যে বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে—বিশেষ করে ৫ আগস্টের পর পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন বাংলাদেশের মানুষের অনুভূতিতে আঘাত করেছে। তারা বিষয়টি লক্ষ্য করেছে।


নির্বাচিত

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্য খাতে সমন্বিত তথ্যপ্রযুক্তি ব্যবস্থা সংক্রান্ত এক সভায় এ নির্দেশ দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান। তিনি জানান, সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের সম্ভাব্য কাঠামো, পরিচালনা পদ্ধতি এবং স্বাস্থ্যসেবায় এর ব্যবহার নিয়ে আলোচনা করা হয়।

প্রাথমিকভাবে কয়েকটি জেলায় পাইলট প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্ল্যাটফর্মটির কার্যকারিতা, সম্ভাব্য সমস্যা, ব্যয় ও বাস্তবায়নযোগ্যতা যাচাই করা হবে। পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল পর্যালোচনার পর পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্যসেবায় তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিতের নির্দেশ দেন। তিনি বলেন, সমন্বিত এই ব্যবস্থা এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে সাধারণ মানুষ সহজে এর সুফল পান এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হয়।

রোগীর প্রয়োজনীয় স্বাস্থ্যতথ্যের নিরাপদ সংরক্ষণ এবং প্রয়োজনের সময় সংশ্লিষ্ট চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কাছে তা সহজে পাওয়ার ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্ল্যাটফর্ম তৈরির ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এটি যেন সহজে ব্যবহারযোগ্য, ব্যয়সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদে পরিচালনাযোগ্য হয়, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। পাইলট প্রকল্পের ফলাফল যথাযথভাবে মূল্যায়ন করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন তিনি।

সভায় ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্মের বিভিন্ন দিক তুলে ধরে একটি উপস্থাপনা দেন প্রকৌশলী জাকারিয়া স্বপন। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও ড. শাকিরুল ইসলাম খান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব মো. মামুনুর রশীদসহ সংশ্লিষ্ট দপ্তর ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নির্বাচিত

চট্টগ্রামে মনস্তাত্ত্বিক সংকটে বাড়ছে মৃত্যুর মিছিল

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
    # চট্টগ্রামে সাবেক ব্যাংকার, যুবক, পুলিশ সদস্য ও গৃহবধূসহ একের পর এক অস্বাভাবিক মৃত্যু; # নেপথ্যে পারিবারিক টানাপোড়েন, হতাশা ও আর্থিক চাপ

চট্টগ্রাম নগর ও জেলায় মাত্র কয়েক দিনের ব্যবধানে একের পর এক অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্বেগ বাড়ছে। সাবেক ব্যাংক কর্মকর্তা, পুলিশ সদস্য, জনপ্রতিনিধি, যুবক, গৃহবধূ ও কিশোরী- ভিন্ন ভিন্ন শ্রেণি-পেশার মানুষের এসব মৃত্যুর ঘটনায় কোথাও উঠে আসছে পারিবারিক কলহ, কোথাও আর্থিক সংকট, আবার কোথাও মানসিক হতাশা ও সম্পর্কের টানাপোড়েনের তথ্য। সব ঘটনা একই কারণে ঘটেনি; কোনোটি আত্মহত্যা, কোনোটি হত্যা বা সন্দেহজনক মৃত্যু। তবে ধারাবাহিক এসব ঘটনায় মানুষের মানসিক সংকট ও সামাজিক নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এসেছে।

শনিবার সকাল ৭টার দিকে নগরীর ডবলমুরিং থানার হাজীপাড়া এলাকার ইমাম হোসেনের বাড়িতে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেন সাবেক ব্যাংক কর্মকর্তা শাহিদ হোসেন (৪৫)। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক এই কর্মকর্তা মাসখানেক আগে ব্রাহ্মণবাড়িয়ায় বদলি হওয়ার পর চাকরি ছেড়ে দেন। এরপর থেকেই তিনি হতাশা ও পারিবারিক কলহে ভুগছিলেন বলে জানা গেছে। সকালে ড্রয়িংরুমে গুলির শব্দ শুনে স্বজনেরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য শাহিদের স্ত্রী শারমিন আক্তারকে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগের দিন গত শুক্রবার রাতে আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের নলদিয়া এলাকা থেকে মো. সাকিব (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ওই রাতে পরিবারের সদস্যরা দাওয়াতে ছিলেন। মধ্যরাতে বাড়ি ফিরে তারা ঘরের ভেতর সাকিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সাম্প্রতিক সময়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আরও কয়েকটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার সকালে মীরসরাইয়ের বড়তাকিয়া বাজারের ‘রিল্যাক্স জোন’ আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে রাঙামাটি জেলা পুলিশের এএসআই আমিনুল ইসলাম (৩৫)-এর লাশ উদ্ধার করা হয়। একই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় তার স্ত্রী তাহমিনা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের ১০ মাস বয়সি কন্যাশিশুকে খাটের নিচ থেকে অক্ষত অবস্থায় পাওয়া যায়। এর আগে বৃহস্পতিবার বিকেলে সন্দ্বীপের মাইটভাঙ্গা ইউনিয়নে নিজ মুরগির খামার থেকে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম মামুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই দিন রাত ১০টার দিকে নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ারের পঞ্চমতলা থেকে নিচে পড়ে মাইনুদ্দিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়। সিসি ক্যামেরার ফুটেজে তার আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।

ওই দিন রাত সাড়ে ৮টার দিকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গৃহবধূ খাদিজা আক্তার কাশফির গলায় দাগসহ মরদেহ রেখে পালিয়ে যান তার স্বামী মারুফ। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এদিকে শনিবার সকালে আনোয়ারা সদর ইউনিয়নের হাড়িপাড়া এলাকার ঘনপুকুরপাড়ে ঋণগ্রস্ততার কারণে জিকু সর্দার (৩৫) নামের এক ব্যক্তি গাছে ঝুলে আত্মহত্যা করেন বলে জানা গেছে। এর আগের দিন শুক্রবার রাতে একই উপজেলার বটতলী এলাকার পূর্ব বরইয়ায় পারিবারিক কলহের জেরে উম্মে হাবিবা (২২) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেন। এ ছাড়া গত রোববার সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানাধীন কাজীর দেউড়ি ২ নম্বর গলির মান্নান কলোনির বাসা থেকে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মনিকা আক্তার সোমার (১৪) মরদেহ এবং মঙ্গলবার ভোরে পাহাড়তলী থানার সাগরিকা ফ্লাইওভার থেকে বিএসআরএমের নিরাপত্তাকর্মী আবু কাউসার (২৭)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ও সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল আমিন চৌধুরী বলেন, দ্রুত পরিবর্তনশীল আর্থসামাজিক বাস্তবতা, তীব্র প্রতিযোগিতা, একাকীত্ব এবং পারিবারিক বন্ধন শিথিল হয়ে পড়া এ ধরনের আত্মঘাতী প্রবণতার অন্যতম কারণ। মানসিক সংকটে থাকা মানুষ পরিবার বা সমাজে নিজের কথা বলার এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়ার নির্ভরযোগ্য জায়গা না পেলে চরম সিদ্ধান্ত নিতে পারেন। তিনি পরিবার ও কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া, পারস্পরিক সহমর্মিতা বাড়ানো এবং প্রাথমিক পর্যায়ে কাউন্সেলিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, এসব ঘটনার পেছনে পারিবারিক কলহ, বিষণ্নতা ও আর্থিক অনটনের তথ্য পাওয়া গেলেও প্রতিটি ঘটনা পৃথকভাবে তদন্ত করা হচ্ছে। অপমৃত্যু ও হত্যা মামলার প্রক্রিয়ার পাশাপাশি ময়নাতদন্তের প্রতিবেদন এবং পারিবারিক তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে ধারাবাহিক এসব ঘটনা শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়; এর সঙ্গে জড়িয়ে আছে মানুষের মানসিক স্বাস্থ্য ও সামাজিক সম্পর্কের প্রশ্নও। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিনের হতাশা, পারিবারিক অশান্তি, আর্থিক চাপ কিংবা সম্পর্কের সংকটকে ছোট করে দেখার সুযোগ নেই। সংকটের শুরুতেই পরিবারের সদস্যদের সতর্ক হওয়া এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নেওয়া জরুরি।


নির্বাচিত

এক্সিলারেট টার্মিনালের গ্যাস সরবরাহ পুনরায় চালু

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

তিন দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের মহেশখালীতে এক্সিলারেট এনার্জি পরিচালিত ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনাল থেকে শনিবার পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

এর আগে এলএনজি কার্গোর ঘাটতির কারণে গত তিন দিন সরবরাহ বন্ধ ছিল। শনিবার দুপুর থেকে রিগ্যাসিফিকেশন প্রক্রিয়া আবার শুরু হয়। এতে দেশের চলমান তীব্র গ্যাস-সংকটে কিছুটা স্বস্তি নেমে এসেছে।

পেট্রোবাংলা সূত্র জানিয়েছে, দুপুর ২টার দিকে টার্মিনালটি থেকে পুনরায় সরবরাহ শুরু হয়। প্রাথমিকভাবে দৈনিক প্রায় ১০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস সরবরাহ করা হচ্ছে, যা অপারেশন স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে বাড়ানো হবে।

পেট্রোবাংলার কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, আজ দুপুর আড়াইটা পর্যন্ত দুটি এফএসআরইউ থেকে দেশে মোট এলএনজি সরবরাহের পরিমাণ ছিল ৬৭০ এমএমসিএফডি। অন্যদিকে জাতীয় গ্রিডে মোট গ্যাস সরবরাহের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৩০০ এমএমসিএফডিতে।

পেট্রোবাংলার প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) বিভাগের পরিচালক এবং অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা প্রকৌশলী মো. শোয়েব গণমাধ্যমকে বলেন, ‘এক্সিলারেট টার্মিনালটি পুনরায় তাদের কার্যক্রম শুরু করেছে এবং গ্যাস সরবরাহ শুরু হয়েছে। এই সরবরাহের পরিমাণ পর্যায়ক্রমে বাড়বে।’

সংশ্লিষ্টরা জানান, এলএনজি সরবরাহকারী জাহাজটি মূলত আগামীকাল টার্মিনালটিতে পৌঁছানোর কথা ছিল। তবে নির্ধারিত সময়ের এক দিন আগেই জাহাজটি পৌঁছে যাওয়ায় আজ থেকেই টার্মিনালটি চালু করা সম্ভব হয়েছে।

এর আগে মজুত এলএনজি শেষ হওয়ায় গত ১৯ আগস্ট থেকে এই টার্মিনালটি থেকে সরবরাহ বন্ধ হয়ে যায়, এতে দেশের বিদ্যমান গ্যাস-সংকটকে আরও প্রকট হয়ে ওঠে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই মহেশখালীতে জাহাজ থেকে জাহাজে এলএনজি স্থানান্তরের সময় অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকেই এই টার্মিনালটি দীর্ঘ সময় অকেজো ছিল। ওই অগ্নিকাণ্ডের ফলে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ হ্রাস পায়।

পরবর্তীতে সরকার ক্ষতিগ্রস্ত টার্মিনালটি মেরামতের জন্য প্রয়োজনীয় খুচরা যন্ত্রাংশ দ্রুত আমদানির পদক্ষেপ নেয়। মেরামত শেষে এক্সিলারেট আংশিক সরবরাহ শুরু করলেও গত সপ্তাহে এলএনজি মজুত ফুরিয়ে যাওয়ায় তা আবারও বন্ধ হয়ে যায়।


নির্বাচিত

বিদ্যুৎ ও গ্যাসের সংকট উত্তরাধিকারসূত্রে পাওয়া, কাটাতে সময় লাগবে: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে এখন বিদ্যুৎ ও গ্যাসের যে সংকট চলছে, তা আগের সরকারের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বিদ্যুৎ ও গ্যাসের চলমান সংকট বর্তমান সরকারের তৈরি নয়; আগের সরকারের কাছ থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া। তবে, পরিস্থিতির উন্নতিতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সম্পদ কাজে লাগাচ্ছে। একইসঙ্গে এ সংকট কাটাতে সময় লাগবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।

শনিবার রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি; প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার সময় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে মজুতের অবস্থা খুবই নাজুক ছিল। কোনো কোনো ক্ষেত্রে ১৫ থেকে ১৭ দিনের মজুতও ছিল না। এখন তা এক মাসে উন্নীত করা হয়েছে। পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ প্রতিটি খাতে তিন মাসের মজুত গড়ে তোলার চেষ্টা চলছে। কারণ অর্থনীতির উন্নয়নে জ্বালানি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানে সময় লাগবে। সরকার সর্বাত্মক চেষ্টা করছে এবং প্রয়োজনীয় সম্পদ কাজে লাগাচ্ছে। তবে, সবকিছু সরকারের নিয়ন্ত্রণে নেই। তাই শিল্প খাতকে এই বাস্তবতা বিবেচনায় নিতে হবে। ধীরে ধীরে বিদ্যুৎ ও গ্যাস পরিস্থিতির উন্নতি হবে।

জ্বালানি সংকটের কারণে ব্যবসা ও শিল্পপ্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে আমির খসরু বলেন, এর প্রভাব খেলাপি ঋণের ওপরও পড়ছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংক ঋণ পুনঃতফসিল ও গ্রেস পিরিয়ডসহ একটি প্যাকেজ দিয়েছে। যারা ব্যবসা থেকে বের হয়ে যেতে চান, তাদের জন্যও নীতিগত সুযোগ রাখা হয়েছে।

ব্যাংকিং খাতে মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, কোনো ঋণ ব্যাংকের ব্যালান্সশিটে থাকলেও বাস্তবে যদি তা ফেরত পাওয়ার সম্ভাবনা না থাকে, তাহলে শুধু কাগজে ঋণ দেখিয়ে রাখার কোনো অর্থ নেই। ব্যাংকের ব্যালান্সশিট পরিষ্কার করে প্রকৃত তারল্য তৈরি করতে হবে।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের এই প্যাকেজ আগামী ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। যোগ্য হওয়ার পরও কোনো ব্যাংকে বাধার মুখে পড়লে বিষয়টি সরকারকে জানানোর আহ্বান জানান তিনি।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য ৬০ হাজার কোটি টাকার একটি প্যাকেজ নেওয়া হয়েছে বলেও জানান আমির খসরু। তবে, অতীতে এ ধরনের অর্থায়নে অনিয়ম ও প্রভাবশালীদের হস্তক্ষেপের অভিযোগ ছিল বলে স্বীকার করে তিনি বলেন, এবার কোনো রাজনৈতিক প্রভাব বা পৃষ্ঠপোষকতার সুযোগ রাখা হবে না। আর্থিক খাতে রাজনৈতিক নিয়োগও দেওয়া হবে না। নির্ধারিত মানদণ্ড পূরণ করা ব্যবসায়ী ও উদ্যোক্তাদেরই ব্যাংকগুলোকে ঋণ দিতে হবে। আর্থিক খাতকে বাজারের নিয়মে পরিচালনা করতে হবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।


নির্বাচিত

চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চাঁদাবাজদের নির্মূলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, সারা দেশে চাঁদাবাজদের তালিকা তৈরির কাজ চলছে এবং এই অপকর্মের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তাদেরও পৃথক তালিকা তৈরি করে ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার বিকেলে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজন সন্ত্রাসীর মধ্যে ইতোমধ্যেই চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এই দ্রুত পদক্ষেপের জন্য তিনি পুলিশের প্রশংসা করলেও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার তাগিদ দেন। তিনি স্পষ্টভাবে বলেন, সন্ত্রাসীদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই এবং বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিএমপি এবং দেশের সকল মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ব্যর্থ হন, তবে সেই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়বদ্ধ করার লক্ষে এই কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। তিনি সাধারণ মানুষকে অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান। অপরাধমুক্ত সমাজ গড়তে সরকার বদ্ধপরিকর বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।


নির্বাচিত

তথ্যমন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা

জহির উদ্দিন স্বপন। ফাইল ছবি
আপডেটেড ২২ আগস্ট, ২০২৬ ১৯:০৮
নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁকে নতুন করে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই রদবদল সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে। এর পরপরই জারি করা অপর এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই পদে থাকাকালীন তিনি একজন পূর্ণ মন্ত্রীর যাবতীয় পদমর্যাদা, বেতন-ভাতা এবং আনুষঙ্গিক অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন জহির উদ্দিন স্বপন। পরবর্তীতে চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভা গঠিত হলে তাঁকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল।

মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে গুরুত্বপূর্ণ এই উপদেষ্টা পদে তাঁর নিযুক্তিকে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নতুন এই দায়িত্ব পাওয়ায় বরিশালসহ তাঁর নির্বাচনী এলাকায় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এখন থেকে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মকাণ্ডের সমন্বয়ে বিশেষ ভূমিকা পালন করবেন।


নির্বাচিত

সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে একটি নতুন মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়বস্তু নিশ্চিত করে জানান যে, ভোলার সাথে ঢাকা ও বরিশালের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য তিনটি পৃথক প্রস্তাব নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়। সবদিক বিবেচনা করে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রস্তাবিত বরিশাল (রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা) রুটটিকেই চূড়ান্ত করা হয়েছে। এই রুটটি ব্যবহারের মাধ্যমে ভোলাবাসীকে দীর্ঘদিনের যাতায়াত বিড়ম্বনা থেকে মুক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভৌগোলিক প্রতিবন্ধকতা কাটিয়ে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটাতে একটি সমন্বিত সড়ক ব্যবস্থার কোনো বিকল্প নেই। ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করার মাধ্যমে এই দ্বীপ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রস্তাবিত রুটে বিদ্যমান সড়ক প্রশস্ত করার পাশাপাশি নতুন রাস্তা নির্মাণ এবং তিনটি ছোট সেতু তৈরি করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ করে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে নদীবেষ্টিত ভোলার মানুষকে যাতায়াতের জন্য সম্পূর্ণভাবে নৌপথের ওপর নির্ভর করতে হয়। নতুন এই সড়ক সংযোগ তৈরি হলে নৌপথের ওপর নির্ভরতা কমবে এবং যাতায়াতের সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে। হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটের মাধ্যমে ঢাকা ও বরিশালের সাথে যোগাযোগ সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর হবে বলে বিশেষজ্ঞরা বৈঠকে অভিমত ব্যক্ত করেন।

উক্ত সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসানসহ বিভিন্ন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং উচ্চপদস্থ প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। দ্বীপবাসীর দীর্ঘদিনের লালিত এই সড়ক সংযোগের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে যাচ্ছে।


নির্বাচিত

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে শামা ওবায়েদ ইসলামের পাশাপাশি নতুন করে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় রাজনৈতিক মহলে যে কৌতূহল তৈরি হয়েছে, তার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন শামা ওবায়েদ নিজেই। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করেন।

শামা ওবায়েদ বলেন, বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি ও ব্যস্ততা বিগত যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই বাড়তি কর্মযজ্ঞ সামলানো এবং কূটনৈতিক তৎপরতাকে আরও গতিশীল করার লক্ষ্যেই সরকার মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন যে, গত ছয় মাসে মন্ত্রণালয়ে যে পরিমাণ কাজ হয়েছে তা গত ১৭ বছরের মধ্যে নজিরবিহীন। মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে টিমওয়ার্ক হিসেবে দায়িত্ব পালন করাটাই এখন মূল লক্ষ্য।

বিগত কয়েক মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্জনের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, অভিবাসন সংকট নিরসন ও অবৈধ অভিবাসন রোধে তিনটি নতুন উইং চালু করা হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় বৃদ্ধির জন্য আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও মনে করিয়ে দেন যে, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী এক বছর তিনি বিশ্ব রাজনীতিতে অত্যন্ত ব্যস্ত সময় পার করবেন। ফলে মন্ত্রণালয়ের দৈনন্দিন কাজ ও গতি বেগবান রাখতে সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত সময়োপযোগী।

মক্কা প্যাক্ট ও বিভিন্ন বহুপাক্ষিক জোটে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ ইসলাম স্পষ্ট জানান যে, এ ধরনের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের আকাঙ্ক্ষাই হবে প্রধান ভিত্তি। তিনি জোর দিয়ে বলেন, কোনো জোটে যুক্ত হওয়ার সিদ্ধান্ত সরকার স্বাধীনভাবে গ্রহণ করবে এবং এ সংক্রান্ত যেকোনো তথ্য দেশীয় গণমাধ্যমের মাধ্যমেই আগে প্রকাশিত হবে। বিদেশি সংবাদমাধ্যমের কোনো তথ্যে প্রভাবিত হওয়ার সুযোগ নেই বলে তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মূলত কাজের দক্ষ বন্টন ও বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতেই এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান।


নির্বাচিত

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তিন মাসের রিজার্ভ তৈরির পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ২২ আগস্ট, ২০২৬ ১৫:৫৫
নিজস্ব প্রতিবেদক

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রধান শর্ত হলো জ্বালানি নিরাপত্তা। আজ শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিআইআই) আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী উল্লেখ করেন যে, সরকার প্রতিটি জ্বালানি খাতে অন্তত তিন মাসের মজুদ বা রিজার্ভ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

‘২০২৬ অর্থবছরের দ্বি-বার্ষিক অর্থনৈতিক পরিস্থিতি: প্রেক্ষিত রাজস্ব ও মুদ্রানীতি এবং বেসরকারিখাতের প্রত্যাশা’ শীর্ষক এই সেমিনারে আমির খসরু বলেন, উত্তরাধিকারসূত্রে সরকার যে নাজুক জ্বালানি পরিস্থিতি পেয়েছে, সেখান থেকে উত্তরণ ঘটানো রাতারাতি সম্ভব নয়। তিনি জানান, দায়িত্ব নেওয়ার সময় কোনো কোনো জ্বালানি খাতে মাত্র ১৫-১৭ দিনের মজুদ ছিল, যা বর্তমানে এক মাসে উন্নীত করা হয়েছে। এখন লক্ষ্য হচ্ছে এই মজুদকে তিন মাসে নিয়ে যাওয়া। গ্যাসের সংকট সমাধানে অনশোর গ্যাস উত্তোলন বৃদ্ধি এবং পাইপলাইন নির্মাণসহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

অর্থমন্ত্রী বেসরকারি খাতের ভূমিকার প্রশংসা করে বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি মূলত বেসরকারি খাতনির্ভর এবং বিএনপির অর্থনৈতিক দর্শনও এই খাতের বিকাশকে কেন্দ্র করে আবর্তিত। তিনি বিনিয়োগ বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, স্থানীয় বিনিয়োগ না বাড়লে বিদেশী বিনিয়োগকারীরা আস্থাশীল হবে না। ব্যবসার খরচ কমাতে কাস্টমস ও বন্দর কার্যক্রমকে আরও গতিশীল এবং সময়বদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধার্থে এবং কোনো ধরনের জটিলতা দ্রুত নিরসনের লক্ষ্যে একটি ওয়েবসাইট চালুর কথাও তিনি ঘোষণা করেন।

ঋণ খেলাপিদের বিষয়ে অর্থমন্ত্রী জানান, আগামী ১ সেপ্টেম্বর থেকে ঋণ পুনঃতফসিল এবং ওয়ান-টাইম সেটেলমেন্টের বিশেষ প্যাকেজ কার্যকর হবে। যারা ব্যবসা চালিয়ে যেতে চান তাঁরা পুনঃতফসিল সুবিধা পাবেন এবং যারা বেরিয়ে যেতে চান তাঁরা ওয়ান-টাইম সেটেলমেন্টের মাধ্যমে দায়মুক্তি নিতে পারবেন। অর্থমন্ত্রী সাফ জানিয়ে দেন, আর্থিক খাতে কোনো ধরনের রাজনৈতিক নিয়োগ বা হস্তক্ষেপ বরদাশত করা হবে না। বাজার ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করেই আর্থিক খাতের সংবেদনশীলতা রক্ষা করা হবে।

সেমিনারে অর্থমন্ত্রী আরও জানান, সরকার ‘ক্রিয়েটিভ ইকোনমি’ ও কুটির শিল্পকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে কাজ করছে। গ্রামীণ কারুশিল্পী ও ঐতিহ্যবাহী পণ্যের সাথে যুক্ত উদ্যোক্তাদের ঋণ এবং বিপণন সহায়তা প্রদান করা হবে। এছাড়া থিয়েটার, চলচ্চিত্র, সংগীত এবং ক্রীড়া খাতকেও জিডিপির অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনিটাইজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সেমিনারে ড. জাইদি সাত্তার, মাহবুবুর রহমান এবং ড. হোসেন জিল্লুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্যানেল আলোচনায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি সৈয়দ মাহবুবুর রহমান, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান এবং বিআইডিএস-এর মহাপরিচালক ড. এ কে এনামুল হক অংশ নেন। সেমিনারের স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বেসরকারি খাতের প্রত্যাশা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন।


নির্বাচিত

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা নিবেদন

ছবি: সংগৃহীত
আপডেটেড ২২ আগস্ট, ২০২৬ ১৪:৩৯
নিজস্ব প্রতিবেদক

সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সদ্য শপথ গ্রহণকারী মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ। আজ শনিবার দুপুরে তাঁরা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করেন।

এর আগে একই দিন সকালে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভারে পৌঁছে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রীবৃন্দ সেখানে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং বীর সেনানীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে চারজন মন্ত্রী এবং দুইজন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ গ্রহণের পরপরই তাঁদের মাঝে দাপ্তরিক দায়িত্ব বা দপ্তর বণ্টন করা হয়।

মন্ত্রিসভায় নতুন অন্তর্ভুক্ত হওয়া চারজন পূর্ণ মন্ত্রী হলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী। একই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। নবনিযুক্ত এই সদস্যরা দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে গিয়ে তাঁদের শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করলেন।


নির্বাচিত

মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। আজ শনিবার (২২ আগস্ট) প্রেরিত এক বিশেষ বার্তায় তিনি এই অভিনন্দন জানান। প্রেসিডেন্ট মুইজ্জু তাঁর বার্তায় উল্লেখ করেছেন যে, এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

মালদ্বীপ সরকার ও সে দেশের জনগণের পক্ষ থেকে জানানো এই শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু বলেন, দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তা দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি বড় অর্জন। তিনি মনে করেন, এই বিজয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের সুগভীর আস্থারই বহিঃপ্রকাশ।

বার্তায় আরও উল্লেখ করা হয় যে, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বিদ্যমান সম্পর্ক ঐতিহাসিক বন্ধন এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নের অভিন্ন লক্ষ্যের ওপর প্রতিষ্ঠিত। নবনির্বাচিত রাষ্ট্রপতির সুযোগ্য নেতৃত্বে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেসিডেন্ট মুইজ্জু বিশ্বাস করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কার্যকালে বাংলাদেশ স্থায়ী শান্তি, নিরবচ্ছিন্ন অগ্রগতি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তিনি একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে গতকাল বঙ্গভবনে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


নির্বাচিত

banner close