রোববার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রাহায়ণ ১৪৩৩

সাইফুলের পরিবারের জন্য কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে: ধর্ম উপদেষ্টা

ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪ ২০:৪২

অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। সেটি ব্যক্তি হোক, সংগঠন হোক। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে। সাইফুল ইসলামের পরিবারের ভরণপোষণের জন্য একটি ফাউন্ডেশনের মাধ্যমে এক কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে।

শুক্রবার সকালে চট্টগ্রামে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলামের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফারাঙ্গা এলাকায় গিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক ‍উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন।

সকাল সাড়ে ১০টার দিকে সাইফুলের গ্রামের বাড়িতে পৌঁছান অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা। এ সময় তাদের সঙ্গে ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. ইনামুল হাছান, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস, লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান, সাতকানিয়া থানার ওসি মোস্তফা কামাল খান প্রমুখ।

উপদেষ্টারা সাইফুল ইসলামের বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা বেগম এবং স্ত্রী ইশরাত জাহানসহ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন দুই উপদেষ্টা। এ সময় তারা সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

চেক হস্তান্তরের পর উপদেষ্টারা সাইফুলের গ্রামের বাড়িতে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘গুজব থেকে যেকোনো মূল্যে আমাদের সজাগ থাকতে হবে। শান্তিশৃঙ্খলা, সম্প্রীতি-সৌহার্দ্য যেন বিনষ্ট না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি-বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর। আমরা কোনোভাবেই আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য, সম্প্রীতি, শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট হয়, এমন কোনো ফাঁদে পা দেব না।’

প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক ‍উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, ‘আপনারা লক্ষ করেছেন, সন্দেহভাজনদের অনেকেই ইতোমধ্যে ধরা পড়েছেন। সুতরাং আমরা সরকারের পক্ষ থেকে কঠোর। বিষয়টির সুষ্ঠু তদন্ত হয়ে সুষ্ঠু বিচার হবে এবং (অপরাধীরা) উপযুক্ত শাস্তি পাবে, এ বিষয়ে সবাই নিশ্চিত থাকতে পারেন। সবার প্রতি আহ্বান জানাব শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য। যেন এ বিষয়টিকে কেন্দ্র করে বিভিন্ন রকম উসকানিমূলক ঘটনা যেন না ঘটে। যাতে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট না হয়। যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সব বিপদ মোকাবিলা করতে পারি, সামনে এগিয়ে যেতে পারি।’

এসব ঘটনার সঙ্গে দেশি-বিদেশি কোনো ষড়যন্ত্র দেখছেন কি না জানতে চাইলে উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সাংবাদিকদের বলেন, ‘ডেফিনেটলি আছে, সব সময় থাকে। আমাদের বার্তা আমরা সংহতি বজায় রাখব, তাহলে কেউ আমাদের বিরুদ্ধে কিছু করতে পারবে না।’


নির্বাচিত

বঙ্গোপসাগরে নিম্নচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানকারী সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত অবস্থায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯৫০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার, পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২৫ কিলোমিটার এবং মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম অভিমুখে এগিয়ে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের ভেতরে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা কিংবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে নিম্নচাপ কেন্দ্রের পার্শ্ববর্তী এলাকায় সাগর উত্তাল হয়ে উঠেছে।

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চার সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে বিচরণ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতির আলোকে জেলে ও সমুদ্রগামী নৌযান পরিচালনাকারীদের নিয়মিত সরকারি আবহাওয়ার হালনাগাদ তথ্য অনুসরণ করতে এবং নিরাপত্তা সংক্রান্ত পরামর্শ মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিষয়:

নির্বাচিত

স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত, বসানো হবে রিং

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়েছে। পারিবারিক সূত্র জানিয়েছে, এসব ব্লকের চিকিৎসায় তাঁর হৃদ্‌যন্ত্রে স্টেন্ট (রিং) বসানোর প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

এর আগে গত শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এনজিওগ্রাম সম্পন্ন করেন। হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, বুকে ব্যথা নিয়ে শনিবার সকালে মন্ত্রীকে হাসপাতালে আনা হলে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একটি চিকিৎসক দল তাঁর এনজিওগ্রাম করেন।

পরিবারের একজন সদস্য জানান, হাসপাতালে ভর্তির পর এনজিওগ্রাম পরীক্ষায় স্বাস্থ্যমন্ত্রীর হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হয়। পরবর্তী চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর এনজিওপ্লাস্টি করা হবে এবং এরই ধারাবাহিকতায় স্টেন্ট বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমানে হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান তাঁর চিকিৎসার তত্ত্বাবধান করছেন।

পারিবারিক সূত্র আরও উল্লেখ করেছে, দেশের চিকিৎসাব্যবস্থার প্রতি মানুষের আস্থা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যমন্ত্রী নিজেই দেশের হাসপাতালে চিকিৎসা গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে তাঁর আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।


নির্বাচিত

ভারতীয় ভিসায় নতুন নিয়ম, কমছে আবেদনের জটিলতা

পর্যটকদের জন্য বিশেষ সুবিধা
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ভিসা আবেদন প্রক্রিয়ার দীর্ঘদিনের জটিলতা দূর করে আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত সরকার। সংস্কারের অংশ হিসেবে দেশটির ভিসার প্রধান ক্যাটাগরি ১৩টি থেকে কমিয়ে ৯টিতে এবং ৪৯টি উপশ্রেণি কমিয়ে ২৩টিতে নামিয়ে আনা হয়েছে। এর ফলে আবেদনকারীদের তথ্য প্রদানের ঝামেলা কমার পাশাপাশি পুরো প্রক্রিয়াটি আরও সহজতর হবে বলে প্রত্যাশা করছে ভারত সরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, ভিসা আবেদনের ফরমেও উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরম থেকে প্রয়োজনীয় তথ্যের কলাম বা ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত হ্রাস করা হয়েছে, যাতে অপ্রয়োজনীয় তথ্য সরবরাহের বাধ্যবাধকতা কমে আসে। নতুন এই কাঠামোতে ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ—এই নয়টি প্রধান ক্যাটাগরিতে ভিসা ইস্যু করবে ভারত।

নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটন ভিসায়; পূর্বের ‘ট্যুরিস্ট ভিসা’ বদলে এর নাম রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এই ভিসার আওতায় শুধু ভ্রমণই নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ গ্রহণ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্প বিষয়ে স্বল্পমেয়াদি কোর্সে অংশ নেওয়া যাবে। ভিজিটর ভিসাকে ভি-১ ও ভি-২ নামে দুটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে একাধিকবার ভারতে প্রবেশের সুবিধাসহ ভি-১ ভিসার মেয়াদ থাকবে ৩০ দিন। অপরদিকে, আবেদনকারীর প্রয়োজন ও যোগ্যতা সাপেক্ষে ভি-২ ভিসার মেয়াদ এক, পাঁচ কিংবা ১০ বছর হতে পারে, যা দীর্ঘমেয়াদি পর্যটন ও পর্বতারোহণের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে।

চিকিৎসাসেবা নিতে ভারতে গমনেচ্ছু বিদেশি নাগরিক এবং তাঁদের সহকারীদের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে নতুন নিয়মে। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে, যেগুলোর মেয়াদ সাধারণত এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। পাশাপাশি রোগীর সঙ্গে যাওয়া স্বজন বা সহকারীদের জন্য সাধারণ চিকিৎসায় এম-২ এবং আয়ুশ চিকিৎসার ক্ষেত্রে এম-৪ ভিসা বরাদ্দ থাকছে, যা রোগী ও তাঁদের সহায়তাকারীদের বারবার নতুন করে ভিসা আবেদনের প্রয়োজনীয়তা কমাবে।

শিক্ষার্থীদের জন্যও ভিসার ধরন আলাদাভাবে নির্দিষ্ট করা হয়েছে। স্কুল পর্যায় থেকে স্নাতকোত্তর পর্যন্ত পড়াশোনার জন্য এস-১ এবং পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক ও ইন্টার্নশিপের জন্য এস-২ ভিসা দেওয়া হবে। এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা পাবেন ই-এস১ ভিসা। একাধিকবার প্রবেশের সুযোগসংবলিত এই ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদকাল পর্যন্ত হতে পারে।

ব্যবসায়িক ভিসাকেও দুটি শ্রেণিতে বিভক্ত করে বি-১ ও বি-২ চালু করা হয়েছে। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে বি-১ ভিসা প্রযোজ্য হবে; আর স্বল্পমেয়াদি ব্যবসায়িক চুক্তি, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজে দেওয়া হবে বি-২ ভিসা। একই সঙ্গে ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদন কার্যক্রম এবং তথ্যপ্রযুক্তি সহায়তা দিতে যাওয়া বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে; তাঁরা ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির অধীনে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাওয়ার সুযোগ পাবেন।

নতুন এই ভিসা কাঠামোয় কূটনীতিক, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য নির্ধারিত নিয়ম অনুযায়ী ভিসা ব্যবস্থা বহাল রাখা হয়েছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং আবেদনকারীদের ভোগান্তি দূর করতেই এই সংস্কার আনা হয়েছে। বর্তমানে নতুন ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে ভিসা-সংক্রান্ত প্রযুক্তিগত ও আইটি ব্যবস্থা হালনাগাদের কাজ চলমান রয়েছে।

বিষয়:

নির্বাচিত

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন পা হারানো আব্দুর রহিম

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারানোর পর দীর্ঘদিন ধরে স্বাভাবিক চলাফেরায় নানা সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া আব্দুর রহিমের জন্য এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

বাম পা হারানোর কারণে দৈনন্দিন চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয় আব্দুর রহিমকে। স্বাভাবিকভাবে হাঁটাচলা এবং দৈনন্দিন কাজকর্ম সম্পাদনের ক্ষেত্রে তার শারীরিক সীমাবদ্ধতা তৈরি হয়।

এ অবস্থায় তার চলাফেরার সক্ষমতা পুনরুদ্ধার এবং স্বাভাবিক জীবনযাপনের পথ সুগম করতে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

কৃত্রিম পা ব্যবহারের মাধ্যমে আব্দুর রহিমের চলাফেরার সীমাবদ্ধতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে। এর ফলে দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমানোর পাশাপাশি ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে তার। সূত্র: বাসস


নির্বাচিত

গ্যাসের চাহিদা মেটাতে ডিসেম্বর পর্যন্ত এলএনজি কেনা হয়েছে: জ্বালানিমন্ত্রী

ছবি: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জ্বালানি সংকটের মধ্যেও আগামী ডিসেম্বর পর্যন্ত দেশের গ্যাসের চাহিদা মেটানোর মতো এলএনজি কেনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বৈশ্বিক অনিশ্চয়তায় অর্থনীতির রোডম্যাপ, সামষ্টিক অর্থনীতি, বিনিয়োগ ও জ্বালানি নিরাপত্তার কৌশল শীর্ষক পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২৬ এ তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমানে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল। আগামী জানুয়ারি মাসের জন্যও জ্বালানি কেনার পরিকল্পনা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের সময় এফএসআরইউ-সংক্রান্ত সমস্যার কারণে দেশে গ্যাসের চাপ প্রায় অর্ধেকে নেমে এসেছিল। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। অনেক বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়। পাশাপাশি শিল্পকারখানাগুলোও ব্যাপক ভোগান্তিতে পড়ে। এ পরিস্থিতি মোকাবিলায় দীর্ঘমেয়াদি চুক্তির বাইরে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি কিনতে হয়। সিঙ্গাপুরের বাজার থেকে কেনা এলএনজির দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। আগে প্রতি ইউনিট এলএনজির দাম ১২ ডলার থাকলেও সর্বশেষ কেনাকাটায় তা ৩১ ডলারে পৌঁছায়।

বিদ্যুৎমন্ত্রী বলেন, এলএনজির দাম বেড়ে যাওয়ায় গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন এবং তেল দিয়ে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রায় সমান হয়ে যায়। এ কারণে তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কিছু ইউনিট চালু করে পরিস্থিতি সামাল দেওয়া হয়।


নির্বাচিত

চার ফ্লাইটে আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আপাতত চার ফ্লাইট দিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড বা তৃতীয় টার্মিনাল চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেছেন, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে থার্ড টার্মিনাল আংশিকভাবে চালু হবে। আপাতত দুটি আগমনী ফ্লাইট ও দুটি বহির্গামী ফ্লাইট পরিচালনার মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে।

শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ কথা বলেন বলে বেবিচকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়ে রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুকরণ বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।

‘নির্ধারিত সময়ে টার্মিনাল-৩-এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে।’

সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টায় টার্মিনালটি চালুর পর্যায়ে এসেছে জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক চালুর পর টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে সচল করার কার্যক্রম অব্যাহত থাকবে।’

বৈঠকে উপস্থিত থাকা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘আপাতত চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে। ফ্লাইটগুলো নিয়মিত চলবে। ধীরে-ধীরে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।

‘অন্যান্য কাজও চলমান থাকবে। এরপর আগামী মার্চে টার্মিনালটি পুরোপুরি চালুর পরিকল্পনা রয়েছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় টার্মিনাল চালুর লক্ষ্যে ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু করা, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়।

সভায় অন্যদের মধ্যে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক) গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব।


নির্বাচিত

বিশ্বের প্রভাবশালী মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি। প্রধানমন্ত্রী তারেক রহমান
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘দ্য মুসলিম ৫০০’-এর ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ও দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।

অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।

তালিকায় আছেন বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এই তালিকায় থাকছেন।

প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়। তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে র‍্যাঙ্কিং করা হয়। বাকি ৪৫০ জনকে র‍্যাঙ্কিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। এবারের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র‍্যাঙ্কিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।

সূত্র: দ্য মুসলিম ৫০০


নির্বাচিত

নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়ার ঘোষণা দিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। যার ৮০ শতাংশই নারী বলে জানিয়েছেন তিনি। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীতে গবেষণা প্রতিষ্ঠান ইন্সটিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের (আইদেশি) এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।

জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্য খাতে দীর্ঘ বছরের অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধযোগ্য। এই পরিস্থিতি বদলাতে বর্তমান সরকার রোগ প্রতিরোধের ওপর বিশেষ জোর দিয়েছে।

তিনি আরো বলেন, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশই নারী। তারা এই রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। রোগ প্রতিরোধের এই জ্ঞান দোরগোড়ায় পৌঁছে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং আস্থার প্রয়োজন। গত ১২ বছর ধরে আইদেশি ঠিক এই কাজটিই করে যাচ্ছে। তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান বলেন, কাজের ধীরগতির কারণে তারা হয়তো কিছুটা হতাশ হতে পারেন। কিন্তু তাদের এটি ভেবে গর্বিত হওয়া উচিত যে, তাদের এই কাজ অসংখ্য মানুষকে একটি সুস্থ জীবনযাপন করতে সাহায্য করছে।


নির্বাচিত

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছি, আরো কমানোর চেষ্টা করছি: গভর্নর

ছবি: বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মূল্যস্ফীতি কিছুটা কমিয়েছে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তবে ভবিষ্যতে আরো কমানোর চেষ্টা করবে বলেও জানান তিনি। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পঞ্চম বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, আমরা যখন দায়িত্ব নিই, তখন অর্থনীতির অনেক সূচকই নেতিবাচক ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যাংকিং খাতের সমস্যা। এ খাত থেকে এক-তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে।

তিনি বলেন, দেশে এখন ব্যাংকগুলোর ঋণের ৭০-৮০ শতাংশই করপোরেট ঋণ। আমরা আগামী বছর থেকে একটা টার্গেট করে দিতে চাই, যাতে ২০ শতাংশ ঋণ যায় রিটেইল/ব্যক্তি পর্যায়ে, ৩৫ শতাংশ এসএমইতে, আর করপোরেট ঋণ ৪৫ শতাংশে থাকে। আমরা চাই করপোরেট অর্থায়ন পুঁজিবাজার থেকে হবে। আর ঋণ দেওয়ার সময় ব্যাংকগুলোকে সতর্ক থাকতে হবে।


নির্বাচিত

সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও গবেষণায় গুরুত্বারোপ ডা. জুবাইদা রহমানের

‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের’ এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছেন ডা. জুবাইদা রহমান। ছবি : সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সুস্থ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি বলেন, সুস্থ বাংলাদেশ গড়তে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, বৈজ্ঞানিক গবেষণা, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় ও ওষুধ শিল্পের মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ‘ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনেয়িশিয়েটিভসের’ এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুবাইদা রহমান বলেন, স্বাস্থ্যখাতে বছরের পর বছর অবহেলার কারণে কিছু রোগ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ সেভাবে উৎসাহিত করা হয়নি। ফলে বর্তমানে বাংলাদেশের ৯০ হাজারেরও বেশি গ্রামের লাখ লাখ নারী এমন সব রোগে ভুগছেন, যা সহজেই প্রতিরোধ করা সম্ভব।

সরকারের এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এসব কর্মীর ৮০ শতাংশই নারী। তারা সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তিনি বলেন, ‘বিপুল জনসংখ্যার এই দেশকে সুস্থ-সবল বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত কঠোর পরিশ্রম প্রয়োজন।’ এ সময় তিনি আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী এবং প্রতিষ্ঠানটির বিজ্ঞানী ও কর্মীদের নিষ্ঠা ও অবদানের জন্য অভিনন্দন জানান।

বর্তমান সরকার দেশের তরুণদের বিজ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তিতে সম্পৃক্ত করতে উৎসাহিত করছে উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, ‘আমাদের আরও বেশি বিজ্ঞানী প্রয়োজন। আমরা আশা করি, নিজেদের সমস্যা নিয়ে গবেষণা, সেগুলোর সমাধান এবং প্রতিরোধের মাধ্যমে স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বিশ্ব দরবারে গৌরবের সঙ্গে মাথা উঁচু করতে পারব।’

তিনি বলেন, তবে এ জন্য সরকার, গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় ও ওষুধশিল্পের ধৈর্যশীল সহযোগিতা, আন্তরিক অংশীদারত্ব এবং নিষ্ঠার সঙ্গে কাজ করা প্রয়োজন।

তরুণ বিজ্ঞানীরা গবেষণার কাজে ধীরগতির কারণে হতাশ হতে পারেন উল্লেখ করে ডা. জুবাইদা বলেন, তবে তাদের গর্বিত হওয়া উচিত যে, তাদের গবেষণা ও কাজ বহু মানুষকে সুস্থ জীবনযাপনে সহায়তা করছে।

বাংলাদেশে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে এবং দেশের প্রত্যন্ত গ্রামের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আইডিইএসএইচআই আগামী বছরগুলোতে আরও সাফল্য অর্জন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং সম্মানিত অতিথি হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বক্তব্য দেন।

ডা. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এমন একটি স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে, যেখানে রোগ প্রতিরোধ, প্রাণঘাতী হয়ে ওঠার আগেই রোগ শনাক্তকরণ এবং প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, আমাদের সরকার বিশেষভাবে পাঁচটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে।

বিষয়গুলো হলো—রোগ প্রতিরোধ ও স্বাস্থ্যনিরাপত্তায় গবেষণা জোরদার করা, স্বাস্থ্যব্যবস্থার ভিত্তি হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করা, ওষুধশিল্পে উদ্ভাবন, জীবপ্রযুক্তি ও দেশীয়ভাবে উদ্ভাবিত রোগ নির্ণয়ব্যবস্থার প্রসার, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এগিয়ে নেওয়া এবং স্বাস্থ্যবিষয়ক গবেষণা ও উন্নয়নের জন্য টেকসই পরিবেশ গড়ে তোলা।

অনুষ্ঠানে আইডিইএসএইচআইয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান ডা. ফিরদৌসী কাদরী ‘বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ ও বাস্তবতা : আইডিইএসএইচআইয়ের প্রেক্ষাপট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

আইডিইএসএইচআইয়ের চেয়ারম্যান আশফাক কাদরী স্বাগত বক্তব্য দেন। প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ডা. মো. রফিকুর রহমান আইডিইএসএইচআইয়ের পথচলা নিয়ে একটি প্রামাণ্যচিত্র উপস্থাপন করেন।

অনুষ্ঠানে পাঁচটি বিষয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বিষয়গুলো ছিল—‘থ্যালাসেমিয়া স্ক্রিনিং’, ‘নারীর স্বাস্থ্য’, ‘বাংলাদেশে বায়োলজিক্যালসের ভবিষ্যৎ’, ‘সংক্রামক রোগ’ এবং ‘জনস্বাস্থ্যের উন্নয়নে টিকার ব্যবহার’।

এসব আলোচনায় সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ চিকিৎসক ও জনস্বাস্থ্যবিদরা অংশ নেন।


নির্বাচিত

পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী: স্পিকার 

বক্তব্য দিচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানরা সাহসী উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, দেশমাতৃকার সেবায় নিজেকে ব্যাপৃত করা খুব গৌরবের বিষয়। দেশের প্রয়োজনে সামরিক বাহিনীর সদস্যগণ নিজেদের জীবন উৎসর্গ করতে কখনো কার্পণ্য বোধ করেনি।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) কর্তৃক আয়োজিত ‘ভেটেরানস ডে’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আমি রাওয়ার প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলাম। সামরিক বাহিনীর সদস্য হওয়া যেমন গৌরবের, রাওয়ার সদস্য হওয়া তেমনি গৌরবের। সামরিক বাহিনীতে আট বছর ছিল আমার জীবনের শ্রেষ্ঠ সময়।’

তিনি বলেন, ১৯৭১ সালে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৫টি ব্যাটালিয়ন সেনাবাহিনীর ৫টি ক্যান্টনমেন্টে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। মহান মুক্তিযুদ্ধের পর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কৃতিত্ব অস্বীকার করা হয়েছিল।

স্পিকার বলেন, স্বাধীনতার অব্যবহিত পরে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছিল। দেশের সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রশিক্ষণবিহীন এ দেশের আপামর জনতা অস্ত্র হাতে নিয়েছিল।

স্পিকার আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য হয়েছিল। দেশের উন্নয়নে গণতন্ত্র ছাড়া বিকল্প পথ নেই। বিগত ১৫ বছরের ইতিহাস দুঃশাসনের ইতিহাস। ২৪ এর গণ অভ্যুত্থানে এ দেশের ছাত্র-জনতা তাদের বীরোচিত সাহসিকতার পরিচয় দিয়েছে। উদ্যত সঙ্গীনের সামনে আবু সাঈদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। তিনি বলেন, সামরিক বাহিনী এই অভ্যুত্থানে সহায়ক ভূমিকা পালন করেছে।

স্পিকার এসময় সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণে যুদ্ধের স্মৃতিচারণ করেন এবং আবেগাপ্লুত হয়ে পড়েন। অসীম সাহসিকতা এবং ধৈর্যের সাথে মহান মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে অংশগ্রহণের মাধ্যমে জাতির গৌরবগাঁথায় নিজেকে জড়ানোর ইতিহাস তুলে ধরেন তিনি।

এমসি কলেজ যুদ্ধে কর্নেল মোদাচ্ছির আলী খানের সম্মুখ সমরে অসীম সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইস্ট বেঙ্গলের অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও সেনা কর্মকর্তা, বিশিষ্ট অতিথি এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।


নির্বাচিত

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তাঁর তেজগাঁও কার্যালয়ে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।

সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার জন্য গঠিত কমিটির কার্যক্রম, এ পর্যন্ত বাস্তবায়িত উদ্যোগ এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়।

এছাড়া রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা, সড়ক ও জনপরিসর পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

ফাইল ছবি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আপডেটেড ১৪ নভেম্বর, ২০২৬ ২১:৪৫
নিজস্ব প্রতিবেদক

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দুপুরে তার হার্টের এনজিওগ্রাম সম্পন্ন হয়। বর্তমানে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।

তিনি বলেন, শনিবার (১৪ নভেম্বর) সকালে হঠাৎ হৃদ্‌যন্ত্রে সমস্যা নিয়ে কন্টিনেন্টাল হাসপাতালে গেলে ডাক্তাররা তাকে এনজিওগ্রামসহ কিছু পরীক্ষা-নিরীক্ষা করে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি এবং ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পরশু থেকে তিনি অফিস করবেন।

কন্টিনেন্টাল হাসপাতালের কমিউনিকেশনস অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার ডা. ফজলে রাব্বি খান বলেন, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।


নির্বাচিত

banner close