রাজনৈতিক পালাবদলের পর ব্যাংক খাতে সেপ্টেম্বর কোয়ার্টার শেষে কোটি টাকার বেশি ডিপোজিট থাকা অ্যাকাউন্টের সংখ্যা ও ডিপোজিটের পরিমাণ কমে এসেছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের এক প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বর প্রান্তিকে ব্যাংক খাতে কোটি টাকার বেশি ডিপোজিট থাকা অ্যাকাউন্টের সংখ্যা কমেছে এক হাজার ৬৫৭টি। একইসঙ্গে এসব অ্যাকাউন্টে ডিপোজিট কমেছে ২৬ হাজার ১৮৭ কোটি টাকা।
প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট কোটি টাকার বেশি আমানত রয়েছে এক লাখ ১৭ হাজার অ্যাকাউন্টে। জুন প্রান্তিক শেষে এমন অ্যাকাউন্টের সংখ্যা ছিল এক লাখ ১৯ হাজার।
অবশ্য জুন প্রান্তিকে ব্যাংকে কোটিপতির অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছিল প্রায় তিন হাজারের মত। মার্চ শেষে এই সংখ্যা ছিল এক লাখ ১৬ হাজার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, জুন প্রান্তিক শেষে কোটি টাকার ওপর এসব অ্যাকাউন্টে আমানতের পরিমাণ ছিল সাত লাখ ৭৩ হাজার কোটি টাকা যেটি সেপ্টেম্বর প্রান্তিক শেষে দাঁড়িয়েছে সাত লাখ ৪৭ হাজার কোটি টাকায়।
কোটি টাকার অ্যাকাউন্টের সংখ্যা কেন কমছে জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালন ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদুর রহমান বলেন, আগস্টে ক্ষমতার পালাবদলের পর অনেকেই তাদের অ্যাকাউন্টের টাকা তুলে নিয়েছে। কোটি টাকার অ্যাকাউন্ট কমার এটি একটি বড় কারণ। এছাড়া ইনফ্লেশনের চাপ থাকায় পারিবারিক খরচ ও ব্যবসা পরিচালনার ব্যয় অনেক বেড়ে গেছে। এসব কারণে প্রাতিষ্ঠানিক কোটি টাকার একাউন্টেও টাকা কমতে পারে।
ব্যাংকের প্রতি আস্থাহীনতা কোটি টাকার অ্যাকাউন্ট কমার একটি কারণ মন্তব্য করে এ ব্যাংকার বলেন, গত কয়েকমাস ধরে ব্যাংক খাত নিয়ে গ্রাহকেরা কিছুটা আস্থাহীনতার মধ্যে আছেন। আমরা সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করছি। তবে এ ধারাবাহিকতায় ডিপোজিট কিছুটা কমতে পারে বড় একাউন্টগুলোতে। একইসঙ্গে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগে ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে। অনেক বড় বড় ব্যাংক ডিপোজিটররা সেদিকে ঝুঁকছেন, ফলে কোটি টাকার অ্যাকাউন্ট কমছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনের খাতভিত্তিক বিশ্লেষণ বলছে, একক ব্যক্তিদের পাশাপাশি কর্পোরেট কোটি টাকার বেশি ডিপোজিট থাকা অ্যাকাউন্টের সংখ্যা কমে এসেছে।
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ব্যাংকখাতে একক ব্যক্তি কোটিপতিদের অ্যাকাউন্ট সংখ্যা কমেছে ৬২০টি। এছাড়া এসব অ্যাকাউন্টে ডিপোজিটের পরিমাণ কমেছে আট হাজার ৯২৩ কোটি টাকা।
একক ব্যক্তিদের অ্যাকাউন্ট হিসাবে চলতি বছর সেপ্টেম্বর প্রান্তিকে কোটিপতিদের অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৮৬১টিতে। জুন প্রান্তিক শেষে এসব অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৩৪ হাজার ৪৮১টি।
সেপ্টেম্বর শেষে এসব অ্যাকাউন্টে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ হাজার ৩৮৫ কোটি টাকা। জুন শেষে ডিপোজিটের পরিমাণ ছিল ৯২ হাজার ৩০৮ কোটি টাকা।
৫ আগস্টে সরকার পতনের পর অন্যান্য খাতের সঙ্গে ব্যাংকিং খাতেও সংস্কার শুরু হয়। কয়েকটি ব্যাংক বন্ধ হওয়ে যাওয়ার গুজবে ব্যাংকখাত থেকে আমানত তুলে নেয় গ্রাহকরা। বিশেষ করে এই গুজবের প্রভাব পড়ে শরিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকগুলোর ওপর। তাছাড়া প্রভাবশালী কিছু ব্যবসায়ী ব্যাংক থেকে আমানত তুলে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন ব্যাংকাররা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। রোববার (২৩ আগস্ট) এ বিষয়ে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে।
পরিপত্র অনুযায়ী, হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীকে দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে কার্য সম্পাদনে সহায়তা করবেন-
ক) প্রতিমন্ত্রী-১: দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয়াবলী, অনিবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী কর্তৃক নির্ধারিতব্য অন্য যেকোনো বিষয়।
খ) প্রতিমন্ত্রী-২: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা এবং উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, এল ডি সি উত্তরণ, আই সি টি, সমুদ্র আইন ও সমুদ্র সম্পদ, বিশ্ব স্বাস্থ্য কূটনীতি, সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি।
পরিপত্রে আরও বলা হয়েছে, উপর্যুক্ত দায়িত্ব বণ্টণে প্রধানমন্ত্রীর সদয় অনুমোদন রয়েছে।
ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে গ্রিড পরিচালনা ও আন্তঃসীমান্ত লেনদেন নিষ্পত্তির খরচ মেটাতে বাংলাদেশের ওপর 'সেটেলমেন্ট নোডাল এজেন্সি' (এসএনএ) নামে নতুন একটি চার্জ আরোপ হতে যাচ্ছে।
নতুন এই সিদ্ধান্তের ফলে ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে বাংলাদেশকে প্রতি ইউনিটে অতিরিক্ত ০.০০৫ ভারতীয় রুপি (আধা পয়সা) গুণতে হবে, যা বিদ্যুতের মূল দামের (ট্যারিফ) অতিরিক্ত হিসেবে যুক্ত হবে।
গ্রিড পরিচালনা, সিডিউলিং, মিটারিং ও বিদ্যুৎ লেনদেন নিষ্পত্তির ব্যয় মেটাতে এই ফি নির্ধারণ করা হয়েছে। ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড (এনভিভিএন) ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মধ্যে এসএনএ চুক্তি সইয়ের প্রক্রিয়া চলছে।
ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ থেকে অর্থ বিভাগের মতামত চাওয়া হয়েছে। শুরুতে ভারত প্রতি ইউনিটে ১ ভারতীয় পয়সা দাবি করলেও পরবর্তীতে বিপিডিবির দরকষাকষির ফলে তা আধা পয়সায় নির্ধারিত হয়। ভারতীয় আইন অনুযায়ী চুক্তিটি দ্রুত সই না হলে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি ব্যাহত হওয়ার ঝুঁকি রয়েছে। ভারত থেকে বিদ্যুৎ আমদানির ক্ষেত্রে নেপাল ও ভুটানকেও একই হারে এসএনএ চার্জ দিতে হয়।
ভারতের সঙ্গে চুক্তির আওতায় ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ পূর্ণ সক্ষমতায় আমদানি করা হলে বাংলাদেশকে প্রতি ঘণ্টায় ৫ হাজার ৮০০ রুপি চার্জ দিতে হবে। ভারতীয় বিদ্যুৎ বিধিমালার (সিইআরসি) অধীনে আঞ্চলিক গ্রিডে বাংলাদেশকে একটি পৃথক ‘কন্ট্রোল এরিয়া’ হিসেবে গণ্য করা হয়, যার দরুন মূল দামের বাইরে গ্রিড ব্যবহারের এই সমন্বয় ফি প্রযোজ্য হচ্ছে।
বর্তমানে ভারতের সঙ্গে চুক্তির মাধ্যমে বাংলাদেশে সর্বমোট ২,৬৫৬ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ আমদানির সুব্যবস্থা রয়েছে। এর মধ্যে এনভিভিএনের মাধ্যমে বিভিন্ন ভারতীয় কেন্দ্র থেকে আসা ১,১৬০ মেগাওয়াট বিদ্যুতের জন্যই মূলত এই চুক্তি কার্যকর হবে।
অন্যদিকে আদানি পাওয়ারের ঝাড়খণ্ড কেন্দ্র থেকে আসা ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুতের মূল ক্রয় চুক্তিতে এই চার্জ আগে থেকেই অন্তর্ভুক্ত থাকায় সেটির জন্য নতুন চুক্তির প্রয়োজন পড়ছে না।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে বঙ্গভবনে নিজের দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয়ে এসে পৌঁছালে তাঁকে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়।
বঙ্গভবনের ২ নম্বর প্রধান ফটকে পৌঁছালে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে রাজকীয় অভ্যর্থনা জানায়। এরপর বঙ্গভবনের ক্রেডেনশিয়াল মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মান তথা ‘গার্ড অব অনার’ প্রদান করে।
অভ্যর্থনা পর্ব শেষে বঙ্গভবনের অক্টাগনালে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম সপরিবারে রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান।
দাপ্তরিক কার্যক্রমের প্রথম দিনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল তাঁর নির্ধারিত অফিস কক্ষে বসে গুরুত্বপূর্ণ নথিপত্রে স্বাক্ষর করেন। এছাড়া তিনি বঙ্গভবনের পরিদর্শন বইয়েও স্বাক্ষর করেন বলে জানা গেছে। গত ২০ আগস্ট জাতীয় সংসদে সংসদ সদস্যদের সরাসরি ভোটে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং পরদিন ২১ আগস্ট বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন। আজ দাপ্তরিক কাজ শুরুর মধ্য দিয়ে তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর দায়িত্বের পূর্ণ সক্রিয়তা প্রকাশ করলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান সামরিক বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা ও সততাকে প্রধান্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। কর্মকর্তাদের নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, বিশ্বস্ততা এবং আনুগত্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করতে তিনি নির্বাচনী পর্ষদের সদস্যদের প্রতি আহ্বান জানান। আজ রবিবার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী সদর দপ্তরে নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬ এর উদ্বোধনকালে তিনি এসব দিকনির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ছাড়াও অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় নৌ ও বিমান বাহিনী বেসামরিক প্রশাসনকে যেভাবে সহায়তা করছে তা অত্যন্ত প্রশংসনীয়। বাহিনীর সকল স্তরের সদস্যদের এই ত্যাগের জন্য তিনি নৌ ও বিমান বাহিনী প্রধানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। বক্তব্যের শুরুতেই তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পর্যন্ত সকল শহীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি আকাশ প্রতিরক্ষা পরিচালন কেন্দ্রে নবস্থাপিত এয়ার ডিফেন্স সিস্টেম ইন্টিগ্রেশন (এডিএসআই)-এর উদ্বোধনী স্মারক ফলক উন্মোচন করেন এবং এর কার্যক্রম প্রত্যক্ষ করেন। এছাড়া তিনি এয়ার কমান্ড অপারেশন সেন্টার (এসিওসি) পরিদর্শন করে ড্রোনের মাধ্যমে লাইভ ফিড এবং হেলিকপ্টার থেকে সেনা অবতরণের মহড়া অবলোকন করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী বিমান বাহিনীর এ্যারোস্পেস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কমপ্লেক্স এবং সেখানে নিজস্ব সক্ষমতায় তৈরি কামিকাজি ড্রোন, ইন্টারসেপ্টর ড্রোন ও ভিটোলসহ বিভিন্ন ধরনের আনম্যান্ড এরিয়েল ভেহিকেল (ড্রোন) প্রদর্শনী উপভোগ করেন। তিনি কোয়াডকপ্টারের উড্ডয়ন দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন যে, প্রযুক্তিগত এই আত্মনির্ভরতা বিমান বাহিনীর সক্ষমতাকে আরও সুসংহত করবে।
এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। এ সময় সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির লক্ষ্যে গঠিত ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে তিনি এর উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদবির যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
নির্বাচনী পর্ষদ শুরুর আগে প্রধানমন্ত্রী নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। র্যাংক ব্যাজ পরিধান শেষে প্রধানমন্ত্রী নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে অভিনন্দন জানান।
এ সময় নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে নৌবাহিনীকে আরও আধুনিক, সক্ষম ও সময়োপযোগী বাহিনী হিসেবে এগিয়ে নিতে তার মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা কামনা করেন।
এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনা ও বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার উপস্থিত ছিলেন।
বিগত ১৭ বছর ধরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে সংঘটিত যাবতীয় দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত মন্ত্রী ড. আবদুল মঈন খান। আজ রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কার্যদিবসে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।
ড. আবদুল মঈন খান তাঁর বক্তব্যে স্পষ্ট করেন যে, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, তবে দুর্নীতির বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “গত ১৭ বছরের অব্যবস্থাপনার কারণে দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। আমার মূল লক্ষ্য হবে দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ এবং তাদের কাছে সরকারি সেবা যথাযথভাবে পৌঁছে দেওয়া।” একইসাথে তিনি এই মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করে এর হৃত গৌরব পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়কে গণতান্ত্রিক ব্যবস্থার একটি অপরিহার্য অঙ্গ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই মন্ত্রণালয় সরাসরি জনগণের সাথে কাজ করে বিধায় এর মাধ্যমে যথাযথ সেবা নিশ্চিত করা গেলে রাষ্ট্রব্যবস্থা আরও কার্যকর হবে। তিনি জনগণের ক্ষমতার উৎসের কথা স্মরণ করিয়ে দিয়ে কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। ড. মঈন খান বিশেষভাবে উল্লেখ করেন যে, সচ্ছল ব্যক্তিরা নিজেদের প্রয়োজনে পথ খুঁজে নিতে পারলেও দরিদ্র মানুষ সম্পূর্ণভাবে সরকারি সেবার ওপর নির্ভরশীল, তাই তাঁদের অধিকার ও সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।
বিগত সরকারের সমালোচনা করে তিনি অভিযোগ করেন যে, সেই সময় এমনকি বিচার বিভাগের স্বাধীনতাও ক্ষুণ্ন করা হয়েছিল এবং মন্ত্রণালয় থেকে রায় লিখে দেওয়া হতো। বর্তমান সরকার জনগণের জীবনমান উন্নয়নে তারেক রহমান ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো গঠনমূলক উদ্যোগ গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন। ব্যক্তিগত প্রসঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বের স্মৃতিচারণ করে বলেন, তাঁর পরিবারের রাজনৈতিক আদর্শ দেশপ্রেম ও সেবার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।
মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়াকে একটি গুরুদায়িত্ব হিসেবে অভিহিত করে ড. মঈন খান প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনগণের কাতারে দাঁড়িয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। দেশের বিপুল সংখ্যক দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে তিনি তাঁর সর্বোচ্চ সামর্থ্য নিয়োগ করবেন। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি মন্ত্রণালয়ের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিগত দীর্ঘ ১৭ বছর ধরে বাংলাদেশের সংবাদমাধ্যমের হাত আক্ষরিক অর্থে বেঁধে রাখা হয়েছিল। দেশের তথাকথিত গণতান্ত্রিক পরিবেশে গণমাধ্যমকে মুক্তভাবে কাজ করতে বাধা দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। আজ রবিবার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আন্দালিব রহমান পার্থ জুলাই মাসের গণ-অভ্যুত্থানে সংবাদমাধ্যমের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন, "জুলাই গণ-অভ্যুত্থানেও সংবাদমাধ্যমের ভূমিকা খাটো করে দেখার কোনো সুযোগ নেই।" তিনি মনে করেন, দেশের সাম্প্রতিক এই রাজনৈতিক পটপরিবর্তনে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই অবদানের স্বীকৃতি অবশ্যই থাকতে হবে।
বিগত সময়ে দেশের প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত ও নৈতিক অবক্ষয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, "গত কয়েক বছরে দেশের সব বিভাগেই নৈতিক অবক্ষয় হয়েছে। সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে সময় লাগবে।" তবে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সবাই একযোগে কাজ করলে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
সংবাদমাধ্যমকে গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ আরও বলেন, সরকারের যাবতীয় কর্মকাণ্ড জনগণের কাছে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে হবে। এক্ষেত্রে তিনি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান। দেশের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে মন্ত্রণালয় ও গণমাধ্যমকে একযোগে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’-এর চেয়ারম্যান হিসেবে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে নিয়োগ প্রদান করেছে সরকার। তাঁকে আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে এই পদে অধিষ্ঠিত করা হলো। নিয়োগের প্রধান শর্ত হিসেবে তাঁকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে বিদ্যমান সকল কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। তাঁর এই নিয়োগের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী এক বছর।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জনস্বার্থ বিবেচনা করেই এই আদেশ জারি করা হয়েছে এবং তাঁর নিয়োগের আনুষঙ্গিক অন্যান্য শর্তাবলি সম্পাদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। নবনিযুক্ত চেয়ারম্যান এখন থেকে দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন এবং বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর আজ রবিবার (২৩ আগস্ট) প্রথমবারের মতো নিজের দাপ্তরিক কার্যালয় ‘বঙ্গভবনে’ গিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল ১০টা ৫০ মিনিটে তিনি রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং বেলা ১১টায় সেখানে পৌঁছান।
বঙ্গভবনে প্রবেশের পর রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এই আনুষ্ঠানিক অভ্যর্থনার মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর নিয়মিত দাপ্তরিক কার্যক্রমের যাত্রা শুরু হলো। রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে তিনি দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপর গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথবাক্য পাঠ করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর গতকাল শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এর আগে একই দিন দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। আজ থেকে বঙ্গভবনের বাসিন্দা হিসেবে দেশের সর্বোচ্চ সাংবিধানিক অভিভাবকের দায়িত্ব পালনে তিনি পুরোপুরি সক্রিয় হলেন। এখন থেকে তাঁর যাবতীয় রাষ্ট্রীয় ও দাপ্তরিক কর্মকাণ্ড এই ঐতিহাসিক ভবন থেকেই পরিচালিত হবে।
রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসা ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে নিজের নতুন ঠিকানা ‘বঙ্গভবনে’ উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি রাষ্ট্রপতির সরকারি বাসভবনে এসে পৌঁছান।
বঙ্গভবনের প্রধান তোরণ দিয়ে প্রবেশের পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সেখানে রাষ্ট্রপতি গার্ড রেজিমেন্টের পক্ষ থেকে রাষ্ট্রীয় কায়দায় অভিবাদন বা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এখন থেকে তিনি দেশের এই সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর দাপ্তরিক কাজ এবং সপরিবারে বসবাস বঙ্গভবনেই করবেন। রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির বাসভবন হিসেবে বঙ্গভবনে অবস্থান করা বাধ্যতামূলক।
উল্লেখ্য, গত ২১ আগস্ট শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ঐতিহাসিক এক নির্বাচনে সংসদ সদস্যদের সরাসরি ভোটে জয়লাভ করেন তিনি। দীর্ঘ ৩৫ বছর পর সংসদীয় ব্যবস্থায় অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫টি ভোট পান। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮টি ভোট।
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।
শনিবার এক বার্তায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস বলেছে, ‘রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও জোরদার করতে কাজ করার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্র।’
গত ২০ আগস্ট মির্জা ফখরুল বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। শুক্রবার তিনি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল পদমর্যাদায় উন্নীত করা হয়েছে। আজ রবিবার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে পদোন্নতির এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপন অনুযায়ী, খোন্দকার মিসবাহ উল আজীমকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছর মেয়াদে বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এর আগে গত ২৩ জুলাই তিনি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর শীর্ষ পদের দায়িত্বভার গ্রহণ করেন।
বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারের অধিকারী খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৮৯ সালে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। সামরিক প্রশিক্ষণের পাশাপাশি তিনি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রিও অর্জন করেছেন।
সুদীর্ঘ কর্মজীবনে তিনি নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড ও স্টাফ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি কমান্ডার চট্টগ্রাম ও ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে নিয়োজিত ছিলেন। এছাড়া নৌ সদর দপ্তরে পরিচালক নৌ অপারেশনস ও পরিচালক নৌ পরিকল্পনা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি তিনি বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির অধিনায়কত্ব করেছেন।
আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর কাজের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রাখেন। প্রায় ৪০ বছরের এই দীর্ঘ কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি) এবং জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা ও পদকে ভূষিত হন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান পার্থ আজ রবিবার (২৩ আগস্ট) প্রথমবারের মতো সচিবালয়ে নিজ দপ্তরে কাজে যোগ দিয়েছেন। এদিন সকালে তিনি সচিবালয়ের ৬ নম্বর ভবনে অবস্থিত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সকাল ৮টা ২০ মিনিটে দপ্তরে উপস্থিত হওয়ার পর মন্ত্রী তাঁর নতুন কার্যদিবসের সূচনা করেন। পরবর্তীতে সকাল সাড়ে ৯টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনেই তিনি মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন এবং উপস্থিত সকলের সাথে সৌজন্য বিনিময় করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এছাড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারাও এসময় উপস্থিত থেকে মন্ত্রীকে বরণ করে নেন।