মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
৩ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে রেমিট্যান্স আসায় শীর্ষে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় আমিরাত

ছবি: সংগৃহীত
ইউএনবি
প্রকাশিত
ইউএনবি
প্রকাশিত : ১৪ জানুয়ারি, ২০২৫ ১৯:০৪

গেল তিন মাসে বাংলাদেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এরপরেই রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের অবস্থান। বাংলাদেশ ব্যাংক (বিবি) এমন তথ্য দিয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গেল ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে রেমিট্যান্স আসা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রা আসার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র।

২০২৪-২০২৫ অর্থবছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর—এই তিন মাসের প্রবাসীদের পাঠানো অর্থের বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

এতে দেখা যায়, এই সময়ে যুক্তরাষ্ট্র থেকে ১৪০ কোটি মার্কিন ডলার বাংলাদেশে এসেছে।

এরপরেই রয়েছে সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের এ দেশটি থেকে এসেছে ৯৯ কোটি ডলার। বাংলাদেশে রেমিট্যান্স আসা দেশগুলোর শীর্ষে রয়েছে—সৌদি আরব, মালয়েশিয়া, যুক্তরাজ্য, কুয়েত, ইতালি, ওমান, কাতার ও সিঙ্গাপুর।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে, আগস্টে যুক্তরাষ্ট্র থেকে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ৩৪ লাখ মার্কিন ডলার, সেপ্টেম্বরে সেটা ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ৩৯ কোটি ডলার।

তবে গেল কয়েক মাসে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি প্রবাসীরা রেমিট্যান্স পাঠানো বাড়িয়ে দিয়েছেন। অক্টোবরে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি থেকে ৫০ কোটি ডলার এসেছে। সেপ্টেম্বরের তুলনায় যা ২৮ শতাংশ বেশি।

আর নভেম্বরে ৫১ কোটি ১৯ লাখ মার্কিন ডলার এসেছে যুক্তরাষ্ট্র থেকে।

গত ৫ মাসে রেমিট‍্যান্স বেড়েছে ৩০০ কোটি মার্কিন ডলার আর রফতানি বেড়েছে ২৫০ কোটি ডলার—এমন তথ্য জানিয়ে গেল ১১ জানুয়ারি বাংলাদেশের ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, ‘আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি, এখনও কেন্দ্রীয় ব্যাংকে চার মাসের রিজার্ভ রয়েছে। তবে সতর্ক থাকতে হবে।’

গভর্নর বলেন, ‘টাকা-পাচার ও ব‍্যাংকিং খাতে সুশাসন ফিরে আসায় অর্থনীতি মোটামুটি স্থিতিশীল রয়েছে।’

প্রবাসে বাংলাদেশিদের রাজনৈতিক পরিচয়ে বিভাজন সবচেয়ে বড় সংকট বলেও মন্তব্য করেন আহসান এইচ মনসুর। তিনি বলেন, ‘সবাইকে বাংলাদেশের পক্ষে লবিং করতে হবে, নয়তো রাজনৈতিকভাবে মাথা উঁচু করে দাঁড়ানো অসম্ভব।’

তিনি বলেন, ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে ২ দশমিক ৫ শতাংশ প্রণোদনা দেওয়ায় বছরে সরকারের ৭ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে।


নির্বাচিত

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

মওলানা ভাসানী
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আজ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন এবং পরবর্তীতে টাঙ্গাইলের সন্তোষে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়। ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করলেও মওলানা ভাসানী তাঁর জীবনের সিংহভাগ সময়ই কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে; আর সেখানকার মাটিতেই তিনি সমাহিত রয়েছেন।

১৯১১ সালে মওলানা মোহাম্মদ আলীর সান্নিধ্য লাভের মধ্য দিয়ে রাজনীতিতে পদার্পণ করেন মওলানা ভাসানী। পরবর্তী সময়ে ১৯১৭-১৮ সালে প্রবাসী সরকারের নেতৃত্বে তুরস্কের সহায়তায় ভারতবর্ষ স্বাধীন করার পরিকল্পনাসংবলিত রেশমী রুমাল আন্দোলনে অংশ নেন এবং ১৯১৯ সালে কারাবরণ করেন। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাহচর্য লাভ করে তিনি তাঁর স্বরাজ আন্দোলনে অংশ নেওয়ার পাশাপাশি খিলাফত ও অসহযোগ আন্দোলনেও যোগ দেন। এরপর ১৯২৫ থেকে ১৯২৭ সাল পর্যন্ত আসাম ও পূর্ব বাংলায় কৃষক-মজুরদের স্বার্থে সংগঠন গড়ে তুলে জমিদার ও সুদখোর মহাজনদের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় ১৯২৮ সালে কলকাতায় খিলাফত সম্মেলনে এবং ১৯২৯ সালে আসামের ভাসান চরে দ্বিতীয়বারের কৃষক-প্রজা সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ভাসানী ১৯৩৬ সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগ দেন এবং আসাম প্রাদেশিক মুসলিম লীগের সভাপতির দায়িত্ব লাভ করেন। ১৯৩৭ সালে তিনি আসামে কুখ্যাত লাইন প্রথাবিরোধী আন্দোলন করেন এবং আসাম প্রাদেশিক পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৪৭ সালের ৫ মার্চ আসামে আন্দোলনের ডাক দিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসেন। ১৯৪৮ সালের ১৭ মার্চ পূর্ব বাংলার ব্যবস্থাপক সভায় বাংলা ভাষার পক্ষ সমর্থনে পাকিস্তানে একটি সাপ্তাহিক গণমাধ্যম প্রকাশ করেন তিনি।

১৯৪৯ সালের ২৩ জুন মওলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা করে সভাপতি হন এবং ১৯৫৫ সালের ১৫ জুন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে ঐতিহাসিক পল্টন ময়দানে জনসভা করেন। ১৯৫৭ সালের ৬ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঐতিহাসিক কাগমারী সম্মেলনে পশ্চিম পাকিস্তানের উদ্দেশে তিনি বিখ্যাত ‘আসসালামু আলাইকুম’ ঘোষণা দেন। ওই বছরেরই মার্চ মাসে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে রাজনৈতিক বিরোধের জেরে তিনি আওয়ামী লীগ ত্যাগ করেন এবং ২৬ জুলাই ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠা করেন।


নির্বাচিত

গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর

সম্প্রতি একটি ভিডিও বার্তায় হাসিনার প্রত্যাবর্তনের কথা বলেছিলেন সাঈদ খোকন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৭ নভেম্বর, ২০২৬ ১১:১৬
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের বারিধারা এলাকা থেকে গ্রেপ্তারের পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) তাঁকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে গোয়েন্দা পুলিশের কাছে সোপর্দ করে। বর্তমানে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সাবেক এই মেয়রের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তাঁর পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

বিষয়:

নির্বাচিত

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলশানের বারিধারা এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে এক অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে এসআরবি সূত্র নিশ্চিত করেছে।

সূত্রটির তথ্যানুযায়ী, এসআরবি-১-এর একটি দল বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাঁকে গুলশান থানা পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তবে কী অভিযোগে সাবেক এই মেয়রকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

বিষয়:

নির্বাচিত

সাভার-আশুলিয়া ও গাজীপুরে ৬২ কারখানা বন্ধ, মজুরি বোর্ডের সভা স্থগিত

* মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার দিনই বৈঠক স্থগিত * ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন অব্যাহত * দ্রুত নতুন বৈঠকের তারিখ ঘোষণার দাবি বিজিএমইএ ও বিকেএমইএর
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা শুরুর গুরুত্বপূর্ণ দিনে সোমবার (১৬ নভেম্বর) মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় পরিস্থিতি আরও অনিশ্চিত হয়ে উঠেছে। এর মধ্যে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে উত্তেজনার ঘটনায় সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৬২টি পোশাক কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। শ্রমিকদের দাবি, দ্রুত মজুরি বৃদ্ধি ও কার্যকর সিদ্ধান্ত। অন্যদিকে, মালিকপক্ষও দ্রুত আলোচনার মাধ্যমে প্রক্রিয়া শেষ করার পক্ষে অবস্থান নিয়েছে।

৬২ কারখানায় উৎপাদন বন্ধ: শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সাভার-আশুলিয়ায় ৪০টি এবং গাজীপুরে ২২টি কারখানা বন্ধ রয়েছে। সাভার-আশুলিয়ায় বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারায় ২৭টি কারখানা বন্ধ। এ ছাড়া অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ৯টি এবং সাধারণ ছুটিতে রয়েছে চারটি কারখানা।

শিল্প পুলিশের দাবি, সোমবার (১৬ নভেম্বর) সাভার-আশুলিয়ায় নতুন করে কোনো শ্রমিক অসন্তোষ বা কর্মবিরতির ঘটনা ঘটেনি। শ্রমিকেরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন। আগের দিনের তুলনায় পরিস্থিতিরও উন্নতি হয়েছে। তবে গাজীপুরে পরিস্থিতি তুলনামূলক উত্তপ্ত। কোনাবাড়ী এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা সোমবার (১৬ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করলে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের সরিয়ে দেয়। সকাল ৯টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান।

শিল্প পুলিশের হিসাবে গাজীপুরে ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য এবং দুটি কারখানা সোমবারের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে অন্য একটি শিল্প পুলিশের হিসাবে জেলায় মোট ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার তথ্য পাওয়া গেছে।

হঠাৎ স্থগিত মজুরি বোর্ডের সভা: সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের মাত্র কয়েক ঘণ্টা আগে সভা স্থগিত করা হয়।

মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে অনিবার্য কারণে সভা স্থগিতের কথা জানানো হয়। তবে স্থগিতের নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন জানান, তারা সভায় অংশ নেওয়া ও প্রস্তাব জমা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। বোর্ডের সদস্যদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সকাল সোয়া ৯টার দিকে স্থগিতের খবর পান তিনি।

তার ভাষ্য অনুযায়ী, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত হয়েছে বলে তিনি শুনেছেন।

অন্যদিকে, শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার জানান, বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাকে ফোনে সভা স্থগিতের কথা জানান। আনোয়ার হোসাইনের অসুস্থতার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিক অসন্তোষকেও কারণ হিসেবে উল্লেখ করা হয়।

৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব শ্রমিকপক্ষের: শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দেন।

অন্যদিকে, মালিকপক্ষের প্রস্তাব নিয়ে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর মধ্যে আলোচনা হয়েছে। বিজিএমইএর একাধিক নেতার বরাত দিয়ে জানা গেছে, মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার টাকার আশপাশে রাখার পরিকল্পনা ছিল। দর-কষাকষির জন্য বিকল্প প্রস্তাবও তৈরি করা হয়েছিল। তবে কয়েকজন শিল্পমালিকের আশঙ্কা ছিল, বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মালিকপক্ষের প্রস্তাব প্রকাশ করা হলে নতুন করে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে। এ কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর প্রস্তাব জমা দেওয়ার পক্ষে মত দেন তারা।

সভা স্থগিত নিয়ে প্রশ্ন: মজুরি বোর্ডের সভা স্থগিতের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। শ্রম আইন অনুযায়ী, বোর্ডের চেয়ারম্যান, মালিকপক্ষের একজন প্রতিনিধি ও শ্রমিকপক্ষের একজন প্রতিনিধি উপস্থিত থাকলে সভার কোরাম পূর্ণ হওয়ার কথা। ফলে একজন স্থায়ী প্রতিনিধির অনুপস্থিতি সভা স্থগিতের বাধ্যতামূলক কারণ নয় বলে মনে করছেন শ্রম বিশেষজ্ঞরা।

সাবেক শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, মালিকপক্ষের প্রস্তাব জমা পড়লে মজুরি নিয়ে আলোচনা শুরু হতো এবং শ্রমিকদের মধ্যে ইতিবাচক বার্তা যেত। আলোচনায় বিলম্ব হলে শ্রমিকদের অনিশ্চয়তা ও অসন্তোষ আরও বাড়তে পারে।

দ্রুত নতুন বৈঠকের দাবি মালিকদের: মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ দ্রুত ঘোষণার দাবি জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সোমবার (১৬ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি জানায়, মালিকপক্ষ সভায় অংশ নেওয়া এবং মজুরি প্রস্তাব জমা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিল।

বিবৃতিতে বলা হয়, শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভা স্থগিত হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। মালিকপক্ষ আশা করছে, দ্রুত নতুন তারিখ নির্ধারণ করে মজুরি পুনর্নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের নির্ধারিত সময়সীমার কথা উল্লেখ করে সংগঠন দুটি জানায়, দ্রুত মজুরি ঘোষণা করা হলে বাড়তি মজুরি প্রদানের জন্য কারখানাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে।

সব মিলিয়ে, পোশাকশিল্পে উৎপাদন স্বাভাবিক রাখা, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং মালিকপক্ষের সক্ষমতার মধ্যে সমন্বয় করাই এখন বড় চ্যালেঞ্জ। দ্রুত মজুরি বোর্ডের বৈঠক আয়োজন ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো না গেলে শিল্পাঞ্চলের অস্থিরতা দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।


নির্বাচিত

নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

* ২০৩০ সালের জুনে শেষ হবে প্রকল্প * বাড়বে পৌরসভা ও সিটি করপোরেশনের সক্ষমতা
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের নগর অবকাঠামো ও নাগরিক সেবার উন্নয়নে চলমান প্রকল্পে আরও ৯৫ কোটি ডলার অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি) বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। নতুন অর্থায়নের ফলে প্রকল্পটির কাজ পরিকল্পনা অনুযায়ী শেষ করার পাশাপাশি নগর এলাকার মৌলিক সেবা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ জোরদার হবে।

গত রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানবিষয়ক বিভাগীয় পরিচালক জ্যঁ পেসম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে অর্থায়ন চুক্তিতে সই করেন।

ইআরডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটির জন্য শুরুতে ৪০ কোটি ডলার বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রয়োজনে ওই বরাদ্দ থেকে ৯ কোটি ৫০ লাখ ডলার জরুরি পরিস্থিতি মোকাবিলার উপাদানে (সিইআরসি) স্থানান্তর করা হয়। নতুন অর্থায়নের মাধ্যমে এই অর্থের ঘাটতি পূরণ হবে। ফলে প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী কাজ বাস্তবায়ন করা সম্ভব হবে। ২০৩০ সালের জুনের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

২০২৫ সালে শুরু হওয়া প্রকল্পটি স্থানীয় সরকার বিভাগের অধীনে বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এর মূল উদ্দেশ্য নগর এলাকার মৌলিক সেবার মান উন্নয়ন, পৌর প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা এবং আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করা। একই সঙ্গে পৌরসভা ও সিটি করপোরেশনগুলোর নিজস্ব রাজস্ব আদায়ের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর পরিকল্পনা প্রণয়ন, ক্রয় কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা ও প্রকল্প বাস্তবায়নের দক্ষতা বাড়ানো হবে। এর মাধ্যমে নগর উন্নয়ন কার্যক্রম আরও কার্যকর ও টেকসই করার প্রত্যাশা করা হচ্ছে।

নতুন অর্থায়নের মধ্যে ৯২ কোটি ডলার আসবে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) ‘স্কেল-আপ উইন্ডো-শর্টার ম্যাচিউরিটি লোন’ থেকে। এ ঋণের বিপরীতে কোনো সুদ, সার্ভিস চার্জ বা কমিটমেন্ট ফি দিতে হবে না। ঋণ পরিশোধের মেয়াদ ১২ বছর, যার মধ্যে প্রথম ছয় বছর গ্রেস পিরিয়ড হিসেবে বিবেচিত হবে।

অবশিষ্ট ৩ কোটি ডলার আসবে বিশ্বব্যাংকের পারফরম্যান্স-বেজড অ্যালোকেশন থেকে। এ অংশের ঋণের সুদের হার ১ দশমিক ৫ শতাংশ। পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে।

ইআরডি জানায়, বিশ্বব্যাংক বাংলাদেশের বৃহত্তম বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী। দেশের অবকাঠামো, জ্বালানি, প্রাতিষ্ঠানিক সংস্কার ও আর্থসামাজিক উন্নয়নে সংস্থাটি দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে। নতুন অর্থায়ন দুই পক্ষের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারত্বকে আরও জোরদার করবে।


নির্বাচিত

ভুয়া তথ্য-আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক   

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট বন্ধে সরকার দ্রুত আইন প্রণয়ন করবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়িয়ে পড়ার বিষয়ে সরকারের কাছে প্রচুর অভিযোগ আসছে। এ ধরনের অপতথ্য ও বিভ্রান্তিকর কনটেন্টের বিস্তার রোধে সরকার কাজ করছে। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে বগুড়া-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আমরা খুব শিগগিরই এ বিষয়ে একটি আইন করব। এই সংসদেই আইনটি নিয়ে আসব। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আপত্তিকর ও বিভ্রান্তিকর কনটেন্ট ছড়িয়ে পড়ছে। এগুলো কীভাবে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেওয়া যায়, সে বিষয়েও আমরা কাজ করছি।

মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রতিদিনই নানা অভিযোগ ও প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। সরকার আইন প্রণয়নের মাধ্যমে এ ধরনের কনটেন্ট বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে।


নির্বাচিত

ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পাহাড়

* প্রতি ১০০ টাকার ৩২ টাকাই অনাদায়ী * বিগত ৫ বছরে খেলাপি ঋণের পরিমাণ      বেড়েছে প্রায় ২৪ দশমিক ৫৪ শতাংশ * সেপ্টেম্বর পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা  
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিশেষ প্রতিবেদক  

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পাহাড় জমেছে। বছরের পর বছর ঋণ বিতরণে অনিয়ম, আদায়ে দুর্বলতা এবং প্রভাবশালী ব্যক্তি পর্যায়ে ঋণসুবিধা দেওয়ার কারণে ব্যাংকগুলোর ওপর জমেছে এই বোঝা। এতে সংকুচিত হচ্ছে ব্যাংকের ঋণ দেওয়ার সক্ষমতা, বাড়ছে আর্থিক খাতের ঝুঁকি।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকভিত্তিক তফশিলি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি টাকা। যা এই সময়ে ব্যাংকিং খাতে বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ। গত পাঁচ বছরের তুলনামূলক চিত্রে দেখা যায়, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ লাগাতারভাবে বৃদ্ধি পাচ্ছে।

সংসদ সদস্য রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, ২০২২ সালে ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা। যা ওই সময়ে বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। পরবর্তীতে ক্রমান্বয়ে এই চিত্র আরও অবনতির দিকে যায়। বিগত ৫ বছরে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ প্রায় ২৪ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে। এই পরিসংখ্যান দেশের অর্থনীতিতে এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংসদে উত্থাপিত তথ্য অনুযায়ী- গত ৫ বছরের খেলাপি ঋণের তুলনামূলক চিত্রে দেখা যায়, ২০২২ সালে মোট ঋণের পরিমাণ ছিল ১৬ লাখ ১৭ হাজার ৬৮৮ কোটি ৭৬ লাখ টাকা এবং খেলাপি ঋণ ছিল ১ লাখ ৩৫ হাজার ৭১০ কোটি ৪৫ লাখ টাকা। খেলাপি ঋণের হার ছিল ৮ দশমিক ৩৯ শতাংশ। ২০২৪ সালে মোট ঋণের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ কোটি ৯১ লাখ টাকা এবং খেলাপি ঋণ ছিল ৩ লাখ ৫ হাজার ৭৩ কোটি ৩৮ লাখ টাকা। যার হার ছিল ১৭ দশমিক ৮৩ শতাংশ। পরের বছর অর্থাৎ ২০২৫ সালে মোট ঋণের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ১৮ লাখ ২০ হাজার ৯১৫ কোটি ৪৪ লাখ টাকা এবং খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৫ লাখ ৪৪ হাজার ৩৩১ কোটি ৮৮ লাখ টাকা, যা ছিল মোট ঋণের ২৯ দশমিক ৯২ শতাংশ।

এতে বলা হয়- সর্বশেষ সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা এবং খেলাপি ঋণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় পৌঁছেছে। যা মোট ঋণের ৩২.১৭ শতাংশ।

অর্থমন্ত্রী জানান, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, অনিয়ম ও অর্থ আত্মসাতের মাধ্যমে সৃষ্ট আর্থিক ক্ষতি পুনরুদ্ধার এবং বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং বৈদেশিক অর্থ পাচার রোধে জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স সন্দেহভাজন সমস্যা বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্জিত সম্পত্তির বিবরণী অনুসন্ধান, আইন ও বিচারবিভাগ, পুলিশ কমিশন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এবং অন্য সংস্থাসহ বিভিন্ন দপ্তরের কার্যাবলির মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এছাড়া ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণের অর্থ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি রোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে। অর্থপাচার রোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) পাঠানোর উদ্যোগসহ নানামুখী কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

সাত মাসে ২ হাজার ৯৫০ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ : একইদিন সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকার চলতি বছর মার্চ মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ২ হাজার ৯৫০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করেছে।

তিনি বলেন, সরকার গঠনের পর থেকে বৈদেশিক ঋণ সহনশীল মাত্রায় রাখতে সরকার কাজ করে যাচ্ছে। বৈদেশিক ঋণে বাস্তবায়নের জন্য কোনো নতুন প্রকল্প গ্রহণের আগে এসব প্রকল্প প্রস্তাব ও সংশ্লিষ্ট ঋণপ্রস্তাব পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা হচ্ছে। যেন বৈদেশিক ঋণে নতুন কোনো অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ না করা হয়।

মন্ত্রী বলেন, একইসাথে বৈদেশিক ঋণের প্রকল্পগুলো যাতে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারে সরকারের লক্ষ্য ও উদ্দেশের সঙ্গে সংগতিপূর্ণ এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় সে বিষয়ে লক্ষ্য রাখা হচ্ছে। বিশেষ করে উচ্চ সুদের ও স্বল্পমেয়াদী অনমনীয় শর্তের বৈদেশিক ঋণ গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

বিমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : দেশের ৮২টি বিমা কোম্পানির মধ্যে একটি কোম্পানি একাই প্রায় তিন হাজার কোটি টাকার বিমা দাবি পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে। এ অবস্থায় বিমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকিং খাতের মতো বিমা খাতেও বড় ধরনের নৈরাজ্য দেখতে পেয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে আইডিআরএকে নতুনভাবে সাজানো হয়েছে। দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে সব বিমা কোম্পানিকে দাবি পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনেক কোম্পানি অন্যায়ভাবে বিমাগ্রহীতাদের টাকা দিয়ে জমি কিনেছে এবং বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে। এসব জমি বিক্রি করে বিমা দাবি পরিশোধে কোম্পানিগুলোকে বাধ্য করা হচ্ছে। এ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরপরও যেসব বিমা কোম্পানি দাবি পরিশোধে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশফেরতদের পুনর্বাসনে ৩ হাজার কোটি টাকা প্রদান: সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বিদেশফেরত প্রবাসীদের মৎস্য ও প্রাণিসম্পদ, শিল্প-কারখানা, সেবা ও বাণিজ্য, ক্ষুদ্র ও কুটির শিল্পসহ বিভিন্ন উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রতি পর্যায়ে ১ হাজার কোটি করে তিন পর্যায়ে মোট ৩ হাজার কোটি টাকা প্রাক-অর্থায়ন ঋণ প্রদান করেছে। এ কর্মসূচির প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সফল বাস্তবায়নের পর তৃতীয় পর্যায়ের বাস্তবায়ন চলমান রয়েছে।

তিনি বলেন, গ্রাহক পর্যায়ে এ ঋণের সর্বোচ্চ সুদহার ৮ শতাংশ। এ ঋণের মাধ্যমে বিদেশগমনেচ্ছু ও বিদেশফেরত প্রবাসীদের আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হয়েছে। প্রথম পর্যায়ে ৪২ হাজার ৭৬২ জন এবং দ্বিতীয় পর্যায়ে ৪২ হাজার ৩০৩ জন সুবিধাভোগী ঋণ সুবিধা গ্রহণ করেছেন।

অর্থমন্ত্রী বলেন, এছাড়া সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ‘উদ্যোগ’ কর্মসূচি নেওয়া হয়েছে। এ কর্মসূচির আওতায় যোগ্য তরুণ উদ্যোক্তাদের চাহিদা ও মূল্যায়ন সাপেক্ষে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা ব্যাংক ঋণ এবং সমপরিমাণ সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদানসহ মোট ২০ লাখ টাকা পর্যন্ত সমন্বিত অর্থায়নের সুযোগ রয়েছে। কর্মসূচিটি পর্যায়ক্রমে সারাদেশে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব অর্থায়নে পরিচালিত কটেজ, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিম এর তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা হতে বৃদ্ধি করে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ তহবিল হতে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং জামানতসাপেক্ষে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।


নির্বাচিত

যুক্তরাষ্ট্রের ‘ডিএফসি অর্থায়নের’ যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১৬ নভেম্বর, ২০২৬ ২২:১২
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটির পক্ষথেকে এ ঘোষণা দেয়া হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের শক্তিশালী করার পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায় সহায়তা করে। বাংলাদেশের এ নতুন যোগ্যতা বেসরকারি বিনিয়োগ কাজে লাগিয়ে দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে ডিএফসির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

ডিএফসি জানিয়েছে, অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার বাড়লে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেয়া সহজ হবে। এসব বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

সংস্থাটি বলছে, বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলো অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের অনাগ্রহের মুখে পড়তে পারে। এ ধরনের বাধা কাটিয়ে প্রকল্পগুলো বাস্তবায়নে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ।

ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে—এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়া সম্ভব।’

বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে আমাদের প্রকাশ্য অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়বে।’

বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। ফলে এ অঞ্চল যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ডিএফসি জানিয়েছে, মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করতে বেসরকারি পুঁজি কাজে লাগানোর পাশাপাশি এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতে সংস্থাটি কাজ করছে।


নির্বাচিত

শিক্ষা ক্যালেন্ডারে বাধ্যতামূলক করা হচ্ছে ১০ ধরনের খেলাধুলা

মাদকমুক্ত সমাজ গড়তে সরকারের বিশেষ উদ্যেগ
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

শিক্ষাপ্রতিষ্ঠানে আরো ১০টি খেলাধুলা যুক্ত করার উদ্যেগ নিয়েছে সরকার। শিক্ষা ক্যালেন্ডারের সাখে মিল রেখে বছরব্যাপি খেলাধুলা সংযোজন হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ হবে বলে মনে করছে সরকার। পাশাপাশি মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। তিনি আরও বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে বা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও ফিটনেস চর্চার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মাউশি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রের আলোকে সোমবার (১৬ নভেম্বর) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মাঠপর্যায়ে এই নির্দেশনা জারি করা হয়। মাউশির অধীন দেশের সকল আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো ওই নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। খেলার তালিকাভুক্ত ইভেন্টগুলো হলো— ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা।

গত ৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই ১০ ধরনের খেলাধুলা বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা ও সানুগ্রহ হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি পত্র পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ডিও লেটারে প্রতিমন্ত্রী আমিনুল হক উল্লেখ করেন, দক্ষ, সৃজনশীল, কর্মপটু ও তৎপর জাতি গঠন এবং শিক্ষার্থীদের সুশাসন, শারীরিক ও মানসিক সুনিপুণ বিকাশে খেলাধুলার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী ও যুবদের দলগত কাজের মানসিকতা (সেন্স অব টিম বিল্ডিং অ্যাপ্রোচ) ত্বরান্বিতকরণ, দূরদর্শী নেতৃত্বের গুণাবলি (ভিশনারি লিডারশিপ কোয়ালিটি) সুদৃঢ়করণ, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নৈতিক মানদণ্ড (মোরাল স্ট্যান্ডার্ডস) সমুন্নত রাখতে খেলাধুলা অনন্য ভূমিকা রাখে।

পত্রে তিনি প্রখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্টের নৈতিক দর্শন (ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ) এবং বিশ্বখ্যাত লেখক লরি মায়ার্সের উক্তি– ট্রু স্পোর্টসম্যানশিপ ইজ এক্সিলেন্স ইন মোশনের প্রসঙ্গ টেনে বলেন, প্রাথমিক স্তর থেকে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) লক্ষ্য নম্বর ৪ (অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ) অর্জনে সহায়তা করবে।

এছাড়া আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউ’র বিখ্যাত গ্রন্থ ‘ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট: দ্য সিঙ্গাপুর স্টোরির (১৯৬৫-২০০০) উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সিঙ্গাপুরে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস (সিসিএ) হিসেবে একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং তরুণ শিক্ষার্থীদের ফিটনেস অ্যাসেসমেন্ট (যেমন, এনএপিএফএ টেস্ট) পরিচালনার মাধ্যমে একটি সমুন্নত জাতি গঠন সম্ভব হয়েছিল। প্রতিমন্ত্রী তার আবেদনে আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের দফা-২৫ এ বর্ণিত ক্রীড়াশিক্ষা ও খেলাধুলার প্রসার নিশ্চিতকরণ এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার (ইউএনওডিসি) শর্তানুযায়ী মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ‘মাঠমুখী’ করা জরুরি। এর মাধ্যমে মানবসম্পদকে প্রকৃত দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হবে বলে তিনি দৃঢ়বিশ্বাস ব্যক্ত করেন।

এ বিষয়ে মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম বাসসকে বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। তিনি আরও বলেন, আগে সাধারণত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির মাধ্যমে গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলাধুলা এবং প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের সংগৃহীত ক্রীড়া ফি দিয়ে কিছু টুর্নামেন্ট পরিচালিত হতো, যেখানে প্রাতিষ্ঠানিকভাবে বছরব্যাপী কোনও সুনির্দিষ্ট একাডেমিক শিডিউল ছিল না। এখন থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার সুযোগ তৈরি হবে। এ বিষয়ে শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে নিয়মিত মনিটরিং করার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।


নির্বাচিত

বেইজিং দূতাবাসে প্রথম সচিব জাহাঙ্গীর হোসেন

ছবি: জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রথম সচিব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন। গত ১৪ নভেম্বর তিনি বেইজিং দূতাবাসে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। সোমবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়, গত ২২ সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পরে মন্ত্রণালয়ের অধীনে প্রায় এক মাসের কূটনৈতিক প্রশিক্ষণ শেষে ৭ নভেম্বর তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সরদার এম জাহাঙ্গীর হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক (চায়না) হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দলীয়ভাবে কাজ করার নির্দেশনা পেয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন। পরবর্তীতে দলের বৃহত্তর স্বার্থে ও দলীয় সিদ্ধান্তে তিনি তা প্রত্যাহার করে নেন। তিনি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুল’র অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস বিষয়ে অধ্যয়নরত আছেন।

এর আগে চীন সরকারের আয়োজিত লিডারশিপ প্রোগ্রামে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের ৬২টি রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এজন্য তিনি সনদসহ বিশেষ পুরস্কার লাভ করেন। বেইজিং দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে যোগদানের পর সরদার এম জাহাঙ্গীর হোসেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


নির্বাচিত

অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার বন্ধের নির্দেশ হাইকোর্টের, নীরব এলাকায় চলবে অভিযান

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার এবং আতশবাজি ও পটকা ব্যবহারে নিয়ন্ত্রণ করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও নাগরিকের সাংবিধানিক অধিকার পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গত রোববার (১৫ নভেম্বর) এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী হাসানুল বান্না। আদালত পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের প্রতি কয়েকটি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় নীরব এলাকাগুলোতে যথাযথ সাইনবোর্ড স্থাপন, এসব এলাকার বাসিন্দাদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় এবং চালক, নির্মাণকাজের ব্যবস্থাপকসহ শব্দদূষণের সম্ভাব্য উৎসগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করতে প্রচারণা চালানোর কথা বলা হয়েছে। এসএমএসসহ বিভিন্ন মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচারেরও নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়া শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিধিলঙ্ঘনকারীদের বিরুদ্ধে যৌথ ও নিয়মিত অভিযান পরিচালনা করতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে শব্দদূষণ বিধিমালার ৬ নম্বর বিধি এবং সড়ক পরিবহন আইনের ৪৫ ধারা অনুসারে অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা নিশ্চিত করতে হবে। আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৮ নম্বর বিধি কার্যকর করার নির্দেশও দিয়েছেন আদালত।

এ ছাড়া নীরব এলাকা, নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান ও উৎসব এবং যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারপাশের ১০০ মিটার এলাকাকে নীরব এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। বিধিমালায় নিষিদ্ধ হর্নের ব্যবহার নিয়ন্ত্রণে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। আতশবাজি, পটকা ও অনুরূপ শব্দ সৃষ্টিকারী পণ্যের সীমিত ব্যবহারের ক্ষেত্রে সময় ও স্থান নির্ধারণ করে অনুমোদনের বিধানও রয়েছে।

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার তিন কিলোমিটার পরিধি, সচিবালয় ও আশপাশের এলাকা, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, ডিএনসিসি, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে এসব এলাকায় নিয়মিত শব্দদূষণের নির্ধারিত মাত্রা লঙ্ঘিত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।


নির্বাচিত

গোপালগঞ্জ ছাড়া দেশে আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ মন্তব্য করেছেন, গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই এবং দলটির রাজনৈতিকভাবে ফিরে আসার মতো কোনো সাংগঠনিক তৎপরতাও চোখে পড়ছে না। আজ সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও বক্তব্য দেন; পাশাপাশি অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্যসচিব ইফতেখার মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলটির এসব কর্মকাণ্ড দেউলিয়াত্ব ছাড়া কিছুই নয় এবং এর মাধ্যমে খুব একটা ফায়দা পাওয়ার সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতি করার কোনো সুযোগ কিংবা অধিকার আগামী দিনেও থাকবে না বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন—এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।

আওয়ামী লীগের রাজনীতি বরাবরই প্রতিশোধপরায়ণ ছিল উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, ১৯৭৫-এর বিষয়টিকে পুঁজি করে তারা প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি কোনোভাবেই যেন আর ফিরে আসতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও বিপন্ন হবে। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

অর্থনীতি ও ব্যাংকিং খাতের পরিস্থিতি তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থায় যে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনো জাতিকে পুরোপুরি বোঝাতে না পারাটাই তাঁদের সবচেয়ে বড় ব্যর্থতা। বর্তমানে নন-পারফর্মিং লোন অর্থাৎ খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি জানান, শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো এবং নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণেই আজ ব্যাংকিং খাতের এই করুণ দশা তৈরি হয়েছে। বর্তমান সরকারের ওপর এ সংকটের দায় চাপানো হলেও এর প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরা উচিত বলে মত দেন তিনি; এ ছাড়া বিদ্যুৎ খাতেও ওভারপ্রাইসিংয়ের মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।

বিগত সরকারকে টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ব্যাপক মিডিয়া নিয়ন্ত্রণ ও দমনপীড়ন চালিয়েও তারা ক্ষমতায় টিকতে পারেনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি উল্লেখ করেন, বিগত সময়ে যাঁরা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদের বিচার সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ তাদের গ্রহণযোগ্যতা উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগে একটি স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি; সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না, বরং দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং বিগত দিনের লুটপাটের প্রকৃত তথ্য তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা চায়।

গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বিকৃত সংবাদ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যকে আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি রাখার চেষ্টা করা হচ্ছে এবং গত দুই বছরে ফেসবুকে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা রোধ করা হবে। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টাল থেকে শুরু করে যাঁরা ফেক নিউজ ছড়াচ্ছেন, তাঁদের কীভাবে থামানো যায়—সে বিষয়ে সরকার কাজ করছে। অপরদিকে, নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপন প্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ইউজার ফ্রেন্ডলি করা হবে বলেও জানান তিনি।


নির্বাচিত

পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির, তফসিল ঘোষণা ৫০ দিন আগে

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১৬ নভেম্বর, ২০২৬ ১৪:৫০
নিজস্ব প্রতিবেদক

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে ভোটগ্রহণ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।

নির্বাচনের ধাপগুলোর বিবরণ তুলে ধরে নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। পরবর্তী ধাপগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।

কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যেই নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করবে নির্বাচন কমিশন এবং আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই এই সংলাপ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথম ধাপের এই নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে যা যা করা প্রয়োজন, নির্বাচন কমিশন তার সবই করবে বলে তিনি দৃঢ়তা প্রকাশ করেন।


নির্বাচিত

banner close