শনিবার, ২ মে ২০২৬
১৯ বৈশাখ ১৪৩৩
অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেন

সাবেক রেলমন্ত্রী জিল্লুলসহ পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা

মামলা হয়েছে গোলন্দাজ দম্পতির বিরুদ্ধেও
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১৬ জানুয়ারি, ২০২৫ ১৮:১৫

অবৈধ সম্পদ অর্জনসহ ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম, তার স্ত্রী সাঈদা হাকিমসহ ছেলে আশিক মাহমুদ মিতুলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পৃথক আরেকটি মামলায় ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধেও মামলা দায়ের করেছে সংস্থাটি।

বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমসহ তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মো. আক্তার হোসেন বলেন, ‘মো. জিল্লুল হাকিম তার নিজ নামে ২৪ কোটি ২৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার স্ত্রী ৪ কোটি ২৭ লাখ টাকা ও ছেলে আশিক মাহমুদ মিতুল ২ কোটি ৬২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।'

তিনি আরও বলেন, 'জিল্লুল হাকিম ও তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ১৯ টি ব্যাংক হিসেবে ১৪৫ কোটি ৪৪ লাখ টাকা সন্দেহজনক জমা হওয়ার তথ্য পেয়েছে দুদক। এছাড়া, তার স্ত্রীর ৬টি ব্যাংক হিসেবে ১২ কোটি ৯২ লাখ টাকা এবং তার ছেলের একটি ব্যাংক অ্যাকাউন্টে ৭ কোটি ৭৬ লাখ টাকা সন্দেহজনক জমা হয়েছে।'

'তারা অস্বাভাবিক ও সন্দেজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রুপান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তবে এসব অর্থ কোন সময়ের মধ্যে লেনদেন হয়েছে তা জানাননি বলেও উল্লেখ করেন আক্তার হোসেন।

অন্যদিকে গোলন্দাজের বিরুদ্ধে প্রথম মামলায় ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৪৬০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৬ টি ব্যাংক হিসাবে ৬০ কোটি ৯৮ লাখ ৪০ হাজার টাকা ও ১ লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারে অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া দ্বিতীয় মামলায় ফাহমী গোলন্দাজ ও তার স্ত্রী শারমিন গোলন্দাজকে আসামি করা হয়েছে।

শারমিন গোলন্দাজের বিরুদ্ধে ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৫৭৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ টি ব্যাংক হিসাবে ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার টাকার অস্বাভাবিক লেনদেন করার অভিযোগ আনা হয়েছে।

গত বছরের ২৯ আগস্ট জিল্লুল হাকিমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। এ সংসদ সদস্য ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে জয়ী হন। গত বছরের শুরুতে রেলমন্ত্রীর দায়িত্ব পান রাজবাড়ীর এ সংসদ সদস্য।

এদিকে গত বছরের অক্টোবর মাসে ফাহমী গোলন্দাজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। ফাহমী গোলন্দাজ বাবেল তার স্ত্রী শারমিন গোলন্দাজের নামে দুটি মামলা দায়ের করেছে দুদক।


সিলেটে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সিলেট প্রতিনিধি

সিলেট সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা সোয়া ১১টার দিকে তিনি সুধী সমাবেশে যোগদান করেন।

এর আগে সিলেটে পৌঁছে সুফিসাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেটের সুরমা নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনসহ বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।

একই দিন দুপুর ১২টার পর সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা আছে প্রধানমন্ত্রীর। এরপর বেলা ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে শিশু ও কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন। বিকেল ৫টায় দলীয় এক সভায় যোগ দিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গুরুত্বপূর্ণ মোড়ে তোরণ নির্মাণ, ব্যানার-ফেস্টুন টানানো এবং প্রয়োজনীয় সাজসজ্জা করা হয়েছে।


সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে এসেছেন বিএনপির চেয়ারম‍্যান তারেক রহমান।

শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশের বৃহত্তম ও অন্যতম প্রধান বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইেন্স করে সিলেটের উদ্দেশে রওনা হন। সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় আগে থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

সফরের শুরুতেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। পরে তিনি নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে অংশ নেবেন।

এছাড়া নগরীতে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরের অংশ হিসেবে, বাসিয়া খাল খনন কর্মসূচি ও বিকেলে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়ক সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সৌন্দর্যবর্ধন করা হয়েছে। সড়কদ্বীপে নতুন করে গাছ লাগানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে ব‍্যানার-ফেস্টুন টানাতেও দেখা গেছে। পাশাপাশি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের এই প্রথম সিলেট সফর ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ‍্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার আগমন উপলক্ষ্যে শুক্রবার বিকেলে স্থানীয় বিএনপি অঙ্গসংগঠনগুলকে মিছিল করতে দেখা যায়।

গত ২১ জানুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরের দিন ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রসা মাঠ থেকে এয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন তিনি।


দেশে হামের প্রকোপে আরও ৪ শিশুর মৃত্যু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সারাদেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়েছে, এতে নতুন করে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে ঢাকা ও সিলেট বিভাগে ২ জন করে এই মৃত্যুর ঘটনা ঘটে।

গত ১৫ মার্চ থেকে চলতি শুক্রবার (১ মে) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন মোট ২৩১ জন, যাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৯ শিশু। অধিদপ্তরের তথ্যে দেখা যাচ্ছে, দিন দিন এই রোগের সংক্রমণ ও মৃত্যুঝুঁকি উভয়ই বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং একই সময়ে আরও ১ হাজার ১৭০ জন শিশুর মধ্যে এই রোগের উপসর্গ দেখা দিয়েছে। দীর্ঘমেয়াদী পরিসংখ্যানে দেখা যায়, গত দেড় মাসে মোট ৩৮ হাজার ৩০১ জন শিশুর মধ্যে হামের লক্ষণ পাওয়া গেছে এবং ল্যাবরেটরি পরীক্ষায় ৫ হাজার ১৪৬ জনের শরীরে রোগটি নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে। আক্রান্ত শিশুদের একটি বড় অংশকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।

হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ায় স্বাস্থ্য বিভাগ নিবিড় পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৬ হাজার ১০০ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আশার কথা হলো, সঠিক চিকিৎসায় এ পর্যন্ত ২২ হাজার ৬৫০ জন শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে শিশুদের দ্রুত টিকাদান নিশ্চিত করতে এবং যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হতে অভিভাবকদের পরামর্শ দিয়েছেন।


ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
প্রতিবেদক, দৈনিক বাংলা

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টাকে রুখে দিতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টনে আয়োজিত এক জনসভায় তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানান, যখনই দেশ গণতন্ত্রের পথে অগ্রসর হতে শুরু করে, তখনই নির্দিষ্ট কিছু মহল ষড়যন্ত্রের জাল বুনতে থাকে। বিশেষ করে গত ১২ তারিখের পর জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ যখন সঠিক পথে এগোচ্ছে, তখন তারা বাংলাদেশকে বহির্বিশ্বে বন্ধুহীন করার এক হীন চেষ্টায় লিপ্ত হয়েছে।

ষড়যন্ত্রকারীদের ব্যর্থতার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিশ্ব সম্প্রদায় কোনো অপপ্রচারে কান না দিয়ে বরং জনগণের নির্বাচিত সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছে। বিদেশি রাষ্ট্রগুলো বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, যারা দেশে অরাজকতা সৃষ্টি করে রাষ্ট্রকে বিতর্কিত করতে চায়, তাদের প্রতিটি ষড়যন্ত্রের জবাব সচেতন নাগরিকদের মাধ্যমেই দিতে হবে।

শ্রমিকদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করে প্রধানমন্ত্রী নিজেকেও দেশ গড়ার একজন কারিগর হিসেবে ঘোষণা করেন। তিনি উল্লেখ করেন, নির্মাণ শ্রমিক বা পোশাক শ্রমিকরা যেভাবে নিজেদের শ্রম দিয়ে দেশ গড়ছেন, একইভাবে তাঁর মন্ত্রিসভাও দেশ গঠনের কাজে নিয়োজিত রয়েছে।

সমাবেশের শেষে তিনি উপস্থিত সকলকে কেবল সাধারণ নাগরিক নয়, বরং দেশ গড়ার নিবেদিতপ্রাণ শ্রমিক হিসেবে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।


নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে তারেক রহমান

পল্টনে শ্রমিক সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সগৃহীত
আপডেটেড ১ মে, ২০২৬ ১৭:৪২
নিজস্ব প্রতিবেদক

মহান মে দিবস পালন করতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে তিনি সমাবেশস্থলে পৌঁছান এবং প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর আগমনের আগেই সেখানে উপস্থিত হয়েছিলেন দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে দুপুর আড়াইটায় পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে সমাবেশের মূল কার্যক্রম শুরু হয়। তবে অনুষ্ঠানের শুরুতে দলীয় নেতাকর্মীদের ভিড় বাড়াতে ও উজ্জীবিত করতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে দুপুর ১টা থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিট থেকে শ্রমিক ও দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

সমাবেশস্থলে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীদের মাথায় ছিল লাল টুপি এবং পরনে লাল টি-শার্ট, যা পুরো এলাকায় এক বৈপ্লবিক পরিবেশের সৃষ্টি করে। ঢোল-তবলা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। এই আয়োজনে উল্লেখযোগ্য সংখ্যক কর্মজীবী নারীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শ্রমিক দল নেতা আব্দুল্লাহ আল মামুনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হয়।

প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ নেতাদের নিরাপত্তায় গোটা এলাকা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঢাকা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, র‍্যাব, বিজিবি ও ডিবি সদস্যদের পাশাপাশি বিপুল সংখ্যক সাদা পোশাকের গোয়েন্দা সদস্য পুরো এলাকায় সতর্কাবস্থান নিয়েছেন। অগ্নিকাণ্ডের মতো যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সেখানে ফায়ার সার্ভিসের বিশেষ অগ্নিনির্বাপক ব্যবস্থাও মোতায়েন রাখা হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সমাবেশটি সফলভাবে পরিচালিত হচ্ছে।


হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রাধিক

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে অসুস্থ হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮৫ জন রোগী। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রাদুর্ভাবে এ পর্যন্ত নিশ্চিতভাবে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ জনে। অন্যদিকে, হাম হতে পারে এমন সন্দেহজনক লক্ষণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন মোট ২৩১ জন। প্রাদুর্ভাবের শুরু থেকে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর হার ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় ধারাবাহিকতা উদ্বেগজনক।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত দেশে মোট ৫ হাজার ১৪৬ জন ব্যক্তি আনুষ্ঠানিকভাবে হামে আক্রান্ত হলেন।


রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছিলেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: সগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশের অর্থনীতির বর্তমান চালিকাশক্তি রেমিট্যান্সের সূচনালগ্নের কৃতিত্ব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রদান করেছেন। তিনি উল্লেখ করেন যে, পরবর্তীকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে সেই ধারাকে সুসংহত করা হয়েছিল। শুক্রবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত মে দিবসের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি তাঁর বক্তব্যে বলেন, “আজ যে রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি তার ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের একাধিক সমাবেশে শ্রমিক সমাজের সঙ্গে একাত্ব ঘোষণা করেন।” তিনি আরও বলেন যে, “জিয়াউর রহমান প্রবর্তিত ত্রিপক্ষীয় শ্রম নীতি ও সংস্কার শ্রমকল্যাণের ভিত্তিতে ভিত্তিকেই শক্তিশালী করেছে। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন মিনিস্ট্রি অব ম্যানপাওয়ার। এ সময় তিনি মধ্যপ্রাচ্যসহ ৩৩টি দেশে বাংলাদেশি শ্রমিক পাঠানোর ব্যবস্থা করেন। এই উদ্যোগই পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা প্রবাহের নতুন যুগের সূচনা করে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ‘শ্রম আইন ২০০৬’ প্রণয়ন ও শ্রম কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ শ্রমিকের অধিকার কর্মসংস্থান ও কল্যাণের ভিতকে আরও বিস্তৃত করেন। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দেশের আপামর শ্রমজীবী মানুষের কল্যাণ ন্যায্য অধিকার রক্ষা শারীরিক ও মানসিক সুস্বাস্থ্য সুস্বাস্থ্য নিরাপদ ও নিরাপদ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নানাবিধি কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।”

দেশের সামগ্রিক অগ্রযাত্রায় মেহনতি মানুষের অনবদ্য ভূমিকার ভূয়সী প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, শ্রমিকরাই উন্নয়নের প্রকৃত রূপকার। শিল্প-কারখানা থেকে শুরু করে কৃষি ও পরিবহনের মতো গুরুত্বপূর্ণ প্রতিটি খাতে তাদের অক্লান্ত শ্রম আমাদের সমাজ ও সভ্যতার ভিত্তিকে সমৃদ্ধ করছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রবাসী ভাইদের পাঠানো অর্থ এবং পোশাক খাতের শ্রমিকদের ঘামঝরানো উপার্জনই আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী রাখে।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে সরকারের কার্যক্রমের কথা তুলে ধরে আরও বলেন যে, “সরকার প্রতিশ্রুতি অনুসারে শ্রমিকদের কল্যাণে ঘোষিত কর্মপরিকল্পনার সবগুলোই ধাপে ধাপে বাস্তবায়ন করছেন। দায়িত্ব গ্রহণের মাত্র দুই মাসের মধ্যে সরকারি মালিকানাধীন বন্ধ বন্ধ চিনিকল রেশম পাট ও শিল্প কল কারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়। চলতি বছরের ছয় মাসের মধ্যে পর্যায়ক্রমে ছয়টি পাঠকল চালু করার চিন্তাভাবনা রয়েছে।”

মালিক ও শ্রমিকের মধ্যকার সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি একটি টেকসই শিল্প উন্নয়নের জন্য পারস্পরিক আস্থার আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, “শ্রমিক ও মালিক পারস্পরিক আস্থা সম্পর্ক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি টেকশই শিল্প উন্নয়ন ও সুরক্ষিত কর্মসংস্থান দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রম খাতে শিল্প সম্পর্ক বজায় রাখা ও শ্রমিক মালিক এর অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ট্রেড ইউনিয়নের কার্যক্রমকে উৎসাহ দিতে এই সরকার সচেষ্ট।”


শ্রমিকদের ভাগ্যোন্নয়নই বর্তমান সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান প্রতিনিধিত্বমূলক সরকার শ্রমবান্ধব নীতি ও কর্মসংস্থান প্রসারের মাধ্যমে মেহনতি মানুষের জীবনমান পরিবর্তনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আজ শুক্রবার সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান প্রশাসন প্রতিটি শ্রমিকের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দক্ষ জনবল তৈরি এবং নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করার মাধ্যমে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য সুনিশ্চিত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শ্রমিকের গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা বলেন, “শ্রমজীবী মানুষই বিশ্বের যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি এবং অগ্রযাত্রার প্রধান চালিকাশক্তি। শ্রমিকের নিরলস পরিশ্রমেই গড়ে ওঠে শিল্প, কৃষি, অবকাঠামো ও শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি। সুতরাং তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা—এসবই যেকোনো গণতান্ত্রিক, দায়িত্বশীল সরকারের অগ্রাধিকার।”

দেশের বর্তমান রাজনৈতিক ও সংসদীয় পরিবেশের প্রশংসা করে মাহদী আমিন জানান, জনগণের ক্ষমতায়নের প্রতিফলন প্রতিটি স্তরে দৃশ্যমান হচ্ছে। তিনি বলেন, “সংসদের প্রথম অধিবেশনে যে প্রাণচাঞ্চল্য, জনগণের সমস্যা নিয়ে যে গভীর আলোচনা এবং মুক্ত বাকস্বাধীনতা ও মানবাধিকারের প্রশ্নে সবার সম্মিলিত অবস্থান আমরা দেখেছি, সেটিই জনগণের ক্ষমতায়নের প্রতীক। আগামী দিনগুলোতেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ইতিবাচক ধারা ও যুগান্তকারী পদক্ষেপ বর্তমান সরকার অব্যাহত রাখবে—এটিই আমাদের প্রতিশ্রুতি। এই ধারাবাহিকতায় সরকারের সর্বোচ্চ আন্তরিকতা ও দায়বদ্ধতার মাধ্যমে একদিকে যেমন নারীর ক্ষমতায়ন হবে, যুবকদের ক্ষমতায়ন হবে, তেমনি শ্রমিকদের ক্ষমতায়নেও সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক ও নীতিগত প্রাধান্য দেওয়া হবে।”

বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে পূর্ববর্তী সফল ধারার অংশ হিসেবে উল্লেখ করে তিনি জানান, “জনগণের ভোটে নির্বাচিত বর্তমান প্রতিনিধিত্বমূলক সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, শ্রমবান্ধব নীতি, কর্মসংস্থান সম্প্রসারণ এবং কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তনকে অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে।” এসময় তিনি ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, “প্রেসিডেন্ট জিয়াউর রহমানও বিশ্বাস করতেন, শ্রমিকের দুটি হাতই রাষ্ট্র ও সমাজের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চাবিকাঠি।”

দেশের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত তৈরি পোশাক খাতের উন্নয়নের প্রসঙ্গ টেনে মাহদী আমিন বলেন, “দেশের বৃহত্তম শ্রমঘন খাত পোশাক শিল্প—যার রপ্তানির ওপর দাঁড়িয়ে আছে বাংলাদেশের অর্থনীতি—আজ যে অবস্থানে পৌঁছেছে, তা মূলত বিএনপি সরকারের নীতিমালার ফল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি সরকারের ধারাবাহিকতায় শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার যে প্রচেষ্টা, তা বর্তমান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রীর নেতৃত্বে অব্যাহত রয়েছে।”


শ্রমজীবী মানুষের গান, স্লোগান, মিছিলের মধ্য দিয়ে মে দিবস পালন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মহান মে দিবস উপলক্ষে আজ শুক্রবার সকাল থেকেই রাজধানী ঢাকার রাজপথ শ্রমজীবী মানুষের পদভারে মুখরিত হয়ে ওঠে। তোপখানা রোডে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিভিন্ন রাজনৈতিক, শ্রমিক ও পেশাজীবী সংগঠন নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ, সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি করেছে। গানে, স্লোগানে আর মিছিলে তারা শ্রমিকের মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান।

শ্রমজীবীদের পক্ষ থেকে বেতন-ভাতা বৃদ্ধি, অতিরিক্ত কর্মঘণ্টা কমানো, মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা এবং কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশসহ নানা দাবি উত্থাপন করা হয়। রানা প্লাজা ও তাজরিন ট্র্যাজেডির মতো ঘটনার বিচারসহ নিয়োগপত্র প্রদান, অবাধ ট্রেড ইউনিয়ন করার অধিকার এবং নিত্যপণ্যের দাম কমানোর মতো জীবনঘনিষ্ঠ দাবিগুলোও জোরালোভাবে উঠে আসে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক ফ্রন্টের শীর্ষ স্থানীয়রা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘‘নতুন সরকারের কাছে আমাদের চাওয়া, বারবার যেন আমাদের দাবি নিয়ে পথে নামতে না হয়। তারা যেন শ্রমিকদের দাবিগুলো পূরণ করেন। আমাদের জন্য যেন গণতান্ত্রিক শ্রম আইন করা হয়। কারণ গণতান্ত্রিক শ্রম আইন ছাড়া শ্রমিকদের মুক্তি নেই।’’

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতৃবৃন্দ নূন্যতম মজুরি বৃদ্ধির ওপর জোর দিয়ে বলেন, ‘শ্রমিকদের নূন্যতম মজুরি ৩০ হাজার করতে হবে। নাহলে আমাদের যে দাস প্রথা, সেটি সমাজ থেকে যাবে না।’’ তাঁরা আরও উল্লেখ করেন, ‘‘আমরা মনে করি শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রথমে শ্রম আইন বাস্তবায়ন করতে হবে। শ্রমিকদের কর্মঘণ্টা নির্ধারণ করে সেটার বাস্তব প্রয়োগ করতে হবে।’’

শ্রমিকদের ঐক্যে ফাটল ধরানোর চেষ্টার সমালোচনা করে বক্তারা মালিকপক্ষের ভূমিকার তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, ‘‘শ্রমিকরা যেন একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হতে না পারি সেজন্য মালিকপক্ষ দালাল তৈরি করে রাখে। শ্রমিকদের বিভক্ত করে রাখে। এগুলো বন্ধ করতে হবে। আমাদের শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের জন্য লড়াই করে, সংগ্রাম করে বেচে থাকতে হবে।’’

বিড়ি শ্রমিকরা আগামী বাজেটে শুল্ক না বাড়ানো ও রেশন সুবিধা চালুর দাবি করেন। পাশাপাশি ট্যাক্সি ও অটোরিকশা চালক ইউনিয়ন অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে নূন্যতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণের দাবি জানায়। অন্যদিকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন (টাফ) জাতীয় স্বার্থ রক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গে সম্পাদিত বিভিন্ন চুক্তি বাতিল এবং বিদেশের মাটিতে সামরিক হামলার নিন্দাসহ বেশ কিছু রাজনৈতিক ও কৌশলগত দাবি উপস্থাপন করে।

এই মেগা জমায়েতে কর্মজীবী নারী, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, আওয়াজ ফাউন্ডেশন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টসহ আরও বহু সংগঠন সংহতি প্রকাশ করে অংশ নিয়েছে।


মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সাদা পোশাকে দায়িত্ব পালনের আড়ালে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে মোহাম্মদপুর থানার দুই উপ-পরিদর্শক (এসআই) এবং এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) প্রশাসনিক কারণে প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই বদলি নিশ্চিত করা হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন মোহাম্মদপুর থানার সিভিল টিমের ইনচার্জ এসআই সাধন মণ্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং এএসআই সোহেল রানা। অবিলম্বে কার্যকর করার নির্দেশনা সম্বলিত এই আদেশে জানানো হয় যে, তাঁদের বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

প্রশাসনিক প্রয়োজনে গৃহীত এই বদলি আদেশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানায় কর্মরত নিম্নলিখিত পুলিশ সদস্যদের প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হলো।” অভিযুক্ত এই কর্মকর্তাদের বিরুদ্ধে অনৈতিক উপায়ে অর্থ লেনদেনের অভিযোগ উঠলে প্রাথমিক তদন্ত ও প্রশাসনিক বিবেচনায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।


নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুপুর আড়াইটা থেকে শুরু হতে যাওয়া এই বিশেষ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে সশরীরে উপস্থিত হয়ে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের দায়িত্ব নেওয়ার পর মে দিবস উপলক্ষে আয়োজিত কোনো প্রকাশ্য শ্রমিক সমাবেশে রাজধানীতে এটিই তাঁর প্রথম সশরীরে অংশগ্রহণ ও বক্তব্য হতে যাচ্ছে।

এর আগে বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সমাবেশের পূর্ণাঙ্গ রূপরেখা পেশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি জানান, ঢাকা ও এর আশপাশের জেলাগুলো থেকে অগণিত শ্রমজীবী মানুষ এবং দলীয় নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেবেন বলে দলটি প্রত্যাশা করছে। কেন্দ্রীয় নেতাদের দাবি অনুযায়ী, এই জমায়েত শেষ পর্যন্ত জনসমুদ্রে পরিণত হবে এবং লাখো মানুষের উপস্থিতি নিশ্চিত হবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষ পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে উল্লেখ করেন যে, শ্রমজীবী মানুষ বর্তমানে নানাবিধ সংকটের মধ্য দিয়ে সময় পার করছে। তাঁর মতে, উপযুক্ত জাতীয় বেতন স্কেলের অভাব, আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া বৃদ্ধি এবং শ্রমবাজারের সংকুচিত অবস্থার কারণে শিক্ষিত বেকারত্ব মহামারি আকার ধারণ করেছে।

তিনি আরও অভিযোগ করেন যে, বিগত সময়ে বিভিন্ন সরকারি পদ বিলুপ্ত করে আউটসোর্সিংয়ের ওপর নির্ভরতা বাড়ানোর ফলে সাধারণ শ্রমিকের কর্মের সুযোগ কমেছে। এর ফলে পাট খাতের মতো গুরুত্বপূর্ণ বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় পণ্যের পরিবর্তে বিদেশি মালামালের ওপর দেশের নির্ভরতা বহুগুণ বেড়েছে। আজকের এই সমাবেশ থেকে শ্রমিকদের অধিকার সুরক্ষায় অবাধ ট্রেড ইউনিয়ন গঠন, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা এবং রেশনিং সুবিধা চালুর মতো গুরুত্বপূর্ণ দাবিগুলো পুনরায় জোরালোভাবে উত্থাপন করা হবে বলে জানানো হয়েছে।


বৃষ্টির মাঝেও বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা পঞ্চম

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বিশ্বজুড়ে বায়ুদূষণের প্রকোপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে রাজধানী ঢাকাসহ বিশ্বের বিভিন্ন জনবহুল শহরে। এমনকি বৃষ্টির মধ্যেও আজ ঢাকার বাতাসের মান মাঝারি থেকে অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। শুক্রবার বেলা ১১টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার-এর তথ্যানুযায়ী, ১০৭ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ৫ম অবস্থানে উঠে এসেছে ঢাকা।

একই সময়ে ১৩৩ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ, যেখানকার আবহাওয়া সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হচ্ছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, যার স্কোরও ১৩৩। এছাড়া ১৩২ স্কোর নিয়ে ভারতের দিল্লি তৃতীয় এবং ১২৯ স্কোর নিয়ে কলকাতা চতুর্থ অবস্থানে রয়েছে, যা ওইসব অঞ্চলের সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ।

বায়ুমান সূচকের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি ধরা হয়। তবে স্কোর ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য হয়। সূচক ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকলে তাকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এমন পরিস্থিতিতে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে চলাচল সীমাবদ্ধ রাখার পরামর্শ প্রদান করা হয়। এছাড়া ৩০১ থেকে ৪০০ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ।

সাধারণত বাতাসে বিদ্যমান বিভিন্ন বস্তুকণা ও গ্যাসীয় উপাদানের ওপর ভিত্তি করে এই দূষণের মাত্রা নির্ধারণ করা হয়। বিশেষ করে পিএম২.৫, পিএম১০, নাইট্রোজেন ডাই অক্সাইড ও ওজোনের মতো উপাদানের আধিক্য জনস্বাস্থ্যের গুরুতর ক্ষতি করে। বায়ুদূষণ সব বয়সীদের জন্য ক্ষতিকর হলেও শিশু, প্রবীণ এবং অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে এটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।


ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব ও প্রতিবাদ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে বিতর্কিত ও বিভ্রান্তিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এ ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে তাঁকে মন্ত্রণালয়ে ডেকে সরকারের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করা হয়।

কূটনৈতিক সূত্র অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অনুবিভাগ) ইশরাত জাহানের দপ্তরে বিকেল ৫টার দিকে ভারতীয় দূতকে উপস্থিত হতে বলা হয়। সেখানে আসামের মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক কিছু বক্তব্য নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে গভীর অসন্তোষ প্রকাশ করা হয়।

চলতি মাসের মাঝামাঝি সময়ে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি-র লাইভ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ভারত সম্পর্ক ও কথিত অনুপ্রবেশকারী নিয়ে বিতর্কিত দাবি করেন হিমন্ত বিশ্ব শর্মা। বিশেষ করে ‘পুশব্যাক’ বা অনানুষ্ঠানিকভাবে সীমান্ত দিয়ে মানুষ ঠেলে দেওয়া সংক্রান্ত তাঁর বক্তব্যকে ঢাকা পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। অনিবন্ধিত সন্দেহভাজন বাংলাদেশিদের হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে এক প্রশ্নের জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন, “ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা করা কঠিন। তাই তারা রাত নামা পর্যন্ত অপেক্ষা করেন এবং যখন সীমান্তরক্ষী বাহিনীর কোনো সদস্য উপস্থিত থাকেন না, তখন অন্ধকারের আড়ালে তাদের সীমান্ত পেরিয়ে ঠেলে দেন।”

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় দূতকে স্পষ্ট করে জানিয়েছে যে, কোনো প্রকার তথ্যপ্রমাণ ছাড়া এ ধরনের স্পর্শকাতর দ্বিপক্ষীয় বিষয়ে দায়িত্বহীন মন্তব্য করা দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য মোটেই সহায়ক নয়। যেকোনো অমীমাংসিত সমস্যা বা দ্বিপক্ষীয় সংকট সমাধানের ক্ষেত্রে আন্তর্জাতিক আইন এবং বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামোর অনুসরণ করা বাঞ্ছনীয় বলে ঢাকা জোর দেয়। সেই সঙ্গে ভবিষ্যতে দুই দেশের বিদ্যমান সুসম্পর্ককে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে—এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে ভারতীয় রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


banner close