বাংলাদেশ-ভারত সীমান্তের ১৫০ গজের মধ্যে উভয় দেশের কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবেন না। সীমান্তের যেকোনো সমস্যা বিজিবি-বিএসএফ আলোচনার মাধ্যমে সমন্বিতভাবে সমাধান করবে। বুধবার সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের সোনামসজিদ বিওপি সম্মেলন কক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দুই দেশের স্থানীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ও মাদকসহ যেকোনো চোরচালান থেকে বিরত থাকতে বলে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। এছাড়া দুই দেশের মিডিয়ার মাধ্যমে গুজব না ছড়ানো, স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালানে বিরত রাখারও সিদ্ধান্ত হয়। গতকাল দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়। বেঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুন কুমার গৌতম। বৈঠকে আংশ নেন ৫৯ বিজিবি অধিনায়ক ও স্টাফ অফিসারগণ এবং সংশ্লিষ্ট ১১৯ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক সুরজ সিং ও স্টাফ অফিসাররা। এর আগে গত শনিবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কিরনগঞ্জ সীমান্তে উভয় দেশের নাগরিকদের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই সময় বিএসএফর সাউন্ড গ্রেনেড ও ককটেল নিক্ষেপ কয়েকজন বাংলাদেশি আহত হন। এ ঘটনার পর ওইদিন বিকেলে ওই সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। তারই ধারাবাহিকতায় গতকাল সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী কপ৩১ সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রী প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
স্বর্ণ ক্রেতাদের জন্য কিছুটা সুখবর। ভরিতে কমেছে ২ হাজার ৭৪১ টাকা। ২২ ক্যারেটের এই স্বর্ণের দাম বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারণ করেছে। নতুন এই দাম বুধবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণ ও রুপার গয়নার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৯টায় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণে প্রতি গ্রামের দাম ১৯ হাজার ২২০ টাকা। ১ ভরি ১১ দশমিক ৬৬৪ গ্রাম হিসাবে প্রতি ভরির দাম দাঁড়ায় ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের গয়নার প্রতি গ্রামের দাম ১৮ হাজার ৩৫৫ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম ২ লাখ ১৪ হাজার ৯২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি গ্রামের দাম ১৫ হাজার ৭৭৫ টাকা, অর্থাৎ প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৯৯৯ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের গয়নার প্রতি গ্রামের দাম ১২ হাজার ৮৮০ টাকা। প্রতি ভরির দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী ছাইয়েদুল আলম বাবুলকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০’-এর ধারা ৭(১) অনুযায়ী কাজী ছাইয়েদুল আলম বাবুলকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ১ বছর মেয়াদের জন্য গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ। বুধবার (১১ নভেম্বর) বিকেলে তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান। তিনি বলেন, বিকেল পৌনে ৩টায় শুরু হওয়া বৈঠকটি প্রায় আধাঘণ্টা স্থায়ী হয়।
বৈঠকে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও দুই নেতা আলোচনা করেন।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
দেশের স্বাস্থ্যব্যবস্থা উন্নতি করতে মন্ত্রণালয় টেকসই বহুমুখী কর্মপরিকল্পনায় নগড় স্বাস্থ্য মডেল চূড়ান্ত করতে যাচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, ‘সেবাটা যেন সঠিকভাবে পাওয়া যায় তাই আগামী ছয় মাস আগের কাঠামোর আওতায়ই কেন্দ্রগুলো পরিচালিত হবে যা সবার কাছে স্বাস্থ্য মডেল হিসেবে বিবেচ্য হয়।’ বুধবার (১১ নভেম্বর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।
সুইডেন দূতাবাস ও ইউনিসেফের সহযোগিতায় ‘বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক’ (বিইউএইচএন) এবং ‘এমিনেন্স’ যৌথভাবে ‘নগর স্বাস্থ্য: বহুমুখী খাতের সম্পৃক্ততা বৃদ্ধি’ শীর্ষক এ আলোচনার আয়োজন করা হয়।
ড. মুহিত বলেন, ‘গ্রামীণ জনগোষ্ঠীর জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনির্দিষ্ট নেটওয়ার্ক থাকলেও নগরের বিপুল এই জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সরাসরি কোনো আনুষ্ঠানিক দায়িত্ব ছিল না। এই শূন্যতা পূরণে বর্তমান সরকার একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে নগর স্বাস্থ্যের দায়িত্ব গ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।’ সেবা যেন কোনোভাবেই ব্যাহত না হয় সে বিষয়ে সতর্ক করে মন্ত্রী জানান, বিদ্যমান নগর স্বাস্থ্যকেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় পুরোপুরি রূপান্তরের আগ পর্যন্ত আগামী ছয় মাস পূর্বের অংশীদারত্বমূলক কাঠামোর আওতাতেই চালু থাকবে।
এ লক্ষ্যে প্রয়োজনীয় নীতিগত ও আর্থিক অনুমোদনও দেওয়া হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে একটি পূর্ণাঙ্গ, টেকসই ও সাশ্রয়ী নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত করা হবে।
স্বাস্থ্য বাজেটের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের ইতিহাসে এবারই প্রথম স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য কেবল বর্তমান অবস্থানে সীমাবদ্ধ থাকা নয়, আগামী পাঁচ বছরে স্বাস্থ্য বাজেটকে ক্রমান্বয়ে জাতীয় বাজেটের ৫ শতাংশে উন্নীত করার সুস্পষ্ট রাজনৈতিক প্রতিশ্রুতি রয়েছে সরকারের।’ নগর স্বাস্থ্যব্যবস্থাকে কেবল হাসপাতাল ও ওষুধের মধ্যে সীমাবদ্ধ না রেখে আবাসন, নিরাপদ পানি, পয়োনিষ্কাশন, কর্মসংস্থান, মানসিক স্বাস্থ্য এবং অসংক্রামক রোগ প্রতিরোধের মতো সামগ্রিক প্রেক্ষাপটে বিবেচনা করার আহ্বান জানান ড. এম এ মুহিত।
তিনি বলেন, ‘উপজেলা পর্যায়ের কাঠামো অন্ধভাবে শহরে প্রতিলিপি না করে নগরবাসীর প্রকৃত চাহিদা যাচাই, ইলেকট্রনিক স্বাস্থ্য কার্ড প্রবর্তন এবং সরকারি-বেসরকারি খাতের কার্যকর রেফারেল নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন।’
পরিকল্পনা কমিশনে ইতোমধ্যে নগর স্বাস্থ্য প্রকল্পের প্রাথমিক অন্তর্ভুক্তি সম্পন্ন হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী দেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও উন্নয়ন সহযোগীদের দ্রুত একটি বাস্তবসম্মত, ব্যয়সাশ্রয়ী এবং বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক ড. মো. এনামুল হক, নিপসম পরিচালক জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা, ইউনিসেফ বাংলাদেশের হেলথ ম্যানেজার ইমাদুল হক, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দেওয়ান এমদাদুল হক, বিশ্বব্যাংক প্রতিনিধি ওয়ামেক রাজা, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের পরিচালক কাজী সাইফুদ্দিন বেননূর। এ ছাড়া আলোচনা সভায় মতামত তুলে ধরেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা, দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং খাতসংশ্লিষ্ট অংশীজনরা।
সৌদি আরবের রাজধানী রিয়াদ রুটে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সব ধরনের নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মধ্যপ্রাচ্যের দেশটিতে সাম্প্রতিক বিমান হামলাজনিত ভূরাজনৈতিক পরিস্থিতি এবং যাত্রীদের সামগ্রিক নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিমান কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, বিদ্যমান নিরাপত্তাহীনতার কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বাতিল করা হয়েছে এবং পরিস্থিতি পর্যালোচনা সাপেক্ষে পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট বন্ধ থাকবে। তবে সৌদি আরবের অন্যান্য গন্তব্য অর্থাৎ ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা এবং ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বনির্ধারিত সময়সূচি মেনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত উড়োজাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক থাকবে।
বাতিল হওয়া ফ্লাইটের সম্মানিত যাত্রীদের টিকিট সমন্বয় ও ভ্রমণসংক্রান্ত যে কোনো হালনাগাদ তথ্যের জন্য জরুরি ভিত্তিতে নিকটবর্তী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
পার্বত্য চট্টগ্রামে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তাদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আট জন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে ৪৩৫ জন বেসামরিক নাগরিক ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রশ্নে এস এ জিন্নাহ কবির জানতে চান, পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে সশস্ত্র গোষ্ঠীর হামলা, অপহরণ, জোরপূর্বক চাঁদা আদায়, অবৈধ অস্ত্রের ব্যবহার এবং সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর আক্রমণের বিষয়ে সরকারের কাছে কী তথ্য রয়েছে। গত পাঁচ বছরে এ ধরনের কতটি ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছেন, তা-ও জানতে চান তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র গোষ্ঠীগুলো ৯৭ বার হামলা চালিয়েছে। এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১ বার হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ২৯৭ জনকে অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।
পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং সন্ত্রাসীদের তৎপরতা দমনে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করা হচ্ছে।
তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করা হয়েছে। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইন অনুযায়ী মামলা করে আসামিদের আইনের আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পার্বত্য চট্টগ্রামে নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এসআরবির সমন্বয়ে নিয়মিত বিশেষ যৌথ অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংসেও অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করা হয়।
তিনি বলেন, সন্ত্রাসীদের জোরপূর্বক চাঁদা আদায়ের উৎস ও অর্থনৈতিক খাত চিহ্নিত করে নজরদারি করা হচ্ছে। চাঁদাবাজি বন্ধে চেকপোস্টের সংখ্যা বাড়ানো এবং মোবাইল ব্যাংকিংসহ আর্থিক লেনদেনের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান ঠেকাতে বিজিবির সক্ষমতা বাড়ানো হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতের মিজোরাম ও মিয়ানমার সীমান্তসংলগ্ন দুর্গম এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে। অস্ত্র ও সামরিক পোশাক সরবরাহের সঙ্গে জড়িত সমতলের বিভিন্ন উৎস ও নেটওয়ার্ক পুলিশ ও এসআরবি উন্মোচন করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পাহাড়ে ধারাবাহিক ও বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর শত শত সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসব অভিযানে তাদের ব্যবহৃত অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, তাজা গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম এবং ড্রোন ও সিগন্যাল সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নিতে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় আয়োজিত এই শীর্ষ পরিবেশ সম্মেলনে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১০ মিনিটে তিনি আনুষ্ঠানিকভাবে সম্মেলন কেন্দ্রে প্রবেশ করেন। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, শীর্ষ কূটনৈতিক ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন তিনি।
তিন দিনের সরকারি সফরে মঙ্গলবার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে সাথে নিয়ে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান সরকারপ্রধান। শীর্ষ সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি বন্ধুরাষ্ট্রের শীর্ষ নেতা ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য মতবিনিময়ের প্রস্তুতি রয়েছে। সম্মেলনের পরবর্তী দিনে অর্থাৎ বৃহস্পতিবার কপ-৩১-এর উচ্চপর্যায়ের সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে দিকনির্দেশনামূলক আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করবেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে জলবায়ু সুবিচার কায়েম, বিশ্ব উষ্ণায়নে ধনী দেশগুলোর ঐতিহাসিক দায় নির্ধারণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজশর্তে ক্ষতিপূরণ তহবিল ছাড়, অভিযোজন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সহনশীল টেকসই উন্নয়নের রূপরেখা বিশ্ববাসীর সামনে জোরালোভাবে তুলে ধরা হবে।
এই বৈশ্বিক সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে ২১ সদস্যের একটি উচ্চপর্যায়ের জাতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম, পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল। এ ছাড়া বহরে রয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (সালেহ শিবলী) ও উপ-প্রেস সচিব হাসান শিপলুসহ দায়িত্বশীল সরকারি কর্মকর্তারা। আন্তর্জাতিক এই সফর সমাপ্ত করে আগামী শুক্রবার প্রধানমন্ত্রীর ঢাকায় প্রত্যাবর্তনের সময়সূচি নির্ধারিত রয়েছে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান জানিয়েছেন।
একই সঙ্গে তিনি ঝুঁকির মুখে থাকা নারী ও শিশুদের সুরক্ষাতেও একই উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ডাচেস অব এডিনবার্গের এই সফর অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও শিশুদের জন্য আশার বার্তা বহন করছে।
তিনি বলেন, ডাচেস অব এডিনবার্গের রোহিঙ্গা শিবির পরিদর্শন এই মানবিক সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাষ্ট্রপতি বলেন, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট ঘনবসতিপূর্ণ বাংলাদেশের আর্থসামাজিক ও পরিবেশগত পরিস্থিতির ওপর ব্যাপক চাপ সৃষ্টি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে।
তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টির পাশাপাশি নারী ও শিশুদের সুরক্ষা এবং মানবিক সহায়তা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রপতি ডাচেস অব এডিনবার্গকে বাংলাদেশে স্বাগত জানান এবং নারীর মর্যাদা ও ক্ষমতায়ন, চক্ষুস্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের উন্নয়নে তাঁর দীর্ঘদিনের অবদানের প্রশংসা করেন।
এ সময় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যকার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।
সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশে যুক্তরাজ্যের বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং দেশের ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ আরও বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
ডাচেস অব এডিনবার্গ তাঁর তিন দিনের সফরে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প, বিকেএসপি এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
তিনি বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নে অর্জিত অগ্রগতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদানের প্রশংসা করেন।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ডাচেস অব এডিনবার্গের বাংলাদেশ সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশনার এবং ডাচেস অব এডিনবার্গের সফরসঙ্গীগণ উপস্থিত ছিলেন।
জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েও যারা অদ্যাবধি ‘জুলাই যোদ্ধা’ হিসেবে সরকারি গেজেটে অন্তর্ভুক্ত হতে পারেননি, তাদের জন্য পুনরায় তালিকাভুক্তির আবেদনের দ্বার উন্মুক্ত করেছে সরকার। জাতীয় পরিচয়পত্র অথবা জন্মনিবন্ধন সনদের অনুলিপি, বর্তমান ও স্থায়ী ঠিকানার বিবরণ এবং আহত হওয়ার পর চিকিৎসা গ্রহণ বা চলমান চিকিৎসার দালিলিক প্রমাণসহ বাদ পড়া ব্যক্তিরা এ আবেদন সম্পন্ন করতে পারবেন। মঙ্গলবার (১০ নভেম্বর) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে মারাত্মকভাবে জখম হয়ে চিকিৎসাসেবা নিয়েছেন কিংবা বর্তমানেও চিকিৎসাধীন রয়েছেন কিন্তু কোনো কারণে গেজেটভুক্তির বাইরে থেকে গেছেন, কেবল তারাই এ সুযোগের আওতাভুক্ত হবেন। আহত ব্যক্তিরা নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয় অথবা সরাসরি ঢাকায় জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে নিজেদের আবেদনপত্র দাখিল করতে পারবেন। মাঠপর্যায়ের উপজেলা ও জেলা প্রশাসনে জমা পড়া আবেদনগুলো বিশেষ বার্তাবাহকের মাধ্যমে কেন্দ্রীয় অধিদপ্তরে পাঠানো নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রাপ্ত প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রণালয়ের হালনাগাদ পরিসংখ্যানে জানানো হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী ৮৪২ জন শহিদের পাশাপাশি তিনটি পৃথক ধাপে এ পর্যন্ত মোট ১৪ হাজার ৩৬৮ জন আহত জুলাই যোদ্ধার নামে রাষ্ট্রীয় গেজেট প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ক্যাটাগরি ‘ক’-তে ৯৯০ জন, ‘খ’-তে ১ হাজার ৪১৪ জন এবং ‘গ’-তে ১১ হাজার ৯৬৪ জন আহত যোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন। এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ে জমা পড়া আরও ৯৩১ জন আহত ব্যক্তির আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।
এর আগে বিগত অন্তর্বর্তী সরকারের দায়িত্বের শেষ কর্মদিবসে অর্থাৎ ২০২৬ সালের ১০ ফেব্রুয়ারি নতুন করে শহিদ ও আহতদের কোনো আবেদন মন্ত্রণালয়ে না পাঠাতে জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা জারি করা হয়েছিল, যার ফলে দীর্ঘ সময় ধরে নতুন আবেদন গ্রহণ ও পাঠানোর সার্বিক প্রক্রিয়া স্থগিত হয়ে পড়ে। পরবর্তী সময়ে বর্তমান সরকার দায়িত্বভার গ্রহণের পর বাদ পড়া প্রকৃত আহতদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করার তাগিদেই পুনরায় এ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলো।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক নতুন কৌশলগত উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, বিমান চলাচল এবং প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
বিশেষ করে বাংলাদেশে প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং যৌথ বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে।
আজ মঙ্গলবার রাতে তুরস্কের আন্তালিয়ায় পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্কে পৌঁছেছেন। সফরের প্রথম দিনেই তিনি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
তিনি বলেন, ইস্তাম্বুলে যাত্রাবিরতিকালে তুরস্কের প্রেসিডেন্টের বিশেষ আতিথেয়তায় প্রধানমন্ত্রীকে ভিভিআইপি স্টেট গেস্ট হাউসে স্বাগত জানানো হয়। পরে আন্তালিয়ায় পৌঁছালে দেশটির সংস্কৃতিবিষয়ক মন্ত্রী তাঁকে অভ্যর্থনা জানান এবং গার্ড অব অনার প্রদান করেন।
হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘আমার মূল্যবান বন্ধু ও ভাই’ হিসেবে সম্বোধন করেন।তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি খাতে অংশীদারত্ব, বিমান চলাচল খাতে বিনিয়োগ এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার দেশে একটি প্রতিরক্ষা শিল্প পার্ক গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এ খাতে তুরস্কের বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়নি, বিষয়টি প্রাথমিক অনুসন্ধান ও আলোচনা পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি খাতে বিশেষ করে গভীর সমুদ্রে খনিজ ও জ্বালানি অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানি এবং এ খাতে তুরস্কের অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে।বাংলাদেশ এসব খাতে তুরস্কের সঙ্গে শক্তিশালী বিনিয়োগ অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ, শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন। বিশেষ করে চলতি নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা ইস্যুতে শুনানির পর কীভাবে যৌথ উদ্যোগ আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়েও মতবিনিময় হয়েছে।
তিনি আরও বলেন, নিজ দেশে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ ও তুরস্ক একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছে। পাশাপাশি মুসলিম বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টিও বৈঠকে উঠে আসে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু অর্থায়নের ক্ষেত্রেও বাংলাদেশ বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর নেতৃত্বস্থানীয় ভূমিকা রাখতে চায়।বাংলাদেশ শুধু জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশ নয়, বরং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি এবং জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার দাবিতেও সক্রিয় ভূমিকা পালন করছে।
তিনি জানান, কপ-৩১ সম্মেলনের বিভিন্ন বিষয়ভিত্তিক সংলাপ ও অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেবেন এবং জলবায়ু অভিযোজন, অর্থায়ন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন।
হুমায়ুন কবির বলেন, তুরস্কের প্রেসিডেন্ট কপ-৩১ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের মধ্যে নির্বাচিত কয়েকজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর বৈঠক বাংলাদেশের প্রতি তুরস্কের বিশেষ আগ্রহ ও গুরুত্বের প্রতিফলন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন সম্ভাবনা নিয়েএগিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের নতুন সরকারের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আগ্রহও বাড়ছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানবৈঠকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও তাঁর সহধর্মিণীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।
আগামীকাল বুধবার প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।এর মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও রয়েছে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধামমন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী সাইমুম পারভেজ, প্রেস সচিব সালেহ শিবলী, উপ প্রেস সচিব হাসান শিপলু উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানির বিস্তার এবং টেকসই পণ্য উৎপাদনে বাংলাদেশের সঙ্গে যৌথ অংশীদারত্ব জোরদারে গভীর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে প্রতিকূল আবহাওয়ার কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক জনপদের নারীদের যে স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে, তা নিরসনে অভিজ্ঞতা বিনিময় এবং সুনির্দিষ্ট সহযোগিতার উদ্দেশ্যে ঢাকায় একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানোর ইচ্ছা ব্যক্ত করেছেন তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ান। তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এর উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে দেশটির ফার্স্ট লেডি ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারপারসন এমিনে এরদোয়ানের মধ্যকার এক দ্বিপক্ষীয় বৈঠকে এসব বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মঙ্গলবার রাতে স্থানীয় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৈঠকে জলবায়ু পরিবর্তনের বহুমুখী সংকট মোকাবিলায় যৌথ উদ্যোগ এবং নারী ও শিশুদের ওপর পরিবেশ বিপর্যয়ের প্রভাবের বিষয়টি বিশদভাবে আলোচিত হয়। দুর্যোগের সঙ্গে খাপ খাইয়ে টিকে থাকার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের দৃঢ় সহনশীলতার ভূয়সী প্রশংসা করেন তুর্কি ফার্স্ট লেডি। তিনি বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, সৌরশক্তি সম্প্রসারণ এবং ক্ষতিকর প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব পাটজাত সামগ্রীর বৈশ্বিক প্রসারে তুরস্কের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। এ সময় ডা. জুবাইদা রহমান জলবায়ু পরিবর্তনের শিকার নারীদের সামাজিক ও শারীরিক সমস্যার বাস্তবতা তুলে ধরার পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সরকারের গৃহীত দেশব্যাপী বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচির অগ্রগতি সম্পর্কে তুরস্কের ফার্স্ট লেডিকে বিস্তারিত অবহিত করেন।
আলোচনায় রোহিঙ্গা সংকট নিরসনের প্রসঙ্গটিও গুরুত্বের সঙ্গে উঠে আসে। ২০১৭ সালে সংকটের শুরুর দিকে এমিনে এরদোয়ানের কক্সবাজার শরণার্থী শিবির পরিদর্শনের কথা স্মরণ করিয়ে দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, তুরস্ক দীর্ঘ সময় ধরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। বৈঠকে উভয় পক্ষ একমত পোষণ করে যে, মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র স্থায়ী সমাধান। তবে প্রত্যাবাসন চূড়ান্ত হওয়ার আগপর্যন্ত আশ্রিত এই জনগোষ্ঠীর শিক্ষা, চিকিৎসা ও মানবিক সুরক্ষা নিশ্চিত করতে তুরস্কের সক্রিয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
উপকূলীয় অঞ্চলের নারীদের স্বাস্থ্যসেবা ও জীবনমান উন্নয়নে তুরস্কের নিজস্ব প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বাংলাদেশের সঙ্গে বিনিময়ের জন্য একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছেন এমিনে এরদোয়ান, যারা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে। অত্যন্ত আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকের সমাপ্তিতে ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডিকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়ে ২০১৭ সালের বাংলাদেশ সফরের স্মৃতিচারণ করেন এমিনে এরদোয়ান এবং সুবিধাজনক সময়ে শিগগিরই বাংলাদেশ সফরের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
মোটরসাইকেলের সম্মুখভাগে সনাতন বা ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। পূর্বে এ সংক্রান্ত নিয়ম কার্যকরে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হলেও তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর প্রাতিষ্ঠানিক ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সময়সীমা বাড়ানোর এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী প্রতিটি মোটরসাইকেলের পেছনের অংশের পাশাপাশি সামনের দিকেও নিবন্ধন নম্বর প্রদর্শন করা বাধ্যতামূলক। এই আইনি বিধান বাস্তবায়নে নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে মোটরসাইকেল মালিকদের নিজস্ব অর্থায়নে ও ব্যবস্থাপনায় দ্রুত নম্বরপ্লেট স্থাপনের তাগিদ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে দ্বিচক্রযানের ধরনভেদে নম্বরপ্লেটের সুনির্দিষ্ট আকার ও পরিমাপ নির্ধারণ করে দেওয়া হয়েছে। স্কুটার জাতীয় মোটরসাইকেলের জন্য ম্যানুয়াল নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে, যার মধ্যে বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা হতে হবে ন্যূনতম ২০ মিলিমিটার। অন্যদিকে স্কুটার ব্যতীত প্রচলিত অন্যান্য সব মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্দিষ্ট করা হয়েছে এবং এ ক্ষেত্রেও অক্ষরের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার বজায় রাখতে হবে।
প্লেট তৈরির উপাদান ও ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে কর্তৃপক্ষ। নির্দেশনানুযায়ী, ম্যানুয়াল নম্বরপ্লেটটি আবশ্যিকভাবে অ্যালুমিনিয়াম অথবা স্টেইনলেস স্টিল দিয়ে প্রস্তুত করতে হবে এবং এর সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা বর্ণমালায় নিবন্ধন নম্বর লিখতে হবে। প্লেটের ওপর কোনো প্রকার অতিরিক্ত নকশা, অলংকরণ বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সাধারণ মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বরটি একটিমাত্র আনুভূমিক লাইনে স্পষ্টভাবে প্রদর্শন করার বাধ্যবাধকতা দেওয়া হয়েছে।