বিশৃঙ্খলা সৃষ্টিকারী সব জনতাকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘বিভিন্ন জনতা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন করছে। এক্ষেত্রে শুধু তৌহিদি জনতা নয়, জনশৃঙ্খলা বিঘ্নকারী সব জনতাকেই নিয়ন্ত্রণ করা হচ্ছে।’
আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ড-এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কোস্ট গার্ড দিবস-২০২৫ উদযাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের নদীপথ ও সমুদ্র উপকূলের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কোস্ট গার্ডের, যা তারা খুব ভালোভাবে সম্পন্ন করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘মিয়ানমার সীমান্তে মাঝে মাঝে বিভিন্ন সমস্যা দেখা যায়। কোস্ট গার্ড সেগুলো সফলতার সঙ্গে সমাধান করছে।
‘বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশের জেলেরা আমাদের জলসীমায় প্রবেশ করে মাছ শিকার করে নিয়ে যায়। এসব ক্ষেত্রেও কোস্ট গার্ড ভালো ভূমিকা রাখছে। কোস্ট গার্ড ও বিজিবির ঐকান্তিক প্রচেষ্টায় উপকূল এলাকা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে,’ বলেন উপদেষ্টা।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া সহজ হবে না। কারণ ভোটার আইডি কার্ড ছাড়া পাসপোর্ট করা যাবে না।’
‘তাই রোহিঙ্গারা যেনো জাতীয় পরিচয়পত্র না পায়; সেই বিষয়টি নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। আর যারা ইতোমধ্যে পেয়েছে তাদের ব্যাপারে যাচাই-বাছাই করা হবে।’
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুর্নীতি আমাদের বড় সমস্যা। এটি আমাদের সব ক্ষেত্রকে গ্রাস করে নিয়েছে। গত ছয় মাসে দুর্নীতির পরিমাণ অনেক কমেছে। তবে এটি এখনো সহনীয় পর্যায়ে আসেনি। দুর্নীতি যদি কমানো যায়, তাহলে সব সেক্টরে উন্নতি হবে।
এসময় বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক উপস্থিত ছিলেন।
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।
আজ শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ কথা জানান।
এ সময় প্রকল্পের গবেষকরা তাদের উদ্ভাবিত প্রযুক্তি, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
প্রকল্পের গবেষক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের বর্জ্য এবং কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রযুক্তি ও গবেষণার বিভিন্ন দিক প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
গবেষকদের উদ্ভাবিত প্রকল্পটি প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী এবং এর কার্যক্রম ও বাস্তবায়ন পরিকল্পনা সম্পর্কেও অবহিত হন। প্রকল্পটির সম্ভাবনা বিবেচনায় এটি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
প্রায় ১০ বছর ধরে পরিচালিত এ গবেষণায় ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ (এইচটিএল) প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা বায়োক্রুড উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন কুয়েটের গবেষকরা।
গবেষণাগারের পরীক্ষায় ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। পাশাপাশি ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য এসেছে বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন গবেষকরা।
এ সময় গবেষকরা জানান, পরবর্তী ধাপে প্রতিদিন ১ থেকে ৩ টন বর্জ্য প্রক্রিয়াকরণ সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রযুক্তিটির কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে। প্রস্তাবিত প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা প্রয়োজন হবে।
তারা জানান, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে সম্প্রসারণ করা সম্ভব হলে ভবিষ্যতে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। এতে বছরে আনুমানিক সাড়ে ৬ হাজার থেকে ১৩ হাজার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে। তবে এ সম্ভাবনা বাস্তবায়নে প্রযুক্তিটির বৃহৎ পরিসরে কার্যকারিতা ও অর্থনৈতিক সক্ষমতা যাচাই প্রয়োজন।
প্রকল্পসংশ্লিষ্ট গবেষকদের প্রত্যাশা, সরকারি সহায়তায় প্রযুক্তিটি সফলভাবে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হলে দেশের জ্বালানি তেলের সংকট ও বর্জ্য ব্যবস্থাপনার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একইসাথে জ্বালানি আমদানিনির্ভরতা কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয়, পরিবেশদূষণ হ্রাস এবং দেশীয় জ্বালানি শিল্প বিকাশের নতুন সম্ভাবনা তৈরি হবে।
এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
প্রশ্নপত্র ফাঁসের জোরালো অভিযোগের মুখে পরীক্ষা শুরুর ঠিক আগমুহূর্তে যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার বেলা ১১টায় নির্ধারিত এই পরীক্ষা আকস্মিকভাবে বাতিলের ঘোষণা আসায় ক্ষুব্ধ হয়ে রাজধানীর ব্যস্ত নীলক্ষেত মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন চাকরিপ্রত্যাশীরা।
রাজধানীর ইডেন মহিলা কলেজ কেন্দ্রসহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে উপস্থিত প্রার্থীরা জানান, বিধিমোতাবেক পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে পরিদর্শকদের উপস্থিতি ও প্রশ্নপত্র সরবরাহের নিয়ম থাকলেও সময় অতিক্রান্ত হওয়ার পরও কাউকে দেখা যায়নি। এতে অপেক্ষমাণ প্রার্থীদের মাঝে চরম বিভ্রান্তি ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। বেলা ১১টা পার হয়ে গেলেও পরীক্ষা শুরু না হওয়ায় প্রার্থীরা কক্ষ থেকে বেরিয়ে এলে সংশ্লিষ্ট শিক্ষকরা পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তটি মৌখিকভাবে জানান।
আন্দোলনরত চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, পরীক্ষা শুরুর আগে থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রশ্নপত্র ঘুরছিল, যার সঙ্গে মূল পরীক্ষার প্রশ্নের মিল লক্ষ্য করা যায়। আগে থেকে অবগত না করে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্তে ক্ষোভ উগরে দিয়ে তাঁরা জানান, দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার টাকা ব্যয় করে রাজধানীতে এসে থাকার পর এমন ভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অধিদপ্তরের নিয়োগ কার্যক্রমে প্রশ্নফাঁসের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ এবং এর স্থায়ী প্রতিকারের দাবিতেই তাঁরা রাজপথ অবরোধে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ২৪২টি শূন্য পদের বিপরীতে সারা দেশ থেকে তিন লক্ষাধিক চাকরিপ্রার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। রাজধানী ঢাকার প্রায় ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। তবে প্রশ্নফাঁসের ঘটনায় পরীক্ষা স্থগিত হওয়ায় পুরো নিয়োগ প্রক্রিয়াটি আবারও বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়ল।
ইসলামের দুই পবিত্র স্থান মক্কা ও মদিনার নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশের কোনো দ্বিমত নেই এবং এই তীর্থভূমি আক্রান্ত হলে সৌদি আরবের প্রত্যাশা অনুযায়ী যেকোনো ধরনের সহযোগিতা প্রদানে ঢাকা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে তিনি এই সুস্পষ্ট বার্তা দেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পারস্পরিক বিশ্বাস ও গভীর আস্থার ওপর ভিত্তি করে বাংলাদেশ ও সৌদি আরবের ভবিষ্যৎ সম্পর্কের মূল ক্ষেত্র হওয়া উচিত দ্বিপক্ষীয় বিনিয়োগ। বাংলাদেশ কারও ওপর নির্ভরশীল না থেকে সরাসরি বিনিয়োগ অংশীদার হতে চায়। দেশে অর্থনৈতিক স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমে বিদেশি উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হয়েছে উল্লেখ করে তিনি রিয়াদের বিনিয়োগ প্রত্যাশা করেন। একই সঙ্গে সম্পর্কের দ্বিতীয় প্রধান ক্ষেত্র হিসেবে শ্রমবাজারের কথা তুলে ধরে তিনি জানান, বর্তমান বাস্তবতায় সৌদি আরবে দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি পাঠাতে আগ্রহী বাংলাদেশ।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখার সুযোগ থাকলে সৌদি নেতৃত্বাধীন মক্কা জোটে অংশগ্রহণের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার।
এদিকে কূটনৈতিক সফরের বিষয়ে তথ্য দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, আগামী ২৬ অক্টোবর চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের এই টোকিও সফরে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক বিনিয়োগ বৃদ্ধি এবং জ্বালানি খাতের সহযোগিতা সংক্রান্ত বিষয়গুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে।
আগামী ২৬ অক্টোবর চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সৌদি আরবের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে নিছক জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ না রেখে অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারত্বে রূপ দিতে চায় বাংলাদেশ। শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ‘শ্রমশক্তি থেকে কৌশলগত অংশীদারিত্ব: বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের নতুন বিন্যাস’ শীর্ষক সেমিনারে বক্তব্যকালে এসব তথ্য নিশ্চিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও পারস্পরিক আস্থার। এই ঐতিহাসিক সম্পর্ককে আরও বেগবান করতে ঢাকা এখন রিয়াদের সঙ্গে জোরালো বাণিজ্যিক ও কৌশলগত মেলবন্ধন প্রত্যাশা করছে। বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি উদ্যোক্তাদের অনুকূল পরিবেশ প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রচলিত শ্রমশক্তির বাইরে দক্ষ ও কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী পাঠানোর মাধ্যমে সৌদি শ্রমবাজারে বাংলাদেশ নিজেদের অবস্থান আরও সংহত করতে চায়।
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা প্রসঙ্গে হুমায়ুন কবির জানান, সৌদি আরবের নেতৃত্বে নেওয়া মক্কা চুক্তির উদ্যোগটিকে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছে। শান্তিরক্ষা মিশনে দীর্ঘ অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালনে প্রস্তুত রয়েছে।
পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশ ক্রমবর্ধমান আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও জানান, খুব দ্রুতই প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌদি আরব সফরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, যা দুই ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় সংলগ্ন সড়কে মধ্যরাতে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। নিক্ষিপ্ত ককটেলগুলোর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত থেকে যায়, যা পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল গিয়ে নিষ্ক্রিয় করে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের বিস্তারিত জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি জানান, রাত সোয়া ১টার দিকে একটি মোটরসাইকেলে চড়ে দুই ব্যক্তি এসে ঘটনাস্থলে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তাঁরা সড়ক লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যান। প্রাথমিক তথ্যানুযায়ী, অভিযুক্তরা আগারগাঁও হয়ে কাফরুলের সড়ক ব্যবহার করে চলে গেছেন।
ডিসি ইবনে মিজান আরও উল্লেখ করেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করতে আশপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। স্পর্শকাতর এই ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোর তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি।
তিনি বলেন, রাষ্ট্র, সমাজ এবং সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, সমান নিরাপত্তা, সমান স্বাধীনতা এবং সমান মর্যাদা পাবেন। নাগরিক হিসেবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা।
আজ শনিবার সকালে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত 'মহালয়া ১৪৩৩'-এর উদ্বোধনী অনুষ্ঠানে মাহদী আমিন একথা বলেন।
সকাল ৬ টার দিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বনানী মাঠে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং উত্তরীয় পরিয়ে দেন গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। পরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার ক্ষণগণনা ও আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। একইসঙ্গে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতা পেছনে ফেলে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আধুনিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান জানান।
মাহদী আমিন বলেন, মহালয়া মানেই নতুন আশার আলো, অশুভের বিরুদ্ধে শুভ শক্তির বিজয়। অন্ধকারকে পেছনে ফেলে আলোর জয় নিশ্চিত করাই এই উৎসবের মূল বার্তা। সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনের জন্য তিনি গুলশান-বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
মাহদী আমিন এ সময় বলেন, 'আজ আমরা এমন একটি এলাকায় সমবেত হয়েছি, যা সংসদীয় আসন হিসেবে প্রধানমন্ত্রীর এলাকা। আমরা বিশ্বাস করি, সবাই মিলে সেই বাংলাদেশ গড়ে তুলব যেখানে ধর্ম, বর্ণ, আদর্শ, বিশ্বাস ও মূল্যবোধের ভিন্নতা ছাপিয়ে আমাদের একটাই পরিচয় হবে, আর তা হলো আমরা সবাই বাংলাদেশি।'
তিনি সনাতনী সমাজের সর্বাঙ্গীন কল্যাণ ও শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।
মাহদী আমিন বলেন, আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বৈষম্য কিংবা বিভেদের শিকার হতে হবে না। প্রতিটি মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচবেন এবং সমান মর্যাদা নিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় অংশ নেবেন।
দীর্ঘ সময় পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবার প্রতিটি পূজামণ্ডপে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে জানিয়ে মাহদী আমিন বলেন, জনগণের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে সংগতি রেখে পূজার সরকারি ছুটি বাড়ানো হয়েছে। আমরা চাই এই উৎসবের আনন্দ একইভাবে সনাতনী সম্প্রদায়ের প্রতিটি মানুষের অন্তরে ছড়িয়ে পড়ুক।
তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের আবহমান ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক দৃঢ় বন্ধন। আমাদের মধ্যকার ভিন্নতা ও বৈচিত্র্যকে শক্তি হিসেবে বিবেচনা করে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমরা এমন এক মানবিক বাংলাদেশ চাই, যেখানে বিদ্বেষের জায়গা নেবে ভালোবাসা, বৈষম্যের জায়গা নেবে ন্যায়বিচার এবং বিভাজনের জায়গা নেবে ঐক্য।
বাংলাদেশের মূল শক্তি এ দেশের জনগণ উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, জনগণের অন্তরের সম্মিলিত আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং একতাবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয়ই আমাদের চালিকাশক্তি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব নির্বাচিত সরকার বিশ্বাস করে, দেশের মানুষের স্বার্থ, জাতীয় সার্বভৌমত্ব এবং সার্বিক জনকল্যাণই সরকারের প্রধান অগ্রাধিকার। আর সে কারণেই আমরা বলি 'সবার আগে বাংলাদেশ'। দেশকে অগ্রাধিকার দিয়ে সামনে এগিয়ে নিতে হলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই রাষ্ট্র পুনর্গঠনে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, মহালয়ার বার্তা ধারণ করে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। দুর্গোৎসবের এই শুভ সূচনা সকলের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি। সবশেষে তিনি আয়োজনের সুন্দর ও সার্থকতার মাধ্যমে সনাতনী সমাজের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার পবন কুমার বাধে, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন কান্তি মজুমদার, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহা, সাধারণ সম্পাদক বিনয় গোপাল রায় প্রমুখ। সূত্র: বাসস
স্বাস্থ্য খাতের উন্নয়নে বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, ‘এ খাতে বাজেট বরাদ্দ পূর্বের তুলনায় বৃদ্ধি করা হয়েছে।’ এ উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে ধন্যবাদ জানান।
শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ থাইরয়েড সোসাইটির (বিটিএস) ৮ম জাতীয় সম্মেলন ও বার্ষিক সাধারণ সভা ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ‘দেশে গত দুই বছর হামের টিকাদানে ঘাটতি থাকায় এর নেতিবাচক প্রভাব পড়েছে। পূর্ববর্তী সময়ে সৃষ্ট এ পরিস্থিতির চাপ বর্তমান সরকারকে সামাল দিতে হচ্ছে। তবে স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা মোকাবিলা এবং জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।’
তিনি বলেন, ‘পতিত সরকার দেশের বিভিন্ন খাতের ব্যাপক ক্ষতি করেছে। স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে ডা. জুবাইদা রহমানের পরামর্শ ও সহযোগিতায় প্রধানমন্ত্রী তারেক রহমান এ খাতে বাজেট বরাদ্দ প্রায় দ্বিগুণ করেছেন। স্বাস্থ্য খাতের পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নেও সরকার নিরলসভাবে কাজ করছে।’
থাইরয়েড রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে চিফ হুইপ বলেন, ‘মানবদেহের বৃদ্ধি, বুদ্ধিবৃত্তিক বিকাশ এবং শরীরের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণে থাইরয়েড গ্রন্থির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ রোগের প্রতিরোধ, দ্রুত নির্ণয় ও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।’
তিনি বলেন, থাইরয়েড বিষয়ে সচেতনতা সৃষ্টি ও গবেষণায় সহযোগিতার জন্য তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। এ ক্ষেত্রে সংসদে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের সুযোগ থাকলে তা বাস্তবায়নেরও চেষ্টা করবেন। শিক্ষা, উদ্ভাবন ও কার্যকর উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে থাইরয়েড রোগে আক্রান্ত মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সম্মেলনের সাফল্য কামনা করে চিফ হুইপ বলেন, এ সম্মেলনে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সুপারিশ দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থাইরয়েড সোসাইটির সভাপতি ও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসের (নিনমাস) পরিচালক অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, বাংলাদেশ থাইরয়েড সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ করিম এবং ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান। স্বাগত বক্তব্য দেন সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. নাসরীন সুলতানা। অনুষ্ঠানে সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফৌজিয়া মোসলেম উপস্থিত ছিলেন।
দিনব্যাপী সম্মেলনে থাইরয়েড রোগ নির্ণয় ও চিকিৎসার আধুনিক পদ্ধতি, থাইরয়েড ক্যান্সার, গর্ভাবস্থায় থাইরয়েড সমস্যা, আয়োডিনের ঘাটতিজনিত রোগ এবং থাইরয়েড রোগের সঙ্গে হৃদযন্ত্রের সম্পর্ক নিয়ে বৈজ্ঞানিক আলোচনা অনুষ্ঠিত হয়। সম্মেলনে ১২টি মৌখিক গবেষণাপত্র ও ১০টি পোস্টার উপস্থাপন করা হয়।
দ্রুততম সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর) থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎসংযোগ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। শুক্রবার (৯ অক্টোবর) রাশিয়ার মস্কোয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে রোসাটমের মহাপরিচালকের এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ কথা জানানো হয়।
বৈঠকে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের’ সার্বিক অগ্রগতি ও প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী, দ্বিপক্ষীয় এ বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ জানিয়েছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎসংযোগ দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করা সম্ভব হবে।
মহাপরিচালক আরও বলেন, ‘বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশবান্ধব ও সাশ্রয়ী জ্বালানি সরবরাহে এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
দ্বিপক্ষীয় বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানান, ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র দেশের মোট বিদ্যুৎ-চাহিদার প্রায় ১১ শতাংশ পূরণ করবে। বৈঠকে রোসাটমের মহাপরিচালক জানান, আগামী বছর থেকে দ্বিতীয় ইউনিটের কমিশনিং ও প্রাথমিক স্টার্ট-আপ কার্যক্রম শুরু হবে।
বৈঠকে রূপপুর প্রকল্পের সাফল্য ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে পারমাণবিক শক্তি খাতের আরও সম্প্রসারণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়েও ইতিবাচক আলোচনা হয়।
মানবপাচার নির্মূলে বাংলাদেশের প্রচেষ্টা বাড়লেও বেশ কিছু ক্ষেত্রে ঘাটতি রয়ে গেছে। গত বছরগুলোর তুলনায় মানবপাচারবিরোধী উদ্যোগ জোরদার হলেও অপরাধীদের দণ্ডিত করার সংখ্যা কমেছে। দেশের অভ্যন্তরে মানবপাচার বন্ধেও পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রকাশিত ‘ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট’-এ বলা হয়েছে, মানবপাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি পূরণ করতে পারেনি বাংলাদেশ। তবে এ লক্ষ্য অর্জনে উল্লেখযোগ্য প্রচেষ্টা চালাচ্ছে সরকার। আগের প্রতিবেদনের সময়কালের তুলনায় সামগ্রিক অগ্রগতি হওয়ায় বাংলাদেশকে এবারও ‘টায়ার-২’ শ্রেণিতে রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মানবপাচার মোকাবিলায় আইনি কাঠামো শক্তিশালী করতে সরকার মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ২০২৬ জারি করেছে। পাশাপাশি মানবপাচারের ঘটনায় তদন্ত ও মামলা বাড়ানো, অপরাধ শনাক্তকরণ এবং ভুক্তভোগী চিহ্নিত করার নির্দেশিকা হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের দ্রুত সুরক্ষাসেবা দিতে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে একটি ডিজিটাল ন্যাশনাল রেফারেল মেকানিজম (এনআরএম) পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। মানবপাচারের ঝুঁকি কমাতে অভিবাসী শ্রমিকদের সুরক্ষা জোরদার করার উদ্যোগও নিয়েছে সরকার। তবে এসব অগ্রগতির পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দুর্বলতার কথাও তুলে ধরেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
প্রতিবেদনে বলা হয়েছে, সরকার এবার কমসংখ্যক মানবপাচারের শিকার ব্যক্তিকে শনাক্ত করেছে। ভুক্তভোগীদের সুরক্ষা ও পুনর্বাসনের ব্যবস্থাও পর্যাপ্ত নয়। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী এবং দেশে ফিরে আসা বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা এ ক্ষেত্রে বেশি ঝুঁকিতে রয়েছেন। ভ্রমণ গাইড বাংলাদেশ এ ছাড়া অভিবাসী শ্রমিকদের কাছ থেকে নিয়োগ ফি আদায়ের প্রচলন বন্ধ হয়নি। এসব ফি দিতে গিয়ে অনেক শ্রমিক ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, যা তাদের মানবপাচারের ঝুঁকি বাড়াচ্ছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমাস ‘টমি’ পিগট বলেছেন, মানবপাচার স্বাধীনতা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত হানে—যে মূল্যবোধগুলো আমেরিকার পরিচয়ের সঙ্গে যুক্ত।
তিনি বলেন, ‘২০২৬ সালের প্রতিবেদনে অপরাধী সংগঠন ও দমনমূলক শাসনব্যবস্থাগুলো কীভাবে আর্থিক লাভের জন্য এই ঘৃণ্য অপরাধের নতুন নতুন পদ্ধতি ব্যবহার করছে, তা তুলে ধরা হয়েছে।’
মানবপাচারকারীদের শাস্তি দিতে এবং নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ সরকারগুলোর জবাবদিহি নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে প্রতিবেদনে।
পিগট বলেন, ‘মানবপাচারকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে লড়াই এবং তাদের বিচারের আওতায় আনতে ট্রাম্প প্রশাসন সব ধরনের বিদ্যমান উপায় ব্যবহার করবে।’
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে দ্বিগুণ করার লক্ষ্য অর্জনে তরুণদের দক্ষ, কর্মক্ষম ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় যোগাযোগের দক্ষতা, প্রযুক্তিগত জ্ঞান এবং বাস্তব কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করতে হবে। এসব দক্ষতার সমন্বয় ঘটাতে পারলে দেশের বিপুল তরুণ জনগোষ্ঠী অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে। শুক্রবার (৯ অক্টোবর) রাজধানী ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) টেসলবিডি ও ইউল্যাবের যৌথ আয়োজনে ২য় ইউল্যাব-টেসলবিডি আন্তর্জাতিক ইএসপি (ইংলিশ ফর স্পেসিফিক পারপাস) কনফারেন্স ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি জ্ঞান অর্জন করতে এবং নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে। কিন্তু প্রয়োজনীয় দক্ষতা তৈরি না হলে শুধু ডিগ্রি দিয়ে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব নয়। একজন শিক্ষার্থীকে এমনভাবে প্রস্তুত হতে হবে, যাতে তিনি অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন এবং কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারেন।’
ইংরেজি ভাষায় দক্ষতার ঘাটতি তুলে ধরে ববি হাজ্জাজ বলেন, ‘বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় ইংরেজি শেখানো ও শেখার ক্ষেত্রে এখনো বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে।’ দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যালয় পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ইংরেজি শেখানোর জন্য শিক্ষকদের নিজেদেরও ভাষাগত দক্ষতা বাড়ানো প্রয়োজন। একইভাবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজিতে পড়াশোনা করেও অনেক শিক্ষার্থীর সাবলীলভাবে কথা বলা, লিখিতভাবে ভাব প্রকাশ করা এবং পেশাগত যোগাযোগের ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে। এ পরিস্থিতির পরিবর্তনে মুখস্থনির্ভর শিক্ষার পরিবর্তে ভাষার ব্যবহারিক প্রয়োগ ও যোগাযোগের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।’
ইউল্যাবের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. শামসাদ মর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব, রিয়েলিইংলিশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাইজেল কিলিক এবং বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক। এ ছাড়া টেসল সোসাইটি অব বাংলাদেশের সদস্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। যেসব এজেন্সি প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ব্যবস্থাপনা ও অর্থায়নে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ২৫টি ট্রলি হস্তান্তরকালে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, “প্রবাসীদের বিমানবন্দর সেবা আরও সহজ ও হয়রানিমুক্ত করতে ধারাবাহিকভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। ‘প্রবাসী কার্ড’ ও ‘প্রবাসী ব্যাংক’সহ নানা খাতের সেবা নিয়ে সরকার কাজ করছে।” এ সময় প্রবাসীদের সমস্যার কথা শুনতে সপ্তাহে অন্তত একদিন সময় বরাদ্দ রাখতে সিলেট ও চট্টগ্রামের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, ‘পৃথিবী যতদিন থাকবে, সমস্যাও ততদিন থাকবে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ৮ মাসে ধাপে ধাপে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানিমুক্ত ও সহজ সেবা নিশ্চিতে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’
কারিগরি শিক্ষায় সরকার গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে কারিগরি দক্ষতা জরুরি। এজন্য দেশের প্রতিটি কারিগরি প্রতিষ্ঠানকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ সেই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার পাশাপাশি দেশের কওমি মাদ্রাসাগুলোতেও কারিগরি শিক্ষা চালু করা হবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সিলেট ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন এবং সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুবর রব চৌধুরী ফয়সল উপস্থিত ছিলেন।
ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান স্থলবন্দরভিত্তিক বিধিনিষেধ, শুল্ক ও অশুল্ক বাধা দূর করার দাবি জোরালোভাবে উত্থাপন করেছে বাংলাদেশ। একই সঙ্গে পাটপণ্য ও পিইটি ফিল্মের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পরও বিদ্যমান শুল্ক সুবিধা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।
নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল এসব প্রস্তাবনা উপস্থাপন করে। দুই দিনব্যাপী এই দ্বিপক্ষীয় সভায় বাণিজ্যের নানা প্রতিবন্ধকতা নিরসন, বন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, সাফটা (SAFTA) চুক্তির আওতায় বর্তমানে ভারতের বাজারে যে শুল্কমুক্ত সুবিধা পাওয়া যাচ্ছে, এলডিসি উত্তরণের পরও তা বহাল রাখা প্রয়োজন। এছাড়া বিআইএস (BIS) সনদপ্রাপ্তি সহজীকরণ, পণ্যের মানে সামঞ্জস্য বজায় রাখা এবং ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি ট্রাক চলাচলের সুযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত বন্দরগুলোতে পার্কিং ইয়ার্ড, গুদাম ও কোয়ারেন্টাইন সুবিধা বৃদ্ধির প্রস্তাবও উঠে আসে।
অন্যদিকে ভারত তাদের দিক থেকে তুলা ও সুতাসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে নির্দিষ্ট স্থলবন্দরের বিধিনিষেধ প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো থেকে পণ্য রপ্তানির সুযোগ তৈরি, আখাউড়া-আগরতলা সংযোগসহ সার্বিক রেল যোগাযোগ উন্নয়ন এবং সীমান্ত হাট সচল করার বিষয়টিও ভারতের মূল এজেন্ডায় ছিল।
ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে সীমান্ত বাণিজ্য সম্প্রসারণে দুই দেশই আন্তরিকতা দেখাচ্ছে। যৌথ ওয়ার্কিং গ্রুপের এ আলোচনার ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের সময় ও খরচ কমে আসবে এবং বিদ্যমান সমস্যার টেকসই সমাধান আসবে বলে আশা করা হচ্ছে।
মানসিক অসুস্থতাকে কেন্দ্র করে সমাজে বিরাজমান ভয়, লজ্জা, কুসংস্কার ও বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 'বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬' উপলক্ষে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি এই গুরুত্ব আরোপ করেন।
শুক্রবার (৯ অক্টোবর) এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, কেবল দৃশ্যত নীরোগ বা শারীরিক সুস্থতা বজায় রাখাই স্বাস্থ্যের পূর্ণাঙ্গ রূপ নয়; বরং শারীরিক, মানসিক, আত্মিক ও সামাজিকভাবে ভালো থাকার সমন্বিত অবস্থাই হলো প্রকৃত স্বাস্থ্য। ফলে কোনোভাবেই মানসিক স্বাস্থ্যকে অবহেলা বা উপেক্ষা করার অবকাশ নেই।
মানসিক স্বাস্থ্যকে কেবল চিকিৎসার বিষয় না রেখে এটি মানুষের মর্যাদা, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কল্যাণের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত বলে স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। মানসিক সমস্যায় আক্রান্ত কোনো ব্যক্তিকে অবহেলা না করে তাঁর কথা শোনা, সহানুভূতি নিয়ে পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহায়তা সুগম করার ওপর তিনি জোর দেন। এ বছরের দিবসের প্রতিপাদ্য তুলে ধরে তিনি জানান, যারা এ ধরনের শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন, তাঁদের অভিজ্ঞতাকে সহমর্মিতার সঙ্গে গ্রহণ করাই ইতিবাচক পরিবর্তনের মূল ভিত্তি।
তৃণমূল পর্যায় পর্যন্ত মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের নানামুখী উদ্যোগের বিষয়টিও বাণীতে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে সমন্বিত রেফারেল ব্যবস্থা গড়ে তোলা, টেলি-কাউন্সেলিং সুবিধা সম্প্রসারণ, স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া এবং সরকারি হাসপাতালে পেশাজীবীদের সক্ষমতা বাড়ানো। এছাড়া গর্ভবতী মা, শিশু-কিশোরদের সুস্থতা এবং বিদ্যালয়ভিত্তিক মানসিক সেবা জোরদারে সরকার বিশেষভাবে মনোযোগ দিচ্ছে।
মানসিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত পেশাজীবীদের আরও আন্তরিকতা ও সহমর্মিতার সঙ্গে সেবা দেওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা প্রকাশ করেন। সরকার, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টায় এমন এক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য ব্যক্ত করা হয়, যেখানে মানসিক সুস্থতা নিয়ে কথা বলতে কেউ সংকোচ বা লজ্জা বোধ করবে না।