অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনি বাস্তবায়নযোগ্য সেগুলো অনতিবিলম্বে কার্যকর করার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার উদ্যোগ গ্রহণ করবে।
শনিবার (২২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন হস্তান্তরকালে প্রধান উপদেষ্টা এ কথা বলেন।
তিনি বলেন, ‘সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনি বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সে জন্য আমি চাইবো সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা যায়—এমন সুপারিশগুলো দ্রুত আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক।’
সিনিয়র সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের এই কাজকে অমূল্য হিসেবে অভিহিত করে এই প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ অন্যান্য মানুষ পড়তে পারে সে লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন তিনি।
দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য বলে বিদেশ থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখা যায় না, কমিশনের পক্ষ থেকে এমন তথ্য পাওয়ার পর প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন—সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবে সরকার।’
কমিশন প্রধান কামাল আহমেদসহ অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে তাদের প্রতিবেদন হস্তান্তর করেন।
কমিশনের অন্য সদস্যরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো) প্রতিনিধি মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সততা ছাড়া কোনোভাবেই একটি আদর্শ ও উন্নত জাতি গঠন সম্ভব নয়।
তিনি দুর্নীতিমুক্ত ও সুশাসিত এলাকা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘যতদিন আমি আপনাদের সংসদ সদস্য হিসেবে থাকব, আমি কথা দিচ্ছি, কোনো ধরনের দুর্নীতি আমাকে স্পর্শ করবে না।’
গতকাল শুক্রবার জেলার কলমাকান্দা আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই এই মাদরাসা প্রাঙ্গণেও স্থানীয় এলাকার সঙ্গে নিজের গভীর পারিবারিক ও আত্মিক সম্পর্কের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন ডেপুটি স্পিকার।
তিনি বলেন, এই স্থানটি আমার অত্যন্ত স্মৃতি বিজড়িত এবং আমার প্রয়াত বাবার অত্যন্ত প্রিয় স্থান ছিল। পাশেই এতিমখানা ও আমাদের জমি রয়েছে।
এই প্রিয় স্থানে এসে আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি।
অনুষ্ঠানে ব্যারিস্টার কায়সার কামাল তার প্রয়াত বাবার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান। এ সময় তিনি তার দাদার নামের সঙ্গে মিল রেখে নেত্রকোনায় প্রতিষ্ঠিত ‘এন আকন্দ কামিল মাদরাসা’র কথাও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
এলাকার উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, ‘আমরা শুধু ন্যায়পরায়ণতার কথাই বলছি না, আমরা দেখাতে চাই আমরা বাস্তবে ন্যায়ের ও ইনসাফের পথে আছি।
আমি মহান আল্লাহ তায়ালাকে হাজির-নাজির রেখে বলতে পারি, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বণ্টনে এক সেকেন্ডের জন্য, এক টাকা বা এক দানা চাল পরিমাণ দুর্নীতিও এখানে হয়নি।’
সীমান্তবর্তী এলাকার চোরাচালান ও অবৈধ উপার্জনের দিকে ইঙ্গিত করে দুর্নীতিবাজদের কঠোর হুঁশিয়ারি দিয়ে ডেপুটি স্পিকার বলেন, অবৈধভাবে যে পয়সা ইনকাম করে স্ত্রী-সন্তানদের খাওয়াচ্ছেন, দিনের পর দিন বিল্ডিং তুলছেন, সব কিন্তু মহান রব দেখছেন। এক মুহূর্তে আপনার সব চলে যেতে পারে। দিনশেষে আমাদের আসল আশ্রয় ও শেষ ঠিকানা ওই সাড়ে তিন হাত মাটি। তাই সততার সাথে কাজ করার কোনো বিকল্প নেই।
এ সময় তিনি প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) এর একটি ঐতিহাসিক উদ্ধৃতি স্মরণ করিয়ে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমি ভালো কাজ করলে আপনারা সহযোগিতা করবেন, আর ভুল করলে তা শুধরে দেবেন।’
এ্যালামনাই এ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও শিক্ষক মো. আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মিলনমেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাজমুন নাহার নীলু।
প্রধান অতিথি তার বক্তব্যে এই নারী সংসদ সদস্যকে এলাকার ‘পুত্রবধূ’ হিসেবে আখ্যায়িত করে উপস্থিত জনতাকে করতালি দিয়ে তাকে স্বাগত জানানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের উপ-পরিদর্শক-১ মো. আকরাম, কলমাকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম, কলমাকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ সুকুমার চন্দ্র বনিক, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম এবং আল-জামিয়াতুল ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান।
এ ছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদরাসার সাবেক শিক্ষার্থী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কমিশনার (কাস্টমস) মো. মিজানুর রহমান, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া এবং এন আকন্দ কামিল মাদরাসার অধ্যক্ষ মো. আব্দুল বাতেন প্রমুখ।
সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এই আয়োজনটি এক আবেগঘন ও পারিবারিক আবহের সৃষ্টি করে। বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার কায়সার কামাল কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমানের মতো সাবেক সফল শিক্ষার্থীদের আদর্শ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।
পরিশেষে সততা ও ইনসাফের ভিত্তিতে একটি আধুনিক ও সুশাসিত কলমাকান্দা-দুর্গাপুর গড়ার অঙ্গীকার ব্যক্ত করে ডেপুটি স্পিকার তার বক্তব্য শেষ করেন।
কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি ব্যতিরেকে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে এবারের পবিত্র হজ কার্যক্রম সম্পন্ন হয়েছে। যথাযথ তদারকি ও নিবিড় সমন্বয়ের মাধ্যমে লাখো মুসল্লি নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে পেরেছেন। শুক্রবার তিন জামারাতে কঙ্কর নিক্ষেপের মধ্য দিয়ে হজের প্রধান কার্যাবলি সমাপ্ত হয় এবং এরপর থেকেই বাংলাদেশি হাজিরা নিজ দেশে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেন। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, শনিবার দিবাগত রাত থেকেই আনুষ্ঠানিকভাবে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে হাজিদের প্রথম দলটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। প্রথম দিনেই ১৩টি বিমানে করে পাঁচ হাজার চারশ’র বেশি হাজি বাংলাদেশে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য যে, গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের হজ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছিলেন এবং ২১ মে সর্বশেষ ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। আগামী ১ জুলাইয়ের মধ্যে সকল হাজির প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ বছর আবাসন, পরিবহন ও ভিসা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি ধর্ম মন্ত্রণালয় সময়মতো সম্পন্ন করায় নিবন্ধিত শতভাগ হজযাত্রী কোনো বড় ধরনের বিঘ্ন ছাড়াই পবিত্র ভূমি সফর করতে পেরেছেন। হজের সার্বিক সফলতা সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, ‘মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ার কারণেই এবারের হজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই সফলতার কৃতিত্ব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নয়; বরং এটি মহান আল্লাহর অনুগ্রহ।'
মন্ত্রী তাঁর বক্তব্যে আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় হাজিদের সেবার মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মধ্যে বিনামূল্যে লাগেজ র্যাপিং ও পানীয় সরবরাহের মতো সুবিধা অন্তর্ভুক্ত ছিল। আগামীতে হজের খরচ কমানো এবং বেসরকারি এজেন্সিগুলোর কার্যক্রম নতুন করে মূল্যায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে এবারের হজ সম্পন্ন হয়েছে। এ জন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার। বাংলাদেশ সরকার, সৌদি সরকার, হজ-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, এজেন্সি এবং গণমাধ্যমের সম্মিলিত প্রচেষ্টায় এবারের হজ সফল হয়েছে। তবে সবকিছুর ঊর্ধ্বে রয়েছে মহান আল্লাহর রহমত।'
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারও হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘এবারের হজ ব্যবস্থাপনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও সফল। কোনো ধরনের বড় অপ্রতিকর ঘটনা ছাড়াই হজের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, যা সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।' তাঁর মতে, সরকার ও সৌদি কর্তৃপক্ষের মধ্যকার চমৎকার সমন্বয় এবং এজেন্সিগুলোর নিষ্ঠার কারণেই হাজিরা স্বাচ্ছন্দ্যে হজ পালন করতে সক্ষম হয়েছেন।
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও রাষ্ট্রনায়কোচিত অবদান নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার (২৯ মে) শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, জিয়াউর রহমানের সাদাসিধে ও নির্মোহ জীবন, বলিষ্ঠ ব্যক্তিত্ব, প্রশ্নাতীত সততা এবং বাস্তববাদী ও কর্মোদ্যমী রাষ্ট্রনায়কের ভূমিকা জনগণের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি বলেন, জিয়ার কর্মময় জীবন, গভীর দেশপ্রেম, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠার অটল অঙ্গীকার নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।
রাষ্ট্রপতি আরও বলেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক গভীর ষড়যন্ত্রের শিকার হয়ে শহিদ হন জিয়াউর রহমান। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের ভিত্তি নির্মাণে দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে অসামান্য ভূমিকা রেখেছেন।
বাণীতে রাষ্ট্রপতি স্মরণ করেন, মহান মুক্তিযুদ্ধের শুরুতে ২৬ মার্চের প্রথম প্রহরে জিয়াউর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান, যা সমগ্র জাতিকে মুক্তিযুদ্ধে অংশ নিতে অনুপ্রাণিত করেছিল। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন।
রাষ্ট্রপতি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থেকে জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেন এবং বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। পাশাপাশি তিনি ১৯ দফা কর্মসূচির মাধ্যমে উৎপাদনমুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা দেন।
তিনি আরও উল্লেখ করেন, আর্থ-সামাজিক উন্নয়ন, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধি এবং জনগণের জীবনমান উন্নয়নে জিয়াউর রহমান বহুমুখী উদ্যোগ গ্রহণ করেন। আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি গ্রহণের মাধ্যমে দেশের স্বার্থ রক্ষায় তিনি ভূমিকা রাখেন এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণে অবদান রাখেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, স্বল্প সময় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলেও গভীর দেশপ্রেম, ন্যায়পরায়ণতা ও দূরদর্শিতার মাধ্যমে জিয়াউর রহমান দেশের অগ্রগতিতে যে ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপ্রধান, মহান স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গনের বীর সেক্টর কমান্ডার শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত হচ্ছে শনিবার (৩০ মে)। তিনি ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক মর্মান্তিক চক্রান্তের শিকার হয়ে একদল পথভ্রষ্ট সেনাসদস্যের হাতে তিনি শাহাদাতবরণ করেন। রণাঙ্গনের এই বীর সেনানী এবং জেড ফোর্সের অধিনায়কের প্রয়াণ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে বিএনপি বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে বিএনপি গত ২৫ মে থেকে শুরু করে আগামী ১ জুন পর্যন্ত টানা আট দিনের বিশেষ কর্মসূচি পালন করছে। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে এবং নেতাকর্মীরা শোকের প্রতীক হিসেবে কালো ব্যাজ ধারণ করেছেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন পোর্টালে এই বীর সেনানীকে নিয়ে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ৩০ মে ভোর ৬টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় অফিসগুলোতে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়েছে। এদিন বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা রাজধানীর শেরেবাংলা নগরে জিয়ার মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে সেখানে ওলামা দলের উদ্যোগে একটি বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে জনকল্যাণমূলক কর্মকাণ্ডকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ঢাকা মহানগরীর প্রতিটি থানা এবং দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চলে অসচ্ছল ও দরিদ্র মানুষের মধ্যে চাল, ডাল, বস্ত্রসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া শাহাদাতবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে ৩১ মে দুপুর ২টায় রাজধানীর রমনায় অবস্থিত ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স (আইইবি) মিলনায়তনে দলের পক্ষ থেকে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্থানীয় পর্যায়গুলোতেও সুবিধা অনুযায়ী আলোচনা সভা, মিলাদ মাহফিল এবং দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।
শহীদ জিয়াউর রহমান কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর স্বপ্নদ্রষ্টা এবং বাংলাদেশি জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের প্রবক্তা। বাংলাদেশে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের কারণে তাঁকে এ দেশের বহুদলীয় গণতন্ত্রের জনক হিসেবে গণ্য করা হয়। তাঁর প্রতিষ্ঠিত রাজনৈতিক দর্শন ও দল আজ দেশের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী শক্তিতে পরিণত হয়েছে। রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, নির্ভীক নির্মোহ এই রাষ্ট্রনায়কের সততা, দেশপ্রেম এবং উন্নয়নমুখী রাজনীতি আজও জাতীয়তাবাদী শক্তির প্রধান অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। তাঁর আদর্শকে ধারণ করেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুসংহত করার শপথ গ্রহণ করেছেন জাতীয়তাবাদী শক্তির অনুসারীরা।
সরকার চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে শিল্প, বাণিজ্য এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির জানিয়েছেন,চামড়া খাতকে সঠিকভাবে প্রক্রিয়াজাত ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে এ খাত থেকে বছরে প্রায় ১২ বিলিয়ন ডলার রপ্তানি আয় সম্ভব।
শুক্রবার (২৯ মে) সাভারের বিসিক চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি কারখানা স্থানান্তরের সিদ্ধান্ত সঠিক ছিল। কারণ উচ্চমাত্রার বর্জ্য উৎপন্ন হওয়া ট্যানারি শিল্প এমন স্থানে হওয়া প্রয়োজন, যেখানে আধুনিক বর্জ্য শোধনাগারের সুবিধা রয়েছে। তবে স্থানান্তর প্রক্রিয়াটি ছিল অপরিকল্পিত ও অবহেলাপূর্ণ। ফলে চামড়া খাত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং মাঝপথে অনেক শিল্প প্রতিষ্ঠান হারিয়ে গেছে।
তিনি জানান, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কার্যক্রমে ইতালিকে সম্পৃক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। আন্তর্জাতিক মান বজায় রাখা ও দূষণ নিয়ন্ত্রণে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
খন্দকার আব্দুল মোক্তাদির বলেন, ট্যানারিগুলোর তরল বর্জ্য শোধনের জন্য স্থাপিত সিইটিপির দৈনিক শোধন সক্ষমতা প্রায় ২৫ হাজার ঘনমিটার। অথচ পিক সময়ে উৎপাদিত বর্জ্যের পরিমাণ দাঁড়ায় ৪০ থেকে ৫০ হাজার ঘনমিটার, যা বিদ্যমান সক্ষমতার তুলনায় অনেক বেশি।
তিনি আরও বলেন, বর্তমানে সরকার দুটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে রয়েছে সিইটিপিকে পরিকল্পিত সক্ষমতায় ফিরিয়ে আনা এবং ক্রোমিয়াম পুনরুদ্ধার ব্যবস্থার উন্নয়ন। পাশাপাশি ঋণ সংকটে থাকা ও ঝরে পড়া শিল্প প্রতিষ্ঠানগুলোকে কীভাবে ঘুরে দাঁড় করানো যায়, সে বিষয়েও কাজ চলছে।
পরে মন্ত্রী শিল্পনগরীর সদর ও বে-ট্যানারি কারখানা পরিদর্শন করেন এবং মালিকদের সঙ্গে শিল্পের বর্তমান অবস্থা, উৎপাদন ও পরিবেশ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন। এসময় শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান মো. সাইফুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতের পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকারের নথিপত্রবিহীন অভিবাসীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ ও বহিষ্কারের ঘোষণার পর রাজ্যজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের সাঁড়াশি অভিযান এবং ডিটেনশন সেন্টারে বা আটক কেন্দ্রে বন্দি হওয়ার ভয়ে শত শত মানুষ পরিবারসহ ভারতের হাকিমপুর সীমান্তচৌকিতে এসে জড়ো হয়েছেন।
বিশেষ করে গত সপ্তাহে নথিপত্রহীনদের জন্য বড় আটক কেন্দ্র নির্মাণের সরকারি নির্দেশের পর রাজ্যের মুসলিম জনগোষ্ঠীর মধ্যে সামগ্রিক উদ্বেগ বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
এই বিশাল জনগোষ্ঠী বর্তমানে এক চরম প্রশাসনিক ও আইনি দোটানার মধ্যে পড়েছেন। একদিকে স্থানীয় প্রশাসন তাদের দ্রুত ভারত ছাড়ার জন্য মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক চাপ দিচ্ছে, অন্যদিকে বৈধ আইনি প্রমাণ বা নাগরিকত্বের নথিপত্র ছাড়া বাংলাদেশ সরকার তাদের গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে। উপায়ান্তর না দেখে অনেক পরিবারই এখন রাতের অন্ধকারের সুযোগ নিয়ে সীমান্তের নদী পথ ব্যবহার করে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার ঝুঁকিপূর্ণ চেষ্টা চালাচ্ছে। কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলো থেকে দিশেহারা মানুষ দল বেঁধে সীমান্ত এলাকায় আসছেন, যার মধ্যে দীর্ঘ সময় ধরে ভারতে বাস করা শ্রমিক ও রাজমিস্ত্রিরাও রয়েছেন।
সীমান্তবর্তী উত্তর ২৪ পরগনা জেলার তেঁতুলিয়া গ্রামের একটি আটক কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ব্যক্তিদের সাময়িকভাবে রাখা হচ্ছে, যেখান থেকে যাচাই-বাছাই শেষে তাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মাধ্যমে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মানবাধিকারকর্মীদের অভিযোগ, কোনো প্রকার আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে কেবল ধর্মীয় ও জাতিগত প্রোফাইলিংয়ের ভিত্তিতে আসাম থেকে শত শত মানুষকে জোরপূর্বক সীমান্তে ঠেলে দেওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের অধিবাসীদের মধ্যে এই আতঙ্ক আরও প্রকট হয়েছে। অনেক তরুণ, যাদের জন্ম ও বেড়ে ওঠা ভারতেই কিন্তু বৈধ কাগজপত্র নেই, তারা ওপারে গিয়ে নিজেদের অস্তিত্ব প্রমাণ করা নিয়ে গভীর সংকটে পড়েছেন।
সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, রাতের আঁধারে দীর্ঘ নদীপথ ব্যবহার করে মানুষের এই পারাপারের চেষ্টা ঠেকানো বর্তমানে তাদের জন্য অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
রাজধানীর নির্দিষ্ট কিছু এলাকার সড়কে কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া এই দুই কর্মকর্তা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের (জোন-৫) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. সাদেকুর রহমান (উপসচিব) এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (জোন-১) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মুস্তানজির (উপসচিব)।
শুক্রবার দুপুর ২টার দিকে প্রধানমন্ত্রী নিজেই চালকের আসনে বসে রাজধানীর বিভিন্ন সড়কের বর্জ্য ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষণে বের হন। গুলশানের বাসভবন থেকে শুরু করে তিনি রামপুরা, মালিবাগ ও বাসাবো হয়ে কমলাপুর এলাকার দিকে এগিয়ে যান। এরপর প্রধানমন্ত্রীর গাড়িটি সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাই খাল ও নারিন্দা হয়ে বংশাল, গুলিস্তান, শাহবাগ ও নিউ মার্কেট এলাকা প্রদক্ষিণ করে। সেখান থেকে তিনি জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মহাখালী সড়কের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে দেখতে বেরিয়েছিলেন। পরিদর্শনকালে বেশ কিছু স্থানে বর্জ্য পরিষ্কার না হওয়ায় তিনি গভীর অসন্তোষ প্রকাশ করেন। বিশেষ করে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট এবং কারওয়ান বাজার এলাকায় রাস্তায় ময়লার স্তূপ দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ দেন।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, অভিযুক্ত কর্মকর্তাদের সাময়িকভাবে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং পেশাগত দায়িত্ব পালনে গাফিলতির দায়ে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণের আদেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই পরিদর্শনের বিষয়ে তথ্য দিয়ে জানান যে, ঢাকা পরিভ্রমণের সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গাড়িতে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম।
পবিত্র ঈদুল আজহা পরবর্তী সময়ে রাজধানী ঢাকার পশুবর্জ্য পরিষ্কার কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে প্রত্যক্ষ করতে রাজপথে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে মহানগরের বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনার প্রকৃত অবস্থা পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি এই পরিদর্শনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ প্রক্রিয়া ঠিকঠাক ও ভালোভাবে হচ্ছে কি না, তা দেখতেই মূলত প্রধানমন্ত্রী আজ রাস্তায় বেরিয়েছেন। তিনি নিজেই নিজের গাড়ি ড্রাইভ করে ঢাকার বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করছেন।’
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সাধারণ নাগরিকের মতো প্রচলিত ট্রাফিক আইন ও সংকেত মেনে গাড়ি চালিয়েছেন বলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফরের পথপরিক্রমা ছিল অত্যন্ত বিস্তৃত। তাঁর গাড়িটি গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে গুলশান-১ নম্বর মোড় হয়ে হাতিরঝিল, রামপুরা, মালিবাগের আবুল হোটেল এবং তালতলা মার্কেট হয়ে বাসাবো ও কমলাপুর এলাকা অতিক্রম করে। এরপর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক ও দয়াগঞ্জ হয়ে তিনি পুরান ঢাকার নারিন্দা ও রায়সাহেব বাজার এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সেখান থেকে আদালত সড়ক, নয়াবাজার ও বংশাল হয়ে তাঁর গাড়িটি গুলিস্তান, শাহবাগ, এলিফ্যান্ট রোড ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা দিয়ে নিউ মার্কেট ও সায়েন্স ল্যাবরেটরির দিকে অগ্রসর হয়। যাত্রাপথে তিনি কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজের সামনে দিয়ে সীমান্ত স্কয়ার ও জিগাতলা হয়ে ধানমন্ডি সাত মসজিদ রোড ও ২৭ নম্বর সড়কের বর্জ্য অপসারণের কাজও গভীরভাবে পর্যবেক্ষণ করেন। এরপর মানিক মিয়া এভিনিউ হয়ে পান্থপথ, ফার্মগেট ও বিজয় সরণি দিয়ে মহাখালী এলাকার সার্বিক পরিস্থিতিও প্রধানমন্ত্রীর পরিদর্শন করার কথা রয়েছে। রাজধানীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কার্যক্রমের তদারকি করতেই তাঁর এই আকস্মিক পরিদর্শন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এম. মুনির-উজ-জামান, ১৯৫৮ ব্যাচের প্রাক্তন সিএসপি এবং বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও রাষ্ট্রদূত, গতকাল ১০ই জিলহজ, ২৮শে মে, দুপুর ২:০০ ঘটিকায় বার্ধক্যজনিত জটিলতায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
তাঁর দুঃখজনক মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিক, কৃতি গুণী শীর্ষ আমলা, কূটনীতিক এবং মাটির এক যোগ্য সন্তানকে হারালো। দেশের আমলাতন্ত্র তাঁর জীবনব্যাপী অবদানকে সর্বদা স্মরণ করবে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের উইলিয়ামস কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দেওয়ার ক্ষেত্রে তাঁর আপসহীন অবদানের জন্য তিনি পরিচিত ছিলেন। তিনি ১৯৫৮ ব্যাচের একজন গর্বিত বাঙালি হিসেবে পাকিস্তানের তৎকালীন অভিজাত সিভিল সার্ভিসে তাঁর বর্ণাঢ্য কর্মজীবন শুরু করেন। স্বাধীনতাপূর্ব বাংলাদেশে তিনি কিশোরগঞ্জের এসডিও, কুমিল্লার এডিসি, বগুড়ার ডিসি, পাকিস্তান সরকারের বৈদেশিক অর্থ বিভাগের উপ-সচিব, ইপিএসসিআইসি-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতাপরবর্তী বাংলাদেশে তিনি শীর্ষ পর্যায়ে উন্নীত হয়ে বিদ্যুৎ, পানি, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বৈদেশিক সম্পদ বিভাগ (বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) সহ অন্যান্য জাতীয় গুরুত্বপূর্ণ দপ্তরে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি বিশ্বব্যাংক গ্রুপে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কাজ করেন। পরবর্তীতে, তিনি সাবেক মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার হোয়াইট পেপার সেলের প্রধান পরামর্শক এবং সবশেষে পূর্ণ অবসরে যাওয়ার আগে ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন ব্রিটিশ বাংলার বিধানসভার প্রাক্তন বিধায়ক মরহুম এম. তোফাজ্জল হোসেন এবং যশোরের চৌগাছার কলকাতায় শিক্ষিত এক প্রখ্যাত জমিদারের জ্যেষ্ঠ পুত্র। মৃত্যুকালে তিনি তাঁর স্ত্রী, দুই পুত্র, পাঁচ নাতি-নাতনি এবং পাঁচ প্রপৌত্র -প্রপৌত্রী রেখে গেছেন।
তাঁর প্রথম জানাজার নামাজ আজ শুক্রবার, ২৯শে মে, বাদ জুম্মা গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা কেবল প্রথম দিনেই সীমাবদ্ধ থাকেনি; ধর্মীয় বিধান অনুযায়ী উৎসবের দ্বিতীয় দিনেও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে চলছে পশু কোরবানি। শুক্রবার (২৯ মে) সকালে রাজধানীর মিরপুর, বাংলামোটর ও হাতিরপুলসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক পরিবার আজ ত্যাগের এই মহান ইবাদতে শরিক হচ্ছেন। ভোর থেকেই পাড়া-মহল্লার নির্ধারিত স্থানে পশু জবাই এবং মাংস প্রস্তুত করার কাজে ব্যস্ত সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। যদিও প্রথম দিনের তুলনায় আজ পশু কোরবানির সংখ্যা অনেক কম, তবুও উৎসবের আমেজ এখনো বজায় রয়েছে।
ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ অর্থাৎ ঈদের দিন ছাড়াও ১১ এবং ১২ তারিখেও পশু কোরবানি করার সুযোগ রয়েছে। এই বিধানকে কেন্দ্র করেই মূলত অনেকে দ্বিতীয় দিনে কোরবানি দিয়ে থাকেন। আজ যারা পশু জবাই করছেন, তাদের একটি বড় অংশই কসাই সংকটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন। ঈদের প্রথম দিন কসাইদের ব্যাপক চাহিদা থাকায় এবং অতিরিক্ত মজুরি দাবির কারণে অনেক সাধারণ মানুষ বিড়ম্বনা এড়াতে এক দিন পিছিয়ে আজ কোরবানি সম্পন্ন করছেন।
মিরপুর এলাকার এক বাসিন্দা জানান, ঈদের দিন কসাই পাওয়া যেমন দুষ্কর ছিল, তেমনি যারা আসতে চেয়েছিলেন তারা সাধারণ সময়ের চেয়ে কয়েক গুণ বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন। তাই ঝক্কি এড়াতে তিনি আজ দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নেন। এছাড়া অনেক সামর্থ্যবান ব্যক্তি যারা একাধিক পশু কোরবানি করেন, তারা প্রথম দিনে বড় পশুর কাজ শেষ করে আজ বাকি কোরবানি সম্পন্ন করছেন। আবার অনেক পরিবারে বংশপরম্পরায় দ্বিতীয় দিনে কোরবানি দেওয়ার একটি পারিবারিক ঐতিহ্যও লক্ষ্য করা গেছে।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন অলিগলিতে মাংস কাটার সরঞ্জাম নিয়ে কসাই ও মৌসুমি শ্রমিকদের ব্যস্ততা দেখা গেছে। প্রথম দিনের চেয়ে আজ চাপ কম থাকায় তারা বেশ শান্তিতে কাজ করতে পারছেন বলে জানিয়েছেন। তবে মাংস প্রস্তুতের ক্ষেত্রে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দেওয়ার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বর্জ্য দ্রুত অপসারণের জন্য পরিচ্ছন্নতা কর্মীরাও মাঠে সক্রিয় রয়েছেন, যাতে কোরবানির পরবর্তী পরিবেশ বিঘ্নিত না হয়।
পরিশেষে বলা যায়, ত্যাগের এই মহিমা ছড়িয়ে পড়ছে সবখানে। কেবল শহর নয়, গ্রামগঞ্জেও আজ উৎসবমুখর পরিবেশে পশু কোরবানি হচ্ছে। যারা আজ কোরবানি দিচ্ছেন, তারা আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মাঝে মাংস বণ্টনের মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন। ধর্মীয় বিধানের এই নমনীয়তা সাধারণ মানুষকে একদিকে যেমন ইবাদত পালনে সহজতর সুযোগ করে দিয়েছে, তেমনি মাংস সংরক্ষণ ও বণ্টনের ক্ষেত্রেও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করছে। আগামীকাল শনিবারও কিছু স্থানে পশু কোরবানি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা শেষে উৎসবের দ্বিতীয় দিনেও নাড়ির টানে বাড়ি ফিরছে বিপুল সংখ্যক মানুষ। শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে ঘরমুখো মানুষের উল্লেখযোগ্য ভিড় লক্ষ্য করা গেছে। মূলত পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা বিশেষ কারণে ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি, তারা এখন শেষ মুহূর্তে নিজ গন্তব্যে রওনা দিচ্ছেন। রাজধানীর গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীর মতো প্রধান টার্মিনালগুলোতে যাত্রীদের এই আনাগোনা ছিল চোখে পড়ার মতো।
সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা গেছে, মূলত কর্মব্যস্ততা এবং ছুটির সীমাবদ্ধতার কারণে অনেক মানুষ ঈদের আগে ঢাকা ছাড়তে পারেননি। বিশেষ করে জরুরি সেবায় নিয়োজিত কর্মী এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের অনেক কর্মকর্তা-কর্মচারী ঈদের প্রথম দিনটি কর্মস্থলে কাটিয়ে এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছেন। তাদের মতে, ঈদের আগে অতিরিক্ত ভিড় ও যাতায়াতের ঝক্কি এড়াতেই অনেকে পরিকল্পিতভাবে উৎসবের দ্বিতীয় দিনে ঢাকা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আজকের এই বিলম্বিত ঈদযাত্রায় যাত্রীদের মধ্যে এক ধরনের বিশেষ স্বস্তি লক্ষ্য করা গেছে। ঢাকা থেকে বের হওয়ার পথগুলোতে এবং মহাসড়কগুলোতে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকায় কোনো দীর্ঘ যানজটের বিড়ম্বনা পোহাতে হচ্ছে না। যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ সময় জটলায় আটকে থাকার ভয় না থাকায় তারা বেশ আরামদায়কভাবে ভ্রমণ করতে পারছেন। এছাড়া অনেক পরিবার ঈদের প্রথম দিনটি রাজধানীতে নিজেদের মধ্যে সময় কাটিয়ে এখন আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে গ্রামের বাড়িতে যাচ্ছেন।
পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, নির্ধারিত বাস টার্মিনালগুলোর পাশাপাশি রাজধানীর বিভিন্ন সড়কের মোড় থেকেও অনেক যাত্রী বাসে উঠছেন। কাউন্টারগুলোতে টিকিটের জন্য আগের মতো দীর্ঘ লাইন না থাকলেও যাত্রীর সংখ্যা ছিল সন্তোষজনক। বাসগুলোও মোটামুটি সময়মতো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। যানজটমুক্ত মহাসড়ক এবং অনুকূল আবহাওয়ার কারণে এবারের দ্বিতীয় দিনের যাত্রা বেশ নির্বিঘ্ন হচ্ছে বলে মনে করছেন যাত্রী ও চালক উভয় পক্ষই।
সামগ্রিকভাবে, কোনো বড় ধরনের জটলা বা বিড়ম্বনা ছাড়াই ঘরমুখো মানুষ উৎসবের দ্বিতীয় দিনে প্রিয়জনদের সান্নিধ্যে পৌঁছানোর চেষ্টা করছেন। যারা আজ ঢাকা ছাড়ছেন, তারা আশা করছেন অন্তত ঈদের ছুটির বাকি সময়টুকু স্বজনদের সঙ্গে আনন্দময় পরিবেশে কাটাতে পারবেন। প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এখনো বিশেষ নজরদারি অব্যাহত রাখা হয়েছে, যা এই শেষ মুহূর্তের যাত্রীদের জন্য বাড়তি নিরাপত্তা নিশ্চিত করছে।
পবিত্র ঈদুল আজহার খুশির দিনে দেশের আটটি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২০ জন মানুষের অকাল মৃত্যু হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের ভয়াবহ সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট ছয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়া নাটোরে চারজন, চট্টগ্রামে তিনজন, দিনাজপুর ও পটুয়াখালীতে দুজন করে এবং টাঙ্গাইল, চাঁদপুর ও ময়মনসিংহে একজন করে নিহতের সংবাদ পাওয়া গেছে।
গোপালগঞ্জের বেদগ্রাম এলাকায় দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বাসের ভাঙা কাঁচ চারদিকে ছড়িয়ে আছে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। ঢাকা থেকে পিরোজপুর অভিমুখী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুই বন্ধু এবং একই পরিবারের দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ চালায়। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে আট বছরের এক শিশুর মৃত্যু হয়। বেপরোয়া গতি ও চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার ঘোষণা দিয়েছেন।
দিনাজপুরে প্রবল বৃষ্টির মধ্যে একটি সিএনজিচালিত অটোরিকশাকে একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত চারজনের মধ্যে দুই শিশুর মৃত্যু হয়। এছাড়া পটুয়াখালীতে দুজন এবং ময়মনসিংহে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। শোকাবহ এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট জেলাগুলোতে ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।
ইরাকে যুদ্ধকালীন সময়ে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে নিহত বাংলাদেশি রেমিট্যান্সযোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার (২৯ মে) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ। ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিহতের মরদেহ ঢাকায় পৌঁছালে প্রতিমন্ত্রী তাঁর প্রতি গভীর শোক ও সম্মান জ্ঞাপন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি, দাফন-কাফনের আনুমানিক ব্যয় নির্বাহের জন্য নিহতের স্বজনদের হাতে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের মোহাম্মদ নলি মিয়ার সন্তান। প্রায় ১০ বছর পূর্বে জীবিকার সন্ধানে তিনি ইরাকের রাজধানী বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সম্প্রতি এক অনাকাঙ্ক্ষিত মিসাইল হামলায় তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। এই অকাল মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাগদাদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ার মাধ্যমে নিহতের মরদেহ দেশে আনা হয়। গত ২৭ মে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট TK0843-এর মাধ্যমে মরদেহটি পাঠানো হয়েছিল। তুরস্কে দীর্ঘ ট্রানজিট শেষে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায় এটি। গত ২৫ মে বাগদাদস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী দাপ্তরিকভাবে মোহাম্মদ শ্রাবনের মরদেহ প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছিলেন।