রোববার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩
তারেক রহমান

এখন জনগণের ইস্যু নিয়ে কথা বলা উচিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৫ ২১:৩০

দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি পরিবর্তনের জন্য জনগণ রাজনৈতিক দলগুলোকে সমর্থন দিয়েছে বলেই স্বৈরাচার মাফিয়া বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন জনগণের ইস্যুগুলো নিয়ে কথা বলা উচিত আমাদের, এটাই রাজনীতি। আসুন জনগণের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশা নিয়ে কাজ করি।

রোববার রাজধানীর পুরানা পল্টনের ফারস হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠাকারী সব শক্তি মিলে দুই বছর আগে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছি। (ফ্যাসিবাদ) দেশে প্রথম ধ্বংস করেছে ভোটের ব্যবস্থা। দেশের সব সেক্টরকে মেরামত করতে হবে। দেশের কাঠামো মেরামতের কথা সবার আগে আমরাই বলেছিলাম।

ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়কারী ও ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। ইফতার মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।


নির্বাচিত

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।

আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।

‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে এসএমই খাতের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম ও প্রতিষ্ঠার প্রেক্ষাপট তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণয়ন করা হয়। এর ধারাবাহিকতায় ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন আব্দুন নাসের খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা ২০২৬-এ সারা দেশের ৪৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ৩৮০ জন উদ্যোক্তা অংশ নেন।


নির্বাচিত

কাজে ফিরলেও কাটেনি অসন্তোষ

* গাজীপুরে ৮০ শতাংশ কারখানায় উৎপাদন শুরু * সাভার-আশুলিয়ায় সংঘর্ষের পর ৮০ কারখানায় ছুটি * হামলা-ভাঙচুরের ২০ মামলায় পাঁচ শ্রমিক নেতাসহ গ্রেপ্তার ১০১ * মিরপুরে আগের সংঘর্ষের রেশ, নারায়ণগঞ্জে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ * মজুরি বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায় শ্রমিকেরা, কাল প্রস্তাব দেবে মালিকপক্ষ
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। শনিবার (২১ নভেম্বর) (২১ নভেম্বর) সকালে গাজীপুরে প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা থাকলেও সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কর্মবিরতি ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সন্ধ্যা নাগাদ অন্তত ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। হামলা ও কারখানা ভাঙচুরের ঘটনায় করা ২০টি মামলায় পাঁচ শ্রমিক নেতাসহ মোট ১০১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর মিরপুরেও গত কয়েক দিনের বিক্ষোভ ও সংঘর্ষের রেশ রয়েছে। অন্যদিকে নারায়ণগঞ্জের পোশাকশিল্পাঞ্চলে মজুরি আন্দোলন অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে নতুন করে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ হয়েছে।

মজুরি বোর্ডে নতুন বেতনকাঠামো নিয়ে আলোচনা চললেও শ্রমিকদের প্রত্যাশা, মালিকপক্ষের অবস্থান এবং বাস্তবায়নের সময়সীমা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফলে কোথাও শ্রমিকেরা কাজে ফিরছেন, কোথাও কর্মবিরতি চলছে, আবার কোথাও বেতন ও পাওনা পরিশোধের দাবিতে নতুন করে আন্দোলন দেখা দিচ্ছে।

সোমবার মালিকপক্ষের মজুরি প্রস্তাব দেওয়ার প্রত্যাশা: চলমান শ্রমিক অসন্তোষের মধ্যেই আগামীকাল সোমবার পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা প্রকাশ করেছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। গতকাল শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রম পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

সৈয়দ আজাদ সুবহানী বলেন, ‘২৩ তারিখের সভার কথা আগেই ঘোষণা করা হয়েছে এবং মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আশা করছি। কাউকে প্রস্তাব দিতে বাধ্য করার সুযোগ নেই। কেউ প্রস্তাব না দিলে আইন অনুযায়ী নির্ধারিত প্রক্রিয়া, সূচক ও নির্দেশক অনুসরণ করে কাজ করা হবে।’

এর আগে চেয়ারম্যানের নেতৃত্বে একটি দল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি পোশাক কারখানা পরিদর্শন করে। সেখানে শ্রমিকদের সমস্যা, দাবি, বেতন ও কর্মপরিবেশ সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

পরিদর্শন শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান জানান, নতুন মজুরি নির্ধারণের জন্য শ্রমিক ও মালিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে। শ্রমিকদের প্রত্যাশা, বর্তমান বেতন এবং তাদের আয়ের ওপর পরিবারের কতজন সদস্য নির্ভরশীল, সেসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মালিকপক্ষের সমস্যা ও সুযোগ-সুবিধাও পর্যালোচনা করা হচ্ছে।

মজুরি বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ার পর শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে স্বীকার করেন চেয়ারম্যান। তিনি বলেন, সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছিল যে মালিকপক্ষ প্রস্তাব দেওয়া থেকে পিছিয়ে যাচ্ছে অথবা মজুরি নির্ধারণের প্রক্রিয়ায় অসহযোগিতা করছে। তবে কোনো পক্ষ থেকেই বোর্ডের ওপর চাপ নেই। বৈধ কারণেই সভাগুলো স্থগিত করতে হয়েছিল।

বোর্ড গঠনের অগ্রগতি সম্পর্কে সৈয়দ আজাদ সুবহানী জানান, গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়। এর তিন দিনের মাথায়, ৪ নভেম্বর তার সভাপতিত্বে প্রথম সভা হয়। শ্রম আইন অনুযায়ী বোর্ড গঠনের পর ছয় মাসের মধ্যে মজুরি নির্ধারণের কাজ শেষ করার সুযোগ রয়েছে। সে হিসাবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় পাওয়া যাবে। তবে মালিক ও শ্রমিক উভয় পক্ষই যত দ্রুত সম্ভব মজুরি নির্ধারণের কাজ শেষ করতে একমত হয়েছেন। তাদের প্রত্যাশা, ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে।

মজুরি নির্ধারণের প্রক্রিয়া ব্যাখ্যা করে চেয়ারম্যান বলেন, এতে মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি এবং নিরপেক্ষ প্রতিনিধিদের আলাদা ও সম্মিলিত ভূমিকা রয়েছে। সবার মতামত বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানও এ বিষয়ে কাজ করছে এবং বোর্ডের কাছে প্রস্তাব পাঠাচ্ছে।

তিনি জানান, দেশে ৬১টি শ্রমিক ফেডারেশন রয়েছে। প্রতিটি সংগঠনের পক্ষ থেকে আলাদা প্রস্তাব এলে সেগুলো পর্যালোচনা করতে সময় লাগে। এটি শ্রমসাধ্য কাজ হলেও দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে বোর্ড কাজ করছে।

শ্রমিকদের কর্মপরিবেশ নিয়ে অসন্তোষের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, এ পর্যন্ত যেসব কারখানা পরিদর্শন করা হয়েছে, সেখানে কোনো শ্রমিক কাজের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি। তবে কয়েকজন শ্রমিক পরিবারের সদস্যসংখ্যা বেশি হওয়ায় আর্থিক সমস্যার কথা জানিয়েছেন। শনিবারের পরিদর্শনেও দুজন শ্রমিক তাঁদের পারিবারিক ব্যয়ের চাপের কথা তুলে ধরেছেন।

তিনি আরও বলেন, কোনো কোনো পরিবারে স্বামী-স্ত্রী দুজনই কাজ করছেন। কোথাও ভাইয়েরা কাজ করছেন, সন্তানও উপার্জন করছেন। একটি প্রতিষ্ঠানে একই পরিবারের তিনজনের মোট আয় ৭০ থেকে ৭৫ হাজার টাকা। পরিবারের সবাই কর্মক্ষম হলে এবং তাদের আয়ের ব্যবস্থা থাকলে সেটি ইতিবাচক।

চলমান আন্দোলন প্রসঙ্গে সৈয়দ আজাদ সুবহানী বলেন, শ্রমিকেরা আন্দোলন না করলে তাদের সমস্যা ও প্রয়োজনের কথা মালিকপক্ষ বা মজুরি বোর্ডের পক্ষে জানা সম্ভব হতো না। রাষ্ট্র শ্রমিকদের বৈধ আন্দোলনের অধিকার সংরক্ষণ করে। তবে আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের অধিকার কারও নেই।

তিনি শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘শ্রমিক ভাইদের প্রতি আমার অনুরোধ, তৃতীয় কোনো পক্ষের ইন্ধনে কেউ যেন বিভ্রান্ত না হন। বৈধ পন্থায় আন্দোলন করার অধিকার আপনাদের রয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে আমি আপনাদের এই অধিকারকে সম্মান করি। আপনারা ধৈর্য ধারণ করুন।’

সাভার ও আশুলিয়ার কয়েকটি এলাকায় কেন শ্রমিক অসন্তোষ হচ্ছে এবং এ ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ব্যর্থতা রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, তার দায়িত্বের পরিধি নিম্নতম মজুরি নির্ধারণের মধ্যে সীমাবদ্ধ। কোনো সংস্থা ব্যর্থ হয়েছে কি না, তা মূল্যায়ন করা তার দায়িত্ব নয়।

পোশাক খাতের গুরুত্ব তুলে ধরে চেয়ারম্যান বলেন, দেশের রপ্তানি আয়ে এ খাতের অবদান সবচেয়ে বেশি। কোনোভাবেই এই শিল্প ক্ষতিগ্রস্ত হোক, তা তারা চান না। শ্রমিকদের জন্য ভালো কিছু করা সম্ভব হলে সেই সাফল্যের ক্ষুদ্র অংশীদার হতে চান বলেও জানান তিনি।

সাভার-আশুলিয়ায় সংঘর্ষ, সন্ধ্যায় ৮০ কারখানায় ছুটি: শনিবার (২১ নভেম্বর) সকালে সাভার ও আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির অবনতি ঘটে। আশুলিয়ার জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বাইরে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। দুপুরের দিকে শ্রমিকদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় নরসিংহপুর, জিরাবো, জামগড়া ও কাঠগড়া এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশের বরাতে বলা হয়েছে, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৮০টি কারখানা শনিবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। এর বাইরে শ্রম আইনের ১৩(১) ধারায় ১১টি কারখানা বন্ধ ছিল এবং নোটিশের মাধ্যমে ছুটি ছিল আরও দুটি কারখানায়।

এর আগে বেলা ১১টার দিকে শিল্প পুলিশের হিসাবে কর্মবিরতির মুখে ছুটি ঘোষণা করা কারখানার সংখ্যা ছিল ৫০। অর্থাৎ দিনের বিভিন্ন সময়ে পরিস্থিতির অবনতির সঙ্গে ছুটির সংখ্যা বেড়েছে।

গাজীপুরে কাজে ফিরেছেন অধিকাংশ শ্রমিক: সাভার-আশুলিয়ার বিপরীতে গাজীপুর শিল্পাঞ্চলে শনিবার (২১ নভেম্বর) পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল। সকাল থেকে মহানগর ও জেলার কোথাও নতুন করে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন কিংবা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

শিল্প পুলিশের হিসাবে, জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা ছিল। ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শিববাড়ী এলাকার অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল স্বাভাবিক ছিল।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শ্রমিকেরা কাজে ফিরেছেন এবং শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে।

তবে শ্রমিকদের কাজে ফেরার পেছনে মজুরি বোর্ডের মাধ্যমে বেতন বাড়ার প্রত্যাশা কাজ করছে বলে মনে করেন শ্রমিকনেতারা। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিনের ভাষ্য, শ্রমিকেরা মনে করছেন, মজুরি বোর্ড তাদের বেতন বৃদ্ধির নিশ্চয়তা দিচ্ছে। তবে মালিকপক্ষের পক্ষ থেকে এখনো সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত প্রস্তাব আসেনি।

মিরপুরে বিক্ষোভ ও সংঘর্ষের রেশ: রাজধানীর মিরপুরেও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দফা বিক্ষোভ হয়েছে। গত ১৮ নভেম্বর মিরপুর-১৩ নম্বর এলাকার লোড স্টার ফ্যাশন ও মিড এশিয়া ফ্যাশনের শ্রমিকেরা আন্দোলনে নামেন। তাদের সঙ্গে আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরাও যোগ দেন। একপর্যায়ে প্রায় পাঁচ হাজার শ্রমিক বিক্ষোভে অংশ নেন।

ওই সময় পাশের জকি, ভিশন ও আইডিয়াস গার্মেন্টসের শ্রমিকদেরও উৎপাদন বন্ধ করে বাইরে নিয়ে আসার ঘটনা ঘটে। নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে মিরপুর-১০ ও মিরপুর-১১ এলাকায় শ্রমিকদের সড়ক অবরোধের চেষ্টাও দেখা যায়। পুলিশ ও বিজিবির উপস্থিতিতে কয়েক দফা বিক্ষোভ ছত্রভঙ্গ হয়। ২১ নভেম্বর মিরপুরে নতুন করে বড় ধরনের সংঘর্ষের নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি। তবে আগের ঘটনাগুলোর পর শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে।

নারায়ণগঞ্জে মজুরি আন্দোলন কমলেও বকেয়া বেতনে বিক্ষোভ: নারায়ণগঞ্জের ফতুল্লা, বিসিক, শিবু মার্কেট, আদমজী ইপিজেড, কাঁচপুর, সোনারগাঁ ও রূপগঞ্জের পোশাকশিল্পাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহে মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ হয়েছিল। তবে পরবর্তী সময়ে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়ে আসে।

গত ১৬ নভেম্বর শিল্প পুলিশ জানিয়েছিল, জেলার প্রায় ১ হাজার ৬৮০টি পোশাক কারখানায় প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। সেদিন দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ কারখানায় পরিস্থিতি স্বাভাবিক ছিল।

তবে শনিবার (২১ নভেম্বর) রূপগঞ্জে নতুন করে শ্রমিক বিক্ষোভ হয়েছে। এবার আন্দোলনের কারণ ন্যূনতম মজুরি নয়, বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ।

রূপগঞ্জের হাটাবো এলাকায় আম্বার রূপগঞ্জ কমপ্লেক্সের শ্রমিকেরা শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার দিকে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, গ্যাস সংকটের কারণ দেখিয়ে গত ২৩ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি লে-অফ ঘোষণা করে এবং পরে ১৯৮ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। কিন্তু তাদের তিন থেকে চার মাসের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি।

শ্রমিকেরা প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে একপর্যায়ে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে যান চলাচল ব্যাহত হয়। পরে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। প্রায় পাঁচ মিনিট সড়কে অবস্থানের পর পরিস্থিতি স্বাভাবিক হয়। কর্তৃপক্ষের সঙ্গে পাওনা পরিশোধ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে পুলিশ।

পাঁচ শ্রমিক নেতাসহ গ্রেপ্তার ১০১: এদিকে শ্রমিক অসন্তোষের মধ্যে হামলা ও কারখানা ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেপ্তারের সংখ্যা ১০১-এ দাঁড়িয়েছে। ঢাকা জেলা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮টি মামলায় ৯৬ জন এবং পৃথক দুটি মামলায় পাঁচ শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার পাঁচ শ্রমিক নেতা হলেন গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, কেন্দ্রীয় সভাপতি মোছা. সুলতানা বেগম, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী এবং জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা ইউনিটের সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম।

পুলিশের দাবি, নির্দিষ্ট মামলায় উত্থাপিত অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। শ্রমিক সংগঠনের সদস্য হওয়া কিংবা ন্যায্য মজুরির দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ঢাকা জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৯ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাভার ও আশুলিয়ায় পোশাক খাতের অস্থিরতায় পুলিশের সাতটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন ঘটনায় শিল্প পুলিশ ও ঢাকা জেলা পুলিশের প্রায় ৫০ সদস্য আহত হয়েছেন।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানিয়েছেন, তদন্তে আরও কয়েকজন শ্রমিক সংগঠনের নেতার নাম এসেছে। তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


নির্বাচিত

 ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় তাবেদার রাষ্ট্র হওয়ার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

* বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো রাষ্ট্রের দায়িত্ব * সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু * ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর
শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার এবং সশস্ত্র বাহিনী এই চেতনায় উজ্জীবিত থাকলে বাংলাদেশকে আর কেউ কখনো তাবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, সেই দেশকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করাই সরকারের অঙ্গীকার। শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সাল থেকে আজ পর্যন্ত দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় লাখো মানুষ শহীদ হয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে দুটি প্রধান কর্তব্য রয়েছে। প্রথম ও প্রধান কর্তব্য হচ্ছে, যেকোনো মূল্যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। দ্বিতীয়টি হচ্ছে, শহীদদের কাঙ্ক্ষিত একটি নিরাপদ, স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে কর্মপরিকল্পনা: বাংলাদেশকে নিরাপদ ও শক্তিশালী করতে সরকার সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, স্থলভাগের নিরাপত্তার পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও একটি আধুনিক রাষ্ট্রের জন্য অপরিহার্য।

রাষ্ট্রকে নিরাপদ ও শক্তিশালী করতে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করার পাশাপাশি সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, তিন বাহিনীর পৃথক সক্ষমতা তখনই পূর্ণতা পায়, যখন তা একটি সমন্বিত জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হয়ে ওঠে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে নতুন প্ল্যানিং গাইডেন্স প্রণয়ন করেছে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে নিরাপত্তা কৌশল প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক, প্রযুক্তিনির্ভর ও সমন্বিত কাঠামোয় রূপ নিচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ এবং মহাকাশভিত্তিক নজরদারির প্রয়োজনীয় সক্ষমতা অর্জন এসব পরিকল্পনার অংশ।

আধুনিকায়ন, প্রশিক্ষণ ও কল্যাণের সমন্বিত প্রচেষ্টার লক্ষ্য একটি সক্ষম, সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর শক্তিমত্তার অনিবার্য অঙ্গ হচ্ছে চেইন অব কমান্ড। এর পাশাপাশি সততা, দক্ষতা, শৃঙ্খলা ও জনগণের আস্থার বিকল্প নেই।

মুক্তিযোদ্ধাদের সম্মান রাষ্ট্রের দায়িত্ব: এর আগে সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য কেউ বীরশ্রেষ্ঠ, কেউ বীর উত্তম, বীর বিক্রম কিংবা বীর প্রতীক খেতাবে ভূষিত হয়েছেন। তবে এসব উপাধির চেয়েও গুরুত্বপূর্ণ হলো, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন। এক জীবনে সবার পক্ষে এমন গৌরব অর্জন সম্ভব হয় না। সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ।

অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, তাদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সৌভাগ্য অর্জন করেছেন, আবার কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তারা সবাই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সেই গৌরবের অংশীদার।

মুক্তিযুদ্ধে আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, লাখো মানুষের প্রাণের বিনিময়ে, অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং আহত ও পঙ্গুত্ববরণকারী মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি মহান মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন।

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে যেসব বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্য সম্মাননা ও সংবর্ধনা পেয়েছেন, তা মুক্তিযোদ্ধাদের প্রতি রাষ্ট্রের দায়। তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে। বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান ও সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।

নিজেকে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তিনিও গর্বিত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান নিজেও সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন উল্লেখ করে তিনি বলেন, এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়।

বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, সময়ের নিয়মে অনেক মুক্তিযোদ্ধাই আজ বয়সের ভারে ক্লান্ত। কিন্তু জীবনসায়াহ্নে এসেও তাদের চোখে স্বাধীনতার সেই দীপ্তি এখনো জ্বলজ্বল করছে।

দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা এসব জীবন্ত কিংবদন্তিকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতি বছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শিখা অনির্বাণে শ্রদ্ধা: এর আগে সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পুষ্পস্তবক অর্পণের সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে প্রধানমন্ত্রী শিখা অনির্বাণে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান।

বিকালের সেনাকুঞ্জের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে অভ্যর্থনা জানান তিন বাহিনীর প্রধান। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য শেষে প্রধানমন্ত্রী স্ত্রীকে সঙ্গে নিয়ে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।


নির্বাচিত

আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা 

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা ও অবকাঠামোগত প্রস্তুতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) স্বীকৃতি অর্জন করেছে। সংস্থাটির ১০ দিনব্যাপী জরুরি প্রস্তুতি পর্যালোচনা (ইপিআরইভি) মিশনের প্রতিবেদনে কেন্দ্রটির নিজস্ব সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ কাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টদের তথ্যমতে, কেন্দ্রটির অভ্যন্তরীণ বা অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো সুনির্দিষ্ট ঘাটতি কিংবা সংশোধনের সুপারিশ করেনি আইএইএ।

বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে গত ৮ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই পর্যালোচনা কার্যক্রম পরিচালিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএইএ বাংলাদেশের জরুরি প্রস্তুতির ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে আন্তপ্রাতিষ্ঠানিক সমন্বয় আরও সুসংহত করার পরামর্শ দিয়েছে।

মূল্যায়ন প্রতিবেদনে আইএইএর বিশেষজ্ঞ দল বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দুটি প্রধান শক্তিশালী দিক উল্লেখ করেছে। প্রথমটি হলো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় দেশের দীর্ঘদিনের অভিজ্ঞতাভিত্তিক সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা, যা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত যেকোনো জরুরি পরিস্থিতিতে সমন্বিত কার্যক্রমের শক্ত ভিত্তি হিসেবে কাজ করতে পারে। দ্বিতীয়টি হলো রূপপুর কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। বিশেষ করে কেন্দ্রের চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তবভিত্তিক প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে বিশেষজ্ঞ দল ইতিবাচকভাবে মূল্যায়ন করেছে। জরুরি প্রস্তুতি ও নিয়মিত পুনঃপ্রশিক্ষণে এসব অবকাঠামো কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

আইএইএর পর্যালোচনার ব্যাখ্যা দিয়ে গতকাল শনিবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, এই মূল্যায়ন বুঝতে হলে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনায় নিতে হবে। অন-সাইট ব্যবস্থাপনা মূলত কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের সুরক্ষার সঙ্গে যুক্ত। অন্যদিকে অফ-সাইট ব্যবস্থাপনা জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর নির্ভর করে।

ড. জাহেদুল হাসান বলেন, ‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়; কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।’

তিনি আরও জানান, আইএইএর সুপারিশের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করার মাধ্যমে জাতীয় জরুরি কাঠামোকে আরও কার্যকর করা। নিয়মিত প্রশিক্ষণ, প্রস্তুতি যাচাই এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে এনপিসিবিএল রূপপুরের সক্ষমতা আরও বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

পরমাণু বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক নিরাপত্তা চর্চায় নিয়মিত পর্যালোচনা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সক্ষমতা বাড়ানো একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং কোনো সুপারিশের অর্থ বিদ্যমান ব্যবস্থার ঘাটতি বা অকার্যকারিতা নয়। আইএইএর মূল্যায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রস্তুতি যাচাই ও সমন্বিত সাড়াদান অনুশীলনের লক্ষ্যে পূর্ণাঙ্গ জরুরি মহড়া ও মূল্যায়ন কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

পর্যালোচনা মিশনের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার জানান, আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুযায়ী পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা জোরদার করতে বাংলাদেশ দৃঢ় অঙ্গীকারের পরিচয় দিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবেরও প্রশংসা করেন তিনি।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করাই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর এই মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি করেছে। এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব সুনির্দিষ্ট করে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির এই গুরুত্বপূর্ণ সময়ে আইএইএর এই পর্যালোচনাকে রূপপুরের বিদ্যমান সক্ষমতার স্বীকৃতি এবং এর ভিত্তিতে জাতীয় সমন্বয় আরও সুসংহত করার দিকনির্দেশনা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


নির্বাচিত

হরমুজ প্রণালীতে দুই ট্যাংকারে হামলা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ইরানের নিয়ন্ত্রণে থাকা বৈশ্বিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে অন্তত দুটি ট্যাংকারে হামলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা ইউকেএমটিও ওই দুই ট্যাংকার আক্রান্ত হওয়ার তথ্য জানিয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, ওমানের খাসাব উপকূল থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালী দিয়ে বহির্মুখী যাত্রার সময় একটি ট্যাংকারের পেছনের অংশে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হেনেছে। শনিবার (২১ নভেম্বর) ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স (ইউকেএমটিও) ট্যাংকারটিতে আঘাতের তথ্য নিশ্চিত করেছে।

পরে খাসাব থেকে ১৭ নটিক্যাল মাইল পূর্বে অন্য একটি ট্যাংকারের ইঞ্জিন রুমে অজ্ঞাত প্রোজেক্টাইল আঘাত হানার তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক সংস্থা। তবে দুটি ঘটনায় একই জাহাজের কথা বলা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।

ইউকেএমটিও বলেছে, উভয় ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হামলার কারণে সেখানে পরিবেশগত কোনো সংকট তৈরি হয়েছে কি না, সেটিও জানা যায়নি। ইউকেএমটিও বলেছে, শুক্রবার খাসাবের কাছে একটি ট্যাংকারে একই ধরনের হামলার পর এসব ঘটনা ঘটছে। শুক্রবারের হামলার ঘটনায় জাহাজটিতে আগুন ধরে যায়।

খাসাব ওমানের মুসান্দাম উপদ্বীপে হরমুজ প্রণালীর প্রবেশমুখে অবস্থিত। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর আগে বিশ্বের মোট অপরিশোধিত তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হতো।

গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত ছড়িয়ে পড়ার পর ইরান জলপথটি বন্ধ করার পদক্ষেপ নেওয়ার পর থেকেই এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে।

হরমুজে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালীতে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। গত শুক্রবার দিবাগত রাতে ড্রোনটি নামানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি। আইআরজিসির বিবৃতিতের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হরমুজে মোট ৫৮টি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে এমকিউ-৯ ড্রোনটি আটকে দিয়ে ধ্বংস ও ভূপাতিত করা হয়েছে।

এমকিউ-৯ ড্রোন বা মার্কিন সমরাস্ত্র নির্মাণ কোম্পানি জেনারেল অ্যাটমিকস নির্মিত একটি অত্যাধুনিক, দীর্ঘপাল্লার ও চালকবিহীন সামরিক আকাশযান (ইউএভি)। এটির পুরো নাম জেনারেল অ্যাটমিক্স এমকিউ-৯ রিপার ড্রোন।

নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নির্ভুল হামলায় দক্ষতার জন্য এই ড্রোন মার্কিন সমরাস্ত্র ভাণ্ডারের বেশ গুরুত্বপূর্ণ সম্পদ।


নির্বাচিত

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে ঢাকার দূতাবাসের সতর্কতা

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে ভিসা বা অনুমোদিত থাকার সময়সীমা শেষ হওয়ার পরও যারা অবস্থান করবে তাদের স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা আসতে পারে। শুধু তাই নয়, দ্রুত তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়াও করবে তারা এমনটি জানিয়ে সতর্কবার্তা করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কবার্তা জানানো হয়। পোস্টে দূতাবাস জানায়, আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান করলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞাও আসতে পারে। এর আগে গত ৯ নভেম্বর মার্কিন ভিজিটর ভিসার নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার বিষয়ে আবেদনকারীদের নতুন করে সতর্ক করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেজে ওই সতর্কতা জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার বিষয়ে কনস্যুলার কর্মকর্তা নিশ্চিত না হলে তিনি আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর নিজের। দূতাবাসের বার্তায় ভিজিটর ভিসার নিয়ম মেনে চলার বিষয়ে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।


নির্বাচিত

২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, ভর্তি ১৬৭৪

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশে ডেঙ্গুর প্রভাব কোনোভাবেই কমছে না। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছেন, আবার মারাও যাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৬ জনে। শনিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারর্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৮২ জন, ঢাকা মহানগরে ৩৬২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৫ জন, খুলনা বিভাগে ২২৭ জন, রাজশাহী বিভাগে ১৪৬ জন, বরিশাল বিভাগে ১৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৩ জন এবং রংপুর বিভাগে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে সিলেট বিভাগে নতুন কোনো ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হননি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৯৫৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৬৪ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৫৭৪ জন। চলতি বছর ডেঙ্গুতে মোট ৫১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ২৬১ জনের। বিভাগটিতে ঢাকা মহানগরে ২২৭ জন এবং মহানগরের বাইরে ৩৪ জন মারা গেছেন। এছাড়া খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ৪০ জন, বরিশাল বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে।


নির্বাচিত

বেকার যুবকদের কর্মসংস্থানের বিশেষ উদ্যেগ সরকারের

গড়ে তোলা হচ্ছে বায়োগ্যাস পলি
কথা বলছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বেকারত্ব দুর করতে এবং ঢাকার বাইরে গ্রামাঞ্চলে জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সরকার বায়োগ্যাস পলি গড়ে তোলার উদ্যেগ নিয়েছে বলে জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের তত্ত্বাবধানে দেশের প্রতিটি গ্রামে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এসব প্ল্যান্টের মাধ্যমে পরিবারগুলো নিজেদের জ্বালানির চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে গ্যাস বিক্রি করে আয় করতে পারবে বলে মনে করেন প্রতিমন্ত্রী।

শনিবার (২১ নভেম্বর) সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ পরিকল্পনার কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস একটি কার্যকর সমাধান হতে পারে। এ জন্য প্রতিটি গ্রাম, পাড়া ও মহল্লায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

যুব উন্নয়ন কর্মকর্তাদের সক্রিয় তত্ত্বাবধানে প্রতিটি গ্রামে ‘বায়োগ্যাস পল্লি’ গড়ে তোলা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে যুবকদের ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করা হবে। প্রয়োজনে ঋণের পরিমাণও বাড়ানো হবে বলেও জানান প্রতিমন্ত্রী। বেকার যুবকদের দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য নির্দিষ্ট কিছু পরিকল্পনার কথা জানালেন প্রতিমন্ত্রি আমিনুল হক।

তিনি বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী চার বছরের জন্য সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেওয়া হবে। কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রতি মাসে কর্মকর্তাদের কাছ থেকে অগ্রগতির প্রতিবেদন নেওয়া হবে। কর্মদক্ষতার ভিত্তিতে সেরা কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। দেশের যুবসমাজ ও যুব সংগঠকদের একই প্ল্যাটফর্মে আনতে দ্রুত ‘যুব কাউন্সিল’ গঠন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যুব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা ও গতি বজায় রাখতে প্রতি চার মাস পরপর এ ধরনের মতবিনিময় সভা হবে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেন তিনি।

সভায় আরও বেশি বেকার যুবককে প্রশিক্ষণের আওতায় আনা, তৃণমূল পর্যায়ের যুব সংগঠকদের সক্রিয় করা এবং সময়ের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ মডিউলে নতুন নতুন ট্রেড যুক্ত করার বিষয়ে আলোচনা হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুল আলম খান। এতে অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।


নির্বাচিত

ট্রাফিক আইন লঙ্ঘন, দুই দিনে ডিএমপির ৯০০ মামলা

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে দুইদিনে ৯০০ মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ২০৩টি গাড়ি রেকার ও ২৮২টি গাড়ি ডাম্পিংও করা হয়েছে এর মধ্যে। গত বৃহস্পতিবার ও শুক্রবার এই দুই দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমটি এই অভিযান পরিচালনা করে। সঠিক কাগজপত্রসহ নানান অনিয়মের কারণে মামলা করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ট্রাফিকের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে উত্তরা বিভাগে। এ বিভাগে ৩৬০টি মামলা করা হয়েছে। এ ছাড়া ওয়ারী বিভাগে ১৮৬টি, গুলশান বিভাগে ৯৮টি, মিরপুর বিভাগে ৮৩টি, তেজগাঁও বিভাগে ৪৭টি, রমনা বিভাগে ৪৬টি, মতিঝিল বিভাগে ৪৯টি এবং লালবাগ বিভাগে ৩১টি মামলা করা হয়েছে। বিভাগভিত্তিক অভিযানে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, সিএনজি ও মোটরসাইকেলের বিরুদ্ধে এসব মামলা করা হয়। এর মধ্যে উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ১৪১টি সিএনজি ও ৭৩টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা হয়েছে। ওয়ারী বিভাগে ৫টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।


নির্বাচিত

চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের নতুন বেতন কাঠামো ঘোষণা

মজুরি বাড়ল ৪,৮০০ টাকা
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করেছে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি কর্মচারীদের সর্বনিম্ন মজুরি হয়েছে ১৪ হাজার ৪০৫ টাকা। নতুন কাঠামো অনুযায়ী, প্রতি বছর ৫ শতাংশ হারে মজুরি বাড়ানো হবে।

গত সপ্তাহে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে এ খাতের শ্রমিক ও কর্মচারীদের মজুরি নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ ছয় বছর পর নতুন মজুরিকাঠামো পেলেন তারা। নতুন কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৭ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ১১ হাজার ৯০০ টাকা হয়েছে। কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার ৫২৫ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। শিক্ষানবিশ কর্মচারীদের মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা।

ছয় গ্রেডে শ্রমিকদের মজুরি

নতুন মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য ছয়টি গ্রেড রাখা হয়েছে। সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের মাসিক মজুরি ১১ হাজার ৯০০ টাকা। এর মধ্যে মূল মজুরি ৬ হাজার, বাড়িভাড়া ৩ হাজার, চিকিৎসা ভাতা ১ হাজার, যাতায়াত ভাতা ৬০০ এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা। সব গ্রেডের শ্রমিক চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ সমান ২ হাজার ৯০০ টাকা পাবেন।

পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক মজুরি হবে ২৩ হাজার ২৫৫ টাকা।

কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা

কর্মচারীদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মাসিক মজুরি ১৪ হাজার ৪০৫ টাকা। এর মধ্যে মূল মজুরি ৭ হাজার ৬৭০ এবং বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকা। এ ছাড়া চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ তারা পাবেন ২ হাজার ৯০০ টাকা। তৃতীয় গ্রেডের কর্মচারীদের মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শিক্ষানবিশ শ্রমিকদের মাসিক মজুরি হবে ১০ হাজার টাকা। তাদের শিক্ষানবিশকাল তিন মাস। তবে প্রয়োজনে মালিকপক্ষ এ সময় বাড়াতে পারবে।

মজুরি নিয়ে শ্রমিকদের অসন্তোষ

জানা গেছে, চলতি বছরের শুরুর দিকে এ খাতের মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করা হয়। কয়েক দফা বৈঠকের পর গত আগস্টে বোর্ড নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে। আলোচনায় শ্রমিকপক্ষ প্রথমে সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল ৮ হাজার টাকা।

দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানা রয়েছে। এসব কারখানায় দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কাজ করেন। নতুন মজুরিকাঠামোয় তাদের আয় বাড়লেও বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক প্রতিনিধিরা। অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরাও ভালো নেই। সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। শ্রমিকপক্ষ শুরুতে সাড়ে ১২ হাজার টাকার প্রস্তাব না দিয়ে তুলনামূলক কম মজুরির প্রস্তাব করেছিল কেন, জানতে চাইলে তিনি বলেন, তখন দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করে কম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছিল।


নির্বাচিত

ঢাকায় এসেছে ভারতীয় প্রতিনিধিদল

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে এসেছে চার সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল। ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে তারা ঢাকায় এসেছে। শনিবার (২১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (২০ নভেম্বর) ভারতীয় প্রতিনিধিদলটি বাংলাদেশে আসে। ভারতের যৌথ নদী কমিশনের প্রধান শরদ চন্দ্র এই প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। গতকাল ২১ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-ভারত যৌথ কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশে যা চলছে, তা তাদের অভ্যন্তরীণ বিষয়: ভারত

গঙ্গা পানি চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হতে চলেছে। তবে ঢাকা সফররত ভারতীয় এই প্রতিনিধিদলের চুক্তির বর্তমান মেয়াদের বাইরে তা বাড়ানোর বিষয়ে আলোচনা করার কোনো এখতিয়ার নেই।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুক্তিটি নবায়ন করা হবে নাকি অন্তর্র্বতীকালীন সময়ের জন্য এর মেয়াদ বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উভয় দেশের রাজনৈতিক নেতৃত্বের ওপরই বর্তায়। এদিকে বাংলাদেশ জানিয়েছে, তারা বিদ্যমান চুক্তিটি সরাসরি নবায়ন করার পরিবর্তে ভারতের সঙ্গে একটি নতুন চুক্তি নিয়ে আলোচনা করতে চায়। নতুন এই চুক্তিতে শুষ্ক মৌসুমে বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার মতো সুনির্দিষ্ট ধারা অন্তর্ভুক্ত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।


নির্বাচিত

মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সম্মান এবং সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা সাহসের সঙ্গে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, ফ্যাসিবাদমুক্ত বর্তমান বাস্তবতায় সেই দেশকে বিশ্বের দরবারে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ ও বদ্ধপরিকর। শনিবার (২১ নভেম্বর) ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবে ভূষিত হওয়া গৌরবের বিষয়; তবে একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন আরও বড় বিষয়, যা এক জীবনে সবার পক্ষে অর্জন করা সম্ভব হয় না এবং সে কারণেই বীর মুক্তিযোদ্ধারা অনন্য ও অসাধারণ। অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাঁদের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কারও পরিবারের সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন; ফলে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সবাই মুক্তিযুদ্ধের গৌরবের অংশীদার।

লাখো মানুষের প্রাণ, অসংখ্য মা-বোনের সম্ভ্রম, আহত মানুষের আর্তনাদ ও পঙ্গুত্বের বিনিময়ে আজকের স্বাধীন বাংলাদেশ অর্জিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি ও সমবেদনা প্রকাশ করেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়াকে রাষ্ট্রের দায় উল্লেখ করে তিনি বলেন, তাঁদের সম্মানিত করার মধ্য দিয়ে রাষ্ট্র সেই দায় কিছুটা হলেও পূরণের চেষ্টা করেছে।

নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান উল্লেখ করে তারেক রহমান বলেন, এ অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি নিজেও গর্বিত এবং মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের যেকোনো গৌরব ও সাফল্য তাঁকেও আন্দোলিত করে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর একজন গর্বিত সদস্য ছিলেন—এটিও সশস্ত্র বাহিনীর জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের রায়ে বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, ততবারই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে; এরই অংশ হিসেবে মুক্তিযুদ্ধের গৌরবগাথা সমুন্নত রাখা ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ নিশ্চিত করতে ২০০১ সালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং ২০০২ সালে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন প্রণয়ন করা হয়েছিল, যা ছিল একটি সময়োপযোগী সিদ্ধান্ত।

বয়সের ভারে অনেক মুক্তিযোদ্ধা ক্লান্ত হয়ে পড়লেও তাঁদের চোখে স্বাধীনতার দীপ্তি এখনো জ্বলজ্বল করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জীবন্ত কিংবদন্তিদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানাতে সশস্ত্র বাহিনী বিভাগ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে আসছে, তা প্রশংসনীয়। ঐতিহাসিক সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার ও স্বাধীনতাপ্রিয় দেশবাসীর কাছে সরকারের দৃঢ়প্রতিজ্ঞ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের কল্যাণে রাষ্ট্রের সম্মান এবং সহযোগিতার ধারা অব্যাহত থাকবে।


নির্বাচিত

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা। শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানিয়েছেন। সাক্ষাৎকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের পাশাপাশি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান; এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রীর পর নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধানেরা।

প্রসঙ্গত, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ ও অভিযান জোরদার হয়েছিল। দিবসটি উপলক্ষে দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানবাহিনী ঘাঁটিতে বিশেষ কর্মসূচি পালন করা হচ্ছে।

এদিকে, দিবসটি উপলক্ষে শনিবার বিকেল ৪টায় ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের পাশাপাশি বীরশ্রেষ্ঠ ও খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তি এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের উত্তরাধিকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। অনুষ্ঠানটি গণমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।


নির্বাচিত

banner close