বাংলাদেশ পুলিশে আবারও বড় রদবদল করা হয়েছে। এতে বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১৮ পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) উপসচিব মো. মাহাবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বদলি/পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আনিছুর রহমানকে ডিএমপিতে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোছা. ফরিদা ইয়াসমিনকে ডিএমপিতে, এপিবিএন সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসান বারী নূরকে চট্টগ্রাম আরআরএফের কমান্ড্যান্ট এবং ১ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নূরুল ইসলামকে এপিবিএন সদর দপ্তরে বদলি করা হয়েছে। এছাড়া খো. ফরিদুল ইসলামকে ডিএমপি থেকে র্যাবে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এর আগে, বাংলাদেশ পুলিশের ২০ জন অতিরিক্ত ডিআইজি ও ৩১ জন পুলিশ সুপারসহ ৫৩ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়।
যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপের (All-Party Parliamentary Group—APPG) প্রতিনিধিদের সঙ্গে বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) মতবিনিময় বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপনূরুল ইসলাম মনি, এমপি।
চীফ হুইপের নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের হাউস অব কমন্সের অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব (Prime Minister’s Questions—PMQs) প্রত্যক্ষ করেন। এর আগে হাউস অব কমন্সের সদস্য শ্যারন হজসন এমপির পরিচালনায় অনুষ্ঠিত একটি বিশেষ অধিবেশনে যুক্তরাজ্যের সংসদীয় কার্যপ্রণালি, প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের কার্যক্রম এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে অবহিত হন।
পরবর্তীতে যুক্তরাজ্যের পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক APPG-এর চেয়ার ও হাউস অব কমন্সের সদস্য আপসানা বেগম এমপির সঙ্গে মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন চীফ হুইপ। সভায় যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য নাজ শাহ, শকাত আদম, বেল রিবেইরো-অ্যাডি, আইয়ুব খান, লুইস অ্যাটকিনসন ও মার্গারেট মুলেন এবং লর্ড হোসেন ও ব্যারোনেস মানজিলা উদ্দিনসহ APPG-এর অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় সম্পর্কের বিদ্যমান অবস্থান, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং দুই দেশের সংসদের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সংসদীয় কার্যক্রমের উৎকর্ষ সাধন, সংসদীয় চর্চার অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে চীফ হুইপ নূরুল ইসলাম মনি, এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষ থেকে APPG-এর চেয়ার আপসানা বেগম এমপির হাতে একটি বিশেষ স্মারক উপহার তুলে দেন।
চীফ হুইপের নেতৃত্বে এ বৈঠক বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি দুই দেশের সংসদীয় প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩ জেলায় থাকা প্রয়োজন। সামাজিক উদ্যোগের মাধ্যমে এমন অনেক সমস্যার সমাধান সম্ভব, যা শুধু আইন করে সমাধান করা যায় না।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সংগঠনটির কর্মকাণ্ডের প্রশংসা করে তারেক রহমান বলেন, আমি মনে করি, আলোকিত লালমনিরহাটের মতো একটি সংগঠন বাংলাদেশের ৬৩ জেলায় প্রয়োজন। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সব সময় সব সমস্যার সমাধান আইন করে করা সম্ভব নয়। কিন্তু সমাজে এমন অনেক সমস্যা আছে, যেগুলোর সমাধানে সামাজিকভাবে একটি সংগঠনের মাধ্যমে চেষ্টা করলে সেটা করা সম্ভব।
বিগত সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে বাংলাদেশ একটি অস্বাভাবিক অবস্থার মধ্যে ছিল। সেখানে মানুষ ভয়ের মধ্যে বাস করত। মানুষের কোনো অধিকার ছিল না। শুধু ভয়ের পরিস্থিতিই নয়, সমাজের বিভিন্ন মানী-গুণী ও সম্মানিত মুরুব্বিদেরও বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে।
তিনি বলেন, আজ এ দেশের মানুষ একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন করেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আলোকিত লালমনিরহাটের মতো সংগঠন যদি বাংলাদেশের সব জায়গায় থাকে, তাহলে সমাজের হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধ আবার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, এখানে যারা সংগঠনটির সদস্য রয়েছেন, তাদের মধ্যে সব ধর্ম-বর্ণের মানুষই রয়েছেন। হয়তো বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকা মানুষও এখানে সদস্য রয়েছেন। সবাই যদি একসঙ্গে কাজ করেন, ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, অবশ্যই পরিবর্তন আনা সম্ভব।
তিনি বলেন, মানুষের আয়-রোজগার ও ব্যবহার্য জিনিসপত্র বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, সবুজ মাঠ, বাজার-ঘাটসহ বিভিন্ন জায়গায় আবর্জনা জমছে। আবর্জনা একদিকে পরিবেশের জন্য ক্ষতিকর, অন্যদিকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চারদিকে যদি আবর্জনা থাকে, সেটি মানসিকভাবেও আমাদের অসুস্থ করে দেবে।
‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেহেতু বিভিন্ন সামাজিক কাজ করছেন, তাই পুরো জেলাকে আবর্জনামুক্ত করার উদ্যোগ নিন। একটি সুশৃঙ্খল ও পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে মানুষের পরিত্যাক্ত আবর্জনাগুলো একটি জায়গায় সংগ্রহ করুন। বাকি পুরো এলাকাকে পরিষ্কার রাখুন। এ উদ্যোগ নেওয়া হলে লালমনিরহাটকে দেশের পরিচ্ছন্নতম জেলাগুলোর একটি হিসেবে গড়ে তোলা সম্ভব।
বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যেভাবে মাদকাসক্ত মানুষকে কাউন্সেলিং করে মাদকের অভিশাপ থেকে বের করে আনার চেষ্টা করেছেন, যেভাবে পারিবারিক কোন্দল মিটিয়ে পরিবারগুলোকে মিলিয়ে দিয়েছেন, একইভাবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে কীভাবে আবর্জনা সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যায়।
তারেক রহমান বলেন, আপনারা যদি ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি মানুষকে বোঝাতে পারেন যে কেন গাছ প্রয়োজন, তাহলে গাছের সংখ্যা বৃদ্ধি পাবে।
পরিবারের প্রত্যেক সদস্যের জন্মদিনে একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, একটি পরিবারে চার-পাঁচজন সদস্য থাকলে প্রত্যেকেরই একটি জন্মদিন রয়েছে। আপনারা যদি তাদের বোঝাতে পারেন যে প্রত্যেকে প্রতিবছর নিজের জন্মদিনে একটি করে বৃক্ষরোপণ করবেন, তাহলে স্বাভাবিকভাবেই দেশে বা এই এলাকায় গাছের সংখ্যা বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, আজকে আমরা যদি একটি মূল্যবান গাছের চারা রোপণ করি, এই গাছটি বড় হয়ে একদিন আমাদের জন্য একটি মূল্যবান সম্পদে রূপান্তরিত হবে।
তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো শিশুর বয়স এক, দুই কিংবা তিন বছর হলে তার নামে ২০টি গাছ লাগানো যেতে পারে। ২০ বছর পর গাছগুলো বড় হলে প্রয়োজনে সেগুলো বিক্রি করে ওই শিশুর অর্থনৈতিক প্রয়োজন মেটানো সম্ভব হবে।
গাছের পরিবেশগত উপকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আপনার বাড়ির আশপাশে যত বেশি বড় বড় গাছ থাকবে, আপনার বাসাবাড়ি তত ঠান্ডা থাকবে। প্রকৃতির বাতাস উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, ঝড়-তুফান বা টর্নেডোর সময় বাড়ির আশপাশে বড় গাছ থাকলে সেগুলো আপনার ঘরবাড়ি রক্ষায়ও সহায়তা করতে পারে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের পাশাপাশি আল্লাহ বিভিন্ন পশুপাখি, জীবজন্তু ও পোকামাকড় সৃষ্টি করেছেন। প্রকৃতির প্রতিটি প্রাণীরই কোনো না কোনো ভূমিকা রয়েছে।
তারেক রহমান বলেন, যাদের বয়স ৩০ বছরের বেশি, তারা ৩০ বছর আগের কথা চিন্তা করে দেখুন। তখন গ্রামেগঞ্জে অনেক বেশি পাখি চোখে পড়ত। আজকে কি আগের মতো পাখি চোখে পড়ে? পড়ে না। কেন পড়ে না? আমরা গাছপালা কেটে ফেলেছি। পাখি দেখলে ধরে রান্না করে খাচ্ছি, কিংবা তাদের আঘাত করছি।
তিনি বলেন, আমরা ছোটবেলায় অনেক প্রজাপতি দেখতাম। কিন্তু এখন প্রজাপতি দেখা যায় কি না, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। গাছপালা, ফুল সব কেটে ফেলায় প্রজাপতি কমে যাচ্ছে।
পরিবেশের পরিবর্তনের সঙ্গে মানুষের অস্তিত্বের সম্পর্ক তুলে ধরে তারেক রহমান বলেন, পুরো পরিবেশটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। কিন্তু পরিবেশ যদি পরিবর্তিত হয়ে যায়, তাহলে মানুষও আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে।
তিনি বলেন, আসুন, আমরা আমাদের এলাকাটাকে সুন্দর করি, এলাকার পরিবেশটাকে রক্ষা করি। পরিবেশ রক্ষার মাধ্যমে আমরা মানুষকে রক্ষা করি। আসুন, আমাদের এলাকার সঙ্গে সঙ্গে দেশটাকেও রক্ষা করি, দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলি। শুধু এলাকা নয়, শুধু দেশ নয়, আমরা আমাদের পৃথিবীকেও রক্ষা করি।
তারেক রহমান বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে। কাজেই সৃষ্টির সেরা জীব হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর অন্য সব সৃষ্টির প্রতি যত্ন নেওয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, উপ প্রেস সচিব সুজন মাহমুদসহ বিএনপির জেলার নেতা-কর্মীরা।
বাংলাদেশ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন। বদলি-পদায়ন করা এসব কর্মকর্তাকে আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৫ নভেম্বর থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য করা হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে বিশেষ পুলিশ সুপার হিসেবে সিআইডিতে এবং একই ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে পিটিসি, রংপুরে পদায়ন করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকার ডিআইজি করা হয়েছে।
সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার করা হয়েছে। টিডিএস, ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে পিটিসি, রংপুরের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত রয়েছেন।
এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।
স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামানকে খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার কবীর আহম্মেদকেও একই ইউনিটে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, সিআইডি, ঢাকার বিশেষ পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মো. জাহিদুল ইসলামকে রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৪ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি বা পদায়ন করা কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৫ নভেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।
দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই। সঠিকভাবে ও শক্তভাবে জবাব দিই। যাতে করে তারা আর ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের নারী-পুরুষ, শিশুসহ ছাত্র-ছাত্রী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই সন্ত্রাসী গ্রুপটি জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর এই দেশকে জোর করে শাসন করেছিল।
তিনি বলেন, ১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনে ফিরে পেতে চায় না বাংলাদেশের মানুষ। যারা নিশিরাতে নির্বাচন করেছিল, আমি-ডামির নির্বাচন করেছিল, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
তারেক রহমান বলেন, ১৬ বছর ক্ষমতা দখল করে থেকেও কেন তারা তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন তারা এই এলাকায় গ্যাসলাইন আনেনি? কেন এই এলাকায় ইপিজেড স্থাপন করেনি? এই প্রশ্ন আমার ও আপনাদেরও। কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না। সেজন্যই আমরা দেখেছি, প্রতিবছর লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের টাকা বিদেশে পাচার করে তারা আরাম-আয়েশে জীবনযাপন করেছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, তারা এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি। সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে. সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদেরকে খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার, গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকার তারা আবার কেড়ে নিতে চায়। তাদেরকে কি আবার গুম-খুন, ভোটের অধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার অনুমতি আপনারা দেবেন?
প্রধানমন্ত্রী বলেন, যদি তা না হয়, তাহলে আসুন, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সকল গণতন্ত্রপ্রিয় মানুষ একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে আজ আবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
তিনি বলেন, গত কয়েকদিন দেখেছেন, ক্ষমতায় থাকতে তারা মানুষের সহায়-সম্পত্তি লুটতরাজ করেছে, মানুষকে নির্যাতন করেছে, গুম করেছে। পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুনের সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।
বাংলাদেশের মানুষ আর ভোট দখলের, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে। তারা ৬০ জন শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সকল রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।
প্রধানমন্ত্রী বলেন, লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ইনশাআল্লাহ আগামী দিনেও তারা একইভাবে সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে, গণতন্ত্রের পক্ষে থাকবে। আমরা চাই আমাদের দেশের শিল্প-কলকারখানাগুলো সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে। আমরা চাই আমাদের দেশের মানুষ যাতে সঠিকভাবে শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে। আমরা চাই আমাদের মা-বোনেরা যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। সূত্র: বাসস
লালমনিরহাট সদরের মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশন ব্যবস্থাপনা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এ তথ্য জানান।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন। এ সময় স্থানীয় পর্যায়ে জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
পরে লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশ বাহিনীর দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. তারেক সেকান্দার এবং সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার। বুধবার (১৮ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়, যা বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মো. তারেক সেকান্দার বর্তমানে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত এবং এর আগে তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বিরুদ্ধে অসদাচরণ ও দুর্নীতিপরায়ণতার অভিযোগে বিভাগীয় মামলা করা হয়েছে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তাঁকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে ও এ সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।
অপরদিকে, সহকারী পুলিশ সুপার দেব্রত সরকার বর্তমানে খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত রয়েছেন এবং এর পূর্বে তিনি রাজবাড়ীর পাংশা সার্কেলের সার্কেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। অসদাচরণের অভিযোগে গত ১৮ আগস্ট তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং ওই মামলার ভিত্তিতে তাঁকেও সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরখাস্তকালীন দেব্রত সরকারকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত রাখা হবে এবং তিনিও বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন।
তিন বছরের মধ্যে দেশের নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। অন্যের প্রযুক্তি ব্যবহার করে নয়, বরং নিজেদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজও পিছিয়ে থাকবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে পারলে তারা বৈশ্বিক উদ্ভাবনী ক্ষেত্রে বিপ্লব ঘটাতে সক্ষম হবে; যথাযথ সহযোগিতা পেলে তরুণরা আকাশও জয় করতে পারে। এ ছাড়া ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।
নতুন নতুন ভাবনা নিয়ে দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। তরুণদের মেধাকে কাজে লাগিয়ে সরকার বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় বলে উল্লেখ করেন তিনি।
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) এ নির্দেশনা দেওয়া হয় এবং এরই মধ্যে এসব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ও দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দর কর্তৃপক্ষকে সর্বোচ্চ নিরাপত্তা প্রটোকল অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথে নিরাপত্তা তল্লাশি জোরদার, ল্যান্ডসাইড এলাকায় নজরদারি বৃদ্ধি, সার্বক্ষণিক টহল বাড়ানো এবং বিমানবন্দরে প্রবেশকারী সব ধরনের যানবাহনে তল্লাশি জোরদার করতে বলা হয়েছে। পাশাপাশি দেশের যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও রাতের বেলায় টহল, নজরদারি ও পর্যবেক্ষণ অব্যাহত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বেবিচকের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ল্যান্ডসাইডের নিরাপত্তা জোরদারের লক্ষ্যে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) নির্দেশনা দেওয়া হয়েছে; তাঁদের টহল বাড়ানো, নজরদারি জোরদার এবং যানবাহন তল্লাশির বিষয়ে বলা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর থানাকেও আশপাশের এলাকাগুলোতে পুলিশের টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় এআই ক্যামেরার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। পুলিশের বিদ্যমান এআই ক্যামেরা নজরদারি কার্যক্রমের আওতায় বিমানবন্দর এলাকাতেও ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে; অন্যদিকে ল্যান্ডসাইডের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএনও নিজস্ব ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিচ্ছে।
মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাব বিপুল ভোটে গৃহীত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে ১২৮টি দেশ, বিপক্ষে ছিল ৬টি এবং ৩৩টি দেশ ভোটদানে বিরত ছিল।
এ বছরের প্রস্তাবে মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির দ্বারা রোহিঙ্গাদের ওপর সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে অবিলম্বে সহিংসতা বন্ধ, মানবিক সহায়তা নিশ্চিত এবং ন্যায়বিচার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানসহ রোহিঙ্গাদের মানবিক সহায়তায় পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করা, তাঁদের রাজনৈতিক ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন ও পুনর্বাসনের অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রস্তাবটি গৃহীত হওয়ার আগে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে জাতিসংঘে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাষ্ট্রদূত সঞ্চিতা হক দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানের জরুরি প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের ব্যাপকভাবে বাস্তুচ্যুত হওয়ার ৯ বছর পেরিয়ে গেলেও তাঁদের প্রত্যাবাসনে কোনো অর্থবহ অগ্রগতি অর্জিত হয়নি; বরং দীর্ঘায়িত এই বাস্তুচ্যুতির ফলে বাংলাদেশ ও আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীকে বহুমুখী সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ও নিরাপত্তাজনিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।
এ সময় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের আসন্ন রায়ের গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত সঞ্চিতা হক বলেন, এ রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার প্রতিষ্ঠা ও দায়বদ্ধতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করা হচ্ছে। প্রস্তাবটি বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক অংশীজনদের সম্মিলিত প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়ে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের সৃষ্টি হয়েছে মিয়ানমারে, তাই এর স্থায়ী সমাধানও খুঁজে বের করতে হবে মিয়ানমারেই।
অন্যদিকে, প্রস্তাবটিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকায় যুক্তরাষ্ট্র ভোটাভুটির আহ্বান জানিয়েছিল। ভোটের ব্যাখ্যায় দেশটি জানায়, বিভিন্ন প্রস্তাবে আইসিসির উল্লেখের বিপক্ষে তাদের একটি সাধারণ অবস্থান রয়েছে; তবে মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলে স্পষ্ট করা হয়। একই সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে ১২ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা ও মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করে যুক্তরাষ্ট্র।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সাতটি জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মোতায়েনকৃত এই বাহিনীর মধ্যে গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন, ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম জেলায় ১৫ প্লাটুন এবং গাজীপুর জেলায় ১৫ প্লাটুন বিজিবি সদস্য রয়েছেন। এ ছাড়া নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন, ফরিদপুর জেলায় ৩ প্লাটুন এবং ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে; পাশাপাশি ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, মোতায়েন হওয়া বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট রয়েছেন তাঁরা।
মাঠপর্যায়ের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের উদ্দেশ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে; এর আওতায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, সীমান্তে নিয়মিত দায়িত্বের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সচেষ্ট রয়েছেন তাঁরা।
একদিনের সফরে উত্তরের সীমান্তঘেঁষা জেলা লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে লালমনিরহাটের উদ্দেশে যাত্রা করেন তিনি। এরপর সকাল ১০ টার দিকে লালমনিরহাট পৌঁছান প্রধানমন্ত্রী।
দুপুর পৌনে ১২টায় প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন।
নির্ধারিত সফরসূচি অনুসারে, সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করার পর অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী; পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন। এরপর লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করার পাশাপাশি সেখানে স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
পরবর্তীকালে লালমনিরহাট সার্কিট হাউসে বিরতি শেষে জেলা কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। শিক্ষা, প্রযুক্তি ও স্থানীয় উন্নয়নসংক্রান্ত এসব কর্মসূচিতে অংশগ্রহণ শেষে আজ সন্ধ্যায় হেলিকপ্টারযোগে তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ অপশক্তিকে প্রতিহত করতে দলমত নির্বিশেষে সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের অষ্টম দিনে তিনি এই অনুরোধ জানান।
এর আগে সরকার দলীয় নেতা ও বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছে বলে মন্তব্য করেন স্পিকার।
সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’
তিনি আরও বলেন, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সংসদ সদস্যরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এ বিষয়ে সংসদ সদস্যদের প্রতি বিনীত অনুরোধ জানান তিনি।
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুনসন্ত্রাস রুখে দিতে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বেপরোয়া সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ দলটি নিজেরাই প্রমাণ করেছে, তারা কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার ও সংসদ যখন দেশকে স্বনির্ভর ও পুনর্গঠনের পথে এগিয়ে নিচ্ছে, তখন পতিত ও বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাস শুরু করেছে। গত কয়েক দিনের ঘটনায় দলটির পুরোনো চরিত্র আবারও প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দলটির পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতন্ত্রকামী মানুষের ঘরবাড়িতে আগুন দেওয়া এবং হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি। বিদেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের পরিবর্তে সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক রাখার মনোভাব স্পষ্ট হয়ে গেছে।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দেশের মানুষ কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য লড়াই করেনি। ফ্যাসিবাদী অপশক্তির পুনরুত্থান ঠেকাতে দল-মত নির্বিশেষে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সংসদের ভেতরে ও বাইরে থাকা গণতান্ত্রিক দলগুলোর উদ্দেশে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেওয়া ‘ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা’ স্লোগানও স্মরণ করেন।
এর আগে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের আগুনসন্ত্রাস, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা রাজনৈতিকভাবে মোকাবিলায় সংসদ সদস্যদের মাঠে সক্রিয় থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংসদের অধিবেশন শেষ হওয়ায় বৃহস্পতিবার থেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফিরে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে বলেন তিনি।
বৈঠক সূত্র জানায়, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজর রাখা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগের নির্দেশনা দেন। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর নির্ভর না করে প্রত্যেক সংসদ সদস্যকে নিজ এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা পালন করতে হবে। আওয়ামী লীগের অতীত আন্দোলন-সংগ্রামের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আগে দলটির সঙ্গে প্রশাসন ও রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো থাকলেও তারা ক্ষমতায় টিকতে পারেনি। এখন তাদের সঙ্গে কেউ নেই।
বিদেশে কর্মী পাঠাতে সিন্ডিকেটের বাধা: সংসদে প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য কামরুল হাসানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, অতীতে বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণা ও অর্থ আত্মসাতের কারণে বাংলাদেশের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়েছে। পলাতক সরকারের আমলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া স্থগিত বা কমিয়ে দিয়েছিল।
তিনি জানান, মালয়েশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে বন্ধ হয়ে যাওয়া কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করা সম্ভব হয়েছে। দেশটিতে প্রায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের প্রায় এক হাজার সদস্যকে পাঠানোর পরিকল্পনা রয়েছে। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে রাখার বিষয়েও অগ্রগতি হয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ গাড়িচালকসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।
প্রণোদনা দিয়ে বিদেশে যাওয়ার খরচ কমানোর প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অর্থের উৎস ও বাস্তবায়নপ্রক্রিয়া স্পষ্ট করা হলে সরকার বিষয়টি বিবেচনা করতে পারে। সংসদ সদস্য কামরুল হাসান অভিযোগ করেন, দালালদের প্রতারণায় অনেকে ১০ থেকে ১৫ লাখ টাকা খরচ করে ভুয়া ভিসায় বিদেশে যাচ্ছেন। দেশভিত্তিক কর্মীর চাহিদা ও অভিবাসন ব্যয় প্রকাশেরও প্রস্তাব দেন তিনি।
স্বাস্থ্যসেবায় বাড়ছে হাসপাতালের শয্যা: স্বাস্থ্য খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে যাতে বিদেশমুখী হতে না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে দেশের সব উপজেলা হাসপাতালে নতুন শয্যা সংযোজনের দরপত্র প্রক্রিয়া শুরু হবে। আগামী পাঁচ বছরে ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
তিনি জানান, সরকারি হাসপাতালে শয্যাসংকটের কারণে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে থাকতে হয়। এমন রোগীর সংখ্যা প্রায় ৪০ লাখ বলে একটি পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে। অর্থনৈতিক সংকটের মধ্যেও গত কয়েক মাসে সারাদেশে প্রায় সাড়ে তিন হাজার নতুন শয্যা যুক্ত করা হয়েছে।
ঢাকায় বসছে এআই ট্রাফিক সিগন্যাল: রাজধানীর যানজট কমাতে ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা স্থাপনের কাজ চলছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে এগুলো চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ঢাকা শহরের যানজট নিরসনে তিন মাস আগেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন সিগন্যাল চালু হলে ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত হবে এবং যানজট কমাতে সহায়তা করবে বলে আশা করছে সরকার। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান শুরু এবং ছুটির সময়ে বড় শহরগুলোতে যানজট তৈরি হলেও মানুষের চলাচল সহজ করতে সরকার কাজ করছে।
মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর চিন্তা: রাজধানীর গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে মেট্রোরেলের পাশাপাশি মনোরেল চালুর বিষয়টিও বিবেচনা করছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, কয়েকটি রুটে মেট্রোরেল চালু হয়েছে। বাকি রুটগুলোর কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি তুলনামূলক কম জায়গা ব্যবহার করে চলাচলের সুযোগ থাকায় মনোরেল চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাবে তা বেড়ে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।
ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এসব তথ্য তুলে ধরা হয়।