বর্তমানে দেশে দেখা দেওয়া তীব্র গ্যাস সংকট এবং এর প্রভাবে বিদ্যুৎ সরবরাহে তৈরি হওয়া অস্থিরতা জাতীয় অর্থনীতি, শিল্প উৎপাদন ও সাধারণ মানুষের জীবনযাত্রায় এক বড় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। পোশাক খাত, টেক্সটাইল, সিরামিক, ইস্পাত এবং ওষুধসহ বিভিন্ন প্রধান উৎপাদনমুখী শিল্পে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন সক্ষমতা অর্ধেকেরও নিচে নেমে এসেছে। অন্যদিকে, রাজধানীর একাধিক সিএনজি ফিলিং স্টেশন বন্ধ হয়ে যাওয়া এবং বাসাবাড়িতে লাইনে গ্যাস না থাকার ফলে দৈনন্দিন জীবনের স্বাভাবিক ছন্দ ব্যাহত হচ্ছে।
অবশ্য এই পরিস্থিতি সামাল দিতে সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে কারিগরি ত্রুটি মেরামত, আমদানিকৃত গ্যাসের গতি বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদে দেশীয় অনুসন্ধানের মতো সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দ্রুতগতিতে চলমান মেরামত কাজ শেষ হলে আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে স্বাভাবিক হতে শুরু করবে।
বাংলাদেশে বর্তমানে প্রাকৃতিক গ্যাসের সার্বিক চাহিদা ও জাতীয় গ্রিড থেকে সরবরাহের মধ্যে বিশাল ব্যবধান দেখা দিয়েছে। প্রতিদিন যেখানে প্রায় ৪০০ কোটি ঘনফুট গ্যাসের প্রাতিষ্ঠানিক ও শিল্প চাহিদা রয়েছে, সেখানে জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হচ্ছে গড়ে মাত্র ২৬০ থেকে ২৬৫ কোটি ঘনফুট। এই বড় ধরনের ঘাটতি একদিনে তৈরি হয়নি; বরং স্থানীয় ক্ষেত্রগুলোর স্বাভাবিক অবক্ষয় এবং অতিসম্প্রতি মহেশখালীর এলএনজি টার্মিনালে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সম্মিলিত ফল এটি।
কক্সবাজারের মহেশখালীতে পরিচালিত এক্সিলারেট এনার্জির একটি ভাসমান এলএনজি টার্মিনালে (FSRU) সম্প্রতি অগ্নিকাণ্ডের পর কারিগরি ত্রুটি দেখা দেয়। টার্মিনালটি বন্ধ রাখতে হওয়ায় সেখান থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (RLNG) সরবরাহ হঠাৎ করেই দৈনিক প্রায় ৪৫০ এমএমসিএফডি (মিলিয়ন ঘনফুট) কমে যায়। জাতীয় গ্রিডে এলএনজির এই হঠাৎ সরবরাহের অভাবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির আওতাধীন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়াসহ প্রধান প্রধান শিল্প এলাকায় মারাত্মক চাপহীনতা বা লো-প্রেশার তৈরি হয়।
পেট্রোবাংলার সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের প্রথাগত ২২টি গ্যাস ক্ষেত্রের উৎপাদন প্রাকৃতিকভাবেই দিনে দিনে কমে আসছে। ষাটের দশক থেকে এ পর্যন্ত দেশের ২৯.৭৪ টিসিএফ (ট্রিলিয়ন ঘনফুট) আবিষ্কৃত মজুতের মধ্যে ২২.১১ টিসিএফ গ্যাস ইতোপূর্বে উত্তোলন ও ব্যবহার করা হয়ে গেছে।
বর্তমানে দেশে অবশিষ্ট রিজার্ভ মাত্র ৭.৬৩ টিসিএফ। নতুন কোনো উল্লেখযোগ্য ক্ষেত্র আবিষ্কৃত না হলে এই মজুত দিয়ে বড়জোর ১২ থেকে ১৩ বছর চলা সম্ভব হবে। প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে—
তিতাস গ্যাস ক্ষেত্র: একসময় দৈনিক ৫৪ কোটি ঘনফুটের বেশি গ্যাস সরবরাহ করলেও বর্তমানে তা কমে ৩৩ কোটি ৩৫ লাখ ঘনফুটে নেমে এসেছে।
বাখরাবাদ গ্যাস ক্ষেত্র: পূর্বে দৈনিক ৪ কোটি ৩০ লাখ ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও এখন উৎপাদিত হচ্ছে মাত্র ১ কোটি ৮৬ লাখ ঘনফুট।
বিবিয়ানা গ্যাস ক্ষেত্র: যুক্তরাষ্ট্রের শেভরন পরিচালিত এই বৃহৎ ক্ষেত্রটিতে দৈনিক ১২০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হলেও তা বর্তমানে ৭৫ কোটি ৩০ লাখ ঘনফুটে সংকুচিত হয়েছে।
উৎপাদন বন্ধ ও ঝুঁকিপূর্ণ ক্ষেত্র: মজুত নিঃশেষ হয়ে যাওয়ায় ঢাকার রূপগঞ্জ ক্ষেত্রের উৎপাদন ইতোমধ্যে পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং সুন্দলপুর ক্ষেত্রের উৎপাদন যেকোনো সময় বন্ধ হওয়ার আশঙ্কায় রয়েছে।
গ্যাস সংকট ও সাথে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (REB) আওতাধীন এলাকায় দিনে ১০ থেকে ১৪ ঘণ্টার অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ বা লোডশেডিংয়ের দরুন দেশের শিল্পাঞ্চলগুলোতে স্থবিরতা দেখা দিয়েছে। শিল্পের চাকা মন্থর হয়ে পড়ায় পণ্য উৎপাদন খরচ বহুগুণ বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে দেশের বৈদেশিক বাণিজ্যে।
প্রায় ২৩ বিলিয়ন ডলারের মূলধন থাকা টেক্সটাইল ও স্পিনিং খাত দেশের তৈরি পোশাকের কাঁচামাল সরবরাহের প্রধান উৎস। আশুলিয়া, গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জের মিলগুলো প্রেশার না থাকায় ক্যাপটিভ জেনারেটর চালাতে পারছে না।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩ লাখ স্পিন্ডলবিশিষ্ট একটি স্পিনিং মিলে যেখানে প্রতিদিন গ্যাসের বিল হতো প্রায় ২০ লাখ টাকা, সেখানে কারখানা সচল রাখতে কেবল বিকল্প ডিজেল কিনতেই দিনে প্রায় ৯০ লাখ টাকা খরচ করতে হচ্ছে।
সাভারের আশুলিয়ার লিটল স্টার স্পিনিং মিলসের অনুমোদিত গ্যাসের চাপ ১০ পিএসআই (PSI) থাকার কথা থাকলেও তারা পাচ্ছে মাত্র ০.৫ থেকে ১.৫ পিএসআই। এর ফলে কারখানাটি তার মোট ক্ষমতার মাত্র ২৫ শতাংশ সচল রাখতে পারছে।
সক্ষমতা কমে যাওয়ায় উদ্যোক্তারা শ্রমিকদের মাসিক বেতন, ইউটিলিটি বিল এবং ব্যাংকের ঋণের কিস্তি পরিশোধ নিয়ে চরম চিন্তায় দিন কাটাচ্ছেন।
কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় নির্দিষ্ট সময়ে ইউরোপ ও আমেরিকার বায়ারদের কাছে পোশাকের শিপমেন্ট পাঠানো সম্ভব হচ্ছে না। বিদেশি ক্রেতারা সরবরাহকারীদের কাছে সার্বিক গ্যাস পরিস্থিতির খবরাখবর নিচ্ছেন এবং অর্ডার বাতিল বা অন্য প্রতিযোগী দেশে সরিয়ে নেওয়ার বার্তা দিচ্ছেন। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি সতর্ক করেছেন যে, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে দেশের সার্বিক রপ্তানি আদেশের একটি বড় অংশ হাতছাড়া হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।
প্রসেস ইন্ডাস্ট্রিগুলোতে গ্যাস প্রেশার ওঠানামা করলে পুরো ব্যাচের পণ্য নষ্ট হয়ে যায়।
সিরামিক: বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, সদস্যভুক্ত ৭০টি কারখানার মধ্যে ২৫টি কারখানা গ্যাসের অভাবে ইতোমধ্যে তাদের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিয়েছে।
ইস্পাত: দেশের প্রায় ৪০টি স্বয়ংক্রিয় ইস্পাত কারখানায় গ্যাসে চালিত জেনারেটরের মাধ্যমে কাজ চলে। উচ্চচাপের গ্যাস লাইনে টান পড়ায় বড় কারখানাগুলোর উৎপাদন ৩০ থেকে ৪০ শতাংশ কমে গেছে। ফার্নেস একবার বন্ধ হলে নতুন করে চালুর জন্য অতিরিক্ত সময় ও জ্বালানি অপচয় হয়।
চামড়া: বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) দেওয়া তথ্য অনুযায়ী, ট্যানারিগুলোতে চাহিদার তুলনায় মাত্র ১০ থেকে ২০ শতাংশ গ্যাস পৌঁছাচ্ছে। ফলে মাসিক উৎপাদন সক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে গিয়ে নির্ধারিত ওভারহেড কস্ট বা পরিচালন ব্যয় বেড়ে যাচ্ছে।
ফার্মাসিউটিক্যাল খাতের প্রায় ৩০০টি কারখানার অধিকাংশ ক্যাপটিভ পাওয়ার ব্যবহার করে। ঢাকার বাইরের কারখানাগুলোতে বর্তমানে দিনে গড়ে ৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুতের অপ্রতুলতা দেখা যাচ্ছে। ফলে স্বয়ংক্রিয় প্রোডাকশন লাইনে ব্যঘাত ঘটছে, যা জীবনরক্ষাকারী ওষুধ ও অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) তৈরির ওপর প্রভাব ফেলছে।
শিল্পের পাশাপাশি সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবন ও পরিবহন ব্যবস্থায় গ্যাস সংকটের প্রভাব অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে।
লাইনে গ্যাসের প্রেশার ৩ থেকে ৪ পিএসআইয়ের নিচে নেমে যাওয়ায় ঢাকার নিউমার্কেট, আজিমপুর, শাহবাগ ও ধানমন্ডি এলাকার অনেক সিএনজি ফিলিং স্টেশন সাময়িকভাবে পাম্প বন্ধ রাখতে বাধ্য হচ্ছে।
সিএনজিচালিত অটোরিকশা ও ট্যাক্সিক্যাব চালকদের প্রতিদিনের কাজ শুরুর আগেই ২ থেকে ৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।
চালকরা জানান, আগে দিনে ২ থেকে ৩ হাজার টাকা আয় করা সম্ভব হলেও সিএনজি পাম্পের দীর্ঘ সারিতে দিনের সিংহভাগ সময় নষ্ট হওয়ায় আয় কমে ১ হাজার টাকার নিচে নেমে এসেছে। অনেকে কাঙ্ক্ষিত গ্যাস না পেয়ে ট্রিপ বাতিল করতে বাধ্য হচ্ছেন।
গৃহস্থালি জীবন ও পারিবারিক বাজেট: রাজধানীর মিরপুর, মগবাজার, চানখাঁরপুলসহ বেশ কিছু আবাসিক এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের তীব্র স্বল্পচাপ থাকছে। সকালে কিংবা দুপুরে পরিবারের জন্য খাবার রান্না করা অসম্ভব হয়ে পড়ছে। ফলে নগরবাসী বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, ইনডাকশন চুলা অথবা বাজার থেকে অতিরিক্ত দামে এলপিজি (LPG) সিলিন্ডার কিনে ব্যবহার করছেন। এটি সাধারণ মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মাসিক সংসার খরচের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে।
সংকট মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি উদ্যোগ: উদ্ভূত জ্বালানি সংকটকে অত্যন্ত অগ্রাধিকারের সঙ্গে বিবেচনা করে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে নীতিগত এবং প্রকৌশলগত পর্যায়ে ব্যাপক কর্মকাণ্ড পরিচালনা করছে সরকার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনালটির মেরামতের কাজ দিনরাত দ্রুত গতিতে চালিয়ে যাওয়া হচ্ছে। প্রকৌশলীদের মতে, এই সাময়িক ত্রুটি কাটিয়ে উঠতে আগামী ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে। টার্মিনালটি পুনরায় চালু হওয়ার সাথে সাথেই জাতীয় গ্রিডে আরএলএনজি সরবরাহ স্বাভাবিক হবে এবং তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকাগুলোতে গ্যাসের চাপ কাঙ্ক্ষিত মাত্রায় ফিরে আসবে।
ব্যবসায়ীদের উদ্বেগ দূর করতে এবং শিল্প উৎপাদন সচল রাখতে সরকার সরাসরি শিল্পনেতাদের সঙ্গে আলোচনা করছে। সম্প্রতি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে মিলিত হন। প্রধানমন্ত্রী শিল্পখাতের সার্বিক গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের স্পষ্ট সদিচ্ছা প্রকাশ করেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের কৌশল নির্ধারণে বিটিএমএ নেতাদের আশ্বস্ত করেন।
আমদানির ওপর একমুখী নির্ভরতা কমিয়ে নিজস্ব উত্তোলন বাড়ানোর লক্ষ্যে বাপেক্স ও পেট্রোবাংলা বিস্তৃত অনুসন্ধান পরিকল্পনা বাস্তবায়ন করছে। ইতিপূর্বে ঘোষিত ১০০টি কূপ খননের লক্ষ্যমাত্রাকে সম্প্রসারিত করে বর্তমানে ১৫০টি কূপ খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে সাড়ে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে ৩০টি কূপ খনন করা হয়েছে, যা থেকে দৈনিক ১২ কোটি ৫৩ লাখ ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হয়েছে। এই কর্মসূচি সম্পন্ন হলে দেশীয় ক্ষেত্রগুলোর স্বাভাবিক হ্রাস কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।
ভবিষ্যতে একক টার্মিনাল দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এবং গ্যাসের ধারণক্ষমতা বাড়াতে মহেশখালীর কুতুবজোমে তৃতীয় এফএসআরইউ স্থাপনের পরিকল্পনা অনুমোদন করা হয়েছে। এটি চীন সরকারের সঙ্গে চুক্তি বা জিটুজি (G2G) কাঠামোর আওতায় ‘চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড’ (CNEE) কর্তৃক নির্মিত হবে। এই টার্মিনালটি চালু হলে দেশে গ্যাস আমদানির রিগ্যাসিফিকেশন সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।
সমুদ্রভাগে তেল-গ্যাস অনুসন্ধান: বঙ্গোপসাগরের গভীর ও অগভীর ব্লকে প্রাকৃতিক সম্পদের সন্ধানে সরকার ইতিমধ্যে আন্তর্জাতিক দরপত্র ডেকেছে। মার্কিন কোম্পানি শেভরনসহ একাধিক বহুজাতিক প্রতিষ্ঠান এতে অংশ নিতে এবং নতুন ব্লকে কূপ খনন করতে প্রস্তাব পাঠিয়েছে।
ভোলা ক্ষেত্র: বাপেক্স এর হিসাব অনুযায়ী ভোলার ক্ষেত্রে থাকা ২ থেকে ৩ টিসিএফ গ্যাস মূল ভূখণ্ডে নিয়ে আসতে পাইপলাইন নির্মাণের বিষয়ে সমীক্ষা ও পরিকল্পনা জোরদার করা হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সারা দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে। দ্বিতীয় ধাপের আমাদের কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। জেলা প্রশাসন যত দ্রুত সহযোগিতা করবে, তত দ্রুত কাজ বাস্তবায়ন হবে। তখন সারা দেশের মতো গোপালপুর, ভূঞাপুরসহ বিভিন্ন উপজেলায় মিনি স্টেডিয়াম হবে।
শনিবার (১ আগস্ট) বিকালে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে জেলা প্রশাসক গোলকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী চার হাজার ৫৯৩টি ইউনিয়নে খেলা উপযোগী মাঠ তৈরি করতে চাই। এছাড়া খেলাধুলার মাধ্যমে আমরা সুস্থ জাতি গড়ে তুলতে চাই। মোবাইল ফোনসহ বিভিন্ন আসক্তি থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে চাই। সর্বোপরি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই। খেলাধুলার মাধ্যমে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় আমূল পরিবর্তন করতে চাই।
খেলায় প্রধান অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, সংসদ সদস্য রবিউল আউয়াল লাবলু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া প্রমুখ।
খেলায় ১-০ গোলে গোপালপুর উপজেলাকে হারিয়ে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। প্রায় দুই যুগ পর টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে অন্তত লক্ষাধিক দর্শক খেলা উপভোগ করেন।
রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমানের কাছে এই দায়িত্ব ন্যস্ত করা হয়।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের এ তথ্য জানান। স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও একই কথা জানান।
তারেক রহমানের সভাপতিত্বে দেড় ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত হওয়া এই বৈঠকে মির্জা ফখরুল, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয় ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির সাংগঠনিক কার্যক্রমের বিষয়েও আলোচনা হয়।
আমাদের কারিগরি কমিটি ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। কীভাবে দ্রুততার সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যায়, তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, ‘আমার বিশ্বাস অন্তত পাইলট প্রকল্প হিসেবে হলেও এ বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো। এর মাধ্যমে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও চাওয়া-পাওয়ার পূর্ণ প্রতিফলন ঘটবে।’
শনিবার (১ আগস্ট) বিকেলে নীলফামারীর ডিমলা উপজেলায় বুড়ি তিস্তা সেচ প্রকল্প এবং তিস্তার নদী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘বুড়ি তিস্তা পূর্নখননে বিগত সরকার ১৩০ কোটি টাকা দিয়ে পাঁচটি গ্রুপে কাজটা শুরু করতে চেয়েছিল। কিন্তু বিভিন্ন জটিলতায় তা আলোর মুখ দেখেনি। চলতি মাসের মাঝামাঝি সময়ে আমরা ভুক্তভোগী মানুষ ও কর্মকর্তাদের সঙ্গে বসে মামলা প্রত্যাহারসহ বুড়িতিস্তার এই সমস্যার সমাধান করব।’
এছাড়াও তিস্তা নদী তীরবর্তী ডিমলার ঝুনাগাছ চাপানী এলাকার তীব্র নদী ভাঙন পরিস্থিতি দেখে দ্রুত জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সাধারণ মানুষের সম্পদ সুরক্ষায় সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘আমাদের সরকারের কমিটমেন্ট একটাই, আমরা চাই না কোনো মানুষের একটি বাড়ি, একটি ঘর বা এক ইঞ্চি জমিও নদীতে বিলীন হয়ে যাক।’
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের কৃষি, ওয়্যারহাউজিং, আইটি এবং বিভিন্ন শিল্প খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধির জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন। শনিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী বলেন, সয়াবিন, তুলা, গম ও কৃষি খাতের আধুনিকায়নে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন এই বৈঠকের বিস্তারিত তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
বৈঠকে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, বর্তমান সরকারের অধীনে বাংলাদেশে দৃশ্যমান স্থিতিশীলতা ফিরে আসছে। এর প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাংলাদেশের জন্য ট্রাভেল অ্যাডভাইজরি বা ভ্রমণ সতর্কতা শিথিল করেছে, যা মার্কিন বিনিয়োগকারীদের কাছে একটি অত্যন্ত ইতিবাচক বার্তা হিসেবে কাজ করবে। তিনি আরও জানান, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ যাচাই করতে আগামী মাসে ‘ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল’-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ঢাকা সফর করবে এবং শীঘ্রই একটি ‘ইউএস ইনভেস্টর সামিট’ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আইটি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনার সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ আগ্রহের কথা উল্লেখ করেন। এর প্রেক্ষিতে বিশেষ দূত গর বলেন, বাংলাদেশ ভবিষ্যতে ‘প্যাক্স সিলিকা’ উদ্যোগের অংশীদার হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রাখে এবং এ বিষয়ে তিনি ব্যক্তিগতভাবে উদ্যোগ নেবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) সহযোগিতা সম্প্রসারণ এবং ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন’ (ডিএফসি)-এর মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়েও বৈঠকে ইতিবাচক আলোচনা হয়েছে। সার্জিও গর আশ্বস্ত করেন যে, বাংলাদেশে এফডিএ’র পরীক্ষাকার্য পুনরায় চালু করতে তিনি প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বিশেষ দূত কক্সবাজার সফরের অভিজ্ঞতা তুলে ধরে বাংলাদেশ সরকারের মানবিক সহায়তার ভূয়সী প্রশংসা করেন। তিনি এই সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীও রোহিঙ্গাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত অর্থসহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ উভয় দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মূলত এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
রাজধানীর মিরপুর ১০ নম্বর এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তুর উপস্থিতির খবরে জনমনে তীব্র উৎকণ্ঠা তৈরি হয়েছে। এ সংবাদের পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সতর্ক অবস্থান নিয়েছে এবং ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষজ্ঞরা রহস্যময় বস্তুগুলো পরীক্ষার কাজ শুরু করেছেন। উদ্ভূত পরিস্থিতির বিষয়ে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক জানান, ‘মিরপুর ও তেজগাঁও-দুই জায়গায় একসঙ্গে বোমা পাওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি যাচাই করতে পুলিশের দল কাজ করছে।’
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানিয়েছেন, ফার্মগেট মেট্রো স্টেশনের একটি পিলারের সন্নিকটে একটি পরিত্যক্ত বস্তা পাওয়া গেছে যা থেকে সন্দেহের সৃষ্টি হয়। পরিস্থিতি বিবেচনায় সেখানে অবিলম্বে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে তলব করা হয়েছে। বর্তমানে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্যশৈনু মারমাসহ পুলিশের একটি দল সেখানে অবস্থান করছেন। বেলা ১টা ২৮ মিনিটের দিকে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক পর্যবেক্ষণ শুরু করেছে। যদিও তল্লাশি ও পরীক্ষা অব্যাহত রয়েছে, তবে ওই এলাকায় সাধারণ মানুষের চলাচল এখনো স্বাভাবিক আছে।
অন্যদিকে মিরপুর ১০ নম্বর স্টেশনের পরিস্থিতি নিয়ে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মোস্তাক সরকার গণমাধ্যমকে জানান যে, স্টেশনের নিচে একটি সন্দেহভাজন বস্তু পাওয়ার তথ্যের ভিত্তিতে সিটিটিসি সদস্যরা তদন্ত চালাচ্ছেন। এটি আসলে কোনো ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি কি না, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। জননিরাপত্তা নিশ্চিত করতে মেট্রোরেল সংলগ্ন সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি ও সতর্কতা বৃদ্ধি করা হয়েছে এবং বিশেষজ্ঞদের চূড়ান্ত মতামতের জন্য পুলিশ অপেক্ষা করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন এবং শীঘ্রই একটি প্রতিনিধি দল এ দেশে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করতে আসছেন বলে জানিয়েছেন সফররত মার্কিন বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সার্জিও গর জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে তার আলোচনা হয়েছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে তার অফিসে একটি খুব ভালো বৈঠক শেষ করেছি। যুক্তরাষ্ট্র প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দেয়।” বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির লক্ষে মার্কিন সরকার ইতোমধ্যে বাংলাদেশের জন্য ‘ট্রাভেল অ্যাডভাইজরি’ বা ভ্রমণ সতর্কতা শিথিল করেছে। এর ফলে পর্যটক এবং বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার ক্ষেত্রে নতুন উৎসাহ তৈরি হবে বলে তিনি মনে করেন।
বিশেষ দূত আরও জানান, আগামী সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কিছু শীর্ষস্থানীয় কোম্পানির একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। তারা মূলত ওষুধ শিল্পসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগের সুযোগগুলো খতিয়ে দেখবেন। সার্জিও গর তার বার্তায় নিশ্চিত করেন যে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত অবিশ্বাস্য সম্ভাবনা রয়েছে এবং তারা এই সম্পর্ককে আরও উচ্চতর ধাপে নিয়ে যেতে অত্যন্ত আগ্রহী।
উল্লেখ্য, সার্জিও গর গত ৩০ জুলাই তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসেন। সফরের প্রথম দিন তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং দ্বিতীয় দিন কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মাধ্যমে তার এই গুরুত্বপূর্ণ সফরের সমাপ্তি ঘটল।
বহু আলোচনা ও প্রতীক্ষার পর অবশেষে আগামী ৫ আগস্ট যাত্রা শুরু করতে যাচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। ৫ আগস্ট সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই জাদুঘরটির উদ্বোধন করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপংকর বিশ্বাস শনিবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রীর কাছে উদ্বোধনের সময় চেয়ে প্রস্তাব পাঠানো হলে তিনি ৫ আগস্ট সময় দিয়েছেন বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার উত্তাল গণ-আন্দোলনের মুখে তৎকালীন স্বৈরাচারী শাসনের পতন ঘটে এবং জনতা গণভবন দখল করে নেয়। সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতিবিজড়িত গণভবনকেই এখন একটি পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তর করা হয়েছে। এই জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থানের দুর্লভ আলোকচিত্র, ভিডিও ফুটেজ, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল-দস্তাবেজ এবং শহীদ ও আহতদের ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী সংরক্ষণ করা হয়েছে। এছাড়া আন্দোলনের সময় ব্যবহৃত ব্যানার, প্ল্যাকার্ড এবং গত ১৭ বছরের শাসনের বিভিন্ন নিদর্শনও এখানে স্থান পেয়েছে।
এর আগে অন্তর্বর্তী সরকারের সময় এটি চালুর উদ্যোগ নেওয়া হলেও নানা প্রতিকূলতা ও অনিয়মের অভিযোগে কার্যক্রমটি দীর্ঘায়িত হয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দ্রুত কাজ সম্পন্ন করে এটি উদ্বোধনের ঘোষণা দিল। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জুলাই গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনা এবং সংগ্রামের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এই জাদুঘরের প্রধান লক্ষ্য। উদ্বোধনের পর এটি সাধারণ মানুষের দর্শনের জন্য উন্মুক্ত করা হবে। দর্শনার্থীদের সুবিধার্থে গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের আধুনিক ব্যবস্থা রাখা হচ্ছে।
দেশে গত জুলাই মাসে নারী ও শিশু নির্যাতনের সামগ্রিক সংখ্যা কিছুটা কমলেও ধর্ষণ এবং আত্মহত্যার হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) সর্বশেষ মাসিক প্রতিবেদনে জানানো হয়েছে যে, জুন মাসের তুলনায় জুলাই মাসে ধর্ষণের ঘটনা প্রায় ৩৩ শতাংশ এবং আত্মহত্যার ঘটনা প্রায় ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। শুক্রবার সংস্থাটির সভাপতি সুলতানা কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, অপরাধের মোট সংখ্যা সামান্য হ্রাস পেলেও নির্যাতনের ধরন আরও নৃশংস ও জটিল হয়ে উঠছে।
এমএসএফ-এর সংগৃহীত তথ্যানুযায়ী, গত জুন মাসে সারা দেশে ৩২০টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা নথিভুক্ত করা হলেও জুলাই মাসে তা কমে ৩০৬টিতে দাঁড়িয়েছে। শতাংশের হিসেবে নির্যাতনের ঘটনা ৪ দশমিক ৪ শতাংশ কমলেও ধর্ষণের পরিসংখ্যান অত্যন্ত ভীতিকর। জুলাই মাসে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটেছে, যেখানে জুনে এই সংখ্যা ছিল ৬৮টি। এছাড়া যৌন হয়রানি ও নিপীড়নের ঘটনাও ২১টি থেকে বেড়ে ২২টিতে উন্নীত হয়েছে।
সবচেয়ে বড় উল্লম্ফন দেখা গেছে আত্মহত্যার ক্ষেত্রে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই মাসে ২৮ জন আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, যা জুন মাসে ছিল ১৭ জন। এক মাসের ব্যবধানে এই হার প্রায় ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সংস্থাটি মনে করছে, ধর্ষণের এই ক্রমবর্ধমান হার নারী ও শিশুদের চরম নিরাপত্তাহীনতারই বহিঃপ্রকাশ। অন্যদিকে আত্মহত্যার উচ্চ হার সামাজিক অবক্ষয়, তীব্র মানসিক চাপ এবং ন্যায়বিচার না পাওয়ার দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়ার ফলাফল হতে পারে। এছাড়া জুলাই মাসে দেশের বিভিন্ন স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ জন নবজাতক উদ্ধারের বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে, যাদের মধ্যে আটজনই ছিল মৃত। দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ও স্থানীয় মানবাধিকার কর্মীদের তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং যানবাহনের গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণের লক্ষ্যে আজ (১ আগস্ট) থেকে সকল গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস (GPS) ডিভাইস সংযোজন বাধ্যতামূলক করেছে সরকার। সরকারের নতুন এই নির্দেশনা অনুযায়ী, কোনো যানবাহনে জিপিএস সংযুক্ত এবং সচল না থাকলে সেটিকে নতুন নিবন্ধন প্রদান করা হবে না এবং বিদ্যমান যানের ফিটনেস সনদ নবায়নও করা হবে না।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গত ২৮ জুলাই এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই কড়া নির্দেশনার কথা জানায়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন একটি প্রজ্ঞাপন জারি করেছিল। সেই প্রজ্ঞাপনের আলোকেই আজ থেকে ফিটনেস বা নিবন্ধন সনদ নেওয়ার সময় জিপিএস ডিভাইসের সচলতার প্রমাণপত্র এবং সংশ্লিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে তার কার্যকারিতা বিআরটিএ কর্মকর্তাদের প্রদর্শন করতে হবে।
বিআরটিএ আরও জানিয়েছে যে, জিপিএস ডিভাইসের প্রয়োজনীয় কারিগরি স্পেসিফিকেশন সংস্থাটির ওয়েবসাইট এবং স্থানীয় কার্যালয়গুলোতে সহজলভ্য করা হয়েছে। মূলত সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর সংশ্লিষ্ট ধারার ওপর ভিত্তি করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। জিপিএস প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে রুট ব্যবস্থাপনা আরও উন্নত করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এই নতুন নিয়ম সফলভাবে বাস্তবায়নের জন্য পরিবহন মালিকসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে বিআরটিএ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর আজ শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে সকাল সাড়ে ৯টায় এই দ্বিপাক্ষিক বৈঠকটি শুরু হয়।
সার্জিও গর তার তিন দিনের সরকারি সফরের অংশ হিসেবে গত ৩০ জুলাই ঢাকা পৌঁছান। সফরের দ্বিতীয় দিনে অর্থাৎ শুক্রবার তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো সরেজমিনে পরিদর্শন করেন। সেখানে তিনি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সামগ্রিক পরিস্থিতি, চলমান মানবিক সহায়তা কার্যক্রম এবং তাদের জীবনযাত্রার বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এই সময় তিনি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের এই সফরকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন ও চলমান সংলাপের একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে আয়োজিত এই বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও আঞ্চলিক নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, স্বর্ণালঙ্কার, নিষিদ্ধ ক্রিম ও বিদেশি মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুল্ক-করসহ এসব পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের এয়ারপোর্ট এ-শিফটের কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন।
সংস্থাটি জানায়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ গ্রহণ কার্যক্রম পর্যবেক্ষণের সময় ১ নম্বর ব্যাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় তিনটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়। পরে ব্যাগগুলো তল্লাশি করে ৩৭০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। এ ছাড়া একই সময়ে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইটে আসা বিভিন্ন যাত্রীর কাছ থেকে আরও ১১১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। সব মিলিয়ে অভিযানে মোট ৪৮১ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।
কাস্টমসের হিসাবে, উদ্ধার হওয়া সিগারেটগুলোর বাজারমূল্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা। তবে প্রযোজ্য শুল্ক-কর এবং ৬২১ শতাংশ টোটাল ট্যাক্স ইনসিডেন্স যোগ করলে এর মূল্য দাঁড়ায় প্রায় ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা।
অভিযানে একই ফ্লাইটের যাত্রী মো. তাজুল ইসলামের হ্যান্ডব্যাগ তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা ৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। তার পাসপোর্ট যাচাই করে কাস্টমস জানতে পারে, তিনি চলতি বছরের ১০ জুন শুল্ক-কর পরিশোধ ছাড়াই ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার দেশে এনেছিলেন।
ব্যাগেজ বিধিমালা-২০২৫ অনুযায়ী একই বছরে নির্ধারিত সীমার অতিরিক্ত স্বর্ণালঙ্কার শুল্কমুক্তভাবে আনার সুযোগ না থাকায় নতুন করে আনা ৯৯ গ্রাম স্বর্ণালঙ্কার জব্দ করা হয়। এসব স্বর্ণালঙ্কারের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৭৪ হাজার ৫৬৫ টাকা এবং শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ছাড়া অভিযানে ১২ কেজি নিষিদ্ধ গৌরি ক্রিম জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
অন্যদিকে কলকাতা থেকে আসা বিভিন্ন যাত্রীর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ১১ লিটার বিদেশি মদ বা হুইস্কিও জব্দ করা হয়েছে। এসব মদের বাজারমূল্য প্রায় ২ লাখ ২০ হাজার টাকা। তবে ৬১০ দশমিক ৩০ শতাংশ শুল্ক-করসহ এর মোট মূল্য প্রায় ১৫ লাখ ৬২ হাজার টাকা।
কাস্টমসের হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে বিদেশি সিগারেটের মূল্য ১ কোটি ৫৬ লাখ ৫ হাজার টাকা, স্বর্ণালঙ্কারের মূল্য ৩০ লাখ টাকা, নিষিদ্ধ গৌরি ক্রিমের মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা এবং বিদেশি মদের মূল্য ১৫ লাখ ৬২ হাজার টাকা। সব মিলিয়ে শুল্ক-করসহ জব্দ করা পণ্যের মোট আনুমানিক মূল্য ২ কোটি ৪ লাখ ৭ হাজার টাকা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জব্দ করা পণ্যগুলোর বিষয়ে কাস্টমস আইন, ব্যাগেজ বিধিমালা ও অন্যান্য প্রযোজ্য আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে। একই সঙ্গে চোরাচালান, শুল্ক-কর ফাঁকি ও নিষিদ্ধ পণ্য আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। নতুন কমিটির সভাপতি করা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে। কমিটিতে প্রতিমন্ত্রী, চার সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এতে বলা হয়, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ১৩ ধারার বিধান অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত নির্বাহী কমিটি ট্রাস্ট আইন, বিধিমালা এবং ট্রাস্টি বোর্ডের অর্পিত দায়িত্ব ও নির্দেশনা বাস্তবায়ন করবে। পাশাপাশি ট্রাস্টের সার্বিক কার্যক্রম তদারকি, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ, হিসাব নিরীক্ষা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বও পালন করবে।
সরকারের আশা, নতুন এই নির্বাহী কমিটির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উন্নয়ন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।
পুনর্গঠিত কমিটির সদস্য হিসেবে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদাধিকারবলে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
ভরা মৌসুমেও দেশের নদ-নদী ও বঙ্গোপসাগরে দেখা মিলছে না কাঙ্ক্ষিত রুপালি ইলিশের। চাঁদপুরের মেঘনা, রাজবাড়ীর পদ্মা কিংবা সুন্দরবনসংলগ্ন শরণখোলা-মোরেলগঞ্জ—সর্বত্রই এখন ইলিশের তীব্র আকাল। আড়তগুলোতে বেচাকেনার উৎসবের বদলে বিরাজ করছে নিস্তব্ধতা, বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া, আর জেলেদের জালে উঠছে না কাঙ্ক্ষিত মাছ। ফলে উপকূলীয় অঞ্চলের পুরো মৎস্যনির্ভর অর্থনীতি আজ এক গভীর সংকটের মুখে পড়েছে।
উৎপাদন চিত্রে আশঙ্কাজনক ধস: মৎস্য অধিদপ্তরের জরিপ ও তথ্যানুযায়ী, দেশে ইলিশের উৎপাদনে এক উদ্বেগজনক নিম্নমুখী প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৩-২৪ অর্থবছরে যেখানে উৎপাদন ছিল ৫,২৯,৪৮৭ টন, ২০২৪-২৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৫,০০,২৮৮ টনে। অর্থাৎ বছরের ব্যবধানে উৎপাদন হ্রাস পেয়েছে প্রায় ৫.৫ শতাংশ। চলতি মৌসুমে প্রাথমিক তথ্যানুযায়ী উৎপাদন এখন পর্যন্ত ৪ লাখ টনের কাছাকাছি, যা কোনোভাবেই বিগত বছরের লক্ষ্যমাত্রা স্পর্শ করতে পারবে না বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংকটের নেপথ্যে চার কারণ: বিশেষজ্ঞ ও গবেষকদের মতে, প্রাকৃতিক বিপর্যয় এবং মানবসৃষ্ট নানা আচরণের প্রভাবেই মূলত ইলিশের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।
নদী-মোহনায় ডুবোচর ও নাব্যতা হ্রাস: পদ্মা-মেঘনাসহ প্রধান নদীগুলোতে পলি জমে বিশাল চর জেগে উঠেছে। ফলে পানির গভীরতা ও স্বাভাবিক প্রবাহ কমে যাওয়ায় ডিম ছাড়ার জন্য সাগর থেকে মিষ্টি পানিতে মা-ইলিশের অবাধ যাতায়াত বাধাগ্রস্ত হচ্ছে।
অনিয়ন্ত্রিত ট্রলিং ও অবৈধ জাল: গভীর সমুদ্রে শিল্প ট্রলারগুলো নির্ধারিত সীমার বাইরে এসে তলদেশঘেঁষে ছোট ফাঁসের জালে মা-ইলিশ ও জাটকা নিধন করছে। পাশাপাশি নদী ও মোহনায় কারেন্ট জাল, সুতি জাল, বেহুন্দি এবং ক্ষতিকর ‘চায়না দুয়ারি’ জালের অবাধ ব্যবহারে রেনু ইলিশ ধ্বংস হচ্ছে।
জলবায়ু পরিবর্তন ও প্রতিকূল আবহাওয়া: সাগরে একের পর এক লঘুচাপ ও নিম্নচাপের কারণে দীর্ঘ সময় সমুদ্র উত্তাল থাকছে, ফলে ট্রলারগুলো গভীর সাগরে যেতে পারছে না। প্রজনন মৌসুমে পর্যাপ্ত ‘ইলশা বৃষ্টি’ না হওয়া এবং পানির তাপমাত্রা বৃদ্ধির কারণে ইলিশ দিক পরিবর্তন করছে।
প্লাস্টিক ও পরিবেশ দূষণ: নদী ও সমুদ্রে ফেলে দেওয়া প্লাস্টিক ও শিল্প বর্জ্যের কারণে ইলিশের প্রজনন ক্ষেত্রের পাশাপাশি এদের প্রধান খাদ্য ‘প্ল্যাঙ্কটন’-এর উৎস ধ্বংস হচ্ছে।
বিপন্ন উপকূলীয় অর্থনীতি ও মানবেতর জেলেজীবন: উপকূলীয় অববাহিকার সামগ্রিক অর্থনীতি ও স্থানীয় মানুষের জীবন-জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইলিশের ওপর নির্ভরশীল। চাঁদপুরের মেঘনায় আষাঢ়-শ্রাবণে হাজার হাজার নৌকার সমাগম ও মণ মণ ইলিশ বেচাকেনার যে দৃশ্য থাকত, তা এখন উধাও। ট্রলারের তেলের খরচই না ওঠায় সাধারণ জেলেরা অলস সময় পার করছেন। রাজবাড়ী ও গোয়ালন্দে প্রমত্তা পদ্মা শুকিয়ে নালায় পরিণত হওয়ায় মাঝনদীতে জেগে উঠেছে বালুচর। দৈনন্দিন খরচ না ওঠায় পদ্মাপাড়ের এক-তৃতীয়াংশ জেলে পরিবার জাল গুটিয়ে ঘরে তুলে রাখছেন।
অন্যদিকে ভোলা ও পাথরঘাটার মতো উপকূলীয় সমুদ্রবন্দরগুলোতে মহাজন ও আড়তদারদের কাছ থেকে নেওয়া দাদনের বড় বোঝা চেপে বসেছে। বিগত বছরগুলোতে যেখানে ৫-১০ দিনে ৫০ থেকে ১০০ মণ মাছ পাওয়া যেত, সেখানে এখন একই সময়ে ৫ মণ মাছও মিলছে না। একটি নৌকায় দৈনিক গড় খরচ ১,০০০ টাকা হলেও মাছ বিক্রি করে মিলছে মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা। ফলে ট্রলারপ্রতি ৫ থেকে ১০ লাখ টাকার দেনার বোঝা তৈরি হয়েছে। ঋণের জালে পিষ্ট হয়ে এবং বিকল্প কর্মসংস্থান না থাকায় দেশের উপকূলীয় অঞ্চলের প্রায় ৫০ লাখ মানুষ আজ চরম অনিশ্চয়তা ও অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন।
উত্তরণের কার্যকর রূপরেখা: প্রথাগত নীতি বা কেবল সাময়িক সামাজিক সহায়তা দিয়ে এই সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। ইলিশের ঐতিহ্য ও রূপালি সম্ভাবনা ফিরিয়ে আনতে গবেষকরা কয়েকটি জরুরি পদক্ষেপের জোর দাবি জানিয়েছেন।
এগুলো হলো- সাগরে শিল্প ট্রলারগুলোর চলাচলের জন্য জিপিএস (GPS) ও স্যাটেলাইট ট্র্যাকিং বাধ্যতামূলক করা এবং নির্দিষ্ট সীমার নিচে ট্রলিং সম্পূর্ণ নিষিদ্ধ করা। মা-ইলিশের অবাধ যাতায়াত নিশ্চিত করতে ইলিশের প্রজনন পথ ও নদীর মোহনা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে ক্যাপিটাল ড্রেজিং নিশ্চিত করা। চায়না দুয়ারি ও বেহুন্দি জালের কারখানা এবং পাইকারি বাজারে সরাসরি অভিযান চালিয়ে বাজারে এগুলোর সরবরাহ বন্ধ করা। বঙ্গোপসাগরীয় অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর (যেমন: ভারত ও মিয়ানমার) সাথে সমন্বিতভাবে ইলিশ সংরক্ষণ ও নিষিদ্ধকালীন সময়সূচি সামঞ্জস্যপূর্ণ করা। নদীর মোহনায় প্লাস্টিক ও শিল্প বর্জ্য ফেলার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা এবং সংকটকালীন সময়ে প্রকৃত জেলেদের কাছে দুর্নীতিমুক্তভাবে খাদ্য সহায়তা নিশ্চিত করা।
ইলিশ প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ এ প্রসঙ্গে বলেছেন, ‘বর্তমানে সবচেয়ে জরুরি বিষয় হলো ট্রলিং বোট নিয়ন্ত্রণ। এসব ট্রলারের ৪০ মিটারের বেশি গভীরতায় মাছ ধরার কথা থাকলেও অনেক সময় তারা কম গভীরতায় চলে আসে। সেখানে ছোট মাছ ও জাটকা বেশি থাকায় বিপুল ক্ষতি হচ্ছে।’ তিনি বলেন, ‘কয়েক বছর ধরে সমুদ্রে অতিরিক্ত আহরণ হচ্ছে। এটি নিয়ন্ত্রণ না করলে ভবিষ্যতে উৎপাদন আরও কমবে। সংরক্ষণ কার্যক্রমের সুফল আছে। তবে আইন বাস্তবায়নে দুর্বলতা থাকলে, সেই সুফল টেকসই হয় না।’
ইলিশ গবেষক ড. আনিছুর রহমান বলেছেন, ‘কেবল স্বল্পমেয়াদি সামাজিক কর্মসূচি দিয়ে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। এ ক্ষেত্রে সরকারকে দীর্ঘমেয়াদি অর্থায়ন, বিজ্ঞানভিত্তিক গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং ইলিশের জীববিজ্ঞান, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে সমন্বিত গবেষণার ওপর গুরুত্ব দিতে হবে।’