ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের আর্থিক সংকটের মুখে পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্ত। প্রায় ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তাঁর প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকের নোটিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলস লিমিটেডের ২৬৭ কোটি ২১ লাখ ৯০ হাজার টাকার একটি মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। পরবর্তীতে দায় পরিশোধের অংশ হিসেবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অনন্ত জলিল গত ১৮ অক্টোবর ব্যাংক বরাবর ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকার একটি চেক প্রদান করেন; তবে গত ২ নভেম্বর ব্যাংক হিসাবে পর্যাপ্ত স্থিতি না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়। আগামী ৩০ দিনের মধ্যে সমুদয় অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার আওতায় আইনি ব্যবস্থা গ্রহণের চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
ব্যাংকঋণের অতিরিক্ত দেনার কারণে অনন্ত জলিলের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ১০ হাজারের বেশি শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। ব্যবসায়ী সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানগুলো সচল রাখতে দেশি-বিদেশি কৌশলগত বিনিয়োগকারী ও অংশীদার খোঁজার চেষ্টা করেছিলেন তিনি; এমনকি এ বিষয়ে একাধিক চীনা উদ্যোক্তার সঙ্গে দফায় দফায় আলোচনা হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। সংকট কাটাতে পরবর্তীতে কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হলেও তা সফলতার মুখ দেখেনি।
উৎপাদন বন্ধ থাকার পাশাপাশি পরিষেবা জটিলতায় প্রতিষ্ঠানটির সংকট আরও তীব্র হয়েছে। সম্প্রতি বকেয়া গ্যাস বিল এবং পাইপলাইনে অবৈধ গ্যাস চুরির অভিযোগে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। উল্লেখ্য, এজেআই গ্রুপ প্রতিষ্ঠার মধ্য দিয়ে তৈরি পোশাকশিল্পে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন অনন্ত। পরবর্তীতে ২০১০ সালে নিজের প্রযোজিত ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখার পর তিনি অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষাকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) করে এবি অ্যাপারেলস লিমিটেড গড়ে তোলেন।
ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল জানিয়েছেন, করোনার সময়ে কাজ বন্ধ থাকলেও কারখানা চালু রাখতে এবং শ্রমিকদের বেতন-ভাতা নিয়মিত পরিশোধ করতে তিনি প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়েছিলেন; পরবর্তীতে সেই ঋণের পুঞ্জীভূত সুদসহ দেনা বেড়ে এই বিপুল আকার ধারণ করেছে। চলচ্চিত্রে অতিরিক্ত সময় দেওয়ার কারণে ব্যবসায়িক ধস নেমেছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা মহামারি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক ও দেশীয় প্রতিকূল পরিস্থিতির প্রভাবেই তাঁর ব্যবসা এই জটিলতার মধ্যে পড়েছে। বর্তমান অচলাবস্থা কাটিয়ে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন এই ব্যবসায়ী।
শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। প্রাথমিকভাবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার জাতীয় সংসদে এক সদস্যের (এমপি) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। এর আগে পয়েন্ট অব অর্ডারে বিএনপির এমপি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘বাংলাদেশের নিম্ন আয়ের উৎপাদনশীল নাগরিক, বিশেষ করে, শ্রমজীবী জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর অভিপ্রায় ও আগ্রহের কথা আমরা শ্রমমন্ত্রীর বরাতে শুনেছি। দেশের বিভিন্ন শ্রমঘন শিল্প এলাকায় শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল প্রতিষ্ঠার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের আছে কি না, সে ব্যাপারে প্রধানমন্ত্রী দয়া করে যদি কিছু আমাদের বলেন।’
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সদস্য উকিল মানুষ, ভালো স্মার্টনেস দেখালেন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে, উনি তো থাকছেন না। যে কারণে প্রশ্নটা করে ফেলতে চাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, ইফ ইউ আর রেডি, প্লিজ উনার কোশ্চেনের উত্তরটা যদি... ধন্যবাদ।’
পরে প্রধানমন্ত্রী বলেন, এক যুগের বেশি সময় স্বৈরাচারের দুঃসহ শাসনামলে বাংলাদেশের জ্বালানিব্যবস্থাকে বিদেশনির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজসম্পদ দেশের মানুষের কাজে ব্যবহার না করে সবকিছু আমদানিনির্ভর করা হয়েছিল।
তারেক রহমান বলেন, বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে দেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। এমন সব ইচ্ছাকৃত নীতি নেওয়া হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের স্বাভাবিক বিকাশ ঘটতে পারেনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, একইভাবে স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে, গ্রামীণ মানুষের চিকিৎসাব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, সেটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন, কিছুদিন আগেই জাতীয় সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে তার উদ্বেগ তুলে ধরেছিলেন। সবকিছু বিবেচনায় নিয়ে দেখা গেছে, স্বৈরাচারের সময়ে পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। ফলে, বাংলাদেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত। দেশের প্রতি শ্রেণিপেশার মানুষের জন্য সরকার কাজ করছে। একইভাবে শ্রমিকদের চিকিৎসার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার এরই মধ্যে ১০০ বেডের করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে।
তারেক রহমান জানান, দেশের শিল্পাঞ্চল হিসেবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলো শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেবে।
ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করতে আল্লাহর কাছে তওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।
একইসঙ্গে রাষ্ট্রের মানুষ সংসদের দিকে যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা বাস্তবায়নের সক্ষমতা দানের জন্যও আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে প্রয়াত সাবেক সদস্যদের জন্য দোয়া করা হয়।
মোনাজাতে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তওফিক দিয়েছো। আবার যদি কেউ সেই ফ্যাসিস্টকে ফিরিয়ে আনার চেষ্টা করে, আমরা যেন তাকে প্রতিহত করতে পারি। এই সংসদের দিকে রাষ্ট্রের সবাই যেদিকে তাকিয়ে আছে, আমরা যেন তা বাস্তবায়ন করতে পারি।’
পুরান ঢাকা কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো স্থানান্তরের জন্য সঠিক পদক্ষেপ নেবে সরকার। সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো ধরনের জটিলতা পুনরাবৃত্তি চান না শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন ও সফল করতে সংশ্লিষ্ট সব পক্ষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’ সোমবার শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে কেমিক্যাল গোডাউন ও কারখানাগুলো মুন্সিগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্থানান্তরের বিষয়ে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিল্পমন্ত্রী বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার স্থানান্তর কার্যক্রম এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে সাভারের চামড়া শিল্পনগরীর মতো কোনো জটিলতা তৈরি না হয়। এ উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং ইউটিলিটি সেবা প্রদানকারী সংস্থাগুলোর প্রধানদের সম্পৃক্ত করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রকল্পটির প্রতি অংশীজনদের মালিকানা বোধ তৈরি করাই এর উদ্দেশ্য।’ মুন্সিগঞ্জের কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব দেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, ‘ইটিপিসংক্রান্ত সমস্যার সমাধান না করে প্রকল্পের কার্যক্রম শুরু করা যাবে না। কারখানা চালুর প্রথম দিন থেকেই বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা থাকতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্তে পৌঁছাতে হবে।’ শিল্পমন্ত্রী আরও বলেন, ‘পুরান ঢাকা থেকে শিল্পকারখানা স্থানান্তরের ক্ষেত্রে সাভারের চামড়া শিল্পনগরীর আগের তিক্ত অভিজ্ঞতার পুনরাবৃত্তি কোনোভাবেই কাম্য নয়।’ সবার সহযোগিতায় এবারের স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন, ধারাবাহিক ও সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নতুন স্থানে কেমিক্যাল গোডাউন স্থানান্তরিত হলে এ শিল্পের অগ্রযাত্রা আরও গতিশীল হবে বলেও মনে করেন তিনি।
শিল্প মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালখালী, চিত্রকোট ও কামারকান্দা মৌজায় ইছামতী নদীর তীরে ৩০৮ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ের এ প্রকল্পে ১ হাজার ৫৩১টি শিল্প প্লট বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের ৮৩ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৭ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির, বিপিএম এর সঙ্গে বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফিলিপ অং ০৯ নভেম্বর, ২০২৬, সোমবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।
সৌহার্দ্য ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ পুলিশ ও সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপাক্ষিক নিরাপত্তা ও অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আন্তঃদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর প্রণয়ন এবং ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং ও সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, বৈঠকে আধুনিক ইন্টেলিজেন্স-লেড অপারেশন, ক্রাইসিস ম্যানেজমেন্ট সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপরাধ রুখতে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
আইজিপি অপরাধ দমনে সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ ব্যক্ত করেন।
এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন মাসিক মজুরি বত্রিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে মজুরি বোর্ডের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পেশ করেছেন শ্রমিক প্রতিনিধিরা। সোমবার নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা চলাকালে শ্রমিক পক্ষের তরফ থেকে লিখিতভাবে এ দাবি উপস্থাপন করা হয় বলে বৈঠক শেষে বোর্ডের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিকদের পক্ষ থেকে সুনির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করে প্রস্তাব জমা দেওয়া হলেও কারখানা মালিকপক্ষের প্রতিনিধিরা এখনো কোনো আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করেননি বলে জানিয়েছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে তিনি জানান, নিজেদের প্রস্তাবনা লিখিতভাবে জমা দেওয়ার জন্য মালিকপক্ষের প্রতিনিধিদের আগামী চার কর্মদিবস পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
এর আগে গত ৪ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকে তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করে তা আগামী ডিসেম্বর মাস থেকেই আনুষ্ঠানিকভাবে কার্যকর করার বিষয়ে মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরাই নীতিগতভাবে একমত পোষণ করেন।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়ে তাকে কোনোভাবেই নতুন পাসপোর্ট প্রদান করা হবে না বলে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি দৃঢ়তার সাথে জানান, তাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে না; ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ফেরত আনা হবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মন্তব্য করেন, শেখ হাসিনার পক্ষ থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার বিষয়টি অত্যন্ত হাস্যকর। আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সাজাপ্রাপ্ত আসামি এবং চব্বিশের হত্যাযজ্ঞের মূল অভিযুক্ত কোনোভাবেই এ ধরনের নাগরিক সুবিধা পাওয়ার অধিকার রাখেন না। তিনি যদি বাংলাদেশে ফিরে আসতেই চান, তবে ভারতের সঙ্গে বিদ্যমান বন্দিবিনিময় চুক্তির বাধ্যবাধকতা মেনেই তাকে বিচারের মুখোমুখি হতে হবে। এ সময় শুধুমাত্র আর্থিক প্রাপ্তির স্বার্থে বিদেশের মাটিতে তার পক্ষে লবিস্ট বা আইনি প্রতিষ্ঠানগুলো দায়িত্ব নিলে তাদের পেশাগত ও নৈতিক সততা কোথায় গিয়ে দাঁড়ায়, তা নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।
তিনি আরও নিশ্চিত করেন যে, স্বাক্ষরিত বন্দিবিনিময় চুক্তির কাঠামোর আওতায় অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশের কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করার বিষয়ে নয়াদিল্লিকে অত্যন্ত পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রকাশ পায় যে, ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রী ভারতে অবস্থানকালে দেশে ফেরার লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য সোমবার দিল্লি মিশনে আইনজীবীর মাধ্যমে আনুষ্ঠানিক আবেদন পাঠিয়েছেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলা হয়েছিল। বর্তমান সরকার ভেঙে পড়া শিক্ষাব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে।
তিনি বলেন, ‘গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে। সরকার তা নতুন করে ঢেলে সাজাতে কাজ করছে।’
আজ সোমবার সকালে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক কার্যক্রম এবং আন্তর্জাতিক র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি সেসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য আসন্ন প্রস্তাবিত সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বস্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির আবেদনকে নিছক রাজনৈতিক ‘স্টান্টবাজি’ বলে আখ্যায়িত করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। সোমবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। একই সাথে তিনি জানান, শেখ হাসিনার সার্বিক বিষয়ে যাবতীয় তথ্য দেশবাসীর সামনে তুলে ধরতে মঙ্গলবার প্রসিকিউশনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।
চিফ প্রসিকিউটর উল্লেখ করেন, ভারতের নয়াদিল্লিতে বসে দেশে প্রত্যাবর্তনের এই ধরনের বার্তা প্রচার আসলে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক চমক ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, তার যদি প্রকৃত সাহস থাকত, তবে পালিয়ে না থেকে দেশে ফিরে চব্বিশের জুলাই অভ্যুত্থানে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডের আইনি বিচার প্রক্রিয়ার মুখোমুখি হওয়া প্রয়োজন ছিল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলাগুলোর হালনাগাদ অগ্রগতি সম্পর্কে মো. আমিনুল ইসলাম জানান, ২০২৪ সালের জুলাই ও আগস্টের গণহত্যা সংশ্লিষ্ট দশটি মামলার তদন্তের সারসংক্ষেপ প্রসিকিউশন টিমের হাতে এসে পৌঁছেছে। বর্তমানে প্রাপ্ত এসব নথিপত্র ও প্রমাণাদি বিশদভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এই পর্যালোচনা পর্ব সমাপ্ত হওয়ামাত্রই সংশ্লিষ্ট মামলাগুলোর আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালের বিচারিক এজলাসে দাখিল করা হবে।
তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তায় দায়িত্ব পালনকারী কর্মীদের অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সড়কগুলোর পাশে কমপক্ষে এক হাজারটি বৃক্ষ রোপণ করে ‘গ্রাম পুলিশ সামাজিক বনায়ন’ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে। গত ৮ নভেম্বর প্রেরিত এক সরকারি চিঠিতে দেশের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) এই বিশেষ নির্দেশনা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।
পরিপত্রে জানানো হয়, গত ৭ নভেম্বর জাতীয় প্যারেড স্কয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিত ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’-এ গ্রামীণ জনপদে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশ সদস্যদের সম্মানিত করতে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। নির্দেশনা মোতাবেক, দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদের আওতাধীন একটি প্রধান যোগাযোগ পথকে ‘গ্রাম পুলিশ সড়ক’ হিসেবে নামকরণ করতে হবে। একই সাথে সংশ্লিষ্ট ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের সম্পৃক্ত করে ওই রাস্তার উভয় পাশে ন্যূনতম এক হাজার চারাগাছ রোপণের মাধ্যমে সামাজিক বনায়নের আওতায় নিয়ে আসার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এই সামাজিক বনায়ন প্রকল্প থেকে ভবিষ্যতে প্রাপ্ত আয়ের ৪০ শতাংশ অর্থ সরাসরি ওই ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বণ্টন করা হবে এবং অবশিষ্ট ৬০ শতাংশ অর্থ ইউনিয়ন পর্যায়ের পরিবেশ ও প্রতিবেশের টেকসই উন্নয়ন তহবিলে বরাদ্দ রাখা হবে। মাঠপর্যায়ের প্রতিটি ইউনিয়নে দ্রুততম সময়ে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের পর স্থানীয় সরকার বিভাগকে অগ্রগতির তথ্য অবগত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তদারকির সুবিধার্থে পরিপত্রের অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং স্থানীয় সরকারের উপপরিচালকদের নিকটও প্রেরণ করা হয়েছে।
জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে মঙ্গলবার তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এই সফরের বিষয়ে নিশ্চিত করেন। পররাষ্ট্র সচিব জানান, জলবায়ু সম্মেলনের গুরুত্বপূর্ণ পর্বে অংশ নিতে দশ থেকে বারো নভেম্বর পর্যন্ত তুরস্কে সরকারি সফরে থাকবেন সরকারপ্রধান।
তুরস্কের উপকূলীয় শহর আনতালিয়ার এক্সপো সেন্টারে সোমবার থেকে জাতিসংঘের এই বৃহৎ বিশ্ব জলবায়ু সম্মেলন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আয়োজনের উচ্চপর্যায়ের অধিবেশনে আগামী এগারো ও বারো নভেম্বর অংশ নিয়ে পৃথক দুটি পর্বে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে একাধিক পার্শ্ববৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।
জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর পক্ষে এবারের সম্মেলনে পর্যাপ্ত অনুদানভিত্তিক অর্থায়নের জোরালো দাবি জানাবে বাংলাদেশ। পরিবেশের বিপর্যয় মোকাবিলায় উন্নত বিশ্ব থেকে কার্যকর ও সহজপ্রাপ্য আর্থিক ক্ষতিপূরণ এবং পরিবেশবান্ধব প্রযুক্তির হস্তান্তরের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। পরিবেশবিদদের মতে, বৈশ্বিক উষ্ণায়নের মারাত্মক প্রভাব থেকে বিশ্বকে রক্ষা করা এবং জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করার লক্ষ্যে শীর্ষ নেতাদের এই মহামিলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে বাংলাদেশের উপস্থিতি আন্তর্জাতিক মহলে বিশেষ দৃষ্টি কাড়বে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের অধীনে আয়োজিত কপ সম্মেলন বৈশ্বিক পরিবেশ কূটনীতির সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, যা আনতালিয়ায় আগামী বিশ নভেম্বর পর্যন্ত চলবে। এবারের সম্মেলনে প্যারিস চুক্তির ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোর জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতায়ন ৩৫ শতাংশে উন্নীত করা, মিথেন গ্যাস নির্গমন রোধ এবং ভবন নির্মাণ শিল্পে জ্বালানির ব্যবহার পঁচিশ শতাংশ কমিয়ে আনার মতো কৌশলগত বিষয়গুলো বিশেষ প্রাধান্য পাবে।
চব্বিশের গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির আদেশ মাথায় নিয়ে দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন করেছেন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার নজিরবিহীন অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে এটিই তার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগের ঘটনা।
রয়টার্স জানিয়েছে, সোমবার আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে এই আবেদন দাখিল করেন শেখ হাসিনা। সংশ্লিষ্ট চিঠিটি বার্তা সংস্থাটি প্রত্যক্ষ করেছে। আওয়ামী লীগ নেতাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, প্রয়োজনীয় সব আইনি ও প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিকতা নিষ্পত্তির পরই তার দেশে ফেরার নির্দিষ্ট সময়সূচি চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, চব্বিশের ছাত্র-জনতার আন্দোলন কঠোর হস্তে দমনে প্রাণঘাতী শক্তি ব্যবহারের নির্দেশ দেওয়ার দায়ে গঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। তবে ভারতে অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রী বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
প্রতিবেদন অনুসারে, ভারতের রাজধানীতে অবস্থিত বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের বরাবরে লন্ডনের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা ওই আবেদনপত্রটি প্রেরণ করেন। চিঠিতে আইনজীবীরা উল্লেখ করেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে বলে জানা গেছে। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’ এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানতে প্রীতি রহমান এবং ঢাকায় সরকারের শীর্ষ মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে বার্তা সংস্থাটি জানিয়েছে।
ক্ষমতাচ্যুতির পূর্বে দীর্ঘ সময় দেশ শাসন করা আওয়ামী লীগের কার্যক্রম রাজনৈতিক পটপরিবর্তনের পর নিষিদ্ধ ঘোষণা করা হয়। দলটির শীর্ষ পর্যায়ের বহু নেতা বর্তমানে কারাবন্দি রয়েছেন এবং অনেকেই ভারতে বা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন। প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতা সামাল দিয়ে বর্তমান প্রশাসন যখন দেশে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের এই কূটনৈতিক তৎপরতা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও তীব্র মেরুকরণের জন্ম দিতে পারে।
প্রিন্টিং মেশিন আমদানির ঘোষণা দিয়ে আনা কনটেইনারে মিলেছে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প। এতে প্রায় ৪৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা নস্যাৎ হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এনবিআর জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার যৌথ অভিযানে চালানটি শনাক্ত করা হয়। ঢাকার যমুনা ফিউচার পার্কের লেভেল-৩, ব্লক-এ, শপ নম্বর ৩ঈ০০৪অ ঠিকানায় অবস্থিত চায়না মার্ট নামের প্রতিষ্ঠানটি চালানটি আমদানি করে। গত ৯ আগস্ট চট্টগ্রাম বন্দরে পৌঁছানো চালানটিতে পণ্য হিসেবে ‘প্রিন্টিং মেশিন’ ঘোষণা দেওয়া হয়েছিল।
গত ৫ নভেম্বর সিআইসি ও চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর শাখার কর্মকর্তারা চালানটি বিস্তারিত পরীক্ষা করেন। এ সময় ঘোষিত প্রিন্টিং মেশিনের পরিবর্তে বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী ও জাল সিগারেটের স্ট্যাম্প পাওয়া যায়। তবে কনটেইনারে কোনো প্রিন্টিং মেশিন পাওয়া যায়নি। পরীক্ষায় ৪০ লাখ ৮০ হাজার পিস জাল সিগারেটের স্ট্যাম্প উদ্ধার করা হয়। এসব স্ট্যাম্প নিম্নস্তরের ২০ শলাকার সিগারেটের প্যাকেটে ব্যবহারের উপযোগী। দেশে এ ধরনের এক প্যাকেট সিগারেটের নির্ধারিত খুচরা মূল্য ১৩০ টাকা। এর বিপরীতে সরকার রাজস্ব পায় ১০৬ টাকা ৬০ পয়সা। এনবিআরের হিসাবে, উদ্ধার করা জাল স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকারের প্রায় ৪৩ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ক্ষতি হতো। এ ছাড়া কনটেইনারে পাওয়া প্রসাধনী সামগ্রী আমদানির বিপরীতে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকার রাজস্ব ফাঁকির বিষয়টি প্রাথমিকভাবে নিরূপণ করা হয়েছে। সব মিলিয়ে সম্ভাব্য রাজস্ব ক্ষতি ও ফাঁকির পরিমাণ প্রায় ৪৬ কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাল সিগারেটের স্ট্যাম্প ব্যবহার করে অবৈধভাবে সিগারেট উৎপাদন ও বাজারজাত করা হলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হয়। একই সঙ্গে বৈধ তামাকজাত পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো অসম প্রতিযোগিতার মুখে পড়ে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর। পাশাপাশি আমদানি-রপ্তানি বাণিজ্যে পণ্যের ভুল ঘোষণা, শুল্ক-কর ফাঁকি ও অবৈধ পণ্য বাজারজাতকরণ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখার কথাও জানিয়েছে সংস্থাটি।