বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ করেছে জর্ডানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি)। মর্যাদাপূর্ণ এই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘দ্য মুসলিম ৫০০’-এর ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারক রহমান। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ও দলটি রাষ্ট্রক্ষমতায় ফিরে আসে।
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের অবসান ঘটিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন সরকারের প্রধান হিসেবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ বিভাগে অন্তর্ভুক্ত হয়েছেন।
তালিকায় আছেন বাংলাদেশের প্রখ্যাত মানবাধিকারকর্মী, গবেষক এবং আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা ড. হামিদা হোসেন। নারীর অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের জন্য তিনি নিয়মিত এই তালিকায় থাকছেন।
প্রকাশনাটির তথ্যমতে, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়। তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে র্যাঙ্কিং করা হয়। বাকি ৪৫০ জনকে র্যাঙ্কিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি ভিন্ন ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়। এবারের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র্যাঙ্কিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।
সূত্র: দ্য মুসলিম ৫০০
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটির পক্ষথেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের বিনিয়োগ জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখে। এসব প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের শক্তিশালী করার পাশাপাশি এ অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায় সহায়তা করে। বাংলাদেশের এ নতুন যোগ্যতা বেসরকারি বিনিয়োগ কাজে লাগিয়ে দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে ডিএফসির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।
ডিএফসি জানিয়েছে, অর্থায়ন ও ঝুঁকি প্রশমনসংক্রান্ত বিভিন্ন সুবিধায় বাংলাদেশের প্রবেশাধিকার বাড়লে গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থায়ন সংকটে থাকা প্রকল্পগুলো এগিয়ে নেয়া সহজ হবে। এসব বিনিয়োগ গুরুত্বপূর্ণ অবকাঠামো গড়ে তোলা, কর্মসংস্থান সৃষ্টি, প্রয়োজনীয় সেবা ও সুযোগ-সুবিধায় মানুষের প্রবেশাধিকার বাড়ানো এবং স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানকে শক্তিশালী করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।
সংস্থাটি বলছে, বাণিজ্যিকভাবে লাভজনক ও উন্নয়নমুখী প্রকল্পগুলো অর্থায়নের সীমাবদ্ধতা কিংবা সম্ভাব্য ঝুঁকির কারণে বেসরকারি বিনিয়োগকারীদের অনাগ্রহের মুখে পড়তে পারে। এ ধরনের বাধা কাটিয়ে প্রকল্পগুলো বাস্তবায়নে ডিএফসির সহায়তা গুরুত্বপূর্ণ।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেন ব্ল্যাক বলেন, ‘ডিএফসির অর্থায়নের যোগ্যতা অর্জন বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও গভীর করা এবং প্রবৃদ্ধিতে অবদান রাখবে—এমন বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর একটি গুরুত্বপূর্ণ সুযোগ। গুরুত্বপূর্ণ অবকাঠামো শক্তিশালী করে এমন প্রকল্পগুলোতে সহায়তার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থ এগিয়ে নেওয়া সম্ভব।’
বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্যের প্রসারে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি এ প্রক্রিয়ায় বাংলাদেশকে সহায়তার বিষয়ে আমাদের প্রকাশ্য অঙ্গীকার। এ লক্ষ্য বাস্তবায়নে ডিএফসির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এর মাধ্যমে উভয় দেশের সমৃদ্ধি আরও বাড়বে।’
বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষের বসবাস এবং দ্রুত বর্ধনশীল কয়েকটি অর্থনীতির অবস্থান ইন্দো-প্যাসিফিক অঞ্চলে। ফলে এ অঞ্চল যুক্তরাষ্ট্রের কৌশলগত বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ডিএফসি জানিয়েছে, মুক্তবাজার অর্থনীতির নীতির ভিত্তিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়ে নেয়া এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করতে বেসরকারি পুঁজি কাজে লাগানোর পাশাপাশি এ অঞ্চলে মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর উপস্থিতি বাড়াতে সংস্থাটি কাজ করছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে আরো ১০টি খেলাধুলা যুক্ত করার উদ্যেগ নিয়েছে সরকার। শিক্ষা ক্যালেন্ডারের সাখে মিল রেখে বছরব্যাপি খেলাধুলা সংযোজন হলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ হবে বলে মনে করছে সরকার। পাশাপাশি মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন সমাজ গঠনের লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এখন থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার জন্য মাঠপর্যায়ে নির্দেশনা ও রূপরেখা পাঠানো হয়েছে। সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এসব খেলা বাধ্যতামূলক করার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। তিনি আরও বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসের ফাঁকে বা নির্ধারিত পিরিয়ডে খেলাধুলা ও ফিটনেস চর্চার সুযোগ পাবে, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মাউশি জানিয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক পত্রের আলোকে সোমবার (১৬ নভেম্বর) মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে মাঠপর্যায়ে এই নির্দেশনা জারি করা হয়। মাউশির অধীন দেশের সকল আঞ্চলিক পরিচালক, উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো ওই নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। খেলার তালিকাভুক্ত ইভেন্টগুলো হলো— ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা।
গত ৮ অক্টোবর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই ১০ ধরনের খেলাধুলা বার্ষিক একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরব্যাপী আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা ও সানুগ্রহ হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আধা-সরকারি পত্র (ডিও লেটার) প্রেরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি পত্র পাঠিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিবকে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। ডিও লেটারে প্রতিমন্ত্রী আমিনুল হক উল্লেখ করেন, দক্ষ, সৃজনশীল, কর্মপটু ও তৎপর জাতি গঠন এবং শিক্ষার্থীদের সুশাসন, শারীরিক ও মানসিক সুনিপুণ বিকাশে খেলাধুলার তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিশোর-কিশোরী ও যুবদের দলগত কাজের মানসিকতা (সেন্স অব টিম বিল্ডিং অ্যাপ্রোচ) ত্বরান্বিতকরণ, দূরদর্শী নেতৃত্বের গুণাবলি (ভিশনারি লিডারশিপ কোয়ালিটি) সুদৃঢ়করণ, শৃঙ্খলাবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নৈতিক মানদণ্ড (মোরাল স্ট্যান্ডার্ডস) সমুন্নত রাখতে খেলাধুলা অনন্য ভূমিকা রাখে।
পত্রে তিনি প্রখ্যাত দার্শনিক ইমানুয়েল কান্টের নৈতিক দর্শন (ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ) এবং বিশ্বখ্যাত লেখক লরি মায়ার্সের উক্তি– ট্রু স্পোর্টসম্যানশিপ ইজ এক্সিলেন্স ইন মোশনের প্রসঙ্গ টেনে বলেন, প্রাথমিক স্তর থেকে নিয়মিত ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্টের (এসডিজি) লক্ষ্য নম্বর ৪ (অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষা নিশ্চিতকরণ) অর্জনে সহায়তা করবে।
এছাড়া আধুনিক সিঙ্গাপুরের রূপকার লি কুয়ান ইউ’র বিখ্যাত গ্রন্থ ‘ফ্রম থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট: দ্য সিঙ্গাপুর স্টোরির (১৯৬৫-২০০০) উদাহরণ তুলে ধরে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সিঙ্গাপুরে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস (সিসিএ) হিসেবে একাডেমিক ক্যালেন্ডারের সঙ্গে মিল রেখে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং তরুণ শিক্ষার্থীদের ফিটনেস অ্যাসেসমেন্ট (যেমন, এনএপিএফএ টেস্ট) পরিচালনার মাধ্যমে একটি সমুন্নত জাতি গঠন সম্ভব হয়েছিল। প্রতিমন্ত্রী তার আবেদনে আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারের দফা-২৫ এ বর্ণিত ক্রীড়াশিক্ষা ও খেলাধুলার প্রসার নিশ্চিতকরণ এবং জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থার (ইউএনওডিসি) শর্তানুযায়ী মাদকমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের ‘মাঠমুখী’ করা জরুরি। এর মাধ্যমে মানবসম্পদকে প্রকৃত দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব হবে বলে তিনি দৃঢ়বিশ্বাস ব্যক্ত করেন।
এ বিষয়ে মাউশির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম বাসসকে বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে খেলাধুলাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত সময়োপযোগী। তিনি আরও বলেন, আগে সাধারণত বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির মাধ্যমে গ্রীষ্মকালীন ও শীতকালীন খেলাধুলা এবং প্রতিষ্ঠান পর্যায়ে শিক্ষার্থীদের সংগৃহীত ক্রীড়া ফি দিয়ে কিছু টুর্নামেন্ট পরিচালিত হতো, যেখানে প্রাতিষ্ঠানিকভাবে বছরব্যাপী কোনও সুনির্দিষ্ট একাডেমিক শিডিউল ছিল না। এখন থেকে নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি একাডেমিক ক্যালেন্ডারের অংশ হিসেবে সুনির্দিষ্ট ১০টি খেলা বছরব্যাপী পরিচালনার সুযোগ তৈরি হবে। এ বিষয়ে শিক্ষার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ বিষয়ে নিয়মিত মনিটরিং করার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।
চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (প্রথম সচিব) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সরদার এম জাহাঙ্গীর হোসেন। গত ১৪ নভেম্বর তিনি বেইজিং দূতাবাসে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। সোমবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়, গত ২২ সেপ্টেম্বর তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। পরে মন্ত্রণালয়ের অধীনে প্রায় এক মাসের কূটনৈতিক প্রশিক্ষণ শেষে ৭ নভেম্বর তিনি চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সরদার এম জাহাঙ্গীর হোসেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক (চায়না) হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিগত জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া) আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে দলীয়ভাবে কাজ করার নির্দেশনা পেয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন। পরবর্তীতে দলের বৃহত্তর স্বার্থে ও দলীয় সিদ্ধান্তে তিনি তা প্রত্যাহার করে নেন। তিনি চীনের বেইজিং নরমাল ইউনিভার্সিটির ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ স্কুল’র অধীনে পলিটিক্যাল ইকোনমি অ্যান্ড ডিপ্লোমেটিক রিলেশনস বিষয়ে অধ্যয়নরত আছেন।
এর আগে চীন সরকারের আয়োজিত লিডারশিপ প্রোগ্রামে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের ৬২টি রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এজন্য তিনি সনদসহ বিশেষ পুরস্কার লাভ করেন। বেইজিং দূতাবাসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে যোগদানের পর সরদার এম জাহাঙ্গীর হোসেন দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বি-পক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
অপ্রয়োজনীয় শব্দ ব্যবহার এবং আতশবাজি ও পটকা ব্যবহারে নিয়ন্ত্রণ করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে শব্দদূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও নাগরিকের সাংবিধানিক অধিকার পরিপন্থি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গত রোববার (১৫ নভেম্বর) এক রিটের শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মো. আশরাফ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী হাসানুল বান্না। আদালত পুলিশের মহাপরিদর্শক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের প্রতি কয়েকটি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দিয়েছেন।
নির্দেশনায় নীরব এলাকাগুলোতে যথাযথ সাইনবোর্ড স্থাপন, এসব এলাকার বাসিন্দাদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় এবং চালক, নির্মাণকাজের ব্যবস্থাপকসহ শব্দদূষণের সম্ভাব্য উৎসগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করতে প্রচারণা চালানোর কথা বলা হয়েছে। এসএমএসসহ বিভিন্ন মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচারেরও নির্দেশ দিয়েছেন আদালত।
এ ছাড়া শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী বিধিলঙ্ঘনকারীদের বিরুদ্ধে যৌথ ও নিয়মিত অভিযান পরিচালনা করতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার বন্ধে শব্দদূষণ বিধিমালার ৬ নম্বর বিধি এবং সড়ক পরিবহন আইনের ৪৫ ধারা অনুসারে অভিযান ও জনসচেতনতামূলক প্রচারণা নিশ্চিত করতে হবে। আতশবাজি ও পটকার ব্যবহার নিয়ন্ত্রণে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৮ নম্বর বিধি কার্যকর করার নির্দেশও দিয়েছেন আদালত।
এ ছাড়া নীরব এলাকা, নির্মাণকাজ, শিল্পপ্রতিষ্ঠান, সামাজিক অনুষ্ঠান ও উৎসব এবং যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ অনুযায়ী হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতের চারপাশের ১০০ মিটার এলাকাকে নীরব এলাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। বিধিমালায় নিষিদ্ধ হর্নের ব্যবহার নিয়ন্ত্রণে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে। আতশবাজি, পটকা ও অনুরূপ শব্দ সৃষ্টিকারী পণ্যের সীমিত ব্যবহারের ক্ষেত্রে সময় ও স্থান নির্ধারণ করে অনুমোদনের বিধানও রয়েছে।
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার তিন কিলোমিটার পরিধি, সচিবালয় ও আশপাশের এলাকা, আগারগাঁও, সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, ডিএনসিসি, গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকির অভাবে এসব এলাকায় নিয়মিত শব্দদূষণের নির্ধারিত মাত্রা লঙ্ঘিত হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে রিট করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ মন্তব্য করেছেন, গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক অস্তিত্ব নেই এবং দলটির রাজনৈতিকভাবে ফিরে আসার মতো কোনো সাংগঠনিক তৎপরতাও চোখে পড়ছে না। আজ সোমবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীও বক্তব্য দেন; পাশাপাশি অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্যসচিব ইফতেখার মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা প্রসঙ্গে মন্ত্রী বলেন, দলটির এসব কর্মকাণ্ড দেউলিয়াত্ব ছাড়া কিছুই নয় এবং এর মাধ্যমে খুব একটা ফায়দা পাওয়ার সুযোগ নেই। জুলাই গণ-অভ্যুত্থানকে অস্বীকার করে তাদের রাজনীতি করার কোনো সুযোগ কিংবা অধিকার আগামী দিনেও থাকবে না বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের সভানেত্রী দেশে ফিরবেন—এমন প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ অভিহিত করে তথ্যমন্ত্রী বলেন, নেতাকর্মীদের বিভ্রান্ত করতে এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আড়াল করতেই গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে।
আওয়ামী লীগের রাজনীতি বরাবরই প্রতিশোধপরায়ণ ছিল উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, ১৯৭৫-এর বিষয়টিকে পুঁজি করে তারা প্রতিশোধের রাজনীতি করেছে। ফ্যাসিস্ট শক্তি কোনোভাবেই যেন আর ফিরে আসতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি সতর্ক করেন যে, অন্যথায় জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের জীবন আবারও বিপন্ন হবে। জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
অর্থনীতি ও ব্যাংকিং খাতের পরিস্থিতি তুলে ধরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থায় যে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তার প্রকৃত চিত্র এখনো জাতিকে পুরোপুরি বোঝাতে না পারাটাই তাঁদের সবচেয়ে বড় ব্যর্থতা। বর্তমানে নন-পারফর্মিং লোন অর্থাৎ খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে উল্লেখ করে তিনি জানান, শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো এবং নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটের কারণেই আজ ব্যাংকিং খাতের এই করুণ দশা তৈরি হয়েছে। বর্তমান সরকারের ওপর এ সংকটের দায় চাপানো হলেও এর প্রকৃত কারণগুলো সংবাদমাধ্যমে জোরালোভাবে তুলে ধরা উচিত বলে মত দেন তিনি; এ ছাড়া বিদ্যুৎ খাতেও ওভারপ্রাইসিংয়ের মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ লুটপাট করা হয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
বিগত সরকারকে টিকিয়ে রাখতে গণমাধ্যম ও ব্যবসায়ীদের একটি অংশের ভূমিকার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ব্যাপক মিডিয়া নিয়ন্ত্রণ ও দমনপীড়ন চালিয়েও তারা ক্ষমতায় টিকতে পারেনি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়ে আলোচনা চলছে জানিয়ে তিনি উল্লেখ করেন, বিগত সময়ে যাঁরা সীমা লঙ্ঘন করে গণহত্যার পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাঁদের বিচার সমাজের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ তাদের গ্রহণযোগ্যতা উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, তিন বছর আগে একটি স্ট্যাটাস লেখার আগে সাংবাদিকদের যেভাবে আতঙ্কে থাকতে হতো, বর্তমান সরকার সেই পরিস্থিতি রাখেনি; সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না, বরং দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং বিগত দিনের লুটপাটের প্রকৃত তথ্য তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা চায়।
গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, বিকৃত সংবাদ এবং উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্যকে আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি রাখার চেষ্টা করা হচ্ছে এবং গত দুই বছরে ফেসবুকে গালিগালাজের যে অপসংস্কৃতি তৈরি হয়েছে, তা রোধ করা হবে। একই সঙ্গে অনিবন্ধিত অনলাইন পোর্টাল থেকে শুরু করে যাঁরা ফেক নিউজ ছড়াচ্ছেন, তাঁদের কীভাবে থামানো যায়—সে বিষয়ে সরকার কাজ করছে। অপরদিকে, নিবন্ধিত গণমাধ্যমগুলোর স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপন প্রাপ্তি এবং নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও ইউজার ফ্রেন্ডলি করা হবে বলেও জানান তিনি।
দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে ভোটগ্রহণ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে কমিশন। সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এসব তথ্য জানান।
নির্বাচনের ধাপগুলোর বিবরণ তুলে ধরে নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। পরবর্তী ধাপগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজারটি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে ভোট অনুষ্ঠিত হবে।
কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যেই নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ উল্লেখ করেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজন করবে নির্বাচন কমিশন এবং আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই এই সংলাপ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রথম ধাপের এই নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের স্বার্থে যা যা করা প্রয়োজন, নির্বাচন কমিশন তার সবই করবে বলে তিনি দৃঢ়তা প্রকাশ করেন।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা অবকাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ২৫টি উন্নয়ন প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে এবং ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে বাস্তবায়নের জন্য আরও ৬৭টি প্রকল্প প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাসসকে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নেওয়া এসব উদ্যোগের মূল লক্ষ্য হলো বাহিনীর অপারেশনাল সক্ষমতা বাড়ানো, জরাজীর্ণ অবকাঠামোর আধুনিকায়ন, আধুনিক নজরদারি প্রযুক্তি যুক্ত করা এবং জননিরাপত্তা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণ করা।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো আধুনিকায়নে এসব উদ্যোগ গ্রহণ সরকারের বৃহত্তর প্রচেষ্টার প্রতিফলন ।
এগুলো নির্বাচনি ইশতেহার এবং ২০২৬-২০৩১ মেয়াদি পঞ্চবার্ষিকীর কৌশলগত কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
প্রকল্প বাস্তবায়নে দক্ষতা বাড়াতে পরিকল্পনা কমিশন একটি সমন্বিত কর্মসূচিভিত্তিক পদ্ধতি অনুসরণ করছে।
কাজের বিচ্ছিন্নতা কমানো এবং সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে একই ধরনের প্রকল্পগুলোকে একীভূত করে বড় কর্মসূচির আওতায় আনা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সাতটি সংস্থা বর্তমানে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ২৫টি প্রকল্প বাস্তবায়ন করছে। এর মধ্যে ১৭টিই অবকাঠামো সংক্রান্ত প্রকল্প।
চলমান এসব প্রকল্পের জন্য সরকার ২ হাজার ৩৩৯ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এর মধ্যে দেশীয় উৎস থেকে ২ হাজার ২৯৬ কোটি ৯১ লাখ টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে ৪২ কোটি ৩০ লাখ টাকা রয়েছে।
তবে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত অর্থ ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে মাত্র ১১০ কোটি ৬৩ লাখ টাকায়। এই ধীরগতি প্রকল্প বাস্তবায়নের কাজ আরও জোরদার করার গুরুত্বকে সামনে নিয়ে এসেছে।
চলমান প্রকল্পগুলোর বাইরে সংশোধিত এডিপি কাঠামোর আওতায় নয়টি অধিদপ্তর ও সংস্থা নতুন আরও ৬৭টি প্রকল্পের প্রস্তাব দিয়েছে। ২০৩০-৩১ সালের মধ্যে এসব প্রকল্পের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রস্তাবিত বিনিয়োগের একটি বড় অংশই রয়েছে বাংলাদেশ পুলিশের জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশনাল সক্ষমতা পুনরুদ্ধার ও অবকাঠামোগত উন্নয়নের ওপর সরকারের বিশেষ গুরুত্বের বিষয়টি এতে ফুটে উঠেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ৪ নভেম্বর অনুষ্ঠিত একনেক সভায় দুটি বড় ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এর আওতায় ৪ হাজার ৩২৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪ হাজার ৮২৯টি অপারেশনাল যানবাহন এবং ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ১ হাজার ১টি বিশেষায়িত যানবাহন কেনা হবে।
এ ছাড়া ১ হাজার ৯০০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ১২৫টি জরাজীর্ণ থানা পুনর্নির্মাণ এবং ৮০০ কোটি টাকা ব্যয়ে পুলিশ ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, নৌ পুলিশ স্থাপনা ও হাইওয়ে থানাসহ আরও ১৫০টি স্থাপনা পুনর্নির্মাণের প্রস্তাবগুলো পুনর্মূল্যায়ন করছে সরকার।
আধুনিকায়নের এই পরিকল্পনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও নির্বাচিত আঞ্চলিক ইউনিটগুলোর জন্য স্মার্ট পুলিশিং উদ্যোগও অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে ইমিগ্রেশন সুবিধার আধুনিকায়নও এর অংশ।
সীমান্ত এলাকায় নজরদারি ও অপারেশনাল প্রস্তুতি জোরদার করতে অবকাঠামোগত সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর সক্ষমতা বৃদ্ধির সমন্বয়ে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির চলমান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ৭৩টি আধুনিক বর্ডার আউটপোস্ট (বিওপি) নির্মাণ এবং গাজীপুরে ৬৩ বিজিবি ব্যাটালিয়নের অবকাঠামো উন্নয়ন।
নজরদারি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে বাহিনীটি ড্রোন, অ্যান্টি-ড্রোন সিস্টেম এবং উন্নত ল্যাবরেটরি সরঞ্জাম যুক্ত করারও পরিকল্পনা করছে।
এ ছাড়া একটি 'স্কুল অব সার্ভিল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার' প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
চুয়াডাঙ্গায় বিজিবি প্রশিক্ষণ কেন্দ্র এবং নীলডুমুরে ১৭ বিজিবি ব্যাটালিয়নের আরও অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
এদিকে সমুদ্র নিরাপত্তা জোরদার ও নৌযান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বাড়াতে দুটি বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ছাড়া ১৩টি উচ্চগতির বোট কেনার একটি পৃথক প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
উন্নয়ন এজেন্ডার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো জরুরি সাড়াদান বা রেসপন্স সক্ষমতা বাড়ানো।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ২০টি ফায়ার স্টেশন নির্মাণ বা পুনর্নির্মাণ, অ্যাম্বুলেন্স সেবা সম্প্রসারণ এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের কাছে চকরিয়া ও উখিয়ায় নতুন স্থাপনাসহ অতিরিক্ত অবকাঠামো তৈরির পরিকল্পনা করেছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ এবং সাতটি বিভাগীয় শহরে চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র স্থাপনের প্রস্তুতি নিচ্ছে।
পাশাপাশি খুলনা, রংপুর ও ময়মনসিংহে পরীক্ষার সুবিধাসহ ডিজিটাল ফরেনসিক ল্যাবরেটরি স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
কারাগারের অবকাঠামো উন্নয়নও সরকারের অন্যতম অগ্রাধিকার। প্রস্তাবিত প্রকল্পগুলোর আওতায় ময়মনসিংহ কারাগার সম্প্রসারণ, জামালপুর, কুমিল্লা ও নরসিংদী জেলা কারাগার পুনর্নির্মাণ এবং রংপুর ও রাজশাহী কেন্দ্রীয় কারাগার পুনর্নির্মাণ করা হবে। ঐতিহাসিক পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার কমপ্লেক্স সংরক্ষণের বিষয়টিও এই পরিকল্পনায় রয়েছে।
অন্যদিকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার-ভিডিপি) তাদের দ্বিতীয় পর্যায়ের কর্মসূচির আওতায় আরও ১২টি অস্ত্রাগার নির্মাণের বিষয়টি বিবেচনা করছে। এর পাশাপাশি আনসার-ভিডিপি একাডেমির ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।
এই কর্মসূচির বিশাল ব্যাপ্তি বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোকে নতুন রূপ দেওয়ার প্রচেষ্টাকেই প্রতিফলিত করে। সূত্র: বাসস
মহান বিজয় দিবস ২০২৬ উদযাপন সামনে রেখে সাভারের জাতীয় স্মৃতিসৌধসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তাবিষয়ক প্রস্তুতিমূলক আন্তমন্ত্রণালয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে স্মৃতিসৌধ এবং এর প্রবেশপথগুলোতে পর্যাপ্তসংখ্যক সিসি ও আইপি ক্যামেরা স্থাপনের পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
সভার সিদ্ধান্ত অনুসারে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের সাভার জাতীয় স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ ছাড়া স্মৃতিসৌধ এলাকায় স্থাপিত সিসি ক্যামেরাগুলো ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোলরুমের সঙ্গে সংযুক্ত রাখা হবে।
বিজয় দিবসের অনুষ্ঠান ঘিরে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পেশাল ব্রাঞ্চসহ (এসবি) অন্যান্য গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকার এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে আগত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশিসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে এবং সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের বিভিন্ন অনুষ্ঠানস্থলেও বিশেষ নিরাপত্তা জোরদার করা হবে।
যানজট এড়াতে ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক এবং জাতীয় স্মৃতিসৌধের আশপাশে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় জাতীয় স্মৃতিসৌধসহ সব অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ অগ্নিনির্বাপণী গাড়ি মোতায়েন রাখা হবে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানেরা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তর-সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কোনো ধরনের কার্যক্রম প্রচার করা যাবে না। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে অনলাইন এডিটরস ফোরামের বৈঠকে তিনি এ কথা জানান। তিনি আরও বলেন, যাঁরা আগুন সন্ত্রাস করছে এবং গণহত্যা করে যিনি পালিয়ে গেছেন, তাঁদের সংবাদ প্রচার বিষয়টিকে জনগণ ভালোভাবে নেবে না।
সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। কখনো কোনো সংবাদ প্রচারের জন্য সরকারের পক্ষ থেকে যেমন চাপ দেওয়া হয়নি, তেমনি কোনো এজেন্সিও কোনো সংবাদ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করেনি বলে উল্লেখ করেন তিনি।
বিগত সময়ের প্রসঙ্গ টেনে ইয়াসের খান চৌধুরী আরও জানান, বিগত ১৭ বছরে বহু গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাংবাদিককে গুম ও তুলে নেওয়ার ঘটনা ঘটেছে; তবে বর্তমান সরকার সে ধরনের কোনো কিছু করবে না। তবুও ফ্যাসিবাদকে প্রশ্রয় না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় সরকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে অনলাইন মাধ্যমগুলো যে ভূমিকা পালন করেছে, সরকার সব সময় তেমন ভূমিকারই প্রত্যাশা করে।
দেশের প্রশাসনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে বাংলাদেশের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। আজ সোমবার (১৬ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত নিকারের সভায় এই অনুমোদনের পাশাপাশি একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাবও অনুমোদিত হয়।
সভার সিদ্ধান্ত অনুসারে, কক্সবাজার জেলার চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার অধীন কোনাখালী ইউনিয়নের বটতলীতে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। একই সঙ্গে বগুড়া জেলার শিবগঞ্জ থানাকে ভাগ করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় ‘মোকামতলা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি ময়মনসিংহ জেলার নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে ওই উপজেলার ‘পাগলা’ থানার নাম পাল্টে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। নতুন থানা প্রতিষ্ঠা ও থানার নাম পরিবর্তনের এসব প্রস্তাবের উদ্যোগী মন্ত্রণালয় হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অন্যদিকে, নিকারের বৈঠকে বগুড়া জেলার মোকামতলা উপজেলার অধীনে ‘মোকামতলা’ পৌরসভা এবং সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার অধীনে ‘জৈন্তাপুর’ পৌরসভা গঠনের প্রস্তাব অনুমোদন লাভ করেছে।
এ ছাড়া লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা বিভক্ত করে নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর মটবী ও চরচামিতা মৌজার বদলে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। একইভাবে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলাকে বিভক্ত করে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। পৌরসভা গঠন ও প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তর সংক্রান্ত এই প্রস্তাবগুলোর উদ্যোগী বিভাগ ছিল স্থানীয় সরকার বিভাগ।
কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে ‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নিতে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে।
রোববার দিবাগত রাত ১ টায় ইকে ৫৮৫ ফ্লাইটযোগে তারা যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন—জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ।
এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এ. বি. এম. রওশন কবীর।
১৬ থেকে ২০ নভেম্বর এ সফরে যুক্তরাজ্য পার্লামেন্টে অনুষ্ঠেয় বিভিন্ন কর্মসূচিতে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া ও সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: বাসস
পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় শ্রম ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল; তবে সকালেই ‘অনিবার্য’ কারণে সভাটি স্থগিতের বিষয়টি জানানো হয়। শিগগিরই মজুরি বোর্ড সভার নতুন তারিখ নির্ধারণ করবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বোর্ডের স্থায়ী সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় তাঁকে ছাড়া বৈঠক করতে চাইছে না বোর্ড। আজকের এই সভায় মালিকপক্ষের প্রতিনিধিদের বেতন কাঠামোর প্রস্তাব পেশ করার কথা ছিল।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকেই আন্দোলন চালিয়ে আসছিলেন পোশাকশিল্পের শ্রমিকেরা। এর পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম মন্ত্রণালয়। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব উত্থাপন করেন। অন্যদিকে, শিল্পের সক্ষমতা বিবেচনায় রেখেই নিজেদের প্রস্তাবনা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছিলেন উদ্যোক্তারা।
প্রসঙ্গত, পোশাকশ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা তার পরের মাস থেকে কার্যকর হয়; সেই হিসাবে পোশাক খাতের বর্তমান নিম্নতম মজুরির মেয়াদ চলতি নভেম্বর মাসেই শেষ হতে যাচ্ছে। ২০২৩ সালে ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে ৫৬ শতাংশ বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছিল।
দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে কাতারে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার (১৫ নভেম্বর) কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে বাংলাদেশ সরকারের এই আগ্রহের কথা তুলে ধরা হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন এবং বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি নিয়োগের মতো ক্ষেত্রগুলোতে বিদ্যমান অব্যবহৃত সুযোগগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিভিন্ন খাতে বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের জন্য অতিরিক্ত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে কাতারের সঙ্গে শ্রম সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন।
কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের কর্মীদের নিষ্ঠা, পরিশ্রম ও মর্যাদার কথা স্বীকার করে কাতারের অর্থনীতিতে তাদের অবদানের প্রশংসা করেন।
উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে মতামত বিনিময় করেন এবং বর্ধিত অর্থনৈতিক অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করার উপায় নিয়ে আলোচনা করেন।
বৈঠককালে রাষ্ট্রদূত আল কাহতানি দোহায় অনুষ্ঠেয় একটি আসন্ন সম্মেলনে যোগ দেওয়ার জন্য কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফির পক্ষ থেকে দেওয়া একটি আমন্ত্রণপত্র হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।
এ ছাড়া দুই পক্ষ দীর্ঘায়িত রোহিঙ্গা সংকট এবং এর টেকসই সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক যোগাযোগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বিভিন্ন বহুপক্ষীয় ফোরামে রোহিঙ্গা ইস্যুতে ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার জন্য কাতার সরকারকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি এই সংকটের একটি টেকসই সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক প্রচেষ্টায় কাতারের অব্যাহত সম্পৃক্ততা ও সহায়তা কামনা করেন।
বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে বাংলাদেশ ও কাতারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।