এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, বর্তমান পরিকল্পনা অনুযায়ী এ বছর বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী মালয়েশিয়ায় যাবেন। তাদের মধ্যে ১ হাজার জন জুলাই যোদ্ধা থাকবেন। রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য বলেন মন্ত্রী।
তিনি জানান, চলতি মাসের শেষ দিকেই মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো শুরু হবে। দেশটিতে যেতে কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সোমবার মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। আর নির্বাচিত এক হাজার জুলাই যোদ্ধাকে সরকারি খরচে দেশটিতে কর্মসংস্থানের জন্য পাঠানো হবে।
উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে এই ১০ হাজার কর্মী পাঠানো হবে। এরপর ধাপে ধাপে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ দেয়া হবে।
সরকার নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকার বেশি অভিবাসন ব্যয় না নিতে এবং কোনো ধরনের প্রতারণা বা সিন্ডিকেট না করতে এরইমধ্যে রিক্রুটিং এজেন্সিগুলোকে কঠোর সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে চীনের গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র গুয়াংজুতে প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু করেছে ইনভেস্ট বাংলাদেশ। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি বিনিয়োগসংক্রান্ত তথ্য, নীতিমালা ও সরকারি সেবা সরাসরি পৌঁছে দেওয়া সহজ হবে। বিশেষ করে চীনা উদ্যোক্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপন এবং তাদের বিনিয়োগ পরিকল্পনাকে বাস্তব প্রকল্পে রূপ দেওয়ার ক্ষেত্রে কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সরকারের ঘোষিত ১৮০ দিনের বিনিয়োগ কর্মপরিকল্পনার আওতায় নেওয়া এ উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের বাইরে সরাসরি বিনিয়োগ সহায়তা দেওয়ার নতুন অধ্যায় শুরু হলো। এত দিন বিনিয়োগ রোডশো, ব্যবসায়িক সম্মেলন ও বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করার চেষ্টা চললেও এবার গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাজারেই স্থায়ী যোগাযোগকেন্দ্র স্থাপন করা হয়েছে। ফলে সম্ভাব্য বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ থেকে শুরু করে প্রকল্প উন্নয়ন ও সরকারি অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় আরও সমন্বিত সহায়তা দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ইনভেস্ট বাংলাদেশ রোববার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, গুয়াংজুর নতুন কার্যালয় চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের স্থানীয় যোগাযোগকেন্দ্র হিসেবে কাজ করবে। এখান থেকে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ, প্রয়োজনীয় বিধিবিধান এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের বিষয়ে তথ্য ও পরামর্শ দেওয়া হবে।
চীনের বাজারে সরাসরি বিনিয়োগ তৎপরতা: গুয়াংজু কার্যালয় পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে দুই অভিজ্ঞ চীনা পেশাজীবীকে। চিফ রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মে ঝৌ এবং রিপ্রেজেন্টেটিভ ও বিজনেস ডেভেলপমেন্ট অ্যানালিস্ট ইয়াং ওয়েনচুয়াং কার্যালয়টির কার্যক্রম পরিচালনা করবেন।
মে ঝৌয়ের চীন ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতায় এক দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি বাংলাদেশে চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশনের নির্বাহী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে ইয়াং ওয়েনচুয়াং দুই দেশের ব্যবসায়িক সহযোগিতায় ১০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন। তিনি চীনের একজন আইনজীবী এবং বিনিয়োগসংক্রান্ত বিধিবিধান ও বাণিজ্যিক আলোচনায় অভিজ্ঞ।
ঢাকায় ইনভেস্ট বাংলাদেশের চায়না ডেস্কের সঙ্গে সমন্বয় করে গুয়াংজু কার্যালয় বিনিয়োগকারীদের প্রাথমিক অনুসন্ধান, প্রকল্প পরিকল্পনা, উন্নয়ন এবং সরকারি অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় সহায়তা করবে। ফলে চীনা উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে তথ্যের ঘাটতি ও যোগাযোগের জটিলতা কমানোর সুযোগ তৈরি হবে।
চীনা বিনিয়োগের বড় সম্ভাবনা: চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক দীর্ঘদিনের। তবে বাণিজ্যের পাশাপাশি উৎপাদন, প্রযুক্তি ও শিল্প খাতে চীনা বিনিয়োগ বাড়ানো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে বৈশ্বিক উৎপাদনব্যবস্থায় পরিবর্তন এবং বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠানের নতুন উৎপাদনকেন্দ্র খোঁজার প্রবণতা বাংলাদেশের সামনে নতুন সম্ভাবনা তৈরি করেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) জরিপ অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল চীন। দেশটি থেকে এসেছে ৩২ কোটি ১১ লাখ ৫০ হাজার ডলার, যা ওই বছরের মোট নিট এফডিআইয়ের ১৮ দশমিক ১৩ শতাংশ। এ তালিকায় প্রথম অবস্থানে ছিল নেদারল্যান্ডস।
চীনা বিনিয়োগকারীদের আগ্রহের সম্ভাব্য খাতগুলোর মধ্যে রয়েছে তৈরি পোশাক ও বস্ত্র, ইলেকট্রনিকস, নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, চিকিৎসা সরঞ্জাম, তথ্যপ্রযুক্তি এবং শিল্প উৎপাদন। এসব খাতে বিনিয়োগ বাড়লে শুধু মূলধনই আসবে না, প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন, রপ্তানি সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টিরও সুযোগ তৈরি হবে।
গুয়াংজুতে কার্যালয় চালুর উদ্যোগকে সরকারের বৃহত্তর বিনিয়োগ সংস্কার কর্মসূচির অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। গত ১৬ মার্চ ২০২৬ স্থানীয় ও বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ১৮০ দিনের একটি সমন্বিত কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। এতে অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সহজীকরণ এবং নতুন বিনিয়োগের সুযোগ তৈরিকে অগ্রাধিকার দেওয়া হয়।
কর্মপরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল বিনিয়োগসংক্রান্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম একীভূত করা। এর ধারাবাহিকতায় গত ২৩ আগস্ট বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ (পিপিপিএ) একীভূত হয়ে ইনভেস্ট বাংলাদেশ যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এ নতুন সংস্থা বিনিয়োগ উন্নয়ন, অর্থনৈতিক অঞ্চল ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের কার্যক্রম একটি প্রতিষ্ঠানের আওতায় এনেছে।
গুয়াংজুতে প্রথম প্রতিনিধি কার্যালয় চালুর মধ্য দিয়ে বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন কৌশলগত অবস্থান তৈরি করল বাংলাদেশ। এত দিন বিভিন্ন দেশে রোডশো, ব্যবসায়িক ফোরাম ও দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে দেশের সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এবার গুরুত্বপূর্ণ বিনিয়োগ বাজারে সরাসরি উপস্থিতি নিশ্চিত হওয়ায় সেই প্রচেষ্টাকে আরও ধারাবাহিক করার সুযোগ তৈরি হলো।
ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, গুয়াংজু কার্যালয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে বিদেশি বিনিয়োগের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য বাজারেও প্রতিনিধি কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। চীনের বাজারে কার্যক্রমের অভিজ্ঞতা পরবর্তী সম্প্রসারণের ভিত্তি হিসেবে বিবেচিত হবে।
মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডারে কাঁটা তারের বেড়া নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে তিনি এ কথা বলেন। কমিটির সভাপতি জয়নুল আবেদীন বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।
জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।
জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ কিংবা দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।
বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুট চিহ্নিত করা এবং মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি, অভিযান এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম ও মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. কামরুজ্জামান, মো. মনোয়ার হোসেন এবং শিরীন সুলতানা অংশ নেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তু, অন্তর্বাসে মাখানো স্বর্ণপেস্ট, পোশাকে সেলাই করা স্বর্ণ কিংবা রান্নার সরঞ্জামের ভেতরে লুকানো বার—বিমানবন্দরে স্বর্ণ পাচারের কৌশল বদলাচ্ছে প্রতিনিয়ত। গত এক মাসে ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক অভিযানে ২০ কেজির বেশি স্বর্ণ ও স্বর্ণসদৃশ বস্তু জব্দ হয়েছে। এসব চালানের আনুমানিক বাজারমূল্য ৩৭ কোটি ৫০ লাখ ৫৯ হাজার টাকা। কিন্তু এত অভিযান ও উদ্ধারের পরও পাচারচক্রের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থাকায় নিরাপত্তাব্যবস্থা ও তদন্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এক মাসে পাঁচ দফা বড় চালান জব্দ: সবশেষ রোববার (১৫ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত হাসান মিয়ার কাছ থেকে প্রায় এক কেজি স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়। এর মধ্যে ৯০০ গ্রাম ছিল পায়ুপথে এবং ১০০ গ্রাম অন্তর্বাসে মাখানো অবস্থায়।
এর আগে ১৩ নভেম্বর তিনটি পৃথক অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণবারসহ বিভিন্ন পণ্য জব্দ করে কাস্টমস গোয়েন্দারা। এসবের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা।
২ নভেম্বর শাহজালাল বিমানবন্দরে পৃথক দুটি ঘটনায় ছয়টি ডিম্বাকৃতির স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়। ওজন ছিল প্রায় ২ কেজি ৭৩০ গ্রাম। এর মধ্যে তিনটি এক যাত্রীর কাছ থেকে এবং বাকি তিনটি বোর্ডিং ব্রিজ এলাকায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়।
২৮ অক্টোবর দুবাই থেকে আসা দুই চীনা নাগরিকের জিনসের প্যান্ট ও অন্তর্বাসে সেলাই করা অবস্থায় ১২ কেজি ৬০০ গ্রাম স্বর্ণপেস্ট উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেনটিভ দল। প্রাথমিক পরীক্ষায় এতে ২৪ ক্যারেট স্বর্ণের উপস্থিতি পাওয়া যায়। চালানটির আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি টাকা।
১৮ অক্টোবর শাহজালাল বিমানবন্দরে মালদ্বীপ ফেরত দুই যাত্রীর কাছ থেকে ২ কেজি ৭৩৪ গ্রাম স্বর্ণপেস্ট উদ্ধার করা হয়। একই দিন চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ফ্রাইপ্যান ও সবজি কাটার গ্রেটারের ভেতরে লুকানো ৪৬৬ গ্রাম স্বর্ণবার এবং ১০০ গ্রাম অলংকার জব্দ করা হয়।
প্রযুক্তির নজরদারিও এড়ানোর চেষ্টা: শাহজালাল বিমানবন্দরে সিসিটিভি, কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ক্যামেরা, উন্নত স্ক্যানার ও স্বর্ণ শনাক্তকরণ যন্ত্র রয়েছে। নজরদারিতে রয়েছেন বিভিন্ন সংস্থার অর্ধশতাধিক কর্মকর্তা। এরপরও পাচারের চেষ্টা অব্যাহত রয়েছে।
যাত্রীদের পাশাপাশি বিমানবন্দরের অভ্যন্তরীণ কর্মীদেরও বাহক হিসেবে ব্যবহার করছে চক্রটি। গত ৪ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৯ দশমিক ৩৪ কেজি ওজনের ৮০টি স্বর্ণবার উদ্ধারের ঘটনা এর প্রমাণ।
তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, অনেক ক্ষেত্রে বাহক ও মূল হোতাদের মধ্যে সরাসরি যোগাযোগ থাকে না। সংকেত বা নির্দিষ্ট পরিচয়ের মাধ্যমে চালান পৌঁছে দেওয়া হয়। ফলে বাহক আটক হলেও অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
উদ্ধার বাড়লেও অজানা মূল হোতারা: ঢাকা বিমানবন্দরে ২০২৪ সালে ২৬ কেজি, ২০২৫ সালে প্রায় ৮৭ কেজি এবং ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৬০ কেজি স্বর্ণ জব্দ হয়েছে। ধারাবাহিক এই উদ্ধার পাচারচক্রের বিস্তৃত নেটওয়ার্কের ইঙ্গিত দিলেও মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করার অগ্রগতি নিয়ে প্রশ্ন রয়েছে।
কাস্টমসের নিয়ম অনুযায়ী, জব্দ করা স্বর্ণ নথিভুক্ত করে নিরাপদে সংরক্ষণ করা হয়। পরে তা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হয়। গত ৭ অক্টোবর ২১ কেজি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার তথ্যও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মামলার বিচার শেষে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী স্বর্ণ বাজেয়াপ্ত হতে পারে। আইনগত প্রক্রিয়া অনুসরণ করে নিলামে বিক্রি হলে অর্থ জমা হয় রাষ্ট্রীয় কোষাগারে।
বিশেষজ্ঞদের মতে, শুধু স্বর্ণ উদ্ধারের পরিমাণ দিয়ে পাচারবিরোধী অভিযানের সাফল্য মূল্যায়ন করা যথেষ্ট নয়। কতটি চক্র শনাক্ত হয়েছে, কতজন মূল হোতা গ্রেপ্তার হয়েছেন এবং কতটি মামলার নিষ্পত্তি হয়েছে, সেসব তথ্যও গুরুত্বপূর্ণ।
এ জন্য কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়, যাত্রী ও কার্গোতে ঝুঁকিভিত্তিক নজরদারি এবং বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করতে হবে। পাশাপাশি প্রতিটি চালানের অর্থের উৎস, বিদেশি সরবরাহকারী ও দেশীয় গ্রহীতাদের শনাক্ত করা জরুরি। কারণ, বাহক আটক করেই তদন্ত শেষ হলে পাচারের মূল নেটওয়ার্ক অক্ষত থেকে যাওয়ার আশঙ্কা থেকেই যায়।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এ সময়ে মোট ব্যয় হয়েছে ২০ হাজার ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা। তবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এডিপির বরাদ্দ থেকে কোনো অর্থই ব্যয় করতে পারেনি। বিপরীতে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এডিপির মোট আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। এই অর্থ ব্যয়ের লক্ষ্যে ১ হাজার ১৭২টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ৯৮৬টি বিনিয়োগ প্রকল্প, ২৩টি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প, ১০৯টি কারিগরি সহায়তা প্রকল্প এবং নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের জন্য ৫৩টি প্রকল্প।
প্রতিবেদনে দেখা যায়, অর্থবছরের প্রথম চার মাসে এডিপির বিপরীতে ব্যয় হয়েছে মোট বরাদ্দের মাত্র ৬ দশমিক ৫৩ শতাংশ। বিগত কয়েক অর্থবছরের একই সময়ের তুলনায় এ হার উল্লেখযোগ্যভাবে কম। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে তা ছিল ৭ দশমিক ৯০ শতাংশ। অন্যদিকে, ২০২৩-২৪ ও ২০২২-২৩ অর্থবছরের একই সময়ে বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ১১ দশমিক ৬৪ ও ১২ দশমিক ৬৪ শতাংশ।
ব্যয়ের দিক থেকে প্রথম চার মাসে শীর্ষে রয়েছে স্থানীয় সরকার বিভাগ। চলতি অর্থবছরে বিভাগের ২০১টি প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে জুলাই-অক্টোবর সময়ে ব্যয় হয়েছে ৬ হাজার ৯২০ কোটি ৪৩ লাখ টাকা। ফলে এ সময়ে বিভাগের বরাদ্দের ২০ দশমিক ৭৪ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
তবে বড় অঙ্কের বরাদ্দ থাকা বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের অগ্রগতি সন্তোষজনক নয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জন্য চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ২৯ হাজার ৮৪১ কোটি ৭ লাখ টাকা। এর বিপরীতে প্রথম চার মাসে ব্যয় হয়েছে ১ হাজার ৮৯৮ কোটি ১৮ লাখ টাকা, যা মোট বরাদ্দের ৬ দশমিক ৩৬ শতাংশ।
একই সময়ে বিদ্যুৎ বিভাগের ১৮ হাজার ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ১ হাজার ৯৪৯ কোটি ৫৮ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৭ হাজার ৭৪ কোটি টাকা বরাদ্দ থেকে খরচ হয়েছে ১ হাজার ৭৯১ কোটি ৩৯ লাখ টাকা।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ টাকা। অথচ প্রথম চার মাসে এ মন্ত্রণালয় ব্যয় করতে পেরেছে মাত্র ৫১৬ কোটি ৬৫ লাখ টাকা। অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের ৭ হাজার ৪৮১ কোটি ৩৫ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৮৯৩ কোটি ৫৮ লাখ টাকা।
স্বাস্থ্য খাতের দুটি বিভাগেও এডিপি বাস্তবায়নের হার বেশ কম। স্বাস্থ্য সেবা বিভাগের জন্য বরাদ্দ করা ৬ হাজার ১৪ কোটি ৪৭ লাখ টাকার মধ্যে ব্যয় হয়েছে মাত্র ২৩৭ কোটি ২ লাখ টাকা। আর স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৫ হাজার ৪৯৯ কোটি ১২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে খরচ হয়েছে ১৫৮ কোটি ২৮ লাখ টাকা। এ ছাড়া রেলপথ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ থাকা ৫ হাজার ৩৪৩ কোটি ৪২ লাখ টাকার মধ্যে জুলাই-অক্টোবর সময়ে ব্যয় হয়েছে মাত্র ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা।
বাংলাদেশের সরকারি ঋণ মাত্র দুই বছরে বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা। একই সঙ্গে বাড়ছে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ। এমন পরিস্থিতিতে ঋণ ব্যবস্থাপনায় সংস্কার, রাজস্ব আয় বৃদ্ধি এবং বিকল্প অর্থায়নের উৎস অনুসন্ধানে নতুন পরিকল্পনা নিয়েছে সরকার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচি ও অর্থায়ন কাঠামো নিয়েও আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছে সরকার। রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ঋণ সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই দিন সম্মেলন উপলক্ষে প্রকাশিত প্রেস ব্রিফিং নোটে দেশের সরকারি ঋণের পরিমাণ, ঋণ পরিশোধের চাপ এবং ভবিষ্যৎ অর্থায়ন পরিকল্পনার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।
দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫.৪ লাখ কোটি টাকা: প্রেস ব্রিফিং নোট অনুযায়ী, ২০২২ সালের ৩০ জুন বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ছিল ১৩ লাখ ৪৪ হাজার কোটি টাকা। ২০২৪ সালের ৩০ জুন তা বেড়ে দাঁড়ায় ১৮ লাখ ৮৯ হাজার কোটি টাকায়। অর্থাৎ মাত্র দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা। ২০২৪ সালের জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩৬ শতাংশ।
এদিকে সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে দেশের মোট বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০৪ বিলিয়ন ডলার। ২০০৯ সালে এই ঋণের পরিমাণ ছিল প্রায় ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলার।
ঋণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুদ পরিশোধের ব্যয়ও। ২০২৩-২৪ অর্থবছরে সরকারের সুদ পরিশোধের পরিমাণ এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। ২০২১-২২ অর্থবছরের তুলনায় ২০২৩-২৪ অর্থবছরে বৈদেশিক ঋণের সুদ পরিশোধ বেড়েছে সাড়ে তিন গুণ। ওই অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে পরিশোধ করতে হয়েছে ৩ দশমিক ৪ বিলিয়ন ডলার।
আগামী দিনগুলোতে এই চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বৈদেশিক ঋণের আসল ও সুদ পরিশোধে ব্যয় হতে পারে ৪৫০ কোটি ডলার। ২০২৯-৩০ অর্থবছরে তা বেড়ে প্রায় ৫৫০ কোটি ডলারে পৌঁছাতে পারে।
আইএমএফের সঙ্গে নতুন ঋণ কাঠামো নিয়ে আলোচনা: আইএমএফের সঙ্গে নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, দুই পক্ষের দুটি ওয়ার্কিং গ্রুপ এ বিষয়ে কাজ করছে। আগামী জানুয়ারির মধ্যে আলোচনা শেষ করে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আশা করছে সরকার।
তিনি বলেন, সরকারের অর্থনৈতিক অগ্রাধিকার এবং পাঁচ বছর মেয়াদি উন্নয়ন কর্মসূচির সঙ্গে আইএমএফসহ অন্যান্য উন্নয়ন সহযোগীর অর্থায়ন ও সংস্কার কার্যক্রমের সমন্বয় নিশ্চিত করাই মূল লক্ষ্য।
আগের ঋণ কর্মসূচির কিছু শর্ত নিয়ে মতপার্থক্যের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, তৎকালীন অনির্বাচিত সরকারের সময়ে আইএমএফের সঙ্গে নেওয়া কর্মসূচিতে এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো একটি নির্বাচিত সরকারের পক্ষে একইভাবে বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেক সংস্কার ধারাবাহিকতা ও সুনির্দিষ্ট ক্রম বজায় রেখে করতে হবে।
তিনি বলেন, রাতারাতি সংস্কার করতে গেলে এমন সিদ্ধান্ত নিতে হতে পারে, যার ভোগান্তি জনগণকে পোহাতে হবে। এতে অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাই দেশের বাস্তবতা ও জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে চায় সরকার।
অর্থমন্ত্রী আরও জানান, আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার কোনো আলোচনা হয়নি। বরং মতপার্থক্যপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই পক্ষ কাজ করছে। বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকা এবং অন্য উন্নয়ন সহযোগীর কর্মসূচির সঙ্গেও সরকারের উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে।
ইউরোবন্ড, সুকুক ও বিকল্প অর্থায়নের পরিকল্পনা; সরকারের অর্থায়ন পরিকল্পনা শুধু আইএমএফের ঋণের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না। বিশ্বব্যাংক, এডিবি, ইসলামী উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীর কাছ থেকে অর্থায়ন পাওয়ার উদ্যোগ রয়েছে।
পাশাপাশি আন্তর্জাতিক বন্ডবাজার থেকে অর্থ সংগ্রহের বিকল্পও বিবেচনা করছে সরকার। এ লক্ষ্যে ইউরোবন্ড, সুকুক, গ্রিন বন্ড ও ব্লু বন্ডের মতো নতুন অর্থায়ন উপকরণ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আন্তর্জাতিক পুঁজিবাজার থেকে উপযুক্ত সময়ে অর্থ সংগ্রহের পাশাপাশি দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে ঋণের অর্থ কোন খাতে এবং কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার। অর্থনৈতিকভাবে লাভজনক ও উৎপাদনশীল প্রকল্পে ঋণের অর্থ বিনিয়োগ এবং প্রকল্পের যথাযথ যাচাই নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।
অর্থ বিভাগ ও এডিবির যৌথ আয়োজনে কক্সবাজারে দুই দিনব্যাপী আন্তর্জাতিক ঋণ সম্মেলনে সরকারি ঋণ ব্যবস্থাপনা, ঋণের ঝুঁকি কমানো, আন্তর্জাতিক বন্ডবাজার থেকে অর্থ সংগ্রহ এবং বিকল্প অর্থায়নের উৎস অনুসন্ধান নিয়ে আলোচনা হচ্ছে। এতে বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
সব মিলিয়ে সরকারি ঋণের ক্রমবর্ধমান পরিমাণ, সুদ পরিশোধের চাপ এবং সীমিত রাজস্ব আয়ের বাস্তবতায় বাংলাদেশের জন্য টেকসই ঋণ ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জ। ঋণের পরিমাণ বাড়ানোর পাশাপাশি সেই অর্থের কার্যকর ব্যবহার, রাজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সুফল নিশ্চিত করতে পারাই হবে সরকারের নতুন অর্থায়ন কৌশলের প্রধান পরীক্ষা।
কৃষকের হাতে যথাসময়ে গুণগতমানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং কৃষিপণ্যের উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তার পাশাপাশি পুষ্টিনিরাপত্তা জোরদারকরণ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন ‘ডাল ও তৈল বীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি।
বর্তমানে দেশে ডালের বার্ষিক চাহিদা ২৫.০০ লক্ষ মে.টন; উৎপাদন মাত্র ৯.৩৭ লক্ষ মে. টন এবং ভোজ্য তেলের বার্ষিক চাহিদা ২৪.৮২ লক্ষ মে.টন; উৎপাদন মাত্র ১০.৬৪ লক্ষ মে. টন (তথ্যসূত্র: ডিএই)। এজন্য অতিরিক্ত চাহিদা মেটাতে বিদেশ থেকে ডাল ও তেল আমদানি করতে হয়। এতে দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করা হয়। দেশে ডাল ও তেলের আমদানি নির্ভরতা কমাতে হলে ডাল ও তৈল ফসলের উৎপাদন বাড়াতে হবে। এজন্য প্রয়োজন উন্নত ও উচ্চ ফলনশীল জাতের গুণগতমানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন। এ পরিপ্রেক্ষিতে বিএডিসি’র ডাল ও তৈলবীজ বিভাগের মাধ্যমে গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন ও সরবরাহ সক্ষমতা বৃদ্ধিকল্পে ‘ডাল ও তৈল বীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
২০২৪ সালের ০৮ ডিসেম্বর একনেক কর্তৃক অনুমোদিত এ প্রকল্পটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও কৃষকদের মাঝে বিতরণের মাধ্যমে দেশের বীজের চাহিদা পূরণ, উৎপাদন বৃদ্ধি এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা।
প্রকল্পের আওতায় মোট ১৮ হাজার মেট্রিক টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে তিনটি ডাল ও তৈলবীজ খামার, তিনটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র এবং ১২টি চুক্তিবদ্ধ চাষী জোনের মাধ্যমে দেশের ৮টি বিভাগের ৪২টি জেলা, দুটি সিটি কর্পোরেশন এবং ২০০টি উপজেলায় প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সাধারণভাবে কৃষকদের মাধ্যমে উৎপাদিত ১৮,০০০.০০০ মে.টন ডাল ও তৈলবীজ ব্যবহার করে আনুমানিক ৩০,২৯,৮৪৯ একর জমিতে প্রায় ১২,৮২,৮৯৬.৮৩ মে.টন ফসল উৎপাদন হবে, যার আনুমানিক মূল্য ১৪,৮২২.৩৫ কোটি টাকা হবে। গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ ব্যবহারে ফসলের ফলন সাধারণত ১৫-২০% বেশি হয়। প্রকল্পের মেয়াদে উৎপাদিত ১৮,০০০.০০ মে.টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ দেশে কৃষকদের মাধ্যমে ব্যবহারের ফলে আনুমানিক ৩০,২৯,৮৪৯ একর জমিতে প্রায় ২,৫৬,৪৯৯.৩৬৫ মে.টন ফসল বেশি উৎপাদন হবে বলে আশা করা যায়, যার আনুমানিক বাজারমূল্য ২,৯৬৪.৪৭ কোটি টাকা। সুতরাং বর্ণিত প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে দেশে ২,৯৬৪.৪৭ কোটি টাকা অবদান রাখবে বলে আশা করা যায়।
অন্যদিকে, বর্ণিত প্রকল্পের আওতায় ২০০০ জন চুক্তিবদ্ধ চাষিকে ডাল ও তৈলবীজ উৎপাদন কলা-কৌশল বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রকল্পের আওতায় কিছু যন্ত্রপাতি, মেশিনারীজ ও অবকাঠামো নির্মাণ করা হবে, যা ডাল ও তৈলবীজ বিভাগের স্থায়ী সম্পদ হিসাবে গণ্য হবে।
প্রকল্পটির মোট প্রাক্কলিত ব্যয় ২৬৫ কোটি ৭৮ লাখ ৪৬ হাজার টাকা। এর মধ্যে প্রশাসনিক ও রাজস্ব খাতে ব্যয় ২৩৯ কোটি ৮ লাখ ৬৭ হাজার টাকা এবং উন্নয়নমূলক কার্যক্রমে ব্যয় ২৩ কোটি ৯৮ লাখ ৬২ হাজার টাকা। সীমিত উন্নয়ন ব্যয় সত্ত্বেও বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে প্রকল্পটি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি
২০২৫-২০২৬ অর্থবছরে চুক্তিবদ্ধ কৃষকদের মাধ্যমে ৩,৭২৩.১১২ মেট্রিক টন গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ উৎপাদিত হয়েছে। এর মধ্যে ডাল জাতীয় বীজ ১,৯১৫.৯৩১ মেট্রিক টন এবং তৈলবীজ ১,৮০৯.১৮১ মেট্রিক টন। এই উৎপাদিত বীজ ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের মাঝে বিতরণ/সরবরাহ করা হচ্ছে। এসব উন্নতমানের বীজ ব্যবহারের ফলে আনুমানিক ৬,০৬,৩৬০.০০০ একর জমিতে প্রায় ৫১,৪৫৫.০০৬ মে.টন ফসল বেশি উৎপাদন হবে বলে আশা করা যায়, যার আনুমানিক বাজারমূল্য ৫৯৭.৫৭ কোটি টাকা। সুতরাং ২০২৬-২৭ অর্থবছরে দেশের জাতীয় অর্থনীতিতে অতিরিক্ত প্রায় ৬০০ কোটি টাকা সরাসরি যুক্ত হবে এবং প্রায় আট গুণ টার্নওভার সৃষ্টি করবে। ২০২৫-২০২৬ অর্থবছরে প্রকল্পের আওতায় মোট ৬৮ কোটি ৯৪ লাখ টাকা ব্যয় করা হয়েছে।
দক্ষ নেতৃত্বে দৃশ্যমান অগ্রগতি
প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন প্রকল্প পরিচালক ড. মো: শফিকুল ইসলাম। তিনি ২০২৪ সালের ১৩ আগস্ট বিএডিসির ডাল ও তৈলবীজ বিভাগে যোগদান করেন। যোগদানের পরপরই তিনি প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন, পিইসি সভায় অনুমোদন এবং পরবর্তীতে একনেকে অনুমোদনের পুরো প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেন। তিনি দায়িত্ব গ্রহণের পর প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে পিইসি ও একনেকে অনুমোদন, মাঠপর্যায়ে কার্যক্রম সমন্বয়, চুক্তিবদ্ধ কৃষকদের সম্পৃক্তকরণ, বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিতরণ ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় নিয়ে আসেন। তাঁর নিয়মিত মাঠ পরিদর্শন, সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানের উদ্যোগ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সময়মতো কার্যক্রম বাস্তবায়নের ফলে প্রকল্পটি নির্ধারিত লক্ষ্য অর্জনের পথে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও মাঠপর্যায়ের কৃষকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মাধ্যমে তিনি প্রকল্প বাস্তবায়নে একটি কার্যকর ও ফলপ্রসূ প্রশাসনিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তাঁর নেতৃত্বে প্রকল্পের কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালিত হচ্ছে। সময়মতো বাস্তবায়ন নিশ্চিত করতে তিনি নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সততা, স্বচ্ছতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে তিনি প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
মাঠ পর্যায়ে ইতিবাচক সাড়া
নিজস্ব অনুসন্ধানে জানা গেছে, চলতি রবি মৌসুমে দেশে কৃষকদের মধ্যে ডাল ও তৈলবীজ উৎপাদনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। কৃষকদের মাঝে এ প্রকল্প কর্তৃক উৎপাদিত সরিষা, সয়াবিন, চিনাবাদাম, তিল ও সূর্যমুখীসহ বিভিন্ন তৈলবীজ এবং মসুর, মুগ, খেসারি, ছোলা, মাসকলাই, মটর ও ফেলন জাতীয় ডালবীজ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কৃষকদের ভাষ্য, বিএডিসি কর্তৃক সরবরাহকৃত গুণগত মানসম্পন্ন ডাল ও তৈলবীজ ব্যবহারের ফলে উৎপাদন বাড়ছে, উৎপাদন খরচ তুলনামূলক কমছে এবং বাজারে ভালো দাম পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।
প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ
প্রকল্পের আওতায় ২,০০০ জন চুক্তিবদ্ধ চাষীকে ডাল ও তৈলবীজের উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। পাশাপাশি চুক্তিবদ্ধ এলাকায় কৃষক-কৃষাণী ও কৃষি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রকল্প।
কেন এ প্রকল্প গুরুত্বপূর্ণ
বর্তমানে দেশে ডালের বার্ষিক চাহিদা ২৫ লাখ মেট্রিক টন, বিপরীতে উৎপাদন মাত্র ৯.৩৭ লাখ মেট্রিক টন। একইভাবে ভোজ্যতেলের বার্ষিক চাহিদা ২৪.৮২ লাখ মেট্রিক টন, অথচ উৎপাদন মাত্র ১০.৬৪ লাখ মেট্রিক টন। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ ডাল ও ভোজ্যতেল আমদানি করতে হয়, যার জন্য ব্যয় হয় উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা। এই আমদানি নির্ভরতা কমাতে উন্নত ও উচ্চফলনশীল গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন ও সরবরাহ বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যেই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
ডাল ও তৈলবীজ উৎপাদন বৃদ্ধি শুধু খাদ্য ও পুষ্টি নিরাপত্তাই নিশ্চিত করবে না, একই সঙ্গে বৈদেশিক মুদ্রা সাশ্রয়, কৃষকের মাথাপিছু আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। বাস্তবভিত্তিক পরিকল্পনা, দক্ষ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ে কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিএডিসির "ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়)" দেশের কৃষি ও পুষ্টি নিরাপত্তা অর্জনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।
বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সাতজন মেজর জেনারেলকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনজন ব্রিগেডিয়ার জেনারেলকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পরিবর্তনের পর ৪টি পদাতিক ডিভিশনের অধিনায়কত্বসহ আনসার ও ভিডিপি, বিপসট এবং বিআইআইএসএসের শীর্ষ পদে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে।
রদবদলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতারেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট করা হয়েছে। এছাড়া ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে আনসার ও ভিডিপির নতুন মহাপরিচালক করা হয়েছে। বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।
জাতীয় প্রতিরক্ষা কলেজে (এনডিসি) মেজর জেনারেল মো. সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এই ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান ৫৫ পদাতিক ডিভিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। ৫৫ পদাতিক ডিভিশনের বিদায়ী জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান মেজর জেনারেল হাফিজ এবং ১৯ পদাতিক ডিভিশনের অধিনায়ক (জিওসি) ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে পেষণে নিয়োগ দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম আব্দুল বাতিন ইমানি, মোজাম্মেল হোসাইন ও রাজুকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ইমানিকে ১১ পদাতিক ডিভিশন এবং মোজাম্মেলকে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। সশস্ত্র বাহিনী বিভাগে কর্মরত রাজুকে জাতীয় প্রতিরক্ষা কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা করছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী। রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নে ডিসেম্বরে নিরাপত্তা প্রসংগে ইন্তেখাব চৌধুরী বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আশঙ্কা আমরা করছি না। আমরা মাঠে আছি। অন্যান্য সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ, দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে।
খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত কিছুদিনে খুলনায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এসআরবি-৬ এর বিভিন্ন দল ইউনিফর্মে ও সাদা পোশাকে সেখানে কার্যক্রম পরিচালনা করছে। বিভিন্ন অভিযানের মাধ্যমে দুষ্কৃতিকারী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। গত কয়েক দিনে খুলনায় এসআরবির বেশ কয়েকটি অভিযান সফল হয়েছে। এর সবগুলো সংবাদ সম্মেলনে তুলে ধরা সম্ভব হয়নি।
ইন্তেখাব চৌধুরী বলেন, খুলনায় যারা অপরাধ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক চেষ্টা চলছে।
অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্য জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কারণ, প্রকাশ করা হলে সেটি আর গোয়েন্দা তথ্য থাকে না। কোনো অপরাধ সংঘটিত হওয়ার তথ্য পাওয়ার পরপরই গোয়েন্দা দল কাজ শুরু করে। পাশাপাশি অভিযানিক দল মাঠপর্যায়ে গিয়ে চাক্ষুষ প্রমাণ, সাক্ষ্য, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন আলামত সংগ্রহ করে। সব তথ্য যাচাই-বাছাইয়ের পর অভিযান পরিচালনা করা হয়। রাজধানীসহ সারা দেশে নিরাপত্তা কার্যক্রমের বিষয়ে ইন্তেখাব চৌধুরী বলেন, মাঠপর্যায়ে এসআরবির কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর ও রাতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও ফুট পেট্রোল অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে যেসব সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, সেগুলো বিশ্লেষণ করে ওই সময়গুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সে অনুযায়ী মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।
অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণার বিষয়েও নজরদারি করা হচ্ছে জানিয়ে ইন্তেখাব চৌধুরী বলেন, এ ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। কোনো তথ্য পাওয়ার পর তা যাচাই-বাছাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযানিক দল কাজ করছে। এত চেকপোস্ট ও টহলের পরও কীভাবে নাশকতার ঘটনা ঘটছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো ঢাকা শহরকে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে ঢেকে রাখা সম্ভব নয়। ঢাকা অনেক বড় একটি শহর। তবে এসআরবি, বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের বিষয়ে ইন্তেখাব চৌধুরী বলেন, ঘটনাগুলোর তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নাশকতাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি চেকপোস্টগুলোতে মোটরসাইকেল আরোহী এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নাশকতামূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি এ পরামর্শ দেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ছয়জন শিক্ষক ও অভিভাবক প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক এ পরিদর্শনে অংশ নেন।
সংসদ অধিবেশনের বিরতিকালে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন নতুন প্রজন্ম রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হয়ে উঠবে। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রথমে নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
একইসঙ্গে বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।
এছাড়া পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন।
এ সময় তারা সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তারা।
এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
সংসদীয় কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া দেশে যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলেও তিনি জানান।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তিনি এ কথা বলেছেন। বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৈঠকে বলেন, মাদক প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস চিহ্নিত করে তা নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট অর্থনৈতিক নেটওয়ার্ক ও অপরাধলব্ধ অর্থের প্রবাহ তদন্তের সুপারিশ করেন।
বৈঠকে মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ নির্মূলে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। এ ছাড়া দেশে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও রুট চিহ্নিত করার বিষয়টি পর্যালোচনা করা হয়। মাদক চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বিত নজরদারি ও অভিযান জোরদার এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে কমিটির সদস্য হুইপ রকিবুল ইসলাম বলেন, উন্নত দেশগুলোর মতো সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে এবং ড্রোন সার্ভেইল্যান্সের কার্যকর ব্যবহার বাড়াতে হবে।
কমিটির আরেক সদস্য হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ বলেন, মাদকের ব্যবহার নিয়ন্ত্রণে সর্বাগ্রে প্রয়োজন সামাজিক বিপ্লব। এটি শুধু মন্ত্রণালয় বা কোনো একক বাহিনীর কাজ কিংবা দায়িত্ব নয়; বরং এটি একটি সমন্বিত জাতীয় দায়িত্ব।
কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে আরও অংশ নেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানা।
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা তারকা চিহ্নিত প্রশ্ন করতে সংসদে দাঁড়াতেই উত্তেজনা তৈরি হয়েছে। রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে। এসময় অধিবেশনের সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
ডেপুটি স্পিকার আমির হামজাকে প্রশ্ন করতে আহ্বান জানানোর পর তিনি উঠে দাঁড়ান। এ সময় সরকার দলীয় বেশ কিছু এমপি হইচই শুরু করেন। উত্তপ্ত হয়ে সংসদের পরিবেশ। এ সময় সরকার দলীয় অনেক এমপিই আবার তাদের থামতে ইশারা করেন।
পরিস্থিতি শান্ত হলে আমির হামজা খাদ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, কুষ্টিয়া জেলার সদর উপজেলার ইবি (ইসলামী বিশ্ববিদ্যালয়) থানার কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাওয়ার লক্ষ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ফসল কেনার পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা?
জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, অভ্যন্তরীণ আমন ও বোরো সংগ্রহ মৌসুমে সরকার দেশব্যাপী খাদ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। সেই হিসেবে কুষ্টিয়ার সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার কৃষকদের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য দেওয়ার লক্ষ্যে বর্তমান আমন সংগ্রহ মৌসুমেও সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে।
তিনি আরও বলেন, ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে, যা ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হার্টে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের পরামর্শে আজ তার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।
প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।