‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে সারা বাংলাদেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শুরু হওয়া জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী চলবে ২৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত। বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর খবর তুলে ধরা হলো;
পাবনা প্রতিনিধি জানান : পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেছেন পশু উৎপাদনের পাশাপাশি দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনে পাবনার সুনাম সারাদেশ ব্যাপী সেই সুনাম ধরে রাখতে হবে। মানসম্মত পশু ও খাদ্য সামগ্রী উৎপাদনে বদলে যাবে আমাদের অর্থনৈতিক গতিপথ।
সুতরাং সেদিকে লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। ইদানিং কিছু অসাধু খামারী ও ব্যবসায়ী ভেজাল পণ্য উৎপাদন করছে এতে করে কিন্তু আমরা স্বাস্থ্য ঝুকির পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছি সেইসাথে ক্ষুণ্ন হচ্ছে আমাদের সুনাম। সুতরাং সবার সচেতনতা অবলম্বন করে কাজ করতে হবে।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান কে সামনে রেখে আলোচনা সভা, শোভাযাত্রা ও তিনদিন ব্যাপী প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর, পাবনা এর যৌথ আয়োজনে তিনি আরো বলেন, পাবনা এমন একটি জেলা যেটা কৃষির জন্য উর্বর ভূমি। সেই উর্বরতা শক্তিকে কাজে লাগিয়ে আমাদের অর্থনৈতিক চাকা গতিশীল করতে হবে। সেক্ষেত্রে সরকার সকল ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা পুলিশ সুপার আবু আশ্রাফ, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।
এর আগে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আব্দুল হামিদ সড়কে সাবেক বন্ধন কমিউনিটি সেন্টার মাঠ (মুক্তমঞ্চ সংলগ্ন) এর সামনে এসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল কাদির, উপজেলা সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আশরাফুল আলমসহ বিভিন্ন খামারী ও নানা শ্রেণিপেশার মানুষ। তিন দিনব্যাপী প্রদর্শনীতে ২২টি স্টলে বিভিন্ন প্রকার পশু, ও উৎপাদিত খাদ্যদ্রব্য প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রদর্শন করা হবে।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণীসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী মেলা।
জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইজাহার আহমেদ খান, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেনসহ অন্যান্যরা।
১৫ টি স্টলে দিনব্যাপী এ মেলায় জেলার বিভিন্ন খামারিরা তাদের পশুপাখি প্রদর্শন করেন। এছাড়াও পশু পালনের বিভিন্ন উপকরণসহ আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে সপ্তাহ ব্যাপী প্রাণীসম্পদের সেবা প্রদান করা হবে।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তারাসহ বিভিন্ন এলাকার খামারিরা উপস্থিত ছিলেন।
মাগুরা প্রতিনিধি :
মাগুরা জেলা প্রাণিসম্পদ প্রাঙ্গনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। পরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাসের তত্ত্বাবধানে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোতাকাব্বির আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের প্রতিনিধি, মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলার বিভিন্ন খামারি ও প্রাণিসম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রদর্শনীতে মোট ২৫টি স্টল রয়েছে।
সারাদিনব্যাপী এ প্রদর্শনীতে জেলার বিভিন্ন খামারি এবং তাদের লালন-পালন করা গবাদিপশু যেমন গরু-ছাগল, কবুতর, হাঁস, বিড়াল ও খরগোশ সহ ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি রয়েছে প্রাণিসম্পদ প্রযুক্তি কর্নার ও বিনামূল্যে ভেটেরিনারি চিকিৎসাসেবা ক্যাম্প।
এর আগে জেলা প্রাণিসম্পদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ।
মৌলভীবাজার প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ’ এই প্রতিপাদ্য এবং ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, প্রাণিসম্পদ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে এসব কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে অতিথিরা ফিতা কেটে প্রাণিসম্পদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মনিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান। এছাড়াও ফখরুল ইসলাম, আব্দুল মুকিতসহ প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলার সফল খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি নিরাপত্তা ও দারিদ্র্য বিমোচনে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের মাধ্যমে দুধ, মাংস ও ডিম উৎপাদন করে দেশের বিপুলসংখ্যক মানুষ আজ স্বাবলম্বী হচ্ছেন। এ খাতকে আধুনিক ও বাণিজ্যিকভাবে সম্প্রসারণের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও প্রাণিজাত পণ্য রপ্তানির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
বক্তারা আরও উল্লেখ করেন, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের জন্য খামারিদের নিয়মিত প্রশিক্ষণ, উন্নত জাতের পশু-পাখি পালন, সঠিক রোগ প্রতিরোধ ও চিকিৎসাসেবা, মানসম্মত গো-খাদ্য সরবরাহ এবং আধুনিক খামার ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের এ আয়োজন স্থানীয় খামারি ও নতুন উদ্যোক্তাদের মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের দুধ ও ডিম খায়ানো, প্রাণিসম্পদ প্রদর্শনীসহ নানা কর্মসূচির মধ্য জাতীয় পাণিসম্পদ সপ্তাহ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বেলুন উড়িয়ে দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মো. সাইফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ উসমান গনি।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন। শেষে টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন করেন অতিথিবৃন্দ। সেখানে প্রদর্শনীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
নুর মোহাম্মদ মিন্টু, লামা (বান্দরবান): সারা দেশের মত বান্দরবান জেলার লামা উপজেলায়ও শুরু হয়েছে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এ স্লোগানে এক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। প্রাণীসম্পদ কর্মকর্তা শুভ কুমার রাজবংশী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন- নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। এতে পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা নাদিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা আমীর কাজী মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা আহবায়ক নাজমুল হাসান নাজিম প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। সভায় দিবসের বিস্তারিত তুলে ধরেন উপ-সহকারি প্রাণীসম্পদ কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও অনুভূতি প্রকাশ করে খামারিদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেদী হাসান। শেষে প্রাণীসম্পদ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার। বৃহস্পতিবার (২৬নভেম্বর) থেকে ২৮ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচী পালনের মাধ্যমে এই সপ্তাহ পালিত হবে।
আলোচনায় প্রধান অতিথি নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার বলেন, প্রাণীসম্পদ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপাখি পালন, খামারিদের প্রশিক্ষণ এবং উন্নত জাতের গবাদিপশু উৎপাদনে গুররুত্ব দিতে হবে।
সদরপুর ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উৎযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১ঘটিকায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য — ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল্লাহিল গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অহিদুজ্জামান মোল্যা এবং চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ সফর আলী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেফায়েত উল হাসানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ তালুকদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী সহ প্রাণী সম্পদ সংশ্লিষ্ট খামারিরা।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্ট খামারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি চাহিদা পূরণ এবং বেকারত্ব দূরীকরণে এ খাত ব্যাপক ভূমিকা রাখছে। বিশেষ করে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন অনেক মানুষের জীবিকা নির্বাহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে।
তারা আরও বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ, উন্নত জাতের গবাদিপশু পালন এবং পশু-পাখির রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি সরকারি সেবা ও সহযোগিতা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারলে এ খাত আরও সমৃদ্ধ হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের মাধ্যমে খামারি ও সাধারণ মানুষের মধ্যে প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে। এর ফলে চরভদ্রাসন উপজেলায় প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।
কুলাউড়া প্রতিনিধি : দেশীয় প্রাণিসম্পদের জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম শকু। তিনি বলেছেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের এগিয়ে আসতে হবে। দেশীয় জাত সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। এ ক্ষেত্রে খামারিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল।
ভেটেরিনারি সার্জন ডা. মো. মহিউদ্দিন তুহিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এসএম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির, উপজেলা এনজিও সমন্বয়কারী বদরুল হোসেন খান, খামারি রুমেল খান, মুহিতুর রহমান, সাংবাদিক নাজমুল বারী সোহেল প্রমুখ।
নকলা (শেরপুর) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নকলার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ফাহিম চৌধুরী।
এ সময় নকলা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাঠপর্যায়ের কৃষক ও খামারি এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক পশুপালন এবং রপ্তানিমুখী প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
দিবসটি যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং কৃষক ও খামারিদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নকলা, শেরপুর।
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : শিশুদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি ও প্রাণিজ আমিষের প্রয়োজনীয়তা তুলে ধরতে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে স্কুল ফিডিং কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
‘প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. প্রভাস চন্দ্র সেন বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের গুরুত্ব অপরিসীম। ডিম প্রাণিজ আমিষের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রাণিসম্পদ খাতের গুরুত্ব ও পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডিম বিতরণ করা হয়। ডিম পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
এ সময় জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল ইসলাম মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরে সিংড়া উপজেলায় 'জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬' এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তাশরিফুল ইসলাম।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন এলাকার খামারি উপস্থিত ছিলেন।
বোদা (পঞ্চগড়) প্রকিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মানসম্মত প্রাণিজাত পণ্য রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে। এ জন্য প্রাণিসম্পদ খাতের গুণগত মান নিশ্চিত করা জরুরি। নকল ও লাইসেন্সবিহীন পশুখাদ্য এবং ওষুধ বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথমে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক আলোচনা ও সতর্ক করা হবে। এরপরও অনিয়ম অব্যাহত থাকলে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
তরুণদের খামারমুখী হওয়ার প্রবণতাকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, চাকরির পেছনে না ছুটে অনেক তরুণ উদ্যোক্তা হিসেবে খামার গড়ে তুলছেন। এতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও সমৃদ্ধ হচ্ছে। নতুন ও প্রান্তিক খামারিদের সমস্যা চিহ্নিত করে প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর তাদের পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফরহাদ হোসেন বলেন, দুধ, ডিম ও মাংসের মতো প্রাণিজাত পণ্য বিদেশে রপ্তানির জন্য পশুকে রোগমুক্ত রাখা অপরিহার্য। এ লক্ষ্যে সরকার ছাগলের পিপিআর রোগ নির্মূল এবং গবাদিপশুর ক্ষুরারোগ নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি সাভারে আন্তর্জাতিক মানের আইএসও সনদপ্রাপ্ত কোয়ালিটি কন্ট্রোল ল্যাব স্থাপন করা হয়েছে।
ডিম উৎপাদনের অগ্রগতি তুলে ধরে তিনি জানান, দেশে জনপ্রতি বছরে ১০৪টি ডিমের চাহিদার বিপরীতে বর্তমানে উৎপাদন প্রায় ১০০টি। আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশ ডিম উৎপাদনে উদ্বৃত্ত অবস্থানে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
ইতোমধ্যে পঞ্চগড় জেলা থেকে দুই লাখ পিস ডিম রপ্তানি শুরু হয়েছে। পশুখাদ্যের ব্যয় কমাতে রাস্তার পাশের পতিত জমিতে উন্নত জাতের ঘাস চাষ এবং কৃত্রিম প্রজনন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গবাদিপশুর উৎপাদনশীলতা বাড়ানোর জন্যও তিনি খামারিদের পরামর্শ দেন।
আয়োজকরা জানান, তিন দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিনে গবাদিপশুকে টিকা প্রদান ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হবে। শেষ দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে দুধ ও ডিম বিতরণের মাধ্যমে স্কুল ফিডিং কর্মসূচি পালন করা হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় খামারি ও নবীন উদ্যোক্তারা।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ—আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহাদাৎ হোসেন। তিনি অনুষ্ঠানে সভাপতিত্বও করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্যসচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা, উপজেলা পোল্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ছিদ্দিক মিয়া ও সাধারণ সম্পাদক আঃ রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্টরা।
সভা সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আটোয়ারী, (পঞ্চগড়) প্রতিনিধি : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত কুমার। ভেটেরিনারি সার্জন ডা. মো. আব্দুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি এ জেড এম বজলুর রহমান জাহেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দুলাল, উপজেলা কৃষি অফিসার মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. ফয়সাল, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, আইসিটি অফিসার আরিফুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মো. সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার তৌকির আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডের আয়ব্যাক মো. পশিম উদ্দিন, এবং বিএনপির মহিলা নেত্রী মর্জিনা বেগম প্রমুখ।
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আতাউর রহমান।
সভাপতির বক্তব্যে ডা. মোহাম্মদ আতাউর রহমান বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আধুনিক পদ্ধতিতে পশুপালন, রোগ প্রতিরোধ এবং খামারিদের সচেতনতা বাড়ানো জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অর্ণব ভৌমিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাহফুযুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মামুনুর রশিদ এবং রায়পুর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসএম মনজুরুল হাসান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তা ইকবাল কবির, কৌশিক মজুমদার, ভেটেরিনারি কম্পাউন্ডার মো. মোবারক হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ জসিম উদ্দিন, এলএসপি মাহবুব হোসেন, সাইফুল ইসলাম, জাকির হোসেন, এল এফ এ তরিকুল ইসলাম, মেডিসিন কোম্পানির প্রতিনিধি মোঃ সেলিম হোসেন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা খামারিরা।
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডুমুরিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারি, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সোহেল রানা, স্বাগতম বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডক্টর আশরাফুল কবির, অনুষ্ঠানে বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন, ডা. আবু সাঈদ সুমন, অতিরিক্ত কৃষি অফিসার, মো. শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা, শেখ গাউস আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, এস এম কামরুজ্জামান, ইন্সট্রাক্টর, ইউআরসি, মো. মোসলেম আলী, সাব ইন্সপেক্টর, দীপন কুমার ঘোষ, ডা. ইশমাম শাহারিয়ার, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা, চঞ্চল কুমার মন্ডল, ভিএফএ, মো. আমজাদ হোসেন সরদার এফএ(এআই), বৃন্দাবন কবিরাজ, কম্পাউন্ডার, মো. আশরাফুল আলম,অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, ম্যাগী মল্লিক, ড্রেসার, আলামিন সরদার সিইএ, ফুয়াদ মল্লিক, মো. আবুল কালাম, অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি বলেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ খাতের বিকল্প নেই। ডুমুরিয়া উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ উৎপাদনে অত্যন্ত সম্ভাবনাময় একটি অঞ্চল। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত উপায়ে খামার ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে এখানকার উৎপাদিত দুধ, ডিম ও মাংস দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। সরকার খামারিদের পাশে রয়েছে এবং যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।’
এর আগে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠান শেষে খামারিদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরামর্শ প্রদান করা হয়।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে নানা আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে র্যালী শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ।
‘রপ্তানিমুখী প্রাণি সম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী ওই কর্মসূচি উদ্বোধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.কানিস ফারজানা,কৃষি কর্মকর্তা কে এম রাফিউল ইসলাম,স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম আলমাস, সিনিয়র মৎস্যs কর্মকর্তা রতন চন্দ্র সাহাসহ খামারী, সংবাদকর্মী, সুধীজন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপসহকারী প্রণিসম্পদ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, ‘প্রাণিসম্পদ গ্রামীণ জনগোষ্ঠিকে পরনির্ভরতা কমিয়ে সাবলম্বী হতে সহায়তা করে। এ খাত আর্থিক সমৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি, পুষ্টি চাহিদা পুরণে বিশেষ ভূমিকা পালন করে। তিনি খামারিদের স্বাস্থ্যসম্মত খামার গড়ে তোলার আহবান জানান। এর পাশাপাশি স্বল্প সুদে ব্যাংক ঋণসহ তাদের জীবন-মানউন্নয়ন ও পরামর্শে সার্বক্ষনিক সহযোগীতা দিতে প্রাণি সম্পদ দপ্তরকে নির্দেশনা দেন।’
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নুরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান জামাল উদ্দিন আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উমিরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক। এ ছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সুধীজন এবং বিভিন্ন এলাকা থেকে আসা প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং রপ্তানির উপযোগী পণ্যউৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ খাতের উন্নয়নে খামারিদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও উদ্যোক্তাদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, খামারিদের উৎসাহিত করা এবং জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিনাজপুরের হাকিমপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, হাকিমপুরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয় মিত্র চাকমা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মুনতাসীর মামুন।সভায় প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের আধুনিক প্রযুক্তির ব্যবহার, পশুর রোগ প্রতিরোধ এবং প্রাণিসম্পদভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য নিরাপত্তায় প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে খামারিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পশুপালন পদ্ধতিতে উদ্বুদ্ধ করার পাশাপাশি প্রাণীর স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধে সচেতনতা বাড়াতে হবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: ‘প্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, খোকসার আয়োজনে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সোহেল রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম এবং উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আফজাল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ ভেটেরিনারি সার্জন ডা. জাকির হোসেন। এছাড়াও খামারি জামিলুর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আর নোমান এবং সাংবাদিক হুমায়ুন কবির বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা প্রাণিসম্পদ খামারি ও উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি ও দিক-নির্দেশনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে:
* সরকারের পক্ষ থেকে খামারিদের জন্য সুদমুক্ত ঋণ প্রদান
* স্থানীয়ভাবে মাননিয়ন্ত্রিত ও নিরাপদ পশুখাদ্য উৎপাদন করে ন্যায্যমূল্যে খামারিদের কাছে বিক্রি নিশ্চিত করা
* বাজার সিন্ডিকেট ভেঙে খামারিদের ন্যায্য লভ্যাংশ প্রাপ্তি নিশ্চিত করা এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ
* ভোক্তাদের কাছে নিরাপদ প্রাণিজ খাদ্য পৌঁছে দিতে নির্ধারিত ও সুশৃঙ্খল বিপণন ব্যবস্থা গড়ে তোলা
* খামারি ও উদ্যোক্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট খাতের সব কার্যক্রমে নিয়মিত মনিটরিং ও সরকারি তদারকি জোরদার করা
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজলভ্য করতে এবং দেশের অর্থনীতিতে এর অবদান বাড়াতে সরকারের নজরদারি ও সহায়তা আরও বাড়াতে হবে।
এর আগে সকালে খোকসা উপজেলা চত্বর ও আশপাশ এলাকায় ব্যানার-ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। উদ্বোধনী র্যালি ও আলোচনা সভায় খোকসা উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় অর্ধশতাধিক খামারি এবং উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
দেশের তৈরি পোশাকশিল্প এখন একসঙ্গে কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের প্রস্তাব, শ্রম অসন্তোষ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং জ্বালানিসংকট—সব মিলিয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে শ্রম অস্থিরতার কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওর মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর ক্রয়াদেশের একটি অংশ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এসব ক্রয়াদেশের বড় অংশ পেয়েছে প্রতিবেশী ভারত। পাশাপাশি ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়াও নতুন ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আসছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের (ইউএসটিআর) প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশের পণ্যে অতিরিক্ত ১৮ শতাংশ শুল্ক আরোপ করা হলে দেশটির বাজারে মোট শুল্কের হার বেড়ে দাঁড়াবে ৩৩ দশমিক ৬২ শতাংশে। এতে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি বাজারে পণ্যের দাম বাড়ার পাশাপাশি ক্রয়াদেশ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে দেশের পোশাকশিল্পের সামনে এখন বাজার ধরে রাখা, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং ক্রেতাদের আস্থা ফিরিয়ে আনার চ্যালেঞ্জ।
ক্রয়াদেশ যাচ্ছে ভারতে: শ্রম অসন্তোষের প্রভাব ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রয়াদেশে পড়তে শুরু করেছে। তৈরি পোশাকশিল্প মালিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। এর বড় অংশ গেছে ভারতে। তিনজন কারখানার মালিক রয়টার্সকে জানিয়েছেন, চলতি নভেম্বরের প্রথমার্ধে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ কয়েকটি আন্তর্জাতিক ব্র্যান্ড তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে ওই মালিকেরা বলেন, চার সপ্তাহ ধরে চলা শ্রমিক আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়া এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ব্র্যান্ডগুলো বিকল্প সরবরাহকারীর সন্ধান করেছে। জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিওও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাব অনুযায়ী, মজুরি বৃদ্ধির দাবিতে শ্রম অসন্তোষের কারণে কারখানাগুলোর উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলারের বেশি। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এই খাত থেকে। উৎপাদন খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশও তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল। ফলে এ খাতে দীর্ঘস্থায়ী অস্থিরতা দেশের সামগ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।
শুল্কের নতুন চাপ: শ্রম অস্থিরতার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব বাংলাদেশের রপ্তানি খাতে উদ্বেগ বাড়িয়েছে। গত বুধবার ইউএসটিআর বাংলাদেশেরসহ ১৪টি বাণিজ্য অংশীদারের পণ্যে সর্বোচ্চ ১৮ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব দেশ অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা গড়ে তুলে মার্কিন উৎপাদক ও রপ্তানিকারকদের বাজারে প্রবেশের সুযোগ সীমিত করছে।
বর্তমানে বাংলাদেশের পণ্যে ১৫ দশমিক ৬২ শতাংশ সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের (এমএফএন) শুল্ক এবং ১০ শতাংশ জোরপূর্বক শ্রমসংক্রান্ত শুল্ক রয়েছে। নতুন প্রস্তাব কার্যকর হলে দ্বিতীয় শুল্কের হার বেড়ে ১৮ শতাংশ হবে। এতে মোট শুল্কের হার দাঁড়াবে ৩৩ দশমিক ৬২ শতাংশে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত হয়নি। আগামী জানুয়ারিতে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম রপ্তানি বাজার। তবে দেশটির পোশাক আমদানিতে সাম্প্রতিক সময়ে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা) অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি আগের বছরের ৭৯ দশমিক ২৫ বিলিয়ন ডলার থেকে কমে ৭৭ দশমিক ৮৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্যাশন ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ওই বছর দেশটির আমদানি করা পোশাকের বাজারে বাংলাদেশের অংশ ছিল ১২ দশমিক ৩ শতাংশ। গত বছর যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, যার ৯৫ শতাংশের বেশি ছিল বস্ত্র ও তৈরি পোশাক।
প্রতিযোগিতায় সুবিধা, চাহিদায় শঙ্কা: নতুন শুল্কের কারণে প্রতিযোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নিয়ে ব্যবসায়ীদের মত ভিন্ন। হা-মীম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ বলেন, ১৮ শতাংশ শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের অংশীদারত্ব কমতে পারে। কারণ, এতে পণ্যের দাম বেড়ে যাবে। বছরে প্রায় এক বিলিয়ন ডলারের বস্ত্র ও তৈরি পোশাক রপ্তানি করে হা-মীম গ্রুপ। এর প্রায় ৮০ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে। তবে শুল্কের চূড়ান্ত সিদ্ধান্তের আগে এর প্রভাব সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা কঠিন বলে মনে করেন তিনি।
এলিট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক রামজুল সেরাজের মতে, বাংলাদেশসহ প্রধান পোশাক উৎপাদনকারী দেশগুলোর ওপর একই ধরনের শুল্ক আরোপ হলে প্রতিযোগিতায় সমান ক্ষেত্র তৈরি হতে পারে। বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রায় সব চালান ফ্রেইট অন বোর্ড (এফওবি) ভিত্তিতে পাঠানো হয়। ফলে শুল্ক বৃদ্ধিতে রপ্তানিকারকদের তাৎক্ষণিক ক্ষতি খুব বেশি হওয়ার কথা নয়। তবে মার্কিন ক্রেতারা আমদানি কমিয়ে দিলে বাংলাদেশের রপ্তানিও ক্ষতিগ্রস্ত হবে।
রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক বলেন, নতুন শুল্কের প্রভাব অন্য দেশগুলোর ওপরও পড়বে। কিন্তু যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে পোশাক আমদানি কমে গেলে বাংলাদেশের ক্রয়াদেশও কমতে পারে। অন্যদিকে বিকেএমইএর সাবেক সভাপতি ও এফবিসিসিআইয়ের প্রশাসক এম এ ফজলুল হক মনে করেন, প্রতিযোগী দেশগুলোর তুলনায় শুল্ক পরিস্থিতিতে বাংলাদেশ কিছুটা সুবিধা পেলেও বাজারের চাহিদা কমে গেলে সেই সুবিধা কাজে আসবে না।
উৎপাদন ব্যয় ও সরবরাহের সংকট: পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমার পেছনে শ্রম ব্যয়ের পাশাপাশি জ্বালানি ও সরবরাহব্যবস্থার দুর্বলতাও ভূমিকা রাখছে। গত মঙ্গলবার মধ্যরাতে মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩৬ শতাংশ বাড়িয়ে ১৭ হাজার টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। তবে পরদিন শ্রমিকদের বিক্ষোভে ৪০৫টি কারখানার উৎপাদন ব্যাহত হয়। বৃহস্পতিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও উৎপাদনের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে সময় লাগছে।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি, ইউটিলিটি ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উদ্যোক্তারা বাড়তি চাপের মুখে পড়েছেন। একই সময়ে ক্রেতারা পণ্যের দাম আরও কমানোর চাপ দিচ্ছেন। ফলে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা সামাল দেওয়া কঠিন হয়ে উঠছে।
শাশা ডেনিমসের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ বলেন, শুল্কের ব্যবধান বাংলাদেশের জন্য কিছুটা সুবিধা তৈরি করতে পারে। তবে এতে স্বয়ংক্রিয়ভাবে অন্য দেশের ক্রয়াদেশ বাংলাদেশে চলে আসবে না। জ্বালানি সরবরাহ, পরিবহন এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের সক্ষমতা বাড়াতে হবে। অনিয়মিত জ্বালানি সরবরাহের কারণে সিনথেটিক পোশাক, আউটারওয়্যার ও অ্যাকটিভওয়্যারের মতো উচ্চমূল্যের পণ্যের বাজারেও বাংলাদেশ সুযোগ হারিয়েছে।
আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খান মনিরুল আলম জানান, ১ নভেম্বর থেকে তার অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেওয়া বন্ধ রেখেছেন। তাদের কেউ ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নিয়েছেন, কেউ স্থগিত বা বাতিল করেছেন। বিকল্প ব্যবস্থাও ইতোমধ্যে করে ফেলেছেন বলে ক্রেতারা জানিয়েছেন।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এম মাসরুর রিয়াজ বলেন, শুল্কের অনিশ্চয়তা রপ্তানিকারকদের আর্থিক চাপ বাড়াতে পারে। মার্কিন আমদানিকারকেরা বাড়তি ব্যয় ভোক্তাদের ওপর চাপালে চাহিদা কমতে পারে। আবার বাংলাদেশি সরবরাহকারীদের কাছ থেকে মূল্যছাড় চাইলে উৎপাদকদের মুনাফা কমবে। উচ্চ জ্বালানি, শ্রম ও পরিচালন ব্যয়ের কারণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়তে পারেন।
নলেজ হাব ইনস্টিটিউটের সভাপতি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, চীনা পণ্যের ওপর বেশি শুল্ক থাকায় দেশটির সরবরাহকারীরা কম দামে অন্য বাজারে পণ্য পাঠাচ্ছেন। এতে ইউরোপের বাজারে প্রতিযোগিতা বাড়ছে। বাংলাদেশি রপ্তানিকারকদেরও ক্রেতা ধরে রাখতে মূল্যছাড় দিতে হতে পারে। পাশাপাশি কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের জন্য চীনের ওপর নির্ভরতা নতুন ঝুঁকি তৈরি করছে।
দেশে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি ও তরুণদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি- ‘উদ্যোগ’ এর আওতায় জামানত ছাড়া ঋণ দিতে ৬৪০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে আট জেলার ৬৪ উপজেলা থেকে ১০ জন করে বাছাই করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে শুক্রবার (২৭ নভেম্বর) এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় নাম ও ব্যক্তিদের শনাক্তকরণ নম্বর প্রকাশ করলেও তারা কে কত টাকা ও কোন খাতে ঋণ পাচ্ছেন তা জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।
প্রথম ধাপে বাছাই করা জেলাগুলো হচ্ছে, মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। এসব জেলার ৬৪ উপজেলার প্রতিটির জন্য ঋণের ক্ষেত্রে একটি লিড ব্যাংকও ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
তালিকায় কোনো উপজেলার জন্য কোনটি লিড ব্যাংক সেটিও দেওয়া হয়েছে।
তরুণদের উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে নেওয়া ‘উদ্যোগ’ প্রকল্পে প্রথম পর্যায়ে ৮ জেলায় আবেদন পড়ে ১৮ হাজার ৪৪৪টি। সেখান থেকে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংকেই স্বাক্ষাৎকার নেওয়া হয় আবেদনকারীদের।
গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার উপজেলা পর্যায়ে সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় আবেদন গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে নেত্রকোনায় সর্বোচ্চ ৫৩৫১টি আবেদন পড়ে ঋণের জন্য। এর পরই রংপুর জেলায় ২৭৪৫টি ও ২ হাজার ৪৫৬টি আবেদন পড়ে নওগাঁয়।
এছাড়া মানিকগঞ্জে ১৩৪৩টি, ফেনীতে ১২৬১টি, ঝিনাইদহে ২১৯১টি, ভোলায় ১৫৪৫টি, হবিগঞ্জে ১৫৫২টি আবেদন জমা হয়।
উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ২৮ বছর বয়সি উদ্যোক্তাদের অর্থায়ন করতে গত ১৩ সেপ্টেম্বর ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এ প্রকল্পের অধীনে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপসহ অন্য বৈধ ব্যবসায় ঋণ নিতে পারবেন উদ্যোক্তরা।
এতে অর্থায়নের সর্বোচ্চ পরিমাণ হবে ২০ লাখ টাকা। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ হিসেবে ও অবশিষ্ট ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে।
ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেওয়ার কথাও বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে ঋণ হিসেবে দেওয়া অর্থ পরিশোধ না করলে, অনুদান অর্থের পুরোটাই ঋণে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ অনুদান নিশ্চিত করতে ঋণের পুরোটা পরিশোধ করতে হবে উদ্যোক্তাকে।
দেশের কৃষি খাতকে শুধু ফসল উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে উদ্যোক্তা তৈরি, আধুনিক বিপণনব্যবস্থা এবং প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক কাঠামোয় রূপ দিতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রায় ১৪ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে। কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের অংশীজনদের একই কাঠামোর আওতায় এনে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত কার্যকর সংযোগ গড়ে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
‘বাংলাদেশ এগ্রি এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট’ (বিএপি) নামের প্রস্তাবিত প্রকল্পে বিশ্বব্যাংকের কাছ থেকে ১০ কোটি মার্কিন ডলার অর্থায়নের প্রস্তাব রয়েছে। প্রকল্পের মাধ্যমে কৃষিসেবার ডিজিটাল রূপান্তর, কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ এবং উৎপাদন ও বিপণনব্যবস্থার দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে কৃষির গুরুত্ব বিবেচনায় এ উদ্যোগকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শস্য, প্রাণিসম্পদ, মৎস্য ও বনজ সম্পদ মিলিয়ে সামগ্রিক কৃষি খাতের অবদান মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১১ থেকে সাড়ে ১১ শতাংশ। দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪৫ শতাংশ এ খাতে নিয়োজিত। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও অন্যতম প্রধান ভিত্তি কৃষি।
উৎপাদন ও বিপণনে নতুন অংশীদারিত্ব: প্রস্তাবিত প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য কৃষক ও কৃষিভিত্তিক উদ্যোক্তাদের মধ্যে কার্যকর অংশীদারিত্ব গড়ে তোলা। প্রচলিত কৃষিব্যবস্থায় উৎপাদনের ওপর বেশি গুরুত্ব দেওয়া হলেও উৎপাদিত পণ্যের বাজারসংযোগ, প্রক্রিয়াজাতকরণ এবং বিপণনব্যবস্থায় নানা সীমাবদ্ধতা রয়েছে। এসব সীমাবদ্ধতা কাটিয়ে কৃষক যাতে উদ্যোক্তা ও বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত হতে পারেন, সে ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
প্রকল্পের প্রথম উপাদান ‘উৎপাদনশীল অংশীদারিত্ব’ বাস্তবায়নে ২২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর আওতায় কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সহযোগিতা বাড়ানো হবে। উৎপাদন পরিকল্পনা থেকে শুরু করে পণ্য বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সমন্বিত উদ্যোগ গড়ে তোলার সুযোগ তৈরি করাই এর উদ্দেশ্য।
ডিজিটাল হবে সরকারি কৃষিসেবা: কৃষকদের সরকারি সহায়তা ও সেবা আরও সহজলভ্য এবং কার্যকর করতে ডিজিটাল পাবলিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে প্রকল্পের দ্বিতীয় উপাদানে। এ খাতে ৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে কৃষিসেবা ও সহায়তা ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানো হবে। কৃষক ও উদ্যোক্তারা যাতে প্রয়োজনীয় তথ্য, পরামর্শ এবং সরকারি সেবা সহজে পেতে পারেন, সে ধরনের অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে।
খাদ্যনিরাপত্তায় বাড়বে নজরদারি: প্রকল্পের তৃতীয় উপাদানে খাদ্যনিরাপত্তা এবং কৃষিপণ্যের উৎস শনাক্তকরণ বা ট্রেসেবিলিটি ব্যবস্থা শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত কৃষিপণ্যের সরবরাহব্যবস্থা শনাক্ত ও অনুসরণযোগ্য করতে এ খাতে ৩ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। ফলে কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহের বিভিন্ন ধাপ সম্পর্কে তথ্য সংরক্ষণ এবং পর্যবেক্ষণের সুযোগ তৈরি হবে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাজারব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতেও এ উদ্যোগ ভূমিকা রাখতে পারে।
তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা: প্রকল্পের চতুর্থ উপাদানে ব্যবস্থাপনা, অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ খাতে ২ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে।
প্রথম পর্যায়ের চারটি উপাদানে মোট ৩৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের পরিকল্পনা করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আরও ৩০ কোটি এবং তৃতীয় পর্যায়ে ২৫ কোটি মার্কিন ডলার ব্যয়ের প্রস্তাব রয়েছে। সব মিলিয়ে তিন পর্যায়ে প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ৯০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকার সমপরিমাণ।
প্রকল্পটি বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর যুক্ত থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে প্রধান বাস্তবায়নকারী সংস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
প্রকল্পের প্রধান ফোকাল পয়েন্ট সাখাওয়াত হোসেন শরীফ বাসসকে বলেন, প্রকল্পের অর্থায়ন, ব্যয়ের খাত ও সুনির্দিষ্ট কার্যক্রম এখনো চূড়ান্ত হয়নি। বিশ্বব্যাংক ও সরকারের মধ্যে আলোচনা এবং সমঝোতার ভিত্তিতে প্রকল্পের আকার ও কর্মপরিকল্পনায় পরিবর্তন আসতে পারে। বর্তমানে প্রকল্পটির একটি কারিগরি নোট তৈরির কাজ চলছে।
কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্বব্যাংকের সহায়তায় ২০২৩ সালের জুলাইয়ে শুরু হওয়া ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন’ (পার্টনার) কর্মসূচির ধারাবাহিকতায় নতুন প্রকল্পটি নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিদ্যমান কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে কৃষিকে আরও উৎপাদনশীল, বাজারমুখী ও জলবায়ু-সহনশীল করে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাঠপর্যায়ের চাহিদা, সরকারের অগ্রাধিকার এবং নির্বাচনী ইশতেহারে উল্লিখিত প্রতিশ্রুতির ভিত্তিতে প্রকল্পের প্রথম পর্যায়ের উপাদানগুলো চূড়ান্ত করা হবে। এ লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক দলও গঠন করা হয়েছে।
সংশ্লিষ্ট অংশীজনদের প্রত্যাশা, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে কৃষক ও উদ্যোক্তাদের মধ্যে সমন্বিত উদ্যোগ বাড়বে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর কৃষিসেবা, উন্নত সরবরাহব্যবস্থা এবং বাজারের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে কৃষি খাতে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এসব সুফল নিশ্চিত করতে প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন, কার্যকর সমন্বয় এবং মাঠপর্যায়ে কৃষকের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
শীতের আগমনে বাজারে আসতে শুরু করেছে নানা ধরনের মৌসুমি সবজি। ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম ও মিষ্টিকুমড়ার সরবরাহ বাড়ায় কোথাও কোথাও কমেছে দাম। তবে সেই স্বস্তি দীর্ঘ হচ্ছে না। চাল, ভোজ্যতেল ও মাছের বাজারে বাড়তি দামের চাপ অব্যাহত রয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারের পণ্যমূল্য নিয়ে প্রকাশিত বাজারচিত্রে এমন পরিস্থিতি দেখা গেছে। মাংস ও ডিমের দাম কিছুটা স্থিতিশীল থাকলেও মাছের বাজারে সাধারণ ক্রেতাদের জন্য স্বস্তির জায়গা কম। ফলে একদিকে শীতের সবজিতে কিছুটা স্বস্তি, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাড়তি ব্যয়ে চাপে রয়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো।
শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করলেও রাজধানীর সব বাজারে দাম সমান নয়। মিরপুরের বাজারে মুলা ও শালগম কেজিপ্রতি ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ৪০ থেকে ৫০ টাকা এবং মিষ্টিকুমড়া ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। পেঁপের দাম ছিল ৪০ টাকা কেজি।
অন্যদিকে বাড্ডা, রামপুরা ও মালিবাগের বাজারে বেশির ভাগ সবজির দাম ৮০ থেকে ১২০ টাকার মধ্যে ছিল। করলা, বেগুন, দেশি শিম, ঝিঙে ও চিচিঙ্গা বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। নতুন আলু ৮০ থেকে ১২০ টাকা এবং স্থানীয় টমেটো ১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বাজারভেদে ভারতীয় টমেটোর দাম ছিল ১৮০ টাকা এবং গাজর ১৪০ টাকা কেজি।
ব্যবসায়ীদের ভাষ্য, সাম্প্রতিক বৃষ্টিতে কিছু এলাকার ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটেছিল। তবে নতুন শীতকালীন সবজির সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে।
সবজির তুলনায় মাছের বাজারে স্বস্তি কম। রাজধানীর বিভিন্ন বাজারে তেলাপিয়া ২৩০ টাকা, ছোট পাঙাশ ২০০ টাকা, বড় পাঙাশ ২৭০ টাকা, চাষের কই ২৮০ টাকা এবং বাইলা ৩২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কাতলা মাছের দাম শুরু হয়েছে ৩০০ টাকা থেকে। বড় আকারের কাতলা কিনতে গুনতে হচ্ছে ৫০০ টাকা বা তার বেশি।
এ ছাড়া পাবদা ৩৮০ টাকা, তেংরা ৫৪০ টাকা, শোল ৬০০ টাকা, চাষের শিং ৩০০ টাকা এবং ছোট চিংড়ি ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বড় গলদা চিংড়ির দাম ছিল ৮০০ টাকা।
মাছ বিক্রেতা জাহাঙ্গীর আলমের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (২৭ নভেম্বর) সাধারণত অন্যান্য দিনের তুলনায় কেজিতে ১০ থেকে ২০ টাকা বেশি দামে মাছ বিক্রি হয়। তবে আগের সপ্তাহের তুলনায় এবার বড় ধরনের পরিবর্তন হয়নি। বেশি দামে মাছ কিনে বিক্রি করতে গিয়ে ব্যবসায়ীদেরও বাড়তি পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে।
মাংসের বাজারে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি। গরুর মাংস কেজিপ্রতি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকা দরে বিক্রি হয়েছে। ব্রয়লার মুরগির দাম ছিল ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকা কেজি।
ডিমের ডজন বিক্রি হয়েছে ১৪০ টাকায়। অর্থাৎ মাছ ও চালের তুলনায় মাংস ও ডিমের বাজারে কিছুটা স্থিতিশীলতা রয়েছে। তবে এসব পণ্যের দামও সাধারণ আয়ের পরিবারের জন্য যথেষ্ট ব্যয়বহুল।
নিত্যপণ্যের বাজারে চাল ও ভোজ্যতেলের দাম নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বাজারগুলোতে মোটা চাল কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকা, মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা এবং সরু চাল ৭০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হয়েছে।
বিশেষ করে নাজিরশাইল ও মিনিকেট চালের সরবরাহের তুলনায় চাহিদা বেশি থাকায় দাম চড়া রয়েছে। এদিকে বৃহস্পতিবার থেকে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে দাম বাড়ানোর পরও বাজারে নতুন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। মিরপুরসহ বিভিন্ন এলাকার খুচরা বিক্রেতাদের ভাষ্য, কোম্পানিগুলোর কাছ থেকে নতুন করে তেলের সরবরাহ ও অর্ডার পাওয়া যাচ্ছে না। ফলে কোনো কোনো দোকানে পুরোনো মজুতের তেল আগের দামেই বিক্রি হচ্ছে, আবার অনেক দোকানে তেল পাওয়া যাচ্ছে না।
নিত্যপণ্যের বাজারের এই পরিস্থিতি মূল্যস্ফীতির চাপকে আবারও সামনে এনেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের জুন মাসে দেশে পয়েন্ট-টু-পয়েন্ট সাধারণ মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। ওই মাসে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬০ শতাংশ। পুরো অর্থবছরে গড় মূল্যস্ফীতি দাঁড়ায় ৮ দশমিক ৬৮ শতাংশে।
মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও পণ্যের আগের উচ্চমূল্য পুরোপুরি কমে যায়নি। ফলে আয় একই হারে না বাড়ায় সংসারের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে সীমিত আয়ের মানুষ। বিশেষ করে চাল, তেল ও মাছের মতো নিয়মিত কেনা পণ্যের দাম বাড়লে পরিবারের মাসিক বাজেটে তার সরাসরি প্রভাব পড়ে।
সব মিলিয়ে শীতের সবজির বাড়তি সরবরাহ বাজারে কিছুটা স্বস্তির বার্তা দিলেও চাল, তেল ও মাছের দাম সেই স্বস্তি ম্লান করে দিচ্ছে। বাজারে নিয়মিত সরবরাহ নিশ্চিত করা, মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণ এবং পণ্যের দাম তদারকির কার্যকর ব্যবস্থা ছাড়া সাধারণ ক্রেতার জন্য বাজারের চাপ কমানো কঠিন হবে।
সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি ঐতিহাসিক উদ্যোগ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা মাহ্দী আমিন।
শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যার্টাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন।
মাহ্দী আমিন লেখেন, সম্পূর্ণ সরকারি উদ্যোগে, কর্মীদের শূন্য অভিবাসন ব্যয়ে এবং নিয়োগকর্তার সম্পূর্ণ অর্থায়নে মালয়েশিয়ায় ১১২ জন কর্মীর প্রথম দল প্রেরণ করা হয়েছে। স্বচ্ছ ডিজিটাল লটারি ও সরাসরি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চলমান এই উদ্যোগ বৈদেশিক কর্মসংস্থানে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল, যা আজ দেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রবাসীদের কল্যাণ, অধিকার ও স্বার্থ সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ আরও সুসংহত হয়। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনশক্তি রপ্তানিতে নতুন অধ্যায় সূচিত হলো।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সরকারের লক্ষ্য হলো কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অভিবাসন ব্যয় হ্রাস এবং প্রবাসী কর্মীদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই অঙ্গীকার বাস্তবায়নের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ একজন কর্মীর বিদেশযাত্রার সঙ্গে একটি পরিবারের সচ্ছলতা, সন্তানদের ভবিষ্যৎ এবং আপনজনদের প্রত্যাশা জড়িয়ে থাকে উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, প্রবাসীদের ঘামঝরা শ্রম ও কষ্টার্জিত উপার্জনে দেশ সমৃদ্ধ হয়, লাখো পরিবারের জীবন বদলে যায় এবং বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী হয়।
বিদেশে কর্মসংস্থান যেন অভিবাসন ব্যয়ের বোঝা না হয়ে প্রতিটি কর্মীর জন্য মর্যাদা, নিরাপত্তা, সচ্ছলতা ও সম্ভাবনার স্থায়ী দুয়ার হয়ে ওঠে—সরকার সেই দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে বলেও স্ট্যার্টাসে উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন। বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় শুভেচ্ছা জানান তিনি। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় মালয়েশিয়া সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে ‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে আইজিপি বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য দেখাতে নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেন। এ সময় অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ সদস্য এবং দর্শকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন এআইজি (হেলথ, ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) ও ক্লাবের সাধারণ সম্পাদক এ এন এম মারুফ আবদুল্লাহ।
অনুষ্ঠানে শিশুরা একটি ডিসপ্লে প্রদর্শন করে। পরে আইজিপি বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় জুডো ও উশু—উভয় ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ। তায়কোয়ানডোতে চ্যাম্পিয়ন হয়েছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) এবং রানার্সআপ হয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। অন্যদিকে কারাতে ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম রেঞ্জ এবং রানার্সআপ হয়েছে সিএমপি।
গত ৮ নভেম্বর রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল।
আন্তর্জাতিক প্রতিরক্ষাবিষয়ক ওয়েবসাইট গ্লোবাল ফায়ারপাওয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্যারামিলিটারি বা আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার দিক থেকে বিশ্বে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সংস্থাটির প্রকাশিত তালিকায় বাংলাদেশের প্যারামিলিটারি বাহিনীর মোট জনবল দেখানো হয়েছে ৬৮ লাখ।
প্রতিবেদন অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সুরক্ষা ও অন্যান্য দায়িত্বে নিয়োজিত আধা-সামরিক বাহিনীর সদস্যসংখ্যার ভিত্তিতে এ তালিকা তৈরি করা হয়েছে। এতে বাংলাদেশের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী ভারত। দেশটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২৫ লাখ ২৭ হাজার।
তালিকায় ১১ লাখ ৪৫ হাজার সদস্য নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কিউবা। চতুর্থ অবস্থানে থাকা চীনের প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ৬ লাখ ২৫ হাজার। এরপর ৬ লাখ সদস্য নিয়ে সার্বিয়া পঞ্চম এবং ৫ লাখ সদস্য নিয়ে পাকিস্তান ষষ্ঠ স্থানে রয়েছে।
এ ছাড়া ৩ লাখ সদস্য নিয়ে মিশর সপ্তম অবস্থানে রয়েছে। অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, রাশিয়া ও ভিয়েতনাম। এই তিন দেশের প্রত্যেকটির প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা ২ লাখ ৫০ হাজার।
গ্লোবাল ফায়ারপাওয়ারের উপাত্তে আরও বলা হয়েছে, বাংলাদেশের এই ৬৮ লাখ সদস্য বৈশ্বিক মোট প্যারামিলিটারি জনবলের প্রায় ৩৮ শতাংশ।
তবে প্যারামিলিটারি বাহিনীর জনবলে শীর্ষে থাকলেও সামগ্রিক সামরিক সক্ষমতার বিচারে বাংলাদেশের অবস্থান অনেক পেছনে। গ্লোবাল ফায়ারপাওয়ারের ২০২৬ সালের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৭তম। অর্থাৎ, প্যারামিলিটারি বাহিনীর সদস্যসংখ্যা এবং সামগ্রিক সামরিক সক্ষমতা— দুটি আলাদা সূচক।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ মিললে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। এক্ষেত্রে এজেন্সির লাইসেন্সও বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে ‘জালালাবাদ এসোসিয়েশন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সম্পূর্ণ বিনা খরচে গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ায় ডিএইচএল কোম্পানিতে গেছেন এবং আগামী ৯ তারিখে আরও একটি দল যাবে।
তিনি বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা দিতে ‘ল ফার্ম’ গঠনের কাজ চলছে। এছাড়া, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে জোর প্রচেষ্টা চালানো হচ্ছে এবং বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক প্রত্যেক নিহতের পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
প্রবাসীদের সেবা ও সমস্যা সমাধানের বিষয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সময় প্রবাসীদের উদ্দেশে যে দেশে অবস্থান করছেন সে দেশের প্রচলিত আইন মেনে চলার অনুরোধ জানান মন্ত্রী।
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাঃ জুবাইদা রহমান বলেছেন ‘২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের আওতায় আসবে।’
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. জুবাইদা বলেন, বিদ্যালয়ে দুপুরের খাবার বা স্কুল ফিডিং কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ ও বিদ্যালয়ের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে পারে। বর্তমানে ৫০৩টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছেন। এই প্রকল্প বিদ্যালয়মুখী চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য যথেষ্ট।
তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ৫০৩টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পাবে এক কোটি ১০ লাখ শিশু। চলমান ব্যবস্থার পাশাপাশি মায়েদের নিয়ে খাবারের গুণগত মান তদারকি জোরদার করা যেতে পারে। বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিড ডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতা আয়োজন করা যেতে পারে। প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধন প্রণালী, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ, দুগ্ধজাত পণ্য ব্যবহার এবং মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশে শিশুদের পুষ্টিহীনতা বহু গুণে রোধ করবে।
তিনি আরও বলেন, কৃষিপ্রধান এই দেশে নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা জরুরি। এর মধ্যে রয়েছে- উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ সোনালী ধানের দেশে ভিটামিন 'এ'-সমৃদ্ধ ধান এবং পুষ্টির অভাব দূরীকরণে রোগ প্রতিরোধী আলু চাষ; কীটনাশক হ্রাসে পোকা দমনে বিশেষ প্রতিরোধী বেগুন (যা ৩ হাজারেরও বেশি কৃষক চাষ করছেন); আধুনিক সেচ ও কৃষি অবকাঠামো উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার, জলাবদ্ধতা দূরীকরণ ও পতিত জমি আবাদী জমিতে রূপান্তর; জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি ও পুষ্টি সংবেদনশীল নীতি; বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরী সহায়তায় মা ও শিশুদের বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও খাদ্য সহায়তা কর্মসূচি।
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি।
এসময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেওয়ার পাশাপাশি সবাই মিলে খেলাধুলা করছে কিনা, সে বিষয়েও খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) এসব তথ্য জানান।
তিনি বলেন, নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন।
শিশুদের সঙ্গে কথা বলার একপর্যায়ে সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কিনা, কেউ বাদ পড়ছে কিনা, তা জানতে চান তিনি।
পাশাপাশি নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে শিশুদের উৎসাহিত করেন।
এর মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং নিজেদের আনন্দ ও সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।
মুসলমানদের সাপ্তাহিক ইবাদতের বিশেষ দিন শুক্রবার। এদিন জোহরের নামাজের পরিবর্তে জামাতে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। সাধারণত জামে মসজিদে এ নামাজের আয়োজন করা হয়। তবে কোনো এলাকায় মসজিদ না থাকলে কিংবা বিশেষ পরিস্থিতিতে খোলা জায়গা, ভবনের ছাদ বা নির্দিষ্ট কোনো কক্ষে জুমার জামাতের আয়োজন করা হলে সেখানে নামাজ আদায় করা যাবে কি না, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে।
ইসলামি শরিয়তের বিধান অনুযায়ী, জুমার নামাজ আদায়ের জন্য মসজিদ হওয়া শর্ত নয়। অর্থাৎ মসজিদের বাইরে উপযুক্ত কোনো খোলা জায়গা, মাঠ কিংবা কক্ষেও জুমার জামাত অনুষ্ঠিত হতে পারে। তাই কোনো স্থানে মসজিদ না থাকলেও সেখানে জুমার জামাত আয়োজন করা যাবে। তবে শর্ত হলো, জুমার নামাজ আদায়ের অন্যান্য বিধান ও শর্ত যথাযথভাবে পূরণ হতে হবে।
তবে উত্তম হলো জুমার নামাজ জামে মসজিদে আদায় করা। মসজিদে মুসল্লিরা একসঙ্গে সমবেত হয়ে খুতবা শোনার পাশাপাশি জামাতে নামাজ আদায়ের সুযোগ পান। এতে সামাজিক বন্ধন ও পারস্পরিক সম্প্রীতিও দৃঢ় হয়।
একইভাবে দুই ঈদের নামাজ আদায়ের জন্যও মসজিদ হওয়া শর্ত নয়। ঈদের নামাজ মসজিদের বাইরে খোলা জায়গা, মাঠ কিংবা উপযুক্ত কোনো কক্ষে আদায় করা যায়। তবে সুন্নাহ অনুযায়ী ঈদের নামাজ ঈদগাহ বা খোলা ময়দানে আদায় করা উত্তম।
সুতরাং কোনো অ্যাপার্টমেন্টের ছাদে, নিচতলায় কিংবা নির্দিষ্ট কোনো কক্ষে জুমার বা ঈদের জামাতের আয়োজন করা হলে সেখানে নামাজ আদায় করা যাবে। তবে সুযোগ ও উপযুক্ত পরিবেশ থাকলে জুমার নামাজ জামে মসজিদে এবং ঈদের নামাজ ঈদগাহ বা খোলা ময়দানে আদায় করাই উত্তম। এ বিষয়ে ফতোয়ার গ্রন্থ রদ্দুল মুহতার আলা আদ-দুররিল মুখতার (খণ্ড ২, পৃষ্ঠা ১৬৯) থেকে তথ্য নেওয়া হয়েছে।
রাজধানীতে জনসংখ্যা ও আবাসনের চাপ কমাতে কেরানীগঞ্জে তিন হাজার একর জমিতে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। রাজধানীর পাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলাই সেকেন্ডারি সিটির মূল লক্ষ্য। এর মাধ্যমে ঢাকার মূল নগর এলাকার বাইরে বসবাসের বিকল্প সুযোগ তৈরি হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীর সঙ্গে সড়ক যোগাযোগ ব্যবস্থা রেখে নতুন আবাসিক এলাকা গড়ে উঠলে কেন্দ্রীয় এলাকার ওপর আবাসনের চাপ কিছুটা কমবে। একই সঙ্গে ঢাকার প্রান্তে অপরিকল্পিত নগরায়ণের পরিবর্তে পরিকল্পিতভাবে বসবাসের সুযোগ তৈরি হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের (জাগৃক) সচিব মনদীপ ঘরাই বলেন, কেরানীগঞ্জে প্রস্তাবিত ঢাকা ওয়েস্টার্ন বাইপাসসংলগ্ন এলাকায় সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
কলাতিয়া ও তারানগরসহ আশপাশের এলাকায় প্রকল্পের জন্য স্থান চিহ্নিত করা হয়েছে। এলাকাটি ঢাকার বসিলা সেতু থেকে প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এবং ঢাকা-আরিচা মহাসড়ক থেকে প্রায় ছয় কিলোমিটার দক্ষিণে।
তিনি বলেন, রাজধানীর সঙ্গে নতুন শহরের যোগাযোগ ব্যবস্থাকে পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের সঙ্গে সামঞ্জস্য রেখে সাভারের আমিনবাজার ও ঢাকার বসিলার দিকে দুটি প্রধান প্রবেশ সড়ক রাখার প্রস্তাব রয়েছে। আবাসন ও যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিতভাবে গড়ে তোলার মাধ্যমে এলাকাটিকে রাজধানীর বিকল্প বসতির উপযোগী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
প্রকল্পটি এখন পরিকল্পনার পর্যায়ে রয়েছে উল্লেখ করে মনদীপ ঘরাই আরও জানান, সম্ভাব্যতা যাচাই ও মহাপরিকল্পনার মাধ্যমে প্রকল্পের বিস্তারিত নির্ধারণ করা হবে। মোট আবাসনসংখ্যা, নির্মাণব্যয় ও বাস্তবায়নের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম বলেন, ‘রাজধানীর আবাসনের চাপ কমাতে আশপাশে নাগরিক সুবিধাসম্পন্ন পরিকল্পিত জনবসতি গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি নিম্ন আয়ের মানুষ যেন সাশ্রয়ী ভাড়ায় উন্নত পরিবেশে বসবাস করতে পারেন, সে লক্ষ্যেও আবাসন প্রকল্পের পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘সেকেন্ডারি সিটির পাশাপাশি নিম্ন আয়ের মানুষের আবাসনের চাহিদা মেটাতে টঙ্গীতে নেওয়া হচ্ছে পৃথক উদ্যোগ। সেখানে ফ্ল্যাট কেনার পরিবর্তে মাসিক ভাড়ায় বসবাসের সুযোগ রাখা হচ্ছে। ফলে এককালীন বড় অঙ্কের অর্থ ব্যয় ছাড়াই এসব পরিবারের পরিকল্পিত আবাসনে থাকার সুযোগ তৈরি হবে।’
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপবিভাগীয় প্রকৌশলী আব্দুল্লাহ হিল বাকী বলেন, ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার বিপুল আবাসন চাহিদার পরিপ্রেক্ষিতে সরকারের ফাইভ ইয়ার স্ট্রাটেজিক প্ল্যানের সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকার সন্নিকটে কেরানীগঞ্জ উপজেলায় একটি ‘ সেকেন্ডারি সিটি ’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, প্রস্তাবিত সম্ভাব্যতা সমীক্ষার সিদ্ধান্ত ও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, সম্ভাব্য সকল নাগরিক সুবিধাসহ সর্বস্তরের জনগণের জন্য নিরাপদ কমিউনিটি গড়ে তোলার প্রয়োজনীয় প্রকল্প প্রস্তাবনা তৈরি করা হচ্ছে।
জাতীয় গৃহায়ন কতৃপক্ষ (জাগৃক) থেকে পাওয়া নথি-পত্র অনুযায়ী জানা গেছে, বর্তমান সরকারের অগ্রাধিকার ভিত্তিক ১৮০ দিনের কর্মপরিকল্পনায় জাতীয় গৃহায়ন কতৃপক্ষের (জাগৃক) ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সড়ক ও জনপথের প্রস্তাবিত ওয়েস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় সেকেন্ডারী সিটি নির্মাণ শীর্ষক প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রকল্প গ্রহণ করা হয়েছে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাইট সিলেকশন কমিটির সদস্যরা প্রস্তাবিত সাইট ও পারিপার্শ্বিক অবস্থা পরিদর্শন করে প্রতিবেদন প্রদানের জন্য পত্র জারি করে। প্রস্তাবিত স্থানটি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ‘সাইট সিলেকশন কমিটি’ চলতি বছরের ১৬ এপ্রিল সরেজমিনে পরিদর্শন করে।
প্রস্তাবিত স্থানটি ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার কলাতিয়া, বটতলি, তারানগর, বেউতা, বাড়িলগাঁও, বরইকান্দি, দক্ষিণ ও উত্তর বাহেরচরে অবস্থিত। ঢাকার বসিলা সেতু হতে প্রকল্প এলাকাটি প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে, ঢাকা-আরিচা মহাসড়ক হতে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণে এবং কলাতিয়া বাজার হতে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
স্থানটির অল্প কিছু অংশে (প্রায় ৫ থেকে ৮ শতাংশ) বসতবাড়ি থাকলেও অন্যান্য অঞ্চল এক ফসলি জমি হিসেবে ব্যবহৃত হয়। এ সকল ফসলি মাঠে বিভিন্ন আবাসন কোম্পানির বিলবোর্ড পাওয়া গেছে।
প্রকল্পের পশ্চিম ও দক্ষিণ পাশে ডিটিসিএ’র আওতাধীন প্রস্তাবিত এলাকা ঢাকা ওয়েস্টার্ন বাইপাস সড়কে অবস্থিত। এর মাধ্যমে মূলত সাভারের আমিন বাজার হতে ঢাকা-আরিচা মহাসড়কের সঙ্গে ঢাকা-মাওয়া মহাসড়ক এবং ঢাকা মোহাম্মদপুরের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হবে।
প্রকল্প স্থানের প্রায় আড়াই কিলোমিটার পূর্বে বুড়িগঙ্গা নদী এবং দুই কিলোমিটার পশ্চিমে ধলেশ্বরী নদী প্রবাহিত হচ্ছে। ঢাকা ওয়েস্টার্ন বাইপাসের পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে প্রকল্পের দু’টি প্রধান এক্সেসরোড পরিকল্পনা করা সমীচীন হবে। সেকেন্ডারী সিটির সকল সুবিধা নিশ্চিত করতে কমপক্ষে তিন হাজার একরের প্রকল্প গ্রহণ করা প্রয়োজন।
রাজধানী ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ হ্রাসের জন্য মোহাম্মদপুরের পাশ্ববর্তী এ স্থানটি সেকেন্ডারী সিটি প্রকল্পের জন্য অত্যন্ত উপযোগি। এর মাধ্যমে এ অঞ্চলে শুরু হওয়া অপরিকল্পিত নগরায়নের ঝুঁকিপূর্ণ বিনিয়োগের পরিবর্তে সরকারি প্লট প্রকল্পে জনসাধারণের বিনিয়োগ নিশ্চিত হবে।
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ আরও জানায়, স্বল্প ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ১৫ টি প্রকল্প চলমান রয়েছে।
এর আওতায় ৬ হাজার ২১৫টি ফ্ল্যাট নির্মাণ এবং ৫৩১টি প্লট উন্নয়নের কাজ চলছে। প্রকল্পগুলোর দু’টি সরকারি ও ১৩টি নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। নতুন ৯টি প্রকল্পে বরাদ্দের জন্য প্রসপেক্টাস মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রাজধানীর ওপর চাপ কমাতে কেরানীগঞ্জ ও ধামরাইয়ে সেকেন্ডারি সিটি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়াও দেশের ৮ বিভাগের ৩৮টি জেলা ও ৮টি উপজেলায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ৬৬টি হাউজিং এস্টেট রয়েছে। এ পর্যন্ত ৫৩টি প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ৬ হাজার ২৪টি প্লট উন্নয়ন এবং ৬ হাজার ৫৭৬টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে।
দেশের জেলা ও উপজেলা পর্যায়েও পরিকল্পিত আবাসন সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ প্রকল্প গ্রহণের সুবিধার্থে ল্যান্ড ব্যাংক তৈরির লক্ষ্যে তথ্য ও সংশ্লিষ্ট গেজেট সংগ্রহের কাজ চলছে।
জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বহুতল আবাসনের পাশাপাশি ভূমিকম্প সহনশীল ভবন, পরিকল্পিত ড্রেনেজ, জলাধার, সবুজ পার্ক ও উন্মুক্ত স্থানকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
পরিকল্পিত আবাসনে খেলার মাঠ, সবুজ চত্বর, কমিউনিটি স্পেস ও সুপেয় পানির ব্যবস্থা রাখা হচ্ছে। লক্ষ্য হলো মানুষের সামর্থ্যরে মধ্যে নিরাপদ, স্বাস্থ্যকর ও নাগরিক সুবিধাসম্পন্ন আবাসন গড়ে তোলা।
দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার।
আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।
২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর মাধ্যমে তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক মর্যাদা ও অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে।
জনপ্রশাসন উপদেষ্টা জানান, চলতি অর্থবছরে সম্মানী কর্মসূচির আওতায় আসা ৮৬ হাজার ৭০৯টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা। এসব প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মী সম্মানী পাবেন।
নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের একজন ইমাম মাসে ৫ হাজার টাকা, মুয়াজ্জিন ৩ হাজার টাকা ও খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন।
একইভাবে মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারে দায়িত্ব পালনকারী ধর্মীয় ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পাবেন।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তি সীমিত আর্থিক সুবিধার মধ্যে তাদের দায়িত্ব পালন করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত ও অন্যান্য ধর্মীয় সেবাকর্মীর নির্দিষ্ট আয়ের সুযোগ সীমিত। তাদের নিয়মিত সম্মানী প্রদানের মাধ্যমে জীবনযাত্রায় কিছুটা স্বস্তি আসবে বলে সরকার আশা করছে।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী প্রদানের কার্যক্রম প্রথমবারের মতো পাইলট প্রকল্পের মাধ্যমে শুরু হয় চলতি বছরের ১৪ মার্চ। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রাথমিক পর্যায়ে দেশের ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন ধর্মীয় সেবাকর্মীকে কর্মসূচির আওতায় আনা হয়। তাদের মধ্যে ৪ হাজার ৬৮৩ জন ইমাম, ৪ হাজার ৩১২ জন মুয়াজ্জিন ও অবশিষ্টরা খাদেমসহ অন্যান্য ধর্মীয় সেবাকর্মী রয়েছেন ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আরো জানিয়েছেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতার ভিত্তিতে পরবর্তী সময়ে কর্মসূচির পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
জনপ্রশাসন উপদেষ্টা জানান, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সদরে মসজিদ, মন্দির ও গির্জার ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদানের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করবেন।
এরপর ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় ধর্মীয় নেতৃবৃন্দের হাতে সম্মানী তুলে দেবেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সম্মানী বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচিতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফটওয়্যার ব্যবহার করে গভর্নমেন্ট টু পারসন (জি-টু-পি) পদ্ধতিতে অর্থ প্রদান করা হবে।
সুবিধাভোগীদের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে অর্থ পাঠানো হবে।
এ প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, কোনো ইমাম, মুয়াজ্জিন কিংবা ধর্মীয় সেবাকর্মীর হাতে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে না। তাদের নিজস্ব ব্যাংক অথবা মোবাইল আর্থিক সেবার হিসাবে সম্মানীর অর্থ পৌঁছে দেওয়া হবে। এতে মধ্যস্বত্বভোগীদের সুযোগ থাকবে না এবং দুর্নীতি ও অনিয়মের ঝুঁকি কমবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ কার্যক্রম বাস্তবায়নে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রাথমিক পর্যায়ে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ের সম্মানী সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
সুবিধাভোগী নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা বলেন, স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠান ও দায়িত্বশীল ব্যক্তিদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আরও দুজন বিশিষ্ট ব্যক্তি তালিকা প্রণয়নের কাজে সহায়তা করছেন। প্রতিষ্ঠান নির্বাচন কিংবা তালিকা তৈরিতে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি।
উপদেষ্টা জানান, বর্তমানে দেশে মোট ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার ও ১ হাজার ২০৪টি গির্জা রয়েছে। চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলোকে আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে।
তিনি আরও বলেন, সরকার দায়িত্বে থাকা অবস্থায় প্রতিবছর ধর্মীয় প্রতিষ্ঠানকে পর্যায়ক্রমে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সব ধর্মের ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য একটি ধারাবাহিক রাষ্ট্রীয় সহায়তা ব্যবস্থা গড়ে উঠবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ কর্মসূচি শুধু ধর্মীয় ব্যক্তিত্বদের আর্থিক সহায়তাই নয়, বরং দেশের ধর্মীয় সম্প্রীতি, সামাজিক নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ধর্মীয় প্রতিষ্ঠানগুলো স্থানীয় পর্যায়ে নৈতিক শিক্ষা, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে। এসব প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত হলে, সামাজিক কর্মকাণ্ডে তাদের আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।
তবে কর্মসূচির সফল বাস্তবায়নে প্রকৃত দায়িত্ব পালনকারীদের তালিকা প্রণয়ন, তথ্য যাচাই, নিয়মিত অর্থ বিতরণ ও অনিয়ম প্রতিরোধে কার্যকর নজরদারি জরুরি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো যাতে প্রশাসনিক জটিলতার কারণে বাদ না পড়ে, সে বিষয়ে মাঠপর্যায়ে তদারকি প্রয়োজন।
ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের সম্মানী কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে। এ সেলের অষ্টম সভা গত ৯ সেপ্টেম্বর সচিবালয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।