জাতীয় পার্টিতে ফের গৃহদাহ শুরু হয়েছে। এতদিন দেবর জি এম কাদেরের সঙ্গে ভাবি রওশন এরশাদের দ্বন্দ্বে এবার যুক্ত হয়েছেন রওশনপুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ। সম্প্রতি সম্মেলনের প্রস্তুতি হিসেবে দলকে চাঙা করতে সারা দেশ সফরের সিদ্ধান্ত নিয়েছে রওশনপন্থিদের সম্মেলন প্রস্তুতি কমিটি। এ উপলক্ষে আয়োজিত জরুরি সভায় প্রধান অতিথি ছিলেন সাদ এরশাদ। এদিকে এরশাদের মৃত্যুর আগেই বিবাহবিচ্ছেদ নেয়া বিদিশা সিদ্দিকও জাতীয় পার্টির উত্তরাধিকার দাবি করছেন। তবে এসব কর্মকাণ্ডকে পাত্তা দিচ্ছেন না জাতীয় পার্টিতে জি এম কাদেরের অনুসারী নেতারা।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. শান্তনু মজুমদার দৈনিক বাংলাকে বলেন, অবৈধভাবে ক্ষমতা দখল এবং দল তৈরি করার যে সংস্কৃতি, তাতে এই দলটা কতটুকু টিকে থাকবে, সেটা আগামী নির্বাচনে বোঝা যাবে। আগে ছিল দলের ভেতর, এখন ঘরের ভেতর গৃহদাহ। এই ধরনের দল গণতন্ত্রের বিকাশে কোনো ভূমিকা রাখতে পারে না। বড় দলগুলো চায় যত বেশি ছোট দলকে নিজেদের পক্ষে রাখা যায়। তাই তাদের একটি অংশ হয়তো চাচ্ছে যত বেশি শক্ত অবস্থান নেয়া যাবে, তত বেশি ভাগ নেয়া যাবে। আরেকটা অংশ হয়তো ভাবছে চাপের মধ্যে রাখি, না হলে হয়তো কিছুই পাব না। এদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, এদের কোনো আইকন নেই। যতদিন পর্যন্ত তাদের দলের প্রতিষ্ঠাতা ছিলেন, ততদিন উনি কোনোভাবে চালিয়েছেন। উনি চলে যাওয়ার পর কেউ কাউকে মান্য করে না, মান্য করার সংস্কৃতিও নেই।
জি এম কাদেরপন্থি নেতারা মনে করছেন, জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে রওশন-জি এম কাদেরের মাঝে একটা প্রতিযোগিতা রয়েছে। তার অংশ হিসেবেই সম্মেলন ডাকা হয়েছিল। কিন্তু সেটা সমঝোতা হয়েছে। পরবর্তী সময়ে রওশনের কার্যকলাপে মনে হচ্ছে তিনি নিয়ন্ত্রণ ছাড়তে চাচ্ছেন না। রওশনের সঙ্গে জাতীয় পার্টির একটি গ্রুপ মিশে গেছে, যারা সরকারের সঙ্গে থাকতে চায়। রওশনকে সামনে রেখে সরকারের সুদৃষ্টি পেতে চায়। তবে বিষয়টি এত সহজ নয়।
ওই নেতারা বলছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা মনে করে, এখন যেভাবে চলছে, সেভাবে আওয়ামী লীগের সঙ্গে থাকার কোনো অর্থ নেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে সম্মানজনকভাবে আওয়ামী লীগের সঙ্গে জোট হতে পারে। বিএনপির সঙ্গে যাওয়ার সম্ভাবনা নেই। জাতীয় পার্টির ৮০ শতাংশ নেতা-কর্মী জি এম কাদেরের সঙ্গে আছে। সেই হিসাবে সাংগঠনিকভাবে জি এম কাদের অনেক শক্তিশালী।
সংবিধান অনুযায়ী নির্বাচনে অংশ নেয়া হবে- রওশন এরশাদের এমন বক্তব্যের সমালোচনা করে জাতীয় পার্টির একজন প্রেসিডিয়াম সদস্য নাম প্রকাশ না করার শর্তে দৈনিক বাংলাকে বলেন, ‘ম্যাডাম তো কথা বলতে পারেন না ঠিকভাবে। ওই দিন দেখলাম রাঙ্গা ভাই জোর করে ওনাকে দিয়ে এ কথা বলালেন। এইটা আমাদের প্রেসিডিয়াম সভা অনুমোদন করে না। নির্বাচনের বিষয়ে আমাদের সিদ্ধান্ত ৩০০ আসনে প্রার্থী দেয়া।’
দলীয় সূত্র বলেছে, গত রোববার রাজধানীর বারিধারায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের মুখপাত্রের বাসভবনে ঈদ পুনর্মিলনী ও জরুরি সভা করে রওশনপন্থি জাতীয় পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি। সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহগির আল মাহি সাদ এরশাদ। ওই সভায় মে মাসকে সাংগঠনিক মাস ঘোষণা করে ৭৮টি সাংগঠনিক জেলা সফরের সিদ্ধান্ত হয়। এরপর জুনের যেকোনো সুবিধাজনক সময়ে প্রতিনিধি সভা করার পক্ষে চূড়ান্ত মত গ্রহণ করা হয়। জেলা সফর সম্পন্ন করার জন্য চারটি কেন্দ্রীয় সাংগঠনিক টিম গঠনের সিদ্ধান্ত হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী দৈনিক বাংলাকে বলেন, ‘দলে বিভক্তি এনে কেউ লাভবান হবেন না। উল্টো দলের ক্ষতি হবে, কর্মীরা বিপদে পড়বে। আমাদের দলের ঐক্য অটুট রাখতে হবে।’
এ বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের দৈনিক বাংলাকে বলেন, ‘জাতীয় পার্টির রাজনীতি যে মানুষের জন্য তা আমরা তুলে ধরছি। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছি। যারা জাতীয় পার্টির নাম ব্যবহার করে নিজেদের আলাদা দাবি করে, তাদের এসব করে লাভ হবে না মন্তব্য করে তিনি বলেন, কিছু লোক এমন করছে। যারা জাতীয় পার্টিকে দুর্বল করতে চায়, নিজেদের পকেটে রাখতে চায় তারা এসব করছে। আমি তো মূল ধারার কাউকে এমন করতে দেখছি না। এসব করে লাভ হবে না।’
এ প্রসঙ্গে রওশনপন্থি সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ দৈনিক বাংলাকে বলেন, ‘আমাদের সম্মেলন প্রস্তুতি কমিটির বর্ধিত সভা আগামী মাসে হবে। ম্যাডাম চাচ্ছেন সবাইকে নিয়ে সম্মেলন করে নির্বাচনের আগে দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে। কিন্তু ওনারা (জি এম কাদের) কেন চাচ্ছেন না তা আমি জানি না।’ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা আশা করছি জাতীয় পার্টি ঐক্যবদ্ধ থাকবে। আমাদের মধ্যে কোনো বিভক্তি হবে না।’
জাতীয় পার্টির জি এম কাদেরপন্থিরা বলছেন, নির্বাচন সামনে রেখে এখন পর্যন্ত ৩০০ আসনে প্রার্থী দেয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তারা। কিন্তু চূড়ান্ত কর্মপরিকল্পনা ঠিক হবে আরও পরে। ঈদের পর দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক ডাকার কথা রয়েছে। সেখানে মূলত জাতীয় পার্টি এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে তা ঠিক করা হবে। জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও এখানে দুটি বিষয় রয়েছে। একটি হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে জোটগতভাবে নির্বাচনে অংশ নেয়া, অন্যটি হচ্ছে জাতীয় পার্টিসহ অন্য কয়েকটি দলকে সঙ্গে নিয়ে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয়া। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে জি এম কাদের তার কর্মপরিকল্পনা ঠিক করবেন।
নাম প্রকাশ না করার শর্তে জি এম কাদেরপন্থি এক প্রেসিডিয়াম সদস্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান-আমেরিকা সফরের পর আগামী নির্বাচন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি কতটা সরকারের অনুকূলে থাকবে, সেটার পরিষ্কার বার্তা পাওয়া যাবে। তখন পরিস্থিতি বলবে সরকারের সঙ্গে থাকব, নাকি ভিন্ন চিন্তা করব। আর সবকিছু বিবেচনায় নিয়ে জি এম কাদের তার রাজনৈতিক অবস্থান ঠিক করবেন। তবে মুখে বিরোধিতা করলেও এখন পর্যন্ত জি এম কাদেরও সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করেই আসছেন।
জি এম কাদেরপন্থিরা বলছেন, রওশন এরশাদের সঙ্গে জি এম কাদেরের নিয়মিত কথা হয়। তার পক্ষ থেকে অনেক সুপারিশ আসে, যেগুলো জি এম কাদের মেনে চলছেন। এরপর রওশনপন্থি হয়ে যারা দ্বন্দ্ব তৈরি করে রাখছেন, তাদের বিষয়টিও দলের প্রেসিডিয়াম সভা ডেকে সুরাহা করা হবে। এই ক্ষেত্রে রওশন এরশাদ যদি প্রেসিডিয়ামের সভায় নেয়া সিদ্ধান্তের সঙ্গে একমত না হন, তাহলেও তার বিষয়ে কী করণীয় তাও পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে। তবে রওশনপন্থি হিসেবে পরিচিত যাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের কাউকে ফিরিয়ে না নেয়ার সিদ্ধান্তে অটল আছেন জি এম কাদের।
রওশনপন্থি নেতারা বলছেন, আওয়ামী লীগ পরপর দুবার রওশন এরশাদকে বিরোধীদলীয় নেতা বানিয়েছে। ফলে সেই কৃতজ্ঞতা থেকে এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিলে আগামীতেও সরকার গঠন করার সম্ভাবনা বেশি আওয়ামী লীগেরই। তাই রওশন এরশাদ ও তার অনুসারীরা আগামী নির্বাচনেও সরকারের সঙ্গে থাকবেন। আর এখন যারা রওশন এরশাদের সঙ্গে আছেন, তাদের মূল লক্ষ্য হচ্ছে সরকারের সঙ্গে যোগাযোগ রেখে আগামী নির্বাচনে দলের মনোনয়ন নিশ্চিত করা। এ জন্য জি এম কাদেরকে চাপে রেখে দলে ফেরা এবং সমঝোতা করাই মূল লক্ষ্য। এ ছাড়া জি এম কাদেরের সঙ্গে যারা আছেন, তারাও অনেকে প্রকাশ্যে ও গোপনে রওশন এরশাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন। যাতে আগামী নির্বাচনে মনোনয়ন নিয়ে কোনো ঝামেলায় পড়তে না হয়।
এদিকে ২০২১ সালে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে পদ-পদবি নিয়ে দ্বন্দ্ব চরম আকার ধারণ করলে তখন জাতীয় পার্টির রাজনীতিতে নতুন করে আবির্ভাব ঘটে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের। তখন তার সঙ্গে ছিলেন কাজী মামুনুর রশীদসহ দলছুট অনেক নেতা-কর্মী। এরপর ওই বছরের ১৪ জুলাই এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে এরশাদের ছেলে এরিক এরশাদ জাতীয় পার্টির ‘নতুন কমিটি’ ঘোষণা করেন। সেই অনুষ্ঠানে এরশাদের আরেক ছেলে সাদ এরশাদ যোগ দেন। ওই কমিটিতে রওশনকে জাতীয় পার্টির চেয়ারম্যানও করা হয়। সে সময় রওশনের সঙ্গে বিদিশার সখ্য গড়ে ওঠে। রাজধানীর একটি হাসপাতালে ভর্তি রওশনকে দেখতেও যান বিদিশা। কিন্তু ওই বছরের ৪ নভেম্বর বিদিশা নিজেকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করলে সম্পর্কের অবনতি ঘটে। ফলে তারা জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া থেকে বেরিয়ে আসেন। বর্তমানে বিদিশা সিদ্দিক ২০১৭ সালে এরশাদ ঘোষিত ৫৮ দলীয় সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান। এই জোটকে নিয়ে সরকারের সঙ্গে থেকে আগামী নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
বিদিশা সিদ্দিক দৈনিক বাংলাকে বলেন, ‘সারা দেশে জাতীয় পার্টিকে আড়াই বছর ধরে পুনর্গঠন করছি। আমি মনে করি তরুণদের ছাড়া রাজনীতি এগোতে পারবে না। আগামীতে তরুণদের নিয়ে সংসদে যাওয়ার বিষয়ে আমি আশাবাদী। জাতীয় পার্টি পুনর্গঠনে সারা দেশে ৪৭টি জেলায় কমিটি আছে। সাংগঠনিক সক্ষমতা বাড়ানোর জন্য শিগগিরই জেলা সফরে নামব।’ তিনি জানান, এরশাদ ঘোষিত ৫৮ দলীয় সম্মলিত জাতীয় জোটে এখন ৬০ দল আছে এবং ওই জোটের চেয়ারম্যান হিসেবে আছেন তিনি। তিনি বলেন, ‘আমরা ১০০টি আসনকে লক্ষ্য করে কাজ করছি। আগামী নির্বাচনে সরকার সহযোগিতা করবে। তার পরও আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত নেব।’
জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গঠন এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম-খুনের বিচার নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের সব জেলা ও মহানগরে সেমিনার আয়োজন। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ জুলাই চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের কর্মসূচি পালন করা হবে।
জোটের নেতারা জানান, জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশের পাশাপাশি ৫ আগস্ট সারাদেশের জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদে বাজেট আলোচনায় জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নিয়ে এক তীক্ষ্ণ বক্তব্য দিয়েছেন ময়মনসিংহ-১০ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান। তিনি অভিযোগ করেছেন যে, কিছু ব্যক্তি জুলাই যুদ্ধের চেতনাকে পুঁজি করে নিজেদের ভাগ্য বদলে নিয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
আক্তারুজ্জামান বলেন, “আমরা জুলাই যুদ্ধ করেছি। আমি নিজেও করেছি। আমাদের এইখানে যাঁরা আছেন, অনেকেই জুলাই যুদ্ধ করেছেন, আমাদের সন্তানেরা করেছেন। কিন্তু অনেকেই জুলাই চেতনা বিক্রি করেন মাননীয় স্পিকার। আমরা জুলাই চেতনা বিক্রি করি না। আমরা জুলাইকে ধারণ করি।” তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন যে, জুলাই বিপ্লব কোনো বিক্রয়যোগ্য পণ্য নয়। অথচ একদল মানুষ এই চেতনাকে হাতিয়ার করে রাতারাতি বিত্তশালী হয়ে উঠেছেন।
যাঁরা জুলাই চেতনা ‘বিক্রি’ করছেন তাঁদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে সংসদ সদস্য বলেন, “আমি অনুরোধ করব উনারা আগে কিসে চড়তেন, এখন কিসে চড়েন? উনারা আগে রিকশায় চড়তেন, এখন প্রাডোতে চড়েন। কোন বাসায় থাকেন উনারা, মাঝেমধ্যে লাইভ করেন, কোন বাসায় থাকেন একটু লাইভ করলে এই জাতি দেখত।” তিনি দাবি করেন, এই ব্যক্তিদের জীবনযাত্রার আকস্মিক পরিবর্তনই বলে দেয় তাঁরা কীভাবে বিপ্লবের আবেগকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন।
বাজেট প্রসঙ্গে আক্তারুজ্জামান উল্লেখ করেন যে, এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের দাম কমানো হয়েছে এবং শুধুমাত্র মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়েছে। বিরোধী দলের পক্ষ থেকে বাজেটকে ‘চানাচুর মার্কা বাজেট’ বলে সমালোচনা করার পরিপ্রেক্ষিতে তিনি রসিকতা করে বলেন, “আমরা শুনেছি, চানাচুর বাচ্চারা খায়। আবার বড়রাও খায়, কখন? অন্য কিছু খাওয়ার পরে নাকি চানাচুর খায়।” সরকারের এই জনবান্ধব বাজেট দেশবাসী সাদরে গ্রহণ করেছে বলে তিনি তাঁর বক্তব্যে দাবি করেন।
ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান জাতীয় সংসদে এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ বিগত বছরগুলোতে দেশের তিনটি গুরুত্বপূর্ণ প্রজন্মকে মারাত্মকভাবে আঘাত করেছে, যার ফলে আগামী ৫০ বছরের মধ্যে দলটির রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদের ১৫তম দিনের বৈঠকে ডা. মাহবুবুর রহমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, আওয়ামী লীগ সরকার তাদের শাসনকালে স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর বিভিন্নভাবে দমন-পীড়ন চালিয়েছে। তিনি বলেন, “আওয়ামী লীগ তিনটি জেনারেশনকে ইনজুর্ড (আঘাত) করেছে। একটি হচ্ছে স্কুল, আরেকটি কলেজ, অন্য একটি ইউনিভার্সিটি।” তিনি নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার পতনের আন্দোলনের উদাহরণ টেনে বলেন যে, এই তিনটি প্রজন্মের ছাত্র-জনতা আওয়ামী লীগের দুঃশাসনের সাক্ষী হয়ে আছে।
সংসদ সদস্য আরও মন্তব্য করেন যে, এই তিনটি প্রজন্মের মানুষ যতক্ষণ জীবিত থাকবেন, ততক্ষণ আওয়ামী লীগের ওপর জনগণের আস্থা ফিরে আসার কোনো সুযোগ নেই। তাঁর মতে, তরুণ প্রজন্মের হৃদয়ে যে ক্ষত ও ক্ষোভ সৃষ্টি হয়েছে, তা দীর্ঘ সময় পর্যন্ত দলটির রাজনৈতিক ভবিষ্যতের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের বিচার এবং নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকারকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ক্ষুদ্র মুদি ব্যবসায়ীদের ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট আরোপের প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছোট ছোট মুদির দোকানের আয় অত্যন্ত সীমিত, তাই তাদের এই করের আওতায় আনা সমীচীন হবে না। এর পরিবর্তে যারা কর দেওয়ার প্রকৃত সক্ষমতা রাখা সত্ত্বেও করজালের বাইরে রয়েছেন, তাদের আইনের আওতায় আনার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বর্তমান সরকারকে জনগণের কাছে দায়বদ্ধ উল্লেখ করে রিজভী জানান, সাধারণ মানুষের সুখ-দুঃখ ও প্রত্যাশাকে কেন্দ্র করেই রাষ্ট্রীয় সকল নীতি নির্ধারিত হবে। তিনি দাবি করেন, অতীতে বিএনপি ক্ষমতায় থাকাকালীন কখনোই জনস্বার্থবিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। রাজনৈতিক নানা ষড়যন্ত্র ও প্রতিকূলতা মোকাবিলা করেও দলের জনপ্রিয়তা ও সাংগঠনিক ভিত্তি অটুট রয়েছে বলে তিনি মন্তব্য করেন। দেশের নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের জীবনযাত্রা সহজ করতে সরকারকে আরও বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে রিজভী প্রতিবেশী দেশ ভারতের কলকাতায় অবিভক্ত বাংলার শেষ প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামাঙ্কিত একটি সড়কের নাম পরিবর্তনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই পদক্ষেপকে ‘রুচিবিরোধী’ আখ্যা দিয়ে তিনি বলেন, উপমহাদেশের একজন প্রথিতযশা নেতার প্রতি এমন আচরণ কাম্য নয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি। বিপরীতে বাংলাদেশ ভারতের বিভিন্ন নেতার নামে থাকা প্রতিষ্ঠানগুলোর নাম বহাল রেখে রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে উচ্চাশা ব্যক্ত করে রুহুল কবির রিজভী বলেন, ১৮ বিলিয়ন ডলারের বিশাল দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশেষ করে বিশ্ব অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের উদ্যোগ বিশ্বনেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুতের ২০ শতাংশ সৌরশক্তি থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং নবায়নযোগ্য জ্বালানিতে কর-সুবিধা প্রদানের বিষয়টিকে তিনি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন।
পররাষ্ট্রনীতির পরিবর্তন প্রসঙ্গে রিজভী মন্তব্য করেন যে, বর্তমানে দেশ একমুখী নীতির পরিবর্তে একটি শক্তিশালী বহুমুখী পররাষ্ট্রনীতি অনুসরণ করছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই পথেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর ভিত্তি করে পরিচালিত এই কূটনৈতিক তৎপরতা বাংলাদেশের উন্নয়ন ও সার্বভৌমত্বকে সুসংহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘চীনের কমিউনিস্ট পার্টি’ (সিপিসি)-র মধ্যে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এই চুক্তিটি সম্পাদিত হয়। দুই দলের মধ্যে এ ধরনের আনুষ্ঠানিক সমঝোতা এটাই প্রথম, যা দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সমঝোতা স্মারকে বিএনপির পক্ষে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির। অন্যদিকে, চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে স্বাক্ষর করেন দলটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও হাইশিং। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও এই ঐতিহাসিক ক্ষণে বেইজিংয়ে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই সমঝোতা স্মারকের ফলে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় হবে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে দুই দলের এই নিবিড় সম্পৃক্ততা বাংলাদেশ ও চীনের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে ভবিষ্যতে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই সমঝোতার বিস্তারিত বিষয়াদি নিয়ে পরবর্তী সময়ে আরও তথ্য জানানো হবে বলে জানা গেছে।
সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের অভিযোগ তোলা বিরোধীদলের নিজস্ব রাজনৈতিক কর্মকাণ্ডেই আসলে ফ্যাসিবাদী মানসিকতার প্রতিফলন দেখা যায় বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে জানান, একটি নির্দিষ্ট গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে বর্তমান নির্বাচিত সরকারের আমলে কোনো ধরনের দেশবিরোধী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ প্রসঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের মাধ্যমে বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে এবং সরকার রপ্তানি বাড়াতে যুগোপযোগী পদক্ষেপ নেবে।
এ ছাড়া সংসদে জুয়া নিষিদ্ধ করার জন্য বিল উত্থাপনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সমাজবিরোধী কর্মকাণ্ড নির্মূলে বর্তমান সরকার যথাযথ উদ্যোগ নিচ্ছে এবং নির্বাচনের প্রাক্কালে দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিশ্রুতিগুলো একে একে বাস্তবায়ন করা হচ্ছে।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করে একটি আত্মনির্ভরশীল ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই এই সরকারের মূল লক্ষ্য বলেও তিনি তাঁর বক্তব্যে পুনর্ব্যক্ত করেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দলগুলো সরকারের বিরুদ্ধে নতুন ফ্যাসিবাদের ভিত্তিহীন অভিযোগ তুলছে, অথচ তাদের নিজেদের রাজনৈতিক আচরণের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতার বহিঃপ্রকাশ লক্ষ্য করা যাচ্ছে। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান যে, বর্তমান সরকার কোনোভাবেই দেশবিরোধী কর্মকাণ্ড বরদাশত করবে না। বুধবার (২৪ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করে রিজভী বলেন, এই সফরের মাধ্যমে চীন ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা সম্ভব হবে। তিনি বিশ্বাস করেন, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে প্রধানমন্ত্রী অত্যন্ত যুগোপযোগী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। বাংলাদেশের অর্থনীতিকে আর কোনোভাবেই পরনির্ভরশীল অবস্থায় রাখা হবে না বরং একটি শক্তিশালী ও সক্ষম রাষ্ট্র গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দাবি করেন, “বর্তমানে দেশে গুম নেই, ক্রসফায়ার নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাও নেই।” তিনি আরও জানান যে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মাধ্যমে আইনের শাসন এবং প্রতিটি নাগরিকের মানবাধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এই উন্নয়ন ও সংস্কারমূলক যাত্রায় সকল মহলের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।
ক্ষমতায় বসার পর বিএনপির রাজনৈতিক অবস্থানের পরিবর্তন ঘটেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা ক্ষমতায় এলে ফ্যাসিবাদের সকল খুন, গুম ও নির্যাতনের বিচার নিশ্চিত করবে। কিন্তু বাস্তবে সরকার গঠনের পর তাদের বক্তব্যের সুর বদলে গেছে এবং বিচার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আক্ষেপ করে বলেন, ছাত্র-শ্রমিক-জনতার দীর্ঘ আন্দোলনের পর জাতি যে মুক্তি পেয়েছিল, সেই আন্দোলনের অন্যতম অংশীদার বিএনপি আজ ক্ষমতায় থাকলেও মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। তিনি দাবি করেন, গত চার মাসে দেশজুড়ে ৬০০-এর বেশি মানুষ নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এমনকি বিএনপি নিজেদের কর্মীদের খুনের ঘটনায়ও কোনো দরদ দেখাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন। জামায়াত আমির ক্ষোভ প্রকাশ করে বলেন, “লজ্জার বিষয় বিএনপি ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়ার কথা বলে ঠিক ফ্যাসিবাদের রাজপথ ধরেই তারা এখন হাঁটা শুরু করেছেন।”
সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠান দখল, জেলা প্রশাসক নিয়োগ এমনকি খেলার মাঠ পর্যন্ত দলীয়করণের মাধ্যমে বিএনপি কার্যত একদলীয় শাসন ব্যবস্থার দিকে এগোচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা বিচার নিশ্চিত করুন না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।” সংসদে জামায়াত প্রতিটি জনবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট ও ভোটের স্বচ্ছতা নিয়ে ইতিমধ্যে খোদ বিএনপির ভেতর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “বিনয়ের সঙ্গে অনুরোধ করব। মজলুম ছিলেন, জালেম হবেন না।” তিনি অবিলম্বে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করে বলেন, আন্দোলনের প্রতীক শরীফ উসমান হাদি হত্যার বিচার ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, যা জনগণ কখনোই মেনে নেবে না। একইসাথে ইসলামের আদর্শকে নির্মূল করার যেকোনো অপচেষ্টা থেকে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ডা. শফিকুর রহমান মন্তব্য করেন যে, বর্তমানে সমাজে যে দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় শাসনের ‘ভাইরাস’ ছড়িয়ে পড়েছে, তা থেকে মুক্তি পেতে দেশবাসী পুনরায় একটি বিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে।
বিগত সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া এবং লুট করা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যবহার করে দেশে নতুন করে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এই অভিযোগ করেন।
রুহুল কবির রিজভী তাঁর বক্তব্যে বলেন, যারা দীর্ঘ ১৭ বছর জনগণের জীবন থেকে শান্তি ও অধিকার কেড়ে নিয়েছিল এবং দুঃশাসন চালিয়েছিল, তারা আজ নানা কায়দায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি উল্লেখ করেন, “যারা জনগণের জীবন থেকে সুন্দর ভোর কেড়ে নিয়েছিলো, যারা সূর্যের আলো কেড়ে নিয়েছিলো... তারা আজকে নানা কায়দায়, নানাভাবে পচা পানি-পানার মধ্য দিয়ে উঁকি দেওয়ার চেষ্টা করছে।” রিজভী দাবি করেন, শেখ হাসিনা জনগণের ম্যান্ডেট কেড়ে নিয়ে যে রক্তপিপাসু সরকার গঠন করেছিলেন, সেই অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আজ তারেক রহমানের নেতৃত্বে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে।
বিগত দিনের দমন-পীড়নের স্মৃতিচারণ করে রিজভী বলেন, চৌধুরী আলম, ইলিয়াস আলীসহ অসংখ্য জাতীয়তাবাদী নেতাকে গুম করা হয়েছে এবং বহু নেতাকর্মীকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, সেই গুমের রাজত্ব কি জনগণ আবার ফিরে পেতে চাইবে? দেশ আজ শান্তি, সমৃদ্ধি ও বহুদলীয় গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মানুষের মতপ্রকাশের স্বাধীনতাকে রুদ্ধ করার কোনো চক্রান্তই সফল হবে না।
রিজভী আরও সতর্ক করে বলেন, গণতান্ত্রিক শক্তি এবং দেশের জনগণ আজ সম্পূর্ণ ঐক্যবদ্ধ। তিনি দেশবিরোধী ও সার্বভৌমত্ববিরোধী সকল মহলের অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে প্রতিদিন সজাগ থাকার আহ্বান জানান। তিনি বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তে ভেজা এই জাতিকে কোনোভাবেই কারো ‘গোলাম’ বানানো যাবে না। সকল প্রকার অশুভ কর্মকাণ্ডকে জাতীয়তাবাদী শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন হুমকি-ধমকি, নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।
সোমবার (২২ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে প্রতিবাদ ও প্রতিরোধ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের সকল কার্যক্রম কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন। মিছিলে ‘রাস্তা-ঘাটে নামিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘কুত্তা লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের জনগণ হত্যা, গুম, নির্যাতন ও হামলার শিকার হয়েছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের রাজনীতি আর দেখতে চায় না।’
তিনি আরও বলেন, ‘অতীতে যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা যদি কোনোভাবে আওয়ামী লীগের পুনর্বাসন বা প্রত্যাবর্তনের চেষ্টা করে, তাহলে দেশের গণতন্ত্রকামী জনগণ তা মেনে নেবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তার রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের আলোকে যেকোনো অগণতান্ত্রিক ও জনবিরোধী অপচেষ্টার বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে প্রতিরোধ গড়ে তুলবে।’
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘যে স্বৈরাচার বাংলাদেশের জনগণের অধিকার কেড়ে নিয়েছে, হত্যা, গুম ও খুন করেছে, তাদেরকে বাংলাদেশের মাটিতে থাকতে দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ইঞ্চি মাটি আমাদের পাহারা দিতে হবে। ছাত্রলীগ যাতে বাংলাদেশ তথা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, সে জন্য আমাদের সচেতন থাকতে হবে।’
তিনি বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে ধরিয়ে দিতে পারলে ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আওয়ামী লীগ ২৩ তারিখ (আজ) থেকে দেশের বিভিন্ন অঞ্চলকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করবে। তাদের মোকাবিলার জন্য আমাদের ফজরের নামাজের পর থেকেই রাজশাহীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে হবে।’
জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের পাশাপাশি সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।
সংসদ সূত্রে জানা গেছে, প্রত্যেকের জন্য ১০ কেজি ওজনের একটি করে সুদৃশ্য উপহার প্যাকেট পাঠানো হয়েছে। স্পিকার থেকে শুরু করে সংসদের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের কাছেও এই উপহারগুলো সফলভাবে পৌঁছে দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) সকাল থেকেই সংসদ ভবনের করিডোরগুলোতে এই ১০ কেজির প্যাকেটে কী আছে, তা নিয়ে তীব্র কৌতূহল দেখা দেয়। পরবর্তীতে সংসদ সচিবালয়ের বিভিন্ন শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে জানা যায়, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পাঠানো এই সুদৃশ্য প্যাকেটে ছিল মূলত চলতি মৌসুমের প্রিমিয়াম কোয়ালিটির সুস্বাদু আম।
অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদের প্রতিটি দপ্তরে গিয়ে এই উপহার পৌঁছে দেন।
বিরোধীদলীয় নেতার দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা জানান, এই উপহার বিতরণের সবচেয়ে আকর্ষণীয় ও অনন্য দিক ছিল এর সমবণ্টন নীতি, যার ফলে সংসদের কোনো স্তরের মানুষই এই তালিকা থেকে বাদ যাননি।
সাধারণত দেখা যায় ভিআইপি বা উচ্চপদস্থ কর্মকর্তারাই বিভিন্ন ধরনের উপহার পেয়ে থাকেন, কিন্তু ড. শফিকুর রহমানের এই বিশেষ উপহার তালিকায় সংসদের ঝাড়ুদার, পিয়ন, লিফটম্যান ও গাড়িচালকরাও সমভাবে অন্তর্ভুক্ত ছিলেন।
আকস্মিক এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে সংসদ সচিবালয়ের একজন সাধারণ অফিস সহায়ক বলেন যে, তাঁরা ছোট চাকরি করার কারণে বড় বড় নেতাদের উপহার বা সুযোগ-সুবিধা কেবল দূর থেকেই দেখে অভ্যস্ত। আজ বিরোধীদলীয় নেতা নিজে তাঁদের মতো সাধারণ কর্মচারীদের কথা মনে করে ১০ কেজির এই উপহার পাঠিয়েছেন, যা তাঁদের জন্য অত্যন্ত বড় সম্মানের ও আনন্দের বিষয়।
বাংলাদেশের চেনা ও ঐতিহ্যগত রাজনৈতিক সংস্কৃতিতে সরকারি ও বিরোধীদলের সম্পর্কের বরফ যেখানে সহজে গলতে চায় না এবং দলগুলোর মধ্যে তীব্র দূরত্ব বজায় থাকে, সেখানে জামায়াত আমির ড. শফিকুর রহমানের এই সৌহার্দ্যপূর্ণ ও ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সরকারি দলের অনেক সংসদ সদস্যও। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের সৌহার্দ্যপূর্ণ আচরণ দেশের রাজনৈতিক অঙ্গনে সুস্থ ধারা ও পারস্পরিক শ্রদ্ধা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।
জাতীয় সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিরোধী দল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
সোমবার (২২ জুন) সংসদ অধিবেশনে বক্তব্যকালে জামায়াতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যে দলটি ১৯৭১ সালে এদেশের মহান স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করেছিল, তারা এই স্বাধীন দেশে রাজনীতি করতে পারে না।
তিনি সংসদের কাছে দাবি জানিয়ে বলেন, ফ্যাসিস্টদের মতো জামায়াতে ইসলামীর রাজনীতিও বাংলাদেশে পুরোপুরি নিষিদ্ধ করা হোক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের নির্বাচনী প্রচারণার তীব্র সমালোচনা করে রফিকুল ইসলাম জামাল আরও বলেন, শুধু নামের পরে ইসলাম থাকলেই প্রকৃত ইসলাম হয় না। যারা ধর্মের নামে রাজনীতি করেন এবং গত নির্বাচনে ভোটের বিনিময়ে মানুষকে বেহেশত দেওয়ার মতো কথা বলেছেন, তাদের কর্মকাণ্ড সবাই দেখেছে।
নির্বাচনী প্রচারণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিড়ির সুখটানের মধ্য দিয়েও সকল পাপ মওকুফ হওয়া যাবে বলে মন্তব্য করা হয়েছে। এভাবে ইসলামের নামে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত ও বক্তব্য নিয়ে যারা রাজনীতি করছে, তারা মূলত স্বাধীনতার বিরোধী শক্তি। উল্লেখ্য, নির্বাচনী প্রচারের সময় ঝালকাঠি-১ আসনে জামায়াতের প্রার্থী ফয়জুল হক মন্তব্য করেছিলেন যে বিড়িতে সুখটানের মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারেন, যে কারণে পরবর্তীতে জামায়াত তাকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল।
একই অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ পবিত্র মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর এবং সেখানে মানুষ কেবল নামাজ ও কোরআন শরিফ পড়বে, কিন্তু একটি নির্দিষ্ট রাজনৈতিক দল মসজিদে গিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
তিনি দেশের কোনো মসজিদ বা মাদ্রাসায় যেন রাজনৈতিক মিটিং করা না যায়, সেই লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন করতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানান।
জামায়াতের প্রতি ইঙ্গিত করে রেজা আহমেদ আরও বলেন, অন্য সব রাজনৈতিক দল যেভাবে প্রকাশ্যে মাঠে, স্কুলে বা কোনো হলরুমে কর্মীসভা ও জনসভা করে, তাদেরও ঠিক সেই ব্যবস্থা করতে হবে এবং পবিত্র মসজিদে বসে কোনো ধরনের রাজনৈতিক সভা তারা করতে পারবে না।
কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের শাসনমলে সংঘটিত সকল গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩ জুন মঙ্গলবার বিকেল ৫টায় একযোগে দেশের সকল জেলা ও মহানগর পর্যায়ে এই কর্মসূচি পালন করা হবে। সোমবার (২২ জুন) এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দীনা স্বাক্ষরিত এক জরুরি নির্দেশনার মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে গণমাধ্যম।
নির্দেশনায় বলা হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদের হাতে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গুম এবং জুলাই গণঅভ্যুত্থানে চালানো গণহত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করাই এই আন্দোলনের মূল লক্ষ্য। সংগঠনের সকল জেলা ও মহানগর কমিটিকে নিজ নিজ এলাকায় নির্ধারিত সময়ে বিক্ষোভ সমাবেশ আয়োজন করে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এনসিপি নেতারা স্পষ্টভাবে জানিয়েছেন যে, গত দেড় দশকে মানবাধিকার লঙ্ঘনের যত ঘটনা ঘটেছে, সেগুলোর ন্যায়বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথের আন্দোলন থেকে পিছু হটবেন না।
দলের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার রক্ষার প্রশ্নে তারা কোনো ধরনের আপস করবে না। জনগণের ন্যায্য দাবি আদায় এবং বিগত সরকারের দুঃশাসনের শিকার ব্যক্তিদের বিচার নিশ্চিত করতেই এই ধারাবাহিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজপথে থেকে তাদের অতীত অপকর্মের বিচারের দাবি জোরালো করাই এই বিক্ষোভের অন্যতম উদ্দেশ্য বলে ধারণা করা হচ্ছে।