মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
২ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে ছাত্রসমাজ এক হয়েছে’

প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ১ সেপ্টেম্বর, ২০২৩ ১৯:৪৬

বাংলাদেশের ছাত্রসমাজ শেখ হাসিনাকে আবারও বিজয়ী করতে এক হয়েছে বলে মন্তব্য করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা। তিনি বলেন, ‘আর কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।’

শুক্রবার বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সমাবেশে যোগ দেওয়ার প্রাক্কালে তিনি এসব কথা বলেন।

গোলাম মূর্তজা পাপ্পা বলেন, ‘ছাত্ররাই বাংলাদেশের ভবিষ্যৎ। তারা আজ এক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয় এনে দিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজ একত্রে কাজ করছে। আর কোনো ষড়যন্ত্রে কাজ হবে না।’

পরে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের প্রায় ছয় হাজার নেতা-কর্মী নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে যোগ দেন তিনি।

উপজেলা ছাত্রলীগের শীর্ষ দুই নেতা জানান, ছাত্রলীগের আয়োজনে এই সমাবেশে রূপগঞ্জ উপজেলার সাতটি ইউনিয়ন, দু’টি পৌরসভা ইউনিট এবং একটি সাংগঠনিক ইউনিটের প্রায় ছয় হাজার নেতাকর্মী সমাবেশে যান।

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুম বলেন, ‘রূপগঞ্জ উপজেলা থেকে আমরা প্রায় ছয় হাজার নেতা-কর্মী সমাবেশে এসে উপস্থিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে, আগামী নির্বাচনে তাকে আবারও বিজয়ী করতে রূপগঞ্জ ছাত্রলীগ কাজ করে যাবে। শেখ হাসিনা এবং গাজী গোলাম দস্তগীরের বিজয় নিশ্চিত করে আমরা ঘরে ফিরব।’

এদিকে, সমাবেশকে কেন্দ্র করে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা যায়। শুক্রবার সকাল থেকেই রূপগঞ্জের নেতা-কর্মীদের জড়ো হওয়ার নির্ধারিত স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের সামনে নেতা-কর্মীরা উপস্থিত হতে থাকেন।

রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা জেগে উঠেছে। বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ এই ছাত্রসমাবেশে আমরা এখানে এসেছি। সোহরাওয়ার্দী উদ্যান হয়তো এরচেয়ে বড় সমাবেশ আর কখনো দেখেনি। এই সমাবেশকে কেন্দ্র করে সবাই পুনরুজ্জীবিত হয়েছে। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে জয়ের মালা উপহার দিয়েই তবে আমরা মাঠ ছাড়ব।’

কায়েতপাড়া ইউনিয়নের ছাত্রলীগ কর্মী সাঈদ আহমদ বলেন, ‘আজকের সমাবেশকে কেন্দ্র করে প্রত্যেকটি ইউনিটে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। সবাই ইতিহাসের সাক্ষী হতে এখানে এসেছে। দেশরত্ন শেখ হাসিনাকে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে আমরা রাজপথে আছি।’

সার্বিক বিষয়ে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর আহমেদ খান রিয়াজ বলেন, ‘প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে তাকে আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত করতে রূপগঞ্জ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রয়োজনে জীবনে বিলিয়ে দেবে। শেখ হাসিনার অধীনে উন্নয়নের যে গণজোয়ার ঘটেছে, সেটি চলমান রাখতে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী এবং গাজী গোলাম দস্তগীরকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত করতে আমরা মাঠে থাকব।’


নির্বাচিত

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ১০ জন আটক

ছবি: সংগৃহীত
আপডেটেড ১৬ নভেম্বর, ২০২৬ ২০:০৭
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর তিন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ১০ জন নেতা–কর্মীকে আটক করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। খিলগাঁও, ধানমন্ডি ও রুপনগর আবাসিক এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানা যায়। পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যা থেকে সোমবার (১৬ নভেম্বর) ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয়।

খিলগাঁওয়ে আটক ৩

রাজধানীর খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খিলগাঁও থানার পুলিশ এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন শওকত আলী (৪৫), জেহাদুল ইসলাম (৫১) এবং সুমন ওরফে মুরগি সুমন (২৮)। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শওকত আলী মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক। জেহাদুল ইসলাম আওয়ামী লীগের সক্রিয় সদস্য। সুমন খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি এবং বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক। পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ধানমন্ডিতে আটক ৩

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে গত সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন নেতাকে আটক করা হয়েছে। তারা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং উপদপ্তর সম্পাদক জুবায়ের। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের এই তিনজন ধানমন্ডিতে আত্মগোপনে ছিলেন। স্থানীয় ছাত্রদল, গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।

রূপনগরে আটক ৪

রাজধানীর রূপনগরে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের দুই নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সোমবার (১৬ নভেম্বর) ভোর পাঁচটার পর রূপনগর টিনশেডের ৮ নম্বর সড়কের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রূপনগর থানা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) ও মো. জাহিদ (২৬)।


নির্বাচিত

গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না : রিজভী

রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে কথা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গুম-খুন, দমন-পীড়ন ও রক্তাক্ত রাজনীতির পথে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এ দেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালানো হচ্ছে, জনগণ তা কখনোই সফল হতে দেবে না। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত শেষে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে নিয়ে রুহুল কবির রিজভী দুই নেতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। রুহুল কবির রিজভী বলেন, পলাতক ফ্যাসিস্টরা ১৭ বছর এ দেশে জুলুম-অত্যাচার চালিয়েছে। তারা আবার পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় ফিরে দেশের ব্যাংকের অর্থ পাচার করে বিদেশে নিজেদের সুখের স্বর্গ গড়তে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। বিগত ১৭ বছর তারা জীবনবাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছেন। তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং মাসের পর মাস কারাবরণ করতে হয়েছে। তারপরও তারা আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি।

মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অবদানের কথা উল্লেখ করে রিজভী আশা প্রকাশ করেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক ও সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


নির্বাচিত

গুম-খুনের পথে আওয়ামী চক্রকে জনগণ আর ফিরতে দেবে না: রিজভী

পার্শ্ববর্তী দেশের মদদে সমাজে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালানো হচ্ছে
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুম-খুন ও রক্তাক্ত পথ ধরে আওয়ামী চক্রকে বাংলাদেশের জনগণ আর ফিরতে দেবে না। পেছনের দরজা দিয়ে এবং পার্শ্ববর্তী দেশের মদদে সমাজে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা চালানো হচ্ছে, এ দেশের মানুষ তা কোনোভাবেই সফল হতে দেবে না বলে মন্তব্য করেন তিনি।

সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতে অংশ নেন।

আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিগত শাসনামলের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পলাতক ফ্যাসিস্টরা দীর্ঘ ১৭ বছর ধরে জুলুম-অত্যাচার চালিয়েছে এবং তারা পুনরায় পার্শ্ববর্তী দেশের মদদ নিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংকের অর্থ পাচার করে সিঙ্গাপুর, থাইল্যান্ড, কানাডা ও দুবাইয়ে সুখের স্বর্গ গড়ে তুলতে চায়। তবে তাঁদের সেই সুখের স্বর্গ আর কোনো দিন গড়ে উঠবে না উল্লেখ করে তিনি বলেন, যেকোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সারা দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ রয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতাদের প্রসঙ্গে রিজভী উল্লেখ করেন, কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, তানভীর আহমেদ রবিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম প্রত্যেকেই রাজপথের পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। গত ১৭ বছর জীবন বাজি রেখে আন্দোলন করতে গিয়ে তাঁদের বিরুদ্ধে অসংখ্য মামলা হয়েছে এবং মাসের পর মাস কারাবরণ করতে হয়েছে; তবুও আদর্শ ও নীতি থেকে তাঁদের সরানো সম্ভব হয়নি।

মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের অবদানের কথা স্মরণ করে তিনি আশা প্রকাশ করেন, এই যোগ্য নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয়তাবাদী শক্তি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে উঠবে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, সাবেক সহসভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস সাত্তারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


নির্বাচিত

পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি গোপন নাশকতায় যুক্ত: রিজভী

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে পতিত ফ্যাসিবাদী শক্তি গোপন নাশকতায় যুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ফ্যাসিবাদী শক্তির পতন হলেও তারা থেমে নেই। গোপনে নানা কায়দায় পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন পেয়ে তারা নানা ধরনের অরাজকতা করছে। নানা ধরনের গোপন নাশকতায় যুক্ত হয়েছে। কোথাও বোমাবাজি করছে, কোথাও ককটেল বিস্ফোরণ করছে, কোথাও গাড়িতে আগুন লাগাচ্ছে, আবার গার্মেন্টস শিল্পে তারা নানা ধরনের অরাজকতা করছে। রোববার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাশকতার উদ্দেশে গত পরশু ফ্যাসিবাদী শক্তি ঢাকা-চট্টগ্রাম রেললাইনের এস-প্লেট খুলে নিয়েছিল বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, এক বিরাট নাশকতা সৃষ্টি হতে পারত।

রেল কর্তৃপক্ষ জানার পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় অনেক জীবন বেঁচে গেছে, বলেন তিনি।

রিজভী বলেন, তাদের মালিকানাধীন গার্মেন্টস শিল্পে তারা অরাজকতা করছে। তারা শ্রমিকদের গার্মেন্টসে আসতে দিচ্ছে না। এত সমস্যা অত্যন্ত নিপুণভাবে সামলাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই চিহ্নিত দুষ্কৃতিকারীরা দেশ ও দেশের অর্থনীতিকে জলাঞ্জলি দিয়েও নিজেদের হীন রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়’ অভিযোগ করেন তিনি বলেন, ‘তারা সফল হবে না। প্রত্যেকটি চক্রান্ত ধরা পড়ছে। নাশকতাকারীরা ধরা পড়ছে। প্রতিদিন একের পর এক বোমা ও নানা অস্ত্রসহ গ্রেপ্তার হচ্ছে।


নির্বাচিত

আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল

ছবি: আমজনতা দলের তারেক রহমান ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আপডেটেড ১৫ নভেম্বর, ২০২৬ ২২:১৭
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‌‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগেরবার তো এপিসিতে করে পালায় আসছিল।’

এর আগে এদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ পরিস্থিতি ঠিক করতে না পারলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান।

আসিফের এই বক্তব্যের প্রেক্ষিতে তাকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর কথা বললেন আমজনতা দলের তারেক রহমান।


নির্বাচিত

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার চেষ্টা করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী–সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা–কর্মীদের তৎপরতায় নাহিদকে হেনস্তার চেষ্টায় সফল হননি তারা।

স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সেখান থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠতে গেলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থকের সামনে পড়েন নাহিদ ইসলাম। সে সময় ঘটনাস্থলে ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল।

নাহিদকে হেনস্তার চেষ্টার ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন হিমেল। ঐ ভিডিওতে দেখা যায়, এনসিপির সমর্থক যুক্তরাজ্যপ্রবাসী কয়েক ব্যক্তি নাহিদ ইসলামকে গাড়িতে তুলে দিচ্ছেন। আর গাড়ির সামনের দিকে আওয়ামী লীগের সমর্থক কয়েক ব্যক্তির সঙ্গে এনসিপির সমর্থকদের আরেকটি অংশের বাদানুবাদ চলছে। এ অবস্থার মধ্যেই নাহিদকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।

ভিডিওটির ক্যাপশনে এম এ হিমেল লিখেছেন, দিস ইজ হাউ উই এক্সিট নাহিদ ইসলাম ফ্রম দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি সেমিনার (এভাবে আমরা নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বের করলাম)। আওয়ামী লীগ আমাদের কচুটাও ছিঁড়তে পারেনি!

হিমেলের পোস্ট করা আরেকটি ভিডিওতে এনসিপি–সমর্থকদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, কেমব্রিজে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে এনসিপির দাঁতভাঙা জবাব।


নির্বাচিত

সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের পূর্বনির্ধারিত লংমার্চ স্থগিত

রবিবার (১৫ নভেম্বর) বিকালে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি বাস্তবায়নে নানা কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং ব্যাপক জনদুর্ভোগের আশঙ্কা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সভায় উপস্থিত ছিলেন– এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম প্রমুখ।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি কর্মসূচি ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত সাত দফা দাবির প্রতি দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে সৃষ্ট অসন্তোষ ও অনাস্থারই বহিঃপ্রকাশ।


নির্বাচিত

আ.লীগের নাশকতা রুখতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকার ঘোষণা রিজভীর

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতা প্রতিহত করতে প্রশাসনের পাশাপাশি সমগ্র দেশে মাঠে সক্রিয় থাকবে বিএনপি। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বর্তমান পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপনে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে নাশকতা চালাচ্ছে। গাড়িতে আগুন দিচ্ছে, গার্মেন্টস খাতে অস্থিরতা করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না।’

তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এটা সফল হবে না, প্রতিদিন তারা গ্রেপ্তার হচ্ছে।’

বক্তব্যের এক পর্যায়ে শেখ হাসিনার সাজার প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে পতিত হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে এলে তার দণ্ড কার্যকর করা হবে।’

বিষয়:

নির্বাচিত

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে জমি দখলের মামলা, যা বললেন রাশেদ খাঁন

এমপি নুসরাতের বাবা, ইদ্রিস আলী ও রাশেদ খাঁন । কোলাজ দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলার ঘটনার জেরে এবার উল্টো তাঁর বাবার বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন এক ফেসবুক পোস্টে এই মামলার নেপথ্য বিবরণ সামনে এনেছেন।

এর আগে গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম জানান, কুষ্টিয়ার দৌলতপুরের বাগুয়ান গ্রামে তাঁর নিজ বাড়িতে হামলা হয়েছে এবং দুর্বৃত্তরা সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। ওই হামলার একটি ভিডিও তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনার আড়ালে থাকা ভিন্ন একটি বিষয়কে কেন্দ্র করেই নুসরাতের বাবার নামে মামলা হয়েছে বলে জানিয়েছেন রাশেদ খাঁন।

শনিবার রাতের ওই ফেসবুক পোস্টের শুরুতে রাশেদ খাঁন লেখেন, ‘এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে গিয়ে বের হয়ে এলো জমি দখল ও দরিদ্র ইদ্রিস আলীকে ফাঁসানোর চাঞ্চল্যকর তথ্য!’

বাড়িতে হামলার ঘটনার বিবরণ উল্লেখ করে পোস্টে তিনি লেখেন, ‘গত ১২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে এনসিপি নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি নুসরাত তাবাসসুম কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসিকে ফোন করে বলেন যে, তার বাড়ির আশপাশে আওয়ামী লীগের লোকজনের আনাগোনা ও জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই কথা শুনেই দৌলতপুর থানার ওসি ও মামলার আইও সোহানুর রহমান পুলিশ টিম নিয়ে নুসরাত তাবাসসুমের বাড়িতে হাজির হন। কিন্তু পুলিশ আশপাশের লোকজন থেকে খোঁজ নিয়ে নুসরাত তাবাসসুমের বাড়ির আশপাশে আওয়ামীলীগের লোকজনের আনাগোনা ও জয় বাংলা স্লোগান দেওয়ার তথ্যের সত্যতা খুঁজে পায়নি।

তবে নুসরাত তাবাসসুম এসময় ওসিকে বলেন যে, মোঃ ইদ্রিস আলীকে তার সন্দেহ হয়, তাকে গ্রেফতার করলে অনেক তথ্য পাওয়া যেতে পারে। তখন ওসি ও মামলার আইও বিষয়টি নোট করেন এবং পরবর্তী সময়ে ইদ্রিস আলী সম্পর্কে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেন। তবে পুলিশ যে ইদ্রিস আলী সম্পর্কে তথ্য সংগ্রহ করা শুরু করেছে, এই তথ্য কেউ কেউ আবার ইদ্রিস আলীর কাছে পৌঁছে দেয়। তখন ইদ্রিস আলী ভয় পেয়ে যায় যে, অতীতের ন্যায় তাকে ফাঁসানো হতে পারে। এজন্য সে অতীতে সংঘটিত হামলা-ভাঙচুরের ঘটনায় ন্যায়বিচার পাওয়ার আশায় আজকে সকালে দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হামিলকে বিবাদী করে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা দায়ের করেন।

কেন হঠাৎ এই মামলা? ইদ্রিস আলীর সঙ্গে অতীতে কী ঘটেছিল?’

ঘটনার পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক এই সহকারী ওই পোস্টে আরও লেখেন, ‘দৌলতপুরের বাগোয়ান গ্রামের ভিকটিম মো. ইদ্রিস আলী খুবই দরিদ্র মানুষ। তিনি প্রায় ৫ বছর আগে নুসরাতের বাবা আবদুল হালিমের আপন দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন (নুসরাত তাবাসসুমের পৈতৃক পুড়ে যাওয়া বাড়ির সঙ্গে লাগানো জমি) এবং জমির দখল বুঝে নিয়ে সেখানে বসতভিটা করে বসবাস করতে শুরু করেন ইদ্রিস আলী।

কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর আবদুল হালিম জমি দখল করার জন্য ইদ্রিস আলীর বসতভিটায় হামলা চালায় এবং বাড়ি-ঘর তছনছ করে দেয়। এ নিয়ে উল্টো ইদ্রিস আলীর নামে মামলা করে তাকে জেল খাটায় আবদুল হালিম। এক্ষেত্রে মেয়ে নুসরাত তাবাসসুমের ক্ষমতা ব্যবহার করেন বাবা আবদুল হালিম। এবং ইদ্রিস আলীকে হুমকি দেওয়া হয় বাড়াবাড়ি করলে অস্ত্র মামলা দিয়ে জেলে ঢোকানো হবে। যে কারণে তিনি ভয়ে শ্বশুরবাড়ি চলে যান এবং নুসরাত তাবাসসুমের বাবা ইদ্রিস আলীর জমি দখল করে নেন।

বসতভিটা হারিয়ে নিরীহ ইদ্রিস আলী পরবর্তী সময়ে স্ট্রোক করেছেন এবং বর্তমানে অসুস্থ অসহায় অবস্থায় জীবন অতিবাহিত করছেন। এমতাবস্থায় নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার পর ইদ্রীস আলী তথ্য পান যে তাকে ফাঁসানো হতে পারে, এ জন্য তিনি আজ ১৪ নভেম্বর বাদী হয়ে জমি নুসরাত তাবাসসুমের বাবার নামে তার বসতভিটা ভাঙচুরের মামলা দায়ের করেন.....!’

বিষয়:

নির্বাচিত

ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তৃতাকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দলীয় কর্মূসচিগুলোকে প্রাণবন্ত করতে সব শক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে। ফ্যাসিস্টের অনেকগুলো লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে। এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।

জুলাই নিয়ে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে বলেও মনে করেন জামায়াত আমির।

এদিকে, স্থানীয় সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের শক্তি সঞ্চয় ও সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান ডা. শফিকুর রহমান। সেইসঙ্গে বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে ভিসি, প্রিন্সিপাল বসিয়ে দেওয়া হচ্ছে।


নির্বাচিত

স্ত্রীর ভরণপোষণ না দেওয়ায় গ্রেপ্তার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি

বান্দরবান জেলা সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দ । ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার তাকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা-পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান। তবে দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই স্ত্রীর করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি সামনে আসে।

গ্রেপ্তারের পর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে তার বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

মামলার বাদী মিজানুর রহমানের স্ত্রী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন এবং নিয়মিত ভরণপোষণ দিচ্ছেন না। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

শাহীনা আক্তার বলেন, বিয়ের পর থেকে মিজান তার কোনো খোঁজখবর রাখেননি। একপর্যায়ে তিনি সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দেন এবং ভরণপোষণ দেয়াও বন্ধ করে দেন। তার আরও অভিযোগ, মিজান অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।


নির্বাচিত

গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গুম-খুন ও নানা ধরনের নিপীড়ন-নির্যাতন চালিয়েও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহাবাগে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে রিজভী বলেন, ‘ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাদের মাথানত করানো যায়নি। জাতীয়তাবাদী শক্তির মাথানত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারাদেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে-পথে ব্যারিকেড গড়ে তুলবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে, তা তাকে ভোগ করতে হবে।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার জন্য শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।’

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা: জামায়াত আমির

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তৃতা করছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা। আওয়ামী লীগ যদি শক্তিশালীই হতো তাহলে তিনি দেশ ছাড়তেন না-বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে আমির বলেন, ফ্যাসিবাদ নামক ভাইরাসের অনেক লক্ষণ থাকলেও এ সরকারকে এখনই আমরা ফ্যাসিস্ট বলতে চাই না। জাতির সামনে ওয়াদা দিয়ে তারা লঙ্ঘন করল, জুলাই সনদ না মেনে তারা প্রতারণা করল।

এদিকে জুলাই আন্দোলনের যে রুপরেখা তা বাস্তববায়ন হয়নি বলেও অভিযোগ করেন। শফিকুর রহমান বলেন, যারা জুলাইয়ে রক্ত দিয়েছে, তারা নতুন কাউকে ফ্যাসিবাদী হতে দেবে না। শিক্ষা খাতে চরম ষড়যন্ত্র চলছে। সারাদেশের স্কুল কলেজের কমিটিতে সন্ত্রাসীদের দায়িত্ব দেয়া হচ্ছে। মেধাবী শিক্ষকদের উপেক্ষা করে দলবাজ শিক্ষকদের প্রাধান্য দেয়া হচ্ছে। জোর করে দলীয় লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, সামনে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা আর কোনো ভোট ডাকাত, দুর্নীতিবাজদের ছাড় দেব না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না, কোনো অন্যায় সহ্য করব না।


নির্বাচিত

banner close