আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি। গতকাল বেলা সাড়ে ১১টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মনোনয়ন ফরম বিতরণ উদ্বোধন করেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এদিকে, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নির্বাচনের অংশ নেয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
মো. মুজিবুল হক চুন্নু জানিয়েছেন, মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কি না, সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ‘আমরা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আছি। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে নির্বাচন সুষ্ঠু হবে। সে আস্থা এখনো পুরোপুরি আসেনি।’
এ সময় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিসহ জাতীয় পার্টির সিনিয়র নেতারা উপস্থিত থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে দলটির সিনিয়র নেতাদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু সংবাদমাধ্যমকে বলেন, ‘জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আশা করেছিলাম, আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই নির্বাচনে ভোট দিতে পারবে। আমরা নির্বাচনে যাওয়ার প্রাথমিক কাজ শুরু করেছি। এটি নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়।’
তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি, নির্বাচনে যেন সাধারণ ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারে, সেই পরিবেশ সৃষ্টি করুন। নির্বাচনে আমরা আস্থার পরিবেশ চাই। জাতীয় পার্টির সব পর্যায়ের নেতৃবৃন্দ পার্টি চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি প্রয়োজন মনে করলে, সিনিয়র নেতাদের সঙ্গে আবারও আলোচনা করতে পারেন। নির্বাচনের প্রস্তুতি আমাদের আছে, পার্টি চেয়ারম্যান শিগগিরই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন।’
গতকাল সোমবার দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ফরম কেনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম। জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম বিতরণের প্রথম দিনে মোট ৫৫৭টি ফরম সংগ্রহ করেছেন নির্বাচনে অংশ নিতে আগ্রহী নেতা-কর্মীরা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, ‘এখন জাতীয় পার্টি কোনো জোটের সঙ্গে নেই। আমরা তিনশ আসনেই আমাদের নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।’
চুন্নু বলেন, ‘জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। আমরা অনেক আশা করেছিলাম, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সেই নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে এবং সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি। নির্বাচনে যাওয়ার জন্য প্রাথমিক কাজগুলোর সর্বশেষ হলো মনোনয়ন ফরম বিক্রি। আমাদের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী বাছাই করবে, তারপর প্রার্থী চূড়ান্ত হবে।’
জাপায় কোনো বিভেদ নেই উল্লেখ করে তিনি বলেন, দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ইসিতে যে চিঠি দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত। দলের প্রতীক বরাদ্দের ক্ষমতা চেয়ারম্যানের। এটি আইপিওতে উল্লেখ আছে বলেও জানান তিনি।
জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ফরম বিক্রি ও গ্রহণ করা হবে। আগামী ২৮ নভেম্বর জাতীয় পার্টি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে দেশের ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৯ নভেম্বর) থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত চলবে এ মতবিনিময়। নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ও পরামর্শ নেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
ইসি সূত্র জানায়, তিন দিনের সংলাপে প্রথম দিন রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হবে। দ্বিতীয় দিন আগামীকাল সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ ১৯টি দলের সঙ্গে বসবে কমিশন। শেষ দিন মঙ্গলবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে। শনিবার (২৯ নভেম্বর) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চাওয়া হবে। এ ক্ষেত্রে দলগুলোর মতামত ও পরামর্শকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় শেষ হওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পৃথক একটি সভা অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষা এবং সার্বিক প্রস্তুতির বিষয়গুলো ওই সভায় আলোচনায় আসবে।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মাঠপর্যায়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগাম আলোচনা করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিতে চায় নির্বাচন কমিশন।
তিন দিনের সংলাপে দলগুলোর কাছ থেকে পাওয়া মতামত ও প্রস্তাব পরবর্তী নির্বাচনী পরিকল্পনায় কতটা প্রতিফলিত হয়, এখন সেদিকেই নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।
আগামী পহেলা ডিসেম্বরের সমাবেশ হবে একটি ঐতিহাসিক সমাবেশ। ১৯৭১ সালে আমরা যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, সেই স্বাধীনতাকে সূরক্ষা ও ২৪ এর গণঅভ্যুত্থানের অর্জনসমূহের সূফল দেশবাসীকে পৌঁছে দেওয়ার সমাবেশ এটি। এই সমাবেশকে সফল ও সার্থক করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানালেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী যে সমাবেশে যোগদান করবেন, এতে ঢাকা মহানগর বিএনপির সকল থানা ও ইউনিটসহ সর্বস্তরের নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত। তারা সমাবেশে যোগদান করার জন্য মুখিয়ে আছেন। বিশেষ করে এটি বিজয়ের মাসের সমাবেশ। আমাদের নেতার হাত ধরেই এ দেশের স্বাধীনতার ঘোষণা এসেছিল। অতএব, এই সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা রক্ষা এবং দেশ রক্ষার যে দিকনির্দেশনামূলক বার্তা দেবেন, তা শোনার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আগামী পহেলা ডিসেম্বরের বিজয় সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে মহানগর দক্ষিণের প্রতিটি ইউনিট কমিটির সর্বোচ্চ প্রস্তুতির কথা তুলে ধরেন।
তিনি সমাবেশটিকে নির্বিঘ্ন, সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। যৌথ সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম ইসলামসহ মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ। এছাড়া মহানগর দক্ষিণের আওতাধীন সকল থানা এবং ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল)আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে নিজের অবস্থান তুলে ধরেছেন দলটির মনোনয়নপ্রত্যাশী চিকিৎসক ও সংগঠক ডা. মো. এরশাদ আহসান সোহেল। তার নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নেতা-কর্মীরা। কর্মসূচি থেকে সোহেলকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিও জানানো হয়।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর থেকে মোটরসাইকেল শোডাউন শুরু হয়। তাড়াইল উপজেলা ঘুরে বিকেলে শোডাউনটি করিমগঞ্জ কলেজ মোড়ে পৌঁছায়। পরে কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা।
শোডাউন ও মিছিলে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তাদের হাতে এরশাদ আহসান সোহেলের ছবি সংবলিত পোস্টার ও প্ল্যাকার্ড দেখা যায়। তারা ‘এমপি পদে সোহেল ভাই’ স্লোগান দেন।
সাবেক সংসদ সদস্য ড. এম ওসমান ফারুক পদত্যাগ করায় কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়। আসনটিতে উপনির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের তৎপরতা বেড়েছে। এরই অংশ হিসেবে নিজের অবস্থান তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করেন এরশাদ আহসান সোহেলের অনুসারীরা।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৭ ডিসেম্বর। বাছাইয়ের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। ভোট গ্রহণ হবে ১০ জানুয়ারি।
করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুরের বাসিন্দা ডা. মো. এরশাদ আহসান সোহেল বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর। ছাত্রজীবন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সিনিয়র সহসভাপতি ছিলেন। পরে ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং কেন্দ্রীয় সংসদের লালটু-হেলাল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন তিনি।
এরশাদ আহসান কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় কার্যকরী সদস্য। ২০১৮ সালেও কিশোরগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। এবারও দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে তৎপরতা চালাচ্ছেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে মনোনয়নপ্রত্যাশীদের সম্মেলনেও অংশ নেন তিনি।
ডা. মো. এরশাদ আহসান সোহেল বলেন, ‘কিশোরগঞ্জ-৩ আসনের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এলাকার মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই রাজনীতিতে যুক্ত হয়েছি। আমি আশাবাদী, দল আমাকে মনোনয়ন দেবে। দল আমাকে মনোনয়ন দিলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চাই। মনোনয়নের বিষয়ে দলীয় সিদ্ধান্তের প্রতি আমার আস্থা রয়েছে।’
প্রশাসন ও গণমাধ্যমে বিগত ফ্যাসিবাদী সরকারের দোসররা এখনো অবস্থান করছে এবং বর্তমান সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের ভেতরেও একটি পক্ষ জনসাধারণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।
রিজভী বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও রক্তপাতের মতো পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার ধৈর্যের সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের নীতি অনুসরণ করে পরিস্থিতি মোকাবিলা করছে। কিন্তু সরকারের এসব জনমুখী উদ্যোগ গণমাধ্যমে যথাযথভাবে উঠে আসছে না। তবে বিগত সরকারের আমলে নির্যাতন-নিপীড়নের সময় এবং বিএনপির নেতাকর্মীদের আত্মগোপনে থাকার দিনগুলোতে যেসব সাংবাদিক দলের বক্তব্য তুলে ধরেছেন, তাদের অবদানের কথাও স্মরণ করেন তিনি। একই সঙ্গে গণতন্ত্রকে শক্তিশালী করতে সাংবাদিকদের সঠিক তথ্য-উপাত্তের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
পোশাকশিল্পের শ্রমিক আন্দোলন এবং বাংলাদেশের রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে সাম্প্রতিক আলোচনার সমালোচনা করে রিজভী বলেন, শ্রমিক আন্দোলনের কারণে দেশের রপ্তানি অন্য দেশে চলে যাচ্ছে, এমন তথ্যের ভিত্তি কোথায়? সরকার দ্রুততার সঙ্গে পরিস্থিতি সমাধান করেছে। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরপরও দেশের ব্যবসা-বাণিজ্য উঠে যাচ্ছে বলে যে প্রচার চালানো হচ্ছে, তা সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পরাজিত শক্তি ও গণতন্ত্র হত্যাকারীরা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা এবং হত্যার রাজনীতি বন্ধ করেনি।
এ প্রসঙ্গে কয়েকটি হত্যাকাণ্ডের উল্লেখ করে রিজভী বলেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী (ছাত্রদল কর্মী), ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের রাজু মোল্লা, নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান এবং জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে হত্যা করা হয়েছে।
এসব ঘটনার পেছনে পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তির ইন্ধন রয়েছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তার অভিযোগ, প্রতিদিন হত্যা ও রক্তপাতের ঘটনা ঘটিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার চেষ্টা চলছে। বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে বলে তিনি উল্লেখ করেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশের আয়োজন করা হয়েছে বলে জানান রিজভী। তিনি বলেন, ওই দিন দুপুর ২টায় সমাবেশ শুরু হবে এবং মাগরিবের আগেই শেষ করা হবে। দলের নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশের নামকরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য গণমাধ্যমে ভুলভাবে উদ্ধৃত হয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি স্পষ্ট করে বলেন, এটি বিজয় মাসের উদ্বোধনী সমাবেশ। ১৬ ডিসেম্বরের বিজয় জাতিকে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত করে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারকে আরও দৃঢ় করে।
যৌথসভা ও পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানুল্লাহ আমান এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অঙ্গীকার ভঙ্গের জবাব সরকারকে দিতে হবে। সংবিধান সংশোধন কমিটি অসাংবিধানিক কাজ করেছে। কিন্তু আমরা জুলাই সনদের ওয়াদা থেকে একচুলও নড়ব না। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান স্পষ্ট। কোনো কিছুর বিনিময়ে এই দাবি ত্যাগ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, জনগণ রাষ্ট্র গঠন ও পরিবর্তনের লক্ষ্যে গণভোটের রায় দিয়েছিল। কিন্তু সরকার সে রায় বাস্তবায়ন করছে না। সরকারকে অনুরোধ জানাব, কালক্ষেপণ না করে জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করুন, ঐক্য হয়ে যাবে। শনিবার (২৮ নভেম্বর) সকালে মগবাজারের আলফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শুধু গণভোটের গণনায় নয়, শুধু জুলাই সনদ নয়, আরও অনেক মৌলিক কাঠামো ছিল, যেগুলো অগ্রাহ্য করেছে সরকার। মূল বিষয়ের উপেক্ষা করে ঐক্যের প্রয়াস চালালে তা হবে ক্ষণস্থায়ী। তিনি আরো বলেন, সংসদ আর আদালতের মধ্যে লুকোচুরি খেলা চলুক সেটা চাই না। এ জন্যই সংস্কার প্রয়োজন। ১১ দলকে বাধ্য করা হয়েছে রাজপথে কর্মসূচি দেওয়ার।
একটি জেলায় যেখানে সুস্পষ্ট রাষ্ট্রদ্রোহিতা করা হলো, সেখানে সরকারের গভীর নীরবতা প্রশ্নের জন্ম দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমনকি অন্য একটি দেশ বাংলাদেশ দখল করার হুমকি দিয়ে যাচ্ছেন, সরকার কীভাবে নিশ্চুপ থাকতে পারে।
বিরোধীদলীয় নেতা বলেন, প্রধানমন্ত্রী সংসদের বৈঠকের বক্তব্যে ঐক্যের কথা বলেছেন। এখন ঐক্যের কথা হচ্ছে, আমরা বসব তবে দলীয় দাবি নিয়ে নয়, জনগণের দাবি নিয়ে। বিদেশের সঙ্গে সব চুক্তি করার আগে সংসদে সে বিষয়ে আলোচনা করতে হবে। সকল চুক্তির ব্যাপারে জনগণকে জানাতে হবে। এ সময় তিনি আইনশৃঙ্খলা অবনতি, মাদকের আগ্রাসন, নারী নির্যাতন, চাঁদাবাজি ও দখল বাণিজ্য নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করেন। পুরাতন ফ্যাসিবাদ ফিরে আসুক বা নতুন ফ্যাসিবাদ তৈরি হোক কোনোটাই জনগণ চায় না জানিয়ে জামায়াত আমির বলেন, দেশের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে বললেও ক্ষমতায় গিয়ে বিচার বিভাগীয় সচিবালয় গঠন থেকে সরে এসেছে বিএনপি সরকার।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রকে টেকসই করা সম্ভব নয়। দেশে বারবার ফ্যাসিবাদ, স্বৈরাচার ও একদলীয় শাসনের উত্থানের কারণ হচ্ছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে না পারা।
তিনি বলেন, ‘গণতন্ত্রকে স্থায়িত্ব দিতে হলে, চিরস্থায়ী করতে হলে প্রাতিষ্ঠানিক ভিত্তি দিতে হবে।’
৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের স্মৃতিস্তম্ভে শুক্রবার (২৭ নভেম্বর) শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ মিলন চত্বরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আমানউল্লাহ আমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার।
রিজভী বলেন, শহীদ ডা. মিলনের আত্মত্যাগের মধ্য দিয়ে যে চেতনা তৈরি হয়েছে, সেই চেতনার ওপর ভর করে পরবর্তী সময়ে বিভিন্ন সংগ্রামে মানুষ উদ্দীপ্ত হয়েছে।
অনুষ্ঠানে শহীদ মিলনের মা উপস্থিত থাকায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, তার মায়ের আকুতি সবাইকে অনুভব করতে হবে। তিনি একজন অসাধারণ নারী। তার উপস্থিতি ও বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ গণতান্ত্রিক চেতনা এবং সহনশীলতার একটি দৃষ্টান্ত।
তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রে গণতান্ত্রিক চেতনা ও বোধ থাকা উচিত। মানুষের মধ্যে ভিন্নমত থাকতে পারে, কিন্তু একই সমাজ ও রাষ্ট্রে বসবাস করার কারণে সবার মতামত সহ্য করার মানসিকতা থাকতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ কেবল একজন ব্যক্তির জীবন দেওয়া নয়, বরং একটি বৃহত্তর আদর্শের জন্য আত্মদান। সেই আদর্শ হচ্ছে গণতন্ত্র। যারা কোনো আদর্শের জন্য লড়াই করে জীবন দেন, তারাই শহীদ।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে রিজভী বলেন, ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কি না, তা নিয়ে আস্থার সংকট থাকায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়েছিল। এ ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে একই রাজনৈতিক দলের পুনরাবৃত্তি ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, গণতন্ত্র শক্তিশালী করার ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার একটি কার্যকর পদ্ধতি হিসেবে গ্রহণ করা হয়েছিল। পৃথিবীর বিভিন্ন দেশে গণতন্ত্রের কাঠামো ভিন্ন হলেও এর মূল ভিত্তি হচ্ছে জনগণের শাসন ও জনগণের মতামতের প্রতিফলন।
রিজভী বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পর এটিকে স্থায়িত্ব দেওয়া উচিত ছিল। কিন্তু যারা আন্দোলনের মাধ্যমে এ ব্যবস্থার দাবি করেছিলেন, তারাই পরে এটি বিলুপ্ত করেছেন, যা অত্যন্ত দুঃখজনক।
তিনি বলেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলন কোনো রাজনৈতিক দলের পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নন। তিনি একজন পেশাজীবী ও চিকিৎসক ছিলেন এবং দেশের একটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। বৃহত্তর গণতান্ত্রিক আদর্শের জন্য তার আত্মত্যাগকে স্মরণে রাখতে তার নামে কিছু করা উচিত, যাতে বড় ধরনের রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে।
১৯৯০ সালের অগ্নিঝরা উত্তাল ২৭ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী ডা. শামসুল আলম খান মিলন স্বৈরশাসক এরশাদ সরকারের ভাড়াটিয়া গুন্ডা বাহিনীর গুলিতে শহীদ হন। ওই দিন বর্তমান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএমএ আয়োজিত সভায় যোগ দিতে রিকশাযোগে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকায় সন্ত্রাসীরা তার ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান ডা. মিলন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১ ডিসেম্বর (মঙ্গলবার) পূর্বঘোষিত মহাসমাবেশ করবে বিএনপি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এসব তথ্য জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে মহাসমাবেশের তারিখ ঘোষণা করা হলেও গতকাল স্থান ঘোষণা করা হলো।
রিজভী জানান, বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবেই এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন জাসাসসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা।
তিনি বলেন, ‘১ ডিসেম্বর দুপুর ২টা থেকে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।’
যৌথসভায় শীর্ষ নেতাদের মধ্যে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আমান উল্লাহ আমান ও ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালাম।
জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা পাঠের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। এ সময় মরহুম নেতাদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এমপি, আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা ওয়াসা সিবিএ সভাপতি মোহাম্মদ আজিজুল আলম খানসহ সংগঠনের কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিদেশে অবস্থান করেও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি ও রক্তপাতের মানসিকতা থেকে সরে আসেননি। তার নির্দেশেই দেশে আবার রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি ও নাশকতা চালানোর চেষ্টা হচ্ছে। কৃত্রিম সংকট তৈরি করে দেশের চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, তার নির্দেশনায় ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বিমা ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। এসব সহিংসতায় বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে বলেও দাবি করেন তিনি। নিহতদের মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন নেতা রয়েছেন।
বর্তমান সরকারের ভূমিকার প্রসঙ্গ তুলে বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে। এত সহিংসতা ও উসকানির পরও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথে না গিয়ে ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিচ্ছে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে, যা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নিয়েও সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কথা বলেছেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নের মুখে পড়েছে। ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত বক্তব্যেরও তীব্র নিন্দা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
তিনি বলেন, লাখো মানুষের আত্মদান এবং দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কারও হস্তক্ষেপ বরদাশত করা হবে না। বিজয়ের মাস উদ্যাপনের কর্মসূচি সম্পর্কে রিজভী জানান, আগামী ১ ডিসেম্বর থেকে মাসব্যাপী ‘বিজয়ের মাস’ উদ্যাপন শুরু করবে বিএনপি। এ উপলক্ষে বড় সমাবেশের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। ওই সমাবেশে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন এবং সদস্য সচিব এসএম জাহাঙ্গীরসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পার্শ্ববর্তী একটি দেশের উসকানিতে ফ্যাসিবাদী শক্তি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নবগঠিত শ্রমিক দলের আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান এমপি এবং সদস্য সচিব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিস্থিতি প্রসঙ্গে রিজভী বলেন, বিএনপির নেতাকর্মীরা মারা গেলেও সরকার কারও ওপর গুলি না চালিয়ে গণতান্ত্রিক আচরণের পরিচয় দিয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে রিজভী বলেন, পশ্চিমবঙ্গের একজন মন্ত্রী বলেছেন, ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবেন। যে দেশের মানুষ লুঙ্গি পরে স্টেনগান হাতে নিয়ে দেশ স্বাধীন করেছে, সেই দেশ দখল করা এত সহজ নয়। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের মানুষ সর্বদা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া পোশাক খাতের শ্রমিকদের মজুরি প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, দেশের পোশাকশ্রমিকদের মজুরি প্রায় ৩৬ শতাংশ বাড়ানো হয়েছে, যা ভারত ও পাকিস্তানের চেয়ে বেশি; এ ক্ষেত্রে শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৪ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ মজুরি ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান তিনি। শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তরিকভাবে কাজ করছে উল্লেখ করে শ্রমিক অসন্তোষ নিরসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খানের ভূমিকার প্রশংসা করেন রিজভী; তিনি বলেন, নজরুল ইসলাম খানের পরামর্শ ও নেতৃত্বে শ্রমিকদের মজুরি বাড়ানোর বিষয়ে একটি যুগান্তকারী সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। নবগঠিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি নিয়ে রিজভী বলেন, আমানউল্লাহ আমান ও শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে একটি যোগ্য কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ রক্ষা এবং সংগঠনকে সুদৃঢ় করতে নতুন কমিটির নেতারা গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়তে প্রধানমন্ত্রীর সংলাপের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশের কথা বিবেচনা করেই সংলাপের আহ্বান জানিয়েছেন। তবে এই সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি ঐক্য গড়ে তুলতে হবে। দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তবে সংলাপের মাধ্যমে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করায় দেশে অস্থিরতা তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি। তাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে দেশের যুবসমাজ আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল।
গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে ফাটল ধরার কারণ উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির বলেন, গণভোট ও জনগণের রায়কে অস্বীকার করা এবং ‘জুলাই চার্টার’ বাস্তবায়নে গড়িমসি করে সংবিধান সংশোধন পরিষদ গঠনের কারণেই এই সংকট তৈরি হয়েছে। সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে ধৈর্য ধরতে হবে বলেও মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।
নির্বাচিত সরকারের গণতান্ত্রিক অগ্রযাত্রা ‘বাধাগ্রস্ত করতে’ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি। পলাতক শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ আবারও মোকাবিলা করতে হবে। তাদের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো’ রুখে দিতে হবে। কথাগুলো বলেছেন, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেন, আমরা যারা কিছুটা রাজনৈতিক সচেতন, তারা মনে-প্রাণে বুঝতাম, একটা সময় গিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠীকে আমাদের আবারও মোকাবিলা করতে হবে এবং তাদের চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই আসলে বাংলাদেশ মুক্তি পাবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, ‘আমরা ভেবেছিলাম, ২০২৪ সালের ৫ অগাস্টের পর বাংলাদেশের ভবিষ্যতের একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
গোপালগঞ্জে হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, যুদ্ধ চলমান থাকা দেশগুলোতেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা যায় না। আন্তর্জাতিক জেনিভা কনভেনশন অনুযায়ী এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল। অথচ গোপালগঞ্জে সন্ত্রাসীরা স্লোগান দিয়ে হাতে আগুন নিয়ে হাসপাতালে হামলা চালিয়েছে। সেখানে চিকিৎসাধীন নিরীহ মানুষ ছিলেন।
ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ৩০ দিনই আমরা কর্মসূচির মাধ্যমে রাজপথে অবস্থান করব। এলাকায় এলাকায় অবস্থান করব। মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয় মন্তব্য করেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক বলেন, এটি আপামর বাংলাদেশের জনগণের অর্জন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে জনগণের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন।
ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের প্রজন্মের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের গায়ে লেপে দেওয়া সেই কলঙ্ক মুছে ফেলা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় যেকোনো দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রজন্ম রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনার সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় রিজভী বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তিনি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন? আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তার উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরা। একই প্রসঙ্গে প্রশ্ন তুলে রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চান ফেরার জন্য। তার পেছনে শক্তি জোগাচ্ছে কে? কার ইচ্ছায়, কার জোরে তিনি বিমান চাইলেন? সত্যিকারের আইনের প্রতি সম্মান থাকলে তিনি দেশে এসে আইনি প্রক্রিয়ায় লড়তেন।
বক্তব্যে সাম্প্রতিক সহিংসতা ও সীমান্ত বৈঠকের অভিযোগ তুলে ধরে তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই আর কিশোর গ্যাংদের আগুন দিতে বলা হচ্ছে। বিএনপির তিনজন খুন হয়েছেন। এ দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে কি দিল্লির ইন্ধন ছিল না? কোথাও ভয়ংকর নীলনকশা চলছে। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত। পাশাপাশি, বাংলার মাটি অত্যাচার সহ্য করে না এবং কোনো স্বৈরশাসককে আশ্রয় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ যদি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত হানে, তার জবাব দেওয়া হবে। কেউ স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না। স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করার প্রতীক হাসিনা বলেও মন্তব্য করেন রিজভী।