আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়েছে।
রোববার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নামের তালিকা ঘোষণা করেন।
এ সময় মোট ২৯৮টি আসনের মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করা হয়।
মনোনীত প্রার্থীদের নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।
দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে ২০২৪ সালে গণতন্ত্রের জন্য আন্দোলন করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস ও খুনের রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট জবাব দিতে হবে—‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা ১৬ বছর জনগণের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল, তারা আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ অবস্থায় গণতন্ত্রকামী সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সমুচিত জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করছে, তখন একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী ১৬ বছর জনগণের ওপর জোর করে শাসন চালিয়েছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষ আর ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন দেখতে চায় না।
তারেক রহমান বলেন, ১৬ বছর ক্ষমতায় থেকেও তারা তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি। এ অঞ্চলে গ্যাসলাইন আনেনি, ইপিজেড স্থাপন করেনি। কারণ, দেশের মানুষের প্রতি তাদের দরদ ছিল না। বরং প্রতি বছর বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও এসব অর্থ পাচারের বিষয় উঠে এসেছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটাধিকার, বাক্স্বাধীনতা এবং গুম-খুন বন্ধের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা আবারও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। যারা ক্ষমতায় থাকার জন্য ১ হাজার ৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যা করেছে, তাদের হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ হতে পারে না।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাকালে তারা মানুষের সম্পত্তি লুটপাট, নির্যাতন ও গুমের সঙ্গে জড়িত ছিল। ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পরও অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি শুরু করেছে। দেশের মানুষ আর এসব দেখতে চায় না।
লালমনিরহাটের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিল্প-কলকারখানা গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শিক্ষার প্রসারে সরকার কাজ করবে। একই সঙ্গে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩ জেলায় থাকা প্রয়োজন। সামাজিক উদ্যোগের মাধ্যমে এমন অনেক সমস্যার সমাধান সম্ভব, যা শুধু আইন করে সমাধান করা যায় না।
বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সংগঠনটির কর্মকাণ্ডের প্রশংসা করে তারেক রহমান বলেন, আমি মনে করি, আলোকিত লালমনিরহাটের মতো একটি সংগঠন বাংলাদেশের ৬৩ জেলায় প্রয়োজন। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সব সময় সব সমস্যার সমাধান আইন করে করা সম্ভব নয়। কিন্তু সমাজে এমন অনেক সমস্যা আছে, যেগুলোর সমাধানে সামাজিকভাবে একটি সংগঠনের মাধ্যমে চেষ্টা করলে সেটা করা সম্ভব।
‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেহেতু বিভিন্ন সামাজিক কাজ করছেন, তাই পুরো জেলাকে আবর্জনামুক্ত করার উদ্যোগ নিন। একটি সুশৃঙ্খল ও পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে মানুষের পরিত্যাক্ত আবর্জনাগুলো একটি জায়গায় সংগ্রহ করুন। বাকি পুরো এলাকাকে পরিষ্কার রাখুন। এ উদ্যোগ নেওয়া হলে লালমনিরহাটকে দেশের পরিচ্ছন্নতম জেলাগুলোর একটি হিসেবে গড়ে তোলা সম্ভব।
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের পাশাপাশি আল্লাহ বিভিন্ন পশুপাখি, জীবজন্তু ও পোকামাকড় সৃষ্টি করেছেন। প্রকৃতির প্রতিটি প্রাণীরই কোনো না কোনো ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, উপ প্রেস সচিব সুজন মাহমুদসহ বিএনপির জেলার নেতা-কর্মীরা।
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট: এর আগে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে।
তিনি বলেন, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। দেশের বিজ্ঞানীরাই এই স্যাটেলাইট তৈরির কাজ করছেন। তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, তরুণদের প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে দক্ষ হতে হবে। এ জন্য আধুনিক গবেষণাগার, ইনকিউবেশন সুবিধা ও মেধাভিত্তিক পরিবেশ গড়ে তুলছে সরকার।
তিনি বলেন, শুধু বিমান চালনা বা পরিচালনার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণেরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনশিল্পের বিকাশ এ খাতের সম্ভাবনাকে আরও বাড়িয়েছে।
তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যাতে বাধা না হয়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলেও জানান তিনি। এ অর্থ যথাযথভাবে ব্যবহারের পর আরও প্রয়োজন হলে সরকার অতিরিক্ত বরাদ্দ দেবে।
অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্ভাবন যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিকাজে সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে গবেষণা অব্যাহত রাখতে হবে।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবকদের ৭৪টি দল ও ২৯৬ জন অংশগ্রহণ করছেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট—এই চার বিভাগে প্রতিযোগিতা হচ্ছে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন: প্রতিযোগিতার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দেশের একমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন এবং স্মারক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন তিনি। এ সময় স্থানীয় জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পরে খাল পুনঃখনন কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার: মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে লালমনিরহাটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিষ্ঠান দুটি হলো লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দিনব্যাপী সফরে গতকাল লালমনিরহাটে যান তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পরিদর্শন, অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দেওয়ার পর তিনি লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। পরে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন। কর্মসূচি শেষে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সরকারি বাসভনে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াত আমীর। বৈঠকে জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতে একমত হন শীর্ষ নেতারা।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ; বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইনসহ দলগুলোর অন্যান্য প্রতিনিধিরা।
বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দ্বারা সংঘটিত হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। পতিত স্বৈরাচারের অপতৎপরতা চলছে। দেশ একটি অস্থির পরিস্থিতির মধ্যে চলে গেছে।
ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দল বৈঠকে বসেছে।
তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও বিতাড়িত আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে রুখতে হবে। এ জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।
মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হওয়া দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। আর সেই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু গণভোটের রায় কার্যকর না করাই আজকের পরিস্থিতির অন্যতম কারণ।
তিনি বলেন, আমরা গণভোটের রায় বাস্তবায়নসহ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই শক্তির ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর গুরুত্বারোপ করছি। জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের জানান দেবে। নৈরাজ্যবাদী শক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে জাতিকে পরাস্ত করতে পারবে না। আমরা নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে নৈরাজ্যবাদীদের হামলায় নিহত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবার এবং বাড়িঘরে অগ্নিসংযোগ ও রাস্তাঘাটে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি।
দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে জরুরি বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
গণমাধ্যমকে তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক পর্ষদের এই জরুরি বৈঠক হচ্ছে। বৈঠক শেষে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান ও পরবর্তী করণীয় তুলে ধরা হবে।
বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলমসহ রাজনৈতিক পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, অবরোধের ডাক দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসী বাহিনী আজ লাপাত্তা। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসর আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য যে পায়তারা করছে তা শক্ত ভাবে দেশের সাধারণ মানুষ প্রতিরোধ করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের দীর্ঘ যুগপৎ আন্দোলনের অন্যতম শরীক জোট জাতীয়তাবাদী সমমনা জোট। বিগত দিনের ন্যায় জোটের নেতারা রাজপথে থেকে সব অপতৎপরতার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের মুখপাত্র এস এম শাহাদাত বলেন, ‘বর্তমান সরকার নির্বাচিত সরকার। এই সরকারের সাথে সাধারণ জনগণ রয়েছে তাই আওয়ামী সন্ত্রাসীদের সকল ষড়যন্ত্র রাজপথে থেকে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ।’
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ব্যারিষ্টার নাসিম খান বলেন, ‘এই সরকারের সাথে অতীতে আন্দোলন সংগ্রামে ছিলাম, আছি, থাকবো।’
এ সময় আরও বক্তব্য রাখেন গনদলের চেয়ারম্যান এটি এম গোলাম মাওলা চৌধুরী, এনপিপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, এনডিপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হারুন সোহেল, বাংলাদেশের সাম্যবাদী দলের সভাপতি সাইদ আহম্মেদ, ডিএল সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, জাগপার সভাপতি জাকির হোসেন রিয়াজ, এনডিপি মহাসচিব জামিল আহম্মেদ, গনদলের মহাসচিব আবু সৈয়দ, মুসলিম লীগের মহাসচিব রেজওয়ান মর্তুজা, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির মহাসচিব শাহিন আলম, এনপিপি মহাসচিব জহির হোসেনসহ অনেকে।
রক্তাক্ত লাশের ওপর দিয়ে পতিত ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হত্যার রাজনীতি ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে হবে।
আজ ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, হঠাৎ করেই হত্যার রাজনীতি শুরু হয়েছে। সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের নেতা রাজু মোল্লাকে হত্যা করা হয়েছে। নড়াইলেও দুজনকে হত্যা করা হয়েছে। তাদের একজন যুবদলের ও অন্যজন কৃষক দলের নেতা।
এ সময় তিনি আরও বলেন, দেশে একটি ‘পঞ্চম বাহিনী’ তৈরি হয়েছে। তারা অন্য দেশ থেকে মদদ, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে দেশের জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ছে। যারা গাড়িতে আগুন দিচ্ছে, পুলিশ বক্সে আগুন দিচ্ছে ও মানুষ হত্যা করছে, তাদের কোনোভাবেই মাথা তুলে দাঁড়াতে দেওয়া যাবে না।
দল-মত নির্বিশেষে সবাইকে এই অপশক্তি প্রতিরোধের আহ্বান জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের মানুষ অতীতের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না। তারা একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, যেখানে মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার স্বাধীনতা থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ভিন্নমতের শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানে সহাবস্থানের পরিবেশ নষ্ট করা হয়েছিল। একইভাবে পাঠ্যসূচিতে একটি দল ও তার নেতার অবদানকে প্রাধান্য দিয়ে ইতিহাস তুলে ধরা হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদান ইতিহাসের বইয়ে খাটো করে দেখানো হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ ভূমিকা ও আত্মত্যাগকেও নানাভাবে অবমূল্যায়ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
রুহুল কবির রিজভী বলেন, সত্যকে আড়াল করা যায় না। পাঠ্যপুস্তকে প্রকৃত ও নিরপেক্ষ ইতিহাস তুলে ধরতে হবে। অতীতের গুম, খুন ও ক্রসফায়ারের রাজনীতিরও পুনরাবৃত্তি দেখতে চায় না দেশের মানুষ।
ঢাকা কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, ঊনবিংশ শতাব্দীতে অবিভক্ত বাংলার সরকারি কলেজগুলোর মধ্যে ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজ ও রাজশাহী কলেজ অন্যতম। এসব শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহু কীর্তিমান রাজনীতিবিদ, লেখক, কবি, ঔপন্যাসিক ও মননশীল মানুষের জন্ম হয়েছে। অনেক খ্যাতিমান অধ্যক্ষ ও শিক্ষকের অবদানেও ঢাকা কলেজ সমৃদ্ধ হয়েছে।
রিজভী জানান, একসময় ম্যাট্রিক (এসএসসি) পাস কওে তিনি ঢাকা কলেজে ভর্তির স্বপ্ন দেখেছিলেন। তবে তিনি রাজশাহী কলেজে ভর্তি হয়েছিলেন।
আজ ঢাকা কলেজের ১৮৬ বছর পূর্তির অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে তার সেই স্বপ্ন অন্যভাবে পূরণ হয়েছে।
রুহুল কবির রিজভী ঢাকা কলেজসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সত্যিকার অর্থে জ্ঞানচর্চা, সত্যের চর্চা ও গবেষণার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম ও ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু।
আওয়ামী লীগ রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে উল্লেখ করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুবদল পাল্টা অগ্নিসংযোগ শুরু করলে আওয়ামী লীগের কোনও নেতাকর্মী নিরাপদে থাকতে পারবে না। বাড়িঘরে থাকতে পারবে না।
বুধবার (১৮ নভেম্বর) বিকালে নয়াপল্টনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, বিএনপির সহনশীলতাকে আওয়ামী লীগ দুর্বলতা হিসেবে দেখছে। কিন্তু বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়।
এ সময় বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের সন্ধান এবং খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনি হত্যার বিচার দাবি করেন তিনি।
যুবদল সভাপতি বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান জনগণকে বিপদের মুখে রেখে আত্মসমর্পণ করেছিলেন, আর মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন।
একইভাবে শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন, কিন্তু বেগম খালেদা জিয়া জনগণেরে পাশেই ছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রীও দেশে থেকেই জনগণের পাশে আছেন।
সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন বলেন, জনগণের কাছ থেকে শিক্ষা নিয়ে আওয়ামী লীগের মধ্যে কোনও অনুশোচনা তৈরি হয়নি। বরং তারা চরম সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তিপ্রিয় মানুষের ঘুম নষ্ট করছে। তিনি বলেন, বর্তমান সরকার যেকোনও মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি দাঁড় করাবে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বলেন, হাসিনা দেশে ফিরলে গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবার তার কাছে স্বজনদের হিসাব চাইবে এবং শহীদের হত্যার বদলা নেবে।
ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, আর রাস্তায় বের হয়ো না। অন্তত ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের ভেতরে। খোদার কসম ছাড়বো না কিন্তু।
তিনি আরও বলেন, আজকেও কয়েকজন লোককে ধরার পর আমি রক্ষা করেছি। রাতের অন্ধকারে যে আগুন দিতে আসছে, তারা কিন্তু ধরা খাবেই।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, বোমাবাজি ও নাশকতা চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দেশে ফিরে আসার স্বপ্ন দেখছে। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মজলুম নেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, দলটি ক্ষমতায় থাকাকালে মওলানা ভাসানীকে ভারতের চর বলে আখ্যায়িত করেছিল, অথচ এখন তাদের নেতারাই ভারতে অবস্থান করে বাংলাদেশকে অস্থিতিশীল করার তৎপরতা চালাচ্ছেন। তাঁর ভাষ্যমতে, দলটির নেতাদের কেউ কলকাতা, দিল্লি ও ব্যাংককে ফ্ল্যাট কিনেছেন এবং সেখান থেকে ভিডিও বার্তা ভাইরাল ও প্রচার করে দেশে নৈরাজ্য সৃষ্টির নানা নির্দেশনা দিচ্ছেন; যার মাধ্যমে দেশে কয়েকটি টোকাইকে ব্যবহার করে বোমাবাজি, ককটেল নিক্ষেপ এবং গাড়ি পোড়ানোর মতো ঘটনা ঘটানো হচ্ছে। পলাতক শক্তিকে সতর্ক করে তিনি বলেন, ধৈর্যের একটি সীমা আছে এবং সেই সীমা যেন অতিক্রম না করা হয়; কেননা বোমাবাজি করে দেশে ফিরে আসার স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না।
বিগত আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে গণতান্ত্রিক শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন-সংগ্রাম করেছে এবং পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বেও তা অব্যাহত ছিল; এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র, জনতা ও শ্রমিকের অংশগ্রহণে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে এবং এতে অনেকে আত্মত্যাগ করেছেন। সেই রক্তের দাগ এখনো শুকায়নি উল্লেখ করে তিনি বলেন, পুনরায় শেখ হাসিনা ফিরে এসে বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা লোপাট, সোনালী ব্যাংকের টাকা লন্ডনে চলে যাওয়া, বেসিক ব্যাংকের অর্থ লুটপাট এবং বিদেশে ফ্ল্যাটের পর ফ্ল্যাট কেনার মতো পরিস্থিতি দেশের মানুষ আর মেনে নেবে না।
শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি দখল ও সম্পদ অর্জনের অভিযোগ তুলে রিজভী বলেন, পূর্বাচলে ৬০ কাঠা জমি শেখ হাসিনা, তাঁর ভাগনি ও মেয়ের নামে নেওয়া হয়েছিল—যেন গোটা বাংলাদেশকেই নিজেদের জমিদারি মনে করা হয়েছিল। সেই জমিদারি ফিরে পাওয়ার আশায় টোকাইদের দিয়ে বোমাবাজি করিয়ে প্রত্যাবর্তনের চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মওলানা ভাসানীর অবদান স্মরণ করে রিজভী বলেন, ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠা ও পরবর্তীতে ন্যাপ গঠন করার পাশাপাশি ১৯৫৭ সালেই তিনি পাকিস্তানের শাসকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্বাধীনতার আকাঙ্ক্ষার ইঙ্গিত দিয়েছিলেন; তাই মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন ও অবদান নিয়ে নতুন প্রজন্মের জানার ও গবেষণার ব্যাপক সুযোগ রয়েছে। বাংলাদেশের সংগ্রামের ইতিহাসে মওলানা ভাসানী ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো নেতারা গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এই মাটির মানুষের মধ্য থেকে উঠে আসা নেতৃত্ব ও জনগণকে বোমাবাজি কিংবা বিদেশ থেকে উসকানি দিয়ে দমন করা সম্ভব নয়।
মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির উপদেষ্টা নজরুল হক নান্নু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফুসহ দলের অন্যান্য নেতারা।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. ওসমান ফারুকের পদত্যাগে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলের একাংশ তার আকস্মিক পদত্যাগে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
তাদের অভিযোগ, নেতাকর্মীদের সঙ্গে কোনো আলোচনা না করেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, দলের আরেকটি অংশ তার পদত্যাগকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করছে। তাদের মতে, বয়স ও অসুস্থতার কারণে এলাকায় সময় দিতে না পারায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আগে থেকেই হতাশা তৈরি হয়েছিল।
করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল বলেন, নির্বাচনের পর তারা আশা করেছিলেন, ড. ওসমান ফারুক গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন। কিন্তু তাকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। মন্ত্রিত্ব না পাওয়ার হতাশার কথা তিনি মাঝেমধ্যে স্থানীয় নেতাকর্মীদের কাছে প্রকাশ করতেন।
আজিজুল ইসলাম দুলাল বলেন, ‘আমরা তার হতাশার বিষয়টি জানতাম। তবে আমাদের না জানিয়ে তিনি পদত্যাগ করবেন, তা কখনো ভাবিনি।’
করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন পাভেল বলেন, ‘অনেক আশা-ভরসা নিয়ে দিনরাত পরিশ্রম করে নেতাকর্মীরা তাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন। তার জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। কিন্তু পদত্যাগের বিষয়ে তিনি একবারের জন্যও আমাদের সঙ্গে আলোচনা করেননি। তার অসুস্থতা বা অন্য কোনো হতাশা থাকলে অন্তত নেতাকর্মীদের সঙ্গে কথা বলা উচিত ছিল। কাউকে কিছু না জানিয়ে হঠাৎ পদত্যাগ করায় আমরা মর্মাহত ও ব্যথিত হয়েছি।’
করিমগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান দুলাল শিকদার বলেন, করিমগঞ্জ ও তাড়াইলের মানুষ এলাকার উন্নয়নের প্রত্যাশায় তাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন।
তাকে ঘিরে স্থানীয় মানুষের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু পদত্যাগের বিষয়ে তিনি কারও সঙ্গে যোগাযোগ করেননি। এমনকি তার অসুস্থতার বিষয়েও পরিষ্কার করে কিছু জানাননি।
তিনি বলেন, ‘তার মধ্যে হতাশা ছিল। আগে তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। এখন সংসদে পেছনের সারিতে বসে থাকতে হয়, দলে তার মূল্যায়ন নেই, এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে আমাদের ধারণা। আমাদের সঙ্গে কথা বলে পদত্যাগ করলে অন্তত কিছুটা সান্ত্বনা পেতাম।’
তবে স্থানীয় বিএনপির আরেকটি অংশ ওসমান ফারুকের পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখছে। তাদের নেতাদের দাবি, ওসমান ফারুক একজন সৎ রাজনীতিবিদ হলেও বয়স ও শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে সীমাবদ্ধতা তৈরি হয়েছিল। তার বয়স ৮৬ বছর। বয়সের কারণে স্মৃতিশক্তিও কিছুটা কমে গিয়েছিল বলে তাদের দাবি। অনেক নেতাকর্মীকে তিনি ঠিকমতো চিনতে পারতেন না। নির্বাচনের পর তিনি এলাকায় মাত্র দু-একবার গিয়েছিলেন। এতে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়।
এই অংশের নেতাকর্মীদের অভিযোগ, ওসমান ফারুকের অনুপস্থিতিতে তার চাচাতো ভাই ও ব্যক্তিগত সহকারী মেজবাহ উদ্দিন টুটুল এলাকার উন্নয়নসহ সার্বিক কর্মকাণ্ড পরিচালনা করতেন। এ সুযোগে টুটুল নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন বলে তাদের অভিযোগ। এসব বিষয়কে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে তীব্র কোন্দল ও বিভক্তি তৈরি হয়।
করিমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও বিএনপিকর্মী তাজুল ইসলাম বলেন, ‘ওসমান ফারুক স্যারের প্রতি আমরা কৃতজ্ঞ। তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। তার শারীরিক সীমাবদ্ধতার কারণে করিমগঞ্জ ও তাড়াইলে যে ব্যক্তিগত সহকারী (পিএস) সিন্ডিকেট গড়ে উঠেছিল, তার পদত্যাগের মধ্য দিয়ে সেটির অবসান হলো। আমরা তার শারীরিক সুস্থতা কামনা করি।’
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মেজবাহ উদ্দিন টুটুল। মন্ত্রিত্ব না পাওয়ায় ওসমান ফারুকের মধ্যে কোনো হতাশা ছিল কি না, জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রিত্ব না পাওয়া নিয়ে তার কোনো হতাশা ছিল না। বরং তিনি বলতেন, ‘আমার বয়স হয়েছে, মন্ত্রিত্ব না দেওয়ায় ভালোই হয়েছে।’ টুটুলের দাবি, ওসমান ফারুকের পদত্যাগের একমাত্র কারণ তার শারীরিক অসুস্থতা।
তাড়াইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম বলেন, ‘সংসদ সদস্য ওসমান ফারুকের পদত্যাগে করিমগঞ্জ ও তাড়াইলের বিএনপির নেতাকর্মীরা খুবই হতাশ হয়েছেন। তবে তার বয়স হয়েছিল, তিনি অসুস্থ ছিলেন এবং এলাকায় আসতে পারতেন না। এখন আর কী করার আছে! যা হওয়ার হয়ে গেছে।’
নির্বাচনের পর সংসদ সদস্যকে এলাকায় কতবার পেয়েছেন, জানতে চাইলে সারোয়ার আলম বলেন, তিনি দুবার এলাকায় এসেছিলেন। এরপর আর আসেননি।
কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট জালাল মো. গাউসও পদত্যাগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি নিজেও এই আসন থেকে প্রার্থী ছিলাম। কিন্তু দলের সিদ্ধান্ত মেনে তার হয়ে মনপ্রাণ দিয়ে নির্বাচন করেছি। দিনরাত পরিশ্রম করেছি। অথচ তিনি হঠাৎ পদত্যাগ করে ফেললেন, একবারও কারও সঙ্গে পরামর্শ করলেন না। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘তিনি পদত্যাগ করলে আগেও করতে পারতেন, অথবা আরও পরেও করতে পারতেন। দল মাত্র ক্ষমতায় এসেছে। এখন সময় দেশকে এগিয়ে নেওয়ার। এমন সময়ে তার মতো একজন বিজ্ঞ মানুষের কাছ থেকে এমন সিদ্ধান্ত মোটেও প্রত্যাশিত ছিল না।’
জালাল মো. গাউস জানান, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তার জানামতে ওসমান ফারুক মাত্র দুবার এলাকায় এসেছিলেন। দুই দিন অবস্থান করলেও খুব অল্প সময়ের জন্য ছিলেন। চিকিৎসার কথা জানিয়ে চলে যান। পরে চিকিৎসা শেষে এলাকায় ফিরে সময় দেবেন বলেও জানিয়েছিলেন। কিন্তু হঠাৎ তার পদত্যাগের খবর শুনে তারা বিস্মিত হয়েছেন।
এদিকে করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ড. ওসমান ফারুকের সঙ্গে তাদের মাত্র দুটি অনুষ্ঠানে দেখা হয়েছে। এর একটি ছিল কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা, অন্যটি একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পোশাক বিতরণ অনুষ্ঠান। এর বাইরে প্রশাসনের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। কর্মকর্তাদের প্রয়োজনে যোগাযোগ করা হলে কথা হতো, তবে তিনি নিজ থেকে খুব একটা যোগাযোগ করতেন না।
গোপালগঞ্জে ধারাবাহিকভাবে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তথ্য পাওয়া গেছে। এ পরিস্থিতি প্রতিরোধে আর বসে থাকার সময় নেই। এর প্রতিকার অবশ্যই করতে হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের কার্যক্রমে কার্যপ্রণালী বিধির ১৪৭ বিধি অনুসারে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্ধারিত আলোচনায় যাওয়ার আগে সদ্য পাওয়া একটি উদ্বেগজনক তথ্য সংসদকে জানানো জরুরি মনে করছেন তিনি। গত কয়েক দিন ধরে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি জেলায় অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে। মঙ্গলবার ওই জেলার টুঙ্গিপাড়া থানায় মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও, হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটপাট করা হয়েছে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পিছু হটেছে বলে তিনি জানান।
তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যম পুলিশের কোনো সূত্রের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ ধরনের ঘটনা ঘটেছে বলে শুনেছেন। গোপালগঞ্জ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। সেখানে কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে এমন পরিস্থিতি বিরাজ করছে। এ বিষয়ে সরকারের পদক্ষেপ হিসেবে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। তিনজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে। তবে এর বাইরে আর কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই প্রশ্ন তোলেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জের ওপর দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার যোগাযোগ রয়েছে। ফলে দেশের একটি বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। সংসদে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে আশ্বাস চান তিনি। নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান এবং রাষ্ট্রীয় সম্পদ, জনবল ও স্থাপনা সুরক্ষায় সরকার কী উদ্যোগ নিয়েছে, তা জানতে চান।
ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে তাদের কাছে তথ্য রয়েছে। সরকারের কাছেও এ তথ্য থাকার কথা। বাস্তবে এমন কিছু না ঘটলে তা ভালো হবে। তবে কার কার বাড়িতে আগুন দেওয়া হবে, কোথায় আগুন দেওয়া হবে এবং কোথায় লুটতরাজ চালানো হবে, সে বিষয়ে আগাম ঘোষণা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এমন পরিস্থিতির মধ্যেও সরকার ও সংসদ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, অথচ এ বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে
জাতিকে আশ্বস্ত করতে এবং সংসদকে অবহিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান বিরোধীদলীয় নেতা।
গার্মেন্টস খাতের অস্থিরতা নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতা নিয়ে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। অনেকে তথ্য-উপাত্ত দিয়ে সমস্যার পাশাপাশি সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেছেন। উপস্থাপিত তথ্য যথাযথ হোক, সেটিই তিনি প্রত্যাশা করেন।
তিনি বলেন, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির প্রাণ। দেশের বৈদেশিক মুদ্রার প্রায় ৮০ শতাংশ এ খাত থেকে আসে। এ খাত থেকে বছরে ৩৮ থেকে ৪০ বিলিয়ন ডলার আয় হয়। এর পরের অবস্থানে রয়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স।
গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে উল্লেখ করে তিনি বলেন, এ শিল্পে বিপর্যয় দেখা দিলে উদ্যোক্তা ও মালিকপক্ষ ক্ষতিগ্রস্ত হবেন। তারা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারবেন না। এতে ব্যাংকিং খাতও ক্ষতিগ্রস্ত হবে। ব্যাংক ঋণের কিস্তি ফেরত না পেলে অর্থের প্রবাহ বাধাগ্রস্ত হবে।
জামায়াত আমির বলেন, শিল্পমালিকেরা উৎপাদন চালু রাখতে না পারলে শ্রমিকদের প্রাপ্য পরিশোধ করতে পারবেন না। একপর্যায়ে কারখানায় লে-অফ ঘোষণা করতে হবে। এতে আবারও বিশৃঙ্খলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের আশঙ্কা তৈরি হবে। এমন পরিস্থিতিতে মালিক, শ্রমিক কিংবা দেশের কারও লাভ হবে না; বরং সবাই ক্ষতিগ্রস্ত হবেন।
শ্রমিকদের কর্মসংস্থান হারানোর আশঙ্কা তুলে ধরে তিনি বলেন, বিপুলসংখ্যক শ্রমিক কর্মসংস্থান হারালে তারা কোথায় যাবেন? এ মুহূর্তে তাদের হাতে কাজ তুলে দেওয়ার মতো সুযোগ বাংলাদেশের আছে কি না, তা বিবেচনা করা প্রয়োজন। এমন সুযোগ না থাকলে সামাজিক অস্থিরতা তৈরি হবে, যার প্রভাব পুরো জাতির ওপর পড়বে। তাই এ খাতকে কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।
গার্মেন্টস খাতের সমস্যা সমাধানে সরকার এককভাবে ব্যর্থ হলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, সরকার যদি এ খাতের সমস্যা সমাধানে এককভাবে ব্যর্থ হয়, তাহলে তা দেশের জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। এ বিপর্যয় থেকে বাঁচতে চান তারা। সরকার প্রস্তাবটি গ্রহণ করবে কি না, সেটি সরকারের বিষয় হলেও সহকর্মীর দেওয়া প্রস্তাবের প্রতি সমর্থন জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সবার। এ দায়িত্ব পালনে সরকারি দল, বিরোধী দল, মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও কারিগরি বিশেষজ্ঞদের নিয়ে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এমন উদ্যোগ নেওয়া হলে বাইরে থেকে যারা উসকানি ও প্ররোচনা দিচ্ছে, তাদের কাছেও একটি বার্তা পৌঁছাবে। তার বিশ্বাস, এ বার্তা অস্থিরতা প্রশমনে কার্যকর হবে।
জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সবাই একসঙ্গে কাজ করলে মালিক ও শ্রমিক উভয় পক্ষের মধ্যে আস্থা ফিরে আসবে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে আস্থাহীনতার কঠিন পরিস্থিতি বিরাজ করছে।
গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনার প্রস্তাব দিয়ে জামায়াত আমির বলেন, তৈরি পোশাকশিল্প দেশের প্রধান রপ্তানি খাত এবং মোট রপ্তানির প্রায় ৮০ শতাংশ এ খাতের আওতাভুক্ত। প্রতিবেশী দেশেও এ ধরনের চর্চা রয়েছে। সেখানে বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিকদের সরকার সরাসরি আর্থিক প্রণোদনা দেয়।
তিনি বলেন, শিল্পমালিকেরা উৎপাদন বাড়াতে না পারলে কিংবা লাভের মুখ দেখতে না পারলে এ শিল্প চালু রাখবেন কীভাবে? তাই মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই রক্ষা করা প্রয়োজন। মজুরি বোর্ড গঠনকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, সামগ্রিক পরিস্থিতি মোকাবিলায় তার প্রস্তাবটি বিবেচনায় নেওয়া হলে সবাই মিলে একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, অস্থিরতা একটি জায়গায় সীমাবদ্ধ থাকবে, এমন ধারণার কোনো কারণ নেই। একজন চিকিৎসক হিসেবে তিনি জানেন, বিষফোঁড়ার জীবাণু রক্তে ছড়িয়ে পড়লে তা পুরো শরীরে ছড়িয়ে যায়। তাই জীবাণু রক্তে ছড়িয়ে পড়ার আগেই সমস্যাটির সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অংশ। সেখানে বহু নাগরিক, দেশপ্রেমিক ও নিরীহ মানুষ বসবাস করেন। তাদের রক্ষা করা সরকার ও সবার সম্মিলিত দায়িত্ব। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা দেশকে ভালোবাসলে সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করতে বা মানুষের জীবন কেড়ে নিতে পারে না। এভাবে আগাম ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানোরও সুযোগ নেই। এ বিষয়ে আর বসে থাকার সময় নেই। এর প্রতিকার অবশ্যই করতে হবে বলে দাবি জানান তিনি।
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট ঘটিয়ে শেখ মুজিবসহ অন্যান্যদের হত্যা করেছিল বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৭১-এর অরক্ষিত স্বাধীনতা ৭ই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মাধ্যমে সুরক্ষিত হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ভিন্নমত দমন করার পাশাপাশি বাক্স্বাধীনতা কেড়ে নিয়ে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। ৭ নভেম্বরে সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র ও বাক্স্বাধীনতা ফিরে আসে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ছাত্রদলের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সভায় প্রধান বক্তা ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ডা. মোফাখখারুল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আমির মীম। সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক রিমন আলী।
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর প্রধান ফটকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির আয়োজনে মেফেয়ার ভেন্যুতে নাহিদ ইসলামকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠান ঘিরে ভেন্যুর বাইরে সমবেত হন যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকেরা। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বাইরে থাকা আওয়ামী লীগ সমর্থকেরা অনুষ্ঠানে আগত অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ করেন এবং হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হন।
রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান সমাপ্তির পর প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় এনসিপির নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করতে দেখা গেছে। অনুষ্ঠান শেষে মেফেয়ার হলের পেছনের সড়কে আওয়ামী লীগ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও প্রায় ২০ মিনিটব্যাপী হাতাহাতি ও সংঘর্ষ চলে। একপর্যায়ে বিশৃঙ্খলা থামাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে হামলার এই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নাহিদ ইসলাম। পাশাপাশি হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত শনিবার (১৫ নভেম্বর) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়েও নাহিদ ইসলামের একটি আলোচনাসভা ঘিরে হেনস্তার চেষ্টার ঘটনা ঘটেছিল।
নাগরিকদের সমস্যা, প্রত্যাশা, অনিয়ম, হয়রানি ও অভিযোগ সরাসরি জানতে এবং তা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণে ‘অভিযোগ বক্স’ খুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর শাহজাদপুরের তার বাসভবনে ব্যতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে ‘অভিযোগ বক্সে’ চালু করা হয়েছে। এতে ঢাকা-৮ আসনের নাগরিকদের নির্ভয়ে তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলাকার সর্বস্তরের মানুষের কথা সরাসরি শোনা এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার লক্ষ্যেই এ ব্যবস্থা চালু করা হয়েছে। ঢাকা-৮ আসনের সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, নাগরিক দুর্ভোগ, এলাকার উন্নয়নসংক্রান্ত দাবি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সেবা পেতে ভোগান্তি এবং জনস্বার্থসংশ্লিষ্ট যেকোনো অভিযোগ সরাসরি তার কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দিতে স্থাপন করা হয়েছে একটি ‘অভিযোগ বক্স’।
এই উদ্যোগের বিশেষ দিক হলো, অভিযোগ বক্সে জমা পড়া প্রতিটি অভিযোগ ও সমস্যার বিষয় তিনি নিজে সরাসরি তদারকি করবেন এবং গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবেন। জনগণের উত্থাপিত সমস্যাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ প্রসঙ্গে ঢাকা-৮ আসনের সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘এলাকার যেকোনো সমস্যা, অনিয়ম, নাগরিক ভোগান্তি, উন্নয়নসংক্রান্ত প্রস্তাব কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের কথা নির্ভয়ে অভিযোগ বক্সে লিখে জমা দিন। আপনাদের প্রতিটি অভিযোগ, পরামর্শ ও মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে কার্যকর যোগাযোগ এবং জবাবদিহিমূলক সম্পর্ক প্রতিষ্ঠা ছাড়া একটি সুন্দর, বাসযোগ্য ও উন্নত এলাকা গড়ে তোলা সম্ভব নয়। জনগণের কথা শোনা, তাদের সমস্যার পাশে দাঁড়ানো এবং বাস্তবসম্মত সমাধান নিশ্চিত করাই জনপ্রতিনিধি হিসেবে আমার অন্যতম দায়িত্ব।’
ঢাকা-৮ আসনকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব এলাকা হিসেবে গড়ে তুলতে জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেছেন মির্জা আব্বাস।
এ আসনের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনার সমস্যা, অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশার কথা আমাদের জানান। আপনাদের কণ্ঠস্বরই হোক এলাকার উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথনির্দেশক। জনগণের কথা শুনতে, জনগণের পাশে থাকতে এবং জনগণের সমস্যা সমাধানে আমার এই উদ্যোগ। আপনার অভিযোগ, আপনার অধিকার। আপনার সমস্যার সমাধানই আমাদের অঙ্গীকার।’
রাজধানীর তিন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের ১০ জন নেতা–কর্মীকে আটক করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)। খিলগাঁও, ধানমন্ডি ও রুপনগর আবাসিক এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানা যায়। পুলিশ জানায়, গত রোববার সন্ধ্যা থেকে সোমবার (১৬ নভেম্বর) ভোর পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
খিলগাঁওয়ে আটক ৩
রাজধানীর খিলগাঁওয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতা–কর্মীকে আটক করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। খিলগাঁও থানার পুলিশ এ অভিযান চালায়। আটক ব্যক্তিরা হলেন শওকত আলী (৪৫), জেহাদুল ইসলাম (৫১) এবং সুমন ওরফে মুরগি সুমন (২৮)। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, শওকত আলী মতিঝিলের ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসাংগঠনিক সম্পাদক। জেহাদুল ইসলাম আওয়ামী লীগের সক্রিয় সদস্য। সুমন খিলগাঁও বউবাজার ইউনিট আওয়ামী লীগের সহসভাপতি এবং বউবাজার যুবলীগের প্রচার সম্পাদক। পুলিশ জানিয়েছে, আটক তিনজনকে আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ধানমন্ডিতে আটক ৩
ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে গত সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন নেতাকে আটক করা হয়েছে। তারা হলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন এবং উপদপ্তর সম্পাদক জুবায়ের। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের এই তিনজন ধানমন্ডিতে আত্মগোপনে ছিলেন। স্থানীয় ছাত্রদল, গোয়েন্দা সংস্থা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
রূপনগরে আটক ৪
রাজধানীর রূপনগরে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় নিষিদ্ধ ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের দুই নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, সোমবার (১৬ নভেম্বর) ভোর পাঁচটার পর রূপনগর টিনশেডের ৮ নম্বর সড়কের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন রূপনগর থানা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল হাসান আলিফ (২০), বঙ্গবন্ধু সৈনিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম (৩১), ছাত্রলীগ কর্মী গোলাম রাব্বি (২২) ও মো. জাহিদ (২৬)।