শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

৯ বছর পর ভারত থেকে ফিরলেন বিএনপির সালাহউদ্দিন

ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৪ ২০:৫০

৯ বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন। আজ রোববার বেলা সোয়া ২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সালাহউদ্দিনকে বিমানবন্দরে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী স্বাগত জানান। বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এ তথ্য নিশ্চিত করেছেন।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর একই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ভারতের পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল, সালাহউদ্দিন শিলংয়ে উদ্‌ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় লোকজনের ফোন পেয়ে তাকে আটক করা হয়।

সালাহউদ্দিনকে আটকের পর বৈধ নথিপত্র ছাড়া ভারতে প্রবেশের অভিযোগে দেশটির ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী মামলা করে মেঘালয় পুলিশ। একই বছরের ২২ জুলাই ভারতের নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগ গঠন করা হয়। এই মামলায় নিম্ন আদালতের রায়ে ২০১৮ সালে সালাহউদ্দিন খালাস পান। ভারত সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করলে তাকে সেখানেই থাকতে হয়।

২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আপিলেও খালাস পান সালাহউদ্দিন। আদালত তাকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেন। একই বছরের ৮ মে সালাহউদ্দিন ভ্রমণ অনুমোদনের জন্য আসাম রাজ্য সরকারের কাছে আবেদন করেন। আবেদনে তিনি বলেন, ২০১৫ সাল থেকে তিনি ভারতে আটকে আছেন। দেশটিতে তার বিরুদ্ধে যে অনুপ্রবেশের মামলা হয়েছিল, সেই মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। ২০১৬ সালের ১১ জুলাই তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছে। ভারতে থাকার কারণে তিনি নিজের পাসপোর্ট নবায়নের সুযোগ পাননি। ভ্রমণ অনুমোদন দেওয়া হলে তিনি নিজের দেশে ফিরতে চান। দেশবাসী ও পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হতে চান।

৬ আগস্ট বিকেলে মেঘালয় থেকে মুঠোফোনে সালাহউদ্দিন একটি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তিনি দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। সেদিনই তাকে এ পাস দেওয়া হয়।

বিষয়:

নির্বাচিত

গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গুম-খুন ও নানা ধরনের নিপীড়ন-নির্যাতন চালিয়েও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহাবাগে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে রিজভী বলেন, ‘ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাদের মাথানত করানো যায়নি। জাতীয়তাবাদী শক্তির মাথানত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারাদেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে-পথে ব্যারিকেড গড়ে তুলবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে, তা তাকে ভোগ করতে হবে।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার জন্য শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।’

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা: জামায়াত আমির

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তৃতা করছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা। আওয়ামী লীগ যদি শক্তিশালীই হতো তাহলে তিনি দেশ ছাড়তেন না-বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে আমির বলেন, ফ্যাসিবাদ নামক ভাইরাসের অনেক লক্ষণ থাকলেও এ সরকারকে এখনই আমরা ফ্যাসিস্ট বলতে চাই না। জাতির সামনে ওয়াদা দিয়ে তারা লঙ্ঘন করল, জুলাই সনদ না মেনে তারা প্রতারণা করল।

এদিকে জুলাই আন্দোলনের যে রুপরেখা তা বাস্তববায়ন হয়নি বলেও অভিযোগ করেন। শফিকুর রহমান বলেন, যারা জুলাইয়ে রক্ত দিয়েছে, তারা নতুন কাউকে ফ্যাসিবাদী হতে দেবে না। শিক্ষা খাতে চরম ষড়যন্ত্র চলছে। সারাদেশের স্কুল কলেজের কমিটিতে সন্ত্রাসীদের দায়িত্ব দেয়া হচ্ছে। মেধাবী শিক্ষকদের উপেক্ষা করে দলবাজ শিক্ষকদের প্রাধান্য দেয়া হচ্ছে। জোর করে দলীয় লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, সামনে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা আর কোনো ভোট ডাকাত, দুর্নীতিবাজদের ছাড় দেব না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না, কোনো অন্যায় সহ্য করব না।


নির্বাচিত

ডিসেম্বর মাসে আসছে বিএনপির নতুন কর্মসূচি

ফাইল ছবি
আপডেটেড ১৪ নভেম্বর, ২০২৬ ১৯:৫৭
নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরের মধ্যে সুসংগঠিত হতে যাচ্চে বিএনপি। বিশেষ করে শেখ হাসিনা দেশে ফিরে আসার যে ঘোষণা দিয়েছেন এবং তাতে করে ডিসেম্বরে দেশের পরিস্থিতিও উত্তপ্ত হতে পারে বলে বিশেষজ্ঞদের মতামত। এই কারণেই বিএনপির তৃণমূল পর্যায়ের যে নেতা-কর্মী রয়েছেন তারা সুসংগঠিত হয়ে পুরো ডিসেম্বর মাসেই বিভিন্ন কর্মসূচির নেওয়া হয়েছে বলে জানা গেছে। আসতে পারে নানা কর্মসূচির ঘোষণাও।

দলের বাইরে যুগপতের সঙ্গীদেরও মাঠে নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্প্রতি জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নির্বাচনী এলাকায় দলীয় এমপিদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে দলের একটি সূত্র জানিয়েছে, দেশের অবস্থা স্থিতিশীল রাখতে এবং নাশকতা ঠেকাতে প্রয়োজনে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকেও পাশে পাওয়ার চেষ্টা করবে বিএনপি। তারপরও অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেবে না দলটি।

প্রশাসন থাকবে হার্ডলাইনে, মাঠে থাকবে বিএনপি

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো তৎপরতা নিয়ন্ত্রণে হার্ডলাইনে থাকবে প্রশাসন। এরই মধ্যে পাড়া-মহল্লায় নাশকতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ ক্ষেত্রে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করছে বিএনপি। প্রয়োজনে রাজনৈতিকভাবেও অপশক্তিকে মোকাবিলা করবে দলটি। গত ১২ নভেম্বর রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলে জনগণ তা প্রতিরোধ করবে।’

তিনি বলেন, ‘জনসমর্থনহীন কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হবে না। যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনো টিকে থাকতে পারে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আগে বিএনপির সংসদীয় দলের সভায় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সংসদীয় দলের সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

গত বুধবার সংসদের চতুর্থ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তার এ আহ্বানকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি এও বলেন, ‘সরকার যদি ফ্যাসিবাদী শক্তির তৎপরতা দমনে ব্যর্থ হয়, তবে বিরোধী দল বসে থাকবে না। তারা তাদের অবস্থান অনুযায়ী কাজ করবেন।’

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, রাজপথে নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের। তবে গণহত্যাকারীদের যেকোনো অপতৎপরতা মোকাবিলায় রাজনৈতিক প্রতিরোধও জরুরি। তাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রয়োজনে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে। এ ক্ষেত্রে বিরোধী দলকে পাশে চাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের বলতে হবে কেন? তারাও তো জুলাইয়ের শক্তি। অপশক্তি মোকাবিলায় তাদেরও তো দায়িত্ব রয়েছে।’

ডিসেম্বর ঘিরে থাকতে পারে যেসব কর্মসূচি

বিএনপির এক নেতা বলেন, ‘বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে গত ৯ নভেম্বর নয়াপল্টনে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৈঠকে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়। আলোচনা সভা, পাড়া-মহল্লায় আন্দোলন, শোভাযাত্রা, সমাবেশসহ নানা কর্মসূচি আসতে পারে। এ বিষয়ে অচিরেই দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।’


নির্বাচিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দেয়ার আহ্বান গোলাম পরওয়ারের

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলায় মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব মহানগরীর সাহিত্য-সংস্কৃতিকর্মীদের। দেশের সাংস্কৃতিক আন্দোলনে তাদেরই নেতৃত্ব দিতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও প্রাণকেন্দ্র হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকার। আল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী—এই বিশ্বাস ইসলামি সংস্কৃতির মূল চালিকাশক্তি।

তিনি বলেন, ভালোবাসা, ভয়, আশা এবং যাবতীয় উপাসনা ও বন্দেগি কেবল একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে। এই বিশ্বাস মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতিচর্চাই এই শাশ্বত দর্শনের মূল কথা।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না। কোনো পরিবর্তন এলেও তা স্থায়ী হয় না। ইতিহাসের এই শিক্ষা সামনে রেখে আমাদের পথ চলতে হবে।

সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ মানছুর বলেন, গান গাইলে ব্যক্তিত্ব নষ্ট হয় না। গান মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। তবে সব সময় মনে রাখতে হবে, পবিত্র কুরআন হলো মানবমন পরিবর্তনের জন্য সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ।

দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, সাহিত্য-সংস্কৃতি বিভাগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও জাতীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির ও মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং সাহিত্য-সংস্কৃতি কমিটি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন কবি মোশাররফ হোসেন খান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি আবু তাহের বেলাল, সাহিত্য-সংস্কৃতি সংগঠক আবেদুর রহমান, শিল্পী তাফাজ্জল হোসাইন খান, শিশুসাহিত্যিক ড. ইকবাল কবীর মোহন, কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল ও বাচিক শিল্পী মাহবুব মুকুল প্রমুখ।


নির্বাচিত

কমিটি গঠনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা বিএনপির কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাঁরা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

নতুন কমিটি ঘোষণার পর শুক্রবার বিকেলে কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

এ সময় দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া কয়েকটি দোকানপাট এবং উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। কার্যালয়টি স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নির্বাচিত

নুসরাতের বাড়িতে আগুন নিয়ে উত্তপ্ত সংসদ

* পেট্রলবোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী * হামলার পেছনে আওয়ামী লীগকে সন্দেহ নুসরাতের * নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্ক হয়েছে। বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানোর অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। পুরোনো বৈদ্যুতিক তারের দুর্বল সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বুধবার রাত সোয়া ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের দাদার বাড়িতে আগুন লাগে। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। আগুনে দুটি ছাগলসহ কয়েকটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একটি শিশুও। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

নাহিদের অভিযোগ, নুসরাতকে কয়েক দিন ধরে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে তিনি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। হুমকির পর বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িতে সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম জানান, গত ২৮ অক্টোবর থেকে তিনি একাধিকবার হুমকি পেয়েছেন। এসব ঘটনায় ঢাকার কলাবাগান থানায় জিডি করেছেন। তার দাবি, বুধবার রাতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়।

নুসরাত বলেন, সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তার কাছে পেট্রোলবোমা হামলা বলে মনে হয়েছে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

হামলার পেছনে আওয়ামী লীগকে সন্দেহ করার কথা জানিয়ে নুসরাত বলেন, ‘আমার এলাকাবাসীকে আমি সন্দেহ করি না। পুলিশ পুলিশের কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি, এটা আওয়ামী লীগেরই কাজ।’

তিনি জানান, বাড়িটি পরিত্যক্ত ছিল না। পাঁচ থেকে ছয় বছর ধরে সেখানে একটি অসহায় পরিবার বসবাস করছিল। বাড়িতে গবাদিপশুর খামারও ছিল। এ ধরনের হামলা চালিয়ে আন্দোলন-সংগ্রাম দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিক তদন্তে পেট্রলবোমা ব্যবহারের কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেও বিস্ফোরণের মতো শব্দ শোনার তথ্য পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রলবোমা নিক্ষেপের চিহ্ন কিংবা এ ধরনের ঘটনার প্রত্যক্ষ সাক্ষ্যও মেলেনি।

মন্ত্রী জানান, অতিরিক্ত পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিজিবির একটি দলও তদন্ত করেছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের ছবি, অডিও ও ভিডিওসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

তার ভাষ্য, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল ছিল। একটি ছবিতে শর্টসার্কিটের মতো ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি এখনো প্রাথমিক ধারণা। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্ত চলছে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দায়ী করা ঠিক হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান। নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাইরে থেকে কিছু নিক্ষেপের পরপরই বাড়িতে আগুন জ্বলে উঠতে দেখা যায়। তার অভিযোগ, তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাড়িটিতে কেয়ারটেকারের পরিবারসহ মানুষ বসবাস করতেন। আগুনের সময় সেখানে মানুষ থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের সমর্থকদের উল্লাসের বিষয়টিও তুলে ধরেন তিনি।

একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য বন্ধ করে বসে পড়েন। ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে বক্তব্য চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। এ সময় এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ ও মাহমুদা আলম মিতুকেও প্রতিবাদ জানাতে দেখা যায়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বক্তব্য দিয়ে বলেন, তদন্তের ভিত্তিতেই ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

মাগরিবের নামাজের বিরতির পর আবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, সংসদ সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার প্রসঙ্গ তুলে বলেন, ৪৮ ঘণ্টা পার হলেও ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে।

সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব।’ তিনি আরও বলেন, ‘আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নেও সরকারের অবস্থান জানতে চান তিনি। এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আশপাশে তল্লাশি চালিয়েও কোনো দাহ্য পদার্থ বা বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। পল্লী বিদ্যুতের কর্মীরাও পরীক্ষা করে শর্টসার্কিটের প্রমাণ পাননি।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নুসরাত তাবাসসুম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। মামলা ও যৌথ তদন্তের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। খবর পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি। তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।


নির্বাচিত

জনসমর্থন ছাড়া ষড়যন্ত্র করে লাভ হবে না: রিজভী

ছবি: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জনসমর্থন ছাড়া কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হবে না। দেশে গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হলেও জনগণই তা প্রতিহত করবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনো টিকে থাকতে পারে না। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলেও জনগণ তা প্রতিরোধ করবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে দেশে অর্থ পাচারসহ বিভিন্ন দেশবিরোধী কর্মকাণ্ড চালানো হয়েছে। এখনো নানা উপায়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের বাড়িতেও হামলার ঘটনা ঘটেছে। তবে এ ধরনের পরিকল্পিত ও কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে রিজভী বলেন, জনগণের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় এবং সামনে এগোনোর পথ সংকুচিত হয়ে আসে, তখন বিপ্লব অনিবার্য হয়ে ওঠে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জাতীয় চেতনা এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আকাঙ্ক্ষা থেকে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল। সেই বিপ্লবের মধ্য দিয়ে দেশে বহুদলীয় গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা ফিরে এসেছিল।

তিনি বলেন, একই চেতনার ধারাবাহিকতায় ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ও অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম ও বেনজীর আহমেদ এবং উপউপাচার্য অধ্যাপক নেছার ইউ আহমেদ।


নির্বাচিত

কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠকের ইতিহাস জামায়াতের নেই: শফিকুর রহমান

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সংগৃহীত ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপনে বৈঠক করার ইতিহাস জামায়াতের নেই দাবি করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত একটি রাজনৈতিক দল। রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে আলোচনা হতে পারে, তবে গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের প্রশ্নই আসে না।

বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের কার্যক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জামায়াতের বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগ যারা তুলছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। এমনকি সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেছেন এবং নিজেদের দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করেছেন।

এর আগে সংসদে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, দেশের সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে। এ বিষয়ে জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে একমত হলেও তিনি ঢাকায় একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার গোপন বৈঠকের প্রসঙ্গ তোলেন। এসব বৈঠকের সঙ্গে চলমান অস্থিরতার কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায় বলে মন্তব্য করেন তিনি।

জবাবে জামায়াত আমির বলেন, সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়ার বিষয়ে তিনি একমত। তবে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া রয়েছে বলে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা স্পষ্ট করা প্রয়োজন।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক ২৪ ঘণ্টার সচিব মর্যাদার একজন ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন, তাহলে বিষয়টি জামায়াত আগেও চ্যালেঞ্জ করেছে। সে সময় অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানানো হয়েছিল।

এ ধরনের অভিযোগের জবাবে ‘ঠাকুরঘরে কে রে, আমি কলা খাই না’ প্রবাদটি উল্লেখ করে শফিকুর রহমান বলেন, যারা এসব অভিযোগ করছেন, তারাই আত্মগোপনে রয়েছেন। বিষয়টি গোপন নয়, বরং প্রকাশ্য।

বর্তমান রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাষ্ট্রপতিও অতীতে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, সব দরজা খুলে দেওয়া হবে এবং সব মামলা তুলে নেওয়া হবে। তবে জামায়াত এ ধরনের কোনো কথা বলেনি বলে দাবি করেন তিনি।

গত ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। তিনি বলেন, ওই সংবাদ সম্মেলনে তিনি আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন বলে প্রচার করা হলেও ২২ মিনিটের বক্তব্যে একবারও আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। বক্তব্যের ভিডিও এখনো রয়েছে, যে কেউ তা যাচাই করতে পারবেন।

এ সময় জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দেওয়া এক ব্যক্তির সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ওই ব্যক্তি ২৪ ঘণ্টা তাদের পেছনে লেগে থাকেন। সন্ধ্যা, রাত, পরদিন সকাল ও দুপুরে ভিন্ন ভিন্ন বক্তব্য দেন। তাকে কোনো বেতন বা মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি।

শফিকুর রহমান আরও বলেন, এ ধরনের ব্যক্তির বক্তব্যের ভিত্তিতে জামায়াতকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকের অভিযোগে জড়ানো হলে তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছেন। তারা কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেননি। বরং আজ সংসদের ৩০০ সদস্যের সঙ্গে বসবেন।

তিনি পুনরায় অভিযোগ করেন, জামায়াতের বিরুদ্ধে যারা এসব কথা বলছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন। সংশ্লিষ্ট সংস্থার দেশে গিয়ে সাক্ষাৎ করে দুঃখ প্রকাশ করেছেন এবং নিজেদের দলের অতীত নীতিকে ভুল বলে স্বীকার করেছেন। ভবিষ্যতে সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

অন্যদের দিকে অভিযোগের আঙুল তোলার আগে নিজেদের অবস্থান পর্যালোচনার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাই উত্তম হবে।’


নির্বাচিত

দল ভারী করতে আ.লীগকে কৌশলে জায়গা দিচ্ছে জামায়াত শিবির: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রসঙ্গে লিখেন, আওয়ামী দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্তভাবে মাঠে না নেমে জামায়াত-শিবির সস্তা ডায়ালগ দিতে শুরু করেছে যে ‘নিষিদ্ধ আ.লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই?’ আবার আওয়ামী ফ্যাসিস্ট গোষ্ঠীর অগ্নিসন্ত্রাস ও ককটেল বিস্ফোরণের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে জামায়াতে ইসলামী বিবৃতি দিয়েছে। এভাবে সুকৌশলে জামায়াত-শিবির আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নরমালাইজ করছে।

সম্প্রতি রাজধানীসহ সারা বাংলাদেশে ককটেল বিস্ফোরণ এবং গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এমনকি কয়েকটি জায়গায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিছিলও বের হয়। সরকারের কাছে কেন এর গোয়েন্দা তথ্য নেই সেই প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।

রাশেদ খাঁন বলেন, ‘অতীতে যে সাদিক কায়েম শিবিরের ঢাবি শাখার সভাপতি থাকা অবস্থায় গুপ্ত হয়ে ছাত্রলীগ করত, এটা কি শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামাল জানত? আর সারা দেশে জামায়াত-শিবিরের অনেকে যে গুপ্তবেশে ছাত্রলীগ-আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল, এই গোয়েন্দা তথ্য কি আওয়ামী ফ্যাসিস্টদের কাছে ছিল? ছিল না। সুতরাং একটা দলের গুপ্ত পলিসিসহ চোরাগোপ্তা আক্রমণ সংক্রান্ত সব তথ্য গোয়েন্দা সংস্থা কিংবা সাংবাদিকদের কাছেও থাকে না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে গুপ্ত রাজনীতির কৌশল শিখিয়েছে জামায়াত-শিবির। ছাত্রলীগ-আওয়ামী লীগ এখন জামায়াতে গুপ্ত হয়ে বেঁচে থাকার চেষ্টা করছে। আর জামায়াত-শিবির দল ভারী করতে আওয়ামী দুর্বৃত্তদের দলে জায়গা করে দিচ্ছে।

এ ছাড়া ছাত্রলীগের অনেকে শিবিরের ছায়াতলে গিয়ে বলার চেষ্টা করছে যে, কায়দা করে বেঁচে থাকতে ছাত্রলীগ করতাম, কিন্তু আসলে তো পরিবারের চৌদ্দগোষ্ঠী জামায়াত-শিবির।’

ফেসবুক পোস্টের শেষে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক ফায়দা নিতে বিএনপি সরকারকে দুর্বল করার আওয়ামী-জামায়াতি ষড়যন্ত্রকে সম্মিলিতভাবেই রুখে দিতে হবে। আর এ কারণে চলতি নভেম্বরসহ আগামী ডিসেম্বর ও জানুয়ারি টানা তিন মাস ফ্যাসিবাদ দমনের মাস হিসেবে রাজপথে শক্তভাবে প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।’


নির্বাচিত

১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম

ছবি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এক সপ্তাহের সরকারি সফরে আগামী শুক্রবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্য গমন করছেন। প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে এটি তাঁর প্রথম যুক্তরাজ্য সফর। সফরকালে তিনি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং হিউম্যান রাইটস ওয়াচের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এছাড়া বিশ্বখ্যাত কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে একটি বিশেষ বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।

বুধবার (১১ নভেম্বর) এনসিপির যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সফরে তাঁর সঙ্গে দলের যুগ্ম সদস্য সচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদও সফরসঙ্গী হিসেবে থাকবেন।

এর আগে গত সোমবার (৯ নভেম্বর) পূর্ব লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সফরের সার্বিক বিষয় তুলে ধরেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক।

ওই সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হুদা জুনেদও উপস্থিত ছিলেন। সফরকালে ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন অবদান, অভিজ্ঞতা ও প্রত্যাশার কথা শোনার পাশাপাশি তাদের সঙ্গে নিবিড় মতবিনিময় করা হবে। বিশেষ করে আগামী ১৬ নভেম্বর ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নাহিদ ইসলামকে একটি জমকালো নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।

সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে অনুষ্ঠিতব্য এই বৈঠকে মূলত জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, মানবাধিকার সুরক্ষা এবং টেকসই প্রাতিষ্ঠানিক সংস্কারের নানা প্রয়োজনীয়তা ও চ্যালেঞ্জসমূহ জোরালোভাবে আলোচিত হবে। পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত বক্তৃতায় নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অভিজ্ঞতা, ঘটনাবলি এবং ২০২৪ সালের জুলাই থেকে বাংলাদেশে সূচিত নতুন রাজনৈতিক অধ্যায় বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। এছাড়া অংশীজনদের সঙ্গে আলোচনায় জুলাই গণহত্যার বিচার এবং অতীতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নির্বিচার দলীয়করণের নেতিবাচক প্রভাবের বিষয়গুলোও বিশেষ প্রাধান্য পাবে বলে জানানো হয়েছে।


নির্বাচিত

সিলেটে রনজিতের বিতর্কিত সভার ঘটনায় সেই রিসোর্টে তালা, আটক ৪

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারকে সভার সুযোগ দেওয়ায় সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে অবস্থিত ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ তালা ঝুলিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে নেওয়া এই অভিযানে রিসোর্টের দুই কর্মী এবং আওয়ামী লীগের দুই নেতাকর্মীসহ চারজনকে আটক করা হয়েছে।

অপরদিকে খবর প্রকাশের পর থেকেই রিসোর্টের মালিক সোহেল আত্মগোপনে রয়েছেন, তবে এ সংক্রান্ত মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন বলে নিশ্চিত করেছে পুলিশ।

শিক্ষা সফরের নাম করে গত ৮ নভেম্বর আইনজীবী পরিচয়ে একজন রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭৫ জনের উপস্থিতিতে সারাদিন অনুষ্ঠান চলার পর রাতের গান-বাজনার একপর্যায়ে রনজিত সরকার সেখানে উপস্থিত হন এবং ব্যানার টাঙিয়ে সরকারবিরোধী বক্তব্য দিয়ে স্থান ত্যাগ করেন। পরে তিনি নিজ ফেসবুক পেজ থেকে সেই বক্তব্যের ভিডিও প্রকাশ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে সিলেটে তাঁর বাসভবনে ক্ষুব্ধ জনতা আগুন দেয় এবং সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঘটনার পর পুলিশ রনজিত সরকারের ঘনিষ্ঠ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই সুনামগঞ্জ ও সিলেট পুলিশ সভার প্রকৃত স্থানটি শনাক্ত করতে সক্ষম হয়।

প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কতিপয় নেতার সহায়তায় এই সভার আয়োজন করা হয়েছিল। রনজিত সরকার কীভাবে দেশে প্রবেশ করলেন এবং বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন, তা অনুসন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।


নির্বাচিত

আ. লীগের সন্ত্রাসকে সুকৌশলে স্বাভাবিক করছে জামায়াত-শিবির: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবির অত্যন্ত পরিকল্পিতভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডকে সাধারণ বিষয় হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, রাজপথে আওয়ামী অপশক্তির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ না গড়ে জামায়াত-শিবির রাজনৈতিক দায়মুক্তির উদ্দেশ্যে অবস্থান নিয়েছে এবং প্রশ্ন তুলছে যে ‘নিষিদ্ধ আ. লীগ কর্তৃক বাসে আগুন দেওয়ার গোয়েন্দা তথ্য কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নেই?' তিনি মন্তব্য করেন, ফ্যাসিবাদের দোসরদের চালানো অগ্নিসংযোগ ও ককটেল হামলার অপবাদ উল্টো বিএনপি নেতৃত্বাধীন সরকারের ঘাড়ে চাপিয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করছে জামায়াত, যা সুকৌশলে আওয়ামী সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে স্বাভাবিক রূপ দেওয়ার নামান্তর। অতীতে ছদ্মবেশী রাজনীতির প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন রাখেন, সাদিক কায়েম ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি থাকা অবস্থায় গোপনে ছাত্রলীগের সঙ্গে যুক্ত থাকার খবর কি শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খাঁন কামাল জানতেন? সারাদেশে এ ধরনের ছদ্মবেশে থাকা জামায়াত কর্মীদের কোনো অগ্রিম তথ্য আওয়ামী প্রশাসনের কাছে ছিল না উল্লেখ করে তিনি বলেন, কোনো রাজনৈতিক গোষ্ঠীর চোরাগোপ্তা অপকৌশল ও আক্রমণের প্রতিটি তথ্য সবসময় গোয়েন্দা সংস্থা কিংবা গণমাধ্যমের কাছে থাকা সম্ভব নয়।

সংগঠনের বিস্তার ঘটাতে জামায়াত-শিবির এখন চিহ্নিত আওয়ামী দুর্বৃত্তদের আশ্রয় দিচ্ছে বলে দাবি করেন রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী লীগকে গোপন তৎপরতার কৌশল জামায়াত-শিবিরই শিখিয়েছে এবং নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এখন জামায়াতের ছায়াতলে আত্মগোপন করে রাজনৈতিকভাবে টিকে থাকার চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া নিষিদ্ধ ছাত্রলীগের বহু কর্মী শিবিরে ভিড়ে নিজেদের বাঁচাতে সাফাই গেয়ে বলার চেষ্টা করছে যে, ‘কায়দা করে বেঁচে থাকতে ছাত্রলীগ করতাম, কিন্তু আসলে তো পরিবারের চৌদ্দগোষ্ঠী জামায়াত-শিবির।’

ফেসবুক বার্তার সমাপ্তিতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, রাজনৈতিক ফায়দা লোটার স্বার্থে সরকারকে নড়বড়ে করার যে গোপন অপতৎপরতা চলছে, তা সমন্বিতভাবে রুখে দিতে হবে। এ জন্য চলতি নভেম্বরসহ আগামী ডিসেম্বর ও জানুয়ারি—টানা তিন মাসকে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধের সময় হিসেবে গণ্য করে রাজপথে আপসহীন প্রতিরোধ গড়ে তোলার জোর আহ্বান জানান তিনি।

বিষয়:

নির্বাচিত

আমির হামজার নামে প্রচারিত অডিওতে ‘এআই প্রযুক্তির ব্যবহার হয়নি’

ফাইল ছবি। জামায়াতে ইসলামীর মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজার নামে প্রচারিত কথোপকথনের অডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারের কোনো প্রমাণ পাওয়া যায়নি। প্রযুক্তিগত বিভিন্ন টুলস্ দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে এতথ্য জানিয়েছে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।

সোমবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানিয়, একাধিক অনলাইন টুলে অডিওগুলো পরীক্ষা করে সেগুলোতে এআই প্রযুক্তি ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। একই সঙ্গে আমির হামজার নামে প্রচারিত অডিওগুলোর সত্যতা নিশ্চিত করতে প্রযুক্তিগত পরীক্ষার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য ও অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা করা হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, আমির হামজা ও তার ঘনিষ্ঠ কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফলে কথোপকথনগুলো কার সঙ্গে এবং কী প্রেক্ষাপটে হয়েছে, তা তারা নিশ্চিত হতে পারেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আমির হামজার কথিত নারীঘটিত কথোপকথনের অডিও ও ভিডিও থাকার দাবি করেন। পোস্টে তিনি জানান, ফ্যাক্টচেক করে তিনি এসব তথ্যের সত্যতা পেয়েছেন।

অডিওতে বলতে শোনা যায়, ‘একদম হুলুস্থুল করে ফেলল বিষয়টা, বিষয়টা একটু ঘুলিয়ে পাকিয়ে গেল। আমি আপনাদেরকে এত ক্ষমা চাওয়া, মাফ চাওয়ার পরেও আপনারা বললেন যে কন্ট্রোলে আছে, কিছু হবে না আমার দ্বারা, আপনার কোনো ক্ষতি হবে না।

এই যে এখন কি, কোন জায়গায় যেয়ে ঠেকবে ঠিক নাই। আপনাদের ওপর আমার কোনো রাগ ক্ষোভ, অভিমান, মানে কিছুই নেই। ওটুকু আমার শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে হোক, হয়ে যাওয়ার পরে আমি নিজেই অনুতপ্ত।’

এদিকে, গত ৬ নভেম্বর বগুড়া জেলায় একটি ওয়াজ মাহফিলে নিজের সম্মানহানির অভিযোগ তুলে আমির হামজা দাবি করেন, তার বিরুদ্ধে প্রচারিত বক্তব্যের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এ ঘটনার পেছনে ভারত ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়ী।

দ্য ডিসেন্ট জানিয়েছে, আমির হামজার নামে অডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাশেদ খাঁনকে লক্ষ্য করে ব্যাপক নেতিবাচক প্রচারণা শুরু হয়েছে। গত চার দিনে তাকে নিয়ে অন্তত ১১৮টি নেতিবাচক ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব ভিডিওতে রাশেদ খাঁনকে বিকৃত নামে সংবোধন, ব্যক্তিগত ও পারিবারিক আক্রমণ, ধর্মবিরোধী আখ্যা এবং এআই দিয়ে তৈরি আপত্তিকর ছবি ও ভুয়া অডিও প্রচার করা হচ্ছে।


নির্বাচিত

banner close