বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা ও রায় সবই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, তারেক রহমান দেশের আইন-আদালত ও সংবিধানের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলাগুলো মোকাবেলা করা হবে।
আজ রোববার সুপ্রিমকোর্টর আইনজীবী সমিতি ভবনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে করা মামলাগুলো বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শেখ হাসিনা সরকারের একটি টোটাল প্রজেক্টই ছিল বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আদালতকে ব্যবহার করা হয়েছে। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের সময় আদালতকে কীভাবে ব্যবহার করা হয়েছে তা তখনকার গণমাধ্যমকর্মীরা উপলব্ধি করলেও তা প্রকাশ ও প্রচারের পরিবেশ এবং সাহস ছিল না। তখন দেশের গণমাধ্যমকেও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে বেশকিছু আন্তর্জাতিক গণমাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য সাধনে কীভাবে বাংলাদেশে আদালতকে ব্যবহার করা হয়েছে, বিচারের নামে কীভাবে অবিচার হয়েছে সে প্রতিবেদন এসেছে।
তিনি বলেন, এ অবিচারের জন্য যারা দায়ী তাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, দেশের বিচারাঙ্গনকে কলুষিত করার প্রথম এবং প্রধান কুশীলব হচ্ছেন বিচারপতি এ.বি.এম খায়রুল হক। প্রধান বিচারপতি থাকাবস্থায় দেশে গণতন্ত্র হত্যার ক্ষেত্র প্রস্তুতে খায়রুল হক এককভাবে দায়ী। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলে বিতর্কিত রায় তার দেওয়া। গত ১৫ বছর বিচারের নামে যারা অবিচার করেছে, বিচার বিভাগকে কলুষিত করেছে, বিচার বিভাগের প্রতি আস্থাহীনতা সৃষ্টি করেছে সে সব বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিতে হবে। বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির সংলাপে গুরুত্বারোপ করা হয়েছে।
কায়সার কামাল আরও বলেন, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পরিকল্পিতভাবে তারেক রহমানকে সম্পৃক্ত করে প্রহসনের বিচার করা হয়েছে। আওয়ামী লীগ দলীয় এমপি প্রার্থী ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আবদুল কাহহার আকন্দকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় পুনঃতদন্তের দায়িত্ব দেওয়া হয়। তিনি পুনঃতদন্তের নামে বিতর্কিত উপায়ে সম্পূরক চার্জশিটে তারেক রহমানের নাম জড়িত করেন। বিচারের নামে তারেক রহমানের বিরুদ্ধে অবিচার হয়েছে।
নির্বাচিত সরকারের গণতান্ত্রিক অগ্রযাত্রা ‘বাধাগ্রস্ত করতে’ বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের নির্দেশনা দিচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি। পলাতক শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন ‘সন্ত্রাসী গোষ্ঠীকে’ আবারও মোকাবিলা করতে হবে। তাদের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো’ রুখে দিতে হবে। কথাগুলো বলেছেন, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।
তিনি বলেন, আমরা যারা কিছুটা রাজনৈতিক সচেতন, তারা মনে-প্রাণে বুঝতাম, একটা সময় গিয়ে এই সন্ত্রাসী গোষ্ঠীকে আমাদের আবারও মোকাবিলা করতে হবে এবং তাদের চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই আসলে বাংলাদেশ মুক্তি পাবে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন বলেন, ‘আমরা ভেবেছিলাম, ২০২৪ সালের ৫ অগাস্টের পর বাংলাদেশের ভবিষ্যতের একটি নতুন দ্বার উন্মোচিত হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে, বাংলাদেশ এগিয়ে যাবে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
গোপালগঞ্জে হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে ইশরাক বলেন, যুদ্ধ চলমান থাকা দেশগুলোতেও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা করা যায় না। আন্তর্জাতিক জেনিভা কনভেনশন অনুযায়ী এ ধরনের হামলা যুদ্ধাপরাধের শামিল। অথচ গোপালগঞ্জে সন্ত্রাসীরা স্লোগান দিয়ে হাতে আগুন নিয়ে হাসপাতালে হামলা চালিয়েছে। সেখানে চিকিৎসাধীন নিরীহ মানুষ ছিলেন।
ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, ৩০ দিনই আমরা কর্মসূচির মাধ্যমে রাজপথে অবস্থান করব। এলাকায় এলাকায় অবস্থান করব। মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর পৈতৃক সম্পত্তি নয় মন্তব্য করেন সাবেক প্রতিমন্ত্রী ইশরাক বলেন, এটি আপামর বাংলাদেশের জনগণের অর্জন। শেখ হাসিনা মুক্তিযুদ্ধকে ব্যবহার করে জনগণের সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে মহান মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন।
ইশরাক হোসেন বলেন, মুক্তিযুদ্ধের প্রজন্মের দায়িত্ব হলো মুক্তিযুদ্ধের গায়ে লেপে দেওয়া সেই কলঙ্ক মুছে ফেলা। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় যেকোনো দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের প্রজন্ম রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে। মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফেরার পরিকল্পনার সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় রিজভী বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তিনি কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন? আইনের প্রতি শ্রদ্ধা থাকলে তার উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরা। একই প্রসঙ্গে প্রশ্ন তুলে রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান চান ফেরার জন্য। তার পেছনে শক্তি জোগাচ্ছে কে? কার ইচ্ছায়, কার জোরে তিনি বিমান চাইলেন? সত্যিকারের আইনের প্রতি সম্মান থাকলে তিনি দেশে এসে আইনি প্রক্রিয়ায় লড়তেন।
বক্তব্যে সাম্প্রতিক সহিংসতা ও সীমান্ত বৈঠকের অভিযোগ তুলে ধরে তিনি আরও বলেন, দেশের বাইরে থেকে বিকাশে টাকা পাঠিয়ে টোকাই আর কিশোর গ্যাংদের আগুন দিতে বলা হচ্ছে। বিএনপির তিনজন খুন হয়েছেন। এ দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের। রিজভী বলেন, পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতা ইমিগ্রেশন কর্মকর্তার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেছেন কীভাবে? এখানে কি দিল্লির ইন্ধন ছিল না? কোথাও ভয়ংকর নীলনকশা চলছে। যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা ন্যায়সংগত। পাশাপাশি, বাংলার মাটি অত্যাচার সহ্য করে না এবং কোনো স্বৈরশাসককে আশ্রয় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যেমন শান্ত, তেমনি পদ্মার ঢেউয়ের মতো প্রবলও হতে পারে। কেউ যদি আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর আঘাত হানে, তার জবাব দেওয়া হবে। কেউ স্বাধীনতা-সার্বভৌমত্ব ছিনিয়ে নিতে পারবে না। স্বাধীনতা-সার্বভৌমত্ব বিক্রি করার প্রতীক হাসিনা বলেও মন্তব্য করেন রিজভী।
সংবিধান সংশোধনের জন্য গঠিত সংসদীয় বিশেষ কমিটি বাতিল এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। যুক্তরাজ্য সফর শেষে রবিবার (২২ নভেম্বর) বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি ফটকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।
বিরোধীদলীয় প্রধান হুইপ নাহিদ বলেন, সংবিধান সংস্কার পরিষদ কার্যকর না হলে বিএনপি সরকারের জাতীয় ঐক্যের কোনো উদ্যোগে এনসিপি অংশ নেবে না। নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের সুস্পষ্ট আহ্বান, সংবিধান সংশোধন কমিটি বাতিল করতে হবে। এরপর সংবিধান সংস্কার পরিষদের শপথের মধ্য দিয়ে জাতীয় ঐক্যের প্রক্রিয়া শুরু করা যেতে পারে।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে সরকার ডিসেম্বরে জাতীয় ঐক্য চাইতে পারে। কিন্তু পরে জানুয়ারিতে গিয়ে তারা একদলীয় কমিটির সুপারিশ অনুযায়ী সংবিধান সংশোধন করতে পারে। এমন উদ্যোগে এনসিপি থাকবে না। জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে কয়েকটি দাবি পূরণের শর্তের কথা জানান নাহিদ। এর মধ্যে আছে গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করা, জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা এবং ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়ন করা।
বিএনপির সমালোচনা করে নাহিদ বলেন, বিএনপি দুই দফায় জাতীয় ঐক্য ভেঙেছে। প্রথমবার সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা না করে এবং দ্বিতীয়বার নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে। নির্বাচনের আগে দলগুলো জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করলেও ক্ষমতায় এসে বিএনপি তা থেকে সরে গেছে।
প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া দেবে এনসিপি
প্রধানমন্ত্রীর ডাকা সংলাপে অংশ নেওয়ার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এমন সময়ে সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে বিরোধী দল হিসেবে তারা তাতে অবশ্যই সাড়া দেবেন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী কী চান, তা শুনতেই তারা বৈঠকে যাচ্ছেন। সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠকের কথা রয়েছে।
জাতির প্রয়োজন হলে জুলাই যোদ্ধারা আবারো মাঠে নামবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জামায়াত আমির বলেন, দেশজুড়ে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তা অচিরেই শেষ হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা হাতে ছিল, তখনই তারা দেশে থাকতে পারেনি। এখন আবার দেশে ফিরতে চায়। সেটা কি সম্ভব? আর দেশে যদি আসতেই চান, তবে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কেন?
তিনি আরও বলেন, অতীতে যখন দেশের মানুষকে নির্বিচারে গুম ও হত্যা করা হলো। তখন ‘ভালো আওয়ামী লীগের’ কেউ কথা বলল না কেন? অথচ এখন অনেকেই ভালো সাজার চেষ্টা করছেন বলে অভিযোগ করে ডা. শফিকুর রহমান বলেন, জাতি আপনাদের ভালো করেই চিনে নিয়েছে, নতুন করে ভালো সাজার চেষ্টা করবেন না।
‘হ্যাঁ’ ভোটের বিষয়ে সরকারের অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, সরকার সরে এলেও বিরোধীদল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। দেশের মানুষের দেওয়া ‘হ্যাঁ’ ভোটের রায় বাস্তবায়নে বিরোধীদল সরকারকে বাধ্য করবে এবং তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে ঘোষণা দেন তিনি। এছাড়াও জুলাই নিয়ে জামায়াত কখনও ক্রেডিট নেয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই আন্দোলন নিয়ে অনেকেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ কল্পনাও করেনি যে, এভাবে সরকারের পতন হতে পারে।
অতীতের অন্ধকার ও নৈরাজ্যময় সময় পেরিয়ে আসার কথা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সেসব আমরা আর দেখতে চাই না। কিন্তু, ফ্যাসিস্টরা ক্ষমতায় ফিরতে সারাদেশে নৈরাজ্য চালাচ্ছে। রোববার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. হীরা সোবাহানের 'চির ভাস্বর শহীদ জিয়া' গ্রন্থের প্রকাশনা উৎসবে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।
এ সময় চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি আরও বলেন, সরকার ঠান্ডা মাথায় নৈরাজ্য মোকাবিলা করছে। এর আগে বক্তব্যে তিনি বলেন, পতিত স্বৈরাচার রক্ত পান করতে করতে বিদায় নিয়েছিল। এখন একইভাবে ক্ষমতায় ফিরতে চাচ্ছে।
অতীতের রাষ্ট্রব্যবস্থা ও পাঠ্যসূচির প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, একজন বিশেষ নেতার কাহিনি অতীতে সকল পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ধরনের রাষ্ট্রকে বলা হয় ফ্যাসিস্ট রাষ্ট্র। ক্ষমতার জোরে ইতিহাস বদলে দিতে চেয়েছিল তারা।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যদি ওয়ান এলিভেনের স্বপ্ন দেখে তবে তা দুঃস্বপ্নে পরিণত হবে বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (২১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি আরও জানায়, আওয়ামী ফ্যাসিবাদ নির্মূল না করলে দেশের সার্বভৌমত্ব অরক্ষিত থেকে যাবে। ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার দায়ে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে।
আওয়ামী লীগ এখন আর কোনো রাজনৈতিক দল নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের মুখে গণহত্যা চালানো দলটির নেতা-কর্মীরা ভারতে পালিয়ে আধিপত্যবাদের এজেন্ট হিসেবে নিজেদের প্রমাণ করেছে। দিল্লির মদদে চব্বিশের পরাজিত শক্তি আওয়ামী ফ্যাসিবাদ আবারও দেশজুড়ে জ্বালাও-পোড়াও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান বলেন, ‘তাদের (আওয়ামী লীগ) আরেকটি ওয়ান-ইলেভেন ঘটানোর স্বপ্ন আমরা দুঃস্বপ্নে পরিণত করব।’
বিবৃতিতে বলা হয়, তাদের বাংলাদেশবিরোধী এজেন্ডার অনুকূলে যেসব মিডিয়াকে কাজ করতে দেখা যাচ্ছে, আরেকটি গণপ্রতিরোধের সময় তারাও রেহাই পাবে বলে আমরা মনে করি না। বিবৃতিতে বলা হয়, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে প্রতারণামূলকভাবে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও দলটি নিজেদের শোধরায়নি। ফলে দলটির ব্যাপারে বিগত শাসনকালে তাদের নৃশংস ফ্যাসিবাদের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারো নেই।
জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সংসদ সদস্য আমান উল্লাহ আমানকে আহ্বায়ক এবং সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসকে সদস্য সচিব করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সংগঠনের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন সম্পন্ন করার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কমিটিকে।
শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২৪ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম।
সভায় শ্রমিক দলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং কেন্দ্রীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শ্রমিক দলের সংবিধান পর্যালোচনা করে কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের একযোগে পদত্যাগ করে নতুন আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত ২৪ জন কর্মকর্তা সর্বসম্মতিক্রমে নিজেদের পদত্যাগ গ্রহণ করে নতুন কমিটিকে দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতার অঙ্গীকার করেন।
নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ৪৯ জন সদস্য রয়েছেন। কমিটি শ্রমিক দলের সপ্তম কেন্দ্রীয় কাউন্সিল ও সম্মেলন প্রস্তুতি কমিটি হিসেবে দায়িত্ব পালন করবে এবং আগামী ছয় মাসের মধ্যে কাউন্সিল সম্পন্ন করবে।
সভায় গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরের শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। তাদের মজুরি বৃদ্ধি ও অন্যান্য ন্যায্য দাবি-দাওয়া আদায়ে সমর্থন ও সহযোগিতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে শ্রমিক আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন বৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রের বিষয়ে শ্রমিকদের সচেতন ও সংগঠিত করার সিদ্ধান্ত হয়।
এছাড়া শ্রমিক দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, নতুন ইউনিয়ন গঠন ও সংগঠনে অন্তর্ভুক্ত করা এবং বকেয়া চাঁদা আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মো. আব্দুস ছোবাহান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোরমান আলী এবং কেন্দ্রীয় সদস্য ও বগুড়া জেলা কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সভায় উপস্থিত শ্রমিক দলের কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান ও প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস দীর্ঘ এক যুগ ধরে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শ্রমিক দলের নেতৃত্ব দেওয়ায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির কর্মকর্তাদের পাশাপাশি সারাদেশের নেতাকর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। তারা নতুন আহ্বায়ক কমিটির সাফল্য কামনা করে সহযোগিতার আশ্বাস দেন।
নতুন আহ্বায়ক কমিটির উল্লেখযোগ্য সদস্যরা
আহ্বায়ক আমান উল্লাহ আমান এমপি, সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি। সদস্য হিসেবে রয়েছেন আনোয়ার হোসাইন, সাইদ আল নোমান এমপি, এম এম নাজিম উদ্দিন, হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, সালাউদ্দিন সরকার, ফারাজী মতিউর রহমান, রফিকুল ইসলাম (রেলওয়ে), রহিম বক্স দুদু, মো. আবুল কালাম আজাদ, মো. মেহেদী আলী খান, নুরুল ইসলাম খান নাসিম, কাজী শেখ নুরুল্লাহ বাহার, মোস্তাফিজুর করিম মজুমদার, আবুল খায়ের খাজা, আবু সাঈদ, এম জি ফারুক, আব্দুস সামাদ, মিঞা মো. মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মো. জাকির হোসেন, স ম জামাল উদ্দিন, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল গফুর, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, কোহিনুর মাহমুদ, আসাদুজ্জামান, খোরশেদ আলম, আব্দুল্লাহ আল-মামুন, হামিদা খাতুন, মফিদুল ইসলাম মোহন, সুমন ভূইয়া, কাজী শাহ আলম রাজা, বদরুল আলম সবুজ, কামরুল জামান, এম আর মঞ্জু, মো. মজিবুর রহমান, নাছরিন আক্তার ডিনা, মো. ফয়েজ আহমেদ খান, কাজী আমিরুল ইসলাম ফকু, খন্দকার জুলফিকার মতিন, জাকারিয়া প্রধান (খোকন), একে এম মনিরুল হক, মো. মমতাজ উদ্দিন, আজিজুল আলম খান, মো. আলাউদ্দিন, সোহরাব হোসেন লাইজু এবং জাহাঙ্গীর আলম চৌধুরী জীবন।
ডিসেম্বরে আওয়ামী লীগ চিরবিদায় নেবে মন্তব্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, ক্যানসারে আক্রান্ত আওয়ামী লীগকে কেমোথেরাপি দিয়ে রক্ষা করা যাবে না।
শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ লেখেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার না ফেরার জট খুলে দিয়েছে শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছে যে, তিনি ক্যানসারে আক্রান্ত, এ জন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরতে নিষেধ করেছে।
তিনি লেখেন, আবার অতীতে এটি চাউর হয়েছিল যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত। শেষমেশ কি তাহলে এটি শোনা যাবে যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত হওয়ায় ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে! হয়তো আর কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ বাকি পলাতক নেতারাও দাবি করবে যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো যেতে পারে!
রাশেদ আরও লেখেন, এতে অন্তত ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না আসলেও ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফিরে আসবে, সেই স্টান্টবাজিটা অন্তত জিইয়ে রাখতে পারবে। আর যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরে এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চায়, তবে সত্যিই এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দল ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে এবং কোনো কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যানসারে থেকে বাঁচিয়ে ফেরানো যাবে না।
সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কর্মকান্ডকে জঙ্গিবাদ হিসেবে আখ্যায়িত করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আওয়ামী লীগ রড নিয়ে গাছপালা কেটে রাস্তাঘাট অবরোধ করছে, বাড়িঘরে আগুন দিচ্ছে, হাসপাতাল ভাঙচুর করছে। রাজপথে দা-রড নিয়ে যে দৃশ্য দেখা যাচ্ছে, সেটি জঙ্গিবাদ। গত এক সপ্তাহে তারা যা দেখিয়েছে, এর চেয়ে বড় জঙ্গিবাদ আর হতে পারে না। শুধু তাই নয়, ভিডিও বার্তায় পলাতক আসামি ডিসেম্বরে আসবে বলে নেতাকর্মিদের যেভাবে উসকে দিচ্ছেন তা মোটেও কাম্য নয়।
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শনিবার (২১ নভেম্বর) দুপুরে এক বিক্ষোভ সমাবেশে মিয়া গোলাম পরওয়ার এসব কথা বলেন। ১১ দলের ৭ দফা দাবি আদায়, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার’ প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগরী জামায়াতে ইসলামী।
গোপালগঞ্জসহ দেশের স্বাধীন ভূখণ্ডের একটি অংশকে বিচ্ছিন্ন করার চেষ্টা চালানো হচ্ছে। গাড়ি পুড়িয়ে, বাড়িঘরে আগুন দিয়ে এবং মানুষ হত্যা করে জনগণের সহানুভূতি পাওয়া যায় না উল্লেখ করে পরওয়ার বলেন, আওয়ামী লীগকে এ সন্ত্রাস থামাতে হবে। জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন মিয়া গোলাম পরওয়ার। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, ৭০ ভাগ লোকের রায় যদি না মানেন, তবে কিসের জাতীয় ঐক্যের ডাক দেবেন? তাদের রায়টা মানেন, তাহলেই আপনি ফ্যাসিবাদকে ঠেকাতে পারবেন। গণভোটের রায় না মানলে জাতীয় ঐক্য বিনষ্টের দায়ে সরকারও অপরাধী হবে বলে উল্লেখ করেন তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাম্প্রতিক সহিংসতা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার প্রয়োজন আছে কি না প্রধানমন্ত্রীকে তা ভেবে দেখতে হবে। সরকারের মন্ত্রিসভার কার ওপরে কী দায়িত্ব দেওয়া যায়, তা প্রধানমন্ত্রীর পুনর্বিবেচনা করার সময় এসেছে।
বিএনপি নেতাদের বাড়িতে আওয়ামী লীগের লোকেরা আশ্রয় নিচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, সচিবালয়, জুডিশিয়ারি, সাংবিধানিক পদ, জেলা প্রশাসন, ইউএনও—প্রতিটি জায়গায় ফ্যাসিবাদের দোসররা হাত-পা মেলে বসে আছে। এমনকি মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীর আশপাশেও আছে। গোলাম পরওয়ার বলেন, সরকার ব্যর্থ হোক, তাদের ক্ষমতা ত্যাগ করতে হবে—এটি জামায়াত চায় না। তবে আওয়ামী লীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে আধিপত্যবাদবিরোধী, ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক সব শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
অতীতের অপরাধের জন্য আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতের অপরাধের জন্য দলটিকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। সহিংসতা বন্ধ করে অপরাধের দায় স্বীকার করাই তাদের জন্য সমাধানের পথ।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম, ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন, ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম), ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাত প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। সঞ্চালনা করেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুরানা পল্টন মোড় হয়ে বিজয়নগর হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়।
‘যাদের জিহ্বায় রক্তের তৃষ্ণা, যাদের জিহ্বায় রক্তের স্বাদ, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তাদের রক্ততৃষ্ণা আরও তীব্র হয়েছে, আরও গভীর হয়েছে। তারা এ দেশের গণতান্ত্রিক মানুষ এবং যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের রক্ত ও জীবন এখনও ঝরাচ্ছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই ও আগস্টের বিপ্লবে মাসুম বাচ্চাদের রক্ত পান করেও তারা ক্ষান্ত হয়নি। আবরার, মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিক আকরাম, ফাইয়াজসহ ছোট ছোট বাচ্চারা— কেউ স্কুলে পড়ে, কেউ কলেজে পড়ে, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ে— তাদের অকাতরে গুলি করে নিজের ক্ষমতা, নিজের সিংহাসন টিকিয়ে রাখতে চেয়েছিল।’
নড়াইলের কালিয়ায় মিছিলকালে আওয়ামী লীগের হামলায় নিহত কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্লা ও কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লার কবর জিয়ারত এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার (২০ নভেম্বর) বেলা ১১টার দিকে তিনি এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, ‘ছাত্র-জনতার প্রবল প্রতিরোধের মুখে সে (শেখ হাসিনা) পালিয়ে যাওয়ার পরও প্রতিবেশী দেশ থেকে তার ভেতরের অনুচরদের দিয়ে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তার নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কালিয়ার শাহীন মোল্লা ও সোহেল মোল্লা। এই লাশ আমরা কোথায় রাখবো? তার মায়ের কাছে কী জবাব দেবো? তার স্ত্রীর কাছে কী জবাব দেবো? এই বেদনা, এই শোক নিয়ে আমরা যাচ্ছি। তবে আপনাদের বলে রাখি, অনেক চেষ্টা করেও কেউ এই দেশের স্বাধীনতা যেমন কেড়ে নিতে পারবে না, সার্বভৌমত্বও কেড়ে নিতে পারবে না। ঠিক তেমনি এদের বিচার হবে। বিচারের অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।’
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপি ক্ষমতায়। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী। এই দেশে গণতান্ত্রিক পরিবেশ, শান্তি, স্থিতিশীলতা ও মানুষের নাগরিক অধিকারের জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি লড়াই করেছে। সেইভাবেই দেশ পরিচালনা করছেন তারেক রহমান। যে দেশে আর কারও মায়ের বুক যেন খালি না হয়, আর কোনও স্ত্রী যেন স্বামীহারা না হন, কোনও বোন যেন ভাইহারা না হন, সেই লক্ষ্য সামনে রেখেই কাজ করছেন তারেক রহমান।’
শাহিনুর ও সোহেল হত্যাকাণ্ড সম্পর্কে তিনি বলেন, ‘অত্যন্ত কষ্টদায়ক ও হৃদয়বিদারক ঘটনার অবতারণা হয়েছে নড়াইলের কালিয়া উপজেলায়। ওরা গণতন্ত্রের জন্য, দেশের স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য লড়াই করেছে। ওদের মর্যাদা শহীদের। আমি শাহিনুর রহমান ও সোহেলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই ও মাগফিরাত কামনা করছি।’
এ সময় তার সঙ্গে ছিলেন নড়াইলের দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াদিউজ্জামান মিলুসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনগুলো মোটরসাইকেল মিছিল বের করে। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণকালে বেন্দারচর এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। হামলায় কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা ও কালিয়া পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহিন মোল্লা নিহত হন। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি। তবে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে।
দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে ২০২৪ সালে গণতন্ত্রের জন্য আন্দোলন করা সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাস, অগ্নিসন্ত্রাস ও খুনের রাজনীতির বিরুদ্ধে স্পষ্ট জবাব দিতে হবে—‘এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। যারা ১৬ বছর জনগণের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল, তারা আবারও দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এ অবস্থায় গণতন্ত্রকামী সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সমুচিত জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন নারী-পুরুষ, শিশু, শিক্ষার্থী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করছে, তখন একটি গোষ্ঠী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী ১৬ বছর জনগণের ওপর জোর করে শাসন চালিয়েছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। বাংলাদেশের মানুষ আর ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন দেখতে চায় না।
তারেক রহমান বলেন, ১৬ বছর ক্ষমতায় থেকেও তারা তিস্তা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি। এ অঞ্চলে গ্যাসলাইন আনেনি, ইপিজেড স্থাপন করেনি। কারণ, দেশের মানুষের প্রতি তাদের দরদ ছিল না। বরং প্রতি বছর বিপুল অর্থ বিদেশে পাচার করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমেও এসব অর্থ পাচারের বিষয় উঠে এসেছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটাধিকার, বাক্স্বাধীনতা এবং গুম-খুন বন্ধের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা আবারও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। যারা ক্ষমতায় থাকার জন্য ১ হাজার ৪০০ মানুষ ও ৬০ শিশুকে হত্যা করেছে, তাদের হাতে দেশের ভবিষ্যৎ নিরাপদ হতে পারে না।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকাকালে তারা মানুষের সম্পত্তি লুটপাট, নির্যাতন ও গুমের সঙ্গে জড়িত ছিল। ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়ার পরও অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি শুরু করেছে। দেশের মানুষ আর এসব দেখতে চায় না।
লালমনিরহাটের উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, শিল্প-কলকারখানা গড়ে তোলা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শিক্ষার প্রসারে সরকার কাজ করবে। একই সঙ্গে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। লালমনিরহাটের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩ জেলায় থাকা প্রয়োজন। সামাজিক উদ্যোগের মাধ্যমে এমন অনেক সমস্যার সমাধান সম্ভব, যা শুধু আইন করে সমাধান করা যায় না।
বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সংগঠনটির কর্মকাণ্ডের প্রশংসা করে তারেক রহমান বলেন, আমি মনে করি, আলোকিত লালমনিরহাটের মতো একটি সংগঠন বাংলাদেশের ৬৩ জেলায় প্রয়োজন। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সব সময় সব সমস্যার সমাধান আইন করে করা সম্ভব নয়। কিন্তু সমাজে এমন অনেক সমস্যা আছে, যেগুলোর সমাধানে সামাজিকভাবে একটি সংগঠনের মাধ্যমে চেষ্টা করলে সেটা করা সম্ভব।
‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যেহেতু বিভিন্ন সামাজিক কাজ করছেন, তাই পুরো জেলাকে আবর্জনামুক্ত করার উদ্যোগ নিন। একটি সুশৃঙ্খল ও পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে মানুষের পরিত্যাক্ত আবর্জনাগুলো একটি জায়গায় সংগ্রহ করুন। বাকি পুরো এলাকাকে পরিষ্কার রাখুন। এ উদ্যোগ নেওয়া হলে লালমনিরহাটকে দেশের পরিচ্ছন্নতম জেলাগুলোর একটি হিসেবে গড়ে তোলা সম্ভব।
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের পাশাপাশি আল্লাহ বিভিন্ন পশুপাখি, জীবজন্তু ও পোকামাকড় সৃষ্টি করেছেন। প্রকৃতির প্রতিটি প্রাণীরই কোনো না কোনো ভূমিকা রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম, লালমনিরহাট ১ আসনের সংসদ সদস্য মো. হাসান রাজীব প্রধান, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দীন বাবুল, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, উপ প্রেস সচিব সুজন মাহমুদসহ বিএনপির জেলার নেতা-কর্মীরা।
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট: এর আগে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে বাংলাদেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে।
তিনি বলেন, এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। দেশের বিজ্ঞানীরাই এই স্যাটেলাইট তৈরির কাজ করছেন। তরুণ গবেষক ও শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, তরুণদের প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে উঠতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিই আগামী বিশ্বকে নেতৃত্ব দেবে। তাই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণদের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক (এসটিইএম) শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনে দক্ষ হতে হবে। এ জন্য আধুনিক গবেষণাগার, ইনকিউবেশন সুবিধা ও মেধাভিত্তিক পরিবেশ গড়ে তুলছে সরকার।
তিনি বলেন, শুধু বিমান চালনা বা পরিচালনার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা পেলে বাংলাদেশের তরুণেরা একদিন আকাশ জয় করতে সক্ষম হবে।
প্রধানমন্ত্রী জানান, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। দেশের ভৌগোলিক অবস্থান, ক্রমবর্ধমান অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও পর্যটনশিল্পের বিকাশ এ খাতের সম্ভাবনাকে আরও বাড়িয়েছে।
তরুণদের উদ্ভাবনী উদ্যোগে অর্থের অভাব যাতে বাধা না হয়, সে জন্য সরকার ৫০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে বলেও জানান তিনি। এ অর্থ যথাযথভাবে ব্যবহারের পর আরও প্রয়োজন হলে সরকার অতিরিক্ত বরাদ্দ দেবে।
অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উদ্ভাবনগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব উদ্ভাবন যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কৃষিকাজে সহায়তা ও দুর্যোগ মোকাবিলায় কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে গবেষণা অব্যাহত রাখতে হবে।
দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের তরুণ উদ্ভাবকদের ৭৪টি দল ও ২৯৬ জন অংশগ্রহণ করছেন। ফিক্সড-উইং ইউএভি, রোটরক্রাফট, স্পেস রোবোটিক্স ও সকার বট—এই চার বিভাগে প্রতিযোগিতা হচ্ছে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন: প্রতিযোগিতার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী দেশের একমাত্র অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি জলপাই গাছের চারা রোপণ করেন এবং স্মারক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর মডেল খালের পানি নিষ্কাশনব্যবস্থা উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। উদ্বোধন শেষে পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন তিনি। এ সময় স্থানীয় জলাশয় ও খাল সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। পরে খাল পুনঃখনন কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার: মহেন্দ্রনগর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে লালমনিরহাটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিষ্ঠান দুটি হলো লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দিনব্যাপী সফরে গতকাল লালমনিরহাটে যান তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী হেলিকপ্টার লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে।
দিনের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় পরিদর্শন, অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন, খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দেওয়ার পর তিনি লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতি করেন। পরে কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন। কর্মসূচি শেষে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী।
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সরকারি বাসভনে এ বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াত আমীর। বৈঠকে জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতে একমত হন শীর্ষ নেতারা।
বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন দলের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন—এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন এবং খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ; বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইনসহ দলগুলোর অন্যান্য প্রতিনিধিরা।
বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টায় সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দ্বারা সংঘটিত হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা হয়েছে। পতিত স্বৈরাচারের অপতৎপরতা চলছে। দেশ একটি অস্থির পরিস্থিতির মধ্যে চলে গেছে।
ব্রিফিংয়ে মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় নতুন করে বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দল বৈঠকে বসেছে।
তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও বিতাড়িত আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে রুখতে হবে। এ জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।
মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হওয়া দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। আর সেই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন। কিন্তু গণভোটের রায় কার্যকর না করাই আজকের পরিস্থিতির অন্যতম কারণ।
তিনি বলেন, আমরা গণভোটের রায় বাস্তবায়নসহ জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং জুলাই শক্তির ঐক্যবদ্ধ উপস্থিতির ওপর গুরুত্বারোপ করছি। জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের জানান দেবে। নৈরাজ্যবাদী শক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে জাতিকে পরাস্ত করতে পারবে না। আমরা নৈরাজ্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে নৈরাজ্যবাদীদের হামলায় নিহত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবার এবং বাড়িঘরে অগ্নিসংযোগ ও রাস্তাঘাটে যানবাহনে আগুন দেওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করছি।
দেশের চলমান পরিস্থিতিতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে জরুরি বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।
গণমাধ্যমকে তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক পর্ষদের এই জরুরি বৈঠক হচ্ছে। বৈঠক শেষে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান ও পরবর্তী করণীয় তুলে ধরা হবে।
বৈঠকে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলমসহ রাজনৈতিক পর্ষদের অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।