সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

নেতিবাচক বক্তব্যে ফ্যাসিস্টরা আবারও মাথা তুলছে: ফখরুল

ছবি: সংগৃহীত
ইউএনবি
প্রকাশিত
ইউএনবি
প্রকাশিত : ৯ নভেম্বর, ২০২৪ ১৭:৩৮

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গণতান্ত্রিক শক্তিগুলোর নেতিবাচক আলোচনার কারণে ফ্যাসিবাদের দোসররা নতুন করে মাথা উঁচু করছে।

আজ শনিবার হাইকোর্ট মিলনায়তনে ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘একটি বিষয় লক্ষণীয় হলো- বিভিন্ন নেতিবাচক বক্তব্য ও আলোচনার কারণে ফ্যাসিস্টরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে শুরু করেছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছু গণমাধ্যম এটা প্রচার করছে, যা কোনোভাবেই মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে না বলে আমি বিশ্বাস করি।’

তিনি গণমাধ্যমকে নেতিবাচক প্রচারণা চালানোদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। ‘এই প্রবণতা রোধে তরুণদের একযোগে কাজ করারও আহ্বান জানান ফখরুল।’

ফখরুল বলেন, জাতির সামনে যে সংকট রয়েছে তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য। প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান।

তিনি বলেন, একটি কথা সবাইকে মনে রাখতে হবে, রাষ্ট্র পুনর্গঠনে ছাত্র-নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজ যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন জাতি হাতছাড়া না করে। ‘এই সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে। আমি এই বিষয়টির ওপর জোর দিতে চাই।’

বিএনপির এই নেতা আরও বলেন, বর্তমানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারকে ছাত্র-রাজনীতিবিদসহ সব মহল সমর্থন করেছে। তিনি বলেন, 'গত ১৬ বছরে আওয়ামী লীগের সৃষ্ট জঞ্জাল পরিষ্কার করে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করবে এই প্রত্যাশা থেকেই আমরা তাদের এ দায়িত্ব দিয়েছিলাম। সেই নির্বাচনের মাধ্যমে আমরা তরুণদের আকাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারব।’

ফখরুল বলেন, আমরা বারবার নির্বাচন নিয়ে কথা বলছি। কারণ, আমরা বিশ্বাস করেন জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার উদ্যোগ সফল হতে পারে না। ‘এ ধরনের অংশগ্রহণ কেবল নির্বাচিত সংসদের মাধ্যমেই সম্ভব।’

তিনি আরও বলেন, সংসদকে কার্যকর করতে পারলে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি ও চর্চা নিশ্চিত করা সম্ভব হবে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ফ্যাসিবাদমুক্ত করতে ছাত্রদের নেতৃত্বাধীন গণআন্দোলনের সময় তরুণরা যে স্বপ্ন ও আকাঙ্ক্ষার জন্য রক্তসহ এত ত্যাগ স্বীকার করেছেন, তা বাস্তবায়ন করা এখন রাজনীতিবিদদের জন্য একটি চ্যালেঞ্জ।

ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে এবং ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি।

সাকি আরও বলেন, দেশকে গণতন্ত্রের সঠিক পথে রাখতে এবং মানুষের অধিকার রক্ষায় তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।


নির্বাচিত

আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল

ছবি: আমজনতা দলের তারেক রহমান ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আপডেটেড ১৫ নভেম্বর, ২০২৬ ২২:১৭
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।

রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।

ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, ‌‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগেরবার তো এপিসিতে করে পালায় আসছিল।’

এর আগে এদিন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ পরিস্থিতি ঠিক করতে না পারলে তাকে দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার আহ্বানও জানান।

আসিফের এই বক্তব্যের প্রেক্ষিতে তাকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর কথা বললেন আমজনতা দলের তারেক রহমান।


নির্বাচিত

কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নাহিদ ইসলামকে হেনস্তার চেষ্টা

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার চেষ্টা করেছেন বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল কর্মী–সমর্থক। তবে এনসিপির যুক্তরাজ্য শাখার নেতা–কর্মীদের তৎপরতায় নাহিদকে হেনস্তার চেষ্টায় সফল হননি তারা।

স্থানীয় সময় শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট জন’স কলেজের ওল্ড ডিভাইনিটি স্কুলের প্রধান লেকচার থিয়েটারে গিয়েছিলেন তিনি। অনুষ্ঠান শেষে সেখান থেকে বের হওয়ার জন্য গাড়িতে উঠতে গেলে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া আওয়ামী লীগের একদল সমর্থকের সামনে পড়েন নাহিদ ইসলাম। সে সময় ঘটনাস্থলে ছিলেন এনসিপি ইউকে অ্যালায়েন্সের সদ্য সাবেক সদস্যসচিব মো. এম এ হিমেল।

নাহিদকে হেনস্তার চেষ্টার ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন হিমেল। ঐ ভিডিওতে দেখা যায়, এনসিপির সমর্থক যুক্তরাজ্যপ্রবাসী কয়েক ব্যক্তি নাহিদ ইসলামকে গাড়িতে তুলে দিচ্ছেন। আর গাড়ির সামনের দিকে আওয়ামী লীগের সমর্থক কয়েক ব্যক্তির সঙ্গে এনসিপির সমর্থকদের আরেকটি অংশের বাদানুবাদ চলছে। এ অবস্থার মধ্যেই নাহিদকে বহনকারী গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে।

ভিডিওটির ক্যাপশনে এম এ হিমেল লিখেছেন, দিস ইজ হাউ উই এক্সিট নাহিদ ইসলাম ফ্রম দ্য কেমব্রিজ ইউনিভার্সিটি সেমিনার (এভাবে আমরা নাহিদ ইসলামকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেমিনার থেকে বের করলাম)। আওয়ামী লীগ আমাদের কচুটাও ছিঁড়তে পারেনি!

হিমেলের পোস্ট করা আরেকটি ভিডিওতে এনসিপি–সমর্থকদের আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায়। ওই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, কেমব্রিজে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে এনসিপির দাঁতভাঙা জবাব।


নির্বাচিত

সিলেট অভিমুখে ১১ দলীয় ঐক্যের পূর্বনির্ধারিত লংমার্চ স্থগিত

রবিবার (১৫ নভেম্বর) বিকালে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি বাস্তবায়নে নানা কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতা এবং ব্যাপক জনদুর্ভোগের আশঙ্কা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

সভায় উপস্থিত ছিলেন– এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম প্রমুখ।

ড. হামিদুর রহমান আযাদ বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি কর্মসূচি ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। জনগণের ন্যায্য আকাঙ্ক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত সাত দফা দাবির প্রতি দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া গেছে। এসব কর্মসূচিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে সৃষ্ট অসন্তোষ ও অনাস্থারই বহিঃপ্রকাশ।


নির্বাচিত

আ.লীগের নাশকতা রুখতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকার ঘোষণা রিজভীর

রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো নাশকতা প্রতিহত করতে প্রশাসনের পাশাপাশি সমগ্র দেশে মাঠে সক্রিয় থাকবে বিএনপি। রোববার (১৫ নভেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটির পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন শেষে সংবাদকর্মীদের মুখোমুখি হয়ে এ মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বর্তমান পরিস্থিতি নিয়ে অভিযোগ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ গোপনে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে নাশকতা চালাচ্ছে। গাড়িতে আগুন দিচ্ছে, গার্মেন্টস খাতে অস্থিরতা করছে। তাদের মালিকানাধীন গার্মেন্টসে তারা শ্রমিকদের ঢুকতে দিচ্ছে না।’

তাদের এ প্রচেষ্টা ব্যর্থ হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। এটা সফল হবে না, প্রতিদিন তারা গ্রেপ্তার হচ্ছে।’

বক্তব্যের এক পর্যায়ে শেখ হাসিনার সাজার প্রসঙ্গ টেনে রুহুল কবির রিজভী বলেন, ‘আজকে পতিত হাসিনার দণ্ড হয়েছে, সে কোনোভাবে ফিরে এলে তার দণ্ড কার্যকর করা হবে।’

বিষয়:

নির্বাচিত

এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে জমি দখলের মামলা, যা বললেন রাশেদ খাঁন

এমপি নুসরাতের বাবা, ইদ্রিস আলী ও রাশেদ খাঁন । কোলাজ দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে হামলার ঘটনার জেরে এবার উল্টো তাঁর বাবার বিরুদ্ধেই মামলা দায়ের হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) রাতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন এক ফেসবুক পোস্টে এই মামলার নেপথ্য বিবরণ সামনে এনেছেন।

এর আগে গত ১২ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম জানান, কুষ্টিয়ার দৌলতপুরের বাগুয়ান গ্রামে তাঁর নিজ বাড়িতে হামলা হয়েছে এবং দুর্বৃত্তরা সেখানে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। ওই হামলার একটি ভিডিও তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনার আড়ালে থাকা ভিন্ন একটি বিষয়কে কেন্দ্র করেই নুসরাতের বাবার নামে মামলা হয়েছে বলে জানিয়েছেন রাশেদ খাঁন।

শনিবার রাতের ওই ফেসবুক পোস্টের শুরুতে রাশেদ খাঁন লেখেন, ‘এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে গিয়ে বের হয়ে এলো জমি দখল ও দরিদ্র ইদ্রিস আলীকে ফাঁসানোর চাঞ্চল্যকর তথ্য!’

বাড়িতে হামলার ঘটনার বিবরণ উল্লেখ করে পোস্টে তিনি লেখেন, ‘গত ১২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে এনসিপি নেত্রী ও সংরক্ষিত মহিলা আসনের এমপি নুসরাত তাবাসসুম কুষ্টিয়ার দৌলতপুর থানার ওসিকে ফোন করে বলেন যে, তার বাড়ির আশপাশে আওয়ামী লীগের লোকজনের আনাগোনা ও জয় বাংলা স্লোগান শোনা যাচ্ছে এবং তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই কথা শুনেই দৌলতপুর থানার ওসি ও মামলার আইও সোহানুর রহমান পুলিশ টিম নিয়ে নুসরাত তাবাসসুমের বাড়িতে হাজির হন। কিন্তু পুলিশ আশপাশের লোকজন থেকে খোঁজ নিয়ে নুসরাত তাবাসসুমের বাড়ির আশপাশে আওয়ামীলীগের লোকজনের আনাগোনা ও জয় বাংলা স্লোগান দেওয়ার তথ্যের সত্যতা খুঁজে পায়নি।

তবে নুসরাত তাবাসসুম এসময় ওসিকে বলেন যে, মোঃ ইদ্রিস আলীকে তার সন্দেহ হয়, তাকে গ্রেফতার করলে অনেক তথ্য পাওয়া যেতে পারে। তখন ওসি ও মামলার আইও বিষয়টি নোট করেন এবং পরবর্তী সময়ে ইদ্রিস আলী সম্পর্কে তথ্য সংগ্রহ করার কাজ শুরু করেন। তবে পুলিশ যে ইদ্রিস আলী সম্পর্কে তথ্য সংগ্রহ করা শুরু করেছে, এই তথ্য কেউ কেউ আবার ইদ্রিস আলীর কাছে পৌঁছে দেয়। তখন ইদ্রিস আলী ভয় পেয়ে যায় যে, অতীতের ন্যায় তাকে ফাঁসানো হতে পারে। এজন্য সে অতীতে সংঘটিত হামলা-ভাঙচুরের ঘটনায় ন্যায়বিচার পাওয়ার আশায় আজকে সকালে দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হামিলকে বিবাদী করে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা দায়ের করেন।

কেন হঠাৎ এই মামলা? ইদ্রিস আলীর সঙ্গে অতীতে কী ঘটেছিল?’

ঘটনার পেছনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক এই সহকারী ওই পোস্টে আরও লেখেন, ‘দৌলতপুরের বাগোয়ান গ্রামের ভিকটিম মো. ইদ্রিস আলী খুবই দরিদ্র মানুষ। তিনি প্রায় ৫ বছর আগে নুসরাতের বাবা আবদুল হালিমের আপন দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন (নুসরাত তাবাসসুমের পৈতৃক পুড়ে যাওয়া বাড়ির সঙ্গে লাগানো জমি) এবং জমির দখল বুঝে নিয়ে সেখানে বসতভিটা করে বসবাস করতে শুরু করেন ইদ্রিস আলী।

কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর আবদুল হালিম জমি দখল করার জন্য ইদ্রিস আলীর বসতভিটায় হামলা চালায় এবং বাড়ি-ঘর তছনছ করে দেয়। এ নিয়ে উল্টো ইদ্রিস আলীর নামে মামলা করে তাকে জেল খাটায় আবদুল হালিম। এক্ষেত্রে মেয়ে নুসরাত তাবাসসুমের ক্ষমতা ব্যবহার করেন বাবা আবদুল হালিম। এবং ইদ্রিস আলীকে হুমকি দেওয়া হয় বাড়াবাড়ি করলে অস্ত্র মামলা দিয়ে জেলে ঢোকানো হবে। যে কারণে তিনি ভয়ে শ্বশুরবাড়ি চলে যান এবং নুসরাত তাবাসসুমের বাবা ইদ্রিস আলীর জমি দখল করে নেন।

বসতভিটা হারিয়ে নিরীহ ইদ্রিস আলী পরবর্তী সময়ে স্ট্রোক করেছেন এবং বর্তমানে অসুস্থ অসহায় অবস্থায় জীবন অতিবাহিত করছেন। এমতাবস্থায় নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগার পর ইদ্রীস আলী তথ্য পান যে তাকে ফাঁসানো হতে পারে, এ জন্য তিনি আজ ১৪ নভেম্বর বাদী হয়ে জমি নুসরাত তাবাসসুমের বাবার নামে তার বসতভিটা ভাঙচুরের মামলা দায়ের করেন.....!’

বিষয়:

নির্বাচিত

ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জামায়াত আমিরের

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে বক্তৃতাকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দলীয় কর্মূসচিগুলোকে প্রাণবন্ত করতে সব শক্তি নিয়ে ডিসেম্বরে ঝাঁপিয়ে পড়তে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার মানুষের আস্থার ভিত ধ্বংস করেছে। ফ্যাসিস্টের অনেকগুলো লক্ষণ সরকারের মধ্যে দেখা যাচ্ছে। এ জাতি বারবার অপশক্তির হাতে নির্যাতিত হলেও সেই শক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে।

জুলাই নিয়ে দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা থাকলেও সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে বলেও মনে করেন জামায়াত আমির।

এদিকে, স্থানীয় সরকার নির্বাচনে ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের শক্তি সঞ্চয় ও সজাগ দৃষ্টি রাখার আহ্বানও জানান ডা. শফিকুর রহমান। সেইসঙ্গে বলেন, শিক্ষা নিয়ে চরম ষড়যন্ত্র চলছে। চর দখলের মতো জোর করে ভিসি, প্রিন্সিপাল বসিয়ে দেওয়া হচ্ছে।


নির্বাচিত

স্ত্রীর ভরণপোষণ না দেওয়ায় গ্রেপ্তার এনসিপি নেতা, দল থেকে অব্যাহতি

বান্দরবান জেলা সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দ । ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পারিবারিক বিরোধ, দেনমোহর ও ভরণপোষণ সংক্রান্ত মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বান্দরবান জেলা সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার তাকে দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটের ২ নম্বর ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা-পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মিজানুর রহমান আখন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মিজানুর রহমান। তবে দায়িত্ব পাওয়ার কিছুদিনের মধ্যেই স্ত্রীর করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টি সামনে আসে।

গ্রেপ্তারের পর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনারের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জেলা আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। চিঠিতে তার বিরুদ্ধে সাংগঠনিক নীতি ও আদর্শবিরোধী সুস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে কি না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে আত্মপক্ষ সমর্থন এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

মামলার বাদী মিজানুর রহমানের স্ত্রী শাহীনা আক্তারের অভিযোগ, বিয়ের পর থেকেই তার স্বামী দীর্ঘদিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছেন এবং নিয়মিত ভরণপোষণ দিচ্ছেন না। বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

শাহীনা আক্তার বলেন, বিয়ের পর থেকে মিজান তার কোনো খোঁজখবর রাখেননি। একপর্যায়ে তিনি সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দেন এবং ভরণপোষণ দেয়াও বন্ধ করে দেন। তার আরও অভিযোগ, মিজান অন্যত্র একাধিক বিয়ে করেছেন এবং একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।


নির্বাচিত

গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

গুম-খুন ও নানা ধরনের নিপীড়ন-নির্যাতন চালিয়েও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যায়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শনিবার (১৪ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহাবাগে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে রিজভী বলেন, ‘ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড করে জাতীয়তাবাদী যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ভয় দেখানো যাবে না। গুম-খুন ও নানা নিপীড়নের মধ্যেও তারা বুক চিতিয়ে লড়াই করেছেন। রবিউল ইসলাম নয়নও অনেক অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তারপরও তাদের মাথানত করানো যায়নি। জাতীয়তাবাদী শক্তির মাথানত করা যাবে না। ফ্যাসিবাদের যে স্বপ্ন তৈরি হয়েছে, তা প্রতিরোধে সারাদেশের জাতীয়তাবাদী ও গণতান্ত্রিক শক্তি পথে-পথে ব্যারিকেড গড়ে তুলবে।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানও বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে ফ্যাসিবাদ কায়েম করেছিলেন। ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। আইনের আওতায় তার যে দণ্ড হয়েছে, তা তাকে ভোগ করতে হবে।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, ‘মানবতাবিরোধী অপরাধ, মানুষ হত্যা, ছাত্র হত্যা ও শ্রমিক হত্যার জন্য শেখ হাসিনার যে দণ্ড হয়েছে এবং যেসব বিচারাধীন রয়েছে, সেগুলোর প্রতিটি দণ্ড তাকে ভোগ করতে হবে।’

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছে ফ্যাসিস্ট হাসিনা: জামায়াত আমির

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বক্তৃতা করছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন ফ্যাসিস্ট হাসিনা। আওয়ামী লীগ যদি শক্তিশালীই হতো তাহলে তিনি দেশ ছাড়তেন না-বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে আমির বলেন, ফ্যাসিবাদ নামক ভাইরাসের অনেক লক্ষণ থাকলেও এ সরকারকে এখনই আমরা ফ্যাসিস্ট বলতে চাই না। জাতির সামনে ওয়াদা দিয়ে তারা লঙ্ঘন করল, জুলাই সনদ না মেনে তারা প্রতারণা করল।

এদিকে জুলাই আন্দোলনের যে রুপরেখা তা বাস্তববায়ন হয়নি বলেও অভিযোগ করেন। শফিকুর রহমান বলেন, যারা জুলাইয়ে রক্ত দিয়েছে, তারা নতুন কাউকে ফ্যাসিবাদী হতে দেবে না। শিক্ষা খাতে চরম ষড়যন্ত্র চলছে। সারাদেশের স্কুল কলেজের কমিটিতে সন্ত্রাসীদের দায়িত্ব দেয়া হচ্ছে। মেধাবী শিক্ষকদের উপেক্ষা করে দলবাজ শিক্ষকদের প্রাধান্য দেয়া হচ্ছে। জোর করে দলীয় লোকজনকে নিয়োগ দেয়া হচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, সামনে স্থানীয় নির্বাচন, এই নির্বাচনে আমরা আর কোনো ভোট ডাকাত, দুর্নীতিবাজদের ছাড় দেব না। কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না, কোনো অন্যায় সহ্য করব না।


নির্বাচিত

ডিসেম্বর মাসে আসছে বিএনপির নতুন কর্মসূচি

ফাইল ছবি
আপডেটেড ১৪ নভেম্বর, ২০২৬ ১৯:৫৭
নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বরের মধ্যে সুসংগঠিত হতে যাচ্চে বিএনপি। বিশেষ করে শেখ হাসিনা দেশে ফিরে আসার যে ঘোষণা দিয়েছেন এবং তাতে করে ডিসেম্বরে দেশের পরিস্থিতিও উত্তপ্ত হতে পারে বলে বিশেষজ্ঞদের মতামত। এই কারণেই বিএনপির তৃণমূল পর্যায়ের যে নেতা-কর্মী রয়েছেন তারা সুসংগঠিত হয়ে পুরো ডিসেম্বর মাসেই বিভিন্ন কর্মসূচির নেওয়া হয়েছে বলে জানা গেছে। আসতে পারে নানা কর্মসূচির ঘোষণাও।

দলের বাইরে যুগপতের সঙ্গীদেরও মাঠে নামানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। বিষয়টিকে গুরুত্ব দিয়ে সম্প্রতি জাতীয় সংসদে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিটি নির্বাচনী এলাকায় দলীয় এমপিদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে দলের একটি সূত্র জানিয়েছে, দেশের অবস্থা স্থিতিশীল রাখতে এবং নাশকতা ঠেকাতে প্রয়োজনে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোকেও পাশে পাওয়ার চেষ্টা করবে বিএনপি। তারপরও অস্থিরতা সৃষ্টিকারীদের ছাড় দেবে না দলটি।

প্রশাসন থাকবে হার্ডলাইনে, মাঠে থাকবে বিএনপি

বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো তৎপরতা নিয়ন্ত্রণে হার্ডলাইনে থাকবে প্রশাসন। এরই মধ্যে পাড়া-মহল্লায় নাশকতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এ ক্ষেত্রে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করছে বিএনপি। প্রয়োজনে রাজনৈতিকভাবেও অপশক্তিকে মোকাবিলা করবে দলটি। গত ১২ নভেম্বর রাজধানীর নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চালানো হলে জনগণ তা প্রতিরোধ করবে।’

তিনি বলেন, ‘জনসমর্থনহীন কোনো ষড়যন্ত্র বা নাশকতার চেষ্টা সফল হবে না। যে কাজের পেছনে জনসমর্থন থাকে না, তা কখনো টিকে থাকতে পারে না।’

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আগে বিএনপির সংসদীয় দলের সভায় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। সংসদীয় দলের সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’

গত বুধবার সংসদের চতুর্থ অধিবেশনে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে আওয়ামী ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় সরকারি দল, বিরোধী দল ও সংসদের বাইরের রাজনৈতিক দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তার এ আহ্বানকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি এও বলেন, ‘সরকার যদি ফ্যাসিবাদী শক্তির তৎপরতা দমনে ব্যর্থ হয়, তবে বিরোধী দল বসে থাকবে না। তারা তাদের অবস্থান অনুযায়ী কাজ করবেন।’

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, রাজপথে নাশকতা নিয়ন্ত্রণের দায়িত্ব প্রশাসনের। তবে গণহত্যাকারীদের যেকোনো অপতৎপরতা মোকাবিলায় রাজনৈতিক প্রতিরোধও জরুরি। তাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে প্রয়োজনে বিএনপি রাজপথে সক্রিয় থাকবে। এ ক্ষেত্রে বিরোধী দলকে পাশে চাওয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের বলতে হবে কেন? তারাও তো জুলাইয়ের শক্তি। অপশক্তি মোকাবিলায় তাদেরও তো দায়িত্ব রয়েছে।’

ডিসেম্বর ঘিরে থাকতে পারে যেসব কর্মসূচি

বিএনপির এক নেতা বলেন, ‘বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে গত ৯ নভেম্বর নয়াপল্টনে যুগ্ম মহাসচিব, সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগরের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। বৈঠকে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরজুড়ে রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়। আলোচনা সভা, পাড়া-মহল্লায় আন্দোলন, শোভাযাত্রা, সমাবেশসহ নানা কর্মসূচি আসতে পারে। এ বিষয়ে অচিরেই দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।’


নির্বাচিত

অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দেয়ার আহ্বান গোলাম পরওয়ারের

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ঢাকা শুধু প্রশাসনিক রাজধানী নয়, সাহিত্য ও সংস্কৃতিরও রাজধানী। তাই সারা দেশে সাংস্কৃতিক বিপ্লব সৃষ্টির দায়িত্ব ঢাকা মহানগরীর কবি, সাহিত্যিক ও শিল্পীদের উল্লেখ করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শিরক, বিদআত ও অশ্লীলতার মোকাবিলায় মানুষের মাঝে ইসলামের সুন্দর, মননশীল ও বিশুদ্ধ গান, কবিতা, গল্প, নাটক ও সিনেমা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব মহানগরীর সাহিত্য-সংস্কৃতিকর্মীদের। দেশের সাংস্কৃতিক আন্দোলনে তাদেরই নেতৃত্ব দিতে হবে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা মহানগর অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রামে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, ইসলামি সংস্কৃতির মূল ভিত্তি ও প্রাণকেন্দ্র হলো তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাস। এটি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নয়, বরং মানুষের জীবনব্যবস্থা, চিন্তাচেতনা, নৈতিকতা ও আচার-আচরণের সামগ্রিক রূপকার। আল্লাহ তাআলাই সমগ্র সৃষ্টিজগতের একমাত্র স্রষ্টা, পালনকর্তা ও নিয়ন্ত্রণকারী—এই বিশ্বাস ইসলামি সংস্কৃতির মূল চালিকাশক্তি।

তিনি বলেন, ভালোবাসা, ভয়, আশা এবং যাবতীয় উপাসনা ও বন্দেগি কেবল একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হবে। এই বিশ্বাস মানুষকে অন্য কোনো সৃষ্টি বা শক্তির দাসত্ব থেকে মুক্ত করে। নিছক আনন্দের জন্য নয়, বরং মানুষের কল্যাণে সাহিত্য ও সংস্কৃতিচর্চাই এই শাশ্বত দর্শনের মূল কথা।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, সাংস্কৃতিক বিপ্লব ছাড়া রাজনৈতিক বিপ্লব সফল হয় না। কোনো পরিবর্তন এলেও তা স্থায়ী হয় না। ইতিহাসের এই শিক্ষা সামনে রেখে আমাদের পথ চলতে হবে।

সভাপতির বক্তব্যে সাইফুল্লাহ মানছুর বলেন, গান গাইলে ব্যক্তিত্ব নষ্ট হয় না। গান মানুষের হৃদয়ে আন্দোলনের দোলা সৃষ্টি করে এবং অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। তবে সব সময় মনে রাখতে হবে, পবিত্র কুরআন হলো মানবমন পরিবর্তনের জন্য সবচেয়ে শক্তিশালী অনুষঙ্গ।

দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দীন, সাহিত্য-সংস্কৃতি বিভাগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও জাতীয় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির ও মেয়র প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এবং সাহিত্য-সংস্কৃতি কমিটি ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।

সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন কবি মোশাররফ হোসেন খান, বাচিক শিল্পী শরীফ বায়জীদ মাহমুদ, কবি আবু তাহের বেলাল, সাহিত্য-সংস্কৃতি সংগঠক আবেদুর রহমান, শিল্পী তাফাজ্জল হোসাইন খান, শিশুসাহিত্যিক ড. ইকবাল কবীর মোহন, কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল ও বাচিক শিল্পী মাহবুব মুকুল প্রমুখ।


নির্বাচিত

কমিটি গঠনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা বিএনপির কার্যালয় ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়েও ভাঙচুর চালানো হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে মোবারক হোসেনকে সভাপতি এবং জাকারিয়া আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তাঁরা দুজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী হিসেবে পরিচিত।

নতুন কমিটি ঘোষণার পর শুক্রবার বিকেলে কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল নিয়ে আসেন। তাঁরা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত।

এ সময় দুই পক্ষের মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। এ ছাড়া কয়েকটি দোকানপাট এবং উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। কার্যালয়টি স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নির্বাচিত

নুসরাতের বাড়িতে আগুন নিয়ে উত্তপ্ত সংসদ

* পেট্রলবোমার আলামত নেই: স্বরাষ্ট্রমন্ত্রী * হামলার পেছনে আওয়ামী লীগকে সন্দেহ নুসরাতের * নিরাপত্তা দিতে না পারলে জানিয়ে দিন: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্ক হয়েছে। বাড়িতে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে আগুন লাগানোর অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রাথমিক তদন্তে পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। পুরোনো বৈদ্যুতিক তারের দুর্বল সংযোগ থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বুধবার রাত সোয়া ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের দাদার বাড়িতে আগুন লাগে। এতে টিনশেড বাড়িটির পাঁচটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়। আগুনে দুটি ছাগলসহ কয়েকটি গবাদিপশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে একটি শিশুও। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংসদ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনপ্রতিনিধিদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

নাহিদের অভিযোগ, নুসরাতকে কয়েক দিন ধরে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। এ বিষয়ে তিনি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন। হুমকির পর বাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে ক্ষতিগ্রস্ত বাড়িতে সংবাদ সম্মেলনে নুসরাত তাবাসসুম জানান, গত ২৮ অক্টোবর থেকে তিনি একাধিকবার হুমকি পেয়েছেন। এসব ঘটনায় ঢাকার কলাবাগান থানায় জিডি করেছেন। তার দাবি, বুধবার রাতে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়।

নুসরাত বলেন, সিসিটিভি ফুটেজের সময় অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে বাড়িতে পরপর চারটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন দেখে তার কাছে পেট্রোলবোমা হামলা বলে মনে হয়েছে। তবে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

হামলার পেছনে আওয়ামী লীগকে সন্দেহ করার কথা জানিয়ে নুসরাত বলেন, ‘আমার এলাকাবাসীকে আমি সন্দেহ করি না। পুলিশ পুলিশের কাজ করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করছি, এটা আওয়ামী লীগেরই কাজ।’

তিনি জানান, বাড়িটি পরিত্যক্ত ছিল না। পাঁচ থেকে ছয় বছর ধরে সেখানে একটি অসহায় পরিবার বসবাস করছিল। বাড়িতে গবাদিপশুর খামারও ছিল। এ ধরনের হামলা চালিয়ে আন্দোলন-সংগ্রাম দমিয়ে রাখা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

সংসদে নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রাথমিক তদন্তে পেট্রলবোমা ব্যবহারের কোনো চিহ্ন পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেও বিস্ফোরণের মতো শব্দ শোনার তথ্য পাওয়া যায়নি। বাড়ির দেয়ালে পেট্রলবোমা নিক্ষেপের চিহ্ন কিংবা এ ধরনের ঘটনার প্রত্যক্ষ সাক্ষ্যও মেলেনি।

মন্ত্রী জানান, অতিরিক্ত পুলিশ সুপার ও সংশ্লিষ্ট থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিজিবির একটি দলও তদন্ত করেছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের ছবি, অডিও ও ভিডিওসহ বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে।

তার ভাষ্য, পুরোনো বাড়িটির বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল ছিল। একটি ছবিতে শর্টসার্কিটের মতো ঘটনার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এটি এখনো প্রাথমিক ধারণা। পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্ত চলছে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত শেষ হওয়ার আগে কাউকে দায়ী করা ঠিক হবে না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগুন দুর্ঘটনাবশত লেগেছে, নাকি পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানান। নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বাইরে থেকে কিছু নিক্ষেপের পরপরই বাড়িতে আগুন জ্বলে উঠতে দেখা যায়। তার অভিযোগ, তদন্ত শেষ হওয়ার আগেই ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বাড়িটিতে কেয়ারটেকারের পরিবারসহ মানুষ বসবাস করতেন। আগুনের সময় সেখানে মানুষ থাকায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের সমর্থকদের উল্লাসের বিষয়টিও তুলে ধরেন তিনি।

একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য বন্ধ করে বসে পড়েন। ডেপুটি স্পিকার কায়সার কামাল তাকে বক্তব্য চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। এ সময় এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ ও মাহমুদা আলম মিতুকেও প্রতিবাদ জানাতে দেখা যায়।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী আবার বক্তব্য দিয়ে বলেন, তদন্তের ভিত্তিতেই ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

মাগরিবের নামাজের বিরতির পর আবার পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, সংসদ সদস্য, জুলাই গণ-অভ্যুত্থানের নেতৃত্ব এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার প্রসঙ্গ তুলে বলেন, ৪৮ ঘণ্টা পার হলেও ওই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। দেশের বিভিন্ন স্থানে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটছে।

সরকারের উদ্দেশে নাহিদ বলেন, ‘নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব।’ তিনি আরও বলেন, ‘আমাদের মানবাধিকার না থাকলে এবং শত্রুর মানবাধিকার নিয়ে সরকারের বেশি উদ্বেগ থাকলে আমাদের নিজেদের পথ নিজেদেরই দেখে নিতে হবে।’

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী শক্তির বিচারের প্রশ্নেও সরকারের অবস্থান জানতে চান তিনি। এ ধরনের হামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিরোধীদলীয় চিফ হুইপ।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে রাত ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আশপাশে তল্লাশি চালিয়েও কোনো দাহ্য পদার্থ বা বিস্ফোরকের আলামত পাওয়া যায়নি। পল্লী বিদ্যুতের কর্মীরাও পরীক্ষা করে শর্টসার্কিটের প্রমাণ পাননি।

দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানান, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে নুসরাত তাবাসসুম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। মামলা ও যৌথ তদন্তের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হচ্ছে।

সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, একজন সংসদ সদস্যের বাড়িতে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। খবর পাওয়ার পর সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি। তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষার আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে কি না, সেটিও নিশ্চিত করতে হবে।


নির্বাচিত

banner close