বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে এতে কতজন আহত হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।
আজ বুধবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কমিটি ঘোষণা হওয়ার কথা থাকলেও বেলা চারটায়ও কমিটি ঘোষণা হয়নি। বিকেল চারটা দশ মিনিটের দিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ মধুর ক্যান্টিনে উপস্থিত হয়ে এই প্রকাশ হতে যাওয়া কমিটির বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন।
বেলা তিনটায় নতুন ছাত্রসংগঠনের প্রকাশ হওয়ার কথা থাকলেও চারটা পেরিয়ে গেলেও নেতারা উপস্থিত হননি।
বেলা সোয়া চারটায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই গ্রুপটি মধুর ক্যান্টিনে উপস্থিত হয়ে নানা স্লোগান দিতে শুরু করেন।
এসময় তারা 'প্রাইভেট ছাড়া কমিটি, মানবো না মানবো না', 'ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও গুড়িয়ে দাও', 'রিফাত রশীদ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই' ইত্যাদি স্লোগান দেন।
ইউআইবির শিক্ষার্থী সাজ্জাদ বলেন, নতুন ছাত্রসংগঠনের কমিটিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাউকে রাখা হয়নি। এছাড়া রিফাত রশীদ ভাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমাদের কো অর্ডিনেট করেছেন। তাকেও যোগ্য স্থানে রাখা হচ্ছে না। তাই আমরা এখানে এসেছি। ঢাবি আধিপত্যের যে কমিটি আমরা সেটি মানি না।
আপনারা কীভাবে জানলেন রিফাত রশীদকে রাখা হয়নি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নেই কীভাবে বুঝলেন প্রশ্নে এই শিক্ষার্থী বলেন, আমাদের প্রতিনিধি আছে ভিতরে। তাদের মাধ্যমেই আমরা খবর পেয়েছি।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অংশটি প্রায় বিশ মিনিট মধুর ক্যান্টিনে স্লোগান দেন। এরপর বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবন থেকে নতুন এই ছাত্রসংগঠনের সাথে যুক্ত শিক্ষার্থীদের একটি অংশ মিছিল বের করেন।
এসময় তারা 'শিক্ষা ঐক্য মুক্তি মুক্তি' স্লোগান দেন। তারা স্লোগান দিতে দিতে মধুর ক্যান্টিনে ভিতরে ঢুকে পড়েন। এরপর তারা মধুর ক্যান্টিনের বাইরে সাংবাদিক সম্মেলনের স্থলে গিয়ে দাঁড়ালে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশটি একপাশে সরে যান।
নতুন কমিটির সাথে যুক্ত শিক্ষার্থীদের অংশটি সংবাদ সম্মেলন স্থলে তাদের নতুন সংগঠন নিয়ে স্লোগান দেন। এসময় সংবাদকর্মীরা প্রায় দেড় ঘন্টা কমিটি ঘোষণা না করে বসিয়ে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংবাদ সম্মেলনস্থল থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে নতুন এই সংগঠনের সাথে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ দেরি হওয়ার জন্য ক্ষমা চেয়ে সবাইকে বসার অনুরোধ করেন। এর একটু পর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশটি ফের স্লোগান দিতে দিতে সংবাদ সম্মেলন স্থলে আসলে দুই পক্ষের ধাক্কাধাক্কি পরে কিছুক্ষণ হাতাহাতি চলে।
দশ মিনিট দুই পক্ষের হাতাহাতির পর নতুন ছাত্রসংগঠনের সাথে যুক্ত শিক্ষার্থীরা তাদের সংবাদ সম্মেলন মধুর ক্যান্টিনের ভিতরে হওয়ার ঘোষণা দিয়ে ভিতরে চলে যান। মধুর ক্যান্টিনের ভিতরে গিয়ে দেখা যায় সেখানে আগে থেকেই উপস্থিত আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সাবেক সম্পাদক জাহিদ আহসান, সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।
জাহিদ আহসান বলেন, আমাদের নতুন ছাত্র সংগঠনের নাম গণতান্ত্রিক ছাত্র আন্দোলন। এই কথা ঘোষণার সাথে সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশটি সংবাদকর্মীদের ঠেলে সংবাদ সম্মেলনস্থলের সামনে চলে আসলে ফের দুই পক্ষের হাতাহাতি এবং মারামারি শুরু হয়।
এর মধ্যেই কমিটি ঘোষণা করে দেন জাহিদ আহসান এবং আবু বাকের মজুমদার।
জাহিদ বলেন, আমাদের কেন্দ্রীয় আহবায়ক কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করবে আবু বাকের মজুমদার। আবু বাকের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক।
আবু বাকের বলেন, আমাদের কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাহিদ আহসান। জাহিদ আহসান হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সেলের সাবেক সম্পাদক।
এসময় আবু বাকের তাদের নতুন সংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আংশিক কমিটি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, নতুন এই ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং সদস্য সচিব মহির আলম।
কমিটি ঘোষণা শেষে নতুন কমিটির নেতারা ক্যাম্পাসে মিছিল শুরু করেন। সেই মিছিলটি বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটার ভবনের সামনে গেলে সেখানেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশটির সাথে এই পক্ষের হাতাহাতি চলে। সন্ধ্যা ছয়টাই এই প্রতিবেদন লিখা অবস্থায় নতুন ছাত্রসংগঠনের নেতারা ডাকসু ভবনে আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশে ছড়িয়ে ছিটিয়ে আছেন।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার, জনপ্রিয় সামাজিক অ্যাকটিভিস্ট মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের ফুল দিয়ে বরণ করে নেন। দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব প্রদানের পরিকল্পনা করা হয় এবং তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করা হতে পারে। এই লক্ষ্য পূরণে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদ পদত্যাগ করবেন বলেও গুঞ্জন রয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে অসংখ্য মামলার শিকার হওয়া ইসহাক সরকার সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কৃত হন।
এই অনুষ্ঠানে যোগদানকারী মহিউদ্দিন রনি রেলওয়ের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি পেয়েছেন এবং নুরুজ্জামান কাফি সামাজিক সচেতনতামূলক ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করে।
দলটির নীতিনির্ধারকরা মনে করছেন, মাঠপর্যায়ে অভিজ্ঞ ও তরুণ এই মুখগুলোর অন্তর্ভুক্তি এনসিপিকে রাজনৈতিকভাবে আরও শক্তিশালী ও চাঙা করে তুলবে।
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক সরকার, শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি। দলের একজন যুগ্ম আহ্বায়ক বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দিতে পারেন বলে শুনা যাচ্ছে।
এনসিপিতে নতুন নেতাদের যোগদান উপলক্ষে আজ শুক্রবার বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে বিএনপি থেকে বহিষ্কার হওয়া নেতা ইসহাক সরকার ২ হাজার নেতা- কর্মী নিয়ে এনসিপিতে যোগ দেবেন। তিনি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন। গত ৪ ফেব্রুয়ারি বিএনপি থেকে ইসহাক সরকারকে বহিষ্কার করা হয়। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দলীয় সিদ্ধান্ত অমান্য করা এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ইসহাক সরকার।
অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নাতনি ফেরসামিন হক ইকবাল ফ্লোরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও এনসিপিতে যোগ দেবেন বলে শোনা গিয়েছিল।
তিনি এনসিপি থেকে নির্বাচন করবেন, এমন কথাও বলা হয়েছিল। সে সময় শুধু আলাপ-আলোচনার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ ছিল। তবে এবার ফেরসামিন হক এনসিপির অংশ হতে যাচ্ছেন। তাঁদের কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে বলে জানা গেছে।
কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিও শুক্রবার এনসিপিতে যোগ দেবেন। তবে তাঁকে কোন পর্যায়ের পদ দেওয়া হবে জানা যায়নি।
অন্যদিকে মহিউদ্দিন রনিও এনসিপিতে যোগ দেবেন বলে আলোচনা চলছে। তবে তাঁর যোগদানের বিষয়টি এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন দলের একাধিক নেতা।
এবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীরবিক্রম)।
বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিস আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি দাবি করেন, ওবায়দুল কাদের প্রতি মাসে নিয়ম করে কক্সবাজার যেতেন সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহের জন্য।
অলি আহমদ প্রশ্ন তোলেন, মন্ত্রী কেন বারবার রাজশাহী বা দিনাজপুরে না গিয়ে শুধু কক্সবাজারেই যেতেন। তিনি মনে করেন, সাধারণ মানুষ তখন একে কঠোর পরিশ্রম হিসেবে দেখলেও এর পেছনে মূলত ছিল মাদকের উদ্দেশ্য ।
বর্তমান সময়ের মাদক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এলডিপি সভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাদকের প্রকোপ কিছুটা কম থাকলেও এখন জনপ্রতিনিধিরাই এই কারবারে জড়িয়ে পড়েছেন।
তিনি বলেন, রাতারাতি কোটি কোটি টাকা আয়ের নেশায় ইয়াবা ব্যবসাকে তারা সহজ পথ হিসেবে বেছে নিয়েছেন। এসময় পুলিশের ভূমিকার সমালোচনা করে অলি আহমদ বলেন, ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হলেও বাস্তবে তা কার্যকর করছে না পুলিশ।
দেশের সংসদ সদস্যদের যোগ্যতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। তার অভিযোগ, সংসদে তিন ভাগের একভাগ ব্যবসায়ী; আরেক ভাগ অশিক্ষিত, যারা পার্লামেন্ট বানানও উচ্চারণ করতে পারে না। স্বশিক্ষিত মানে কি, অশিক্ষিত। অশিক্ষিত না লিখে ভদ্র ভাষায় লিখে স্বশিক্ষিত।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর তিনি এই আবেদনপত্র জমা দেন।
যদিও মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নুসরাত সশরীরে উপস্থিত ছিলেন, তবে এই বিষয়ে তিনি গণমাধ্যমের কাছে কোনো মন্তব্য করেননি। নির্বাচন কমিশন থেকে পাওয়া রিসিভ কপিতে ১৯ মিনিট বিলম্বের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছে।
মূলত সংরক্ষিত নারী আসনে এনসিপির মনোনীত প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় বিকল্প হিসেবে নুসরাত তাবাসসুমকে বেছে নিয়েছে দলটি। মনিরা শারমিন বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক পদে থাকলেও তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা ছিলেন।
তিনি ২০২৫ সালে সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন। নির্বাচন কমিশনের বিদ্যমান নিয়ম অনুযায়ী, কোনো সরকারি বা সামরিক কর্মকর্তা পদত্যাগ বা অবসরের তিন বছর পূর্ণ না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন না।
মনিরা শারমিনের ক্ষেত্রে এই সময়সীমা পূর্ণ না হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিলের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত আসনের জন্য মনোনীত করা হয়েছে।
বিএনপি সরকারের দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরলেন তার উপদেষ্টা মাহদী আমিন। শনিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে পদক্ষেপগুলো তুলে ধরেছেন তিনি। মাহদী আমিন বলেন, ‘আমরা প্রত্যাশা করি, সামনের দিনগুলোতেও এই ইতিবাচক ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একইসঙ্গে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গও নিজ নিজ অবস্থান থেকে তথ্যভিত্তিক বক্তব্য তুলে ধরে অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করবেন। আমরা ভেবেছিলাম, এই অল্প সময়ের মাঝে প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখলাম, তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব-অপপ্রচার ছড়ানোসহ বিকল্প পথ বেছে নিয়েছে, যা দেশের অগ্রযাত্রার পথে প্রতিবন্ধকতা।’ এসব প্রতিবন্ধকতা দূর করে অগ্রযাত্রার পথে হাঁটার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে সরকার।
এ সময় সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে ৬০টি পদক্ষেপ তুলে ধরেন তিনি। সেগুলো হলো-
১. প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নারীর ক্ষমতায়নের লক্ষ্যে দেশের প্রতিটি পরিবারের কাছে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার পাইলট প্রকল্প শেষ হয়েছে। ইতোমধ্যে ৩৭,৫৬৭ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে।
২. প্রধানমন্ত্রীর আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি দেশের কৃষক কৃষাণীর জন্য ১০টি সুবিধা ও নগদ অর্থায়ন সম্বলিত ‘কৃষক কার্ড’ প্রচলন করা।
৩. প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের ১০,০০০ টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। ৪. সাংবিধানিক বাধ্যবাধকতা ও দেশের আইনি কাঠামোর ধারাবাহিকতা রক্ষায়, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির মাধ্যমে সরকার সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির স্থাপন করেছে। ৫. সারাদেশে ২০,০০০ কিলোমিটার নদী-খাল ও জলাশয় খনন ও পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে ৫৪ জেলায় এই কাজ শুরু করা হয়েছে।
৬. বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ নিয়ন্ত্রণে রেখেছে। ৭. জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিং-এর মাধ্যমে মোট ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সোলার বা সৌরশক্তি ব্যবহার করে ১০,০০০ (দশ হাজার) মেগাওযাট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।
৮. জ্বালানি নেওয়ার জন্য ফুয়েল কার্ড-এর পাইলটিং প্রজেক্ট ইতোমধ্যে চালু করা হয়েছে। ৯. সরকারের একটি অগ্রাধিকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা। প্রতিকূল বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে পবিত্র রমজান মাসে এবং এখনো অন্যান্য বছরের তুলনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। ১১. ঈদ-উল-ফিতরের সময় সারাদেশে অসহায় ও গরিবদের ত্রাণ ও উপহার বিতরণ করা হয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে ইসলামিক স্কলার ও অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে জাকাত ব্যবস্থার আধুনিকায়ন করে দারিদ্র বিমোচনের উদ্যোগ নেওয়া হয়েছে।
১২. শিগগিরই প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ১৩. বিগত সময়ের তুলনায় হজযাত্রার খরচ টিকিট প্রতি ১২,০০০ টাকা এ বছরেই কমানো হয়েছে। প্রথমবারের মত দেশের মাটিতেই ‘নুসুক হজ কার্ড’ প্রদান করা হয়েছে। ১৪. দেশের সব মন্ত্রণালয় ও সরকারি অফিসে শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। শূন্য পদ পূরণের জন্য ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
১৫. পর্যায়ক্রমে সরকারি মালিকানাধীন বন্ধ কারখানা ও শিল্প প্রতিষ্ঠানগুলো চালু করে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে, যার মধ্যে প্রাধান্য পাচ্ছে চিনিকল, রেশম ও পাটশিল্প।
১৬. স্বল্প ব্যবহৃত ইকোনমিক জোন, ইপিজেড, বিসিক এলাকা, হাই-টেক পার্ক ও ইন্ডাস্ট্রি ক্লাস্টারের তালিকা প্রস্তুত করে সেখানে সম্ভাবনাময় ব্যবসা ও স্থানীয় বিশ্ববিদ্যালয়ের সাথে ইকোসিস্টেম তৈরি শুরু করা হয়েছে।
১৭. সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নকে অধিকতর শক্তিশালী, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ইতোমধ্যে একগুচ্ছ বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারের মূল লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে রূপান্তর।
১৮. অর্থনীতিকে স্থিতিশীলতা, পুনর্গঠন ও বিনিয়োগনির্ভর প্রবৃদ্ধির পথে নিতে পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করা, মূল্যস্ফীতি নামিয়ে আনা, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাড়ানো, এমপ্লয়েমেন্ট এক্সচেঞ্জ চালুর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
১৯. বিদেশি বিনিয়োগ সহজীকরণের জন্য ১০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০. গত প্রায় ১৮ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ঈদুল ফিতর উপলক্ষে কোনো শ্রমিককে হাহাকার করতে হয়নি। শ্রমিক, মালিক, সরকার ও অংশীজনের সঙ্গে সমন্বিত আলোচনার ভিত্তিতে এবং প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং সহায়তা প্রদান করে নিশ্চিত করা হয়েছে, সব শিল্পকারখানার শ্রমিকদের ঈদের আগেই তাদের বেতন, বোনাস ও অন্যান্য সুবিধাদি পরিশোধ করা হয়েছে। ২১. দীর্ঘদিন পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের অভূতপূর্ব যৌথ বিবৃতিতে উঠে এসেছে অভিবাসন ব্যয় হ্রাস, স্বচ্ছ প্রক্রিয়া ও প্রবাসীদের জনকল্যাণ।
২২. বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের ৭টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দেশগুলো হলো-সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রোমানিয়া, পর্তুগাল, ব্রাজিল, রাশিয়া। ২৩. দেশে বিদেশে কর্মসংস্থান বাড়ানোর অংশ হিসেবে সরকার বিদেশে অধিক সংখ্যক জনশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছে। দক্ষ এবং আধা দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্ব প্রদান করে অভিবাসনের পরিমাণ এবং গুণমান উভয়ই বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে।
২৪. উত্তরবঙ্গকে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির ‘হাব’ বা প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ২৫. পে-পাল ও অন্যান্য পেমেন্ট গেটওয়ে কার্যক্রম বাংলাদেশে শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে।
২৬. দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এই নিয়োগের ক্ষেত্রে নারী ক্ষমতায়নকে প্রাধান্য দিয়ে মোট কর্মীর ৮০ শতাংশই নারী থেকে নেওয়া হবে এবং এর মূল উদ্দেশ্য নারীর ক্ষমতায়ন।
২৭. সঠিক ও গুণগত স্বাস্থ্যসেবা পৌঁছাতে 'ই-হেলথ কার্ড' চালুর সিদ্ধান্ত হয়েছে। সারাদেশে হাসপাতালগুলোতে বিশেষ নিরাপত্তারক্ষী মোতায়েনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
২৮. প্রতি বছর পুনরায় ভর্তি ফি বাতিল, অর্থাৎ পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবার পর নতুন করে আর ভর্তি ফি না নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। লটারির পরিবর্তে আধুনিক ভর্তি পরীক্ষা বা বৈজ্ঞানিক প্রক্রিয়ায় শিক্ষার্থীদের ভর্তি, শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকল স্তরের শিক্ষাবৃত্তির অর্থের পরিমাণ দ্বিগুণ করা হয়েছে।
২৯. বিদেশে উচ্চশিক্ষার লক্ষ্যে রাষ্ট্রীয় অর্থনৈতিক সহায়তায় সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন ব্যাংক গ্যারান্টির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০. শিক্ষা প্রতিষ্ঠানে ৯,০০০ ধর্মীয় শিক্ষক এবং শূন্য পদসমূহে বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
৩১. শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে; উপজেলা পর্যায়ে ৬টি খেলায় ৩ জন করে মোট ১৮ জন ক্রীড়া শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। মহানগর পর্যায়ে উন্মুক্ত খেলার মাঠের সংস্থান করা হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে।
৩২. আবারও শুরু হয়েছে শিশু কিশোরদের প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’, প্রথমবারের মতো সংযুক্ত হচ্ছে ক্রীড়া ও কোরআন তেলাওয়াত। জাতীয় সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ এবং দেশব্যাপী বইপড়াকে উৎসাহিত করার জন্য বেসরকারি খাতের সাথে যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
৩৩. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও পাটের তৈরি ব্যাগ বিতরণের লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুলে পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ পরিকল্পনা বাস্তবায়নের পাইলট কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে লার্নিং উইথ হ্যাপিনেস, কারিগরি শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি যুক্ত করে শিক্ষাক্রমকে সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
৩৪. মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ৩৫. স্পোর্টস কার্ড ও স্পোর্টস অ্যালাউন্স কর্মসূচি চালু করা হয়েছে, যার মাধ্যমে ইতোমধ্যে শতাধিক ক্রীড়াবিদকে ভাতা দেওয়া হচ্ছে।
৩৬. ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে, বনায়ন সৃজনের জন্য এরই মধ্যে ১ কোটি ৫০ লাখ বিভিন্ন প্রজাতির চারা উৎপাদন করা হয়েছে। উৎপাদিত চারাগুলো চলতি বছর আসন্ন বর্ষা মৌসুমে রোপণ করা হবে।
৩৭. রাষ্ট্রীয় ভবন যমুনা ব্যবহার না করে মাননীয় প্রধানমন্ত্রী গুলশানে নিজের বাড়ি ব্যবহার করছেন, নিজের গাড়ি ব্যবহার করছেন, নিজ খরচে তেল ব্যবহার করছেন, যা রাষ্ট্রীয় ব্যয় হ্রাসের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।
৩৮. প্রধানমন্ত্রী শনিবারও অফিস করছেন, কর্মকর্তাদের সকাল ৯টার মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক করেছেন, ভিভিআইপি প্রটোকল না নিয়ে প্রধানমন্ত্রীর অতি সাধারণ চলাফেরায় ট্র্যাফিক ব্যবস্থায় নজিরবিহীন পরিবর্তন এনেছেন, তার রাষ্ট্রীয় সফরের সময় বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সীমিত করা হয়েছে।
৩৯. দালালদের হস্তক্ষেপ বন্ধের লক্ষ্যেই-নামজারি ও সেবাগ্রহীতাদের অনলাইন আবেদন বাধ্যতামূলক করা হয়েছে। নগদ টাকা লেনদেনের সুযোগ বন্ধ করতে অনলাইন ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হয়েছে। ম্যাপ বা নকশা জালিয়াতি বন্ধ করতে সরকার এখন ডিজিটাল সার্ভের পাইলটিং পরিচালনা করছে। চালু হয়েছে ২৪/৭ হটলাইন। ৪০. পদ্মা অববাহিকার বিস্তৃত কৃষি অঞ্চলকে মরুকরণ থেকে রক্ষা করা এবং শুষ্ক মৌসুমে পর্যাপ্ত পানি নিশ্চিত করতে ‘পদ্মা ব্যারেজ প্রকল্প’ হাতে নেওয়া হয়েছে।
৪১. এমপি-মন্ত্রীদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে রাষ্ট্রীয় ব্যয় কমছে। ৪২. পাটজাত পণ্যে প্রাধান্য দিয়ে বিভিন্ন সরকারি অফিস এবং বেসরকারি শিল্প খাতকে পাটজাত পণ্য ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ৪৩. ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান, স্থানীয় প্রশাসন ও কমিউনিটি সমন্বয়ে কার্যক্রম চলমান রয়েছে। ৪৪. দীর্ঘদিন বন্ধ থাকার পর হামের টিকাদান কর্মসূচি চালু করা হয়েছে, লক্ষ্য দ্রুততম সময়ে সারাদেশে প্রদান।
৪৫. চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিচ্ছে, আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জনবান্ধব পুলিশ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। ৪৬. ঢাকায় পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত পিংক বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
৪৭. জাতীয় নদী রক্ষা কমিশন আইন সংশোধনের একটি খসড়া চূড়ান্ত হয়েছে, এর ফলে নদী দখল ও দূষণ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে; এই আইনের অধীনে নদী দখলদারদের সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা ১৫ লাখ টাকা জরিমানা বা উভয়দণ্ডের মতো কঠোর শাস্তির প্রস্তাব রাখা হচ্ছে।
৪৮. বিদ্যুৎ ও অর্থ অপচয় রোধে রাষ্ট্রীয় ইফতার সীমিত করা হয়েছিল। বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সব ধরনের সরকারি প্রতিষ্ঠানের জন্য ১১ নির্দেশনা জারি করা হয়েছে।
৪৯. প্রথমবারের মতো এনটিআরসি-র মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগে পরীক্ষার মেধাভিত্তিক নিয়োগ হতে যাচ্ছে। ৫০. দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসির সক্ষমতা বাড়াতে এবং জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করতে দ্বিতীয় ইউনিট স্থাপনের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে সরকার। ২০২৯ সালে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রম চালু করা হবে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে আগামী মাসে। ৫১. ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের ও ভিন্ন স্থানে ব্যবসা পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।
৫২. বিএনপি ঐতিহাসিকভাবে বাস্বাধীনতায় বিশ্বাসী। সরকারের লক্ষ্য একটি উদার ও গণতান্ত্রিক সমাজ নির্মাণ করা, যেখানে কোনো মত, বিশ্বাস বা পরিচয় অবমূল্যায়িত হবে না। মুক্ত ও নিরাপদ মতপ্রকাশ, স্বাধীন গণমাধ্যম এবং বাধাহীন চিন্তার পরিবেশ নিশ্চিত করতে গত দুই মাসে এর কোনো ব্যত্যয় ঘটেনি।
৫৩. বহুপাক্ষিক আলোচনা ও কর্মকৌশল ঠিক করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ৫৪. ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে শাহজালাল, শাহ আমানত ও এম এ জি ওসমানী বিমানবন্দরে উন্নত দেশের মতো ফ্রি ইন্টারনেট ব্যবস্থার নির্দেশ ও সৈয়দপুর বিমানবন্দরে উদ্বোধন করা হয়েছে। ৫৫. চলন্ত ট্রেনের যাত্রীদের সুবিধার জন্য ফ্রি ইন্টারনেট সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আধুনিকায়নে আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২৩৩৬টি কারিগরি ও ৮২৩২টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই চালু করা হবে।
৫৬. সরকার অর্থনৈতিক কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে, যেখানে প্রবাসীদের জনকল্যাণ, দূতাবাস এবং মিশনগুলাকে বাণিজ্যের প্রচার, বিনিয়োগ আকর্ষণ, বৈদেশিক জনশক্তি রপ্তানির সুযোগ তৈরি অন্যতম অগ্রাধিকার। ৫৭. পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে বিশ্বের সকল দেশের সাথে সম্পর্ক শক্তিশালী এবং স্বাভাবিক করা হচ্ছে। জনগণের সাথে জনগণের সম্পর্ক, পানি কটন, সীমান্ত হত্যা বন্ধ, বাণিজ্য, বিনিয়োগ সুবিধা, শিক্ষা, সংস্কৃতিসহ দ্বিপক্ষীয় সম্ভাবনার দুয়ার খোলা হচ্ছে।
৫৮. বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে প্রাথমিকভাবে ১০টি দেশের সঙ্গে সম্পদ শনাক্তকরণ এবং পারস্পরিক আইনগত সহায়তা জোরদার করা হচ্ছে। ৫৯. উপকূলীয় অঞ্চলে নদীভাঙন রোধ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছে।
৬০. মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুযায়ী মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করা বিএনপির ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। গত দুই মাসে সরকার মানবাধিকার রক্ষায় যে রেকর্ড তৈরি করেছে তা জনগণের প্রত্যাশা পূরণ করেছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বার্থের পরিপন্থি হবে। দেশটির সঙ্গে যেসব দেশের রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে, তাদের সঙ্গে বাংলাদেশ লাভজনক ও প্রয়োজনীয় সম্পর্কও স্থাপন করতে পারবে না। এতে এটি শুধু একটি বাণিজ্য চুক্তি নয়; বরং দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও স্বাধীন নীতিনির্ধারণের ওপর সরাসরি হস্তক্ষেপের একটি প্রক্রিয়া।
শুক্রবার (১৭ এপ্রিল) মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে গণতান্ত্রিক অধিকার কমিটির উদ্যোগে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অধিকারকর্মী মাহতাবউদ্দিন আহমেদের সঞ্চালনায় এবং গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক অধিকার কমিটি, ময়মনসিংহ জেলার প্রতিনিধি আবুল কালাম আল আজাদ, শিক্ষক ও গবেষক মাহা মির্জা ও ডা. হারুন-অর-রশীদ।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, এ ধরনের বাণিজ্য চুক্তির মাধ্যমে আমাদের ওপর এমন অনেক পণ্য আমদানির চাপ তৈরি হবে, যেগুলো বাস্তবে দেশের জন্য প্রয়োজনীয় নয়। এমনকি যেসব পণ্য আমরা অন্য দেশ থেকে কম দামে সংগ্রহ করতে পারি, সেগুলোও বেশি দামে নির্দিষ্ট উৎস থেকে আমদানি করতে বাধ্য করা হবে। এর কারণে দেশের অর্থনীতি অযৌক্তিক ব্যয়ের চাপে পড়বে এবং বাজারব্যবস্থা বিকৃত হবে।
তিনি বলেন, এর চেয়েও উদ্বেগজনক হলো, এই চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশের স্বাধীন বাণিজ্যিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংকুচিত হবে। কোন দেশের সঙ্গে বাণিজ্য করবো, কোথা থেকে প্রতিরক্ষাসামগ্রী কিনবো, এসব সিদ্ধান্তও যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নির্দেশনার ওপর নির্ভরশীল হয়ে পড়বে।
সমাবেশে ডা. হারুন-অর-রশীদ বলেন, এই বাণিজ্য চুক্তি দেশের ওষুধ শিল্পের জন্য মারাত্মক হুমকি তৈরি করবে। বর্তমানে বাংলাদেশে জেনেরিক ওষুধ উৎপাদনের যে সক্ষমতা গড়ে উঠেছে তা মূলত তুলনামূলক নমনীয় পেটেন্ট নীতির কারণে সম্ভব হয়েছে। কিন্তু এই চুক্তির মাধ্যমে এমন কিছু মেধাস্বত্ব সংক্রান্ত শর্ত আরোপের আশঙ্কা রয়েছে যেখানে দেশীয় কোম্পানিগুলো আর সহজে জেনেরিক ওষুধ উৎপাদন করতে পারবে না।
গবেষক মাহা মির্জা বলেন, এই চুক্তি স্থানীয় শিল্পকে ধসিয়ে দেবে ও তিল তিল করে গড়ে তোলা পোল্ট্রি শিল্পকে ধ্বংস করবে। গরিব মানুষের রুটি-রুজি বিপন্ন করবে। জনস্বার্থবিরোধী চুক্তি করে কোনও সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এ ধরনের চুক্তি মূলত ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি শ্রমজীবী মানুষের ওপর সরাসরি আঘাত হানবে। বিরোধী দলকেও এই বাস্তবতা অনুধাবন করতে হবে। মার্কিন তাবেদারি করে জনগণের স্বার্থ রক্ষা করা যায় না।
বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির ৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচির বুকলেট কপি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দিয়েছেন দলটির চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার হাতে আনুষ্ঠানিকভাবে কপিটি তুলে দিয়েছেন তিনি। নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদেরও দেওয়া হয়েছে কপি। চলমান কার্যক্রম সম্পর্কে ধারণা লাভ এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে এটি সহায়ক হবে বলে জানিয়েছে বিএনপি।
তথ্যপ্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার ও বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কের উদ্যোগে এ বুকলেট কপি প্রকাশিত হয়। এতে দলের নির্বাচনি প্রচারণায় ঘোষিত কর্মসূচিসমূহ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নেতাদের কল্যাণ—এই সব খাতে সরকারের গৃহীত উদ্যোগ ও অর্জনের বিস্তারিত তথ্য সংযোজন করা হয়েছে।
বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে রাজধানীর রমনা পার্কের জারুল চত্বরে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বলেছিলেন কোনো প্রতিশোধ নয়। কোনো প্রতিহিংসা নয়। আমরা প্রতিশোধ, প্রতিহিংসা বিশ্বাস করি না।
সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রীও বিশ্বাস করেন না। আমরা অন্তর্ভুক্তমূলক গণতান্ত্রিক সমাজ চাই। যে সমাজে মত পার্থক্য থাকবে। গণতন্ত্র থাকবে। সবার আগে বাংলাদেশ। এই হচ্ছে আমাদের অঙ্গীকার।
তিনি জানান, ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য। নববর্ষ উপলক্ষে সারা শহর আনন্দমুখর হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন তিনি।
সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ (৯১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষঃনিশ্বাস ত্যাগ করেন।
ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক ও সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানান, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সাল থেকে ২০১৪ সালের জানুয়ারি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন। এছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। পরে দল তাকে মনোনীত করেনি। গতকাল, শনিবার (১১ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমা দিতে গেলে বগুড়ার কিছু নারী নেত্রী হট্টগোলের সৃষ্টি করেন । কনকচাঁপাকে উদ্দেশ্য করে তারা বিভিন্ন অপ্রাসঙ্গিক স্লোগান দেন। পরে অন্য সহকর্মীদের সহযোগিতায় তিনি মনোনয়ন জমা দিতে সক্ষম হন।
কনকচাঁপার সঙ্গে করা এমন আচরণের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুঃখ প্রকাশ করে বলেন, যারা এই কর্মকান্ড ঘটিয়েছে এবং তাতে লিপ্ত হয়েছে তাদের আচরনে সাংস্কৃতিক ঘাটতি আছে। তাদের আচরন অত্যন্ত ত্রুটিপূর্ণ। রিজভী বলেন, সেলিব্রেটিরা আসবে না কেন? পৃথিবির অন্য কোন দেশে দৃষ্টান্ত নেই?
সবারই কি মাঠ পর্যায়ের ভুমিকা থাকে? একজন বড় শিল্পির যদি বিএনপির আন্দোলন, সংগ্রাম অবজেক্টিভ, এবং গনতন্ত্র ফেরানোই ভূমিকা থাকে এটাতেও অনেক কাজ হয়।
উদাহরণ দিয়ে তিনি বলেন, এমাজ উদ্দিন স্যার কি রাস্তায় দাঁড়িয়ে মিছিল করতেন? তা তো করতেন না, কিন্তু উনি বিএনপিকে সমর্থন করতেন এটা দেশবাসী জানে, এটা আমাদের অনেক কাজ হতো।
একজন বড় কন্ঠশিল্পি তিনি বিএনপিকে সমর্থন করেন, এতাই তো অনেক বড় বিষয়, সবাইকে কে কি রাস্তায় নেমে রিক্সার পাম্প ছাড়তে হবে নাকি? এটা কি ধরনের কথা যে পার্টি অফিসে একজন সন্মানিত শিল্পি আসবে তার সাথে এরকম ব্যাবহার করবে! তিনি আরো বলেন, যারাই এধরনের বাজে আচরণ করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি এক ফেসবুক পোস্টে নিজের প্রতি অন্যায় হয়েছে দাবি করে তার বিচার আল্লাহর ওপর ছেড়ে দেন কনকচাঁপা। দীর্ঘ এই পোস্টে দলের প্রতি আনুগত্যের কথা তুলে ধরেন তিনি, যা দৈনিক বাংলার পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো— কনকচাঁপা ফেসবুক পোস্টে বলেন,
আমি বিশ্বাস করি, সব ফয়সালার কারিগর আল্লাহ রহমানুর রহীম। আর যেকোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত দলের সম্মানিত নীতিনির্ধারকদের। তাদের প্রতি আমি পূর্ণ আস্থা এবং সম্মান রাখি। আপনারা জানেন অথবা কেউ কেউ জানেন না যে আমি আজীবন মানুষের পাশে থেকেছি আমার সাধ্যমতো।
আমার রাজনৈতিক যাত্রা শুরু হয় ২০১৩ সালে। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ২০১৩ সালে আমাকে রাজনীতিতে আসার জন্য উদ্বুদ্ধ করেন। তখন তিনি মহিলা সংরক্ষিত আসনের বদলে সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার কথা বলেন এবং যেটা আমার জন্য খুবই কঠিন কাজ ছিল। তবু্ও আমি তার কথা বেদবাক্য হিসেবে মেনে নিয়ে কাজ শুরু করি।
যার ফলে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে একজন বর্ষীয়ান দুঁদে রাজনীতিবিদের মুখোমুখি হয়ে নির্বাচনের জন্য নমিনেশন পাই। বলা বাহুল্য, সেই যাত্রা সহজ ছিল না। ছিল বিপৎসংকুল এবং আমার জন্য দুরূহ। আমি এবং আমার আল্লাহ জানেন, আমার সীমিত ক্ষমতা দিয়ে এই লড়াই চালানোর চেষ্টা করে গেছি। আমি একজন রাজনৈতিক মনের মানুষ, কিন্তু আমি রাজনীতিবিদ নই।
যার জন্য পুরো কাজই আমার জন্য চ্যালেঞ্জ ছিল এবং নেত্রীর আদেশ আমি পালন করেছি।
তারপর দীর্ঘ অনেক বছর বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছি তা বর্ণনাতীত। বিগত আমলে আমরা নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত হয়েছি, কেউ জেল খেটেছে, কেউ মামলা খেয়েছে। আর আমি? আমি মানসিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছি। একজন শিল্পী গাইতে না পারলে তার কী বাকি থাকে বলুন? বাংলাদেশের মাটিতে কোথাও কোনো গান গাইতে পারিনি। আমি নিজেকে সুস্থ রাখার জন্য ফুলও লতা-পাতার ছবি আঁকা, আমার পরিবার ও রান্না নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করেছি।
আমি সবার ক্ষতিকেই ক্ষতি হিসেবে দেখি, তাদের এই ত্যাগকে মূল্যায়ন করি, কিন্তু আমার এই যে ক্যারিয়ার হারানো, নিঃস্ব হয়ে যাওয়ার কোনো স্বীকৃতি কি আমি পেতে পারি না?
এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে আমার নির্বাচনী এলাকায় কাজ শুরু করি। বছরজুড়ে নিজের দলের ভেতরের বাধাবিপত্তি পেরিয়ে নিরলস কাজ করেছি; কিন্তু কোনো কারণে দল আমাকে মনোনীত করেনি। তা আমি কষ্ট পেলেও মেনে নিয়েছি। সে জন্য কে কী ভাবলো তাতে আমার কিছু আসে-যায় না। দলের প্রতি আমার আনুগত্য ১০০ পার্সেন্ট।
কিন্তু অযথা অন্যায়ভাবে মিথ্যাচার করে মানুষের কাছে আমাকে হেয়প্রতিপন্ন করার হীনপ্রচেষ্টা বস্তুতই দুরভিসন্ধি। আমার মনে হয়, যারা জাতীয় নির্বাচনে চায়নি যে আমি নমিনেশন পাই, তারা এখনো এই অপচেষ্টায় লিপ্ত আছেন।
দলের যে কারো অধিকার আছে নমিনেশন চাওয়ার এবং যে কেউ নিজেকে যোগ্য মনে করারও অধিকার রাখে। আবার দলের নীতিনির্ধারকদেরও বিধান আছে যাচাই-বাছাই করে সঠিক মানুষকে বেছে নেওয়ার। অতএব, নমিনেশন ফরম কেনার দুয়ার সবার জন্য খোলা বলাই বাহুল্য।
যাই হোক, আমার সঙ্গে করা অনেক অন্যায়ের বিচারের ভার আমি আল্লাহর ওপর ছেড়ে দিলাম। কিন্তু এর ফলে দলের যদি কোনো ইমেজ ক্ষুণ্ণ হয় তা খুবই দুঃখজনক।
ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটির আত্মপ্রকাশ ও ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের আঘাত গুরুতর নয়।
এতে ঢাকা জেলা উত্তরের কমিটির একটি অংশের নেতা-সমর্থকদের সঙ্গে ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫-২০ জন আহত হয়েছেন। ঘটনার পরপরই ধামরাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঢাকা জেলা উত্তরের কমিটির নেতা-কর্মীদের অভিযোগ, কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে একটি পক্ষ উদ্দেশ্যমূলকভাবে হামলা চালিয়েছে। হামলাকারীরা জুলাইকে পুঁজি করে ব্যবসা করে আসছিলেন, কমিটিতে পদ না পেয়ে তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।
এনিসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ বলেন, ‘কমিটি আত্মপ্রকাশের কারণে অনেকের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে সেই ক্ষোভ থেকে তারা এই ঘটনা ঘটিয়েছে। জুলাই ব্যবসায়ীদের এনসিপি কোনোভাবেই সমর্থন করে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে আজকে (শুক্রবার) সাধারণ মানুষের ওপর এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে জুলাই শহীদদের পরিবারের ওপর, তাদের এনসিপি কোনোভাবেই সমর্থন করে না।’ এ ছাড়া এ ঘটনায় নবগঠিত কমিটির ১০ জন আহত হয়েছে বলে জানান তিনি।
অপরপক্ষ ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীদের অভিযোগ, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা জেলা উত্তরের কমিটির হোয়াটঅ্যাপ গ্রুপের মাধ্যমে ধামরাইয়ের কালামপুরে ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন করা হবে বলে জানতে পারেন ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীরা। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর থেকে উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় উদ্বোধনের উদ্যোগ নেওয়ায় ক্ষিপ্ত হন উপজেলা কমিটির নেতা-কর্মীরা। বিকেল ৪টার দিকে কালামপুরের এনসিপি ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত এনিসিপির ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদের সঙ্গে এ বিষয়ে জানতে চাইতে গেলে তাদের ওপর হামলার ঘটনা ঘটে।
ধামরাই উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইসরাফিল ইসলাম খোকন বলেন, ‘চলতি মাসের শুরুর দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়। তবে কমিটি গঠনের সময় এনিসিপির সাভার উপজেলা, আশুলিয়া থানা ও ধামরাই উপজেলা শাখার শীর্ষ নেতাদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন করা হয়। এতে ওই সময়েই ক্ষিপ্ত হন এ তিন শাখার নেতা-কর্মীদের অনেকে।
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে ধামরাইয়ের কালামপুরে ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন করা হবে বলে জানতে পারেন ধামরাই উপজেলা শাখার নেতা-কর্মীরা। প্রায় ১৬ মাস ধরে ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় কার্যালয় থাকা সত্ত্বেও নতুন কার্যালয় কেন করা হচ্ছে সেটি জানতে গেলে তারা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমিসহ ৯ জন আহত হয়েছেন।’
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘এনসিপি ধামরাই উপজেলার প্রধান কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে মারধরের ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে সে অনুসারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন তিনি বর্তমানে ডাক্তারদের পূর্ণ নজরদারিতে রয়েছেন।
মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল বৃহস্পতিবার বলেছেন, কেবিনে স্যারের চিকিৎসা চলছে। আগের তুলনায় উনার অবস্থা অনেকটাই ভালো। প্রতিদিন থেরাপি দেওয়া হচ্ছে এবং ডাক্তাররা ফুল কেয়ারে রেখেছেন।
এইদিন দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান। বর্তমানে সিঙ্গাপুরে তার চিকিৎসার জন্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অবস্থান করছেন।
প্রসঙ্গত, মির্জা আব্বাস ১১ মার্চ রমজান মাসের ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। দেশের প্রখ্যাত নিউরো চিকিৎসকদের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ড গঠন করে দ্রুত মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর ১৫ মার্চ অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেল। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫১ ভোট। অন্যদিকে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) প্রার্থী মো. মিজানুর রহমান মাত্র ৪৮০ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পোস্টাল ভোটসহ ১২৯টি কেন্দ্রের ফলাফল গণনা শেষে ধানের শীষ প্রতীককে বিজয়ী ঘোষণা করা হয়।
সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ‘সুষ্ঠু ও স্বাভাবিকভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কিছু স্থানে জাল ভোটের ঘটনা ঘটেছে, জড়িতদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শেরপুর-৩ আসনের নির্বাচনে ৫০ দশমিক ৫২ শতাংশ ভোট পড়েছে।’
তবে ভোট চলাকালেই অনিয়মের অভিযোগ তোলে জামায়াত প্রার্থী। বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন এবং অভিযোগ করেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, পাশাপাশি জাল ভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। এসব বিষয়ে কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোট হওয়ার কথা থাকলেও জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়। পরে আজ উপনির্বাচনের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন হয়।