রসায়ন বিভাগের প্রভাষক পদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদিয়া আফরিনকে নিয়োগ না দেয়ায় রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য মো. নূরুল আলমকে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের শিক্ষক নিয়োগের জন্য নিয়োগ বোর্ডের কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল। তবে তার আগেই ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যের কার্যালয়ে গিয়ে প্রার্থীদের বের করে দিয়ে গেট আটকে দেন। পরে দুপুর ১২টায় উপাচার্যের নির্দেশে তার একান্ত সচিব গৌতম কুমার বিশ্বাস গিয়ে অনিবার্য কারণে নিয়োগ বোর্ড স্থগিতের বিষয়ে প্রার্থীদের জানান।
পরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্য নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য মো. নূরুল আলম। এ সময় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) শেখ মনজুরুল হক, সহ-উপাচার্য (শিক্ষা) মোস্তফা ফিরোজ, কোষাধ্যক্ষ রাশেদা আখতার ও প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক পদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদিয়া আফরিনকে নিয়োগ দেয়া হয়নি। সেখানে বিভাগের অন্য তিন শিক্ষার্থীকে নিয়োগ দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের নির্দেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্য মো. নূরুল আলমকে অবরুদ্ধ করেছেন।
গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় রসায়ন বিভাগের তিন প্রভাষককে নিয়োগ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতোমধ্যে নবনিযুক্ত প্রভাষকরা বিভাগে চাকরিতে জয়েন করেছেন। এ সময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদিয়া আফরিন পাপড়িকে নিয়োগ দেয়া হয়নি।
রসায়ন বিভাগ সূত্রে জানা গেছে, নবনিযুক্ত তিন প্রভাষক ৩৯ ব্যাচ, ৪২ ব্যাচ ও ৪৪ ব্যাচের শিক্ষার্থী। তারা প্রত্যেকেই নিজ বর্ষে স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম বা দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তবে ছাত্রলীগের সহ-সভাপতি পাপড়ি স্নাতকে চতুর্থ ও স্নাতকোত্তরে তৃতীয় স্থান অর্জন করেছেন। এ ছাড়া তার বিরুদ্ধে তৃতীয় বর্ষের পরীক্ষায় নকল করে বহিষ্কৃত ও প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই তাকে নিয়োগ দেয়া হয়নি।
এদিকে ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের শিক্ষক নিয়োগ বোর্ডে বাধা প্রদান ও প্রার্থীদের উপাচার্যের দপ্তর থেকে বের করে দেয়ায় ক্ষোভ জানিয়েছেন ওই ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক শেখ তৌহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের ইনস্টিটিউটে শিক্ষক নিয়োগ খুবই জরুরি। একটি শূন্য পদের বিপরীতে ২৩ জন ক্যান্ডিডেট ছিল। বোর্ড স্থগিত হওয়া খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক আশরাফুল গোলদার বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শের বাইরে কাউকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে চাই না। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ছাত্রলীগের পক্ষ থেকে অনেকবার জানিয়েছি।’
তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, ‘প্রশাসন কাকে নিয়োগ দেবে সে বিষয়ে আমাদের কোনো মত নেই। সাধারণ শিক্ষার্থী নিয়োগ পেলে আমাদের সমস্যা নেই; কিন্তু স্বাধীনতাবিরোধী কেউ যেন নিয়োগ না পায়।এ ছাড়া নিয়োগে স্বজনপ্রীতির বিষয়টি যেন প্রত্যাহার হয়, সেটি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি।’
এদিকে বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক নূরুল আলমের কণ্ঠেও শোনা যায় ছাত্রলীগের সুর। সাংবাদিকদের তিনি বলেন, ‘স্বাধীনতার চেতনাবিরোধী কাউকে নিয়োগ না দেয়ার দাবিকে আমরা সমর্থন করি। আমরা চাই না মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থি কেউ বিশ্ববিদ্যালয়ের নিয়োগে আসুক।’
ছাত্রলীগের এ ধরনের বাধা ভবিষ্যতে নিয়োগ বোর্ডকে প্রভাবিত করবে কিনা জানতে চাইলে উপাচার্য অধ্যাপক নূরুল আলম বলেন, ‘আমি মনে করি, এ ধরনের ঘটনার মাধ্যমে নিয়োগ বোর্ড কখনো প্রভাবিত হবে না। নিয়োগ বোর্ড নিয়ম অনুযায়ী চলবে।’
আগামী শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দিতে চায় সরকার। এ লক্ষ্যে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ৩১ কোটির বেশি বই ছাপানোর কাজ চলছে। এরই মধ্যে প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ এবং মাধ্যমিকের ৭০ শতাংশ বই ছাপা শেষ হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সব বইয়ের মুদ্রণকাজ শেষ করে সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
তবে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য নতুন চারটি বই যুক্ত হওয়ায় সেগুলোর মুদ্রণকাজ এখনো শুরু হয়নি। অন্যদিকে, প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ টাকা। এতে সংশ্লিষ্ট বইগুলোর মুদ্রণ চুক্তিমূল্য প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ টাকায়।
আগামী শিক্ষাবর্ষের জন্য ৩১ কোটির বেশি বই মুদ্রণে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৭৯ কোটি টাকা। দেশের ১১৭টি ছাপাখানায় চলছে বই ছাপানোর কাজ। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দ্রুত কাজ শেষ করতে ছাপাখানাগুলোতে প্রায় ২০ ঘণ্টা করে কাজ চলছে।
এনসিটিবির সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রাথমিক স্তরের ৯৮ শতাংশ বইয়ের মুদ্রণকাজ শেষ হয়েছে। মাধ্যমিক স্তরে এ হার ৭০ শতাংশ। তবে নতুন করে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য দুটি করে মোট চারটি বই যুক্ত হওয়ায় সেগুলোর মুদ্রণ এখনো শুরু করা যায়নি। এসব নতুন বইয়ের সংখ্যা প্রায় দেড় কোটি।
মুদ্রণ মালিক সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান বলেন, এখন পর্যন্ত প্রায় তিন কোটি বই আটকে আছে। এর মধ্যে সরকার নতুন করে চারটি বই যুক্ত করেছে। নির্ধারিত সময়ের মধ্যে এত বই সরবরাহ করা সম্ভব হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
তিনি বলেন, নতুন বই যুক্ত হওয়ায় মুদ্রণ ও সরবরাহের কাজের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।
এদিকে প্রাথমিক স্তরের চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যবইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে সরকারের ব্যয় বাড়ছে ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা যায়, ২০২৬ শিক্ষাবর্ষে চতুর্থ ও পঞ্চম শ্রেণির পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য মোট ৯৮টি লট করা হয়েছিল। এর মধ্যে ৯৪টি লটের বইয়ের বর্ধিত ফর্মা মুদ্রণের জন্য ভেরিয়েশন প্রস্তাব করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
প্রস্তাব অনুযায়ী, ৯৪টি লটের আওতায় ৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৭৯২ কপি পাঠ্যপুস্তকের বর্ধিত ফর্মা মুদ্রণ করা হবে। এসব বইয়ের মূল চুক্তিমূল্য ছিল ১৮৭ কোটি ১০ লাখ ৯১ হাজার ৭৬৪ টাকা। এর সঙ্গে অতিরিক্ত ২৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৪৬৪ টাকা যুক্ত হওয়ায় সংশোধিত চুক্তিমূল্য দাঁড়াচ্ছে ২১০ কোটি ৭৮ লাখ ৬০ হাজার ২২৮ টাকা।
অর্থাৎ বর্ধিত ফর্মা মুদ্রণের কারণে মূল চুক্তিমূল্যের তুলনায় ব্যয় বাড়ছে প্রায় ১২ দশমিক ৬৫ শতাংশ।
নির্ধারিত সময়ের মধ্যে সব বই ছাপানো ও সরবরাহের বিষয়ে আশাবাদী এনসিটিবি। সংস্থাটির সদস্য অধ্যাপক আবু নাসের টুকু বলেন, প্রাথমিকের তুলনায় মাধ্যমিক স্তরের বই ছাপানোর কাজ কিছুটা দেরিতে শুরু হয়েছে। তবে নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের মধ্যেই বই সরবরাহ করা হবে।
তিনি জানান, ১৫ ডিসেম্বরের মধ্যে সব বইয়ের মুদ্রণকাজ শেষ করার লক্ষ্য রয়েছে। সে অনুযায়ী বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্ধারিত সময়ে বই সরবরাহ নিশ্চিত করতে হলে বাকি বই ছাপানোর কাজ দ্রুত শেষ করার পাশাপাশি নতুন যুক্ত হওয়া বইগুলোর মুদ্রণ ও সরবরাহেও গতি আনতে হবে।
শিশুদের নিছক শ্রেণিকক্ষে নিয়ে আসাই প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য নয়, বরং প্রতিটি শিশুর জন্য কার্যকর ও গুণগত মানসম্পন্ন শিখন পরিবেশ গড়ে তোলাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি উল্লেখ করেন, বুনিয়াদি সাক্ষরতা ও গাণিতিক জ্ঞান অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মননশীলতা, উদ্ভাবনী শক্তি, যৌক্তিক চিন্তার সক্ষমতা এবং আগামী দিনের উপযোগী জীবনমুখী দক্ষতা তৈরিতে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে সরকার। বুধবার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা (গ্লোবাল সিইও) রীনা ঘেলানির সঙ্গে এক সৌজন্য বৈঠককালে প্রতিমন্ত্রী এ প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, সমসাময়িক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের প্রারম্ভিক বিকাশ ও জীবনঘনিষ্ঠ শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে নানামুখী সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।
সাক্ষাৎকালে প্রাথমিক শিক্ষার গুণগত রূপান্তরে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন প্ল্যান ইন্টারন্যাশনালের সিইও রীনা ঘেলানি। তিনি প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের মৌলিক দক্ষতার বিকাশ, সৃজনশীল চিন্তার সুযোগ সৃষ্টি, মেয়েদের শিক্ষার পরিধি সম্প্রসারণ এবং ক্ষতিকর বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের উন্নয়ন রূপরেখার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, শিশুদের প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষামূলক পরিবেশ নিশ্চিত করা তাদের বৈশ্বিক অগ্রাধিকারগুলোর অন্যতম। বাংলাদেশে কাজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক সংস্থাটি প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের কাছে শিক্ষা ও অগ্রগতির সুফল পৌঁছে দিতে জাতীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে যৌথ কার্যক্রম পরিচালনা করতে চায়।
বৈঠকে মাধ্যমিক পর্যায়ে পৌঁছানোর আগেই ছাত্রীদের ঝরে পড়ার হার কমানো, বিদ্যালয়ে নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি, ছাত্রীদের জন্য পৃথক শৌচাগার ও পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত অবকাঠামো নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলায় স্থানীয় পরিবারগুলোকে স্বাবলম্বী করার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা ও স্থানীয় বাস্তবতার সমাধানগুলোকে জাতীয় নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সম্পৃক্ত করার সরকারি উদ্যোগের কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।
বিশ্বের প্রায় ৮০টি দেশে নিজেদের কার্যক্রম বিস্তৃত রয়েছে উল্লেখ করে রীনা ঘেলানি জানান, বাংলাদেশে শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও শিশু অধিকারের সুরক্ষায় তারা জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে কারিগরি সহায়তা বৃদ্ধি এবং কার্যক্রমের পরিধি আরও বড় পরিসরে সম্প্রসারণে আগ্রহী। দ্বিপক্ষীয় এই বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস এবং ডিরেক্টর নিশাত সুলতানা অংশ নেন।
সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য ৩৬টি পদে ১৬৯ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে জাতীয় বেতন স্কেলে মাসিক বেতন সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার ৫০০ টাকা। আবেদনকারীদের বয়স ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
পদ ও পদসংখ্যা
১. জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট—৭ জন (গ্রেড-১১), বেতন ২৫,০০০-৬০,৫০০ টাকা।
২. ইন্সপেক্টর অব পোস্ট অফিসেস/ইন্সপেক্টর অব রেলওয়ে মেইল সার্ভিস/ইন্সপেক্টর অব পিএলআই/ইন্সট্রাক্টর, পিটিসি—৩১ জন (গ্রেড-১২), বেতন ২৪,৩০০-৫৮,৭০০ টাকা।
৩. উপজেলা পোস্টমাস্টার—২২ জন (গ্রেড-১৩), বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৪. সহকারী (ডাক অধিদপ্তর)—২ জন (গ্রেড-১৩), বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৫. সহকারী পরিদর্শক—১ জন (গ্রেড-১৩), বেতন ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৬. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর—১৭ জন (গ্রেড-১৪), বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৭. উচ্চমান সহকারী—৮ জন (গ্রেড-১৪), বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৮. টেকনিশিয়ান—১ জন (গ্রেড-১৪), বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৯. মেকানিক—১ জন (গ্রেড-১৪), বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
১০. মনোটাইপ কাস্টার অপারেটর—১ জন (গ্রেড-১৪), বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
১১. মেশিনম্যান (অফসেট প্রিন্টিং/লেটার প্রিন্টিং)—১ জন (গ্রেড-১৪), বেতন ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
১২. অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট—১ জন (গ্রেড-১৫), বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।
১৩. ড্রাফটসম্যান—৩ জন (গ্রেড-১৫), বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।
১৪. জুনিয়র প্রুফ রিডার—১ জন (গ্রেড-১৫), বেতন ২২,৮০০-৫৫,২০০ টাকা।
১৫. ড্রাইভার (হালকা)—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৬. কার্পেন্টার—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৭. মেশিনিস্ট—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৮. সহকারী মেশিনম্যান—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
১৯. সহকারী গ্রেনিং মেশিনম্যান—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২০. পোস্টাল অপারেটর—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২১. সহকারী প্লেট মেকার—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২২. কম্পোজিটর—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২৩. সহকারী ফটো কম্পোজিটর—১ জন (গ্রেড-১৬), বেতন ২১,৯০০-৫২,৯০০ টাকা।
২৪. চেকার—২ জন (গ্রেড-১৮), বেতন ২১,০০০-৫০,৯০০ টাকা।
২৫. কাউন্টার—২ জন (গ্রেড-১৮), বেতন ২১,০০০-৫০,৯০০ টাকা।
২৬. ওয়্যারম্যান—১ জন (গ্রেড-১৯), বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
২৭. আর্মড গার্ড—২ জন (গ্রেড-১৯), বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
২৮. প্যাকার—৩ জন (গ্রেড-১৯), বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
২৯. ইনকম্যান—২ জন (গ্রেড-১৯), বেতন ২০,৫০০-৪৯,৬০০ টাকা।
৩০. অফিস সহায়ক—৩৭ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩১. পরিচ্ছন্নতা কর্মী—২ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩২. পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)—১ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩৩. সার্চ পিয়ন—৩ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩৪. কুলি—২ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩৫. নিরাপত্তা প্রহরী—৫ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।
৩৬. পোর্টার—১ জন (গ্রেড-২০), বেতন ২০,০০০-৪৮,৪০০ টাকা।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১০ ডিসেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের ডাক বিভাগের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি
১ ও ২ নম্বর পদের জন্য আবেদন ফি ১৬৮ টাকা। ৩ থেকে ২৩ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ২৪ থেকে ৩৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সময়সীমা
১০ নভেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনপত্র পূরণ ও ফি জমা দেওয়ার শেষ সময় ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষা আগামী ২ ও ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং এ পরীক্ষার ফলাফল ২৩ ডিসেম্বর প্রকাশ করা হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মাতুয়াইলস্থ সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে সম্মিলিত পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা বিগত দুই দশকের ইতিহাসে সর্বনিম্ন। পূর্ববর্তী ২০২৫ সালে পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং সেবার জিপিএ-৫ পেয়েছিলেন ৬৯ হাজার ৯৭ জন। চলতি বছর মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হতে পেরেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। ফলাফলে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে রয়েছে; যেখানে ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন ছাত্রী উত্তীর্ণ হয়ে পাসের হার দাঁড়িয়েছে ৫৬ দশমিক ৩১ শতাংশ, সেখানে ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ এবং উত্তীর্ণের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন।
মেধার সর্বোচ্চ স্বীকৃতি জিপিএ-৫ পেয়েছেন সর্বমোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ২০ হাজার ৩৬৩ জন এবং ছাত্রী ১৯ হাজার ৭২১ জন। ফলাফলের সার্বিক নিম্নমুখিতার পাশাপাশি শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যাও উদ্বেগজনকভাবে বেড়েছে। চলতি বছর ২৯৩টি প্রতিষ্ঠান থেকে কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি, যা আগের বছরের ২০২টি শূন্য পাস প্রতিষ্ঠানের তুলনায় ৯১টি বেশি।
উল্লেখ্য, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়েছিল এবং মধ্য আগস্টে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত রাখতে হয়, যা পরবর্তীতে নতুন সূচিতে অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হতে ৯ সেপ্টেম্বর পর্যন্ত গড়ায়।
উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় টানা দ্বিতীয় বছরের মতো বড় ধরনের ফল বিপর্যয়ের মুখে পড়েছে দেশের শিক্ষাব্যবস্থা। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে আরও ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়ে প্রায় ৬ লাখে পৌঁছেছে। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও। দেশের ১১টি শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলে এমন চিত্র উঠে এসেছে। ধারাবাহিক এই অবনতিতে শিক্ষার্থীদের প্রস্তুতি, শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষকদের দায়িত্বশীলতা এবং সামগ্রিক শিখন পদ্ধতির কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
তবে ফলাফলের এই অবনতিকে কেবল শিক্ষার্থীদের দুর্বলতা হিসেবে দেখছে না শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মনে করছেন, দীর্ঘদিনের পাঠদান ও মূল্যায়নব্যবস্থার ঘাটতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। অন্যদিকে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের দাবি, এবার কৃত্রিমভাবে পাসের হার কিংবা জিপিএ-৫ বাড়িয়ে দেখানোর পরিবর্তে শিক্ষার্থীদের মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে। অকৃতকার্যদের শিক্ষাজীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়া ঠেকাতে এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার ব্যবস্থার উদ্যোগও নিয়েছে সরকার।
ছয় লাখের কাছাকাছি অকৃতকার্য: শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত ফল অনুযায়ী, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৪০ হাজার ৯৭৮ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সামগ্রিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। অকৃতকার্য হয়েছে ৫ লাখ ৯৪ হাজার ২৯৩ জন।
গত বছর ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অকৃতকার্য হয়েছিল ৫ লাখ ৮ হাজার ৭০১ জন। অর্থাৎ, এক বছরের ব্যবধানে অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৮৫ হাজার ৫৯২ জন।
এর আগে ২০২৪ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ। সে হিসাবে দুই বছরের ব্যবধানে পাসের হার কমেছে ২৫ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও ব্যাপকভাবে কমেছে। ২০২৪ সালে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন জিপিএ-৫ পেলেও ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ৬৯ হাজার ৯৭ জনে। এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪০ হাজার ৮৪ জন। গত বছরের তুলনায় সর্বোচ্চ গ্রেড পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন বা প্রায় ৪২ শতাংশ।
সব সাধারণ বোর্ডেই পাসের হার কমেছে: নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার পাসের হারে শীর্ষে রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৪ দশমিক ৬২ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল বোর্ড। এ বোর্ডে পাসের হার নেমে এসেছে ৪৪ দশমিক ৮৪ শতাংশে। গত বছর যা ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। এক বছরের ব্যবধানে বরিশাল বোর্ডে পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট।
এ ছাড়া রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ, দিনাজপুরে ৪৫ দশমিক ৯৮ শতাংশ, কুমিল্লায় ৪৮ দশমিক ০৪ শতাংশ, যশোরে ৪৪ দশমিক ৯২ শতাংশ, চট্টগ্রামে ৫২ দশমিক ০৭ শতাংশ, সিলেটে ৫০ দশমিক ৯০ শতাংশ এবং ময়মনসিংহে ৫১ দশমিক ৪৪ শতাংশ। সব বোর্ডেই গত বছরের তুলনায় পাসের হার কমেছে।
নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার মোট ১০ লাখ ৪৮ হাজার ৫৩০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫ লাখ ৪১ হাজার ২৪৯ জন। পাসের হার ৫১ দশমিক ৬২ শতাংশ। এ বোর্ডগুলোতে জিপিএ-৫ পেয়েছে ৩৫ হাজার ৯৪৮ জন। গত বছর এ সংখ্যা ছিল ৬৩ হাজার ২১৯ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৭৫ দশমিক ৬১ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন, গত বছর যা ছিল ৪ হাজার ২৬৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ। গত বছর এ হার ছিল ৬২ দশমিক ৬৭ শতাংশ। এ বোর্ডে এবার জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন, গত বছর যা ছিল ১ হাজার ৬১০ জন।
ফলাফলে ছাত্রীদের তুলনায় ছাত্রদের পাসের হার কম। ছাত্রদের পাসের হার ৪৭ দশমিক ৭৫ শতাংশ, আর ছাত্রীদের ৫৬ দশমিক ৩১ শতাংশ। সব বোর্ড মিলিয়ে ছাত্রদের তুলনায় ৬৬ হাজার ৩৭১ জন বেশি ছাত্রী পাস করেছে।
শূন্য পাস ২৯৩ প্রতিষ্ঠানের জন্য নতুন পরিকল্পনা: শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফলেও দেখা গেছে উদ্বেগজনক চিত্র। এ বছর ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের ১৮১টি, মাদ্রাসা বোর্ডের ৫৫টি এবং কারিগরি বোর্ডের ৫৭টি প্রতিষ্ঠান রয়েছে। অন্যদিকে, মাত্র ১৩৯টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৫টি।
শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নে নতুন পরিকল্পনা করছে সরকার। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানকে কাছাকাছি অবস্থিত ভালো ফল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে এ উদ্যোগে সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি হারানোর আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার পরিবেশ ও ফলাফল কেন সন্তোষজনক নয়, তা খতিয়ে দেখা হবে। এসব প্রতিষ্ঠানের দুর্বলতা চিহ্নিত করে শিক্ষার মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে কাছাকাছি অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে এ কারণে কোনো শিক্ষকের চাকরি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।
এবারের ফল প্রত্যাশা অনুযায়ী হয়নি উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, পাসের হার কমে যাওয়ার পেছনে যেসব ঘাটতি রয়েছে, সেগুলো চিহ্নিত করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
প্রকৃত মূল্যায়নের দাবি উপদেষ্টার: ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, কৃত্রিমভাবে পাসের হার কিংবা জিপিএ-৫ বাড়িয়ে দেখানোর পুরোনো সংস্কৃতি থেকে বেরিয়ে এসে এবার শিক্ষার্থীদের মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নির্দেশনায় উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা এবং প্রশ্নপত্রের মান বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর অবস্থান নেওয়ার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানো হয়েছে। পরীক্ষার পরিবেশও ছিল আনন্দমুখর ও ইতিবাচক।
মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান একটি বছর যেন ঝরে না যায়, সে জন্য এক বা দুই বিষয়ে অকৃতকার্যদের দ্রুত পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভব হলে এক মাসের মধ্যেই এ পরীক্ষা আয়োজন করা হবে।
তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে বলেন, এইচএসসির ফলাফলই জীবনের শেষ মাপকাঠি নয়। ফলাফলের চেয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ গড়ে তোলার সুযোগ তৈরি করা বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী কারিগরি শিক্ষা, ভোকেশনাল কোর্স এবং ভাষা শিক্ষার সুযোগ সম্প্রসারণেও সরকার কাজ করছে।
পুনঃপরীক্ষা ও খাতা পুনর্নিরীক্ষণের উদ্যোগ: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, অকৃতকার্য শিক্ষার্থীদের সর্বোচ্চ এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। এর মাধ্যমে শিক্ষার্থীরা একটি শিক্ষাবর্ষ হারানোর ঝুঁকি থেকে রক্ষা পাবে এবং দ্রুত শিক্ষার মূল ধারায় ফিরতে পারবে।
মন্ত্রী বলেন, যারা পুনরায় পরীক্ষায়ও উত্তীর্ণ হতে পারবে না কিংবা পরীক্ষায় অংশ নেবে না, তাদেরও শিক্ষাব্যবস্থার বাইরে রাখা হবে না। তাদের কারিগরি ও কর্মমুখী শিক্ষার আওতায় এনে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
এবারও শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়া হবে। মূল্যায়নে কোনো শিক্ষার্থী যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই এ ব্যবস্থা রাখা হয়েছে। শিক্ষামন্ত্রী জানান, গত এসএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে নতুন করে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবারও উত্তরপত্র মূল্যায়নে কোনো ভুল বা অসংগতি থাকলে তা সংশোধনের সুযোগ থাকবে।
উত্তরপত্র মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে এবার পরীক্ষকদের তুলনামূলক কমসংখ্যক খাতা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। অতীতে পুনর্মূল্যায়নের পর বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা ঘটেছে। এসব অনিয়ম ও দুর্বলতার কারণ চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফলাফল কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এটি কোনো একটি বিষয়ের ঘাটতির ফল নয়। বরং সামগ্রিক শিখন পদ্ধতি, পাঠ্যবই এবং শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের যে দুর্বলতা রয়েছে, সেগুলো পর্যালোচনা করে সমাধান করতে হবে।
ইংরেজি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে তুলনামূলক খারাপ ফলের বিষয়টি উল্লেখ করে মন্ত্রী জানান, এ দুই বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি যেসব কলেজে শিক্ষার্থী খুব কম কিংবা পাসের হার শূন্য, সেগুলো ভালো ফল করা কাছাকাছি প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার পরিকল্পনা রয়েছে। তবে এতে কোনো শিক্ষকের চাকরি হারানোর ঝুঁকি তৈরি হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
শ্রেণিকক্ষে শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানেও সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নজরদারি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু শহর নয়, গ্রামাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানেও নিয়মিত ক্লাস নেওয়া নিশ্চিত করতে হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
এদিকে, এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে পরীক্ষা গ্রহণের সম্ভাব্য এই তারিখ নির্ধারণ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক কর্মপরিকল্পনায় তথ্যগুলো তুলে ধরা হয়। এতে দেখা যায়, আগামী ৩রা নভেম্বর থেকে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু হবে। যা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। আবেদন শুরুর আগেই প্রশ্নপত্র প্রণয়নের কাজ শুরু হবে আজ রোববার থেকে, চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
কর্মপরিকল্পনায় আরও বলা হয়, প্রশ্নপত্র প্রণয়ন সাপেক্ষে পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২ ডিসেম্বর। পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ৩১ ডিসেম্বর।
ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এইচএসসি) জিপিএ-৫ পেয়েছেন। তিনি ১৭ বছর বয়সে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় গ্রেপ্তার হয়ে দেশজুড়ে আলোচনায় আসা ।
শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হলে তার এই কৃতিত্বের খবর জানা যায়।
জুলাই আন্দোলন ঘিরে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ সদস্য গিয়াস উদ্দিন হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছিল। ওই মামলায় ২০২৪ সালের ২৪ জুলাই রাতে মাতুয়াইলের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হাতকড়া ও দড়ি দিয়ে বেঁধে তাকে আদালতে হাজির করার ঘটনায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছিল।
গ্রেপ্তারের সময় ফাইয়াজের বয়স ছিল ১৭ বছর। ২৭ জুলাই তাকে আদালতে হাজির করা হলে পুলিশ তার সাতদিনের রিমান্ড আবেদন করে। আদালত প্রথমে রিমান্ড মঞ্জুর করলেও পরদিন জন্মনিবন্ধন ও এসএসসি সনদ উপস্থাপন করে অপ্রাপ্তবয়স্ক হওয়ার প্রমাণ দেওয়া হয়। পরে শিশু আদালত তার রিমান্ড বাতিল করে গাজীপুরের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
আদালতে হাজির করার সময় ফাইয়াজের হাতে হাতকড়া ও দড়ি বাঁধা ছবি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। একজন অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীকে এভাবে আদালতে হাজির করার ঘটনায় মানবাধিকার ও শিশু অধিকার নিয়েও প্রশ্ন ওঠে।
এরপর ২০২৫ সালের জুলাইয়ে যাত্রাবাড়ী থানায় করা পুলিশ হত্যা মামলার তদন্তে ফাইয়াজের সম্পৃক্ততার কোনো প্রমাণ না পাওয়ায় তাকে অব্যাহতির সুপারিশ করে তদন্তকারী সংস্থা। আদালত তদন্তের অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করলে ওই মামলা থেকে অব্যাহতি পান তিনি।
চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের এক শিক্ষাবর্ষের অপচয় রোধে এক মাসের মধ্যেই বিশেষ পরীক্ষা গ্রহণের পরিকল্পনা করছে সরকার। শনিবার সচিবালয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রমের বাস্তবতা এবং শিক্ষার্থীদের প্রস্তুতি নেওয়ার সুযোগ—উভয় দিক বিবেচনায় রেখেই এ পরীক্ষার সময়সূচি নির্ধারণের কাজ চলছে। তিনি জানান, অতি সংক্ষিপ্ত নোটিশে পরীক্ষা আয়োজনের সক্ষমতা প্রশাসনের রয়েছে; তবে মাত্র এক বা দুই সপ্তাহের মধ্যে পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীরা প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময় পাবে না। অন্যদিকে দীর্ঘসূত্রতা তৈরি হলে উচ্চশিক্ষায় ভর্তি প্রক্রিয়ায় জটিলতা দেখা দেবে। ফলে সব দিক বিবেচনায় নিয়ে এক মাসের বেশি সময় দেওয়া সম্ভব হবে না এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে এই বিশেষ পরীক্ষার সমন্বয় করার প্রচেষ্টা চালানো হবে।
চলতি বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। এ বছর এইচএসসি ও সমমানে সম্মিলিত পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ, যা পূর্ববর্তী বছরের ৫৮ দশমিক ৮৩ শতাংশের তুলনায় ৬ দশমিক ৭১ শতাংশ কম। ফলাফলের এই চিত্রকে সামগ্রিকভাবে অসন্তোষজনক স্বীকার করে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থীদের বিদ্যমান শিখন ঘাটতি দূর করতে সরকার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে পড়াশোনার মান সুদৃঢ় করতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।
এদিকে প্রকাশিত ফলাফলে কোনো আপত্তি থাকলে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে এ বছর মোট পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেড জিপিএ-৫ অর্জন করেছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। শনিবার সকালে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহারের মাধ্যমে পুরো প্রতিষ্ঠানের ফলাফল সংগ্রহ করতে পারবে। পাশাপাশি সাধারণ পরীক্ষার্থীরা উল্লিখিত দুটি ওয়েবসাইট অথবা নিজ নিজ শিক্ষা বোর্ডের অফিসিয়াল পোর্টালে প্রয়োজনীয় তথ্য প্রদান করে নিজেদের ব্যক্তিগত ফলাফল জানতে পারবে।
এ ছাড়া মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও দ্রুত ফলাফল সংগ্রহের সুযোগ রয়েছে। এর জন্য মেসেজ অপশনে গিয়ে ‘HSC DHA 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে; যেখানে DHA-এর স্থলে নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং পরবর্তীতে রোল নম্বর লিখতে হবে।
এদিকে প্রকাশিত ফলাফলে কোনো আপত্তি থাকলে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে, যার বিস্তারিত নিয়মাবলি বোর্ডগুলোর ওয়েবসাইটে জানানো হবে। চলতি বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সর্বমোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। গত ২ জুলাই পরীক্ষা শুরু হলেও বন্যার দুর্যোগের কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা পরবর্তীতে অনুষ্ঠিত হওয়ায় নির্ধারিত সময়ের কিছুটা পরে ফল প্রকাশিত হলো।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ শনিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এ ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের স্বাক্ষরিত সংশোধিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইন প্ল্যাটফর্মে একযোগে ফলাফল উন্মুক্ত হয়ে যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলো https://eduboardresults.gov.bd এবং https://educationboardresults.gov.bd ওয়েবসাইট দুটির ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও নিজস্ব প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ফলাফল ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও উল্লিখিত দুটি কমন ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েব পোর্টাল থেকেও ব্যক্তিগত ফলাফল জানতে পারবেন।
এ ছাড়া যেকোনো মোবাইল অপারেটরের মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমেও মুহূর্তেই ফল পাওয়ার সুযোগ রয়েছে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, আরেকটি স্পেস দিয়ে রোল নম্বর এবং স্পেস দিয়ে পরীক্ষার বছর উল্লেখ করে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণ হিসেবে, ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীকে ‘HSC Dha 123456 2026’ লিখে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
বিজ্ঞপ্তিতে বিশেষভাবে মনে করিয়ে দেওয়া হয়েছে যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড কিংবা সংবাদপত্রের কার্যালয় থেকে সরাসরি কোনো ফলাফল বিতরণ করা হবে না। অন্যদিকে প্রকাশিত ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সময় নির্ধারণ করা হয়েছে, যার বিস্তারিত নিয়মাবলি বোর্ডগুলোর ওয়েবসাইটে পাওয়া যাবে।
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd ও https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।
এছাড়া যেকোনো মোবাইল অপারেটর থেকে ১৬১৪০ নম্বরে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠিয়ে মুহূর্তেই ফল জানা যাবে।
গত ২ জুলাই সারা দেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি বোর্ডের কিছু পরীক্ষা স্থগিত করে পরে তা নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হয়।
শিক্ষা মন্ত্রণালয় জানায়, এ বছর ১১টি বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী সংখ্যা ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন। এবার ছাত্রদের চেয়ে ২৬ হাজার ৬৪৫ জন বেশি ছাত্রী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
এদিকে, আন্তঃশিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ১ নভেম্বর থেকে। শিক্ষার্থীরা অনলাইন পদ্ধতিতে ৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত দিকনির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০ গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি থেকে জানা যায় মোট পদসংখ্যা ৯৫।
আগ্রহীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
১. পদের নাম : হিসাবরক্ষক
পদসংখ্যা : ৯
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
২. পদের নাম : সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৩) ২৪,০০০-৫৮,০০০ টাকা।
৩. পদের নাম : উচ্চমান সহকারী
পদসংখ্যা : ৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৪. পদের নাম : সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ৪
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৪) ২৩,৫০০-৫৬,৮০০ টাকা।
৫. পদের নাম : গাড়িচালক
পদসংখ্যা: ১
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৫) ২২,৮০০-৫৫,২০০ টাকা।
৬. পদের নাম : অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ৪০
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৭. পদের নাম : ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা : ২
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-১৬) ২১,৯০০-৫২,৯০০ টাকা।
৮. পদের নাম : অফিস সহায়ক
পদসংখ্যা : ৩৩
বেতন স্কেল ও গ্রেড
(গ্রেড-২০) ২০,০০০-৪৮,৪০০ টাকা।
বয়সসীমা
১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে।
আবেদনের যেভাবে
আগ্রহীরা প্রার্থীগণ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা
আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ২৯ অক্টোবর ২০২৬, সকাল ১০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ২৬ নভেম্বর ২০২৬, বিকেল ৪টা।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শিক্ষাজীবন শেষ করেই যাতে একজন শিক্ষার্থী চাকরি পায়, সেই লক্ষ্যে কাজ করছে সরকার।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত ক্যারিয়ার ও চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘ক্যারিয়ার ও চাকরি মেলা অত্যন্ত ভালো ও মহৎ উদ্যোগ। এর মাধ্যমে অনেকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। বাংলাদেশকে বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। দেশের ২০ কোটি মানুষ যদি যোগ্য হয়ে ওঠে, তাহলে বাংলাদেশকে বিশ্বের অন্যতম দেশে পরিণত করা সম্ভব।’
টুকু বলেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে সরকার ও রাষ্ট্রকে উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হয়। প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। তার কর্মকাণ্ডকে সহযোগিতা করতে হলে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তাহলেই দেশ স্বাবলম্বী হবে।’
একটি দল বা গোষ্ঠী বিভিন্নভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, ‘জনগণের আন্দোলনের মুখে বিদায় নেওয়া ফ্যাসিবাদী শক্তি এখন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। কিন্তু দেশের মানুষ শান্তিপূর্ণ বাংলাদেশ চায়। তাই তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘সব ধরনের ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ জন্য নিজেদের সুসংগঠিত করতে হবে এবং যেকোনো ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকতে হবে।’
শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। টাঙ্গাইলের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন।’
তিনি আরও বলেন, ‘টাঙ্গাইলের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। শিক্ষার দিক থেকে টাঙ্গাইলকে দেশের শীর্ষস্থানীয় জেলাগুলোর মধ্যে নিয়ে যেতে হবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শহীদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন, টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নয়জন কর্মকর্তাকে প্রত্যাহার করে বদলি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাঁদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর দেশের বিভিন্ন সরকারি কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজে সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল এনসিটিবি থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ওই দিন অপরাহ্ণে তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন। এরপর কর্মকর্তাদের নিজ নিজ পারসোনাল ডাটা শিটে (পিডিএস) লগইন করে ডিজিটাল পদ্ধতিতে অবমুক্তি ও নতুন কর্মস্থলে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে পদার্থবিদ্যা বিষয়ের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হক ভূঞা এবং ইতিহাসের অধ্যাপক রেজাউল করিমকে পঞ্চগড় সরকারি মহিলা কলেজে সংযুক্ত করা হয়েছে। গণিতের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবীর, ইংরেজির সহযোগী অধ্যাপক আফসানা আইয়ূব এবং প্রাণীবিদ্যার সহকারী অধ্যাপক মো. মনির হোসেন মজুমদারকে শরীয়তপুরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজে পদায়ন করা হয়েছে।
একই আদেশে শিক্ষা বিষয়ের সহযোগী অধ্যাপক মো. আহসানুল আরেফিন চৌধুরীকে যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এবং ইসলামিক আদর্শের সহযোগী অধ্যাপক ড. মো. আবু হানিফকে রংপুর সরকারি টিচার্স ট্রেনিং কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সমাজকল্যাণ বিষয়ের সহকারী অধ্যাপক মাহমুদ বিন আমিনকে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সহকারী অধ্যাপক এম এম আসাদুজ্জামানকে লালমনিরহাট সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।