মঙ্গলবার, ৯ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বুয়েট ও আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয় ডুয়েল মাস্টার্স প্রোগ্রাম শুরু করবে

ছবি: সংগৃহীত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত
দৈনিক বাংলা ডেস্ক
প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৪ ১৯:৪৯

সম্প্রতি বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট) এবং আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব লিমেরিক (ইউএল) একটি ডুয়েল মাস্টার্স প্রোগ্রাম শুরু করার জন্য যৌথ স্মারক চুক্তি সই করেছে। ইউনিভার্সিটি অব লিমেরিকের ভাইস প্রেসিডেন্ট, গ্লোবাল অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট, প্রফেসর নাইজেল হিলি এবং বুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর সত্য প্রসাদ মজুমদার সম্প্রতি আয়ারল্যান্ডের লিমেরিক বিশ্ববিদ্যালয়ে এই চুক্তি সই করেন।

বুয়েটের বেশকিছু স্নাতক ১৯৯৮ সাল থেকে লিমেরিক বিশ্ববিদ্যালয়ে তাদের উচ্চতর অধ্যয়ন এবং প্রশিক্ষণ গ্রহণ করেছেন। বুয়েট ২০১৭ সাল থেকে ইউরোপীয় কমিশনের ইরাসমাস+ প্রোগ্রামের অর্থায়নে ইন্টারেন্যাশনাল ক্রেডিট মোবিলিটি প্রোগ্রাম এ ইউএলের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। দুটি প্রতিষ্ঠান ২০১৯ সালে এ-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করে।

ডুয়েল মাস্টার্স প্রোগ্রামের চুক্তি সই অনুষ্ঠানে অধ্যাপক হিলি বলেন, ‘এই স্মারক চুক্তি আমাদের বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে সম্পর্ককে সুদৃঢ় করবে। এটি বুয়েট তথা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের লিমেরিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডভান্স মাস্টার্স প্রোগ্রামে অংশগ্রহণের মধ্যে দিয়ে লিমেরিকের মতো একটি শহর, যেখানে বিশ্বের শীর্ষস্থানীয় বহুজাতিক কোম্পানিগুলো অবস্থিত, সেখানে প্রবেশের দ্বার উন্মুক্ত করবে।’

তিনি আরও বলেন, ‘আমি ইউএল এবং বুয়েটের মধ্যে এই ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি অংশীদারত্ব প্রতিষ্ঠায় আনন্দিত। এটি সময়োপযোগী, উভয়পক্ষের জন্য উপকারী এবং উভয় সরকারের প্রচেষ্টার সঙ্গে সমন্বয়মূলক। আমি আত্মবিশ্বাসী যে, চুক্তিটি আগামী দিনগুলোতে ইউএল এবং বুয়েটের মাঝে আরও নতুন যৌথ প্রোগ্রামের সূচনা করবে। যা এই ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে তুলবে।’

বুয়েটের উপাচার্য অধ্যাপক মজুমদার বলেন, বুয়েট প্রতিবছর বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের একটি উল্লেখযোগ্য অংশকে তাদের শিক্ষার্থী হিসেবে গ্রহণ করে। এসব প্রতিভাবান শিক্ষার্থীদের বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে উন্নত প্রশিক্ষণের জন্য উচ্চশিক্ষার আনুষ্ঠানিক মাধ্যম প্রয়োজন। যাতে তারা স্নাতকোত্তর অধ্যয়নের জন্য ভর্তি প্রক্রিয়ার অনিশ্চয়তা দূর করে অবিলম্বে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে প্রস্তুত হয়।

তিনি আরও বলেন, ‘লিমেরিক ইউনিভার্সিটির যে বিশ্বমানের শিক্ষাব্যবস্থা এবং আয়ারল্যান্ডজুড়ে যে বহুজাতিক কোম্পানির ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্ক রয়েছে তা আমাদের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে এবং বিশ্বমানের গবেষণায় অংশ নিতে সাহায্য করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বাংলাদেশের পরবর্তী শিল্প বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।’ বিজ্ঞপ্তি

বিষয়:

ইউনিফর্ম, জুতা ও ব্যাগ পাবে প্রাথমিকের ১ কোটি শিক্ষার্থী: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আপডেটেড ৮ জুন, ২০২৬ ২২:০৯
নিজস্ব প্রতিবেদক

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় ধরনের কল্যাণমূলক উদ্যোগ নিয়েছে সরকার। নির্বাচনী ইশতেহার ও প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি সাত লাখের বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা, মোজা এবং স্কুলব্যাগ দেওয়া হবে। এ কর্মসূচির মূল বাস্তবায়নের আগে আগামী জুলাই ও আগস্টে পরীক্ষামূলকভাবে এসব সামগ্রী বিতরণ শুরু হবে।

সোমবার (৮ জুন) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, পাইলট প্রকল্পের আওতায় সারাদেশের সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হবে। তবে প্রকল্পটি কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপে অন্তত এক লাখ শিক্ষার্থীর মধ্যে ইউনিফর্ম, জুতা, মোজা ও স্কুলব্যাগ বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। পরবর্তী ধাপে আরও শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে পাইলট প্রকল্পের সব কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

তিনি বলেন, পাইলট প্রকল্পের অভিজ্ঞতা ও ফলাফল মূল্যায়নের ভিত্তিতে আগামী জানুয়ারি থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণাঙ্গভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হতে পারে। কোনো উপজেলা যেন এই উদ্যোগ থেকে বাদ না পড়ে, সে বিষয়টি বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। এ জন্য প্রতিটি উপজেলার একাধিক বিদ্যালয়কে পাইলট প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ফলে দেশের ২৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রকল্পের আওতায় আসবে।

এই উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে পাঁচ লাখ পাটের স্কুলব্যাগ উপহার হিসেবে দিচ্ছে মন্ত্রণালয়টি। পরিবেশবান্ধব এ ব্যাগগুলো আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ববি হাজ্জাজ বলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাগগুলো ওয়াটারপ্রুফ করা হবে। ব্যাগ তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ সম্পন্ন করেই এগুলো প্রস্তুত করা হয়েছে। তবে এটি যেহেতু একটি পাইলট প্রকল্প, তাই বাস্তব প্রয়োগের সময় কোনো ত্রুটি বা সীমাবদ্ধতা দেখা দিলে তা চিহ্নিত করে পরবর্তী পূর্ণাঙ্গ বাস্তবায়নের সময় সংশোধন করা হবে।

তিনি আরও বলেন, মাঠপর্যায়ে কার্যক্রম সফলভাবে পরিচালনার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ও সার্বিক সহযোগিতা প্রদান করছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে সময়মতো প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।


প্রতিষ্ঠার পর প্রথম নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নওগাঁ জেলা প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম ঐতিহ্যবাহী নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে আনুষ্ঠানিক ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার থেকে সরাসরি দুইটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে।

রোববার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় পছন্দক্রম ও মেধাক্রম অনুযায়ী A, B ও C ইউনিটে বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নোটিশ গত শনিবার জারি করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম গতকাল রোববার দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত GST-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে। এছাড়া এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও ৫ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রশিদসহ একটি A4 সাইজের খামে আবেদনকারীর নাম ও GST রোল নম্বর উল্লেখ করে স্বশরীরে বিশ্ববিদ্যালয়ে এসে জমা দিতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, A, B ও C ইউনিটের শিক্ষার্থীদের আগামী ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টার মধ্যে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের (৩য় তলা) ৩১০ নম্বর কক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইউনিট সমন্বয়কারীর স্বাক্ষর ও সিলযুক্ত একনলেজমেন্ট স্লিপ বা জমাদানের রশিদ সংগ্রহ করতে হবে। পরবর্তীতে মূল নম্বরপত্র ফেরত নেওয়ার সময় এই রশিদটি প্রদর্শন করতে হবে।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আলাউদ্দিন বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পন্ন করার জন্য বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি। ভর্তি কার্যক্রম শেষ হলে খুব দ্রুতই আমরা প্রথম বর্ষের শ্রেণি কার্যক্রম বা ক্লাস শুরু করে দেব।

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী গভীর আবেগ প্রকাশ করে বলেন, এই আনুষ্ঠানিক যাত্রা নিঃসন্দেহে জেলার ইতিহাসে এক গৌরবোজ্জ্বল মাইলফলক। ২০২৩ সালে প্রতিষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয় একসময় ছিল কেবল একটি স্বপ্নের নাম, সরকারি গেজেটের কয়েকটি পৃষ্ঠা এবং ভবিষ্যতের এক সম্ভাবনার প্রতীক মাত্র।

তিনি অতীতের প্রতিকূলতার কথা স্মরণ করে বলেন, নানা প্রতিকূলতা, অনিশ্চয়তা এবং বিতর্কের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টিকে বাস্তব রূপ দেওয়ার পথ কখনোই সহজ ছিল না। এমনও সময় এসেছে, যখন এই বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বই প্রশ্নের মুখে পড়েছিল। কেউ কেউ সংকীর্ণ মন মানসিকতা থেকে বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দেওয়ার অপচেষ্টাও চালিয়েছিলেন। কিন্তু এ অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা, শিক্ষানুরাগীদের দৃঢ়তা এবং সংশ্লিষ্টদের অবিচল প্রচেষ্টার কাছে সেই সব প্রতিবন্ধকতা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে।

উপাচার্য আরও যোগ করেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ও ভবিষ্যতে শুধু সার্টিফিকেট বা ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান হয়ে থাকবে না; বরং এটি হবে জ্ঞান সৃষ্টি, বৈশ্বিক উদ্ভাবন, উচ্চতর গবেষণা এবং মানবিক মূল্যবোধ বিকাশের মূল প্রাণকেন্দ্র। এখান থেকে গড়ে উঠবে দক্ষ প্রশাসক, বিচক্ষণ আইনজ্ঞ, সফল উদ্যোক্তা, গবেষক ও মানবকল্যাণে নিবেদিত দেশপ্রেমিক নাগরিক।


শিক্ষা বাজেটে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ চান ৬২ শতাংশ শিক্ষার্থী

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

শিক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে জিডিপির অন্তত ৫ শতাংশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। শিক্ষা অধিকার সংসদের এক জরিপে অংশ নেওয়া ৬২ শতাংশ একইসঙ্গে তারা শিক্ষা বাজেট বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা এবং শিক্ষকদের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৫ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে শিক্ষা অধিকার সংসদ এ জরিপের ফলাফল প্রকাশ করেছে।

এতে জরিপের ফল ও সুপারিশ তুলে ধরেন সংগঠনটির সদস্য সচিব এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন।

সংবাদ সম্মেলনে শিক্ষা অধিকার সংসদের পক্ষ থেকে আবু সাদাত মো. মোস্তানসির বিল্লাহ, মিসবাহুর রহমান আসিম, মাহফুজুর রহমান মানিক ও মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

সংগঠনটির তথ্যানুযায়ী, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ৩৫০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে জরিপটি পরিচালিত হয়। অংশগ্রহণকারীদের মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ ছিলেন স্নাতক এবং ৩৬ শতাংশ স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

জরিপে দেখা যায়, শিক্ষার্থীরা শিক্ষার বিভিন্ন স্তরের মধ্যে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তাদের মতে, শিক্ষার ভিত্তি শক্তিশালী না হলে উচ্চশিক্ষাসহ অন্যান্য স্তরে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার উন্নয়নেও গুরুত্ব দেওয়ার পক্ষে মত দিয়েছেন তারা।

ভবিষ্যৎ কর্মসংস্থান এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা এবং বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) শিক্ষায় বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করেছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। শিক্ষাব্যবস্থার গুণগত উন্নয়নের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব পেয়েছে মানসম্মত শিক্ষক নিয়োগ এবং শিক্ষকদের জন্য সম্মানজনক বেতন নিশ্চিত করার বিষয়টি। পাশাপাশি শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপরও জোর দেওয়া হয়েছে।

গ্রামীণ ও সুবিধাবঞ্চিত অঞ্চলের শিক্ষার উন্নয়নে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক নিয়োগকে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন শিক্ষার্থীরা।


মেডিকেল, প্রকৌশল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৫৫ শিক্ষার্থীকে সম্মাননা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নীলফামারী প্রতিনিধি

নীলফামারী সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া ১৫৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকালে কলেজের হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম।

নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী, শিক্ষক পরিষদের সম্পাদক বাবুল হোসাইন, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মো. শামসুল আলম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আলতাফুর রহমান এবং রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নীলফামারী সরকারি কলেজ দীর্ঘদিন ধরে জেলার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমান শিক্ষার্থীদের এই সাফল্য শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং কলেজ, পরিবার ও সমগ্র জেলার জন্য গৌরবের বিষয়। তারা শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথি অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। তাদের সাফল্য নীলফামারীর শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করেছে। সততা, মেধা ও মানবিক গুণাবলির সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও কলেজের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভরপুর।


তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়: বাউবি উপাচার্য

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
গাজীপুর প্রতিনিধি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান শুক্রবার (৫ জুন) সকালে রংপুরের মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত এমএ/এমএসএস পরীক্ষা এবং মিঠাপুকুরের পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ, শৃঙ্খলা, প্রশ্নপত্র ও উত্তরপত্র ব্যবস্থাপনা এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা পরিদর্শনের সময় উপাচার্য তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি বলেন, “শিক্ষা সবার মৌলিক অধিকার। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়ে শিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক ও মানবিক সমাজ গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই। তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষা থেকে পিছিয়ে না রেখে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগ্রহী তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির শিক্ষা কার্যক্রম ও সহযোগিতার দ্বার সবসময় উন্মুক্ত থাকবে।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. হাবিবুল্যাহ মাহামুদ, রংপুর আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মো. ফজলে নিজামী এবং যুগ্ম-পরিচালক মো. আজিজার রহমান।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য সৈয়দপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও টিউটরদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মানসম্মত পরিচালনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও একই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরবর্তীতে উপাচার্য সৈয়দপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, শিক্ষার্থীসেবা উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় কর্মকর্তা-কর্মচারীরা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম, চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে উপাচার্যকে অবহিত করেন। উপাচার্য তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, “বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগোষ্ঠীর কাছে উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার গুণগত মান বজায় রেখে আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ।

পরিদর্শন ও মতবিনিময় কার্যক্রমে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন এবং উপাচার্যের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন কার্যক্রম শেষে উপাচার্য নারী জাগরণের অগ্রদূত মহীয়সী বেগম রোকেয়ার জন্মস্থান পরিদর্শন করেন। পরে তিনি জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ জুলাই যোদ্ধা আবু সাঈদের সমাধিস্থলে যান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। এ সময় উপাচার্যের সহধর্মিণী ড. আলো আরজুমান বানুসহ বাউবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একীভূত নীতিমালার আওতায় আসবে দেশের সব ইংলিশ-মিডিয়াম স্কুল: ববি হাজ্জাজ

আপডেটেড ৩ জুন, ২০২৬ ২০:৪৭
নিজস্ব প্রতিবেদক

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে মানসম্মত শিক্ষা, জবাবদিহি, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ সুরক্ষার লক্ষ্যে সব ইংলিশ-মিডিয়াম স্কুলকে সরকার একটি একীভূত নীতিমালার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার (৩ জুন) ঢাকার আগা খান একাডেমি পরিদর্শনকালে এ কথা বলেছেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, সরকার এমন একটি সমন্বিত ও জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে সব শিক্ষার্থী মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাবে। এ উদ্যোগের অংশ হিসেবে দেশের সব ইংলিশ-মিডিয়াম শিক্ষাপ্রতিষ্ঠানকে একটি অভিন্ন নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা হবে।

তিনি বলেন, আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফলই করবে না, বরং সমালোচনামূলক চিন্তা, উদ্ভাবনী সক্ষমতা এবং নেতৃত্বের গুণাবলিও অর্জন করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য তরুণদের বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ববি হাজ্জাজ বলেন, বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন কিংবা ইংলিশ-মিডিয়াম—যে ধারাতেই শিক্ষার্থীরা পড়ুক না কেন, সবাই যাতে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতামূলক দক্ষতা অর্জনের সমান সুযোগ পায়, তা নিশ্চিত করতে চায় সরকার।

পরিদর্শনের সময় তিনি একাডেমির আয়োজিত শিক্ষার্থী প্রদর্শনী ঘুরে দেখেন। সেখানে শিক্ষার্থীদের গবেষণা প্রকল্প, উদ্ভাবনী উদ্যোগ এবং সৃজনশীল উপস্থাপনা পর্যালোচনা করেন তিনি।

এ সময় প্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষাদান পদ্ধতি, শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা এবং নেতৃত্ব বিকাশ কর্মসূচির প্রশংসা করেন ববি হাজ্জাজ। তিনি দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল শিক্ষাচর্চা আরও বিস্তৃত করার আহ্বান জানান। পরিদর্শনকালে একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গুচ্ছ ভর্তির ‘সাবজেক্ট চয়েস’ ফলাফলের অপেক্ষায় পরীক্ষার্থীরা

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি

গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সাবজেক্ট চয়েস’ ও ‘বিশ্ববিদ্যালয় পছন্দক্রম’ আবেদনের কার্যক্রম শেষ হলেও এখনও ফলাফল প্রকাশ করা হয়নি। এতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে উৎকণ্ঠা ও অপেক্ষা বাড়ছে।

গত ৬ থেকে ১১ মে পর্যন্ত ‘সাবজেক্ট চয়েস’ আবেদন কার্যক্রম চললেও প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ফলাফল প্রকাশ হয়নি। এর আগে গত ৩ মে অনুষ্ঠিত সমন্বিত গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কমিটির সভায় আগামী ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত ‘চূড়ান্ত প্রাথমিক ভর্তি’ কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

ভর্তিচ্ছু শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ফল প্রকাশে বিলম্ব হওয়ায় তারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। দ্রুত ফল প্রকাশ হলে বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রস্তুতি নেওয়া সহজ হবে বলে মনে করেন তারা।

এ বিষয়ে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির দায়িত্বে থাকা ইউএফটিবির রুবেল শেখ জানান, কেন্দ্রীয় ভর্তি কমিটিই আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবে। বর্তমানে সংশ্লিষ্ট কার্যক্রম চলমান রয়েছে। সমন্বয় কমিটির নির্দেশনা পেলেই ফল প্রকাশ করা হবে।

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিবের (রুটিন দায়িত্ব) দায়িত্ব পালনকারী এবং টেকনিক্যাল কমিটির সদস্য অধ্যাপক ড. নাছির উদ্দিন খান বলেন, ‘সংশ্লিষ্ট বিষয়ে আমাদের বৈঠক রয়েছে। নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না, তবে আগামী এক-দুই দিনের মধ্যেই শিক্ষার্থীরা “সাবজেক্ট চয়েস” ফলাফল জানতে পারবে বলে আশা করছি।’

উল্লেখ্য, গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা সমন্বয় কমিটির আহ্বায়কের দায়িত্বে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।


১১৭ শিক্ষকের এমপিও বাতিল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

জাল সনদের প্রমাণ পাওয়ায় ১১৭ শিক্ষকের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) সুবিধা বাতিল করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) যাচাইয়ে এ জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে। রোববার (২৪ মে) দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬-এর ১৮ অনুচ্ছেদ মোতাবেক তাদের এমপিও বাতিল করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

একই দিন জাল সনদের প্রমাণ পাওয়ায় ২৪ জন কলেজ পর্যায়ের শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

অধিদপ্তরের বেসরকারি কলেজ শাখা-৩-এর সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অভ্যন্তরীণ নিরীক্ষা শাখা হতে ৮৫ জন জাল/ভুয়া সনদধারী শিক্ষকের তালিকাসহ একটি পত্র প্রেরণ করা হয়েছে (কপি সংযুক্ত)। এতে এনটিআরসিএ কর্তৃক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত মোট ৮৫ (কলেজ পর্যায় ২৪ + স্কুল পর্যায় ৬১) জন শিক্ষকের প্রত্যয়নপত্র যাচাই শেষে জাল মর্মে প্রমাণিত হয়েছে।

তালিকায় উল্লিখিত জাল ও ভুয়া প্রত্যয়নপত্রধারীদের এমপিও (অনুদান ও বেতন ভাতা বাবদ সহায়তা) বাতিলসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা (গৃহীত অর্থ আদায় ও মামলা দায়ের) গ্রহণপূর্বক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এর ১৮.১(ঙ) অনুচ্ছেদ মোতাবেক কেন তাদের এমপিও বাতিল বা স্থগিত করা হবে না এবং গভর্নিং বডি কর্তৃক তার নিয়োগ কেন বাতিল করা হবে না, সে বিষয়ে তাদের জবাব দিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নোটিশ পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এই জবাব দাখিল করার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে।


৪৭১ শিক্ষকের বিরুদ্ধে নেওয়া হচ্ছে ব্যবস্থা, ৬৩ জনকে নোটিশ

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
বিশেষ প্রতিবেদক

সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত হওয়া ৪৭১ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে মাধ্যমিক পর্যায়ের ৪০২ জন, কলেজ পর্যায়ের ৬৪ জন ও কারিগরি পর্যায়ের ৫ জন শিক্ষক রয়েছেন। এসব শিক্ষকের মধ্যে প্রথম ধাপে ৬৩ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে কেন তাদের এমপিও (বেতন-ভাতা বাবদ মাসিক অনুদান) বাতিল বা স্থগিত ও নিয়োগ বাতিলসহ অন্য ব্যবস্থা নেওয়া হবে না, তার জবাব ১০ কর্মদিবসের মধ্যে মাউশিতে জমা দিতে বলা হয়েছে। শনিবার (২৩ মে) মাউশি নোটিশ দিয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) এসব শিক্ষকের সনদ জাল বা ভুয়া বলে চিহ্নিত করেছিল। এর ভিত্তিতে এ বিষয়ে ব্যবস্থা নিতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ে তালিকাসহ সুপারিশ পাঠায় ডিআইএ। পরে মন্ত্রণালয় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরকে চিঠি দেয়। এখন মাউশি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

শিক্ষার গুণগত মানোন্নয়ন ও আর্থিক স্বচ্ছতা আনতে দেশের মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিরীক্ষার পাশাপাশি শিক্ষা কার্যক্রমের বিষয়ে পরিদর্শন করে ডিআইএ। তার ভিত্তিতে প্রয়োজনীয় সুপারিশ করে। তবে এ সংস্থার কাজকর্ম নিয়েও নানা রকমের অভিযোগ ওঠে।


ইউজিসির সদস্য হলেন ঢাবি অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
দৈনিক বাংলা ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী তাকে আগামী চার বছরের জন্য ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে। ইতোমধ্যে তিনি কমিশনের চেয়ারম্যানের নিকট যোগদানপত্র জমা দিয়েছেন।


কুয়েটে ১ম বর্ষের ওরিয়েন্টেশন ২৫ জুন, ক্লাস শুরু ২৮ জুন

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
খুলনা প্রতিনিধি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ১ম বর্ষ (বি.এস-সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক) কোর্সের ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (পরিচিতি সভা) আগামী ২৫ জুন সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের অভ্যন্তরে মুক্তমঞ্চে হবে।

ওরিয়েন্টেশন শেষে একই দিন সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগীয় পরিচিতি সভা, কোর্স রেজিস্ট্রেশন এবং বিভিন্ন একাডেমিক বিষয়াবলি সম্পর্কে বিস্তারিতভাবে অবহিত করা হবে।

এরপর ২৮ জুন থেকে সকল বিভাগে নতুন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস শুরু হবে। ওরিয়েন্টেশন-২০২৬ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডীন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট একাডেমিক কাউন্সিলের সদস্য ও উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ ছাড়া ১ম বর্ষ ১ম টার্মে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের হল কর্তৃপক্ষ নির্ধারিত তারিখে হলে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন এবং পরিচিতি সভায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ২৫ জুন সকাল ৯টার মধ্যে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে।


ডুয়েটের ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
গাজীপুর প্রতিনিধি

গত বৃহস্পতিবার (১৪ই মে) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব কর্তৃক স্বাক্ষরিত প্রজ্ঞাপন মোতাবেক তিনি যোগদান করেন। প্রজ্ঞাপনে বলা হয়, তিনি চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

রোববার (১৭ মে) দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলোর ডীন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের পরিচালকসহ রেজিস্ট্রারের (অতিরিক্ত দায়িত্ব) সাথে মিটিংয়ে তিনি সকলের সহযোগিতায় প্রকৌশল ও প্রযুক্তিগত শিক্ষা, গবেষণা, ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে ডুয়েটকে সামগ্রিকভাবে সামনে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ডুয়েট উপাচার্যের দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি, সিলেট-এর উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন। দীর্ঘ ৩৪ বছরের পেশাগত জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর সিন্ডিকেট সদস্য, অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডীন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান, প্রভোস্ট, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালে তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের মেরি ও’কনর প্রসেস সেফটি সেন্টারে ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবে দায়িত্ব পালন করেন। ভারতের অন্ধ্র প্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্নের পর তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দেশি বিদেশি পিয়ার রিভিউড জার্নালে তাঁর ৩৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্সে তিনি ৯০টিরও বেশি প্রবন্ধ উপস্থাপন করেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল আরগোনোমিক্স অ্যান্ড হিউম্যান ফ্যাক্টরস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ও এনভায়রনমেন্ট সংশ্ল্ষ্টি বিষয়ে শিক্ষকতা ও গবেষণায় সমৃদ্ধ। গবেষণা ও অ্যাকাডেমিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস ম্যানেজমেন্ট (আইইওএম) সোসাইটি ইন্টারন্যাশনাল থেকে ডিস্টিংগুইশড প্রফেসর অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ডসহ শ্রেষ্ঠ গবেষণা প্রবন্ধের জন্য একাধিক আন্তর্জাতিক কনফারেন্সে সম্মাননা অর্জন করেন।

তিনি আইইওএম সোসাইটি ইন্টারন্যাশনালের জীবন সদস্য, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) জীবন সদস্য, অ্যাশরেই বাংলাদেশ শাখা, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এবং এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।

অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ঢাকায় জন্মগ্রহণ করেন। তার বাবা অধ্যাপক ড. মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং স্ত্রী অধ্যাপক ড. সালমা আখতার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত আছেন। ব্যক্তিজীবনে তিনি দুই কন্যার জনক।


ইবি উপাচার্যের দায়িত্ব নিলেন ড. মতিনুর

আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (১৫) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উপাচার্য কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব সভাপতি ড. তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়, যা ১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ববিদ্যালয়টি একটি সুস্পষ্ট আদর্শ ও লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের পরিক্রমায় বিভিন্ন কারণে সেই মূল উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটেছে। আমি চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ইতিবাচক ধারায় এগিয়ে নিতে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।’


banner close