বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩

সরকারের ঋণ নিয়ে নেতিবাচক প্রচারণা চলছে: শিক্ষামন্ত্রী

ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ৭ জুন, ২০২৪ ২০:৪১

সরকারের ঋণ আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে অনেক কম দাবি করে শিক্ষামন্ত্রী মহিবুল হেসেন চৌধুরী নওফেল বলেছেন, সরকারের ঋণের বিষয়ে প্রচার করা হচ্ছে অন্যভাবে। তবে ঋণ নিয়ে যেভাবে প্রচার করা হচ্ছে, ঋণ তার চেয়ে অনেক কম।

ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ শুক্রবার ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের প্রবৃদ্ধিটা যেন থাকে, মূল্যস্ফীতি যেন কমে যায় বা নিয়ন্ত্রণে থাকে। তবে সরকারের ঋণ নিয়ে নেতিবাচক প্রচার করা হচ্ছে, যেভাবে প্রচার করা হয়েছিল কোভিডের। আমাদের ঋণ এখনও আন্তর্জাতিক মানদণ্ডের অনেক নিচে। অন্যদের তুলনায় এখনও অনেক ভালো আছে।’

তিনি বলেন, ‘জিডিপির ৩০তম দেশ আমাদের। আমরা বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতিকে প্রাধান্য দিয়েছি। তা ছাড়া কোনো দেশের বাজেটেই লক্ষ্যমাত্রার শতভাগ পূরণ হয় না। উন্নত দেশে বাজেট ঘাটতি ৫ শতাংশের ওপরে, আমেরিকায় ৬ দশমিক ৮ শতাংশ ঘাটতি। আমাদের ঘাটতি বাজেট ৪ দশমিক ৬ শতাংশ।’

সংবাদ সম্মেলন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এবং এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।


পরীক্ষা শেষে সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’-এর ঘোষণা শিক্ষার্থীদের

ছবি: সংগৃহীত
আপডেটেড ১৫ জুলাই, ২০২৬ ১২:৩৯
নিজস্ব প্রতিবেদক

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে আজ বুধবার সচিবালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার মধ্যরাতের মধ্যে দাবি পূরণ না হওয়ায় পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী দুপুর দেড়টায় রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার হতে এই পদযাত্রা শুরু হওয়ার কথা রয়েছে।

আন্দোলনের মুখে আজ দেশের ৫৯টি জেলায় নির্ধারিত তিনটি বিষয়ের পরীক্ষা সকাল ১০টা হতে যথারীতি শুরু হয়েছে। যদিও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম ও সংলগ্ন অঞ্চলের পরীক্ষা আগেই স্থগিত করা হয়েছিল, তবে বাকি দেশের পরীক্ষার্থীরা প্রতিকূল আবহাওয়ার মাঝেও পরীক্ষায় বসতে বাধ্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। সে সময় পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করার প্রতিবাদে তাঁরা ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’ স্লোগানে রাজপথ উত্তাল করে তোলেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো— দেশের বিভিন্ন স্থানে চলমান প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি প্রশমিত না হওয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাইয়ের পরীক্ষায় অনুপস্থিতদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দান এবং ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ঢাকা সিটি কলেজের পরীক্ষার্থী মিরাজ জানান যে, সরকার দাবি না মানলে অখুশি মনে পরীক্ষায় বসলেও পরীক্ষা শেষে তাঁরা কঠোর আন্দোলনে নামবেন। গতকাল দিনভর সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেত এবং শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরিস্থিতি শান্ত করতে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শিক্ষার্থীদের সাথে কথা বললেও তাঁরা তাঁদের দাবিতে অনড় রয়েছেন।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আলোচনার প্রস্তাব দিলেও শিক্ষার্থীরা সরাসরি সচিবালয় অভিমুখে লংমার্চের সিদ্ধান্ত নেন। শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমান শিক্ষামন্ত্রী শিক্ষার্থীবান্ধব নন এবং দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে পরীক্ষা চালিয়ে যাওয়া অযৌক্তিক। উত্তরার বিএনএস সেন্টারে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা গতকাল বিকালেই তাঁদের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করে রাজপথ ছেড়েছেন। আজ এই লংমার্চ কর্মসূচির ওপর ভিত্তি করেই পরবর্তী আন্দোলনের রূপরেখা নির্ধারিত হবে।


চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা যথারীতি আয়োজনের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম অঞ্চলের পাঁচটি জেলা বাদে দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সঙ্গে আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। উক্ত বৈঠকে শিক্ষামন্ত্রীও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, "দেশের সার্বিক পরিস্থিতি এবং সংশ্লিষ্ট সবার মতামত বিবেচনায় নিয়ে আপাতত চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া অন্য সব এলাকায় পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত জেলাগুলোর পরীক্ষা স্থগিত থাকবে।"

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়া এবং পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন। একই সময়ে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যার ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা "দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ", "ভোগান্তির দায় নিতে হবে" এবং "বন্যা-জলাবদ্ধতায় পরীক্ষা নয়"—এমন সব স্লোগান দেন। তাদের অভিযোগ, বৈরী আবহাওয়া ও ভয়াবহ বন্যা পরিস্থিতি বিবেচনা না করেই পরীক্ষা নেওয়ার ফলে রাজধানীসহ সারা দেশের পরীক্ষার্থীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। জলাবদ্ধতা ও যাতায়াত সংকটের কারণে অনেককেই নির্ধারিত সময়ের অনেক আগে বাসা থেকে বের হয়েও কেন্দ্রে পৌঁছাতে হিমশিম খেতে হয়েছে।


প্রাথমিক বৃত্তিতে সিংগাইরের অদম্য মেধাবী নিমিরের বাজিমাত

স্বপ্ন সেনা কর্মকর্তা হওয়ার!
ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিংগাইরে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে খুদে শিক্ষার্থী তাসিন ইসলাম নিমির।

উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘এ কাদের ইন্টারন্যাশনাল স্কুল’ থেকে অংশ নিয়ে সে মর্যাদাপূর্ণ ট্যালেন্টপুলে (মেধাতালিকায়) বৃত্তি লাভ করেছে। রোববার আনুষ্ঠানিকভাবে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর পরই পরিবার ও বিদ্যালয়জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

মেধার আলোয় আলোকিত পরিবার: তাসিন ইসলাম নিমির সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার বাসিন্দা ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম রিপনের ছেলে। তার মা ফারহানা হক মুক্তি সিংগাইরের ৫নং এ এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন নিবেদিতপ্রাণ সহকারী শিক্ষিকা।

ছেলের এই গৌরবময় সাফল্যে উচ্ছ্বসিত মা ফারহানা হক মুক্তি বলেন, নিয়মিত পড়াশোনা, গভীর অধ্যবসায় আর শিক্ষকদের আন্তরিক সহযোগিতাই নিমিরের আজকের এই সাফল্যের মূল চাবিকাঠি। ও যেন আগামী দিনে আরও বড় মানুষ হতে পারে, সেজন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

অদম্য এক মেধার পথচলা: নিমিরের এই অসামান্য মেধার স্বাক্ষর এবারই প্রথম নয়; এর আগেও সে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছে বারবার। সিংগাইর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. সোহরাব হোসেনের এই আদরের ভাইপো উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত ১০টি বেসরকারি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছিল। অবাক করার বিষয় হলো, প্রতিটি পরীক্ষাতেই সে অভাবনীয় সাফল্য পেয়েছে—যার মধ্যে ৭টিতে ট্যালেন্টপুল এবং ৩টিতে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে সে নিজের মেধার জানান দিয়েছিল আগেই।

লক্ষ্য এবার দেশ সেবা: ভবিষ্যতে কী হতে চায়? এই প্রশ্নের জবাবে আত্মবিশ্বাসী খুদে প্রতিভা তাসিন ইসলাম নিমির জানায়, সে বড় হয়ে বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত অফিসার হতে চায়। দেশ ও দেশের মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দেওয়াই তার জীবনের মূল লক্ষ্য।

খুদে এই জিনিয়াসের এমন সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন তার শিক্ষক, সহপাঠী ও এলাকার সুধীজন। সকলের প্রত্যাশা, নিমির তার মেধা ও সততা দিয়ে একদিন ঠিকই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এবং দেশের নাম উজ্জ্বল করবে।


রোববার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

ফাইল ছবি
আপডেটেড ১১ জুলাই, ২০২৬ ২১:৫২
নিজস্ব প্রতিবেদক

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে। শনিবার (১১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশ উপলক্ষে রোববার দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সেখানে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল, উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা, বৃত্তির বিভিন্ন ক্যাটাগরি এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তুলে ধরা হবে। সংবাদ সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। এরপর নির্ধারিত মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ফল দেখতে পারবে।

এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন এবং ফল প্রকাশের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাকি ২০ শতাংশ পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এই দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হয়।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী।

পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা-রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
অনলাইন ডেস্ক

অব্যাহত প্রতিকূল আবহাওয়া এবং বন্যা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সকল জেলায় আগামীকাল শনিবারের (১১ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকাল ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। শুক্রবার বিকেলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, “বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শনিবারের এইচএসসি/আলিম/এইচএসসি(বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স এর পরীক্ষা ২০২৬ স্থগিত করা হয়েছে।” মূলত জেলা প্রশাসকদের প্রতিবেদন এবং চলমান বন্যা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে পরীক্ষা নিয়ন্ত্রকের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত জেলাসমূহ ছাড়াও উক্ত অঞ্চলের বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও একই সাথে স্থগিত করা হয়েছে।

তবে দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চট্টগ্রাম বিভাগের বাইরের সকল জেলার পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুসারেই পরিচালিত হবে। স্থগিত হওয়া এই পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


চট্টগ্রাম শিক্ষা বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে আজকের সব পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত
আপডেটেড ৮ জুলাই, ২০২৬ ১২:০৭
নিজস্ব প্রতিবেদক

প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে বুধবারের (৮ জুলাই) পূর্বনির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সাথে দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যাবতীয় শিক্ষা কার্যক্রম ও পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার দিবাগত রাতে এবং বুধবার সকালে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাভুক্ত জেলা প্রশাসকদের প্রতিবেদনের ভিত্তিতে বুধবারের এইচএসসি, আলিম এবং কারিগরি সংশ্লিষ্ট সকল পরীক্ষা স্থগিত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা (চট্টগ্রামের আওতাধীন জেলা ব্যতীত) পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। স্থগিত হওয়া এসব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হবে।

এদিকে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা ও পরিবহন সমস্যার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “দুর্যোগপূর্ণ আবহাওয়া, জলাবদ্ধতা এবং পরিবহন সংকটের প্রেক্ষাপটে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অনুষ্ঠিতব্য পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।” মূলত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের চরম বিড়ম্বনা বিবেচনা করে একদিনের জন্য এই শিক্ষা কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য যে, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়েছে, যেখানে ১১টি বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। বিরূপ পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিটি বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি আগে থেকেই নেওয়া হয়েছিল বলে গত ১ জুলাইয়ের এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন। বর্তমানে চট্টগ্রামের বিপর্যস্ত পরিস্থিতির কারণে সেখানকার পরীক্ষার্থীদের সুরক্ষায় এই জরুরি পদক্ষেপ নেওয়া হলো।


৫ বছরের দণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে সংসদে বিল পাস

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

পাবলিক পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি, ডাটাবেজে অননুমোদিত প্রবেশ, সংঘবদ্ধভাবে পরীক্ষাসংক্রান্ত অপরাধ এবং নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের মতো অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রেখে ‘দ্য পাবলিক এক্সামিনেশন্স (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট, ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিলটি সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠভোটে বিলটি পাস হয়। সংশোধিত আইনটি ১৯৮০ সালের ‘দ্য পাবলিক এক্সামিনেশন্স (অফেন্সেস) অ্যাক্ট’-কে যুগোপযোগী করেছে। প্রায় ৪৫ বছর আগে প্রণীত ওই আইনে নকল, প্রশ্নফাঁস, জাল সনদ ও অন্যান্য অনিয়ম প্রতিরোধের ব্যবস্থা থাকলেও বর্তমান প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবেলায় নতুন বিধান যুক্ত করা হয়েছে।

নতুন আইনে বলা হয়েছে, পরীক্ষার ডাটাবেজে অনুমতি ছাড়া প্রবেশ, হ্যাকিং, তথ্য পরিবর্তন, পরীক্ষার রেকর্ডে কারসাজি বা যেকোনো ধরনের ডিজিটাল জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তি সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

এ ছাড়া আইনে ‘অর্গানাইজড এক্সামিনেশন ক্রাইম’ নামে নতুন অপরাধ যুক্ত করা হয়েছে। পাবলিক পরীক্ষায় পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করার উদ্দেশে লিখিত বা মৌখিক চুক্তি করা, প্রস্তাব দেওয়া কিংবা সংঘবদ্ধভাবে নকল বা প্রতারণার সুযোগ তৈরির চেষ্টা করলেও সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

সংশোধিত আইনে পরীক্ষা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্র বা হলে প্রবেশ করাকেও অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। একই সঙ্গে সরকারি নির্দেশনা ইচ্ছাকৃতভাবে অমান্য করলেও পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।

আইনে ইচ্ছাকৃতভাবে উত্তরপত্রে অতিরিক্ত বা কম নম্বর দেওয়া পরীক্ষকদের বিরুদ্ধেও শাস্তির বিধান রাখা হয়েছে। এ অপরাধে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে। তবে শাস্তি দেওয়ার আগে তৃতীয় একজন পরীক্ষকের মাধ্যমে নম্বরের অসংগতি নিশ্চিত করতে হবে।

পরীক্ষা-সংক্রান্ত কাজে যুক্ত প্রতিষ্ঠান ও সেবাদাতা সংস্থার দায়ও নির্ধারণ করা হয়েছে সংশোধিত আইনে। কোনো প্রতিষ্ঠান পরীক্ষা-সংক্রান্ত অপরাধে সহায়তা করলে বা যোগসাজশে জড়িত হলে অর্থদণ্ড, লাইসেন্স স্থগিত, কার্যক্রম থেকে অব্যাহতি কিংবা কালো তালিকাভুক্ত করার ব্যবস্থা নেওয়া যাবে।

নতুন আইনে তথ্যদাতা বা হুইসেলব্লোয়ারদের সুরক্ষার বিধানও রাখা হয়েছে। অপরাধের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা এবং তাদের বিরুদ্ধে হয়রানি বা প্রতিশোধমূলক ব্যবস্থা থেকে সুরক্ষা নিশ্চিত করা হবে। এ সুরক্ষা লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

আইনে বলা হয়েছে, কোনো শিশু এ আইনের অধীনে অপরাধে জড়িত হলে তার বিচার শিশু আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত হবে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য এসব অপরাধকে আমলযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে। মহানগর এলাকায় মহানগর ম্যাজিস্ট্রেট এবং মহানগরের বাইরে জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট এসব মামলার বিচার করবেন। বিচার কার্যক্রম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সংক্ষিপ্ত পদ্ধতিতে সম্পন্ন হবে।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম ও ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষা-সংক্রান্ত অপরাধের প্রবণতাও বেড়েছে। তাই পাবলিক পরীক্ষায় স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বিদ্যমান আইন সংশোধন জরুরি হয়ে পড়েছিল। সাইবার অপরাধের মাধ্যমে পরীক্ষার ডাটাবেজে অননুমোদিত প্রবেশ ও ডিজিটাল ম্যানিপুলেশনকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা, ডিজিটাল জালিয়াতিতে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান এবং সংঘবদ্ধ পরীক্ষা জালিয়াতির বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ সংশোধিত আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য।


জাবিতে গভীর রাতে র‍্যাগিং, হাতেনাতে ধরা ১২ শিক্ষার্থী

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের ৫৫তম ব্যাচের (প্রথম বর্ষ) কয়েকজন নবীন শিক্ষার্থীকে গভীর রাতে খেলার মাঠে ডেকে নিয়ে ‘ম্যানার’ শেখানোর নামে র‍্যাগিংয়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে একই বিভাগের ১২ জন শিক্ষার্থীকে হাতেনাতে ধরেছে কর্তৃপক্ষ। আটক ১২ শিক্ষার্থীকে র‍্যাগিংয়ে জড়িত থাকার কথা লিখিতভাবে স্বীকারও করেছেন ইতোমধ্যে।

গত শুক্রবার (৩ জুলাই) রাত ১১টা থেকে দিবাগত রাত ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ঘটনা ঘটে। শনিবার (৪ জুলাই) ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর বরাবর র‍্যাগিংয়ের ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) রাতে ইতিহাস বিভাগের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নেন। সেখানে যাওয়ার পর নবীন শিক্ষার্থীদের কান ধরানো, অকথ্য ভাষায় গালিগালাজ ও ফরমাল পোশাকের নিয়ম শেখানোর নামে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ সময় এক নবীন শিক্ষার্থী কৌশলে জাকসুর কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতির কাছে খবর দেন। এরপর ঘটনাস্থলে প্রক্টরিয়াল টিম ও জাকসুর অ্যান্টি-র‍্যাগিং সেলের সদস্যরা উপস্থিত হন এবং অভিযুক্ত শিক্ষার্থীদের হাতেনাতে আটক করে নিরাপত্তা কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে অভিযুক্ত ব্যক্তিদের ভিডিও ও লিখিত বক্তব্য নেওয়া হয়।

নির্যাতনের বর্ণনা দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী মো. এহসানুল হক বলেন, ‘সেখানে আমাদের বাবা-মা তুলে গালাগাল ও কান ধরে দাঁড় করিয়ে রাখা হয়। আমাদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। পরে প্রক্টর স্যারসহ অন্যরা এসে আমাদের উদ্ধার করেন।’

আরেক ভুক্তভোগী রাজ খান বলেন, ‘আগেও সেন্ট্রাল ফিল্ডে আমাদের গভীর রাত পর্যন্ত নির্যাতন করা হয়েছে। এছাড়া সেমিনার, ক্লাসরুমের করিডর, কেন্দ্রীয় লাইব্রেরি ও আবাসিক হলে চলাচলে নিষেধাজ্ঞা দিয়ে নিয়মিত হেনস্তা করা হচ্ছে। আমরা এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’

এদিকে ঘটনার পর ইতিহাস বিভাগের প্রথম বর্ষের ১৩ জন ভুক্তভোগী শিক্ষার্থী অভিযুক্ত শিক্ষার্থীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অন্যদিকে ঘটনার দায় স্বীকার করে অভিযুক্ত ব্যাচের শ্রেণি প্রতিনিধির (সিআর) স্বাক্ষরিত একটি লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘আমরা সবাই ইতিহাস বিভাগের ৫৫তম আবর্তনের ১৩ জন ছাত্রকে ম্যানার শেখানোর নামে স্কুল অ্যান্ড কলেজ মাঠে ডেকে নিয়ে র‍্যাগ দিই।’

বিবৃতিতে অভিযুক্ত ১২ শিক্ষার্থীর পরিচয় উল্লেখ করা হয়েছে। তারা হলেন ৫৪তম ব্যাচের শিক্ষার্থী সুভাশীষ রায়, নাছিম উদ্দিন মজুমদার, আবু আবতাহী অনিক, নাইমুল হাসান, আবদুল্লাহ মাহদী, ইসফাক হাদী, মো. রায়হান খান, কাজী শাহ জামসেদ আলম, সাইফুল্লাহ মানসুর আনান, মো. মাহফুজুর রহমান, কার্তিক চন্দ্র রায় ও নাইম আহমেদ।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক আবদুর রাজ্জাক বলেন, রাত ২টার দিকে কল পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং র‍্যাগিংয়ের অভিযোগের সত্যতা পেয়ে তাদের হাতেনাতে ধরি। এরপর সবাইকে নিরাপত্তা অফিসে নিয়ে এসে ভিডিও ও লিখিত স্টেটমেন্ট নেওয়া হয়। এই তথ্যগুলো প্রক্টরিয়াল বডির সভায় আলোচনার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং সেই অনুযায়ী কর্তৃপক্ষ চূড়ান্ত ব্যবস্থা নেবে।

প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী এ বিষয়ে দ্রুত যথাযথ ও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


প্রাথমিকে প্রধান শিক্ষকের পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু 

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য থাকা ৩৬ হাজারের বেশি প্রধান শিক্ষকের পদে পদোন্নতির প্রক্রিয়া শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে সরকারি কর্মকমিশনের (পিএসসি) কাছে আজকের মধ্যেই চাহিদা পাঠানো হবে। এ বিষয়ে বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এর আগে অধিগ্রহণ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকরির শর্তাদি) বিধিমালার জ্যেষ্ঠতা ও পদোন্নতি ইত্যাদি সংক্রান্ত বিধির অংশবিশেষ অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার এ রায় দেন। এর ফলে সরকার প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে।

সংবাদ সম্মেলনে প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক ও কলেজেও শিক্ষকের পদ শূন্য থাকার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, অ্যাটর্নি জেনারেল ফোনে আদালতের রায় জানানোর সঙ্গে সঙ্গে তিনি পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন। পিএসসি চেয়ারম্যান দ্রুত চাহিদা দিতে বলেছেন। বৃহস্পতিবার বিকেলের মধ্যেই পিএসসিতে চাহিদা পাঠানো হয়েছে, যাতে পিএসসি বিশেষভাবে এই নিয়োগ দিতে পারে।

উচ্চ আদালতের রায়ের পর শূন্য থাকা ৩৬২৩৫টি প্রধান শিক্ষকের পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার পর সহকারী শিক্ষকের এই পদগুলোও শূন্য হবে। বর্তমানে সহকারী শিক্ষকের পদ শূন্য আছে ২২০০ এর বেশি। অর্থাৎ প্রধানশিক্ষক পদে পদোন্নতির পর সহকারী শিক্ষকের ৩৮ হাজারের বেশি পদ শূন্য হবে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি দশম গ্রেডের। এ জন্য এ পদে পদোন্নতির ফাইল পিএসসিতে পাঠাতে হয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা। বর্তমান নিয়োগবিধি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হয় সহকারী শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে। আর সরাসরি নিয়োগ হয় ২০ শতাংশ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উচ্চ আদালতের রায়ের পর শূন্য থাকা ৩৬ হাজার ২৩৫টি প্রধান শিক্ষকের পদে সহকারী শিক্ষকদের পদোন্নতি দেওয়ার পর সহকারী শিক্ষকের এই পদগুলোও শূন্য হবে। বর্তমানে সহকারী শিক্ষকের পদ শূন্য আছে ২ হাজার ২০০ এর বেশি। অর্থাৎ প্রধানশিক্ষক পদে পদোন্নতির পর সহকারী শিক্ষকের ৩৮ হাজারের বেশি পদ শূন্য হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এহছানুল হক মিলন বলেছেন, ৩৬ হাজার ২৩৫টি প্রধান শিক্ষকের পদ নিয়োগের পর অবিলম্বে তাঁরা ৩৮ হাজার ৪৩৩টি সহকারী শিক্ষকও নিয়োগ দেওয়া যাবে। এটি একটি সুখবর।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস।

বর্তমানে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ৬৫ হাজারের বেশি। অধিগ্রহণ করা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক (চাকরির শর্তাদি) বিধিমালার জ্যেষ্ঠতা ও পদোন্নতি ইত্যাদি সংক্রান্ত ৯(১) বিধির অংশবিশেষ চ্যালেঞ্জ করে ২০১৭ সালে রিট হয়েছিল। রিটটি করেছিলেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে জাতীয়করণ করা বিদ্যালয়ের শিক্ষকেরা।

প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানি শেষে ২০১৯ সালের ১১ মার্চ হাইকোর্ট রায় দেন। রায়ে ওই বিধির অংশবিশেষ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যা ২০২২ সালের ২০ নভেম্বর মঞ্জুর করেন আপিল বিভাগ।

পাশাপাশি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করা হয়। লিভ টু আপিল মঞ্জুরের পর ২০২৩ সালে রাষ্ট্রপক্ষ আপিল করে। এ ছাড়া সরকারি প্রাথমিকে সরাসরি নিয়োগ পাওয়া শিক্ষকেরাও আপিল বিভাগে আবেদন করেন। শুনানি শেষে আপিল মঞ্জুর করে রায় দেন আপিল বিভাগ।


ষষ্ঠ শ্রেণি থেকে চালু হচ্ছে তৃতীয় ভাষা শিক্ষা: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। ছবি: সংগৃহীত
আপডেটেড ২ জুলাই, ২০২৬ ২০:৩৬
নিজস্ব প্রতিবেদক

বাংলা ও ইংরেজির বাইরে ষষ্ঠ শ্রেণি থেকে তৃতীয় ভাষা শিক্ষা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্র্যান্ট অ্যান্ড মাল্টিপ্লায়ার গ্র্যান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমরা একটি মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন করতে চাই। যেখানে আমরা নতুন নতুন বিষয় চালু করব। উদাহরণস্বরূপ, ষষ্ঠ শ্রেণি থেকে সকল ছাত্রছাত্রীর জন্য কারিগরি ও কর্মমুখী শিক্ষা বাধ্যতামূলক করা হবে। আমরা ষষ্ঠ শ্রেণি থেকে একটি তৃতীয় ভাষা চালু করতে যাচ্ছি। সকল ছাত্রছাত্রীর জন্য এটি চালু হতে কিছুটা সময় লাগবে, তবে সেই প্রক্রিয়াও চলমান রয়েছে। চতুর্থ শ্রেণি থেকে সকল ছাত্রছাত্রীর জন্য আরও দুটি বিষয় বাধ্যতামূলক করতে যাচ্ছি। একটি হলো সংস্কৃতি এবং অন্যটি খেলাধুলা। পুরো শিক্ষা ব্যবস্থাটি এমন একটি আদর্শ নিয়ে এগিয়ে যাবে, যাকে আমরা বলি, লার্নিং উইথ হ্যাপিনেস।’

মাহদী আমিন বলেন, ‘আমরা চাই এমন একটি শিক্ষাব্যবস্থা, যেখানে ছাত্রছাত্রীদের শিখতে বাধ্য করা হবে না, বরং তারা একটি সহযোগিতামূলক পরিবেশে কাজ করবে। যেখানে ছাত্র-শিক্ষকদের মধ্যে সর্বোত্তম সম্পর্ক থাকবে এবং তারা তাদের নিজস্ব প্রতিভা দিয়ে চেষ্টা করবে। সুতরাং, এগুলো আমাদের কিছু আদর্শ ও নীতি। আমরা যখন সামনের দিকে এগিয়ে যাব, তখন এই নীতিগুলো বাস্তবায়ন করতে এবং এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমাদের সব অংশীজনের আরও সহযোগিতার প্রয়োজন।’

এ সময় নতুন সরকারের জন্য ৪৮ মিলিয়ন বরাদ্দের ঘোষণায় ইউনেস্কোসহ দাতা সংস্থাগুলোকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদও জানান তিনি। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রোগ্রাম, মাল্টিমিডিয়া ক্লাসরুমের মতো বিষয়গুলোকে আমরা অগ্রাধিকার দিতে চাই। সেজন্যই আমরা সারা দেশের শিক্ষার্থীদের জন্য একই ইউনিফর্ম, একই স্কুল ব্যাগ, একই জুতা চালু করছি এবং সেই সাথে মিড ডে মিল প্রকল্পও চালু করছি। এটি এখন জাতীয় পর্যায়ে রয়েছে এবং আমরা এ বিষয়ে কিছু মতামত পাচ্ছি; আমাদের কাজের পদ্ধতি নতুন করে সাজাতে হবে।’


অধ্যক্ষের গাফলতিতে এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না সুমাইয়ার

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

বোর্ডের ফি জমা দিয়ে, দিনরাত পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল পিতৃহীন সুমাইয়া খাতুন। স্বপ্ন ছিল এইচএসসি পাস করে নিজের পায়ে দাঁড়াবে, সংসারের হাল ধরবে। কিন্তু কেন্দ্রের দিন সকালে পরীক্ষার হলে গিয়ে সে জানতে পারল, তার প্রবেশপত্রই (এডমিট কার্ড) আসেনি।

কলেজের অধ্যক্ষের চরম গাফলতি আর উদাসীনতায় পরীক্ষার হলে বসার আগেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল এতিম পরীক্ষার্থীর। এই ঘটনাটি ঘটেছে সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রি কলেজে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা, অভিভাবক এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।

পরিবার জানায়, সুমাইয়া খাতুন চন্দনবাইশা উত্তরপাড়া এলাকার অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। ছোটবেলাতেই বাবাকে হারিয়ে মায়ের টানে আর নিজের অদম্য ইচ্ছায় পড়ালেখা চালিয়ে আসছিল সে। চলতি বছরের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কলেজের নিয়ম অনুযায়ী ফরম পূরণের যাবতীয় ফি সময়মতো পরিশোধ করেছিল সুমাইয়া।

পরীক্ষার আগের দিন পর্যন্ত সে কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রবেশপত্রের জন্য যোগাযোগ করে। তখন তাকে জানানো হয়, পরীক্ষার দিন সকালে কেন্দ্রেই তাকে প্রবেশপত্র দিয়ে দেওয়া হবে। শিক্ষকের দেওয়া সেই আশ্বাসে আশ্বস্ত হয়ে যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় সুমাইয়া। কিন্তু সেখানে গিয়ে জানতে পারে, কলেজ কর্তৃপক্ষ তার ফরম পূরণের টাকাই বোর্ডে জমা দেয়নি! ফলে তার নামে কোনো প্রবেশপত্রই ইস্যু হয়নি।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌস জানান, অধ্যক্ষের কাছে পরীক্ষা দিতে না পারার বিষয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে। উপজেলার সচেতন মহল দাবি জানিয়েছেন, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী অধ্যক্ষ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থীর জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার সাহস কেউ না পায়।

একই সাথে, বিশেষ বিবেচনায় পরীক্ষা নেওয়ার কোনো বিকল্প ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়ে শিক্ষা বোর্ডের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।


প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা নেই

প্রতীকী ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০

দেশের ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বিদ্যমান সকল আইনি জটিলতা নিরসন হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ সংক্রান্ত একটি মামলায় চূড়ান্ত রায় প্রদান করেছেন। আদালতের এই রায়ের ফলে দীর্ঘদিনের ঝুলে থাকা প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করতে আর কোনো আইনি বাধা রইল না।

এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন যে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে চলা প্রধান শিক্ষকের তীব্র সংকট দূর করতে সরকার ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছিল। তবে একটি আইনি রিট ও আদালতের পূর্ববর্তী স্থগিতাদেশের কারণে এই বিশাল নিয়োগ প্রক্রিয়াটি থমকে ছিল। আপিল বিভাগের আজকের এই রায়ের মাধ্যমে সেই স্থগিতাদেশ উঠে যাওয়ায় এখন নিয়োগের পরবর্তী পদক্ষেপগুলো দ্রুততম সময়ে সম্পন্ন করা সম্ভব হবে।

প্রধান শিক্ষক না থাকায় অনেক বিদ্যালয়ে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। সরকারের পক্ষ থেকে এই সংকট মেটানোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছিল। আদালতের এই যুগান্তকারী রায়ের ফলে এখন সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের গতি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু, ডিজিটাল নজরদারিতে কেন্দ্রগুলো

ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে পৃথক প্রশ্নপত্রের মাধ্যমে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে এবার প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও আধুনিক ডিজিটাল নজরদারি ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নজরদারির অংশ হিসেবে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি প্রথমবারের মতো দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তাদের জন্য বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারের নিয়ম চালু করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে। পরীক্ষার প্রথম দিনে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বাংলা প্রথমপত্র বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএমটি) বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে সরাসরি দেশের বিভিন্ন কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বছর ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২ হাজার ৬৯৭টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে কেন্দ্র রয়েছে ১ হাজার ৬২৬টি, মাদ্রাসার জন্য ৪৬১টি এবং কারিগরি বোর্ডের জন্য ৬১০টি কেন্দ্র বরাদ্দ করা হয়েছে। ২১ দিনব্যাপী এই প্রক্রিয়ায় মোট ৭৭টি বিষয়ের পরীক্ষা সম্পন্ন করা হবে।

সময়সূচি অনুযায়ী, সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা চলবে ১৫ আগস্ট পর্যন্ত। কারিগরি শিক্ষা বোর্ডের তাত্ত্বিক পরীক্ষাগুলো জুলাই থেকে শুরু হয়ে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলার কথা রয়েছে। বোর্ডভিত্তিক হিসেবে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৩ লাখ ৩৯৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এ ছাড়া রাজশাহী, যশোর, দিনাজপুর ও চট্টগ্রামসহ অন্যান্য বোর্ডেও বিপুল সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। শৃঙ্খলা বজায় রাখতে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রগুলোর আশেপাশে জনসাধারণের প্রবেশে বিশেষ বিধিনিষেধ আরোপ করেছে সংশ্লিষ্ট প্রশাসন।


banner close