দিনাপুরের হিলিতে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়ার ধর্ষণ মামলার প্রধান আসামি আসাদুজ্জামান রকিকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার ভোরে ফুলবাড়ি উপজেলার বেতদিঘী গ্রামে আসামির শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে রকিকে গ্রেপ্তার করা হয়।
আসাদুজ্জামান রকি দিনাজপুর জেলার হাকিমপুর থানার নওপাড়া গ্রামের আব্দুল হান্নান হকের ছেলে।
র্যাব জানায়, আসাদুজ্জামান রকি আশুলিয়া থানার কাঠগড়া বাজার এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতো। একদিন খালি বাসায় গ্যাসের চুলায় সমস্যার কথা বলে একই ভবনের প্রতিবেশী এক নারীকে দেখার জন্য ডেকে এনে ধর্ষণ করে।
র্যাবের দিনাজপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শরিফুল আহসান জানান, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আসাদুজ্জামান রকিকে সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আইডি থেকে ওসির ছবি যুক্ত করে এমন হুমকি দেওয়া হয়। একই সঙ্গে তার সরকারি মুঠোফোন নম্বরেও হুমকি দিয়ে খুদে বার্তা পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টটি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়ন থেকে নৌকার বৈঠা উদ্ধারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই পোস্ট দেওয়া হয়। পোস্টে ওসি রফিকুল ইসলামকে উদ্দেশ করে অশালীন ভাষা ব্যবহারের পাশাপাশি তাকে ও থানাকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
ফেসবুক পোস্টে লেখা হয়, ‘প্রিয় কটিয়াদীবাসী, এই কুলাঙ্গারকে চিনে রাখুন। কটিয়াদীর বিভিন্ন এলাকায় নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো মামলা ছাড়াই অন্যায়ভাবে গ্রেফতার করছে। আজ ধুলদিয়ায় নৌকার বৈঠা উদ্ধার করে এটাকে অস্ত্র বানিয়ে দিয়েছে। এখনো সময় আছে কটিয়াদীর মানুষকে শান্তিতে বসবাস করতে দে। দেয়ালে পিঠ ঠেকে গেলে কিন্তু তোকেসহ থানা জ্বালিয়ে দেব। তোর বিচার এই কটিয়াদীর মাটিতেই করব ইনশাআল্লাহ।’
এ ছাড়া ওসির সরকারি মুঠোফোন নম্বরে পাঠানো খুদে বার্তায় লেখা হয়, ‘গোপালগঞ্জের মতো আপনাকে জ্বালিয়ে দিবো একসময় সার মনে রাখবেন মাইন্ড ইট।’
একজন পুলিশ কর্মকর্তা ও থানায় এমন প্রকাশ্য হুমকির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাকে ও কটিয়াদী থানা জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়ে পোস্ট দেওয়া হয়েছে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট আইডির বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়েছে। আইডিটির পরিচয় শনাক্ত এবং পোস্টের বিষয়ে তদন্ত চলছে।
ওসি আরও বলেন, ‘এমন হুমকি প্রতিনিয়ত আসছে। তবে এসব হুমকিদাতার বেশির ভাগই প্রবাসী।’
দেশের ১৬ জেলায় সরকারি-বেসরকারি স্থাপনা, যানবাহন ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার রাত থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর)পর্যন্ত এসব ঘটনা ঘটে। এর মধ্যে গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের বাড়িসহ তার স্বজন ও সমর্থকদের বাড়িতে হামলা চালানো হয়েছে। মুকসুদপুর থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ ছাড়া কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি কাঠের দোকান থেকে প্রায় ৩০০টি লগি-বৈঠা জব্দ করেছে পুলিশ।
ঘটনাগুলো ঘটেছে গোপালগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও সিলেটে। এসব জেলার মধ্যে বিভিন্ন স্থানে বাস, ট্রাক, ট্রেন, বিদ্যুৎ কার্যালয়, ইউনিয়ন পরিষদ, ভূমি কার্যালয়, জুলাই স্মৃতিস্তম্ভ ও গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়া হয়েছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গোপালগঞ্জে বিএনপি নেতাদের বাড়িতে হামলা: গোপালগঞ্জ-১ আসনের বিএনপির সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লার বাড়িসহ তার স্বজন ও সমর্থকদের কয়েকটি বাড়িতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর)বেলা ১১টার দিকে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কাশিয়ানীতে এ ঘটনা ঘটে। সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মিছিল, বিক্ষোভ ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান করছিলেন।
দুপুর ১২টার দিকে গোপালগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে জেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এইচ খান মঞ্জুর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই সময়ে মুকসুদপুর থানায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও আগুন দেওয়া হয়। থানার ভেতরে থাকা পুলিশের সরকারি গাড়িসহ ১০টি যানবাহন পুড়িয়ে দেওয়া হয়েছে।
চট্টগ্রাম ও নাটোরে অগ্নিসংযোগ: চট্টগ্রামের আনোয়ারার তৈলাদ্বীপ এলাকায় বিএনপির সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের বাড়ির পাশে বুধবার রাতে রামদা ও লগি-বৈঠা হাতে মিছিল করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন দেন। বাঁশখালীর কালীপুর ও শেখেরখীল ইউনিয়নের দুটি সড়কে বৃহস্পতিবার (১৯ নভেম্বর)ভোরে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। একই সময়ে উপজেলার একটি গ্রামীণ ব্যাংক শাখার বাইরে আগুন দেওয়া হয়।
নাটোরের গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের মালিকানাধীন দুটি মুদিদোকানে বৃহস্পতিবার (১৯ নভেম্বর)ভোর পাঁচটার দিকে আগুন দেওয়া হয়। বিয়াঘাট হাটপাড়া এলাকায় তাঁর বাড়ির সামনে দোকান দুটির অবস্থান। মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এতে দোকানের অধিকাংশ মালামাল পুড়ে যায়। ফায়ার সার্ভিস প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
বিভিন্ন স্থাপনা ও যানবাহনে আগুন; গাজীপুরের ভুরুলিয়ায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর)রাত তিনটার দিকে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক ইউসুফ আলী জানান, ফায়ার সার্ভিস প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বৃহস্পতিবার ১৯ নভেম্বর) ভোর পাঁচটার দিকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে পেট্রলজাতীয় পদার্থ ঢেলে আগুন দেওয়া হয়। ইউএনও শহীদুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। একই দিন ভোর পৌনে চারটার দিকে ভালুকার জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় পার্কিং করা মীর এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসের ভেতরে ঘুমিয়ে থাকা এক কর্মী দ্রুত বেরিয়ে যান। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইলের মির্জাপুরে বুধবার রাত ১২টার পর জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে স্মৃতিস্তম্ভের একাংশ ক্ষতিগ্রস্ত হয়। একই রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই উড়ালসড়ক থেকেও নিচে পেট্রলবোমা ছোড়া হয়। এতে কিছু সময় ঢাকামুখী যান চলাচল বন্ধ থাকে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে বুধবার রাত ১১টার দিকে সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের বাজারসংলগ্ন একটি কাঠের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৩০০টি লগি-বৈঠা জব্দ করে পুলিশ। দোকানমালিক জসিম মিয়াকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, জসিম ও রঞ্জু মিয়া নামের দুই কাঠ ব্যবসায়ী কয়েক হাজার লগি-বৈঠা তৈরির অর্ডার পেয়েছিলেন। এর মধ্যে জসিম প্রায় ৩০০টি তৈরি করেছিলেন। পরদিন সেগুলো সরবরাহের কথা ছিল। রঞ্জু মিয়াকে আটক করা যায়নি। পুলিশের দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব তৈরির অর্ডার দিয়েছিলেন। এ কারণে কটিয়াদী বাজারের সব করাতকল সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ভৈরবের জগন্নাথপুর এলাকায় বুধবার রাত সোয়া ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে চলন্ত যাতায়াত পরিবহনের একটি বাসে ককটেল নিক্ষেপ করা হয়। এতে বাসের কাচ ভেঙে ভেতরে আগুন ধরে যায়। যাত্রীরা আগুন নিভিয়ে ফেলেন।
চাঁদপুর, নারায়ণগঞ্জ ও নেত্রকোনায় হামলা: চাঁদপুর সদর উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ ভবনে বুধবার গভীর রাতে আগুন দেওয়া হয়। জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় বেশ কিছু আসবাব পুড়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর জানান, হেলমেট পরা এক ব্যক্তি রাত একটার দিকে আগুন দেন। নাইট গার্ড ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর)ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি খড়বোঝাই ট্রাক ও একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। ভোর সাড়ে পাঁচটার দিকে জামপুর ইউনিয়নের মীরের টেক এলাকায় তিন দুর্বৃত্ত ট্রাকটিতে আগুন দেয়। সকাল সোয়া নয়টার দিকে কাঁচপুর সেতু এলাকায় যাত্রীসেবা পরিবহনের বাসে যাত্রীবেশে উঠে দুর্বৃত্তরা আগুন দেয়। আরোহীরা নিরাপদে বেরিয়ে আসেন।
নেত্রকোনায় ট্রেন, গ্রামীণ ব্যাংকের শাখা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের বিশকা স্টেশনে পৌঁছালে জারিয়া থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল ট্রেনের বগিতে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার (১৯ নভেম্বর)ভোর পৌনে চারটার দিকে পূর্বধলার বালুচড়া বাজারে গ্রামীণ ব্যাংকের খলিশাউড়া শাখার বারান্দায় আগুন দেওয়া হয়। নৈশপ্রহরীর চিৎকারে স্থানীয়রা আগুন নেভান। এতে ব্যাংকের ভেতরে ক্ষতি হয়নি।
নেত্রকোনা সদরের কাইলাটিতে ফচিকা ইউনিয়ন ভূমি কার্যালয়েও আগুন দেওয়া হয়। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মধুসূদন সরকার জানান, জানালা খুলে প্লাস্টিকের বোতলে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে একটি কাঠের চেয়ার পুড়ে যায় এবং স্টিলের আলমারি কালো হয়ে যায়। এ ছাড়া জেলা সদর ও বারহাট্টায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
রাজশাহী, পঞ্চগড় ও রংপুরে নাশকতা: রাজশাহীর আমচত্বরে বুধবার রাত ২টা ২৫ মিনিটে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিআরটিসির বাস ডিপোতে আগুন দেওয়া হয়। একই রাতে টার্মিনালে থাকা দুটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে একটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলেও একটি বাস পুড়ে যায়, অন্যটি ক্ষতিগ্রস্ত হয়। এর আগে রাত সোয়া ১১টার দিকে চারঘাটের নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়া হয়। বাঘার মনিগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখার পাশ থেকে ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ।
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় রাখা একটি চেয়ারের ওপর থেকে টিফিনবক্স আকৃতির পাত্রে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরীক্ষা করতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেয় পুলিশ। জেলা প্রশাসক শুকরিয়া পারভীন জানান, সিসিটিভি ফুটেজে ভোরে চাদর ও মাস্ক পরা এক যুবককে সেখানে ঘোরাফেরা করতে দেখা গেছে। বিষয়টি যাচাই করা হচ্ছে।
রংপুর মহানগরের দর্শনা রোডে বিএসটিআই কার্যালয়ের কাছে সাজু মিয়ার গ্যারেজে বৃহস্পতিবার (১৯ নভেম্বর)ভোর চারটার দিকে শাপলা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। নৈশপ্রহরী সিরাজুল ইসলামের ভাষ্য, মাস্ক পরা তিন ব্যক্তি বাসটির কাছে যাওয়ার পর আগুন জ্বলতে দেখেন তিনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আনোয়ারুল হক জানান, বাসটির বেশির ভাগ পুড়ে গেছে।
সুনামগঞ্জ ও সিলেটে বাস-ব্যাংকে আগুন: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে বুধবার রাত দুইটার দিকে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়া হয়। উপজেলা পরিষদের ডরমিটরি ও পশু হাসপাতালের পাশে ভাড়া বাসায় ব্যাংকটির কার্যক্রম চলে। শাখা ব্যবস্থাপক আবু হানিফ জানান, দরজার সামনে পেট্রল ঢেলে আগুন দেওয়া হলেও নৈশপ্রহরী ও স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন। আসবাব ও কাগজপত্র অক্ষত রয়েছে।
সিলেট নগরের চালিবন্দর এলাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর)ভোর চারটা থেকে সাড়ে চারটার মধ্যে চারটি মিনিবাসে আগুন দেওয়া হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. আফজাল হোসেন জানান, ঘটনাটি নাশকতা নাকি ব্যক্তিগত শত্রুতার জেরে ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে।
সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (১৯ নভেম্বর)সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকায় ২৩, চট্টগ্রামে ১৫, নারায়ণগঞ্জে ৬, গাজীপুরে ১৫, গোপালগঞ্জে ২৭, ময়মনসিংহে ২ এবং ফরিদপুরে ৩ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। প্রয়োজনে মোতায়েনের জন্য আরও পাঁচ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বিজিবি জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও জননিরাপত্তা সংশ্লিষ্ট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এ সময় ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়। তবে এই খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতন করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাভোগ করতে হয়েছে। নির্যাতনের মাত্রা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। পরে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই খুনি চক্রকে বিতাড়িত করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন পার্শ্ববর্তী দেশে বসে তারা বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এত কিছুর পরও তাদের কোনো অনুশোচনা নেই। এর অর্থ, তারা জনগণের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায় না।
তিনি বলেন, যারা এই দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন আবারও খুনের পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তারা মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করতে চায়।
বিএনপির এই নেতা বলেন, প্রত্যেকটি অলিগলি, পাড়া-মহল্লায় আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। কারণ, তারা এই দেশের ভালো চায় না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি আমরা। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আমরা কখনো আপস করব না।
তিনি আরও বলেন, দেশের প্রত্যেক মানুষ আজ শান্তি চায়, আইনের শাসন চায়। আমরা বাংলাদেশকে বুকে ধারণ করে পথ চলতে চাই, দেশ গঠন করতে চাই এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই। এই কাজে যারা বাধা দেবে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে কিংবা আগুন সন্ত্রাস চালাবে, তাদের অপকর্মের হাত ভেঙে দেওয়া হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো জায়গা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের রুখতে পারবে না।
এর আগে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
বরিশাল থেকে নিখোঁজ হওয়া জেলা জজ আদালতের সিভিল জজ শেখ ফারহান নাদীমকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে উদ্ধার করা হয়। তিনি একাই কুয়াকাটায় এসে হোটেলে উঠেছিলেন বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদীম একাই ঘুরতে কুয়াকাটায় গিয়েছিলেন। তাঁর সঙ্গে অন্য কেউ ছিলেন না। মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁকে নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল। পরে পুলিশের তৎপরতায় তাঁর সন্ধান পাওয়া যায়।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ইতিমধ্যে তাঁকে উদ্ধার করে আমাদের হেফাজতে রাখা হয়েছে। বরিশাল থেকে পুলিশের একটি দল আসছে। তাঁদের সঙ্গে আলোচনা করে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, শেখ ফারহান নাদীম কুয়াকাটার আবাসিক হোটেল সি-ভিউয়ের ১৩ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।
হোটেলটির পরিচালক মো. সোলাইমান জানান, গত ১৮ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে হাতে ছোট একটি ব্যাগ নিয়ে ওই ব্যক্তি হোটেলে আসেন। হোটেলের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর তাঁকে এক হাজার টাকা ভাড়ায় একটি কক্ষ দেওয়া হয়। তিনি একাই এসেছিলেন, তাঁর সঙ্গে কেউ ছিলেন না।
সোলাইমান আরও বলেন, বৃহস্পতিবার সকালে হোটেল মালিকের সঙ্গে তিনি দীর্ঘ সময় বসে কথা বলেন। তখন তাঁরা জানতে পারে যে তিনি বরিশাল আদালতের একজন বিচারক। সন্ধ্যার পর সাংবাদিকদের মাধ্যমে জানতে পারেন, তিনি নিখোঁজ ছিলেন এবং পুলিশ তাঁকে উদ্ধার করেছে। তাঁর ব্যবহৃত কক্ষটি এখনো তালাবদ্ধ রয়েছে। বিকেলের কোনো একসময় তিনি হোটেল থেকে বের হয়ে যান।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) আদালতের কার্যক্রম শেষে বাসায় ফেরার কথা থাকলেও বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন বরিশাল জেলা জজ আদালতের কর্মকর্তা-কর্মচারীরা। পরে বুধবার এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। দুই দিন ধরে তাঁর কোনো সন্ধান না পাওয়ায় বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল।
সরকারের আধুনিক ও স্মার্ট কৃষি ব্যবস্থাপনার অংশ হিসেবে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলায় ভূ-উপরিস্থ পানির প্রাপ্যতা বৃদ্ধিপূর্বক ভূ-গর্ভস্থ পানির ওপর চাপ হ্রাসের উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়নের জন্য গৃহীত ‘জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প (অংশ-১)’ শীর্ষক প্রকল্পটি গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত একনেক সভায় অনুমোদিত হয়। প্রকল্পটি জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার মোট ২৫টি উপজেলায় অক্টোবর ২০২৬ হতে জুন ২০৩০ পর্যন্ত মেয়াদে বাস্তবায়িত হবে।
খাল পুন:খনন, প্রয়োজনীয় সেচ অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধ বিলসমূহের পানি নিষ্কাশনপূর্বক জলাবদ্ধতা দূর করে আধুনিক সেচ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে ২১,৫০৫ হেক্টর জমিতে আধুনিক সেচ সুবিধা প্রদানের মাধ্যমে ১,৩৯,৭৮২ মে.টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে প্রকল্পটি বাস্তবায়িত হবে মর্মে প্রকল্পের ফোকাল পয়েন্টে কর্মকর্তা ও নির্বাহী প্রকৌশলী, বিএডিসি, বগুড়া জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম জানান।
তিনি আরো বলেন, প্রকল্পের মাধ্যমে প্রকল্প এলাকায় ৩০০ কি.মি. সেচ ও নিষ্কাশন খাল পুন:খনন, বিদ্যুৎচালিত এলএলপি সোলার ও গভীর নলকূপ স্কিমের জন্য ৩৫০ সেট পাম্প ও মটর ক্রয়, বিভিন্ন ধরনের ১৫৫টি হাইড্রোলিক স্ট্রাকচার নির্মাণ, ফসলের মাঠ ও চর অঞ্চলের জন্য ৩৫ কি.মি. আরসিসি গোপাট নির্মাণ, ৫০ সেট সোলার সেচযন্ত্র ক্রয় ও স্থাপনসহ সময়োপযোগী এবং কৃষকবান্ধব বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হবে।
ফোকাল পয়েন্ট কর্মকর্তা আরো জানান, বিএডিসি’র চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম জানিয়েছেন যে, প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো প্রকল্পের আওতাধীন সকল কার্যক্রম যথাসময়ে বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিচয় দিয়ে কৃষকের দোরগোড়ায় কোনরূপ হয়রানি ছাড়া পৌঁছে দেয়া এবং এক্ষেত্রেই একটি প্রকল্পের মূল উদ্দেশ্য নিহিত থাকে।
আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আধুনিক ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর এবং বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের আর্থসামাজিক উন্নয়নে শুরু হয়েছে মাসব্যাপী ‘সেবা মাস-২০২৬’। ব্যাংকিং সেবা সহজীকরণ, ডিজিটাল রূপান্তর, ঋণ কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের সঙ্গে ব্যাংকের যোগাযোগ বাড়ানোই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি চলবে।
সেবা মাসে ব্যাংকের সব শাখায় গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, আমানত ও ঋণসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শেয়ার-সংক্রান্ত তথ্য হালনাগাদ এবং ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারে বিশেষ কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধান ও প্রান্তিক পর্যায়ের সদস্যদের ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মূল শক্তি বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য। অতীতে সদস্যদের সঙ্গে ব্যাংকের যে দূরত্ব তৈরি হয়েছিল, তা দূর করে তাদের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান পরিবর্তনে ব্যাংককে কার্যকর ভূমিকা রাখতে হবে।’ এ জন্য ব্যাংকের কার্যক্রম আরও বেশি সদস্যকেন্দ্রিক করার নির্দেশনা দেন তিনি।
ডিজিটাল রূপান্তরে ২০২৭ সালের মার্চ লক্ষ্য
ব্যাংকের আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, ‘কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ৬০ শতাংশের বেশি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে পূর্ণাঙ্গ সিবিএস চালুর লক্ষ্য রয়েছে।’
এ ব্যবস্থা চালু হলে অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের বেতন-ভাতা এবং আভি-কারুপণ্যের বাংলা কিউআর পেমেন্ট নিজস্ব ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে। এতে ব্যাংকের নিজস্ব সক্ষমতা বাড়ার পাশাপাশি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে।
ব্যাংকের সুশাসন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, ‘এইচআর পলিসি সংস্কারের পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম ও ভুয়া সনদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের পেনশন স্থগিত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে পদোন্নতি ও প্রণোদনা দেওয়া হবে মেধা ও দক্ষতার ভিত্তিতে।’
সঞ্জীবন প্রকল্পে এক লাখ সদস্যকে যুক্ত করার লক্ষ্য
সদস্যদের স্বাবলম্বী করতে ‘সঞ্জীবন’ প্রকল্পের আওতায় মাত্র ৮ শতাংশ সুদে দলগত ও উৎপাদনমুখী ঋণ দেওয়া হচ্ছে। এ প্রকল্পে এক লাখ সদস্যকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগে ঋণসুবিধার বাইরে থাকা ব্যাটালিয়ন আনসার সদস্যদেরও পাইলটিংয়ের মাধ্যমে যুক্ত করা হয়েছে। ঋণের ঝুঁকি ব্যবস্থাপনায় ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে শেয়ার রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।
মহাপরিচালক জানান, ডাটাবেজ ও ইআরপি নিবন্ধনের মাধ্যমে সদস্যদের জন্য ব্যাংক ও ওয়েলফেয়ার ট্রাস্টের সেবা সমন্বিত করা হয়েছে। এর আওতায় দক্ষতা উন্নয়ন, জাপানসহ বিদেশে নিরাপদ কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ এবং চাকরিজীবীদের সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ‘সমৃদ্ধি ঋণ’ দেওয়া হচ্ছে। রেমিট্যান্স ও কল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগও রয়েছে।
তিন প্রকল্পে ঋণ বিতরণ
সেবা মাসের উদ্বোধন উপলক্ষে সদস্যদের মধ্যে শেয়ার বণ্টন, কলেজ পর্যায়ে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় শেয়ার বিক্রয় কার্যক্রমের সনদ বিতরণ, সঞ্জীবন ঋণ বিতরণ এবং বৈদেশিক কর্মসংস্থান ঋণ কার্যক্রমের সূচনা করা হয়।
এ উপলক্ষে বরগুনার বেতাগীতে ‘বেতাগী সঞ্জীবন প্রকল্পের’ আওতায় ৩২ সদস্যের একটি দলকে আট লাখ টাকা এবং চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের ‘পরিবার স্বনির্ভর সঞ্জীবন প্রকল্পের’ আওতায় ৪১ সদস্যকে আট লাখ ২০ হাজার টাকা ঋণ দেওয়া হয়।
এ ছাড়া ময়মনসিংহের তারাকান্দার আনসার-ভিডিপির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য হোসনে মোকাম্মেল জিহাদকে জাপানে চাকরির সুযোগ কাজে লাগাতে তিন লাখ টাকা বৈদেশিক কর্মসহায়ক ঋণ দেওয়া হয়।
এসব উদ্যোগের মাধ্যমে সদস্যদের আত্মকর্মসংস্থান, উৎপাদনমুখী বিনিয়োগ এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি ব্যাংকের সঙ্গে তাদের আর্থিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ বাহিনী ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, কারখানা থেকে বেরিয়ে আসা এবং মহাসড়ক অবরোধের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা দেখা গেছে।
শ্রমিক অসন্তোষের কারণে এদিন গাজীপুরে মোট ১২২টি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৪৫টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব কারখানার ২২টি শ্রীপুর উপজেলায়। অন্যদিকে ৭৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সকাল সোয়া ৮টার দিকে বাঘের বাজার, মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন শিল্প এলাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। মজুরি বাড়ানোর দাবিতে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বাইরে বেরিয়ে আসেন। পরে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দিলে কিছু সময়ের জন্য যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঘের বাজার এলাকার মণ্ডল ইন্টিমেটসের শ্রমিকেরা প্রথমে কারখানায় প্রবেশ করে হাজিরা দেন। এরপর সকাল সোয়া ৮টার দিকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাঁরা কারখানা থেকে বের হয়ে পাশের গোল্ডেন রিফিট গার্মেন্টসের সামনে জড়ো হন। পরে ওই কারখানার শ্রমিকেরাও তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়কে নামার চেষ্টা করেন এবং আশপাশের কারখানা বন্ধের দাবি জানান।
পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে সিলকেন সুইং, নতুন বাজার এলাকার এসরোটেক্স গার্মেন্টস লিমিটেড ও এস এম নীট ওয়্যার লিমিটেড, শ্রীপুর পৌরসভার আসপাডা এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গ্রিন টেক্সটাইল, গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার চিটাগাং ডেনিম লিমিটেড ও মেঘনা গার্মেন্টস।
এ ছাড়া ক্রিস্টাল গার্মেন্টস, ডেমিমেক গার্মেন্টস, ডিভাইন গার্মেন্টস, হ্যামস গ্রুপের ঢাকা ফ্যাশন লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেটস, আনসার রোড এলাকার পলমল গ্রুপের তাকওয়া ফ্যাশন, তাকওয়া পোশাক কালাকান, সাসটেইনেবল ওয়েট প্রসেসিং প্লান্ট এবং মেঘনা ডেনিম অ্যান্ড ইউনিগ্লোরি ওয়াশিং লিমিটেডসহ আরও কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
এরপর বিক্ষুব্ধ শ্রমিকদের একটি অংশ গড়গড়িয়া মাস্টারবাড়ি থেকে শ্রীপুর ও মাওনা চৌরাস্তার দিকে চলে যায়। এতে ওই এলাকার সড়কেও কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে।
বেলা ১২টার দিকে সদর উপজেলার সালনা এলাকাতেও শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের সরিয়ে দিলে প্রায় ৩০ মিনিট পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশির বলেন, গত তিন সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে। রাজেন্দ্রপুরের বাংলাবাজার, হোতাপাড়া ও শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়িসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে সড়ক অবরোধের ঘটনা ঘটছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, সকালে শ্রমিকেরা কারখানায় প্রবেশ করে হাজিরা দেওয়ার পর বের হয়ে যান। পরে শ্রীপুরের দিকে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
গাজীপুর কলকারখানা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক রবিউল ইসলাম বাঁধন জানান, বৃহস্পতিবার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় ৪৫টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে শ্রীপুরের ২২টি কারখানা রয়েছে। এ ছাড়া জেলার ৭৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞা বলেন, সাধারণ ছুটি ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কারখানার সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তারা দিতে পারবেন।
এদিকে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে শ্রীপুরের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। মহাসড়ক ও আশপাশের এলাকায় দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অবস্থান নেন।
জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের কাশিমপুর কারাগারেও বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তায় বর্তমানে ১৫ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন এসআরবি ও ১৪ প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন। তাঁরা মহানগর, জেলা ও শিল্প পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩০ শিশু।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ২৩১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১ হাজার ৩৩৬ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ২ লাখ ৫৩ হাজার ৪০৮, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৫ হাজার ৮৮১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২৬ হাজার ৪৬৯ রোগী, যাদের মধ্যে ২ লাখ ১৭ হাজার ৫৪০ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক ফেসবুক পোস্টে মুসাদ্দিক এ অভিযোগ করেন।
পোস্টে মুসাদ্দিক লেখেন, ‘আমার গোপালগঞ্জের পৈতৃক বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে লীগের সন্ত্রাসীরা।’
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পেট্রলবোমা নিক্ষেপের পর পাঁচলাইশ আবাসিক এলাকার ওই বাড়িটির নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলছিল; রিকশায় যাওয়ার সময় এক পথচারী আগুনের দৃশ্যটি ভিডিও ধারণ করেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানানো হবে।’
এদিকে, একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানিয়েছেন, আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছিরের বাসায় তল্লাশি চালানো হলেও সেখানে তাঁকে পাওয়া যায়নি।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠা বলেছেন, বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে যেতে আরও শক্তিশালী আর্থিক বাজার, উন্নত বিনিয়োগ পরিবেশ প্রয়োজন। পাশাপাশি এমন সংস্কারও প্রয়োজন, যা বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে সক্ষম করে তুলবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোকে অর্থায়নযোগ্য বিনিয়োগে রূপান্তর করতে এডিবি তার সরকারি ও বেসরকারি খাতের অভিজ্ঞতাকে একত্র করার প্রচেষ্টা অব্যাহত রাখবে।’
বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে জানানো হয়েছে, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার জন্য শ্রেষ্ঠার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ১৬ থেকে ১৮ নভেম্বর ঢাকা সফর করেছে।
এই প্রতিনিধিদলে ছিলেন এডিবির অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের প্রধান তাকেও কোইকে এবং প্রাইভেট সেক্টর অপারেশনস ডিপার্টমেন্টের সিনিয়র উপদেষ্টা ক্রেইগ লি রবার্টস।
সফরকালে যৌথভাবে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ চালু করেছে এডিবি ও বাংলাদেশ সরকার। অবকাঠামোয় বেসরকারি বিনিয়োগের বাধা শনাক্ত করতে এই মনিটর পাঁচ শতাধিক সূচক ব্যবহার করে।
এডিবি আরও পাঁচটি সৌরবিদ্যুৎ ও ব্যাটারি স্টোরেজ প্রকল্পে তাদের লেনদেন-সংক্রান্ত পরামর্শমূলক সহায়তা সম্প্রসারণের জন্য একটি চুক্তিও সই করেছে।
সম্প্রসারিত এই প্রকল্প তালিকায় এখন ছয়টি প্রকল্প রয়েছে, যেগুলোর পরিকল্পিত উৎপাদন ক্ষমতা ১ হাজার মেগাওয়াটের বেশি। এটি এক বিলিয়ন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ সংগ্রহে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এডিবির মালিকানায় রয়েছে ৬৯টি সদস্য দেশ, যার মধ্যে ৫০টি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
কর্মীদের জন্য ইতিবাচক কর্মপরিবেশ, দক্ষতা বিকাশের সুযোগ ও উন্নত কর্মসংস্কৃতির স্বীকৃতি পেল মেটলাইফ। ফরচুন ম্যাগাজিনের ‘বিশ্বের সেরা কর্মস্থল’ তালিকায় এবার ১৩তম স্থান অর্জন করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক এ আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠান। নিজ খাতে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জনের পাশাপাশি টানা তৃতীয়বারের মতো এ মর্যাদাপূর্ণ তালিকায় জায়গা করে নিয়েছে মেটলাইফ।
কর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি তাদের যোগ্যতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে অবদান রাখার সুযোগ তৈরিতে গুরুত্ব দিচ্ছে মেটলাইফ। কর্মীরা যেন নিজেদের সেরাটা দিতে পারেন এবং প্রতিষ্ঠানের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন, সে ধরনের ইতিবাচক কর্মপরিবেশ গড়ে তোলাই প্রতিষ্ঠানটির অন্যতম অগ্রাধিকার।
মেটলাইফের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিশেল খালাফ বলেন, কাজের জন্য বিশ্বের সেরা কোম্পানি হিসেবে স্বীকৃতি পাওয়া এবং যুক্তরাষ্ট্রভিত্তিক আর্থিক সেবা ও বীমা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন কর্মীদের নিষ্ঠা ও আন্তরিকতার স্বীকৃতি। তাদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি প্রতিদিন লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, মেটলাইফের নতুন কৌশলগত পরিকল্পনা ‘নিউ ফ্রন্টিয়ার’ বাস্তবায়নে প্রতিষ্ঠানের কর্মসংস্কৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মীরা যখন নিজেদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রতিষ্ঠানে অবদান রাখার সুযোগ পান, তখন তারা গ্রাহক ও সহকর্মী উভয়ের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।
ফরচুনের ‘বিশ্বের সেরা কর্মস্থল’ তালিকাটি তৈরি করে ম্যাগাজিনটির গবেষণা সহযোগী প্রতিষ্ঠান ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’। কর্মীদের গোপন মতামত ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে এ তালিকায় প্রতিষ্ঠানের অবস্থান নির্ধারণ করা হয়।
এ তালিকায় অন্তর্ভুক্তির জন্য প্রতিষ্ঠানকে ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক সার্টিফায়েড’ স্বীকৃতিপ্রাপ্ত হতে হয়। পাশাপাশি বিশ্বজুড়ে অন্তত পাঁচ হাজার কর্মী থাকা এবং ২০২৫ সাল বা ২০২৬ সালের শুরুর দিকে অন্তত পাঁচটি আঞ্চলিক ‘সেরা কর্মস্থল’ তালিকায় স্বীকৃতি পাওয়ার শর্ত রয়েছে।
নিজ দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় কর্মপরিবেশের মান বিবেচনা করে চূড়ান্ত তালিকায় অবস্থান নির্ধারণ করা হয়।
ফেনীতে ইসলামধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়েছেন উত্তেজিত জনতা। এ সময় তার স্ত্রীকেও আটক করে পুলিশ। পরে তাদের থানায় নেওয়ার পথে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। এতে দুই পুলিশ সদস্যসহ অন্তত চারজন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে শহরের কলেজ রোডসংলগ্ন গার্ডেন সিটির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটক যুবকের নাম আনোয়ার হোসেন পারভেজ। ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ তাকে ও তার স্ত্রীকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা পারভেজকে মারধর এবং পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় পুলিশের গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে রয়েছেন ফেনী মডেল থানার দুই পুলিশ সদস্য।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।