রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কৃষ্ণ রায় নামে এক শিক্ষার্থীকে হলকক্ষে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। একইসঙ্গে ‘শিবির’ তকমা দিয়ে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ মিলেছে।
গত রোববার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে। অবশ্য অভিযোগের বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর।
ভুক্তভোগী কৃষ্ণ রায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র।
অভিযুক্তরা হলেন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মান ও তাদের অনুসারী কয়েকজন কর্মী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার রাতে সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলামের ৭-৮ জন কর্মী হলের দ্বিতীয় ব্লকের ৩৮৩ নম্বর রুমে এসে কৃষ্ণ রায়কে হল থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেন। তিনি বের হতে রাজি না হলে তার বিছানাপত্র তুলে ফেলে দিয়ে সেখানে তারা আরেকটি বেড তুলে দেন। এরপর তাকে সাধারণ সম্পাদক নাইম ইসলামের রুমে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী কৃষ্ণ রায় বলেন, ‘আমি রাতে নিজ কক্ষে পড়াশোনা করছিলাম। হঠাৎ এসে বেডপত্র ফেলে দেয়। আমাকে রুম থেকে বের হতে বললে আমি বের না হয়ে চেয়ারে বসে থাকি। সোলায়মান নামে ছাত্রলীগের এক নেতা আমাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড় মারা শুরু করেন।’
ভুক্তভোগী শিক্ষার্থী আরও বলেন, ‘হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার ফোন কেড়ে নেন। এরপর আমাকে জোর করে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের রুমে নিয়ে যান। এসময় আমার বন্ধু মাহবুব আমার পেছন পেছন এসে রুমে ঢুকলে তার ফোনও কেড়ে নেন তারা। পরে তাকে রুম থেকে বের করে দিয়ে সাধারণ সম্পাদকের সামনে আমাকে কান ধরিয়ে উঠবস করানো হয়। আমাকে শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলার হুমকি দেন। আমি হিন্দু জানার পর বলেন—তোকে এখন মেরে ফেললেও কেউ কিচ্ছু করতে পারবে না।’
ভুক্তভোগীর বন্ধু একই বিভাগের শিক্ষার্থী মাহবুব বিল্লাহ বলেন, ‘আমি ওকে ধস্তাধস্তি করতে দেখে ছুটে যাই। আমি রুমে ঢুকতে চাইলে ওরা ভেতরে যেতে বাধা দেয়। আমি জোর করে রুমে ঢুকলে আমার কাছ থেকে একজন মোবাইল কেড়ে নিয়ে চলে যায়। পরে আমাকে বের করে দিলেও আমার মোবাইল দেয়নি। আধঘণ্টা পর আমার মোবাইল ফিরিয়ে দেয়।’
এ বিষয়ে জানতে চাইলে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম ইসলাম দৈনিক বাংলাকে বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। আমার কর্মীদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। পরে বিষয়টির সমাধান করে দেয়া হয়েছে।’
জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি জানতে পেরেছি। মারধরের কোনো ঘটনা ঘটেনি। তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়ে কথা কাটাকাটি হয়েছিল। পরে বিষয়টি সমাধান করে দিয়েছি এবং ওই ছেলে সিটেই রয়েছে।’
এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক জাহাঙ্গীর হোসাইন বলেন, ‘আমি সোমবার রাত ৪টা সময় গিয়েও গার্ডের কাছে খোঁজ নিয়েছি। এ বিষয়ে আমি কিছু জানি না। তবে প্রক্টর দপ্তর থেকে কৃষ্ণ নামে এক শিক্ষার্থীকে হলে ওঠানোর জন্য বলা হয়েছিল। হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা রুমে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করে। আমি এ ব্যাপারে খোঁজখবর নিয়ে পদক্ষেপ নেবো।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক দৈনিক বাংলাকে বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। আপনার কাছেই প্রথম শুনলাম। এ ব্যাপারে হল প্রভোস্টের কাছে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’
আমাদের প্রধানমন্ত্রী কৃষিবান্ধব; তিনি দেশের মানুষ ও কৃষকদের কথা চিন্তা করেন উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কৃষকদের স্বার্থ বিবেচনা করেই তিনি প্রথমে সিদ্ধান্ত নিয়েছেন। পরে কৃষকদের স্বার্থ রক্ষায় সিদ্ধান্ত পরিবর্তন করে সুগার মিল এবং কৃষির সঙ্গে সংশ্লিষ্টদের উন্নয়নে কাজ করছেন। দেশের জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী সবসময় কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, সুগার মিলের উন্নয়নে যত ধরনের সাহায্য-সহযোগিতা প্রয়োজন, আমরা সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যরা তা দেওয়ার চেষ্টা করব। আপনারা এগিয়ে যান। আপনাদের পেছনে দেশের জনগণ ও কৃষকরা রয়েছেন।
হুইপ দুলু আরও বলেন, কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে বলে আমি বিশ্বাস করি। কৃষিনির্ভর এ দেশের অধিকাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত। তাই কৃষকদের বাঁচানোর চিন্তা থেকেই আখের দাম বাড়ানোসহ কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার হুগোলবাড়িয়ায় নাটোর সুগার মিলসের কেইন ক্যারিয়ার চত্বরে ২০২৬-২০২৭ আখ মাড়াইয়ের ৪৩তম মৌসুমের উদ্বোধন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান মো. শামছুজ্জামান সুরুজ, নাটোরের জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা নূরুল হাই মোহাম্মদ আনাছ, নাটোর সুগার মিলসের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আখলাছুর রহমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ আখচাষিরা।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক সংবাদ মাধ্যমকে জানান, শুক্রবার (১৩ নভেম্বর) সকালে লঘুচাপটি তৈরি হয়েছে। এটি নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। লঘুচাপটির সম্ভাব্য গতিপথ ভারতের অন্ধ্র প্রদেশ ও উড়িষ্যার দিকে হতে পারে। তবে নিম্নচাপে রূপ নিলে এটা কোন দিকে যেতে পারে তা আরও স্পষ্ট হবে।
আবহাওয়া অধিদফতর জানায়, লঘুচাপের প্রভাবে আগামী চারদিন অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ, পেশাগত দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।
তিনি বলেছেন, ‘সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রাখা প্রত্যেক সাংবাদিকের নৈতিক কর্তব্য।’
ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্যদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘সাংবাদিকতার নীতি-নৈতিকতা অনুসরণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও কর্তব্য’বিষয়ক সেমিনার ও কর্মশালায় তিনি এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ প্রেস কাউন্সিল কনফারেন্স রুমে আয়োজিত এই সেমিনারে মুখ্য আলোচক ছিলেন বিচারপতি একেএম আব্দুল হাকিম। আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ, সদস্য মো. শহিদুল ইসলাম, সচিব মো. আব্দুস সবুর ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম।
সেমিনারে অন্য বক্তারা বলেন, ‘সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মূল ভিত্তি হলো সততা, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা। যাচাই না করে কোনো সংবাদ পরিবেশন করা যাবে না। হলুদ সাংবাদিকতা শুধু একজন সাংবাদিকের ভাবমূর্তিই নষ্ট করে না, পুরো গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা নষ্ট করে।’
স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য শামসুল হক জাহিদ ও মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সংগঠনের সভাপতি মুক্তাদির অনিক এবং শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
দেশকে এগিয়ে নিতে সকল ধর্ম ও শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। একটি বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ তথা ‘রেইনবো নেশন’ বিনির্মাণে কাজ করছে সরকার। কোনো ধর্ম বা জনগোষ্ঠীর মানুষ যেন বৈষম্য ও বঞ্চনার শিকার না হন, তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধ বিহারে আয়োজিত আদিবাসী বৌদ্ধ ধর্মীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গায়ের জোরে জনগণের বিপক্ষে গিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না, ৫ আগস্ট যার প্রমাণ। যারা দেশের ক্ষতি করবে এবং মানুষ হত্যা করবে, প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান সব ধর্ম ও শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চান। সরকারের মূল লক্ষ্য ‘সবার আগে বাংলাদেশ’।
আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়ন প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, অতীতে এ সম্প্রদায়ের মানুষ যথাযথ সহযোগিতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বর্তমান সরকার তাদের পাশে দাঁড়াতে চায়। বিশেষ করে শিশুদের খাদ্য, শিক্ষা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। আদিবাসী জনগোষ্ঠী যেন রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা পায় এবং কোথাও বৈষম্যের শিকার না হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
তিনি আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে চায় সরকার। ধর্ম-বর্ণ কিংবা সম্প্রদায়ভেদে কোনো বৈষম্য থাকবে না। সবাইকে নিয়েই গড়ে তোলা হবে সম্প্রীতির বাংলাদেশ।
এদিকে, মহাসমাবেশে অংশ নেওয়া বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা বলেন, তাদের এলাকায় এই প্রথম কোনো মন্ত্রী এসেছেন। এতে তারা আনন্দিত ও আশাবাদী। দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে বঞ্চনার শিকার হয়ে আসা এই জনগোষ্ঠীর মানুষের প্রত্যাশা, মন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে তাদের সমস্যার সমাধান ও উন্নয়নের নতুন সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বৌদ্ধ ধর্ম নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্ন ও নেতিবাচক মন্তব্যের বিষয়টিও তুলে ধরেন তারা। এ সময় মন্ত্রীর কাছে বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা তুলে ধরে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার মোজাম্মেল হক, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান শামু, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ বৌদ্ধ ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যা নামলেই যেন বদলে যায় নওগাঁ শহরের চিত্র। ঘরের দরজা-জানালা বন্ধ করেও মিলছে না স্বস্তি। পড়ার টেবিল থেকে বসার ঘর, অফিস থেকে ব্যবসাপ্রতিষ্ঠান। সর্বত্র মশার অবাধ বিচরণ। কয়েল, স্প্রে কিংবা বৈদ্যুতিক ব্যাট কোনোটিই যেন কাজে আসছে না। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা গড়াতেই মশার আক্রমণে অতিষ্ঠ হয়ে উঠছেন পৌর এলাকার বাসিন্দারা। ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা, বিঘ্নিত হচ্ছে কর্মজীবী মানুষের স্বাভাবিক কর্মকাণ্ড। এর সঙ্গে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনমনে তৈরি হয়েছে বাড়তি উদ্বেগ। অথচ মশার বংশবিস্তার রোধ ও নাগরিকদের স্বস্তি ফেরাতে পৌরসভার কার্যক্রম নিয়ে সন্তুষ্ট নন অনেক বাসিন্দা। তাদের প্রশ্ন নাগরিক সেবার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানটির কার্যকর উদ্যোগ কোথায়।
পৌর এলাকার নাগরিকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে পড়ে থাকা ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন ড্রেন-নর্দমা, ডোবা ও বিভিন্ন জলাশয় মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করছে। দীর্ঘদিন এসব স্থান যথাযথভাবে পরিষ্কার না করায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। কোথাও কোথাও মশা নিধনের ওষুধ ছিটানো হলেও তার দৃশ্যমান সুফল মিলছে না। ফলে প্রতিদিনই বাড়ছে ভোগান্তি। বিশেষ করে সন্ধ্যার পর ঘরে-বাইরে স্বাভাবিকভাবে চলাফেরা করাও কঠিন হয়ে পড়ছে।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত নওগাঁ পৌরসভা ১৯৮০ সালে দ্বিতীয় শ্রেণি এবং ১৯৮৯ সালে প্রথম শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। প্রায় ৩৮ দশমিক ৩৬ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় রয়েছে ৯টি ওয়ার্ড ও ৫৬টি মহল্লা। পৌরসভার জনসংখ্যা সম্পর্কে এক তথ্যে প্রায় দেড় লাখ এবং অন্য তথ্যে ১ লাখ ৮০ হাজার ৬৪৯ জনের কথা উল্লেখ রয়েছে। দীর্ঘ ছয় দশকের বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করলেও মশা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ নাগরিক সেবায় আরও পরিকল্পিত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
শহরের বিভিন্ন এলাকা ঘুরে এবং বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় এক মাস ধরে মশা ও পোকার উপদ্রব বেড়েছে। বাসাবাড়ির পাশাপাশি হাসপাতাল, বাস টার্মিনাল, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলেও রয়েছে মশার উৎপাত। শিশু থেকে বৃদ্ধ কেউই রেহাই পাচ্ছেন না। ব্যক্তিগতভাবে কয়েল, স্প্রে ও মশা মারার বৈদ্যুতিক ব্যাট ব্যবহার করেও মিলছে না কাঙ্ক্ষিত প্রতিকার। এতে একদিকে যেমন বাড়ছে দৈনন্দিন দুর্ভোগ, অন্যদিকে মশাবাহিত রোগের আশঙ্কাও বাড়ছে।
জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, মশা নিয়ন্ত্রণে শুধু উড়ন্ত মশা নিধন যথেষ্ট নয়। বরং মশার প্রজননস্থল চিহ্নিত করে লার্ভা ধ্বংস করায় বেশি গুরুত্ব দিতে হবে।
এ বিষয়ে নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ বলেন, নারী মশা সারা বছরই ডিম পাড়ে। তবে শীতের পর তাপমাত্রা বাড়তে শুরু করলে ডিম পাড়ার প্রবণতা বৃদ্ধি পায়। এ সময় মশার বংশ বিস্তারও দ্রুত ঘটে। সাধারণত ড্রেন, ডোবা, নর্দমা ও পচা পানিতে মশার বংশবিস্তার হয়। তাই এসব স্থান নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।
তিনি আরও বলেন, আগে মশার কামড়ে ম্যালেরিয়া জ্বরের প্রকোপ থাকলেও বর্তমানে তা কমেছে। তবে এডিস মশার বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ মশার কামড়ে ডেঙ্গুসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও বিভিন্ন পাত্রে যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।
এদিকে মশার উপদ্রবের পাশাপাশি জেলায় ডেঙ্গু পরিস্থিতিও নতুন করে উদ্বেগ তৈরি করছে। নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ নভেম্বর পর্যন্ত জেলায় মোট ৭৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০৫ জন। বর্তমানে জেলা সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ জন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলায় এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে পত্নীতলা ও নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন করে এবং আত্রাই, সাপাহার ও ২৫০ শয্যাবিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে দুজন করে রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন ২৯ জনের মধ্যে নওগাঁ জেনারেল হাসপাতালে ১১ জন, পত্নীতলা ও সাপাহারে পাঁচজন করে, নিয়ামতপুরে চারজন এবং আত্রাই ও পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন করে রয়েছেন। জেলার অন্যান্য উপজেলা হাসপাতালে বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
অন্যদিকে মশা নিয়ন্ত্রণে পৌরসভার উদ্যোগের বিষয়ে প্রশাসক টিএম.এ মমিন বলেন, পৌর এলাকার ড্রেন, ডোবা ও ঝোপঝাড়ে মশা নিধনের ওষুধ স্প্রে কার্যক্রম অব্যাহত রয়েছে। মশার বংশবিস্তার রোধে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের কার্যক্রমও শুরু হয়েছে এবং তা চলমান রয়েছে। প্রয়োজনে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের দাখিল পরীক্ষায় সারাদেশের সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করে ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছেন কুমিল্লার লালমাই উপজেলার কৃতী শিক্ষার্থী মোহাম্মদ উল্লাহ ইবনে আব্দুল্লাহ। তার এ অসামান্য সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও নিজ এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
মোহাম্মদ উল্লাহ লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা মাওলানা মুহাদ্দিস আব্দুল্লাহ আল মামুন আল আমেনীর বড় ছেলে। তিনি দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার কিতাব বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী।
মাদরাসা সূত্রে জানা গেছে, এবারের বৃত্তির ফলাফলে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার কিতাব বিভাগ থেকে মোট ১৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছেন। তাদের মধ্যে ৭ জন ট্যালেন্টপুল এবং ৮ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছেন। দেশব্যাপী সম্মিলিত মেধাতালিকায় পঞ্চম স্থান অর্জন করে মোহাম্মদ উল্লাহ এ সাফল্যকে আরও গৌরবমণ্ডিত করেছেন।
তার এমন কৃতিত্বপূর্ণ অর্জনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও পরিবারের সদস্যদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। পাশাপাশি নিজ এলাকার মানুষও তার সাফল্যে গর্বিত।
এ বিষয়ে মাদরাসার শিক্ষক ও কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়ে বলেন, ‘মোহাম্মদ উল্লাহর এই অনন্য সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। মহান আল্লাহ তায়ালা তাকে ইলমে নাফে, নেক আমল এবং আজীবন দ্বীনের খেদমতে কবুল করুন। আমিন।’
তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মোহাম্মদ উল্লাহ তার মেধা, অধ্যবসায় ও নৈতিক আদর্শের মাধ্যমে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং দেশের মুখ উজ্জ্বল করবেন।
১৯৮০ সালে আনুমানিক আড়াই বছর বয়সে বাংলাদেশ থেকে নেদারল্যান্ডে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে পাঠানো হয় রাজিব উদ্দিনকে। সেখানেই লালন-পালন এবং বেড়ে ওঠা। বর্তমানে ৪৯ বছর বয়সে এসে রাজিব খোঁজ করছে তার বাংলাদেশের শিকড়কে। গত ছয় বছর যাবত কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজে বেড়াচ্ছে তার আসল বাবা মাকে। সর্বশেষ কুমিল্লার জেলা প্রশাসক কার্যালয়ে এসে খোঁজ নেন তার পাসপোর্টে থাকা পেয়ারা কান্দি গ্রামের। তবে সেই গ্রাম খুঁজতে গিয়ে কখনো দেখা যাচ্ছে ওইগ্রাম কুমিল্লা জেলায়, আবার কখনো দেখা যাচ্ছে সেটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কোন একটি গ্রাম। পাসপোর্ট অনুযায়ী, ১৯৭৭ সালে তাঁর জন্ম। তার বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি। দাদা নাম - রহিম উদ্দিন।
জটিলতা তৈরি হয়েছে রাজিবের ঠিকানায় যে গ্রামের নাম দেয়া হয়েছে - সে অঞ্চলটি কোন এক সময় বৃহত্তর কুমিল্লার অংশ থাকলেও ১৯৮৬ সালে সেটি ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত হয়। অস্থায়ী ঠিকানা হিসেবে লেখা রয়েছে- বেবী হোমস্ - ঢাকা, বাংলাদেশ।
শুধু রাজিব নয়, তার সাথে তার বন্ধু সেলিনাও বাংলাদেশে এসেছে তার বাবা মায়ের খোঁজে। রাজিব বিগত ছয় দফা বাংলাদেশে এসে খুঁজেছে তার বাবা মাকে। রাজিব পেশায় একজন সমাজকর্মী।
রাজিব উদ্দিন বলেন, আমি আমার পুরো জীবন নেদারল্যান্ডে কাটালেও আমি সেখানে বিদেশী। আমি বাংলাদেশে এসেছি আমার মা-বাবাকে খুঁজতে। নেদারল্যান্ডে আমার সবকিছু আছে আমি সেখানে খুব ভালো আছি। কিন্তু আমার খুব ফাঁকা লাগে - যখন আমি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে জানতে চাই আমি আসলে কার মত হয়েছি - বাবার মত নাকি মায়ের মত।
রাজিব উদ্দিন দেখা করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুনের সাথে। সেখান থেকে তার পাসপোর্ট এর ঠিকানা দিয়ে সাহায্য চাওয়া হয় - কোথায় আসলে ওই জায়গাটি।
এ সময়ে রাজিব উদ্দিন বলেন, এর আগেও আমি এক গ্রামে গিয়ে যখন খোঁজ করেছি একজন ব্যক্তি জানিয়েছে সে আমার বাবা। কিন্তু পরে ডিএনএ টেস্ট করে বুঝতে পারি-আমার সাথে মিলছে না।
রাজিবের সাথে নেদারল্যান্ড থেকে গত তিন দফায় বাংলাদেশে এসে বাবা মাকে খুঁজছে সেলিনা গোমেজ। যদিও তার ঠিকানা কক্সবাজার দেয়া - সেখানে গিয়েও খুঁজে এসেছে তাদের। এখন তার বন্ধু রাজিবের সাথে কুমিল্লায় অবস্থান করছে সেলিনা। পেশায় সেলিনা একজন গায়িকা।
সেলিনা বলেন, আমি নেদারল্যান্ডসে বিদেশীর মতই থাকি। সেখানে আমাকে লালনপালনকারীরা আছেন। তারপরও আমি জানতে চাই - আমার আসল বাবা মা কে? আমি বা রাজিব যে-ই খুঁজে পাই না কেন এটা হবে আমাদের স্বার্থকতা।
রাজিব ও সেলিনার সাথে গাইড হিসেবে সঙ্গ দিচ্ছেন নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী মো. ওমর। ওমর জানান, সেলিনা আর রাজিব তাদের ঠিকানা অনুযায়ী খোঁজাখুঁজি করছে। আমরা পাসপোর্ট এর ঠিকানা অনুযায়ী স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করছি। তারা তাদের বাবা মাকে খুঁজে পেলে আমাদেরও খুশি লাগবে।
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা রাজিব উদ্দিন এর কাগজপত্র দেখেছি। সে ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের একটি গ্রাম দেখা যাচ্ছে। আমি সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে খোঁজ খবর নেয়ার চেষ্টা করছি। যদি সেই ঠিকানায় রাজীব উদ্দিনের বাবার ঠিকানা হয়ে থাকে তাহলে তারা সেখানে গিয়ে খোঁজ করতে পারবে। স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকে সহযোগিতা করবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাসের যাত্রী, পণ্যবাহী ট্রাকের চালকসহ বিভিন্ন যানবাহনে চলাচলকারী সাধারণ মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছেন। দীর্ঘ সময় সড়কে আটকে থাকায় তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে মহাসড়কের দাউদকান্দি অংশে মেঘনা-গোমতী সেতুর ঢালে কুমিল্লামুখী লেনে একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান হঠাৎ বিকল হয়ে পড়ে। সেতুর ঢালে গুরুত্বপূর্ণ এই লেনে গাড়িটি বিকল হয়ে পড়ায় ওই পথে যানবাহন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়।
সকাল বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকায় যান চলাচল একপর্যায়ে পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এর প্রভাবে সেতুর ঢাল থেকে শুরু করে গজারিয়া অংশ পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে এবং কোথাও কোথাও থেমে থেমে অত্যন্ত ধীরগতিতে গাড়ি চলাচল করছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানানো হয়েছে। ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, মেঘনা-গোমতী সেতুর ঢালে বিকল হয়ে যাওয়া কাভার্ড ভ্যানটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার তৎপরতা চলছে। রেকার দিয়ে গাড়িটি অপসারণের কাজ শেষ হলে এক ঘণ্টার মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ।
ইট তৈরি হচ্ছে মানুষের বসতবাড়ি, সড়ক, সেতু ও অবকাঠামো নির্মাণের জন্য। কিন্তু এই ইট তৈরির প্রক্রিয়ায় দেশের কৃষিজমি, মাটি, বায়ু ও পরিবেশের ওপর তৈরি হচ্ছে দীর্ঘমেয়াদি চাপ। একদিকে ইটভাটার জন্য কৃষিজমির উর্বর উপরিভাগের মাটি কেটে নেওয়া হচ্ছে, অন্যদিকে ভাটার ধোঁয়া, ধুলা ও ছাই ছড়িয়ে পড়ছে আশপাশের ফসলি জমি, বাগান ও বসতিতে। এতে মাটির গুণাগুণ পরিবর্তনের পাশাপাশি ব্যাহত হচ্ছে ফসলের স্বাভাবিক বৃদ্ধি। ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকের উৎপাদন ও আয়। দীর্ঘ মেয়াদে এর প্রভাব পড়তে পারে দেশের খাদ্যনিরাপত্তায়।
এ অবস্থায় সারাদেশে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে ১৪ ডিসেম্বরের মধ্যে আগের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সব বিভাগীয় কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ, আইনজীবী মো. সারোয়ার আহাদ চৌধুরী, সঞ্জয় মণ্ডল ও নাসরিন সুলতানা। ইটভাটা মালিকদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ আলী। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ।
আদালতের এ নির্দেশনা বাস্তবায়িত হলে কৃষিজমি ও পরিবেশের ওপর ইটভাটার ক্ষতিকর চাপ কমানোর সুযোগ তৈরি হতে পারে।
উর্বর মাটি হারাচ্ছে কৃষিজমি: কৃষিজমির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো উপরিভাগের মাটি। এই স্তরে জৈব পদার্থ, উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান এবং উপকারী অণুজীবের উপস্থিতি তুলনামূলক বেশি থাকে। ফসলের শিকড়ের বৃদ্ধি ও পুষ্টি গ্রহণে এই মাটির ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু ইট তৈরির কাঁচামাল হিসেবে কৃষিজমির উপরিভাগের মাটি কেটে নেওয়া হলে জমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা ব্যাহত হয়।
চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ইটভাটার জন্য মাটি সংগ্রহের ক্ষেত্রে প্রচলিত বিধিনিষেধে ৩০ সেন্টিমিটারের বেশি গভীরতা থেকে মাটি কাটার ওপর নিষেধাজ্ঞা থাকলেও বাস্তবে ৯০ সেন্টিমিটার থেকে ২ দশমিক ৪ মিটার গভীরতা পর্যন্ত মাটি সংগ্রহের তথ্য পাওয়া গেছে।
২০২১ সালে জার্নাল অব সয়েল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টে প্রকাশিত গবেষণাটিতে ১৮টি ইটভাটা, ৬২টি ফসলি জমি এবং ৭২ জন স্থানীয় বাসিন্দার তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, ইটভাটার কাছাকাছি জমিতে মাটির উর্বরতা, ফসলের উৎপাদন এবং ফলের ফলন তুলনামূলক কম। ভাটা থেকে দূরত্ব বাড়ার সঙ্গে এসব সূচকে উন্নতির প্রবণতাও পাওয়া গেছে।
কৃষিজমির উপরিভাগের মাটি একবার সরিয়ে ফেললে জমির আগের উৎপাদনক্ষমতা ফিরিয়ে আনা সহজ নয়। ফলে জমির মালিক সাময়িকভাবে মাটি বিক্রি করে অর্থ পেলেও দীর্ঘ মেয়াদে কৃষি উৎপাদন থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েন।
ধোঁয়া ও ধুলায় ব্যাহত হচ্ছে ফসলের বৃদ্ধি: ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও ধুলা শুধু বায়ুদূষণ ঘটায় না, আশপাশের গাছপালা ও ফসলের ওপরও প্রভাব ফেলে। বাতাসের সঙ্গে ভেসে আসা ধুলা পাতার ওপর জমে গেলে সূর্যের আলো গ্রহণ ও সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ফলে উদ্ভিদের খাদ্য তৈরির স্বাভাবিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়।
রাউজানের গবেষণায় ইটভাটার ৫০০ মিটারের মধ্যে বসবাসকারী ৯৫ শতাংশের বেশি উত্তরদাতা গাছের পাতায় ধুলা জমাকে বাগানের উদ্ভিদের বৃদ্ধির অন্যতম সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। গবেষণায় আরও দেখা গেছে, ভাটার কাছাকাছি এলাকার ধান, আলু, কুমড়া ও টমেটোর উৎপাদন আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন উল্লেখযোগ্যসংখ্যক কৃষক। এ ছাড়া ভাটার আশপাশের জমিতে ফসলের ফলন কমে গেলে কৃষককে একই পরিমাণ উৎপাদন পেতে বেশি সার ও অন্যান্য কৃষি উপকরণ ব্যবহার করতে হতে পারে। এতে উৎপাদন খরচ বাড়ে এবং কৃষির লাভজনকতা কমে যায়।
মাটিতে জমছে ভারী ধাতু, কমছে গুণাগুণ: ইটভাটার দূষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো মাটিতে ক্ষতিকর উপাদানের উপস্থিতি। জ্বালানি পোড়ানোর ফলে নির্গত বিভিন্ন উপাদান বাতাসের সঙ্গে ছড়িয়ে আশপাশের মাটিতে জমতে পারে। বিশেষ করে কিছু ভারী ধাতু মাটির গুণাগুণ ও পরিবেশের ভারসাম্যের জন্য ঝুঁকি তৈরি করে।
২০২২ সালে এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস সাময়িকীতে প্রকাশিত আশুলিয়ার তিনটি ইটভাটা নিয়ে একটি গবেষণায় ভাটার আশপাশের ৪০০ মিটার পর্যন্ত এলাকার মাটির নমুনা পরীক্ষা করা হয়। গবেষণায় নমুনা নেওয়া বিভিন্ন স্থানে ক্যাডমিয়ামের গড় ঘনত্ব পাওয়া যায় প্রতি কেজি মাটিতে ২ দশমিক ৮২ মিলিগ্রাম, যা গবেষণায় ব্যবহৃত নির্ধারিত সীমা ১ দশমিক ৪০ মিলিগ্রামের চেয়ে বেশি। গবেষকেরা ওই এলাকার মাটিতে ভারী ধাতুদূষণের উল্লেখযোগ্য উপস্থিতি শনাক্ত করেন।
মাটিতে ভারী ধাতুর উপস্থিতি বাড়লে মাটির স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এসব উপাদানের কিছু খাদ্যশৃঙ্খলে প্রবেশের ঝুঁকিও তৈরি করে। ফলে বিষয়টি শুধু কৃষি উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ থাকে না; পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়।
বায়ুদূষণ ও জলবায়ুর ওপর বাড়তি চাপ: ইট পোড়াতে কয়লা, কাঠসহ বিভিন্ন জ্বালানি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড, ক্ষুদ্র বস্তুকণা ও কালো কার্বন নির্গত হয়। এসব দূষক বায়ুর মান খারাপ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ায়।
বিশ্বব্যাংকের ২০২৩ সালের বাংলাদেশবিষয়ক পরিবেশগত বিশ্লেষণে বৃহত্তর ঢাকা অঞ্চলের বায়ুদূষণে ইটভাটার অবদান তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ইটভাটা থেকে নির্গত সালফার ডাই-অক্সাইড ওই অঞ্চলের মোট নির্গমনের প্রায় ২৫ শতাংশ। এ ধরনের দূষণ বায়ুমণ্ডলে সূক্ষ্ম কণার ঘনত্ব বাড়াতেও ভূমিকা রাখে।
অন্যদিকে, ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় বাংলাদেশের ইটভাটার সম্প্রসারণের ফলে উদ্ভিদের স্বাস্থ্য ও কৃষি উৎপাদনশীলতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। ২০০২ থেকে ২০২৪ সালের স্যাটেলাইট তথ্য এবং ৯ হাজারের বেশি ইটভাটার অবস্থানসংক্রান্ত তথ্য ব্যবহার করে গবেষকেরা ভাটা স্থাপনের পর সংশ্লিষ্ট এলাকার উদ্ভিদের স্বাস্থ্যের ধারাবাহিক অবনতির প্রমাণ পেয়েছেন।
খাদ্যনিরাপত্তা রক্ষায় প্রয়োজন কার্যকর নজরদারি: ইটভাটা শিল্প দেশের নির্মাণ খাতের গুরুত্বপূর্ণ একটি অংশ। কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে এ শিল্পের ভূমিকা রয়েছে। তবে শিল্পটির কারণে কৃষিজমি ও পরিবেশের ক্ষতি হলে তার দীর্ঘমেয়াদি মূল্য দিতে হয় পুরো সমাজকে। তাই অবৈধ ইটভাটা বন্ধের পাশাপাশি বৈধ ভাটাগুলোর পরিবেশগত মান নিশ্চিত করাও জরুরি।
এ ক্ষেত্রে কৃষিজমির উপরিভাগের মাটি কাটা বন্ধ, অনুমোদিত জ্বালানি ব্যবহার, পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং নির্গমন নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি প্রয়োজন। পাশাপাশি কৃষিজমির পাশে ইটভাটা স্থাপন ও পরিচালনার ক্ষেত্রে আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে। ক্ষতিগ্রস্ত জমির পুনরুদ্ধার এবং নিয়মিত মাটি পরীক্ষার ব্যবস্থাও গুরুত্বপূর্ণ।
বাংলাদেশে ইটভাটার দূষণ কমাতে প্রযুক্তিগত উন্নয়নের সম্ভাবনাও রয়েছে। ২০২৫ সালে সায়েন্স সাময়িকীতে প্রকাশিত বাংলাদেশের ২৭৬টি জিগজ্যাগ ইটভাটার ওপর পরিচালিত একটি পরীক্ষামূলক গবেষণায় উন্নত পরিচালন পদ্ধতি ব্যবহারে জ্বালানি খরচ ১০ দশমিক ৫ শতাংশ কমার পাশাপাশি প্রতি ভাটায় বছরে কার্বন ডাই-অক্সাইড ও সূক্ষ্ম বস্তুকণার নির্গমন কমার প্রমাণ পাওয়া গেছে। অর্থাৎ পরিবেশ সুরক্ষার পাশাপাশি উৎপাদন ব্যয় কমানোরও সুযোগ রয়েছে।
নাটোরের গুরুদাসপুরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের সামগ্রিক হার প্রায় ৮২ শতাংশে উন্নীত হয়েছে। যার মধ্যে ৮৮ শতাংশই নারী। উপজেলার সক্ষম দম্পতিদের স্থায়ী-অস্থায়ী দুই ধরনের পদ্ধতি গ্রহণের প্রবণতাই বৃদ্ধি পাচ্ছে। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি প্রতিবেদন সূত্রে এমন তথ্য জানা গেছে।
সূত্র বলছে, নাটোরের গুরুদাসপুর উপজেলায় ছয় ইউনিয়ন ও এক পৌরসভায় ২ লাখ ৩৪ হাজার ৩৪২ জনসংখ্যার মধ্যে সক্ষম দম্পতির সংখ্যা ৫৪ হাজার ৫৭২ জন। এরমধ্যে অস্থায়ী পদ্ধতি গ্রহণ করেন ৩৭ হাজার ১৮৯ এবং স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন ৭ হাজার ৩৩৮ জন। যার মধ্যে মহিলা ৬ হাজার ৫৯০ জন এবং পুরুষ মাত্র ৭৪৮ জন। সরকারি সংস্থা থেকে স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি গ্রহণকারী দম্পতির সংখ্যা ৪৪ হাজার ৫২৭ জন। আর পদ্ধতি গ্রহণকারীর হার প্রায় ৮২ শতাংশ।
সূত্র আরও বলছে, উপজেলার ৩৭ হাজার ১৮৯ জন সক্ষম দম্পতি অস্থায়ী পদ্ধতি গ্রহণ করছেন। যারমধ্যে খাবার বড়ি খান ২৩ হাজার ২৬৪ জন, কন্ডম ব্যবহার করেন ৪ হাজার ৭৫৮ জন, ইনজেক্টেবল ৬ হাজার ২১ জন, আইইউডি গ্রহণকারী ৩৭৩ এবং ইমপ্ল্যান্ট গ্রহণ করেন ২ হাজার ৭৭৪ জন। আর স্থায়ী পদ্ধতি গ্রহণ করেছেন ৭ হাজার ৩৩৮ জন নারী-পুরুষ। যার পুরুষ ৭৪৮ ও মহিলা ৬ হাজার ৫৯০ জন। ইউনিয়নভিত্তিক সক্ষম স্থায়ী ও অস্থায়ী পদ্ধতি গ্রহণের শীর্ষে মশিন্দা ইউনিয়ন। এ ইউনিয়নে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার ৮৩ দশমিক ৩৯ শতাংশ। আর সব থেকে কম ৭৮ দশমিক ৬১ শতাংশ ব্যবহারকারী খুবজীপুর ইউনিয়নে।
মোট সক্ষম দম্পতির মধ্যে ১৮ দশমিক ৪১ শতাংশ অর্থাৎ ১০ হাজার ৪৫ দম্পতি পদ্ধতি গ্রহণের বাইরে থাকার কারণ জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস জানান. মোট সক্ষম দম্পতির একটা বৃহত্তর অংশ নিয়ে বেসরকারি সংস্থা (এনজিও) কাজ করত। কিন্তু তাদের প্রকল্প বন্ধ হওয়ার কারণে ওই এলাকায় কার্যক্রম শূন্য হয়ে পড়ে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এস এম আলমাস জানান, পরিবার পরিকল্পনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সরকারি জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহার, সুবিধা-অসুবিধা, ছোট পরিবার গঠনে উৎসাহিত করে থাকেন। তা ছাড়া সরকারিভাবে স্থায়ী, অস্থায়ী ও দীর্ঘমেয়াদি পদ্ধতির সেবাসমূহ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। কর্মীদের প্রচেষ্টা, প্রচারণা ও সেবাসমূহ বাড়ি-বাড়ি পৌঁছে দেওয়ার কারণে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণের হার বৃদ্ধি পাচ্ছে।
বান্দরবানের রুমায় পাহাড়ের জুমে তিল চাষিদের মুখে হাসি ফুটেছে। তিলের ফলন উত্তোলনের প্রস্তুতি হিসেবে তিল গাছের ডাল কেটে বোঁধা (আঁটি) বাঁধার কাজে মহাব্যস্ত সময় পার করছেন চাষিরা। রোদে শুকিয়ে এক সপ্তাহের মধ্যে বোঁধা থেকে তিলের ফলন ঘরে তোলা হবে।
চাষিরা জানান, গত বছর পাহাড়ি জুমে তিল গাছ ভালো হলেও ফলন তোলার সময় অতিরিক্ত বৃষ্টি হওয়ায় ফলন তেমন ভালো হয়নি। যেটুকু ঘরে তোলা হয়েছিল সেটাও মানের দিক থেকে খারাপ হওয়ায় মণ প্রতি মাত্র চার হাজার টাকা দরে বিক্রি করতে বাধ্য হয়েছিলেন তারা।
রুমা সদর ইউনিয়নের বটতলীপাড়ার বাসিন্দা মেলান মার্মা।
তিনি বলেন, এবার এখনো বড় বৃষ্টি হয়নি। তাই তিলের ভালো ফলন ঘরে তোলা সম্ভব হবে এবং ভালো দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন জুমের তিল চাষিরা।
উপজেলা কৃষি অফিসের সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে পাহাড়ি জুমে প্রায় ৬০০ পরিবার জুম চাষি তাদের জুমের জুমধানসহ মারফা, ভুট্টা, চালকুমড়া, মিষ্টি কুমড়া, সাথী ফসল হিসেবে নানা জাতীয় সবজিসহ তিল চাষ করছেন। আবহাওয়া অনুকূল থাকায় খরিফ মৌসুমে এই তিল চাষের বাম্পার ফলনের সম্ভাবনা সবচেয়ে বেশি।
আগামী ১৫ দিনের মধ্যে বড় ধরনের কোনো বৃষ্টি না হলে তিল চাষের বাম্পার ফলন চাষিদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। কারণ পাহাড়ের কৃষকরা তাদের জুমে উৎপাদিত তিলগুলো বোঁধা বেঁধে শুকাচ্ছেন। এসব তিল সঠিক সময়ে ঘরে তুলতে পারলে তা বিক্রি করে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি অফিসার একেএম ফরিদুল হক।
এদিকে রুমা বাজারে মোহাম্মদ খলিলুর রহমান ও কাঁচামাল ব্যবসায়ীরা জানান, সাদা তিল বর্তমানে মণপ্রতি চার থেকে পাঁচ হাজার টাকা এবং কালো তিল মণপ্রতি তিন থেকে চার হাজার টাকা দরে কেনার প্রস্তুতি নিচ্ছেন তারা।
তবে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী জানিয়েছেন সাদা তিল মান দেখে ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা ধরে কিনা শুরু করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে কালো তিল পাঁচ হাজার দরে নেবেন।
আবহাওয়া প্রতিকূল হলে দাম কমতে পারে। কারণ বৃষ্টিতে তিলের মান কমে যায়। তাই বেশি দামে কিনলে লোকসান হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
লক্ষ্মীপুরের রায়পুরে মাটির নিচে পুঁতে রাখা দুটি বিদেশি দুধের কৌটা থেকে উদ্ধার হওয়া বড় ৬টি ও ছোট ৫টিসহ মোট ১১টি শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ দল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চর কাচিয়া গ্রামে বিল্লাল ব্যাপারীর খেয়াঘাটের উত্তর পাশে ফসলি জমির একটি খালি জায়গায় বিশেষজ্ঞ দলের সদস্যরা বোমাগুলো নিষ্ক্রিয় করেন। এর আগে বুধবার রাতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলের চার সদস্যের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে কৌটাগুলোর ভেতরে একাধিক শক্তিশালী আইইডি বোমার অস্তিত্ব নিশ্চিত করেন তার আগে গত মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের ভাড়া দেওয়া বাড়ির উঠোনের মাটির নিচে খোঁড়া গর্ত থেকে দুধের কৌটা দুটি উদ্ধার করা হয়। কৌটাগুলোতে বিস্ফোরক থাকার আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশি পাহারা বসানো হয়েছিল এবং পরে আদালতের নির্দেশে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ সেলকে বিষয়টি জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩ নভেম্বর খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি এবং তিনজনকে ছুরিকাঘাতের ঘটনায় ভোলা সদর উপজেলার বাসিন্দা সাইফুল ইসলাম সুজন নামে এক ব্যক্তির সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন এবং গত সোমবার তাঁর ভাড়া নেওয়া ঘরের একটি কক্ষ থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁঞা জানান, বিদেশি দুধের কৌটা দুটিতে একাধিক শক্তিশালী আইইডি বোমা রয়েছে বলে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা প্রাথমিকভাবে নিশ্চিত করেছিলেন এবং বৃহস্পতিবার দুপুরে বিশেষজ্ঞ দল সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে।
প্রতি বছর শীতের শুরুতে খুলনার ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়া, মধুগ্রাম, মাগুরখালী, শোভনা, সাহস ও খর্ণিয়া ইউনিয়নের বিস্তীর্ণ বিল ও জলাশয়গুলোতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিরা আসতে শুরু করত। নানা প্রজাতির অতিথি পাখির আগমনে মুখরিত হয়ে উঠত এসব এলাকার বিল, ঘের ও জলাভূমি। অতিথি পাখিরা এ অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য যেমন বৃদ্ধি করতো, তেমনি তারা ভূমিকা রাখত পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও।
তবে হঠাৎ করে গত বেশ কয়েক বছর যাবত আর দেখা মিলছে না এসব অতিথি পাখির। নিরাপদ আশ্রয় ও খাদ্য সংকট, নির্বিচারে পাখি নিধন, অপরিকল্পিত মাছের ঘের তৈরি এবং জীববৈচিত্র্য বিনষ্ট হওয়াসহ নানাবিধ বিষয়কে অতিথি পাখি না আসার কারণ বলছেন ডুমুরিয়ার স্থানীয় সচেতন মহল ও পাখিপ্রেমীরা।
স্থানীয়দের বরাতে জানা গেছে, অতিথি পাখিদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল উপজেলার বিল ডাকাতিয়ার একাংশ, গুটুদিয়া, রঘুনাথপুর, ভান্ডারপাড়া ও রংপুর ইউনিয়নের বিভিন্ন বিল-জলাশয়। এসব এলাকায় বিভিন্ন প্রজাতির বালি হাঁস, ল্যান্জা হাঁস, চখাচখি, পানকৌড়ি, ডাহুক, সরালী ও কাইম পাখিসহ অন্তত অর্ধশতাধিক প্রজাতির অতিথি পাখি আসতো। খাবারের সন্ধানে সুদূর সাইবেরিয়াসহ শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে উড়ে আসতো এসব পাখি।
সরেজমিনে গিয়ে জানা যায়, সুযোগসন্ধানী এক শ্রেণির অসাধু পাখি ব্যবসায়ী ও শিকারি ফাঁদ পেতে এবং বিষটোপ দিয়ে নির্বিচারে অতিথি পাখি শিকারে মেতে উঠতো। শুধু তাই নয়, গোপনে বিভিন্ন স্থানে বসত এসব পাখি বিক্রির আসরও। আইনগতভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জনসচেতনতার অভাব এবং নজরদারির ঘাটতির কারণে অবৈধভাবে অতিথি পাখি শিকার ও বিক্রি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। এ অবস্থায় গত কয়েক বছর ধরে অতিথি পাখিরা আর এ অঞ্চলে ভিড়ছে না। মাঝেমধ্যে কোনো কোনো বিলে গুটিকয়েক অতিথি পাখি চোখে পড়লেও শিকারিদের অত্যাচারে তারা অন্যত্র চলে যায়।
উপজেলার বিল ডাকাতিয়া পাড়ের কৃষক মজিবুর রহমান বলেন, আগে শীত মৌসুমে অতিথি পাখিদের বিচরণে মুখর থাকতো বিলগুলো। দিন-রাত এসব পাখির কিচিরমিচির শুনতাম। কিন্তু গত কয়েক বছর ধরে আর অতিথি পাখিরা আসে না। কারণ বিলের প্রায় সব প্রাকৃতিক জলাশয় ভরাট হয়ে গেছে কিংবা বাণিজ্যিক মাছের ঘেরে পরিণত হয়েছে। এসব জায়গায় মানুষের বিচরণ ও কোলাহল বেড়ে গেছে। এসব কারণেই মূলত অতিথি পাখিদের নিরাপদ বিচরণক্ষেত্র এখন অনিরাপদ হয়ে পড়েছে।
অন্যদিকে উপজেলার মাগুরখালী এলাকার বাসিন্দা মোহন মণ্ডল বলেন, ‘আমাদের এলাকার বিল ও নদী তীরবর্তী জলাশয়ে প্রচুর পরিমাণে অতিথি পাখি আসতো। দিনে এসব পাখি বিলে অবস্থান করতো এবং সন্ধ্যা হতেই আশ্রয় নিতো গ্রামের বিভিন্ন বাগান ও গাছগাছালিতে। কিন্তু বর্তমানে অতিথি পাখিরা না আসায় সেই দৃশ্য আর দেখা যায় না। শুধু অতিথি পাখিই নয়, বর্তমানে বক ও ঘুঘুসহ দেশীয় প্রজাতির পাখিও কমে যাচ্ছে। অসাধু শিকারিরা এগুলোকেও মেরে ফেলছে, যা খুবই দুঃখজনক।’
উপজেলা সদরের বাসিন্দা পাখিপ্রেমী ও সংস্কৃতিকর্মী শফিকুল ইসলাম বলেন, এক সময় ডুমুরিয়ার প্রায় সবকটি বিলেই অতিথি পাখিরা আসত। তখন বিলগুলো ছিল পাখিদের অভয়াশ্রম। কিন্তু সেই পরিবেশ এখন আর নেই। জলাভূমির ধরন বদলে যাওয়ায় ও গাছপালা কমে যাওয়ায় দেখা মেলে না এসব পাখির।’
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকার জানান, এক সময় এ উপজেলার বিলগুলোতে প্রচুর পরিমাণে অতিথি পাখিরা আসতো বলে শুনেছি। এখন পরিবেশগত নানা কারণে তা কমে গেছে। তবে যদি কেউ অবৈধভাবে পাখি শিকার করে বা বন্য পাখির ক্ষতিসাধন করে, তাহলে বিষয়টি জানার সাথে সাথে আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।
উপজেলা প্রশাসন ও বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিথি পাখিসহ দেশীয় যেকোনো পাখি শিকার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। বন্যপ্রাণী রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে বন্য পাখিদের নিরাপত্তা বিধানে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকেও আরও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।