শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩

ছেলেকে কোচিংয়ে দিতে গিয়ে লাশ হলেন বাবা

ট্রেনে কাটা পড়ে মারা যান সমীর কুন্ডু। ছবি: দৈনিক বাংলা
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত
প্রতিবেদক, দৈনিক বাংলা
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২২ ১৩:১৫

নাটোরে ট্রেনে কাটা পড়ে সমীর কুন্ডু (৪৫) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে নাটোর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। ছেলেকে কোচিং ক্লাস করাতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সমীর।

নিহত সমীর কুন্ডু শহরের কাপুড়িয়াপট্টি মহল্লার মৃত তারকেশ্বর কুন্ডুর ছেলে। তিনি পরিবার পরিকল্পনা বিভাগে হালসা কেন্দ্রে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। সমীর কুন্ডু সাবেক ফুটবলারও ছিলেন।

স্টেশন মাস্টার রেজাউল মল্লিক বলেন, রাজশাহী থেকে চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৫৮ মিনিটে নাটোর স্টেশনে পৌঁছায়। এরপর ৮টার দিকে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যায়। পরে স্থানীয়রা ১নং প্ল্যাটফর্মের লাইনে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় সমীর কুন্ডুর মরদেহ দেখতে পান।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। বিষয়টি সান্তাহার জিআরপি পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে স্টেশন মাষ্টার আরও বলেন, সকালে ছেলেকে কোচিং ক্লাস করাতে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন সমীর কুন্ডু। এরপর পুলিশের মাধ্যমে পরিবারের লোকজন জানতে পারেন ট্রেনের নিচে কাটা পড়ে মারা গেছেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমীর কুন্ডু আত্মহত্যা করেছেন।


নির্বাচিত

জনগণের অর্থে অনিয়ম নয়, সুফল পৌঁছে দেওয়াই লক্ষ্য: বিসিসিটি প্রধান 

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
​পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর পৌর এলাকায় সুপেয় পানির তীব্র সংকট নিরসন, সৌরবিদ্যুৎ (সোলার) স্ট্রিট লাইট প্রকল্পের সঠিক বাস্তবায়ন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎গত ‎​বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে পিরোজপুর সদর পৌরসভা কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।

‎‎​মতবিনিময় সভায় বিসিসিটি-র ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, ‘পৌরবাসীকে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন তদারকি করতে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনস্থ কাজগুলো সরজমিনে পরিদর্শন করা হচ্ছে। ইতিপূর্বে পৌরসভায় ১১৩টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের প্রকল্প অনুমোদন পেলেও তা যথাযথভাবে সম্পন্ন হয়নি। প্রকল্পটি পুনরায় চালু করে সোলার লাইটগুলোর সুফল যেন সাধারণ মানুষ পায়, সে ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। জনগণের আমানত নিয়ে কোনো ধরনের অনিয়ম বা অপচয় সহ্য করা হবে না’। ‎

‎​পৌর এলাকার সুপেয় পানির সংকট নিরসনে তিনি বলেন, উপকূলীয় এই অঞ্চলে পানির সমস্যা দূর করতে কম খরচে মানুষের দোরগোড়ায় পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য সুনির্দিষ্ট উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এ কাজে ফ্রান্স সরকারের অনুদান প্রকল্পসহ আন্তর্জাতিক যেকোনো সহযোগিতার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে। ‎

‎​জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব কর্মসূচির কথা উল্লেখ করে তিনি আরও জানান, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি বৃক্ষরোপণ, নদী ও খাল পুনঃখনন করে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক উপায়ে পানির প্রবাহ নিশ্চিত করা হবে। পাশাপাশি জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।

‎‎​মতবিনিময় সভায় পিরোজপুর পৌরসভার পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মাহমুদুর রহমান মামুন, পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

শিবচরে বাস দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৫

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস। ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে থাকা একটি বাসে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ থেকে দুপুরে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় পালকি পরিবহনের একটি বাস। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে বাসটির চাকা বিকল হয়ে যায়। এ সময় দ্রুতগতিতে আসা হানিফ পরিবহনের একটি বাস পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।

খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৫টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম ইবনে মিজান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার কাজের জন্য হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে নির্দেশনা দেওয়া হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।


নির্বাচিত

৭ বছরের শিশুর আঙুল বিচ্ছিন্ন, কনস্টেবল দম্পতি গ্রেপ্তার

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নাটোর প্রতিনিধি

নাটোরে বায়েজিদ বিন মাহমুদ নামে সাত বছরের এক শিশুর ডান হাতের শাহাদাত আঙুলের কেটে বিচ্ছিন্ন করার মামলায় পুলিশের এক কনস্টেবল ও তার স্ত্রীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে গ্রেপ্তারের পর কঠোর গোপনীয়তায় আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

এলাকাবাসী জানায়, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে নাটোর শহরের বড় হরিশপুর চেয়ারম্যান রোড এলাকায় ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান মিলনের পরিবার এবং তাদের ভাড়াটিয়া পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত কনস্টেবল শাকিল হোসেন পারিবারিকভাবে পিকনিকের আয়োজন করে। সেখানে ওই কনস্টেবলের চার বছর বয়সি মেয়ের সঙ্গে বাড়ির মালিক মিলনের ছেলে বায়োজিদের ধাক্কাধাক্কি হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়।

পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দায়িত্ব পালন শেষে পুলিশ কনস্টেবল শাকিল বাসায় ফিরে শিশু বায়োজিতকে জোর করে তার বাসায় নিয়ে স্ত্রী নাছরিন সুলতানার সহযোগিতায় খাটের পায়ার ওপর হাত রেখে ধারালো বটি দিয়ে শিশুটির ডান হাতের শাহাদাত আঙুল বিচ্ছিন্ন করে ফেলে। পরে বায়োজিদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে কনস্টেবল শাকিল পরিবারসহ পালিয়ে যায়। এরপর শিশু বায়োজিতকে প্রথমে নাটোর জেনারেল হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার ওসি মনসুর রহমান জানান, মামলা দায়েরের পর কনস্টেবল শাকিল ও তার স্ত্রীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শিশুদের কর্মকাণ্ড নিয়ে বড়দের প্রতিক্রিয়ার বিষয়টিকে পুলিশ গুরুত্ব দিয়ে দেখছে। অন্যদিকে মৌখিকভাবে ওই কনস্টেবল অভিযোগ করে জানান, বায়োজিত তার মেয়েকে যৌন নিপীড়ন করেছে। তবে তার এই অভিযোগে সত্যতা মেলেনি। কোন মামলাও দায়ের হয়নি।


নির্বাচিত

হাঁসের পালকেই কর্মসংস্থান, রপ্তানিতে নতুন সম্ভাবনা

* আক্কেলপুরের হাঁসের পালক যাচ্ছে বিদেশেও
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
রাব্বিউল হাসান রমি, জয়পুরহাট

একসময় হাঁসের পালক ছিল মানুষের কাছে নিছক ফেলনা। হাঁসের পালক সংগ্রহ করে সাধারণত তা ফেলে দেওয়া হতো। সেই অবহেলিত পালকই এখন হয়ে উঠেছে সম্ভাবনাময় শিল্পের কাঁচামাল। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারে হাঁসের পালক সংগ্রহ করে প্রক্রিয়াজাতের মাধ্যমে তৈরি করা হচ্ছে ডাউন বা পালকের তুলা। এই তুলা দিয়ে তৈরি হচ্ছে শীতের জ্যাকেট, কম্বল, পিলোসহ বিভিন্ন পণ্য। আর পালকের বড় অংশ দিয়ে তৈরি হচ্ছে ব্যাডমিন্টনের ফেদারের কক।

তিলকপুর বাজারে গড়ে ওঠা ‘শারাবাংলা ডাউন প্রোডাক্টস’ নামের প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন এলাকা থেকে মাসে গড়ে ২২ টন হাঁসের পালক সংগ্রহ করছে। প্রক্রিয়াজাত করা এসব পালক চীন, ভিয়েতনাম, তাইওয়ানসহ বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে।

উদ্যোক্তার ভাষ্য, বিদেশে এসব পণ্যের চাহিদা থাকায় ছোট পরিসরের এই উদ্যোগকে বড় শিল্পে রূপ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উদ্যোক্তা মো. আলতাফ হোসেন জানান, বর্তমানে তার প্রতিষ্ঠানে প্রায় ৫ কোটি টাকা বিনিয়োগ রয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে মাসে গড়ে ২২ টন হাঁসের পালক সংগ্রহ করা হয়। পরে চীন থেকে আনা বিশেষায়িত মেশিনের মাধ্যমে পালক বাছাই, পরিষ্কার ও বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করে ডাউন বা পালকের তুলা তৈরি করা হয়।

তিনি বলেন, ২০১৪-১৫ সালে ছোট পরিসরে হাঁসের পালক নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। এ বিষয়ে অভিজ্ঞতা না থাকায় তখন কাঙ্ক্ষিত লাভ করতে পারেননি। পরে ২০১৫ সালে চীনে গিয়ে এ বিষয়ে পড়াশোনা করেন এবং এক বছর ইন্টার্নশিপ করেন। সেখানে হাঁসের পালক সংগ্রহ, বাছাই ও প্রক্রিয়াজাতকরণের বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। দেশে ফিরে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০২২ সালে নতুনভাবে ব্যবসা শুরু করেন।

আলতাফ হোসেন বলেন, আগে মানুষ হাঁসের পালক ফেলে দিত। ব্যবসা শুরুর পর বিভিন্নভাবে প্রচার করে মানুষকে পালকের মূল্য সম্পর্কে জানানো হয়। এখন অনেকেই পালক ফেলে না দিয়ে সংগ্রহ করে রাখেন এবং বিক্রি করেন। সারাদেশে তাদের প্রায় ৩৫ থেকে ৪০টি ভেন্ডার রয়েছে। শুরুতে পালক প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠাতে বেশ সময় লাগত। পরে চীন থেকে বিশেষায়িত মেশিন আনা হয়। এতে প্রক্রিয়াজাতকরণের মান ও সক্ষমতা বেড়েছে। বর্তমানে চীন, ভিয়েতনাম ও তাইওয়ানে পণ্য পাঠানো হচ্ছে। চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশে এসব পণ্যের চাহিদা রয়েছে বলেও জানান তিনি।

আলতাফ হোসেন বলেন, পুরো প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা গড়ে তুলতে আরও ১০ থেকে ১৫ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন হবে। তখন এই পালকের তুলা দিয়ে দেশেই জ্যাকেট, পিলো ও কম্বল তৈরি করে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। শীতপ্রধান দেশগুলোতে এসব পণ্যের চাহিদা বেশি।

তিনি আরও বলেন, বাংলাদেশে গার্মেন্টস শিল্পের বড় বাজার রয়েছে। সেই অভিজ্ঞতা ও অবকাঠামো কাজে লাগিয়ে দেশে হাঁসের পালকের ডাউন দিয়ে জ্যাকেট, পিলো ও কম্বল তৈরি করে বিদেশে রপ্তানি করা গেলে এ খাত আরও সম্প্রসারিত হতে পারে। পাশাপাশি হাঁসের বড় পালক দিয়ে ব্যাডমিন্টনের ফেদারের কক তৈরি করা যায়। এসব পালক প্রক্রিয়াজাত করে ভারতে পাঠানো হচ্ছে।

প্রতিষ্ঠানটির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, কয়েক বছর আগেও হাঁসের পালক ফেলে দেওয়া হতো। এখন পালকের আর্থিক মূল্য তৈরি হওয়ায় গ্রামাঞ্চলের অনেকেই সেগুলো সংরক্ষণ করে বিক্রি করছেন। ফলে একদিকে বর্জ্য হিসেবে ফেলে দেওয়া একটি উপাদান অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে, অন্যদিকে হাঁস পালনের সঙ্গে জড়িত মানুষ অতিরিক্ত আয়ের সুযোগ পাচ্ছেন।

প্রথমে বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা পালক শুকিয়ে নেওয়া হয়। এরপর মেশিনের মাধ্যমে বাছাই ও পরিষ্কার করে বিভিন্ন ধাপে প্রক্রিয়াজাত করা হয়। প্রয়োজন অনুযায়ী পালকের বিভিন্ন অংশ আলাদা করে ডাউন বা তুলা এবং ফেদার প্রস্তুত করা হয়।

প্রতিষ্ঠানটিতে বর্তমানে নারী-পুরুষ মিলিয়ে ১৬ জন কর্মী নিয়মিত কাজ করছেন। তাদের মধ্যে স্থানীয় বাসিন্দারাও রয়েছেন। ফলে হাঁসের পালককে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানের নারী কর্মী মিমি আক্তার বলেন, আমি দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি। এখান থেকে যে বেতন পাই, তা দিয়ে সংসার চলছে। পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচও চালাতে পারছি।

পুরুষ কর্মী সোহেল রানা বলেন, সারাদেশ থেকে হাঁসের পালক সংগ্রহ করে এখানে আনা হয়। প্রথমে সেগুলো শুকানো হয়। এরপর মেশিনে দিয়ে প্রক্রিয়াজাত করে প্রয়োজনীয় অংশ আলাদা করা হয়। পরে আবার শুকিয়ে প্রস্তুত করা হয়। আমার বাবা আগে এই কাজ করতেন, পরে আমি তার সঙ্গে যুক্ত হয়ে কাজ করছি।

আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটি সারাদেশ থেকে হাঁসের পালক সংগ্রহ করে প্রক্রিয়াজাত করে চীন ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাঠাচ্ছে। তাদের সারাদেশে প্রায় ৩৫ থেকে ৪০টি ভেন্ডার রয়েছে। আগে মানুষ হাঁসের পালক ফেলে দিত। এখন তারা সেগুলো সংরক্ষণ করে বিক্রি করছেন।

তিনি আরও বলেন, হাঁসের পালককে বাণিজ্যিকভাবে ব্যবহার করার ফলে হাঁস পালনের সঙ্গে যুক্ত মানুষ অতিরিক্ত আয়ের সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে হাঁস পালনে আগ্রহও বাড়তে পারে। এ ধরনের উদ্যোগের অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে।


নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে ৫০০ কাবের অংশগ্রহণে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
আব্দুর রব নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৫০০ কাবের অংশগ্রহণে শুরু হয়েছে ৬ষ্ঠ জেলা কাব ক্যাম্পুরী ২০২৬। পাঁচ দিনের এ আয়োজনে আনন্দ নিয়েই কাবরা শিখছে দলবদ্ধভাবে কাজ করা, দায়িত্ববোধ, সৃজনশীলতা, শৃঙ্খলা এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার নানা কৌশল।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে কাবরা আসতে শুরু করে নামোশংকরবাটি উচ্চ বিদ্যালয় মাঠে। আনুষ্ঠানিক উদ্বোধনের এক দিন আগেই তারা নিজেদের থাকার পরিসর তৈরি করে নেয়। তাঁবু স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতির কাজও তারা নিজেরাই দলবদ্ধভাবে সম্পন্ন করে। এ প্রস্তুতি শুধু ক্যাম্পে থাকার ব্যবস্থা নয়, স্কাউটিং শিক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। নিজেদের কাজ নিজেরা করার মাধ্যমে কাবরা শিখছে দায়িত্ব নেওয়া, একে অন্যকে সহযোগিতা করা এবং দলবদ্ধভাবে কাজ করা।

ক্যাম্পুরীর শুরু থেকেই কিছুটা বৈরী আবহাওয়া, বৃষ্টি ও অপরিচিত পরিবেশে কয়েক দিন অবস্থান তাদের শেখাচ্ছে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার বাস্তব অভিজ্ঞতা। গত বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় ৬ষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা কাব ক্যাম্পুরী ২০২৬।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সালেহ মো. মুসা জঙ্গী। সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওয়াসিম ফিরোজ, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক এবং বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা স্কাউটসের সম্পাদক মোহাম্মদ মারুফুল হক।

১২ ‘উৎসবে’ শেখা ও আনন্দ : কাবদের কাছে ক্যাম্পুরীর প্রতিটি চ্যালেঞ্জকে আকর্ষণীয় ও উপভোগ্য করে তুলতে প্রতিটি কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘উৎসব’। এবারের ক্যাম্পুরীতে রয়েছে মোট ১২টি উৎসব—‘সুস্থ থাকি’, ‘নিজের বাড়ি নিজে সাজাই’, ‘মেতে উঠি উল্লাসে’, ‘জ্ঞানের আলো’, ‘স্বপ্ন’, ‘বাঁচতে হলে জানতে হবে’, ‘রং এ ঢং এ সাজি’, ‘বন্ধু গড়ি’, ‘শান্তি ও সম্প্রীতি’, ‘সৃষ্টির উল্লাসে’, ‘গুপ্ত ধনের সন্ধানে’ ও ‘তাঁবু জলসা’।

এর মধ্যে উৎসব-২, ৪, ১০ ও ১২ প্রতিযোগিতামূলক। অন্য উৎসবগুলো অংশগ্রহণমূলক। কোথাও কাবরা নিজেদের সৃজনশীলতা প্রকাশ করছে, কোথাও জ্ঞান ও দক্ষতার চর্চা করছে। আবার কোনো আয়োজনে দলবদ্ধভাবে কাজ করে তৈরি করছে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন।

আজ শনিবার মহা তাঁবু জলসা ও ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে পাঁচ দিনের এ আয়োজন । তবে, সমাপনী হলেও শেষ হচ্ছে না কাবদের একসঙ্গে থাকা। তারা সেদিন রাতে ভেন্যুতেই রাত্রিযাপন করবে। এরপর রবিবার ফিরে যাবে নিজ নিজ বিদ্যালয়ে পাঁচ দিনের স্মৃতি নিয়ে।


নির্বাচিত

মমেকে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, ২৪ দিনে ১৩ জনের মৃত্যু

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
সারোয়ার জাহান জুয়েল, ময়মনসিংহ

ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে। চলতি সেপ্টেম্বরের প্রথম ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ হাসপাতালে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৫১ জন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মমেক হাসপাতালের ডেঙ্গু সামারিতে প্রকাশিত তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে।

হাসপাতালের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২৪ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়া ১ হাজার ২৫১ জনের মধ্যে ৮১৫ জন পুরুষ, ৩৭৫ জন নারী ও ৬১ জন শিশু। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া রোগী খেলন সরকার (৬৫)। তিনি ময়মনসিংহ নগরীর রামবাবু রোড এলাকার নরেন্দ্র সরকারের স্ত্রী। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তিনি মমেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা অবস্থায় ২৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালে নতুন করে ৫৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৭৬ জন ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।

বর্তমানে মমেক হাসপাতালে ১৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৯২ জন পুরুষ, ৩৮ জন নারী ও ১০ জন শিশু।

হাসপাতালের পরিসংখ্যান আরও বলছে, চলতি বছরের শুরু থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মমেক হাসপাতালে মোট ২ হাজার ৭০৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৩ জন।

ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন বলেন, ‘ডেঙ্গু রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ গুরুত্ব দিচ্ছে। ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও সংশ্লিষ্টরা কাজ করছেন।’ পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


নির্বাচিত

৯ লাখ টাকায় আপস, সেই কিশোর গেল সংশোধনাগারে

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক     

রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার কিশোরকে সংশোধনাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির তাকে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই কিশোরকে আদালতে হাজির করে গুলশান থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই মো. আরেফিন ইসলাম তাকে সংশোধনাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তার পক্ষে অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন জামিনের আবেদন করেন।

জামিন আবেদনে বলা হয়, এই কিশোর গাড়িতে ড্রাইভারের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী একজন শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ছিলেন। তাকে হর্ন বাজানো সত্ত্বেও দ্রুত সরে যেতে না পারায় দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়।

আবেদনে আরও বলা হয়, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণ হিসেবে ক্ষতিগ্রস্ত পক্ষকে নগদ ৯ লাখ টাকা দেওয়া হয়েছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার পরপরই প্রাইভেটকারের ডান পাশের ড্রাইভিং সিটের দরজা খুলে কিশোরকে বের হতে দেখা যায়। তদন্তকালে তার সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে জামিন না দিয়ে সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেহেদীর মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গত বুধবার রাজধানীর গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, বেপরোয়াভাবে প্রাইভেটকার চালিয়ে তার ভাইকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করেন এবং এতে তার মৃত্যু ঘটে। মামলার এজাহারে গাড়িচালক হিসেবে আকাশ মারক নামে একজনকে আসামি করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি প্রাইভেটকার ফুটপাতে বসে থাকা মেহেদীকে চাপা দিয়ে দুটি ল্যাম্প পোস্টে ধাক্কা দেয়। পরে পথচারী ও নির্মাণ শ্রমিকরা গাড়িটি তুলে তাকে উদ্ধার করেন। পুলিশ তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।


নির্বাচিত

মাদক-জুয়া ঠেকাতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি

* নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই মূল লক্ষ্য * নজরদারি ও সচেতনতার ওপর গুরুত্ব
ফাইল ছবি
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

কিশোর-তরুণদের মধ্যে মাদকাসক্তির ঝুঁকি এবং অনলাইন জুয়া ও বেটিংয়ের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক প্রতিরোধ ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষার্থীদের মাদক ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখা, সচেতনতা বাড়ানো এবং নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠন করা হবে। তবে কমিটি কবে নাগাদ গঠন করা হবে, সদস্য কাঠামো কী হবে এবং কমিটির সুনির্দিষ্ট দায়িত্ব ও কার্যপরিধি কী থাকবে—এসব বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।

মাদক নিয়ে আগের উদ্যোগ: শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা তৈরিতে অবশ্য এটি সরকারের প্রথম উদ্যোগ নয়। শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে বিভিন্ন সময়ে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বিভিন্ন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে। ২০২৪ সালে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সংগীতের পর নিয়মিত মাদকবিরোধী সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ২০২৫ সালেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকের কুফল নিয়ে ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়।

এসব উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা এবং মাদকবিরোধী সামাজিক সচেতনতা তৈরি করা। এবার কমিটি গঠনের মাধ্যমে এ ধরনের কার্যক্রমকে আরও প্রতিষ্ঠানভিত্তিক ও নিয়মিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

জুয়া নিয়ে নতুন বাস্তবতা: মাদক প্রতিরোধের পাশাপাশি এবার জুয়াকেও একই প্রতিরোধ কাঠামোর আওতায় আনা হয়েছে। বিশেষ করে মোবাইল ফোন ও ইন্টারনেটের মাধ্যমে অনলাইন জুয়া ও বেটিংয়ের সুযোগ সহজলভ্য হওয়ায় বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।

চলতি বছর জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ কার্যকর হয়েছে। নতুন আইনে প্রচলিত জুয়ার পাশাপাশি অনলাইন জুয়া ও অনলাইন বেটিংকে অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

আইনে শিক্ষাপ্রতিষ্ঠানে জুয়ার কুফল সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার দায়িত্ব শিক্ষা মন্ত্রণালয়ের ওপর দেওয়া হয়েছে। আর জুয়া প্রতিরোধে আইন প্রয়োগ, সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও নীতিগত নির্দেশনার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।

নজরদারি ও সচেতনতার ওপর গুরুত্ব: নতুন কমিটি গঠনের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়ার ঝুঁকি সম্পর্কে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের সম্পৃক্ত করা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

তবে শুধু কমিটি গঠন করলেই এ উদ্যোগ কার্যকর হবে না। নিয়মিত সভা ও কর্মসূচি, শিক্ষার্থীদের কাউন্সেলিং, অভিভাবকদের সম্পৃক্ততা এবং প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

এখন কমিটিগুলোর সদস্য কাঠামো, দায়িত্ব, কার্যপরিধি এবং গঠনের সময়সীমা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনার অপেক্ষা। এসব নির্দেশনা এবং মাঠপর্যায়ে বাস্তবায়নের ওপরই শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক এ উদ্যোগের কার্যকারিতা অনেকটা নির্ভর করবে।


নির্বাচিত

ককটেল ফাটিয়ে ভিডিও পাঠালেই মেলে অর্থ

* ককটেল ফাটালে ৫ হাজার, ভিডিও পাঠালে ১০ হাজার টাকা * নেটওয়ার্ক শনাক্তে পুলিশের নজরদারি * যাত্রাবাড়ী-কমলাপুরে গ্রেপ্তার * ভারতীয় নাগরিক রিমান্ডে
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতার নতুন কৌশলের তথ্য পাওয়ার দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশের ভাষ্য, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের পর ঘটনার ভিডিও ধারণ করে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের ব্যক্তিদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এসব নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে খোলা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে আসছে বলে তদন্তে তথ্য পেয়েছে ডিবি।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং তাদের মোবাইল ফোন ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বিশ্লেষণ করে যোগাযোগ ও অর্থ লেনদেনের এ পদ্ধতির তথ্য পাওয়া গেছে। তবে ভারতীয় নম্বর ব্যবহার করা হলেই সংশ্লিষ্ট ব্যক্তি ভারত থেকে যোগাযোগ করছেন—এমনটি নিশ্চিত নয়। প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান নিশ্চিত করতে আরও তথ্য যাচাই প্রয়োজন।

ভিডিও পাঠালেই অর্থ: ডিবির তথ্যানুযায়ী, নাশকতায় অংশ নেওয়া ব্যক্তিদের শুধু ককটেল বিস্ফোরণ ঘটালেই হচ্ছে না; ঘটনার ভিডিও ধারণ করে নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে বলা হচ্ছে। ভিডিও পাওয়ার পর মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে অর্থ পাঠানোর ব্যবস্থা করা হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন।

পুলিশের দাবি, নাশকতার কাজে একেকজনকে একেক ধরনের দায়িত্ব দেওয়া হচ্ছে। কেউ ককটেল বা হাতবোমা সরবরাহ করছে, কেউ বিস্ফোরণ ঘটাচ্ছে, আবার কেউ ভিডিও ধারণ ও যোগাযোগের দায়িত্ব পালন করছে। ককটেল তৈরির জন্যও আলাদা নেটওয়ার্ক থাকার তথ্য পেয়েছেন তদন্তকারীরা।

ডিবি জানিয়েছে, নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় ককটেল তৈরির কথিত গোপন স্থাপনার সন্ধান পাওয়া গেছে। এসব স্থানে কারা বিস্ফোরক তৈরি করত এবং তাদের সঙ্গে নাশকতার অন্য অংশের যোগাযোগ কীভাবে ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

যাত্রাবাড়ীতে চারজন গ্রেপ্তার: গত ১৮ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানার সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় রায়হান উদ্দিন, রাসেল খান, আলা উদ্দিন ও আবদুল্লাহ নামে চারজনকে গ্রেপ্তার করে ডিবি। ওই ঘটনায় এক অটোরিকশাচালক আহত হন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লালবাগ এলাকা থেকে চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। একই দিন দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকা থেকেও ১০টি হাতবোমা উদ্ধারের দাবি করেছে পুলিশ।

ডিবির ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল ফোনে রাজনৈতিকভাবে নিষিদ্ধ সংগঠনের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদে রায়হান যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেনের নির্দেশনার কথা বলেছেন বলে জানিয়েছে পুলিশ। তবে এসব যোগাযোগের প্রকৃতি এবং নাশকতার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্ত করে যাচাই করা হচ্ছে।

কমলাপুরেও ককটেল বিস্ফোরণ: ১৯ সেপ্টেম্বর রাতে কমলাপুর রেলস্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাখাওয়াত হোসেন রায়হান ও মোহাম্মদ সানমুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। একই ঘটনায় আরও কয়েকজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি।

এর আগে সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে বোমাবাজির ঘটনায় সালমান ইসলাম সাকিব ওরফে আসিফ নামে একজনকে মোটরসাইকেল ও ককটেলসহ গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ভারতীয় নাগরিক রিমান্ডে: নাশকতার পরিকল্পনায় সম্পৃক্ততার সন্দেহে রবিউল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে ডিবির রমনা জোনাল টিম। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গত বুধবার তাকে চার দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আদালত।

ডিবির রিমান্ড আবেদনে বলা হয়েছে, রবিউল ১৪ সেপ্টেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছিলেন। তার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখের অমিল রয়েছে এবং বাংলাদেশে আসার কারণ নিয়েও তিনি বিভিন্ন সময় ভিন্ন তথ্য দিয়েছেন বলে পুলিশ দাবি করেছে। সাম্প্রতিক নাশকতায় তার সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই রিমান্ডে নেওয়া হয়েছে। তবে রবিউল আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে নাশকতায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

অন্যদিকে বাস পোড়ানো ও বোমাবাজির সমন্বয়ের অভিযোগে কক্সবাজার থেকে ডেমরা থানা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মো. সবুজকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

ভারতীয় নম্বর মানেই ভারত থেকে যোগাযোগ নয়: তদন্তে ভারতীয় নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের তথ্য পাওয়া গেলেও এর মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান নিশ্চিত করা যায় না বলে সতর্ক করেছেন প্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির। তার মতে, রোমিং সুবিধা বা ইন্টারনেট ব্যবহার করে বিশ্বের যেকোনো স্থান থেকে এসব অ্যাকাউন্ট পরিচালনা করা সম্ভব। ফলে নম্বরের দেশ কোডের ভিত্তিতে যোগাযোগকারী ব্যক্তি ভারতে অবস্থান করছেন—এমন সিদ্ধান্তে পৌঁছাতে প্রযুক্তিগতভাবে আরও তথ্য যাচাই প্রয়োজন।

নেটওয়ার্ক শনাক্তে নজরদারি: ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের পর রাজধানীর বিভিন্ন প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ এলাকায় তল্লাশি ও নজরদারি বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানোর পাশাপাশি সিসিটিভি ফুটেজ, মোবাইল ফোন এবং ডিজিটাল যোগাযোগ বিশ্লেষণ করে নাশকতার নেটওয়ার্ক শনাক্তের চেষ্টা চলছে।

ডিবির কর্মকর্তারা বলছেন, মাঠপর্যায়ের সদস্যদের পাশাপাশি অর্থদাতা, সমন্বয়কারী ও নির্দেশদাতাদের শনাক্ত করাই তদন্তের অন্যতম লক্ষ্য। নাশকতার সঙ্গে কার কী ভূমিকা ছিল, অর্থের উৎস কী এবং বিভিন্ন ব্যক্তির মধ্যে যোগাযোগ কীভাবে হয়েছে—এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার ব্যক্তি বা সন্দেহভাজনদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখা হচ্ছে না। অভিযোগগুলোর সত্যতা তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।


নির্বাচিত

বিশ্ব মেরিটাইম দিবস ২০২৬ উপলক্ষে সিইউবিতে আন্তর্জাতিক সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিশ্ব মেরিটাইম দিবস ২০২৬ উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স (এসএমএস) বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার, ‘ম্যাপ মেরিটাইম’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশের মেরিটাইম খাতের অভিজ্ঞ পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা। ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

বিশ্ব মেরিটাইম দিবস ২০২৬ উপলক্ষে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স (এসএমএস) বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক সেমিনার, ‘ম্যাপ মেরিটাইম’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

‘From Policy to Practice: Powering Maritime Excellence’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে দেশের মেরিটাইম খাতের অভিজ্ঞ পেশাজীবী, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। অনুষ্ঠানে মেরিটাইম খাতের নীতি, বাস্তব অভিজ্ঞতা, নিরাপত্তা, শিক্ষা, পেশাগত দক্ষতা এবং ভবিষ্যৎ সম্ভাবনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। বিশ্ব মেরিটাইম দিবস উপলক্ষে এ আয়োজনের জন্য শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগকে তিনি অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান মেরিটাইম খাতে অবদান রাখতে দক্ষ, জ্ঞানসমৃদ্ধ ও দায়িত্বশীল গ্র্যাজুয়েট তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন সিইউবির উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ. এস. এম. সিরাজুল হক। তিনি পরিবর্তনশীল বৈশ্বিক মেরিটাইম শিল্পের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে মেরিটাইম শিক্ষা, ব্যবহারিক জ্ঞান, উদ্ভাবন এবং শিল্প খাতভিত্তিক শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মেরিটাইম খাত সম্পর্কে জ্ঞান আরও বিস্তৃত করার আহ্বান জানান।

সেমিনারে বাংলাদেশের নৌপরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সামিনার ক্যাপ্টেন কাজী মুহাম্মদ আহসান মেরিটাইম নিরাপত্তা, জাহাজ পরিচালনা ও নিয়ন্ত্রক বিধিবিধান অনুসরণের বিভিন্ন ব্যবহারিক দিক তুলে ধরেন। তিনি পেশাগত দক্ষতা, নিরাপত্তা সচেতনতা এবং আন্তর্জাতিক মেরিটাইম মান অনুসরণের ওপর গুরুত্ব দেন।

মার্কেন্টাইল শিপিং লাইনস লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (শিপিং অ্যান্ড চার্টারিং), মাস্টার মেরিনার (ইউ.কে.) ও এমএনআই (লন্ডন) ক্যাপ্টেন আমান উল্লাহ চৌধুরী শিপিং শিল্পের বাস্তবতা এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে পেশাগত অভিজ্ঞতার সমন্বয়ের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। বৈশ্বিক শিপিং ও চার্টারিং শিল্পের চাহিদা অনুযায়ী নিজেদের প্রস্তুত করতে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট এবং দ্য নটিক্যাল ইনস্টিটিউট, ঢাকা ব্রাঞ্চের অনারারি সেক্রেটারি ক্যাপ্টেন সুব্রত কুমার সাহা, এএফএনআই মেরিটাইম শিক্ষা, পেশাগত উন্নয়ন, ধারাবাহিক শিক্ষা, নেতৃত্ব ও পেশাগত নৈতিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। সফল মেরিটাইম ক্যারিয়ারের জন্য শিক্ষার্থীদের শক্তিশালী কারিগরি ও পেশাগত দক্ষতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিইউবির শিপিং অ্যান্ড মেরিটাইম সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ক্যাপ্টেন মো. নাসির উদ্দিন। তিনি অতিথি ও বক্তাদের স্বাগত জানান এবং শিক্ষার্থীদের শিল্প খাতভিত্তিক মেরিটাইম শিক্ষা ও অভিজ্ঞ পেশাজীবীদের সঙ্গে সরাসরি জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরিতে বিভাগের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন, স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি এবং মেরিটাইম খাতের প্রতিনিধিরা।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ‘ম্যাপ মেরিটাইম’ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী। প্রতিযোগিতায় বাংলাদেশের সামুদ্রিক ভূগোল, সমুদ্রবন্দর, শিপিং ও মেরিটাইম বাণিজ্য, অভ্যন্তরীণ নৌপথ, নদীপথে পরিবহন এবং মেরিটাইমবিষয়ক জ্ঞানের ওপর শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শন করেন।

প্রতিযোগিতায় সেরা পাঁচ প্রতিযোগীকে তাদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট ও স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে অনুষ্ঠানে অংশগ্রহণ ও গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে অতিথি ও বক্তাদের সিইউবির পক্ষ থেকে স্মারক ক্রেস্ট ও উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ব মেরিটাইম দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে কেক কাটা হয়। এতে প্রধান অতিথি, বক্তা, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা অভিজ্ঞ মেরিটাইম পেশাজীবীদের সঙ্গে সরাসরি মতবিনিময়, বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে ধারণা লাভ এবং শিপিং ও মেরিটাইম শিল্পের সম্ভাবনা ও চ্যালেঞ্জ সম্পর্কে জানার সুযোগ পেয়েছেন।


নির্বাচিত

পল্টন থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির

​ডিএসসিসি প্রশাসক আবদুস সালামের হুঁশিয়ারি: অমান্য করলে আইনিব্যবস্থা, শুধু রমনা ভবনের পূর্বপাশে বসতে পারবেন নিবন্ধিত হকার
ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ককে হকারমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে হকারমুক্ত ঘোষিত ওই সড়কগুলো সরেজমিনে পরিদর্শনে যান ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

​পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক স্পষ্ট জানিয়ে দেন, ‘পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বসলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনিব্যবস্থা নেওয়া হবে।’

​তিনি আরও বলেন, ‘আমরা বিভিন্ন হকার সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা করেছি। তারা নিজেরাও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। সবার সম্মিলিত সহযোগিতায় আমরা নগরবাসীকে ফুটপাত ও সড়কে স্বস্তি ফিরিয়ে দিতে চাই।’

​ডিএসসিসি প্রশাসক জানান, কেবলমাত্র রমনা ভবনসংলগ্ন পূর্বপাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্ধারিত জায়গায় নিয়মানুযায়ী নিবন্ধিত নির্দিষ্টসংখ্যক হকার বসতে পারবেন। নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে যত্রতত্র হকার বসে জনভোগান্তি তৈরির কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি সতর্ক করে বলেন, ‘নিয়মের ব্যত্যয় ঘটালে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’

​হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে প্রশাসক বলেন, ‘বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনামা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

​পরিদর্শনকালে ডিএসসিসি প্রশাসক প্রায় এক ঘণ্টারও বেশি সময় উপস্থিত থেকে পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্তকরণ কার্যক্রম তদারকি করেন।

​এ সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


নির্বাচিত

অপরাধ দমনে চালু হলো ‘সেভ রংপুর’ ওয়েবসাইট

ছবি: সংগৃহীত
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
নিজস্ব প্রতিবেদক

নিরাপদ রংপুর গড়ার লক্ষ্যে নাগরিকরা নিজেদের পরিচয় গোপন রেখে অপরাধী ও অপরাধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পৌঁছে দিতে ‘সেভ রংপুর’নামে একটি বিশেষ ওয়েবসাইট।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটির (অ্যাপস) উদ্বোধন করেন প্রশাসনের কর্মকর্তারা।

সেভ রংপুর এর প্রতিষ্ঠাতা ও চিফ কোর্ডিনেটর আল মামুন বলেন, রংপুরের সাধারণ মানুষের নিরাপত্তা ও নাগরিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি একটি সচেতন ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা। অপরাধ সম্পর্কে তথ্য দিতে গিয়ে অনেকেই ব্যক্তিগত নিরাপত্তা বা পরিচয় প্রকাশের বিষয়টি সামনে আনতে চান না। তাই তাদের জন্যই ‘সেভ রংপুর’ প্ল্যাটফর্মে পরিচয় গোপন রেখে তথ্য জানানোর সুযোগ রাখা হয়েছে।

নাগরিকদের দেওয়া তথ্য প্রশাসনের কাছে পৌঁছে যাবে, যা অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সহায়তা করবে।

অ্যাপস-ওয়েবসাইটটির মাধ্যমে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস, কিশোর অপরাধ, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধের বিষয়ে তথ্য দেয়ার সুযোগ থাকবে। তিনি আরও বলেন, সেভ রংপুরকে যারা এগিয়ে নিতে চান, তারা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করবেন। এই প্ল্যাটফর্মকে আরও কার্যকর ও এগিয়ে নিতে তথ্যভিত্তিক একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এর মাধ্যমে যেকোনো ব্যক্তি চাইলে নিজের পরিচয় গোপন রেখে অপরাধসংক্রান্ত তথ্য দিতে পারবেন। অনেকেই বাড়ির আশপাশে মাদক কারবার, চাঁদাবাজি কিংবা অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে জানলেও প্রশাসনের কাছে সরাসরি যেতে পারেন না। আবার অনেকের ধারণা, তথ্য দিলে সাক্ষী হতে হবে কিংবা পরবর্তীতে নানা ধরনের জটিলতায় পড়তে হতে পারে। এসব কারণে অনেকে গুরুত্বপূর্ণ তথ্য দিতে আগ্রহী হন না। তাদের কথা বিবেচনা করেই এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। এখানে আপনি যে তথ্য দেবেন, তা গোপন রাখা হবে।

এসময় অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ শহর শুধু প্রশাসনের একার পক্ষে গড়ে তোলা সম্ভব নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষও যদি নিজ নিজ অবস্থান থেকে অপরাধের তথ্য জানান এবং সচেতন ভূমিকা পালন করেন, তাহলে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ রংপুর গড়ে তোলা আরও সহজ হবে।

এসময় রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জোবায়ের ইসলামসহ বিভিন্ন দফতরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


নির্বাচিত

বর্জ্য ব্যবস্থাপনায় খুলনা সিটিতে চালু হচ্ছে রিসাইক্লিং প্লান্ট

ছবি: দৈনিক বাংলা
আপডেটেড ১ জানুয়ারি, ১৯৭০ ০৬:০০
খুলনা ব্যুরো

বর্জ্য এখন কোনো সংকট নয়, এটি এখন বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে। আগামী ডিসেম্বরে শলুয়ায় নির্মিত বর্জ্য রিসাইকিং প্লান্টটি চালু হলে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন দিক উন্মোচিত হবে। কিন্তু এটি পরিচালনার দায়িত্ব প্রাইভেট সেক্টরে ছেড়ে দিলে তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে কি না, তাও ভেবে দেখতে হবে। না পারলে এটা কীভাবে পরিচালনা করা সম্ভব তার জন্য কর্মকর্তা পর্যায়ে আরও সভা আহ্বানের নির্দেশ দেন।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবার পেশাদারত্ব জোরদারকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় বাংলাদেশ নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পের আওতায় কেসিসি ও এসএনভি যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। গত ১৮ জুলাই কেসিসি ও এসএনভির মধ্যে অনুষ্ঠিত কৌশলগত সভার সিদ্ধান্তের আলোকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা এবং পেশাদারত্ব নিশ্চিত করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

মাঠপর্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা কাজে কয়েকটি ওয়ার্ড নিয়ে পাইলট কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, ‘তাহলেই ৩১টি ওয়ার্ডে আমাদের কী ধরনের ব্যবস্থাপনা প্রয়োজন তার সঠিক ধারণা পাওয়া সম্ভব হবে। একমুখী কাজ থেকে বের হয়ে সম্মিলিতভাবে ও সমন্বয়ের মাধ্যমে বহুমুখী কাজ করতে পারলে সফল হওয়া সম্ভব হবে বলে কর্মশালায় প্রশাসক উল্লেখ করেন।

উল্লেখ্য, ‘বাংলাদেশ নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পটি খুলনাসহ ৪টি সিটি করপোরেশন ও ৮টি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। স্যানিটেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন ও সংশ্লিষ্ট নগর পরিসেবার নিরাপত্তা, অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব উন্নয়নের মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্য ও জীবনমান উন্নত করাই প্রকল্পের মূল লক্ষ্য। কর্মশালায় প্রাথমিক উৎস থেকে কঠিন বর্জ্য সংগ্রহ সেবার পেশাদারত্বকরণের আওতায় সেবাদানকারীদের শর্তযুক্ত অনুমতিপত্র লাইসেন্স প্রদান এবং কর্মসম্পাদন মূল্যায়ন ব্যবস্থা প্রবর্তন, কেসিসি কর্তৃক নির্ধারিত ও অনুমোদিত সার্ভিস চার্জ ট্যারিফ কাঠামো অনুসারে নাগরিকদের নিকট থেকে সেবা মূল্য নিশ্চিতকরণ, প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবায় নিয়োজিত সকল ভ্যান গাড়িকে কেসিসির নিবন্ধনের আওতায় আনা এবং ওয়ার্ডভিত্তিক সেবার আওতাবহির্ভূত এলাকা, সড়ক ও পরিবার চিহ্নিতকরণের মাধ্যমে সমগ্র মহানগরকে ধাপে ধাপে শতভাগ প্রাথমিক বর্জ্য সংগ্রহ সেবার আওতায় আনার পরিকল্পনা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ছাড়া আলোচ্য বিষয়গুলো বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং কঞ্জারভেন্সি বিভাগের কর্মকর্তাদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে কর্মশালায় উল্লেখ করা হয়।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কঞ্জারভেন্সি বিভাগরে কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন এসএনভির কাস্টার কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস।


নির্বাচিত

banner close