দশানী নদীর ওপরে একটি ব্রিজের অভাবে দুর্ভোগে পড়েছেন শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের চরাঞ্চলের ১০ গ্রামের মানুষ। বছরের অর্ধেক সময় বাঁশের সাঁকো ও অর্ধেক সময় নৌকায় কৃষিপণ্য আনা-নেয়াসহ অর্ধলাখ মানুষকে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিবার ভোটের সময় প্রার্থীরা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি। তাই ক্ষুব্ধ ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসী।
ব্রক্ষপুত্র ও দশানী নদীর বন্যা থেকে রক্ষা করতে কামারের চর বাজারঘেঁষা বন্যানিয়ন্ত্রণ বাঁধ দেয়ার ফলে শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের চর নতুনপাড়া, পশ্চিমপাড়া, উত্তরপাড়া, নয়াপাড়া, ভাটিপাড়া, উজানপাড়া, কামারপাড়া, গোয়ালপাড়া, পয়াস্তিরচর জেলা সদর থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। শেরপুর সদর উপজেলার থেকে ১০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণে কামারের চর ইউনিয়ন ও জামালপুরের ইসলামপুর উপজেলার সীমান্তঘেঁষা বুক চিরে বয়ে গেছে দশানী নদী।
এ গ্রামগুলোর ৫০ হাজার মানুষের যাতায়াতের একমাত্র পথ হচ্ছে দশানী নদীর ওপর বাঁশের ঝুঁকিপূর্ণ সাঁকো। এ অঞ্চলের মানুষ শুকনো মৌসুমে কষ্ট করে চলাচল করলেও বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ থাকে না। শুধু দুর্ভোগই নয়; এ সময় অনেক ছাত্রছাত্রীর স্কুল ও কলেজে যাওয়া বন্ধ হয়ে যায়। তখন এলাকাবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় নৌকা। বিশাল চরাঞ্চলের শাকসবজি, ধানসহ নানা ফসল আনা-নেয়াতেও দুর্ভোগ পোহাতে হয়। ফলে ফসলের ন্যায্য মূল্যও পান না কৃষকরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বারবার নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা। কিন্তু নির্বাচন চলে গেলে আর কেউ প্রতিশ্রুতি রক্ষা করেন না। অথচ জীবনের ঝুঁকি নিয়েই দশানী নদী পারাপার করতে হয় শিশু-কিশোর, ছাত্র, বৃদ্ধ সবাইকে। আবার অনেক সময় সঠিক সময় রোগী হাসপাতালে নিয়ে যেতে না পারায় চিকিৎসার অভাবে মারা যান অনেকেই। সময়মতো শিক্ষার্থীরা যেতে পারে না স্কুলে। তাই এলাকাবাসী এ দুর্ভোগ থেকে মুক্তি চায়।
শেরপুর সদর উপজেলার গোয়ালপাড়ার কৃষক মানু, পোয়াস্তির চরের সুজন বলেন, ‘আমাদের এ সেতুটি যে কবে হবে, আমরা জানি না। জন্মের পর থেকেই এ রকমই দেখছি। সরকার সারা দেশেই উন্নয়ন করেছে। অথচ আমাগো অল্প একটু ব্রিজ করে দেয় না। খালি ভোটের সময় এলে ভোট নেয়। ব্রিজ না থাকায় ফসল বাজারে নিতে পারি না।’
৬ নম্বর চরের মেহেদী হাসান পাপুল বলেন, ‘আমরা এ ব্রিজের অভাবে বছরজুড়ে দুর্ভোগের শিকার হই। আমাদের চরে প্রচুর সবজির আবাদ হয়। চরের এ সবজি সারা দেশে রপ্তানি করা হয়ে থাকে। ব্রিজ না থাকায় সময়মতো কোনো কিছু বাজারে নিতে পারেন না কৃষকরা।’
ওই চরের আরেক বাসিন্দা আব্দুর রশিদ বলেন, ‘নদীর এপারে অনেক কৃষিপণ্যের আবাদ হয়। হাজার হাজার মণ বেগুন, পাট, গম, ধান নষ্ট হয়। কারণ যোগাযোগব্যবস্থা ভালো না থাকায় পণ্য বাজারে তুলতে পারি না আমরা। তাই লাভবান হতে পারি না। আমরা সরকারের কাছে ব্রিজটি নির্মাণের দাবি জানাই।’
কামারের চর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী পরশ জানায়, শুকনা মৌসুমে আমরা এই বাঁশের সাঁকো দিয়ে পার হয়ে স্কুলে যাই। এ সময় আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা হয়। অনেক সময় নদীতে বই-খাতা পড়ে ভিজে যায়। আর বর্ষা মৌসুমে স্কুলে যেতে ভয় লাগে। ভয়ে একা নৌকা দিয়ে পার হতে পারি না। স্কুলে পৌঁছাতে দেরি হয়ে যায়।
কামারের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, দশানী নদীতে একটি সেতু নির্মাণ মানুষের প্রাণের দাবি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।
শেরপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, শেরপুর সদরের দশানী নদীতে সেতু তৈরির যাবতীয় কাগজপত্র ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু করা হবে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার পৌর এলাকার মাইজপাড়া এলাকায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ভোর প্রায় ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাসার ভেতরে জমে থাকা গ্যাসে আগুনের সংস্পর্শ ঘটলে হঠাৎ বিস্ফোরণ হয়। এতে ঘরে থাকা পরিবারের সদস্যরা আগুনে ঝলসে যান।
আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের শারীরিক অবস্থা গুরুতর বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তারা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন রয়েছেন।
দগ্ধ ব্যক্তিরা হলেন- মনোয়ারা বেগম (৬০), জিল হক (৩৭), উম্মে হুমায়রা (৩০) এবং শিশু হুররাম (২)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মনোয়ারা বেগমের শরীরের প্রায় ২ শতাংশ, জিল হকের ৫৪ শতাংশ, উম্মে হুমায়রার ৬৫ শতাংশ এবং শিশু হুররামের ৬ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। গুরুতর দগ্ধ দুজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, যাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে তাদের অবস্থা সংকটাপন্ন। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বিচ্ছিন্ন জনপদ গুয়াগাছিয়ায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে কুখ্যাত নৌডাকাত ‘নয়ন-পিয়াস’ বাহিনীর একটি গোপন আস্তানা ও ওয়াচ টাওয়ারের সন্ধান পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, সেনা সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে গজারিয়া আর্মি ক্যাম্প নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান চালায়। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর এই অভিযানে নৌডাকাত ‘নয়ন-পিয়াস’ বাহিনীর একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। আস্তানাটি লোকালয় থেকে দূরে নির্জন স্থানে অত্যন্ত পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল। তল্লাশিকালে সেখান থেকে ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। সরেজমিনে দেখা যায়, আস্তানাটির ভেতরে একটি বিশেষ ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছিল যেখান থেকে সাধারণ মানুষ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করা যেত। আস্তানাটিতে ৫-৬ জন সদস্যের থাকার মতো সব ধরনের ব্যবস্থা ছিল। ধারণা করা হচ্ছে নৌডাকাত দলের সদস্যরা সেখানে অবস্থান করছিল। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে তারা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আস্তানাটির সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে অপরাধী চক্রটি সেখানে পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে।’
সেনা ক্যাম্পের অপারেশন অফিসার জানান, বাংলাদেশ সেনাবাহিনী মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃঢ়প্রতিজ্ঞ। সন্ত্রাস, নাশকতা ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করলে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহায়তা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
গজারিয়া থানার ওসি হাসান আলী বলেন, ‘সেনাবাহিনী থানায় গুলিগুলো হস্তান্তর করার পর আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গুয়াগাছিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। যেকোনো ধরনের অপতৎপরতা কঠোর হস্তে দমন করা হবে।’
নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বাবা ও ছেলেসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। গত সোমবার ভোররাতে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় পুনরায় সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের এবং খলিল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সোমবার ভোররাতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালালে বড়কুলা গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এই সংঘর্ষে খলিল শেখের পক্ষের চারজন প্রাণ হারান। তাঁরা হলেন—স্বয়ং খলিল শেখ, তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ, ভাগিনা ফেরদৌস এবং মুন্না শেখ। অন্যদিকে, সাবেক চেয়ারম্যান খায়েরের সমর্থক ওসিকুর শেখ গুরুতর আহত অবস্থায় নড়াইল জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
ভয়াবহ এই ঘটনার পরপরই উত্তেজিত প্রতিপক্ষের লোকজন স্থানীয় কয়েকটি স্থানে অগ্নিসংযোগ করে, যা পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়। খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বনি শিকদার, হালিম ফকির, তুফান মোল্যা, সদয় মোল্যা, লাজুক ওরফে সূর্য্য শিকদার এবং জসিম মোল্যাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয় বিভিন্ন গ্রামের বাসিন্দা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বড়কুলা গ্রামে নিহতের ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গ্রামে পুলিশি টহল জোরদার করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নৃশংস এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি, তবে আইনি প্রক্রিয়া শুরু করতে পুলিশ কাজ করছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন মাদকের বিরুদ্ধে কঠোর ও আপসহীন অবস্থান ঘোষণা করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের ঘোষণা চূড়ান্ত এবং নির্মমভাবে স্পষ্ট—কোনো আপস নয়, কোনো ছাড় নয়, কোনো দয়া নয়।”
সম্প্রতি এক বিবৃতিতে তিনি জানান, যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তারা সরাসরি ভবিষ্যৎ প্রজন্মের জীবন ধ্বংস করছে। তাদের প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখানো মানে সমাজ ও রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়া।
সংসদ সদস্য আইন প্রয়োগকারী সংস্থার প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, দায়িত্ব পালনে সামান্যতম শৈথিল্যও গ্রহণযোগ্য নয়। কোনো সুপারিশ, তদবির, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবশালী মহলের চাপ আইনের গতিকে এক চুলও বাঁকাতে পারবে না। অপরাধী যে-ই হোক, যত বড় পরিচয়েরই হোক না কেন—তার ঠিকানা হবে আইনের কঠোরতম ব্যবস্থা।
তিনি আরও বলেন, সমাজ আর নীরব থাকবে না। মাদক সংশ্লিষ্ট প্রতিটি স্পট চিহ্নিত করা হবে, প্রতিটি চক্র ভেঙে দেওয়া হবে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। অভিযান হবে নিরপেক্ষ, দৃশ্যমান ও ধারাবাহিক। নাম, পদবি বা পরিচয়ের আড়ালে কেউ নিরাপদ থাকবে না।
এমপি মিলন জোর দিয়ে বলেন, এখন সময় শক্ত অবস্থানের। এখন সময় প্রমাণ করার—আইন ঘুমিয়ে নেই। মাদকের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং এই যুদ্ধে নরম ভাষা নয়, কার্যকর কঠোরতাই হবে একমাত্র উত্তর।
স্থানীয় সচেতন মহল মনে করছে, এমন কঠোর বার্তা মাঠপর্যায়ে আইন প্রয়োগে গতি আনতে পারে। তবে তারা একই সঙ্গে নিরপেক্ষ ও মানবাধিকারসম্মত প্রয়োগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন, যাতে প্রকৃত অপরাধীরাই বিচারের আওতায় আসে।
নাটোরের সিংড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাঁটাপুকুরিয়া মহল্লায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর নজরে আসে একটি বক্স সেই বক্সে ছিল পিস্তলের ৫০ রাউন্ড গুলি ও অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জানা যায়, কাঁটাপুকুরিয়া মহল্লার বাসিন্দা জাহাঙ্গীর আলমের শিশু পুত্র মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭)।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে তাদের বাড়ির পশ্চিম পাশে পার্শ্ববর্তী নাগর নদীতে মাছ ধরতে যায়। এসময় তারা নদীর মধ্যে একটি নীল রঙের প্লাস্টিকের বাক্স দেখতে পায়। বাক্সটি খুলে তারা এর ভেতরে ৫০ রাউন্ড পিস্তলের গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করার প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পায়। তবে প্রতিটি গুলির পিছনে ইংরেজিতে ঈইঈ ৩২ অটঞঙ লেখা ছিল
শিশুরা বিষয়টি বুঝতে না পেরে বাক্সটি নিজ বাড়িতে নিয়ে রাখে। পরে শিশুর মা মরিয়ম বেগম (৪০) সিংড়া থানায় ফোন করে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাক্সসহ ভেতরের গুলি ও সরঞ্জাম উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এঘটনা জানতে চাইলে শিশুদের মা মরিয়ম বেগম বলেন, নদীর পানি কমে যাওয়ায় তার দুই ছেলে মাছ ধরতে গিয়েছিল। কিছুক্ষণ পর তারা হঠাৎ একটি মাঝারি আকারের বক্স হাতে নিয়ে বাড়িতে ফিরে আসে। কৌতূহলবশত বক্সটি খুলে তিনি ভেতরে পিস্তলের গুলি দেখতে পান। বিষয়টি বুঝতে পেরে তিনি তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন এবং পরে উদ্ধারকৃত বক্সসহ গুলি পুলিশের কাছে হস্তান্তর করেন।
এবিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ব.ম আব্দুন নূর বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে একটি প্লাস্টিকের বাক্সের ভেতর থাকা ৫০ রাউন্ড পিস্তলের গুলি ও অস্ত্র পরিষ্কারের কিছু সরঞ্জাম উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এসব কোথা থেকে এলো এবং কারা রেখে গেছে, তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির (এএ) তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমতলী সীমান্ত এলাকায় এই আটকের ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তিদের তল্লাশি চালিয়ে মিয়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তবর্তী এলাকায় নিয়মিত টহল চলাকালে বিজিবি সদস্যরা তিন ব্যক্তিকে সন্দেহজনকভাবে অনুপ্রবেশ করতে দেখেন। পরবর্তীতে তাঁদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা নিজেদের আরাকান আর্মির সক্রিয় সদস্য বলে পরিচয় দেন। বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃতদের কাছ থেকে বেশ কিছু পরিমাণ মিয়ানমারের মুদ্রা (কিয়াট) জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতেই তাঁদের নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান অস্থিরতা ও যুদ্ধের প্রেক্ষাপটে এই অনুপ্রবেশের ঘটনাটি বিশেষ গুরুত্বের সাথে দেখছে স্থানীয় প্রশাসন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা তিন সশস্ত্র সদস্যকে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অনুপ্রবেশকারী এই তিন ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া বর্তমানে চলমান। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী আমতলী সীমান্তে আটকের ঘটনাটি লোকমুখে শুনেছেন বলে মন্তব্য করেন। তবে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সীমান্ত সুরক্ষায় বিজিবির কড়া নজরদারির ফলেই এই অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আরও অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম ও রাজধানী ঢাকায় গ্যাসের বিস্ফোরণে সোমবার (২৩ ফেব্রুয়ারি) ১৩ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসার বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। বিস্ফোরণে দগ্ধ নয়জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। তার নাম নুরজাহান বেগম রানি (৪০)।
অন্যদিকে ঢাকার রায়েরবাজার এলাকার একটি বাসায় ‘গ্যাস লাইন লিকেজ থেকে’ আগুনে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
জানা গেছে- চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে শিশুসহ ৯ জন দগ্ধ হয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে চারটার দিকে হালিমা মঞ্জিল নামের একটি ছয় তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই ঘরটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাদের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা দগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী আলমগীর হোসেন জানান, ওই বাসায় এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হতো না; সেখানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহকৃত গ্যাসের সংযোগ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলা থেকে গ্যাস লিক হয়ে রান্নাঘরে জমে যায়। পরে সেই জমে থাকা গ্যাসের বিস্ফোরণেই দগ্ধ হওয়ার ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ভোরে ওই বাসার রান্নাঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা নারী ও শিশুসহ কয়েকজন দগ্ধ হন। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান চিকিৎসক রফিক উদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, দগ্ধদের সবারই শ্বাসতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের অবস্থা
বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে রানী ও পাখি নামে দুই নারী এবং সাখাওয়াত নামের এক ব্যক্তির শরীর শতভাগ পুড়ে গেছে। এছাড়া একজনের ৮০ শতাংশ, একজনের ৪৫ শতাংশ এবং বাকিদের শরীর ২০ থেকে ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।
অন্যদিকে, ঢাকার রায়েরবাজার এলাকার একটি বাসায় ‘গ্যাস লাইন লিকেজ থেকে’ আগুনে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন মো. রোমান (৪০), তার স্ত্রী পিংকি (৩৫), এই দম্পতির সন্তান মায়ান (৩) ও পিংকির ভাই অপু (২২)।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।
শাওন বিন রহমান বলেন, রোমানের শরীরের ২৫ শতাংশ, পিংকির ৭৫ শতাংশ, মায়ানের ২৪ শতাংশ ও অপু ৭ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
জানা গেছে, রায়েরবাজার এলাকার একটি ছয় তলার ভবনের নিচ তলায় ভাড়া বাসায় বসবাস করে পরিবারটি। রাত পৌনে ৪টার দিকে হঠাৎ আগুন লেগে বাসায় থাকা চারজনই দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোমানের গ্রামের বাড়ি নেত্রকোণার খালিয়াজুরী থানার মোহাম্মদপুর এলাকায়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গ্রামবাসীর বাধার মুখে হামলা ও ছররা গুলির ঘটনা ঘটেছে। এতে নারী ও কিশোরসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জন গুলিবিদ্ধ বলে জানা গেছে।
গত রোববার (২২ ফেব্রুয়ারি) উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং-সংলগ্ন মেঘনা নদীর তীর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে চরলাপাং মৌজার মেঘনা নদীতে একাধিক ড্রেজার দিয়ে দিন-রাত বালু উত্তোলন চলছিল। অভিযোগ রয়েছে, নাছিরাবাদ বালু মহালের সীমানা অতিক্রম করে নদীর তীরঘেঁষে অবৈধভাবে বালু তোলা হচ্ছিল, ফলে নদীভাঙন, ফসলি জমি বিলীন ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়।
এ অবস্থায় স্থানীয় গ্রামবাসী বারবার নিষেধ করলেও বালু উত্তোলন বন্ধ না হওয়ায় গত রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে শতাধিক এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ড্রেজার এলাকায় গিয়ে বালু উত্তোলন বন্ধের চেষ্টা করেন। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত অস্ত্রধারী দুর্বৃত্তরা গ্রামবাসীর ওপর হামলা চালায় এবং এলোপাতাড়ি ছররা গুলি ছোড়ে।
গুলিবিদ্ধদের মধ্যে নূরুল আমীন (৪০), রূপা মিয়া (৪৫), স্বপন মিয়া (৫০), ইব্রাহীম খলিল (৩০), জুলহাস মিয়া (৫০), সাকাল মিয়া (৪০) ও সিয়াম আহমেদ (১৬) রয়েছেন। এ ছাড়া সংঘর্ষে নারীসহ আরও অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত ও এলাকাবাসীর অভিযোগ, বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরদারি এড়িয়ে নদীর পাড় কেটে বালু উত্তোলন করে আসছিল। প্রতিবাদ করায় তাদের ওপর বর্বরোচিত হামলা ও গুলি চালানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক দুই পক্ষের কিছু নেতা-কর্মীর সম্পৃক্ততার কথাও শোনা যাচ্ছে।
অভিযুক্তদের মধ্যে সাখাওয়াত হোসেন পায়েলের নাম স্থানীয়ভাবে উল্লেখ করা হলেও তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, গুলি চালানোর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ‘বিষয়টি জেলাপর্যায়ের বৈঠকে উপস্থাপন করা হয়েছে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।’
স্থানীয় সাংসদ অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ‘নবীনগরে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। অবৈধ বালু মহাল বন্ধ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
সাতক্ষীরা জেলা রেকর্ড রুমের দায়িত্ব পালনরত কর্মকর্তা-কর্মচারীদের সিল ও স্বাক্ষর জালিয়াতির করে প্রায় ৭ কোটি টাকার সরকারি জমি আত্মসাত। শ্যামনগর উপজেলার গোপালপুর গ্রামের মৃত মেঘনাথ গাইনের ছেলে মলয় কুমার ও কুমারেন্দ্র নাথ এবং ভোলানাথ গাইনের ছেলে অরবিন্দু নাথ এমন ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।
ইতোমধ্যে রেকর্ডরুম শাখা কর্তৃক তদন্তে জালিয়াতির ঘটনায় প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে মামলা হয়েছে। শ্যামনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এসএম ফজলুল রহমান বাদী হয়ে গত ১১ ফেব্রুয়ারি শ্যামনগর থানায় মামলাটি দায়ের করেন। তবে মামলা দায়ের পর প্রায় ১৫ দিন অতিবাহিত হলেও অদ্যাবধি আসামিরা গ্রেপ্তার হয়নি। বরং অর্থ সম্পদের পাশাপাশি রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা গ্রেপ্তার এড়ানোসহ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছে।
অভিযোগ সূত্রে জানা যায় গোপালপুর মৌজার এসএ ২১, ২৪, ২৫ ও ২৬ খতিয়ানের ৪ একর ৩২ শতক জায়গা ১৯৮১ সালে জাল দলিল তৈরি করে মলয় কুমার ও তার দুই ভাই দখল করে নেয়। এ সময় তারা প্রায় তিন দশক আগে ভারতে চলে যাওয়া জনৈক ক্ষেত্র দাস দিং দের দাতা সাঁজিয়ে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ওই সম্পত্তি জবর দখল করেন। পরবর্তীতে ওই জমির অনুকুলে জাল খতিয়ান তৈরিসহ সৃজনকৃত সেসব কাগজমূলে নামপত্তনসহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেন।
আরও অভিযোগ রয়েছে পরবর্তীতে অর্পিত ঐ সম্পত্তির মালিকানার দাবিতে মলয় ও তার দুই ভাই বিজ্ঞ যুগ্ম জেলা জজ আদালতে (সাতক্ষীরা) ১৮/২০০৫ নং মামলা করেন। এ সময় তারা তারা দাবির সমর্থনে জেলা রেকর্ডরুমের কর্মকর্তা-কর্মচারীদের সিল স্বাক্ষর সম্বলিত এসএ ২১, ২৪, ২৫, ২৬ নং খতিয়ানের কপি দাখিল করেন।
জানা যায় সম্প্রতি তাদের জালিয়াতির বিষয়টি প্রকাশ্যে আসে। যার প্রেক্ষিতে ২০২৪ সালের ১ ডিসেম্বর ব্রহ্মশাসন গ্রামের মো. মুজিবুল হক বিষয়টি তদন্তে জেলা প্রশাসকের নিকট লিখিত জানান। একপর্যায়ে রেকর্ড রুমের তদন্তে প্রমানিত হয় যে মলয় কুমার দিং দের সরবরাহকৃত যাবতীয় কাগজ ভূয়া। যার প্রেক্ষিতে সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশে শ্যামনগর সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এসএম ফজলুর রহমান বাদি হয়ে মলয়সহ ৩ জনের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ অনুযায়ী ৪১৯, ৪২০, ৪৬৮, ও ৪৭১ ধারায় ওই মামলা করেন।
এ বিষয়ে মলয় কুমার জানান, তিনি উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার চেষ্টা করছেন।
শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, মামলার তদন্তদভার উপপরিদর্শক মোরছালিনের ওপর দেওয়া হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরালা পুঞ্জিতে অনুষ্ঠিত হয়েছে শ্রীমঙ্গল–বড়লেখা প্রেসবিটারিয়ান মো.খ্রিস্টীয় মণ্ডলীর ৫৫তম বার্ষিক ধর্মীয় সভা। তিন দিনব্যাপী এ আধ্যাত্মিক আয়োজন গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সমবেত প্রার্থনা ও বিদায়ী সংগীতের মধ্য দিয়ে শেষ হয়।
নিরালা পুঞ্জি এলাকায় আয়োজিত এ ধর্মীয় সম্মেলনটি অনুষ্ঠিত হয় নিরালা খাসিয়া পুঞ্জি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে। এতে সহযোগিতা করে শ্রীমঙ্গল–বড়লেখা প্রেসবিটারি ও সিলেট প্রেসবিটারিয়ান সিনড। আয়োজন করে নিরালা প্রেসবিটারিয়ান মণ্ডলী।
গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) শুরু হওয়া এই ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন মডারেটর পালক রেভা. এবরিসন পতাম। সম্মেলনের প্রধান আকর্ষণ ছিল খাসিয়া সম্প্রদায়ের প্রায় পাঁচ হাজার ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। প্রার্থনা, ধর্মীয় উপদেশ ও সঙ্গীতের মধ্য দিয়ে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।
ধর্মীয় আলোচনায় বিশেষ অতিথি তেনজিং ঘোষ যিশুখ্রিষ্টের প্রেম, ত্যাগ ও প্রার্থনার গুরুত্ব তুলে ধরে ভক্তদের নৈতিক ও আত্মিক জীবন গঠনে আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পালক রেভা. জি. রাজমুসেন, রেভা. এব্রিংটন পি. লং, মণ্ডলীর ডিকন সামুয়েল ধার, আরন মানার, শাকিল পামথেত, লবিং সাআট এবং খাসি প্রেসবিটারিয়ান ট্রাস্টের সম্পাদক লুকাস রংসাইসহ মণ্ডলীর অন্যান্য নেতারা।
ধর্মীয় আলোচনার পাশাপাশি ১০টি সাংস্কৃতিক দলের পরিবেশনায় সংগীত সভায় ভিন্নমাত্রা যোগ করে। ভক্তদের অংশগ্রহণে প্রার্থনা ও গানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
সমাপনী বক্তব্যে নিরালা পুঞ্জি প্রেসবিটারিয়ান মণ্ডলীর পক্ষ থেকে এলভিস পতাম আগত অতিথি ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে ৫৫তম বার্ষিক ধর্মীয় সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
গাজীপুরের টঙ্গীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত পোস্ট করাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত থেকে রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
এতে উভয় পক্ষের অন্তত ৬ জন আহত হয়। একপর্যায়ে গত রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ফাঁকা গুলি বর্ষণের ঘটনা ঘটলে এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ঘটনায় আহতরা হলেন, ক্ষুদ্র ব্যবসায়ী শাহাদাত হোসেন (২৮), ফিরোজ মিয়া (২৭),পথচারী রোহান (২১), রবিউল ইসলাম (৩৬), নয়ন ইসলাম রাজ (৩৩) ও সাফি মিয়া (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। তারই ধারাবাহিকতায় গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কয়েকজন যুবকের ওপর হামলা চালায় একটি পক্ষ। এতে আহত হন রবিউল, সাফি ও নয়ন নামে তিন যুবক আহত হন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের এর পর গত রোববার দুপুরে ওই দোকানে আবারও হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি হামলা চালিয়ে দুই ব্যবসায়ীসহ অন্তত তিন জনক আহত করে দুর্বৃত্তরা। একপর্যায়ে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। তবে হামলাকারীদের সনাক্ত করতে পারেনি ভুক্তভোগীরা।
পুলিশ জানায়, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে সংঘটিত একটি মারামারির ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। তার ধারাবাহিকতায় গত রোববার বিকেলে হামলার ঘটনা ঘটে থাকতে পারে। বিষয়টি গুরুত্ব সহকারী তদন্ত করা হচ্ছে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ার খবর পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় নারীসহ ৪ জনকে মারধর ও কুপিয়ে আহত করার অভিযোগ ওঠেছে। আহতদের মধ্যে সবুজ মিয়া (৫০) গুরুতর আহত অবস্থায় ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গত রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধীতপুর ইউনিয়নের দেয়ালিয়াপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত সবুজ মিয়া ভালুকা মডেল থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চললেও তিনি এর প্রতিবাদ করে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে একই এলাকার আলাল উদ্দিন (৪৫), দুলাল মিয়া (৫০), শাকিল মিয়া (২২), রবিন মিয়া (২০) সহ অজ্ঞাত পরিচয়ে আরও কয়েকজন তার ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় সবুজ মিয়াকে একা পেয়ে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে হামলাকারীরা তাদেরও মারধর করে, এতে নারীসহ আরও কয়েকজন আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
শেরপুরের নকলায় অবৈধভাবে পাচারকালে বাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশন বা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ৯৮০ বস্তা ইউরিয়া সার জব্দ।
গত রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার উত্তর বাজারে পৃথক দুই স্থানে সৃজন এন্টারপ্রাইজ ও মেসার্স খন্দকার শহীদুল ইসলাম নামের ডিলার পয়েন্ট থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই ট্রাক অবৈধ সার জব্দ করে উপজেলা কৃষি কর্মকর্তাকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে তাৎক্ষণাত উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ ঘটনাস্থলে উপস্থিত হন। উপস্থিত হয়ে অবৈধ সার ভর্তি ট্রাক নকলা থানা পুলিশের সহায়তায় আটকের নির্দেশ দেয়।
অভিযুক্ত ডিলাররা বলেন, আমরা সার ক্রয় বাবদ ডিও করেছি, যার প্রেক্ষিতে ঝিনাইগাতী বাফার জোন সার প্রেরণ করেছে, কোথা থেকে প্রেরণ করেছে আমরা জানতাম না।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ বলেন, আশুগঞ্জ যমুনা সার কারখানা থেকে সার ভর্তি ট্রাক শেরপুর বাফার জোন ঝিনাইগাতী পয়েন্ট মজোত হওয়ার কথা ছিল কিন্তু ঝিনাইগাতী বফার জোনের ইনচার্জ এর যুকসাজসে নকলা ডিলার পয়েন্ট সার স্থানান্তরের উদ্দ্যোগ নেয়, যা সম্পূর্ণ বেআইনি। যার প্রেক্ষিতে সার ভর্তি ট্রাক নকলা থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।