মুহিববুল্লাহ মুহিব, তুমব্রু সীমান্ত থেকে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে চলমান গোলাগুলিতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বেড়েই চলেছে। এর ফলে আসন্ন দুর্গাপূজার উৎসবকে ঘিরে সীমান্ত এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।
মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের কাঁটাতার থেকে ২০০ গজ ভেতরে তুমব্রু শ্রী শ্রী দুর্গা মন্দিরের অবস্থান। এর পাশেই হিন্দু সম্প্রদায়ের ১৭টি পরিবার বাস করে। স্বাধীনতার পর থেকে এ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছেন এখানকার বাসিন্দারা। কিন্তু মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে গত এক মাস ধরে যে সংঘর্ষ চলছে, তার প্রভাব পড়ছে সীমান্ত এলাকায়। এর ফলে দুর্গাপূজার আয়োজন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পার করছেন সীমান্তবর্তী হিন্দু সম্প্রদায়ের লোকজন।
মন্দিরের পাশেই সুগন্ধা কর্মকারের বাড়ি। স্বামী ও সন্তানদের নিয়ে নবনির্মিত প্রতিমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছেন। কয়েক যুগ ধরে চলমান তাদের এ উৎসব এবার আদৌ হবে কী হবে না, তিনি তা জানেন না।
সুগন্ধা কর্মকার বলেন, বড় করে না হোক, ছোট পরিসরে হলেও এবার যেন পূজা করতে দেয়া হয়। পূজা উপলক্ষে এরই মধ্যে সন্তানদের জন্য কেনাকাটা হয়েছে। উৎসব উপলক্ষে খরচও করে ফেলেছেন। এত কিছুর পরও উৎসব করতে না পারলে তা হবে কষ্টের।
তুমব্রু বাজারের পেছনের এলাকার বাসিন্দা সুমিতা রায়। তিনি বলেন, ‘৫০ বছর ধরে এ উৎসব চলছে। আমাদের বাবা-দাদারাও পূজা করেছেন। করোনা পরিস্থিতিতেও ছোট পরিসরে পূজা হয়েছে। এবার একেবারে করতে না পারাটা হতাশাজনক হবে।’
আরেক বাসিন্দা প্রদীপ ধর বলেন, ‘দেড়শতাধিক মানুষের একমাত্র উৎসবের কেন্দ্র এ মন্দির। সেখানে যদি উৎসব করতে না পারি, তাহলে কোথায় গিয়ে করব? অন্য জায়গায় করতে হলে তো প্রায় ১০ কিলোমিটার দূরে যেতে হবে। তারচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবকিছু কিনে ফেলেছি। প্রতিমা থেকে শুরু করে যাবতীয় সব।’
তুমব্রু শ্রী শ্রী দুর্গা মন্দিরের পূজা পরিচালনা কমিটির সভাপতি রূপলা ধর দৈনিক বাংলাকে বলেন, ‘গতকাল বৃহস্পতিবার সকাল থেকে ব্যাপক গোলাবর্ষণের শব্দ শোনা যাচ্ছে। অতীতে কখনোই এমনটা হয়নি। এর ফলে আসন্ন দুর্গাউৎসব নিয়ে তিনিসহ সবাই চিন্তায় আছেন।’
রূপলা ধর বলেন, ‘ডিসি, এসপি ও ইউএনও মহোদয় ডেকেছিলেন। তাদের কাছে জানতে চেয়েছি, কীভাবে কী করা যায়? তারা এবারের আয়োজন অন্যত্র সরিয়ে নেয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু অর্ধশত বছরের এ উৎসব, এ ব্যাপারে এলাকার লোকজনও তেমন রাজি না। প্রশাসনের অনুমতি না মিললে আমরা উৎসব করব না।’
ঘুমধুম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ বলেন, ‘উৎসবকালীন বাদ্যযন্ত্র বাজানোর সময় যদি মিয়ানমার থেকে কোনো গোলা এসে পড়ে, তাহলে ঝুঁকি আছে। সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার স্বার্থেই এবারের আয়োজন অন্যত্র নেয়ার পরিকল্পনা।’
এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভিন মুঠোফোনে দৈনিক বাংলাকে বলেন, ‘সীমান্ত পরিস্থিতি আমরা এখনো নজরদারিতে রেখেছি। তুমব্রু সীমান্তের মন্দিরে দুর্গাপূজা উদযাপন নিয়ে বৈঠকে আছি। এখান থেকে বেরিয়ে বিস্তারিত বলতে পারব।’
১৬ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে সীমান্তের শূন্যরেখায় এক রোহিঙ্গা নিহত হন। ওই দিন দুপুরেই সীমান্তের হেডম্যানপাড়ার ৩৫ নম্বর পিলারের ৩০০ মিটার মিয়ানমার সীমান্তের অভ্যন্তরে মাইন বিস্ফোরণে আহত হন বাংলাদেশি এক যুবক। এরপর থেকে তুমব্রু সীমান্তে আরও জোরালোভাবে গোলার শব্দ শোনা যাচ্ছে। গতকাল সকাল থেকে অন্তত ৫০টি গোলার শব্দ ভেসেছে তুমব্রুর পশ্চিমকুল, উত্তরপাড়া ও দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায়। এমন অবস্থায় চরম আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা।
প্রায় এক মাস ধরে নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে উত্তেজনা চলছে। সীমান্তের ওপারে মিয়ানমার থেকে মর্টার শেল, গোলাগুলিসহ নানা ভারী অস্ত্রের আওয়াজে এপারের ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও বাইশপারী এলাকার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন। বেশ কয়েকবার মিয়ানমার রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া মর্টার শেল বাংলাদেশের ভূখণ্ডে এসে পড়েছে। গত ২৮ আগস্ট তুমব্রু উত্তরপাড়ায় একটি অবিস্ফোরিত মর্টার শেল এসে পড়ে। সে দিনই সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমানকে চক্কর দিতে দেখা যায়। এরপর ৩ সেপ্টেম্বর মিয়ানমারের দুটি যুদ্ধবিমান ও ফাইটিং হেলিকপ্টার থেকে ছোড়া দুটি গোলা ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এসে পড়ে। সেগুলো অবিস্ফোরিত থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। এর তিন দিন পর আবার ওই সীমান্তে ভারী অস্ত্রের বিকট শব্দ ভেসে আসে।
বাগেরহাটের রামপালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১১ সদস্যসহ মোট ১২ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস এবং যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই ভয়াবহ বিপর্যয় ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নৌবাহিনীর বাসটি মোংলা থেকে আসছিল এবং মাইক্রোবাসটি খুলনা থেকে মোংলার দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই তিন নারীসহ চারজন প্রাণ হারান।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জনের মরদেহ রাখা হয়েছে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনের মরদেহ নেওয়া হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে ৩ জন শিশু, ৩ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ এবং স্বাস্থ্য কর্মকর্তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, উদ্ধার কাজ শেষে বর্তমানে হতাহতদের পরিবারকে সহায়তার প্রক্রিয়া চলছে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন পাবনা-৩ (ভাঙ্গুড়া,ফরিদপুর ও চাটমোহর) আসনের ধানের শীষ প্রতীকের পরাজিত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান জাফির তুহিন। গত বুধবার (১১ মার্চ) তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নির্বাচনী স্পেশাল বেঞ্চে ফলাফল বাতিল এবং ভোট পুনর্গণনার দাবিতে আবেদন করেন।
নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের (তরবিয়াত) সহকারী সেক্রেটারি মাওলানা আলী আছগারের নিকট ৩ হাজার ২৬৯ ভোটে পরাজিত হন ওই কৃষকদল নেতা।
নির্বাচনী স্পেশাল বেঞ্চের একক বিচারক বিচারপতি মো. জাকির হোসেন শুনানি শেষে আবেদনটি গ্রহণ করেন।
আদালত আগামী ১৪ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সকল নির্বাচন সামগ্রী সংরক্ষণ করার নির্দেশ দিয়েছেন।
আসন্ন ঈদকে সামনে রেখে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক ধরে বাড়ি ফিরবেন লাখো মানুষ। কিন্তু এই মহাসড়কে যানজটমুক্ত চলাচল নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা ব্যবস্থায় প্রশাসনের প্রস্তুতি কতটা—তা নিয়ে চালকদের মধ্যে প্রশ্ন উঠেছে।
যানজট কমাতে কেউ সড়কে চলমান সংস্কার কাজ সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানাচ্ছেন, আবার কেউ প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ঈদের আগে নির্বিঘ্নে বাড়ি পৌঁছানো এবং ঈদ শেষে স্বস্তিতে কর্মস্থলে ফিরতে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১০০ কিলোমিটার অংশ কুমিল্লা জেলার ওপর দিয়ে গেছে। মহাসড়কের কুমিল্লা সেনানিবাস সংলগ্ন এলাকা, কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারসহ বেশ কয়েকটি স্থানে চলছে সংস্কার কাজ। চালকদের আশঙ্কা, ঈদের আগে এসব কাজ বন্ধ না রাখলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে।
দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকায় দুই লেনের মহাসড়কের ওপরই প্রায়ই গাড়ি পার্কিং করা হয়। একই চিত্র দেখা যায় দাউদকান্দির ইলিয়গঞ্জ, চান্দিনার মাধাইয়া, কুটুম্বপুর, চান্দিনা সদর, বুড়িচংয়ের নিমসার, সদর দক্ষিণের পদুয়ার বাজার, সুয়াগাজী, চৌদ্দগ্রামের মিয়াবাজার ও চৌদ্দগ্রাম সদরে।
পদুয়ার বাজার, মিয়াবাজার ও চৌদ্দগ্রাম সদরে ফুটপাত দখল করে দোকানপাট বসানো হয়েছে। নিমসার, মিয়াবাজার ও চৌদ্দগ্রাম সদরে মহাসড়কের ওপরই বসে বাজার। এতে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
এর মধ্যে পদুয়ার বাজার একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। এখানে মহাসড়কের ওপর দিয়ে ক্রস করেছে কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। এই সড়ক দিয়ে লক্ষ্মীপুর ও চাঁদপুরগামী পরিবহন চলাচল করে। কিন্তু চট্টগ্রামমুখী লেনে ফুটওভারব্রিজের নিচে এলোপাতাড়িভাবে বাস পার্কিং করায় যানজট তীব্র আকার ধারণ করে। এর প্রভাব পড়ে সামনের ইউ-টার্ন পর্যন্ত।
এছাড়া ফুটপাত ও সড়কে বসা ভ্রাম্যমাণ হকারদের কারণেও যানজট বাড়ছে। নোয়াখালী সড়কের মাথায় ফুটওভারব্রিজের নিচে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। পাশেই মসজিদের সামনে একটি বাস কাউন্টার থাকায় প্রায়ই বাস সড়কে দাঁড়িয়ে থাকে। ফলে এই এলাকায় প্রায় সময়ই যানজট লেগে থাকে।
চালকরা বলছেন, মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে থ্রি-হুইলার চলাচল বন্ধ করা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার করা জরুরি।
চট্টগ্রাম থেকে তেলবাহী লরি চালক আসাদ উল্লাহ বলেন, শুধু কুমিল্লা অংশেই চার-পাঁচটা বাজার আছে। এসব বাজারের ভেতর দিয়ে যেতে হলে অনেক সময় লাগে। এখন আবার রাস্তার সংস্কার কাজও চলছে। এগুলো পরিষ্কার না করলে বা কাজ শেষ না হলে এবারের ঈদ আমাদের রাস্তার মধ্যেই কাটাতে হবে।
বাস চালক আবদুল মজিদ বলেন, “এখন আর সড়কে সংস্কার দরকার নেই। বরং রাতে বেশি পুলিশ দরকার, যাতে ছিনতাই বা ডাকাতির ঘটনা না ঘটে।
মাইক্রোবাস চালক অপু হোসেন বলেন, “ঈদের সময় বাড়ি যাওয়া এবং আবার কর্মস্থলে ফেরার সময় পুলিশি টহল বাড়ানো দরকার। টহল বাড়লে চুরি-ডাকাতির ভয় কমবে।
কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানিয়েছেন, ঈদের আগে মহাসড়কে চলমান সংস্কার কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। পাশাপাশি যানজট এড়াতে মহাসড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
অন্যদিকে ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা–চট্টগ্রাম হাইওয়ে পুলিশের পুলিশ সুপার শাহিনুর আলম খান।
ঈদে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে প্রশাসনের নানা উদ্যোগের কথা জানানো হলেও চালকদের প্রত্যাশা—সংস্কার কাজের সঠিক সমন্বয়, কঠোর নজরদারি এবং কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমেই নিশ্চিত হবে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে স্বস্তির যাত্রা।
বগুড়ার আদমদীঘিতে পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে চারটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত বুধবার (১১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ও প্রয়োজনীয় ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার অভিযোগে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেসার্স ডিজিএম ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স ডলার ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স আরোয়া ব্রিকসকে ২ লাখ টাকা এবং মেসার্স এন অ্যান্ড এস ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ইটভাটা মালিকদের দ্রুত পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় ছাড়পত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়। পরিবেশ রক্ষা এবং অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। অভিযানের সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার–তিলোকপুর আঞ্চলিক সড়কের পাশে দীর্ঘ কয়েক বছর ধরে প্রকাশ্যে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালিত হচ্ছে আরোয়া, বাবলু ও ডিজিএমসহ পাঁচটি ইটভাটা। সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ ও ফসলি জমির একেবারে সন্নিকটে এসব ভাটা স্থাপন ও পরিচালনা করা হয়েছে।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সংশ্লিষ্ট ইটভাটাগুলোর কোনো বৈধ অনুমোদন, লাইসেন্স কিংবা পরিবেশগত ছাড়পত্র নেই। অর্থাৎ পরিবেশ সংরক্ষণ আইনকে প্রকাশ্যে উপেক্ষা করেই চলছে এসব ভাটার কার্যক্রম। ইটভাটা থেকে নির্গত ঘন ও বিষাক্ত ধোঁয়ায় মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে আশপাশের পরিবেশ। শুধু তাই নয় ধোঁয়ার কারণে পথচারীদের চোখে তীব্র জ্বালা-পোড়া, শ্বাসকষ্টসহ নানা জটিল রোগ দেখা দিচ্ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন। ফলে এলাকাবাসীর স্বাভাবিক জীবনযাত্রা কার্যত জিম্মি হয়ে পড়েছে। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গত ৯ ফেব্রুয়ারি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের ১ মাস পর বুধবার প্রশাসনের উদ্যোগে ওইসব ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পরিচালিত ভাটাগুলোকে জরিমানা করা হয় এবং ভবিষ্যতে আইন মেনে চলার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
বরগুনার আমতলী উপজেলার গাজীপুর বন্দরের বাঁধঘাট এলাকায় আগুনে পুড়ে ৭টি দোকান ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ক্ষতি পুষিয়ে নিতে তারা সরকারি আর্থিক সহায়তা দাবি করেছেন।
জানা গেছে, বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় গাজীপুর বন্দরের বাঁধঘাট এলাকায় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় হাসান, দুলাল, আমির, আব্দুর রাজ্জাক, হালিম ও হানিফের দোকানসহ মোট ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং আরও চারটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী নুরুজ্জামান মিয়া বলেন, চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এই দোকানের আয়ের ওপর নির্ভর করে সংসার চালাতেন। এখন তারা নিঃস্ব হয়ে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফোরকান বলেন, মোর আর কিছুই রইল না। মুই এহন কেমনে সংসার চালামু, হেইডা কইতে পারি না। আল্লায় মোর এমন ক্ষতি ক্যান করল।
আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. হানিফ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে আগুন নেভাতে সহায়তা করেছে।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তারা আবেদন করলে সরকারি সহায়তা দেওয়া হবে।
বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাহমুদুল হোসাইন অলী উল্লাহ বলেন, ঢাকায় থাকায় ঘটনাস্থলে যেতে পারিনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে।
তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি সারাদেশে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগেই ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। বুধবার (১১ মার্চ) সকাল ৯টায় আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃষ্টির এই ধারা ১৩ মার্চ শুক্রবারও থাকার সম্ভাবনা রয়েছে। তবে ১৪ মার্চ থেকে সিলেটে বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, গত মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৪ দশমিক ৩, আর ঢাকায় ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে বুধবার (১১ মার্চ) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সারাদেশের মধ্যে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে রংপুর জেলায়।
পাবনা শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার পশ্চিমে, প্রমত্তা পদ্মার কোলঘেঁষে অবস্থিত নিভৃত পল্লী হিমায়েতপুর। সবুজে ঘেরা শান্ত-স্নিগ্ধ এই জনপদেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক পুণ্যভূমি—শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ আশ্রম। কেবল সনাতন ধর্মাবলম্বীদের কাছেই নয়, বরং এর নান্দনিক স্থাপত্যশৈলী আর আধ্যাত্মিক আবহের কারণে এই আশ্রম এখন পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে।
যুগপুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্র ছিলেন একাধারে প্রখ্যাত চিকিৎসক, দূরদর্শী দার্শনিক এবং মানবধর্মের প্রচারক। তার স্মৃতিবিজড়িত এই আশ্রমে পা রাখলেই চোখে পড়ে আধুনিক ও ধ্রুপদী স্থাপত্যের এক অপূর্ব সমন্বয়। বিশেষ করে রাতের আলোয় যখন প্রধান মন্দিরটি বর্ণিল সাজে সজ্জিত হয়, তখন সেখানে এক অপার্থিব সৌন্দর্যের সৃষ্টি হয়। মন্দিরের গম্বুজ আর নিপুণ কারুকাজ করা দেওয়ালগুলো আধুনিক আলোকসজ্জার ছোঁয়ায় পর্যটকদের বিমোহিত করে।
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ যান্ত্রিক জীবনের ক্লান্তি মুছে ফেলতে ছুটে আসেন এই আশ্রমে। আশ্রমের বিশাল খোলা প্রাঙ্গণ আর সারি সারি গাছপালায় ঘেরা পরিবেশ দর্শনার্থীদের মনে অনাবিল শান্তি এনে দেয়। স্থানীয়দের মতে, গোধূলি লগ্নে যখন আকাশের নীলিমায় মন্দিরের চূড়াগুলো ফুটে ওঠে, তখন এক গভীর আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়। দর্শনার্থীরা জানান, এটি কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ।
পাবনা জেলার অন্যতম প্রধান এই দর্শনীয় স্থানটি এখন স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরেজমিনে দেখা গেছে, জেলা প্রশাসন ও স্থানীয়দের ঐকান্তিক প্রচেষ্টায় আশ্রম এলাকাটি অত্যন্ত সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। এই উন্নত ব্যবস্থাপনাই পর্যটকদের বারবার এখানে আসার প্রেরণা জোগায়।
ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই আশ্রমটি পাবনার গৌরবে যোগ করেছে এক নতুন মাত্রা। আপনি যদি যান্ত্রিক জীবন থেকে কিছুটা সময় বিরতি নিয়ে আধ্যাত্মিক প্রশান্তি আর নান্দনিকতার খোঁজে বের হতে চান, তবে হিমায়েতপুরের এই সৎসঙ্গ আশ্রম হতে পারে আপনার পরবর্তী সেরা গন্তব্য।
রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লার আদর্শ সদর উপজেলার বাখরাবাদ ও কুচাইতলী এলাকায় মসলার মিল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নষ্ট ও পোকায় খাওয়া মরিচ ভালো মরিচের সঙ্গে মিশিয়ে গুঁড়া করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে দেখা যায়, ভালো মরিচের সঙ্গে অধিক পরিমাণ নষ্ট ও পোকায় খাওয়া মরিচ মিশিয়ে মসলা প্রস্তুত করা হচ্ছে। এ সময় হাতেনাতে ধরা পড়লে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ‘আল-আমিন ফুড গ্রেইন মসলার’ মিলকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা ফ্লোরে মরিচ ও হলুদের গুঁড়া সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার বিষয়টিও ধরা পড়ে।
এ ছাড়া বাসি খামি সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে ‘বাখরাবাদ মাটির হাড়ি’ নামের একটি রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. জুয়েল মিয়া, স্যাম্পল কালেক্টর মো. নাজমুস সাকিব এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন।
অভিযানে সার্বিক সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের একটি দল। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর বাঁধ সংস্কার ও শোভাবর্ধন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠেছে। প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পে মাটির পরিবর্তে বালু ব্যবহার, বাঁধের নিচ থেকে মাটি কেটে ভরাট, শ্যালো মেশিন দিয়ে বালু উত্তোলন এবং নির্ধারিত প্রস্থ কমিয়ে দেওয়ার মতো নানা অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
গত ৫ মার্চ দৈনিক বাংলা পত্রিকায় ‘গঙ্গাচড়া তিস্তা বাঁধ সংস্কারে অনিয়মের অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী ও গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বাঁধের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয়দের কাছ থেকে অনিয়ম সংক্রান্ত অভিযোগ শোনেন।
পরিদর্শনের সময় স্থানীয়ভাবে চেয়ারম্যান আশরাফ আলী, খতিবর আলী, ওহেদ আলী ও আজহারুল ইসলাম-এর নাম অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠে আসে।
জানা গেছে, চর ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP)-এর অর্থায়নে প্রায় সাড়ে ১৬ কিলোমিটার তিস্তা বাঁধে খালাখন্দ মেরামত ও ঘাস লাগানোর কাজ বাস্তবায়ন করছে ঠিকাদারি প্রতিষ্ঠান আমিন অ্যান্ড কোং।
দরপত্র অনুযায়ী বাঁধ ভরাটের কাজে ৭০ শতাংশ মাটি ও ৩০ শতাংশ বালুর মিশ্রণ ব্যবহারের কথা থাকলেও স্থানীয়দের অভিযোগ, বাস্তবে অধিকাংশ স্থানে শুধুই বালু ব্যবহার করা হচ্ছে। এতে বাঁধের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, কাজের শুরুতেই তিস্তা নদীতে শ্যালো মেশিন বসিয়ে মাটি উত্তোলন শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গঙ্গাচড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে নদী থেকে অবৈধভাবে মাটি তোলার দায়ে ঠিকাদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয়দের আরও অভিযোগ, এস্কেভেটর মেশিন দিয়ে বাঁধের পাদদেশ থেকেই মাটি কেটে উপরে ভরাট করা হচ্ছে। এতে বাঁধের নিচে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং বর্ষা মৌসুমে বাঁধ ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ছাড়া দরপত্রে বাঁধের প্রস্থ ১৪ ফুট রাখার কথা থাকলেও অনেক স্থানে তা ১০ ফুটে নামিয়ে আনা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে স্থানীয়দের চলাচলে ভোগান্তি বাড়ছে। কাজের স্থানে কোনো প্রকল্পের সাইনবোর্ড না থাকায় ব্যয়, সময়সীমা ও বাস্তবায়ন সংক্রান্ত তথ্য থেকেও বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।
স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, ‘বাঁধের নিচ থেকেই মাটি কেটে উপরে দেওয়া হচ্ছে। এতে নিচে বড় বড় গর্ত হয়ে গেছে। শুধু বালু দিয়ে কাজ করলে বাঁধ কতদিন টিকবে তা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।’ আরেক বাসিন্দা আব্দুল কাদের বলেন, ‘দরপত্রে ১৪ ফুট রাস্তার কথা থাকলেও অনেক জায়গায় ১০ ফুট করা হয়েছে। এতে চলাচলে সমস্যা হচ্ছে এবং কাজের মান নিয়েও প্রশ্ন রয়েছে।’
স্থানীয় গৃহিণী রহিমা বেগম বলেন, ‘বর্ষায় পানি বাড়লে যদি বাঁধ ভেঙে যায় তাহলে আমাদের ঘরবাড়ি ডুবে যাবে। এখনই যদি ঠিকভাবে কাজ না হয়, পরে বড় বিপদ হবে।’
স্থানীয় কৃষক রফিকুল ইসলাম (৬৫) অভিযোগ করে বলেন, ‘আশরাফ চেয়ারম্যান, খতিবর আলী, ওহেদ আলী ও আজহারুল ইসলাম এরা সবাই এই কাজের সঙ্গে জড়িত। আশরাফ চেয়ারম্যান ও খতিবর আলীর নেতৃত্বেই বালু উত্তোলন করে বাঁধের কাজ করা হচ্ছে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্থানীয় চেয়ারম্যান আশরাফ আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বাঁধের কাজে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকল্পের কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে করা হচ্ছে। এখানে আমার কোনো ভূমিকা নেই।’ এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিদর্শনের সময় স্থানীয়দের কাছ থেকে এ ধরনের অভিযোগের বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, ‘চর ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় গঙ্গাচড়া উপজেলায় প্রায় সাড়ে ১৬ কিলোমিটার তিস্তা বাঁধে খালাখন্দ মেরামত ও ঘাস লাগানোর কাজ চলছে। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী বলেন, ‘তিস্তা বাঁধ তীরবর্তী মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। এখানে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ মেনে নেওয়া হবে না। অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং কাজ যেন মানসম্মতভাবে সম্পন্ন হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।’
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আসন্ন বর্ষা মৌসুমে তিস্তা তীরবর্তী বেশ কয়েকটি জনপদ বড় ঝুঁকির মুখে পড়তে পারে।
যশোরের কেশবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস–২০২৬ যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেকসোনা খাতুন। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন, কেশবপুর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রেকসোনা খাতুন বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে ২৫ মার্চ ও ২৬ মার্চ অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। ২৫ মার্চের কালরাতে শহীদদের স্মরণ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের মাধ্যমে নতুন প্রজন্মকে দেশের সঠিক ইতিহাস জানাতে হবে। এ জন্য সকল দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কেশবপুর থানার তদন্ত ইনস্পেক্টর মো. শহিদুল ইসলাম বলেন, ‘জাতীয় গুরুত্বপূর্ণ এই দিবস দুটি পালনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি পালনে সকলের সহযোগিতা প্রয়োজন।’
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফিরোজ হোসেন, উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, কেশবপুর সরকারি পাইলট উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু তালেব, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস ছামাদ বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির মাওলানা রিজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার সেক্রেটারি মাষ্টার রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, কেশবপুর নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মো. হারুনার রশীদ বুলবুল এবং কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মো. আব্দুল হান্নানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।
মৌলভীবাজারের কুলাউড়ায় রিপন মিয়া (২৯) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি হত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
গত মঙ্গলবার (১০ মার্চ) রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রিপন মিয়া পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের হানু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান, গত সোমবার (৯ মার্চ) রাত থেকে রিপন নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।
একপর্যায়ে গত মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে চকসালন এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, রিপনের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
মৌলভীবাজারের কমলগঞ্জে দিনে-দুপুরে এক গৃহবধূকে অপহরণ চেষ্টার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আন্তজেলা অপরাধচক্রের তিন সদস্যকে সিলেট মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে অপহরণ চেষ্টায় ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৯৪৯৪) উদ্ধার করা হয়।
গত ৮ মার্চ ভোরে কমলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা বাপ্পি এরিকের মেয়ে ও মো. মাসুদ পারভেজের স্ত্রী ফাতেমা পারভেজ নিশি (২৯) শ্রীমঙ্গল কর্মস্থলে যাওয়ার জন্য বটতলা বাজারে গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় একটি সাদা প্রাইভেটকার তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে অপহরণের চেষ্টা চালায়। ভুক্তভোগী নারী ধস্তাধস্তি করে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে জীবন রক্ষা করেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় (মামলা নং–০৭, জিআর–১৯/২৬) নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, পিপিএম এবং শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু সরাসরি তদন্ত তদারকি করেন, তাদের নির্দেশনায় কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল এর নেতৃত্বে একটি টিম মাঠে নামে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল এবং তদন্তকারী কর্মকর্তাদের অন্যতম পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে আমরা আসামিদের অবস্থান শনাক্ত করি। গত ১০ মার্চ সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শ্রীপুর (নাছিরাবাদ) গ্রামের মতছির আলীর ছেলে মো. জাকির মিয়া (২৬), মৌলভীবাজার সদর উপজেলার সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মো. কাওছার আহমদ (৩৪) এবং সদর উপজেলার গুলবাগ (বেরিরচর) এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।
অভিযান সফল করার পর অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা জানান, ‘এটি একটি অত্যন্ত দুঃসাহসিক অপরাধ ছিল। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে রমজানের ভোরে রাস্তা ফাঁকা পেয়ে তারা ওই নারীকে অপহরণ ও ধর্ষণের পরিকল্পনা করেছিল। তারা এই প্রাইভেটকারটি ব্যবহার করে সিলেট অঞ্চলের বিভিন্ন সস্তা হোটেলে অবস্থান করত এবং সুযোগ বুঝে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।’
শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, ‘আমাদের টিম অত্যন্ত পেশাদারত্বের সাথে সিসিটিভি ফুটেজ ও গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার এবং সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার একটি কমিউনিটি সেন্টারের ভেতর থেকে গাড়িটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই চক্রের বিরুদ্ধে আগেরও অনেক অপরাধের রেকর্ড রয়েছে।’
সিডিএমএস (CDMS) পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তারকৃত জাকির, কাওছার ও জসিমের বিরুদ্ধে চুরি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এ ছাড়া তাদের পলাতক সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে ডাকাতিসহ তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কমলগঞ্জ থানার এসআই এবং তদন্তকারী কর্মকর্তা এসআই মিঠু রায়, এসআই আমির উদ্দিন, এসআই রনি তালুকদার এবং এএসআই হামিদুর রহমানসহ পুলিশের একাধিক সদস্য এই সফল অভিযানে অংশ নেন। পলাতক আসামি জাহাঙ্গীরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নীলফামারীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় ‘ট্যালেন্টপুল বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ। বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বক্তারা বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ দেখাবে। তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নাইম হাসান খান ও জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান,জেলার বিভিন্ন উপজেলার জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে উত্তীর্ণ ২৬৪ শিক্ষার্থীকে উৎসাহ ও প্রেরণা দিতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা বিকাশে জেলা পরিষদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।