কুমিল্লা সদর উপজেলায় জুমার নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে এনামুল হক (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার সদরের আলেখারচর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এনামুল হক আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের ছেলে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজ শেষে এনামুল বের হলে জামায়াত নেতা কাজী জহিরুল ইসলামের নেতৃত্ব তার ভাই কাজী আমানুল ইসলাম ও সাইদ মিলে তাকে টেনে-হিঁচড়ে মসজিদের সামনে নিয়ে গলা কেটে দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। বিকেল ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, এনামুল মারা গেছেন।
সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল দৈনিক বাংলাকে জানান, আওয়ামী লীগ কর্মী এনামুলের সঙ্গে জামায়াত নেতা কাজী জহির গংদের রাজনৈতিক বিরোধের পাশাপাশি এনামুলের প্রতিষ্ঠিত আলেখাচর দক্ষিণ পাড়া জমিরিয়া তালিমুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ মাদ্রাসার সেক্রেটারি ছিলেন এনামুল। কাজী জহির গং দীর্ঘদিন ধরে এ মাদ্রাসা দখলের চেষ্টা করছিল। এ ছাড়া বৃহস্পতিবার কাজী জহিরের মাদকসেবন ও জুয়া খেলার একটা ভিডিও ভাইরাল হয়। এ জন্য এনামুলকে দায়ী করে কাজী জহির। সে জন্য এনামুলের ওপর ক্ষুব্ধ হয়ে শুক্রবার জুমা পড়ে বের হলে কাজী জহিরের উপস্থিতিতে তার ভাই আমানুলসহ জামায়াত-শিবির কর্মীরা এনামুলের গলা কেটে দেয়।
ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে।
ঝিনাইদহে এনসিপির সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা এনসিপি যেমন রাজনৈতিকভাবে দেখছে বিএনপিও একইভাবেই দেখছে। তবে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিষয়ে স্থানীয়ভাবে যে আচরণ করা হয়েছে সেটা কেউ কামনা করে না এবং শোভনীও নয়।
চুয়াডাঙ্গায় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। সোমবার (২৫ মে) দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউজে এ মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতায় যেসব বিচারিক আদালত রয়েছে সেই আদালতগুলো ছুটির বাইরে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে সেই আদালতগুলো খোলা থাকবে। আপনারা দেখবেন ১ জুন থেকে রামিসার বিচার শুরু হচ্ছে। ঈদের ছুটির পর প্রথম যে দিন অফিস আদালত খুলবে ওদিনই রামিসার ঘটনার বিচার শুরু হবে।
তিনি আরও বলেন, ২৪ ঘন্টার মধ্যে আসামী জবানবন্দী দিয়েছে, আমরা বলেছিলাম এক সপ্তাহের মধ্যে চার্জশীট হয়েছে। আমরা বিচারের প্রক্রিয়ায় এগিয়ে গেছি।
জেলা বিএনপির সাধারন সম্পাদক শরীফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, খালিদ মাহমুদ মিল্টন, জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজার, সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ শরীফুল আলম বিলাস, সাধারণ সম্পাদক এম.এ তালহা, কৃষকদলের সভাপতি মোকাররম হোসেনসহ সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে মতবিনিময় সভায় জুলাই সনদ প্রসঙ্গে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, জুলাই সনদকে সবচেয়ে বেশি ধারন করছে বিএনপি। সনদ বাস্তবায়নে দাড়ি, কমা, সেমিকোলনসহ এগিয়ে যাচ্ছি।
পরে দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মিশনারী মাঠ প্রাঙ্গনে কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপি সমাপনী অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে স্থাপিত একটি অস্থায়ী গরুর হাটকে কেন্দ্র করে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে । সংশ্লিষ্টদের অভিযোগ, আদালতে ভুল ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করে বৈধ এই হাট বন্ধের চেষ্টা চালানো হচ্ছে।
জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থানীয় চাহিদার প্রেক্ষিতে ড্রিম স্টিল রি-রোলিং মিলস মাঠে অস্থায়ী গরুর হাটটি স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসকের অনুমোদনক্রমে উপজেলা পরিষদের মাধ্যমে হাট ও বাজার স্থাপন ও ব্যবস্থাপনা বিধিমালা, ২০২৫ অনুযায়ী হাটটি ইজারা দেওয়া হয়েছে। বিধিমালার ১৫ নম্বর বিধি অনুযায়ী জেলা প্রশাসক অস্থায়ী পশুর হাটের ইজারা দেওয়ার ক্ষমতা রাখেন। সেই ক্ষমতাবলেই উপজেলা প্রশাসনের মাধ্যমে উন্মুক্ত ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে সর্বোচ্চ দরদাতাকে হাটটি ইজারা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্প্রতি সিটি করপোরেশন এলাকার একটি বাজারের ইজারাদার হাইকোর্টে রিট আবেদন করেন। রিটে হাটটিকে অবৈধ ও অনুমোদনবিহীন দাবি করা হয়। পাশাপাশি এটি সিটি করপোরেশন এলাকার মধ্যে অবস্থিত এবং মহাসড়কের ওপর বসানো হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট প্রশাসনিক সূত্র বলছে, এসব অভিযোগ সঠিক নয় এবং অনেক তথ্য আদালতে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, হাটটি সিটি করপোরেশন এলাকায় নয়; বরং সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়ন এলাকায় পড়েছে । ফলে সিটি করপোরেশনের কোনো বাজারের সঙ্গে এর প্রশাসনিক বা আইনগত সম্পর্ক নেই। এছাড়া এটি সলিমপুর ইউনিয়নের একমাত্র গরুর হাট এবং প্রথমবারের মতো অস্থায়ী ভিত্তিতে চালু করা হয়েছে। স্থানীয়রা বলছেন, এই হাটটি বন্ধ হয়ে গেলে পুরো ইউনিয়নের মানুষকে কোরবানির পশু কিনতে দূরবর্তী এলাকায় যেতে হবে, এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে।
অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে সোমবার চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাট এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দেবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “বাজারটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে জেলা প্রশাসকের অনুমোদন নিয়ে ইজারা দেওয়া হয়েছে।”
আদালত অন্তর্বর্তীকালীন আদেশে বলেছেন, যদি হাটটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া স্থাপন করা হয়ে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আলোচিত হাটটির জেলা প্রশাসনের অনুমোদন রয়েছে এবং উপজেলা পরিষদ বিধি মোতাবেক ইজারা কার্যক্রম সম্পন্ন করেছে। তাই হাট এর কার্যক্রম চলতে আইনগত বাধা নেই।
হাটটি মহাসড়কের ওপর স্থাপন করা হয়েছে এবং এতে যানজট সৃষ্টি হচ্ছে—এমন অভিযোগও করা হচ্ছে। তবে সরেজমিনে দেখা গেছে, হাটটি মহাসড়কের ওপর নয়; বরং সড়কের পাশের একটি মাঠের ভেতরে পরিচালিত হচ্ছে। এ কারণে যান চলাচলে কোনো সমস্যা সৃষ্টি হচ্ছে না বলে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার সময় সীতাকুণ্ড প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই দাবী জানান স্হানীয়রা ।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, একটি পক্ষ মিথ্যা অভিযোগ দিয়ে বিভিন্ন দপ্তর ও সংস্থায় আবেদন করছে এবং প্রতিযোগিতামূলক কারণে বৈধ এই হাটটি বন্ধের চেষ্টা চালাচ্ছে। তাঁদের মতে, আদালতে প্রকৃত তথ্য উপস্থাপন করা হলে হাটটির বৈধতা আরও স্পষ্ট হবে।
মাগুরার চাঞ্চল্যকর ছিনতাই হওয়া ৬০ ব্যারেল ভোজ্য তেলবাহী ট্রাকের ড্রাইভার আব্দুর রহমান হত্যার প্রধান আসামি হিটলারসহ ৪ জন গ্রেফতার। ছিনতাই হওয়া ট্রাক, তেল ও টাকা উদ্ধার।
সোমবার (২৫ মে) বিকেলে মাগুরা এসপি অফিসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিং এ মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, একটি কুলুলেস হত্যাকাণ্ড অভিযোগের মাত্র একদিনের ব্যবধানে ২৪ মে মাগুরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতার কৃতরা হলো মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের কুদ্দুস মোল্লার পুত্র আজাদ হোসেন হিটলার (২৭), জাগলা গ্রামের হাজারী লাল সাহার পুত্র বিকাশ সাহা (৩০), রাজিবের পাড়া গ্রামের ইমারত মোল্লার পুত্র আব্দুল কুদ্দুস (৫০) ও বুধইর পাড়ার লোকমান মোল্লার পুত্র হারুন অর রশিদ (৪৮)।
আসামিদের স্বীকারোক্তি মতে ছিনতাইকৃত ট্রাক, ভোজ্য তেল ৬০ ব্যারেলের মধ্যে ৪৫ ব্যারেল তেল, তিন লক্ষ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ড্রাইভার আব্দুর রহমান হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গত ১৮ মে নারায়ণগঞ্জ থেকে রাতে মাগুরা আড়পাড়া বাজারের মেসার্স মহামায়া ট্রেডার্স এ ৬০ ব্যারেল ভোজ্য তেল নিয়ে ট্রাকটি রওনা হয়ে পথিমধ্যে ছিনতাই এর কবলে পড়ে। ছিনতাইকারীরা ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে ড্রাইভার আব্দুর রহমানকে হত্যা করে বিভিন্ন স্থানে তেল নামিয়ে খালি ট্রাক এবং তার মৃতদেহ ঝিনাইদহের কোলা বাজারের অদূরে ফেলে রাখা যায়। ঝিনাইদহ পুলিশ ২০ মে অর্ধ গলিত লাশ উদ্ধার করে অপমৃত্যু মামলা করেন।
গত ২৩ তারিখে মাগুরা পুলিশ সুপারের কাছে এই হত্যাকাণ্ডের বিষয়টি মহামায়া ট্রেডার্স এর মালিক গোপাল সাহা অভিযোগ করেন।
মাদারীপুর থেকে এ্যাম্বুলেন্সে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে অসুস্থ্য আত্মীয়কে দেখতে যাওয়ার পথিমধ্যে ফরিদপুরের শংকরপাশায় একই পরিবারের ৪ জন ও এ্যাম্বুলেন্স ড্রাইভার সহ মোট ৫ জনের বিআরটিসি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে নিহতের ঘটনায় সোমবার (২৫ শে মে) মাদারীপুর জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের নিহত ৪ জনের বাড়ি যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব। এসময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে গভীর সমবেদনা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষে নিহতদের পরিবারের হাতে তুলে দেন আর্থিক সহায়তা।
পরে সৈদারবালি গ্রামের শাহজাহান মাতুব্বরের ছেলে অ্যাম্বুলেন্স চালক কাওছার মাতুব্বরের পরিবারকেও আর্থিক সহায়তা প্রদান করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাব বলেন, “একই পরিবারের চারজন সদস্যকে হারানো অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। উল্লেখ্য যে, রোববার সকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শংকরপাশা এলাকায় বিআরটিসি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত হন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের জাহাঙ্গীর মোল্লা (৬০), তার স্ত্রী বেলী আক্তার, ভাই আলমগীর মোল্লা (৫৮) ও ভাবি খুশি বেগম।
জাহাঙ্গীর মোল্লা ও আলমগীর মোল্লা বালিগ্রামের আব্দুল হাজি ওয়াহিদ মোল্লার ছেলে।
গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে নিয়ে ১৭ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রবিবার (২৪ মে) সকাল ৮টা থেকে সোমবার (২৫ মে) সকাল ৮টা পর্যন্ত এ মৃত্যুর ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে শিশু মৃত্যুর এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১২৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৪ হাজার ৯৪০ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৭ জন, গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা আট হাজার ৭১৯ জন।
১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ হাজার ৫৮৫ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৭ হাজার ৬১৯ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৫৮ জনের মৃত্যু হয়েছে। একই সময় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত নিশ্চিত হামে ৮৭ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
চায়ের রাজধানী ও পাহাড়ি সৌন্দর্যে ঘেরা পর্যটন নগরী শ্রীমঙ্গল আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পর্যটকের ঢলের অপেক্ষায় রয়েছে। টানা ঈদের ছুটিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্ট ও বিনোদন স্পটগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরেশোরে।
তবে পর্যটন খাতসংশ্লিষ্টদের চিত্র একরকম নয়। গত কয়েক সপ্তাহে পর্যটকের উপস্থিতি কমে যাওয়ায় এ অঞ্চলের পর্যটন ব্যবসায় কিছুটা স্থবিরতা দেখা দেয়। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, ঈদের দীর্ঘ ছুটিতে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং পর্যটকদের আগমনে আবারও চাঙা হবে স্থানীয় অর্থনীতি। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।
দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও বিদেশি পর্যটকদের কাছেও শ্রীমঙ্গল দীর্ঘদিন ধরে অন্যতম আকর্ষণীয় ভ্রমণগন্তব্য হিসেবে পরিচিত। দিগন্তজোড়া সবুজ চা-বাগান, হাওর, পাহাড়ি টিলা, রাবার ও লেবুবাগানের মনোরম পরিবেশ প্রতি বছরই ভ্রমণপিপাসুদের আকর্ষণ করে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ঈদের দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজন নিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে।
সরেজমিনে দেখা গেছে, পর্যটন এলাকা হিসেবে পরিচিত রাধানগরসহ বিভিন্ন স্থানের হোটেল, রিসোর্ট ও কটেজে পরিষ্কার-পরিচ্ছন্নতা, রং-রূপসজ্জা ও সৌন্দর্যবর্ধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি রেস্তোরাঁ ও ক্যাফেগুলো নতুনভাবে সাজানো হচ্ছে। চাইনিজ, থাই, বাংলা ও স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের সমন্বয়ে মেনুতেও আনা হয়েছে বৈচিত্র্য। অনেক প্রতিষ্ঠান ঈদ উপলক্ষে ১০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণাও দিয়েছে।
পর্যটনসংশ্লিষ্টরা জানান, শহরের কোলাহল থেকে মুক্তি পেতে মানুষ এখন প্রকৃতির কাছাকাছি সময় কাটাতে বেশি আগ্রহী। ফলে শ্রীমঙ্গলের চা-বাগান, লেবুবাগান, রাবার বাগান, আনারস বাগান ও হাওরাঞ্চল ঘিরে পর্যটকের আগ্রহ ক্রমেই বাড়ছে। উপজেলায় রয়েছে অর্ধশতাধিক চা-বাগান এবং অসংখ্য দর্শনীয় স্থান। এর মধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, মাধবপুর লেক, হাইল হাওর, বাইক্কা বিল, ভাড়াউড়া চা-বাগান লেক, টি মিউজিয়াম, আদি নীলকণ্ঠ চা কেবিন, বধ্যভূমি-৭১, মণিপুরী ও খাসিয়া পল্লী, হরিণছড়া, পাইন বন, বিলাসছড়া লেক ও সীতেশ বাবুর চিড়িয়াখানা।
পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় গত কয়েক মাসে হোটেল-মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও চাঁদের গাড়ি সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েন। তবে ঈদকে কেন্দ্র করে তারা নতুন আশার আলো দেখছেন।
হোটেল-রিসোর্ট মালিক সমিতির সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গলে বর্তমানে শতাধিক হোটেল ও রিসোর্ট রয়েছে। পাশাপাশি দেড় শতাধিক ইকো কটেজ ও পর্যটন আবাসন সুবিধা গড়ে উঠেছে। পর্যটননির্ভর এই খাতকে ঘিরে হাজারো মানুষের জীবিকা নির্ভরশীল।
ব্যবসায়ীরা জানান, ঈদের ছুটিকে কেন্দ্র করে ইতোমধ্যে অধিকাংশ হোটেল-রিসোর্টে আগাম বুকিং শুরু হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৭০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে এবং ঈদের আগেই শতভাগ বুকিং পূর্ণ হবে বলে তারা আশা করছেন।
রাধানগর ট্যুরিজম এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের সহসভাপতি তাপস দাশ বলেন, শহরের হোটেল-রিসোর্টে প্রায় ৬০ শতাংশ এবং রাধানগর এলাকার রিসোর্ট ও কটেজে প্রায় ৮০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ বুকিং হয়ে যাবে বলে আমরা আশাবাদী।
শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক এস কে দাশ সুমন বলেন, আগাম বুকিংয়ে কিছুটা ধীরগতি থাকলেও শেষ মুহূর্তে তা পূর্ণ হবে বলে আমরা আশা করছি। পর্যটকদের জন্য রিসোর্টগুলো বিশেষভাবে সাজানো হয়েছে।
প্যারাগন হোটেল অ্যান্ড রিসোর্টের সেলস অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আরোফিন হোসাইন জানান, তাদের প্রতিষ্ঠানে ৭০ থেকে ৮০ শতাংশ রুম ইতোমধ্যে বুকিং হয়েছে। তবে এবার প্রত্যাশিত সাড়া কিছুটা কম পাওয়া গেলেও ঈদের আগে শতভাগ বুকিংয়ের আশা রয়েছে।
লেমন গার্ডেন রিসোর্টের মালিক সেলিম মিয়া বলেন, রাধানগর ও ডলুবাড়ি এলাকার প্রায় সব রিসোর্টেই আগাম বুকিং শুরু হয়েছে এবং পর্যটকদের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।
শ্রীমঙ্গল ট্যুর অপারেটর অ্যান্ড ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল আলম বলেন, এবার ট্যুর গাইডদের বুকিং কিছুটা কম। বিদেশি পর্যটক আগমনও কমেছে বিভিন্ন আন্তর্জাতিক পরিস্থিতি ও যোগাযোগ ব্যবস্থার সমস্যার কারণে।
ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ (ওসি) মো. কামরুল হোসেন চৌধুরী বলেন, ঈদে পর্যটকের ভিড় বাড়বে বলে ধারণা করা হচ্ছে। পর্যটন এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করবে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা, যানজট নিরসন ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। শহর ও পর্যটন স্পটগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রমও চলছে।
চট্টগ্রামের রাউজানে ৭০ বছর বয়সী এক ব্যক্তির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্না পুকুরপাড়ের একটি খোলা মাঠ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, গতকাল রোববার গভীর রাতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তবে গণপিটুনির কোনো ঘটনার কথা বলতে পারেননি বাইন্না পুকুরপাড় এলাকার লোকজন।
নিহত ব্যক্তির পরিচয়ও শনাক্ত করতে পারেনি পুলিশ। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২৫ মে সোমবার দুপুর ১২টার দিকে বাইন্না পুকুরপাড় এলাকার একটি মাঠে এক বৃদ্ধের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন গ্রামবাসী।
ওই বৃদ্ধের দেহে অনেক আঘাতের চিহ্ন ছিল। দেহ ছিল রক্তাক্ত। পরে বেলা ১টার দিকে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান বলেন, গরু চুরি করতে এসেছেন, এমন সন্দেহে ওই অপরিচিত লোককে কিছু লোক গণপিটুনি দিয়ে মেরে ফেলে রেখেছিলেন।
পরে পুলিশ খবর পেয়ে দুপুরে রক্তাক্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
নওগাঁর মান্দায় চলছে শোকের মাতম। সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে দিশেহারা ৯টি পরিবারের সদস্যরা। পরিবারের সঙ্গে ঈদ আনন্দে যোগ দিতে কর্মস্থল নোয়াখালী থেকে বাড়ি ফিরছিলেন একই এলাকার ৯ বন্ধু। বাসভাড়া ১৮০০ টাকা বেশি হওয়ায় উঠেছিলেন ট্রাকে। কিন্তু সেই ১৮০০টাকা বাঁচাতে গিয়ে ট্রাকে করে তাদের যাত্রা যে জীবনের শেষযাত্রা হবে, তা কে জানতো!
টাঙ্গাইলের বঙ্গবন্ধু যমুনা সেতুর পূর্ব পাড়ে এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনায় ঝরে গেছে ১৫টি তাজা প্রাণ, যার মধ্যে রয়েছেন জেলার মান্দার সেই ৯ বন্ধু। উপজেলার এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে স্তব্ধতা আর শোকের ছায়া।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসা একটি রডবোঝাই ট্রাক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্ব দিকে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই রডবোঝাই ট্রাকটি উল্টে গিয়ে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থল ও হাসপাতালে মিলিয়ে মোট ১৫ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৯ জন বাসিন্দা প্রাণ হারিয়েছেন।
নিহতদের মধ্যে রাজেন্দ্রবাটি গ্রামের বাসিন্দা হলেন মোঃ সুলতানের ছেলে মোহাম্মদ তারেক, মোঃ আব্দুর রশিদের ছেলে মোঃ আব্দুল বারেক, মোঃ আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ বাদশা, একাব্বরের ছেলে মোঃ সোহাগ, মোঃ শহিদুলের ছেলে মোহাম্মদ রবিউল এবং মোহাম্মদ সাকিমের ছেলে মোহাম্মদ সাগর। এছাড়া মুর্শিদপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে মোহাম্মদ মইনুর ইসলাম এবং পাকুড়িয়া গ্রামের আব্দুর রশিদের দুই ছেলে মোহাম্মদ মাইনুল ও মোহাম্মদ গিয়াসও এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহত তারেকের বাবা সুলতান হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান, তারা নোয়াখালী এলাকায় ফেরি করে মানুষের ফেলে দেওয়া চুল বাঁচানো, ভাঙা মোবাইল ও ছোট ছোট প্লাস্টিকের খেলনা বিক্রি করতো। ঈদের ছুটিতে বন্ধুবান্ধব মিলে সবাই একসাথে বাড়ি আসছিল। বাসে ১৮০০ টাকা ভাড়া বেশি চাচ্ছিল, তাই একটু টাকা বাঁচাতে সবাই মিলে ট্রাকে উঠেছিল। ফেনী থেকে তারা ট্রাকে যাত্রা শুরু করে। কিন্তু এই সামান্য টাকার জন্য তাদের সব শেষ হয়ে গেল।
একই ইউনিয়নের ৯ যুবকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ভারশোঁ ইউনিয়নসহ পুরো মান্দা উপজেলায় কান্নার রোল পড়েছে। নিহতদের পরিবারে চলছে চরম আহাজারি। উপার্জনক্ষম সন্তানদের হারিয়ে দিশেহারা বাবা-মা ও স্বজনেরা। স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী নিহতদের মরদেহ নিজ নিজ গ্রামে আনার প্রস্তুতি নিচ্ছেন।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ হাজার ১৩৫ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ মে) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, ঈদুল আজহা উপলক্ষে প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীকে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছে সরকার। পরিচ্ছন্নতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কারণেই নগরবাসী একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশে বসবাস করতে পারছেন। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে সরকার সবসময় তাদের পাশে রয়েছে। ভবিষ্যতে এ ধরনের কল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, আসন্ন ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে সিটি করপোরেশন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ঈদের দিন সকাল সাড়ে ১১টা থেকে নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ কার্যক্রম সম্পন্ন করা হবে। নগরবাসী যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া ঈদের দিন দায়িত্ব পালনকারী পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নাসিক কর্মকর্তা আজগর হোসেন, ইসমাইল চৌধুরী, এ কে এম ফরিদুল মিরাজ, হেমায়েত উদ্দিন, আলমগীর হিরণ, সাবেক কাউন্সিলর শওকত হাসেম শকু ও মো. শামসুজ্জোহা সহ প্রমুখ।
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের বাড়ি ফেরা শুরু হলেও এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তে কোনো ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। যাত্রী ও চালকদের মাঝে কোনো ভোগান্তি ছাড়াই যানবাহনগুলো সেতু দিয়ে স্বাভাবিক গতিতে চলাচল করছে। নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের এই স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সেতু কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।
যদিও ঈদুল আজহার মাত্র তিন দিন বাকি রয়েছে, তবুও মাওয়া প্রান্তে এখন পর্যন্ত যানবাহনের বড় কোনো চাপ তৈরি হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ধারণা করছে, সোমবার (২৫ মে) থেকে ঘরমুখো মানুষের সংখ্যা এবং যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। গত কয়েক বছরের অভিজ্ঞতায় দেখা গেছে, ঈদের ঠিক দুই-তিন দিন আগে যাত্রীদের ঢল নামে, তবে সেতুর টোল আদায়ের আধুনিক পদ্ধতির কারণে এবারও বড় কোনো দীর্ঘসূত্রতা ছাড়াই গাড়িগুলো পার হতে পারবে বলে আশা করা হচ্ছে।
পদ্মা সেতুর সাইট প্রকৌশলী আবু সাদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা থেকে রবিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট ২৫ হাজার ৯৯৯টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতুর দুই প্রান্ত থেকে মোট ৩ কোটি ৩৯ লাখ ৩৫০ টাকা টোল আদায় করা হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১৩ হাজার ২৭৯টি যানবাহন পারাপারের বিপরীতে প্রায় এক কোটি ৬৮ লাখ ৬ হাজার টাকা টোল আদায় হয়। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে ১২ হাজার ৭২০টি যানবাহন পারাপার হয়, যেখান থেকে সংগৃহীত টোলের পরিমাণ ছিল প্রায় এক কোটি ৭০ লাখ ৯৪ হাজার টাকা।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানিয়েছেন, মহাসড়কে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশের ৬টি বিশেষ টিম কাজ করছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ চারটি স্থানে চেকপোস্ট বসানো হয়েছে এবং দুটি মোবাইল টিম সার্বক্ষণিকভাবে পুরো পথ মনিটরিং করছে। হাইওয়ে পুলিশের পাশাপাশি স্থানীয় থানা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করতে তারা মাঠে সক্রিয় অবস্থানে রয়েছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং অপরাধ নিয়ন্ত্রণে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের সুবিধার্থে এবং যানজট এড়াতে টোল প্লাজাগুলোতে বাড়তি বুথ চালু রাখার বিষয়েও পদক্ষেপ নেওয়া হয়েছে। সব মিলিয়ে এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত সন্তোষজনক এবং ভোগান্তিহীন রয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে গভীর রাতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। রবিবার (২৪ মে) রাত ২টার দিকে গুলিবর্ষণের মাধ্যমে যৌথ বাহিনীর ক্যাম্পে এ হামলা চালানো হয়। পরে র্যাব সদস্যরা পাল্টা জবাব দিলে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব–৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাত ১টার দিকে জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর পক্ষ থেকে নন-লেথাল অস্ত্র ব্যবহার করা হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে যৌথ বাহিনী এলাকায় প্রবেশ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি জানান, বর্তমানে যৌথ বাহিনী এলাকাজুড়ে অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল ঘিরে রেখে তল্লাশি কার্যক্রমও চলছে। তবে এখন পর্যন্ত হতাহত কিংবা কাউকে আটকের তথ্য জানানো হয়নি।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হিসেবে পরিচিত। সরকারি খাসজমিতে অবৈধ বসতি গড়ে ওঠার পাশাপাশি পাহাড় কেটে নির্মাণ করা হয়েছে অসংখ্য ঘরবাড়ি, দোকান ও মার্কেট।
ভূমি অফিস সূত্র জানায়, প্রায় তিন হাজার ১০০ একর আয়তনের এ এলাকায় দীর্ঘ চার দশক ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর আধিপত্য রয়েছে। সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও দখলমুক্ত করতে না পারায় সেগুলো বাস্তবায়ন সম্ভব হয়নি।
এর আগে গত ১৯ জানুয়ারি একই এলাকায় সন্ত্রাসীদের হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। ওই ঘটনায় আরও তিন র্যাব সদস্য ও একজন সোর্স আহত হন। এ ঘটনায় র্যাবের পক্ষে সীতাকুণ্ড থানায় মামলা করা হলেও মূল আসামিরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
এ ঘটনার পর যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসীরা জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ হারায়। সরকার জঙ্গল সলিমপুরে পুলিশ প্রশিক্ষণ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা তৈরির উদ্যোগ নিয়েছে। সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়।
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৩নং ওয়ার্ড রাজেন্দ্র বাটি (ডেবরা) গ্রাম থেকে চিকলা বলাক্ষেত্র গ্রাম পর্যন্ত।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি নিহতদের বাড়ি মান্দা থানার বিভিন্ন গ্রামে। আমাদের কাছে তথ্যগুলো আসছে আমরা তা সংগ্রহ করছি। নিহতদের নাম, পরিচয় ও পেশা এখনো জানা যায়নি। তাদের নাম-পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
জানা গেছে, সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতিতে রডবোঝাই একটি ট্রাক উল্টে ১৫ জন নিহত হয়েছেন। মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ট্রাকে চেপে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
কালিহাতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ আতাউর রহমান জানান, ভোর ৪টার দিকে রডসহ যাত্রীবোঝাই করে একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ১৫ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৭৫০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৪ মে) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে আমতলী পৌরসভার এ. কে. স্কুল চৌরাস্তা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়ালীউল্লাহর নেতৃত্বে অভিযান চালিয়ে মো. আমিনুর (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক আমিনুর উপজেলার দক্ষিণ-পশ্চিম আমতলী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. মোতাহার হাওলাদার।
এ সময় তার কাছ থেকে ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবার জব্দ তালিকা প্রস্তুত করে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, “এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।”